সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও অংশীদারিত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চাইল ইউজিসি

বিমসটেক ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে উচ্চশিক্ষায় অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সোমবার (১৮ মে) ইউজিসিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্কিং বিষয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।   ইউজিসি সদস্য ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমান, মালয়েশিয়ার হায়ার এডুকেশন লিডারশিপ একাডেমির পরিচালক ড. হারশিতা আইনি হারুন, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলামসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা বক্তব্য দেন।   প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, যৌথ গবেষণা, শিক্ষার্থীদের বৃত্তি, উচ্চশিক্ষা–সংক্রান্ত তথ্য বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশ একসাথে কাজ করতে পারে। এছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব র‌্যাংকিং, শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তোলা এবং শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে তিনি মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন।   সভাপতির বক্তব্যে প্রফেসর সাইদুর রহমান বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, শিক্ষা এখন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ। এই নেটওয়ার্কিং ইভেন্টটি দুই দেশের উচ্চশিক্ষা খাতে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তুলতে একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই আয়োজনে বাংলাদেশের প্রায় ৫২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন, যা উচ্চশিক্ষার উৎকর্ষ ও আন্তর্জাতিকীকরণের প্রতি যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।   মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমান জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসম্পন্ন শিক্ষা, তুলনামূলক সাশ্রয়ী ব্যয় এবং নিরাপদ পরিবেশের কারণে মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য। বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১১ হাজার ৪০১ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যার বিচারে তৃতীয়। এদের অধিকাংশেরই পছন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়।   এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নভি তাজউদ্দীন সভায় একটি ইতিবাচক তথ্য তুলে ধরে বলেন, গত বছরের তুলনায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গুণগত শিক্ষা ও আধুনিক একাডেমিক পরিবেশের কারণেই মূলত বাংলাদেশি শিক্ষার্থীদের এই আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।   উক্ত দ্বিপাক্ষিক সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রো-ভিসি), কোষাধ্যক্ষ (ট্রেজারার), রেজিস্ট্রার এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : মে ১৮, ২০২৬ ০:৪৪
ছবি: সংগৃহীত
ডলারের বাজারমূল্য ধরে রাখতে আরও ১০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেশের ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ডলার কেনার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি থাকায় রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।   মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাজার থেকে মোট ৫৯৮ কোটি ৩৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চলতি মে মাসেই কেনা হয়েছে ৩১ কোটি মার্কিন ডলার। এবারের ডলারগুলো বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে কেনা হয়েছে, যেখানে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।   এর আগে দেশের রিজার্ভ ও ডলার বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সময়ে দফায় দফায় মার্কিন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে গত বছরের ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার এবং ১৫ জুলাই ৩১ কোটি ৩০ লাখ ডলার ও ২৩ জুলাই এক কোটি মার্কিন ডলার কেনা হয়েছিল।   পরবর্তীতে গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ধারাবাহিক অর্থায়নে গত ৭ আগস্ট চার কোটি ৫০ লাখ ডলার, ১০ আগস্ট আট কোটি ৩০ লাখ ডলার, ১৪ আগস্ট ১৭ কোটি ৬৫ লাখ ডলার এবং ২৮ আগস্ট ১৪ কোটি ৯৫ লাখ ডলার কেনা হয়। এরপর সেপ্টেম্বরের বিভিন্ন দফায় যথাক্রমে চার কোটি ৭৫ লাখ, ১৩ কোটি ৪০ লাখ, ২৬ কোটি ৫০ লাখ, ৩৫ কোটি ৩০ লাখ এবং ১২ কোটি ৯০ লাখ ডলার কেনা হয়েছিল। এছাড়াও অক্টোবরের তিন দফায় যথাক্রমে ১০ কোটি ৪০ লাখ, ১০ কোটি ৭০ লাখ এবং তিন কোটি ৮০ লাখ ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

প্রকাশ : মে ১৭, ২০২৬ ২৩:৪৮
ছবি: সংগৃহীত
বাড়ি কেনা নয়, ভাড়াতেই স্বস্তি, যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করছে চীনের তরুণরা

চীনে একসময় একটা কথা খুব প্রচলিত ছিল নিজের বাড়ি না থাকলে জীবনে পুরোপুরি স্থির হওয়া যায় না। বিশেষ করে বড় শহরগুলোতে চাকরি, বিয়ে কিংবা সামাজিক মর্যাদার সঙ্গে বাড়ির মালিক হওয়ার বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত ছিল। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে।   এখন চীনের অনেক তরুণই বাড়ি কেনার চেয়ে ভাড়া বাসায় থাকাকে বেশি স্বস্তিদায়ক মনে করছেন। তাদের যুক্তি, অনিশ্চিত অর্থনীতির এই সময়ে দীর্ঘমেয়াদি ঋণের বোঝা কাঁধে নেওয়ার চেয়ে স্বাধীনভাবে থাকা ভালো।   সংবাদমাধ্যম রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের আবাসন বাজার এখনো বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছর নতুন বাড়ি বিক্রি নেমে এসেছে ২০১৪ সালের পর সর্বনিম্ন পর্যায়ে। ২০২১ সালে যেখানে নতুন বাড়ি বিক্রির পরিমাণ ছিল প্রায় ১৬ ট্রিলিয়ন ইউয়ানের বেশি, সেখানে এখন তা অর্ধেকেরও নিচে নেমে এসেছে।   বেইজিংয়ের ৩৬ বছর বয়সী গ্রাফিক ডিজাইনার কাই ইয়োচেংও আপাতত বাড়ি কেনার চিন্তা বাদ দিয়েছেন। রয়টার্সকে তিনি বলেন, আগে মনে হতো নিজের একটা ফ্ল্যাট থাকতেই হবে। কিন্তু এখন হিসাব-নিকাশ করলে ভাড়ায় থাকাই তার কাছে বেশি বাস্তবসম্মত মনে হয়।   চীনের বড় শহরগুলোতে এই মানসিক পরিবর্তন এখন বেশ চোখে পড়ছে। আগে তরুণদের মধ্যে যত দ্রুত সম্ভব বাড়ি কেনার চাপ থাকলেও এখন অনেকে সেটাকে জরুরি মনে করছেন না। কেউ ক্যারিয়ার নিয়ে ভাবছেন, কেউ আয় স্থিতিশীল হওয়ার অপেক্ষা করছেন, আবার কেউ ইচ্ছা করেই দীর্ঘমেয়াদি ঋণের ঝুঁকি এড়িয়ে চলছেন।   বিশ্লেষকেরা বলছেন, বিষয়টি অনেকটাই যুক্তরাষ্ট্রের নগরজীবনের মতো হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রে বহু বছর ধরেই বড় শহরগুলোর তরুণদের বড় একটি অংশ ভাড়া বাসায় থাকেন। উচ্চ বাড়িমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং ঋণের চাপের কারণে সেখানে বাড়ি কেনা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। এখন চীনের তরুণদের মধ্যেও একই ধরনের বাস্তবতা তৈরি হচ্ছে।   চীনের আবাসন খাত একসময় দেশটির অর্থনীতির অন্যতম বড় শক্তি ছিল। নির্মাণ কোম্পানিগুলো ব্যাপক হারে ঋণ নিয়ে নতুন নতুন প্রকল্প তৈরি করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক এলাকায় চাহিদার চেয়ে বেশি ফ্ল্যাট তৈরি হয়। পরে সরকারের কঠোর নিয়ন্ত্রণ এবং দুর্বল অর্থনীতির কারণে পুরো খাত ধাক্কা খেতে শুরু করে।   বিশ্বজুড়ে আলোচিত নির্মাতা প্রতিষ্ঠান এভারগ্রাণ্ডের আর্থিক সংকট সেই সমস্যাকে সামনে নিয়ে আসে। পরে কান্ট্রি গার্ডেনের মতো আরও কয়েকটি বড় কোম্পানিও চাপে পড়ে। অনেক ক্রেতা সময়মতো ফ্ল্যাট বুঝে পাননি। এতে সাধারণ মানুষের মধ্যেও আস্থার সংকট তৈরি হয়।   অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক তরুণ এখন বড় শহর ছেড়ে ছোট শহরে চলে যাচ্ছেন। কেউ কম খরচে জীবনযাপন করতে চাইছেন, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত বড় বিনিয়োগ এড়িয়ে চলছেন।   বিশেষজ্ঞদের মতে, চীনের নতুন প্রজন্ম এখন আগের তুলনায় জীবনকে অন্যভাবে দেখছে। তাদের কাছে শুধু সম্পত্তি নয়, মানসিক স্বস্তি, স্বাধীনতা এবং আর্থিক নমনীয়তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।   একসময় যে দেশে নিজের বাড়িকে সফল জীবনের প্রধান প্রতীক মনে করা হতো, সেই দেশেই এখন অনেক তরুণ বলছেন “এই মুহূর্তে ভাড়াতেই ভালো আছি।”

প্রকাশ : মে ১৭, ২০২৬ ২৩:২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান এনইসি সভায় সভাপতিত্ব করেন | ছবি পিএমও
রেকর্ড তিন লাখ কোটির এডিপি পাস, বড় বরাদ্দ শিক্ষা ও স্বাস্থ্য খাতে

ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মূল এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। এছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন খরচসহ সার্বিক এডিপির আকার দাঁড়াচ্ছে প্রায় ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা, যা চলমান এডিপির চেয়ে এক লাখ কোটি টাকা বেশি।   সোমবার (১৮ মে) শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন এই এডিপি পাস হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতে আগের চেয়ে বরাদ্দ বেশ বেড়েছে।   এডিপির নথি অনুসারে, এবারের মূল এডিপিতে দেশজ উৎস থেকে জোগান দেওয়া হবে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মিলবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এবারের এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ১০৫টি। এছাড়া আজকের এনইসি সভায় পাঁচ বছরের জন্য সংস্কার ও উন্নয়নের কৌশলকাঠামোও পাস করা হয়।   সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, সময়মতো প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড থাকবে এবং অগ্রগতি সন্তোষজনক না হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে পর্যালোচনা চলছে এবং দুর্নীতি রোধে প্রয়োজনীয় দক্ষতা না থাকলে কেউ প্রকল্প পরিচালক হতে পারবেন না। বড় এডিপি নেওয়ার বিষয়ে তিনি বলেন, অতীতের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতেই এই উদ্যোগ।   নতুন এডিপিতে বরাদ্দের দিক থেকে ৩৩ হাজার ৭৩৫ কোটি টাকা পেয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ হাজার ৭৪১ কোটি টাকা বরাদ্দ পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ২৬ হাজার ৮০৬ কোটি টাকা বরাদ্দ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। এছাড়া চতুর্থ স্থানে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ২০ হাজার ৮৩৫ কোটি টাকা এবং পঞ্চম স্থানে থাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১৯ হাজার ৪৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রকাশ : মে ১৭, ২০২৬ ২৩:৯
ছবি: সংগৃহীত
নিয়মিত ডিম খেলে কমতে পারে আলঝেইমার্স ও স্মৃতিভ্রমের ঝুঁকি

নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস স্মৃতিভ্রম বা ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের মধ্যে নিয়মিত ডিম খাওয়ার সঙ্গে আলঝেইমার্স রোগের ঝুঁকি কমার সম্ভাব্য সম্পর্ক রয়েছে।   যুক্তরাষ্ট্রের লোমা লিন্ডা ইউনিভার্সিটির গবেষকদের তথ্য অনুযায়ী, যারা সপ্তাহে পাঁচ বা তার বেশি দিন ডিম খান, তাদের আলঝেইমার্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ২৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সপ্তাহে দুই থেকে চার দিন ডিম খেলে ঝুঁকি কমে প্রায় ২০ শতাংশ এবং অনিয়মিতভাবে ডিম খেলেও কিছুটা ইতিবাচক প্রভাব দেখা গেছে।   প্রায় ৪০ হাজার মানুষের ওপর ১৫ বছর ধরে পরিচালিত গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ২ হাজার ৮৫৮ জনের শরীরে আলঝেইমার্স শনাক্ত হয়। গবেষকদের পর্যবেক্ষণে দেখা যায়, যারা খাদ্যতালিকা থেকে ডিম বাদ দিয়েছিলেন, তাদের মধ্যে এ রোগের ঝুঁকি তুলনামূলক বেশি ছিল।   বিশেষজ্ঞদের মতে, ডিমে থাকা কোলিন, ভিটামিন বি-১২, ভিটামিন ডি, সেলেনিয়াম, আয়োডিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব উপাদান জ্ঞানীয় সক্ষমতা ও স্মৃতিশক্তি ধরে রাখতে সহায়ক বলে ধারণা করা হচ্ছে।   তবে গবেষকেরা জানিয়েছেন, এটি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা। তাই শুধু ডিম খেলেই আলঝেইমার্স পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব—এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। বরং ডিম খাওয়ার সঙ্গে রোগের ঝুঁকি কমার একটি সম্ভাব্য সম্পর্ক পাওয়া গেছে।   স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত পরিমাণে ডিম খাওয়া নিরাপদ ও উপকারী। তারা বলছেন, ডিম কীভাবে রান্না করা হচ্ছে এবং এর সঙ্গে কী ধরনের খাবার খাওয়া হচ্ছে, সেটিও স্বাস্থ্য উপকারিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রকাশ : মে ১৭, ২০২৬ ২১:৪৩
ছবি: সংগৃহীত
চীনে ১০ পরিবারের ৯টিরই নিজস্ব বাড়ি, অর্থনৈতিক চাপ ও আবাসন সংকটে বদলাচ্ছে স্বপ্ন

চীনে দীর্ঘ তিন দশক ধরে নিজস্ব বাড়ির মালিক হওয়া ছিল মধ্যবিত্ত জীবনের অন্যতম বড় লক্ষ্য। সরকারি নীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ মিলিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে গড়ে উঠেছিল শক্তিশালী আবাসন সংস্কৃতি। তবে ধীরগতির অর্থনীতি ও দীর্ঘস্থায়ী আবাসন সংকট সেই স্বপ্নকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে।   চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে নতুন বাড়ি বিক্রির পরিমাণ নেমে এসেছে ২০১৪ সালের পর সর্বনিম্ন অবস্থানে। ২০২১ সালে যেখানে নতুন বাড়ি বিক্রির মূল্য ছিল ১৬ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান, সেখানে গত বছর তা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ানে।   ম্যাককোয়ারি ফাইন্যান্সিয়াল গ্রুপের অর্থনীতিবিদেরা চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এক বিশ্লেষণে জানান, নতুন বাড়ি বিক্রির পরিমাণ গত বছর ৮ দশমিক ৭ শতাংশ কমেছে এবং এই নিম্নমুখী প্রবণতা দ্রুত থামার কোনো ইঙ্গিত নেই।   বেইজিংয়ের ৩৬ বছর বয়সী গ্রাফিক ডিজাইনার কাই ইয়োচেংও আপাতত বাড়ি কেনার পরিকল্পনা স্থগিত রেখেছেন। তিনি বলেন, ভাড়া বাসায় থাকলে অনেক সময় অস্থায়ী জীবনের অনুভূতি তৈরি হয় এবং নিজের ইচ্ছামতো ঘর সাজানোর স্বাধীনতা থাকে না। তারপরও বর্তমান পরিস্থিতিতে তিনি ভাড়াতেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।   তার ভাষায়, “হিসাব করলে ভাড়া থাকাই বেশি যৌক্তিক মনে হয়। তবে মনের ভেতরে নিজের একটি বাড়ির ইচ্ছা এখনো আছে।”   চীনে বাড়ির মালিক হওয়া কেবল সম্পত্তির মালিকানা নয়, এটি পারিবারিক দায়িত্ব ও সামাজিক অবস্থানের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। হংকং বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক এরিক ফং বলেন, কনফুসীয় পারিবারিক মূল্যবোধ চীনা সমাজে গভীরভাবে প্রভাব ফেলেছে এবং পরিবারকে কেন্দ্র করেই জীবনের অনেক সিদ্ধান্ত নেওয়া হয়।   ১৯৮০-এর দশকে অর্থনৈতিক উদারীকরণের পর চীনের কমিউনিস্ট সরকার ধীরে ধীরে কর্মস্থলনির্ভর আবাসন ব্যবস্থা কমিয়ে ব্যক্তিগত মালিকানাকে উৎসাহিত করতে শুরু করে। ১৯৯০-এর দশকে ভর্তুকিনির্ভর নীতির মাধ্যমে এই প্রক্রিয়া আরও দ্রুত হয়।   ইউনিভার্সিটি অ্যাট অ্যালবানির অধ্যাপক হুয়াং ইউচিন বলেন, অনেক মানুষ খুব কম দামে হঠাৎ করেই বাড়ির মালিক হয়ে যান। এতে বিপুলসংখ্যক ভাড়াটিয়া একসময় বাড়ির মালিক শ্রেণিতে পরিণত হন।   চীনা সমাজে সঞ্চয়ের প্রবণতাও এই প্রবণতাকে আরও শক্তিশালী করে। দ্রুত বাড়তে থাকা সম্পত্তির দাম আবাসন খাতকে জনপ্রিয় বিনিয়োগে পরিণত করে। গবেষণায় দেখা গেছে, অনেক গ্রামীণ অভিবাসী শহরে বাড়ি কিনে সামাজিক গ্রহণযোগ্যতা বাড়াতে চেয়েছেন। আবার সন্তানদের বিয়ের সম্ভাবনা বাড়াতেও বাবা-মায়েরা অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছেন।   বিভিন্ন জরিপ ও গবেষণা অনুযায়ী, বর্তমানে চীনের প্রতি ১০টি পরিবারের ৯টিরই নিজস্ব বাড়ি রয়েছে, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ আবাসন মালিকানার হার।   অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাড়ির মালিকানার হার প্রায় ৬৫ শতাংশ। উচ্চশিক্ষার ঋণ ও বাড়ির বাড়তি মূল্য অনেক তরুণকে দীর্ঘ সময় ভাড়ায় থাকতে বাধ্য করছে।   তবে চীনের আবাসন খাতের দ্রুত উত্থানের সঙ্গে তৈরি হয়েছে বড় ঝুঁকিও। প্রবৃদ্ধির সময় অনেক নির্মাণ প্রতিষ্ঠান বিপুল ঋণ নেয়। অতিরিক্ত নির্মাণের কারণে বিভিন্ন এলাকায় তৈরি হয় ফাঁকা আবাসিক অঞ্চল ও অবিক্রীত প্রকল্প।   পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০২০ সালে চীনের কেন্দ্রীয় সরকার কঠোর পদক্ষেপ নেয়। আবাসন খাত, যা একসময় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় ৩০ শতাংশ জুড়ে ছিল, তা নিয়ন্ত্রণে নীতিগত পরিবর্তন আনা হয়।   এই পদক্ষেপে ঝুঁকিপূর্ণ নির্মাণ কমলেও সম্পত্তির দাম দ্রুত পড়ে যায়। অনেক ক্রেতা অসম্পূর্ণ বা বিলম্বিত ফ্ল্যাটের মুখোমুখি হন। ঋণসংকটে পড়ে বড় বড় নির্মাতা প্রতিষ্ঠানও ধসে পড়ে।   চীনের অন্যতম বৃহৎ নির্মাতা প্রতিষ্ঠান এভারগ্রান্ডকে ২০২৪ সালে হংকংয়ের একটি আদালত বিলুপ্তির নির্দেশ দেয়। কান্ট্রি গার্ডেন ও ভ্যাংকের মতো বড় প্রতিষ্ঠানও আর্থিক চাপে পড়ে।   এই পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে দুর্বল অভ্যন্তরীণ ভোগব্যয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যসংঘাতের আশঙ্কা। ফলে সম্ভাব্য ক্রেতারা এখন আরও সতর্ক।   কাই ইয়োচেং বলেন, তিনি ভবিষ্যতে বাড়ি কিনতে চান, তবে আগামী কয়েক বছরে সেই সিদ্ধান্ত নিচ্ছেন না।   পাঁচ বছর পেরিয়ে গেলেও আবাসন খাত এখনো সংকট কাটিয়ে উঠতে পারেনি। মার্চ মাসেও দেশজুড়ে নতুন বাড়ির দাম কমেছে, যদিও কয়েকটি বড় শহরে সামান্য উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে।   রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ডের কর্মকর্তা ঝ্যাং শিয়াওদুয়ান বলেন, সরকারের ইতিবাচক বার্তা থাকলেও বাস্তবে ক্রয়ক্ষমতার বড় ধরনের পুনরুদ্ধার দেখা যাচ্ছে না।   গত বছর চীন ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করলেও সাধারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতায় সেই প্রবৃদ্ধির প্রভাব স্পষ্ট হয়নি বলে মনে করছেন বিশ্লেষকেরা।   কুনমিং শহরের ৩০ বছর বয়সী আলোকচিত্রী ম্যান্ডি ফেং বলেন, বাড়ির দাম কমলেও অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষের মধ্যে ভয় তৈরি করছে।   তার ভাষায়, “মানুষ বাড়ি কিনতে চায় না, এমন নয়। কিন্তু আয় অনিশ্চিত এবং উপার্জন কম থাকলে কেউ ঋণ নিতে সাহস পায় না।”   বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রজন্মের মধ্যে আবাসন নিয়ে দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে। বেইজিংয়ের জনসংযোগ কর্মকর্তা ঝো ঝ্যাং বলেন, তিনি সম্ভবত নিজের সন্তানদের জন্য বাড়ি কিনবেন না, যদিও নিজের ফ্ল্যাট কিনতে বাবা-মায়ের সহায়তা পেয়েছিলেন।   তার মতে, চীনের আবাসন বাজার ধীরে ধীরে পশ্চিমা দেশের মতো হয়ে উঠছে, যেখানে ভবিষ্যতে ভাড়া বাসায় থাকার প্রবণতা আরও বাড়তে পারে।

প্রকাশ : মে ১৮, ২০২৬ ২২:০
সরদার আজমুন। এএফসি
দুবাইয়ের শাসকের সঙ্গে ছবি ঘিরে বিতর্ক, বিশ্বকাপ দলে জায়গা হলো না ইরানি স্ট্রাইকার সরদার আজমুনের

দুবাইয়ের শাসকের সঙ্গে তোলা একটি ছবি ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে ইরানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তারকা স্ট্রাইকার সরদার আজমুনের। সাম্প্রতিক ঘোষিত প্রাথমিক দল থেকে তার বাদ পড়া নতুন করে আলোচনা তৈরি করেছে। গত মার্চে দুবাইয়ের শাসকের সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন আজমুন। সেই পোস্টের পর ইরানে সমালোচনার মুখে পড়েন তিনি এবং বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়েও আলোচিত হয়।   গত শনিবার বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে ইরান ফুটবল কর্তৃপক্ষ। সেই তালিকায় আজমুনের নাম নেই। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এই দল থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে। বিশ্বকাপের আগে তুরস্কে প্রস্তুতি ক্যাম্পে যাওয়ার জন্যও একই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে আজমুনের অনুপস্থিতি বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে।   পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ছবিগুলো সরিয়ে ফেলেন আজমুন। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিয়ে সমালোচনা অব্যাহত থাকে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, চোটের কারণেই তিনি দল থেকে ছিটকে গেছেন।   জাতীয় দলের কোচ আমির ঘালেনোই বলেন, “খেলোয়াড় নির্বাচনে মাঠের পারফরম্যান্স ও কৌশলগত দিক বিবেচনায় নেওয়া হয়েছে। অন্য কোনো বিষয় এখানে প্রভাব ফেলেনি।” বর্তমানে দুবাইয়ের ক্লাব শাবাব আল আহলির হয়ে খেলছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন তিনি।   টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আরিজোনার টুকসনে দলের বেস ক্যাম্প স্থাপন করা হবে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। গ্রুপ ‘জি’-তে তাদের অন্য প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর।

প্রকাশ : মে ১৮, ২০২৬ ২:১
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে বাড়ি কেনা এখন স্বপ্নের মতো, ডাউন পেমেন্ট জমাতেই লাগতে পারে প্রায় ২০ বছর

বিশ্বের অন্যতম ব্যয়বহুল নগরী নিউইয়র্কে নিজের একটি বাড়ি কেনা এখন মধ্যবিত্ত ও সাধারণ আয়ের মানুষের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। আবাসনবিষয়ক প্রতিষ্ঠান স্ট্রিটইজির ২০২৬ সালের এপ্রিল মাসের বাজার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক শহরের গড় আয়ের একজন বাসিন্দার একটি বাড়ির প্রাথমিক অর্থ বা ডাউন পেমেন্ট জমাতে প্রয়োজন হতে পারে প্রায় ২০ বছরের সঞ্চয়।   প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক শহরের মধ্যম আয়ের একজন ব্যক্তি যদি প্রতি বছর তার আয়ের ১০ শতাংশ নিয়মিতভাবে সঞ্চয় করেন, তাহলেও একটি সাধারণ বাড়ির ২০ শতাংশ প্রাথমিক অর্থ জোগাড় করতে তার প্রায় দুই দশক সময় লাগতে পারে।   স্ট্রিটইজির তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে নিউইয়র্ক শহরে একটি বাড়ির মধ্যম মূল্য ছিল প্রায় ১০ লাখ ৪০ হাজার ডলার। সেই হিসাবে একটি বাড়ি কিনতে প্রাথমিক অর্থ হিসেবে প্রয়োজন পড়ছে প্রায় ২ লাখ ৯ হাজার ডলার।   অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনশুমারি ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউইয়র্ক শহরের মধ্যম পারিবারিক আয় বর্তমানে প্রায় ১ লাখ ৫ হাজার ডলার। ফলে জীবনযাত্রার ব্যয়, কর, স্বাস্থ্যসেবা, যাতায়াত ও শিক্ষাঋণের খরচ বহন করার পর এত বড় অঙ্কের অর্থ সঞ্চয় করা অধিকাংশ পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।   বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে আবাসনের মূল্য বৃদ্ধি, উচ্চ সুদের হার এবং ভাড়াবাড়ির ব্যয় বেড়ে যাওয়ায় নতুন প্রজন্মের অনেকেই বাড়ি কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। অনেক পরিবার দীর্ঘ সময় ভাড়ার বাসায় থাকতে বাধ্য হচ্ছে।   এদিকে বাড়ি কেনা কঠিন হলেও ভাড়ার বাজারেও তেমন স্বস্তি নেই। বিভিন্ন আবাসন বিশ্লেষণ প্রতিবেদনে দেখা গেছে, নিউইয়র্কে ভাড়াবাড়ির খরচও এখনো উচ্চ অবস্থানে রয়েছে। ফলে যারা বাড়ি কিনতে পারছেন না, তাদের অনেকেই উচ্চ ভাড়ার চাপ সামলে সঞ্চয় করতে হিমশিম খাচ্ছেন।   আবাসন বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে নিউইয়র্কে নিজস্ব বাড়ির মালিক হওয়া সাধারণ আয়ের মানুষের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।

প্রকাশ : মে ১৮, ২০২৬ ২:৭
ছবি: সংগৃহীত
আটলান্টায় বাংলাদেশি মালিকানাধীন সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

আটলান্টা: যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের জন্য নিরাপত্তা খাতে কাজের সুযোগ নিয়ে এসেছে জর্জিয়াভিত্তিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান “আরসিয়াস সিকিউরিটি সার্ভিসেস”। প্রতিষ্ঠানটি সশস্ত্র (আর্মড) ও নিরস্ত্র (আনআর্মড) সিকিউরিটি অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে।   প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিকিউরিটি পেশায় কাজ করতে আগ্রহী যেকোনো পূর্ণবয়স্ক বাংলাদেশি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ফুল-টাইম ও পার্ট-টাইম—উভয় ধরনের কাজের সুযোগ রয়েছে। পাশাপাশি কর্মীদের জন্য ফ্লেক্সিবল কর্মঘণ্টার সুবিধাও রাখা হয়েছে।   প্রতিষ্ঠানটির কার্যক্রম মূলত বৃহৎ আটলান্টা এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। আটলান্টা শহর ও এর আশপাশের প্রায় ১০০ মাইল এলাকার মধ্যে বিভিন্ন স্থানে সিকিউরিটি অফিসারদের কাজের সুযোগ রয়েছে।   প্রতিষ্ঠানটির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া, পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সিকিউরিটি অফিসারের লাইসেন্স অর্জনে সহায়তা প্রদান করা হবে।   সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রে সিকিউরিটি খাতে কর্মসংস্থানের সুযোগ দিন দিন বাড়ছে। শিক্ষার্থী, নতুন অভিবাসী কিংবা অতিরিক্ত আয়ের সুযোগ খুঁজছেন—এমন অনেকের জন্য এই চাকরি একটি ভালো সুযোগ হতে পারে। বিশেষ করে সিকিউরিটি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য আর্মড ও আনআর্মড—দুই ধরনের কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে।   আগ্রহী প্রার্থীদের সিভি পাঠাতে বলা হয়েছে নিচের ইমেইলে: info@arseasguards.com   এছাড়া সরাসরি যোগাযোগ করা যাবে নিচের নম্বরে: (৩৫২) ৮০৪-১০০২ (৪০৪) ৯৯৬-৪৩৪৬

প্রকাশ : মে ১৭, ২০২৬ ০:৫৮
ছবি: সংগৃহীত
সহজ ভিসা ও সাশ্রয়ী খরচে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ৮ দেশ

উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা এখন অনেক শিক্ষার্থীর স্বপ্ন। উন্নত শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বৈশ্বিক চাকরির সুযোগের কারণে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী বিদেশমুখী হচ্ছেন। তবে অতিরিক্ত টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় এবং জটিল ভিসা প্রক্রিয়ার কারণে অনেকের পক্ষে সেই স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে পড়ে। তবুও বিশ্বের কিছু দেশে তুলনামূলক কম খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে, যেখানে স্টুডেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনাও বেশি।   জার্মানি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি। দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ ক্ষেত্রে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক স্টেম প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সহজে ভিসা পেয়ে থাকেন। পড়াশোনা শেষে দেশটি ১৮ মাসের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা দেয়, যা শিক্ষার্থীদের চাকরি খুঁজতে সহায়তা করে।   তুরস্কও কম খরচে মানসম্মত শিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ইউরোপীয় উচ্চশিক্ষা অঞ্চলের অংশ হওয়ায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত। সেখানে বছরে ১০০ থেকে চার হাজার ইউরোর মধ্যে পড়াশোনা করা সম্ভব। পাশাপাশি মাসিক ৪০০ থেকে ৬৫০ ইউরোর মধ্যে জীবনযাত্রার ব্যয় মেটানো যায়।   ফ্রান্সে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া তুলনামূলক দ্রুত এবং ডকুমেন্টেশনও সহজ। ব্যবসা, আতিথেয়তা ও ফ্যাশন শিক্ষার জন্য দেশটি আন্তর্জাতিকভাবে পরিচিত। একইভাবে অস্ট্রিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কম টিউশন ফি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। ভিয়েনা, গ্রাজ ও ইনসব্রুকের মতো শহরগুলোতে শিক্ষার্থীরা মাসে ৯০০ থেকে ১ হাজার ৩০০ ইউরোর মধ্যে থাকা-খাওয়াসহ অন্যান্য খরচ পরিচালনা করতে পারেন।   পোল্যান্ড সাশ্রয়ী শিক্ষা ব্যয়, নিরাপদ পরিবেশ এবং সহজ ভিসা প্রক্রিয়ার কারণে ধীরে ধীরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হচ্ছে। অন্যদিকে নরওয়ে মানসম্মত শিক্ষাব্যবস্থার জন্য পরিচিত। দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা কম খরচে পড়াশোনা করতে পারেন। তবে বড় শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় মাসিক খরচ ৮০০ থেকে ১ হাজার ৪০০ ইউরো পর্যন্ত হতে পারে।   সংযুক্ত আরব আমিরাত ব্যবসা ও ব্যবস্থাপনা শিক্ষার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। দেশটি সাধারণত ৩০ দিনের কম সময়ের মধ্যে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে এবং মেধাবী শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসা সুবিধাও দেয়। এছাড়া আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও আধুনিক অবকাঠামোর কারণে দেশটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।   ফিলিপাইন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত শিক্ষা প্রোগ্রামের জন্য বিশেষভাবে পরিচিত। দেশটির ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ এবং টিউশন ফি পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেক কম। ফলে কম খরচে মেডিকেল ও স্বাস্থ্যশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের কাছে ফিলিপাইন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

প্রকাশ : মে ১৭, ২০২৬ ০:৪২
ছবি: সংগৃহীত
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৭ মে

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে। রোববার (১৭ মে) রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। এর আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ বা আরাফাহর দিন পালিত হবে।   সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া কর্তৃপক্ষও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এই দেশগুলোতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।   সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সেই হিসেবে, আগামী ১৮ মে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রকাশ : মে ১৭, ২০২৬ ০:৫
ছবি: সংগৃহীত
চল্লিশতম ফোবানা কনভেনশন উপলক্ষে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন শুরু

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন ফোবানার চল্লিশতম কনভেনশন উপলক্ষে মেধাবী বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন গ্রহণ শুরু করেছে। আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত এই আবেদন কার্যক্রম চলবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।   আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে অনুষ্ঠিত হবে ফোবানার চল্লিশতম কনভেনশন। এই কনভেনশনের অংশ হিসেবেই মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ এই বৃত্তি কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।   ফোবানা কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের অবশ্যই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা হতে হবে। এছাড়া তারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত অথবা বৈধ কাগজপত্রসহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশে জন্ম নেওয়া শিক্ষার্থী হতে পারবেন। আবেদনকারীকে ২০২৫ সালের হাই স্কুল থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করতে হবে এবং তার ফলাফল ৩.৫ থেকে ৪.০ এর মধ্যে থাকতে হবে।   বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততার অভিজ্ঞতা থাকতে হবে। যেমন—বাংলাদেশি সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা, বাংলা বিদ্যালয়ে পড়াশোনা, বাংলাদেশ বিষয়ক পাঠক্রম সম্পন্ন করা কিংবা বাংলাদেশ নিয়ে প্রবন্ধ বা গবেষণামূলক লেখা তৈরি করা।   আবেদনকারীদের “বাংলাদেশি-আমেরিকান নতুন প্রজন্মের চ্যালেঞ্জ ও সমাধানের পথ” বিষয়ের ওপর এক হাজার শব্দের একটি প্রবন্ধ লিখতে হবে। পাশাপাশি নিজের সম্পর্কে ৫০০ শব্দের একটি আত্মজীবনীমূলক লেখা জমা দিতে হবে, যেখানে কমিউনিটিতে অবদান, ব্যক্তিগত অর্জন এবং ভবিষ্যৎ শিক্ষাগত লক্ষ্য তুলে ধরতে হবে।   এছাড়া আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত ফলাফলের সরকারি অনুলিপি, কমিউনিটি সংগঠনের সনদ বা সুপারিশপত্র এবং আবেদনকারীর রঙিন ছবি জমা দিতে হবে। যেসব শিক্ষার্থীর কমিউনিটিতে সম্পৃক্ততার অভিজ্ঞতা কম রয়েছে, তারা বিকল্প হিসেবে ফোবানা ২০২৬ আয়োজক কমিটির সঙ্গে ২০ ঘণ্টা স্বেচ্ছাসেবামূলক কাজ করে এই শর্ত পূরণ করতে পারবেন।   ফোবানা জানিয়েছে, একটি স্বাধীন বিচারক প্যানেল প্রবন্ধ মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করবে। নির্বাচিতদের সম্মাননা প্রদান করা হবে হিলটন লস অ্যাঞ্জেলেস/ইউনিভার্সাল সিটিতে অনুষ্ঠিত চল্লিশতম ফোবানা কনভেনশনের মঞ্চে।   ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ফোবানা উত্তর আমেরিকায় বাংলাদেশি ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও নতুন প্রজন্মের সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।   বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে ভিজিট করুন: https://fobanaonline.com/scholarship-application/

প্রকাশ : মে ১৭, ২০২৬ ০:৪
ছবি: সংগৃহীত
বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার সংশোধিত প্রস্তাব এয়ারবাসের

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান 'এয়ারবাস' বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য তাদের বহরের একটি সংশোধিত নতুন প্রস্তাব জমা দিয়েছে। প্রতিদ্বন্দ্বী বোয়িংয়ের সাথে জাতীয় পতাকাবাহী সংস্থাটির সাম্প্রতিক মাল্টি-বিলিয়ন ডলারের চুক্তির পরই এয়ারবাস তাদের আগের প্রস্তাব কমিয়ে ১০টি উড়োজাহাজে নামিয়ে এনেছে। এয়ারবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠানটি সম্প্রতি বিমানের টেকনো-ফাইন্যান্স কমিটির কাছে এই নতুন প্রস্তাব পেশ করেছে, যেখানে ৪টি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি উড়োজাহাজ এবং ৬টি এ৩২১ নিও ন্যারো-বডি জেটের অফার দেওয়া হয়েছে।   গত ৩০ এপ্রিল মার্কিন বোয়িংয়ের সাথে বিমানের ৩.৭ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক দিন পরই এয়ারবাসের এই সংশোধিত প্রস্তাবটি সামনে এল। বোয়িংয়ের সাথে হওয়া ওই চুক্তির আওতায় বিমান বোয়িং থেকে ৮টি ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭ ম্যাক্সসহ মোট ১৪টি উড়োজাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদী বহর সম্প্রসারণ পরিকল্পনায় প্রতিযোগিতায় টিকে থাকার একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবেই এয়ারবাস তাদের আগের প্রস্তাবটি কাটছাঁট করেছে। এর আগে এয়ারবাস ১০টি এ৩৫০ ওয়াইড-বডি জেট এবং ৪টি এ৩২০ নিও ন্যারো-বডি উড়োজাহাজসহ মোট ১৪টি বিমানের প্রস্তাব দিয়েছিল।   গত ৫ মে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বিমানের জন্য একটি মিশ্র বহর কাঠামো তৈরিতে সহায়তার আগ্রহ প্রকাশ করে এয়ারবাস এবং সরকারি পক্ষও ভবিষ্যতে বহর উন্নয়নে একসাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে। এয়ারবাসের একটি সূত্র জানিয়েছে, সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার পর তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করেছেন। তবে বিমানের মুখপাত্র বোসরা ইসলাম এ প্রসঙ্গে জানান, প্রস্তাব পাওয়ার মানেই এই নয় যে বিমান অবশ্যই উড়োজাহাজ কিনবে।   সরকার ২০৩৪-৩৫ অর্থ বছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ পর্যালোচনা করছে। এয়ারবাস জানিয়েছে, বিমান মিশ্র বহর চালুর সিদ্ধান্ত নিলে তারা ২০৩৩ সালের মধ্যে উড়োজাহাজ সরবরাহ করতে পারবে, অন্যদিকে বোয়িং তাদের ১৪টি উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করবে। বর্তমানে বিমানের বহরে থাকা ১৯টি উড়োজাহাজের মধ্যে ১৪টিই বোয়িংয়ের তৈরি। ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির কূটনীতিকরা বিমানের বহরে এয়ারবাসের উড়োজাহাজ অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশকে উৎসাহিত করে আসছেন। তবে বোয়িং নীতিনির্ধারকদের সাথে দীর্ঘমেয়াদী যোগাযোগ এবং বিস্তৃত পরিসরের অফার দিয়ে বিমানের বহরে তাদের আধিপত্য বজায় রেখেছে।

প্রকাশ : মে ১৬, ২০২৬ ২২:১৪
ছবি: সংগৃহীত
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে। রোববার (১৭ মে) সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে এই তারিখ ঘোষণা করে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাস আগামী ১৮ মে (সোমবার) থেকে শুরু হবে এবং সেই হিসাব অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।   ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজধানী জাকার্তায় আয়োজিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর এই ঘোষণা দেন। তিনি জানান, দেশের ৮৮টি ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে চালানো চাঁদ দেখার ফলাফল এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনার ওপর ভিত্তি করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের (MABIMS) যৌথ ধর্মীয় মানদণ্ড (চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ৬.৪ ডিগ্রি) অতিক্রম করায় ১৮ মে-কে ১ জিলহজ হিসেবে গণ্য করা হচ্ছে।   ধর্ম মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পাশাপাশি দেশটির অন্যতম বৃহৎ ও প্রভাবশালী ধর্মীয় সংগঠন ‘মুহাম্মাদিয়াহ’ও একই তারিখে ঈদ উদযাপনের কথা জানিয়েছে। সংগঠনটি ‘সিঙ্গেল গ্লোবাল হিজরি ক্যালেন্ডার’ (KHGT) এবং গ্লোবাল ক্যালেন্ডার প্যারামিটার (PKG) ব্যবহার করে অনেক আগেই জানিয়েছিল যে, ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে মুসলিমদের হিজরি মাসের হিসাব একীভূত করার লক্ষ্যে এই বৈশ্বিক চাঁদ দৃশ্যমানতার নীতি ব্যবহার করা হয়েছে, যা কোনো নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার ওপর নির্ভর করে না।   জাকার্তায় অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশটির শীর্ষস্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন ইসলামিক সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশজুড়ে পাওয়া চাক্ষুষ চাঁদ দেখার রিপোর্টের সঙ্গে বৈজ্ঞানিক গাণিতিক হিসাব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৃহত্তম মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়ার এই আগাম ঘোষণার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতেও ঈদের প্রস্তুতি শুরু হয়েছে।

প্রকাশ : মে ১৬, ২০২৬ ২১:৫৪
বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে নিউজিল্যান্ডের হাইকমিশনার | ছবি: সংগৃহীত
বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে নিউজিল্যান্ড

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড। রোববার (১৭ মে) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠকে নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন এই আশ্বাসের কথা জানান। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।   বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণকে সফল করতে দ্রুত বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত অপরিহার্য। বাংলাদেশের মোট রপ্তানির বড় অংশ তৈরি পোশাক খাতনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বর্তমানে ব্যবসা-বাণিজ্য সহজীকরণের নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী নিউজিল্যান্ডের ব্যবসায়ীদের এদেশের সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।   নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বৈঠকে জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাণিজ্যের বহুমুখীকরণ এবং আমদানির উৎস বৈচিত্র্যকরণ উভয় দেশের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এলডিসি উত্তরণের পর বিদ্যমান শুল্কমুক্ত সুবিধায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে নিউজিল্যান্ড বিশেষ গুরুত্ব দিচ্ছে। নিউজিল্যান্ডের পণ্য আন্তর্জাতিক বাজারে বিশ্বস্ত ও উচ্চমানসম্পন্ন হিসেবে সুপরিচিত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে একটি স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদি বাণিজ্য কাঠামো প্রতিষ্ঠায় নিউজিল্যান্ড গভীরভাবে আগ্রহী।   সচিবালয়ে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার উপস্থিত ছিলেন। উভয় পক্ষই বাণিজ্য সহযোগিতা আরও জোরদারে বিদ্যমান আঞ্চলিক কাঠামোর কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রকাশ : মে ১৬, ২০২৬ ২১:২২
ছবি: সংগৃহীত
৩০০০ বছরের পুরোনো গুপ্তধনে ‘ভিনগ্রহের’ ধাতুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

স্পেনের একটি জাদুঘরে ৬০ বছর ধরে সংরক্ষিত থাকা ৩,০০০ বছরের পুরোনো ব্রোঞ্জ যুগের গুপ্তধনে এক অদ্ভুত রহস্যের সমাধান করেছেন বিজ্ঞানীরা। গবেষকেরা নিশ্চিত করেছেন যে, ইউরোপের অন্যতম ধনী এই স্বর্ণভাণ্ডারে থাকা দুটি জং ধরা বস্তু আসলে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি নয়, বরং আকাশ থেকে পড়া উল্কাপিণ্ড (মেটিওরাইট) গলিয়ে তৈরি করা হয়েছিল। স্পেনের ‘ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম’-এর সংরক্ষণ বিভাগের প্রাক্তন প্রধান সালভাদর রোভিরো-লরেন্সের নেতৃত্বে একদল গবেষক রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে এই মহাজাগতিক উৎসটি নিশ্চিত করেছেন। ‘ত্রাবাজোস দে প্রিহিস্তোরিয়া’ জার্নালে প্রকাশিত এই গবেষণা অনুযায়ী, এই প্রত্নবস্তু দুটি ইবেরিয়ান উপদ্বীপে পাওয়া উল্কাপিণ্ডের লোহার তৈরি প্রথম কোনো নিদর্শন।   ১৯৬৩ সালের ১ ডিসেম্বর স্পেনের অ্যালিক্যান্টের ভিলেনা শহরের কাছে জোসে মারিয়া সোলার নামের এক সিভিল ইঞ্জিনিয়ার ভিত্তিস্থাপন খননের সময় এই ঐতিহাসিক ‘ট্রেজার অব ভিলেনা’ বা ভিলেনার গুপ্তধন আবিষ্কার করেন। এই ভাণ্ডারে বাটি, ব্রেসলেট, বোতল এবং বিভিন্ন অলঙ্কারসহ মোট ৬৬টি বস্তু ছিল, যার সম্মিলিত ওজন প্রায় ১০ কেজি সোনা। কিন্তু এই চকচকে সোনার ভিড়ে থাকা একটি ব্রেসলেট এবং একটি ফাঁপা গোলকাকৃতি টুপি বিজ্ঞানীদের ধাঁধায় ফেলে দেয়; কারণ এগুলো লোহা দিয়ে তৈরি ছিল। প্রত্নতাত্ত্বিক সময়রেখা অনুযায়ী, ওই অঞ্চলে খনিজ লোহা গলানোর প্রযুক্তি বা লৌহ যুগ শুরু হওয়ার প্রায় ৪০০ বছর আগেই (খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১২০০ অব্দে) এই গুপ্তধন মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।   দীর্ঘ কয়েক দশক ধরে এই রহস্যের কোনো কুলকিনারা না মিললেও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অবশেষে জানা গেল এর মহাজাগতিক ইতিহাস। বিজ্ঞানীরা জানান, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডের লোহার একটি নিজস্ব রাসায়নিক বৈশিষ্ট্য থাকে, যেখানে পৃথিবীর ভূত্বকের লোহার তুলনায় অনেক বেশি পরিমাণে ‘নিকেল’ এবং অন্যান্য উপাদান থাকে। মাদ্রিদের ‘ইনস্টিটিউট অব হিস্ট্রি’-র গবেষকেরা ভর স্পেকট্রোমেট্রি (Mass Spectrometry) প্রযুক্তির সাহায্যে বস্তু দুটির নিকেলের মাত্রা পরিমাপ করেন। হাজার বছরের ক্ষয় সত্ত্বেও প্রাপ্ত ফলাফল জোরালোভাবে প্রমাণ করে যে, এই লোহা পৃথিবী থেকে নয়, বরং মহাকাশের কোনো গ্রহাণুর অংশ থেকে এসেছে।   এই আবিষ্কারের ফলে স্পেনের ভিলেনার এই গুপ্তধন এখন ব্রোঞ্জ যুগের সেই বিরল প্রত্নবস্তুগুলোর তালিকায় নাম লেখাল, যা মহাজাগতিক লোহা দিয়ে তৈরি হয়েছিল। এর আগে মিশরের বিখ্যাত ফারাও তুতেনখামেনের সমাধি থেকে উদ্ধার হওয়া একটি ছুরিও (খ্রিস্টপূর্ব ১৩২৩ অব্দ) উল্কাপিণ্ডের লোহা দিয়ে তৈরি বলে প্রমাণিত হয়েছিল। গবেষকদের মতে, তৎকালীন প্রাচীন ধাতুকর্মীরা হয়তো জানতেন না যে এই পাথরটি আকাশ থেকে পড়েছে, তবে তারা এর ব্যতিক্রমী শক্ত ভাব এবং মসৃণতা দেখে আকৃষ্ট হয়েছিলেন। এই অনন্য গবেষণা প্রমাণ করে যে, মানুষ ভূগর্ভ থেকে লোহা তুলতে শেখার বহু শতাব্দী আগেই মহাকাশের লোহাকে পিটিয়ে নিজেদের অলঙ্কার বানিয়েছিল।

প্রকাশ : মে ১৬, ২০২৬ ২১:৯
ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রে আকাশ নিরাপত্তা জোরদার, ড্রোন মোকাবিলায় বিশেষ প্রস্তুতি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্র আকাশপথের নিরাপত্তা জোরদার করছে। সম্ভাব্য ড্রোন হামলা ও অননুমোদিত আকাশযান নিয়ন্ত্রণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সরকার এ বছর প্রায় ২৫ কোটি ডলার বরাদ্দ করেছে, যা “বিপজ্জনক ও অবৈধ ড্রোন ব্যবহারের” বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থায় ব্যয় করা হচ্ছে।   এফবিআই সম্প্রতি আলাবামার হান্টসভিলে একটি জাতীয় ড্রোন প্রতিরোধ প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। সেখানে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা সংস্থার সদস্যদের ড্রোন শনাক্ত, অনুসরণ এবং প্রয়োজনে নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।   প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ১১টি বিশ্বকাপ ভেন্যুর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। এতে মাঠ পর্যায়ের ব্যবহারিক অনুশীলন এবং সমন্বিত নিরাপত্তা কৌশল অন্তর্ভুক্ত রয়েছে।   কংগ্রেস সদস্যদের মতে, বড় জনসমাগম ও আন্তর্জাতিক টুর্নামেন্টকে কেন্দ্র করে আকাশ নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। নিউ জার্সি ও নিউইয়র্ক অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা পরিকল্পনায় ড্রোন জ্যামিং প্রযুক্তি, নিয়ন্ত্রণ দখল ব্যবস্থা এবং প্রতিরক্ষামূলক ড্রোন ব্যবহারের মতো আধুনিক প্রযুক্তি বিবেচনায় রাখা হয়েছে। তবে কোন প্রযুক্তি সরাসরি ব্যবহার করা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।   ২০২৪ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি নিরাপত্তা ব্যর্থতার ঘটনার পর ড্রোন নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রযুক্তির গুরুত্ব আরও বাড়ে।   এফবিআই ও সিক্রেট সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আয়োজনে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও স্থানীয় সংস্থার সমন্বিত ব্যবস্থা কাজ করবে।

প্রকাশ : মে ১৬, ২০২৬ ১৮:৫০
নিউইয়র্কে বাড়ছে গৃহহীনদের সংখ্যা। ছবি: মিন্ট
নিউইয়র্ক সিটিতে ভাউচার তহবিল সংকটে আবাসন সংকটের আশঙ্কা, ঝুঁকিতে প্রায় ১২ হাজার মানুষ

নিউইয়র্ক সিটিতে হাউজিং ভাউচার তহবিল সংকট ঘিরে বড় ধরনের আবাসন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির দ্রুত সমাধান না হলে প্রায় ১২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়তে পারেন।   তথ্য অনুযায়ী, ফেডারেল সরকারের অর্থায়ন কমে যাওয়ায় শহরের প্রায় ৫ হাজার ২০০ পরিবার হাউজিং ভাউচার সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছে। এতে শিশু ও পরিবারের সদস্যসহ মোট ১২ হাজারের বেশি মানুষ সরাসরি প্রভাবিত হতে পারেন।   আবাসন অধিকারকর্মীরা জানান, সংকটটি নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তবে ব্রঙ্কস ও ব্রুকলিন এলাকায় এর প্রভাব তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে।   নিউইয়র্ক হাউজিং কনফারেন্সের প্রতিনিধি ব্রেন্ডন চেনি বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। যারা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে, তারা এই সহায়তার ওপরই নির্ভরশীল।   তিনি আরও জানান, ভাউচার কর্মসূচিটি বহু নিম্নআয়ের পরিবারের জন্য দীর্ঘদিন ধরে জীবনরেখার মতো কাজ করছে। এটি বন্ধ হয়ে গেলে অনেক পরিবার বাসস্থান হারানোর ঝুঁকিতে পড়বে।   নিউইয়র্ক সিটি প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন বিকল্প পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। মেয়র জোহরান মামদানি বলেন, ফেডারেল পর্যায়ের চাপ থাকা সত্ত্বেও বাসিন্দাদের সহায়তা অব্যাহত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।   নিউইয়র্ক সিটি হাউজিং কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি হাউজিং ভাউচার কর্মসূচির ফেডারেল অর্থায়ন ২০২৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে। এর ফলে অংশগ্রহণকারীদের পাবলিক হাউজিং অপেক্ষমাণ তালিকায় আবেদন করতে বলা হয়েছে। তবে সেখানে ইতোমধ্যে দীর্ঘ অপেক্ষমাণ তালিকা রয়েছে।   এদিকে ভুক্তভোগী পরিবারগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্রুকলিনের বাসিন্দা লাশোন স্মিথ বলেন, এটি মানসিকভাবে অত্যন্ত কষ্টকর। বাসস্থান হারালে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।

প্রকাশ : মে ১৬, ২০২৬ ১৬:৪৮
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রায় প্রতিনিয়ত বাড়ছে নানা ঝুঁকি, নিরাপদ থাকতে চাইলে এই অভ্যাসগুলো গড়ে তুলুন

যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন অনেকের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ মানুষকে সেখানে আকৃষ্ট করে। তবে এই সুযোগের পাশাপাশি প্রতিদিনের জীবনে নানা ধরনের ঝুঁকিও বিদ্যমান, যা মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।   সড়ক দুর্ঘটনা, ছিনতাই, অনলাইন প্রতারণা, গাড়ি চুরি, গভীর রাতে নিরাপত্তাহীনতা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ- এসব পরিস্থিতি প্রবাস জীবনে বাস্তব চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। সংশ্লিষ্টদের মতে, নিরাপদ থাকার জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ার চেয়ে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তোলাই বেশি কার্যকর।   ঘর থেকে বের হওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখা এবং পরিবারের কাউকে নিজের অবস্থান ও পরিকল্পনা জানানো নিরাপত্তার জন্য সহায়ক। জরুরি প্রয়োজনে যোগাযোগের সুবিধা নিশ্চিত করতে অতিরিক্ত চার্জিং ডিভাইস রাখাও উপকারী হতে পারে।   গুরুত্বপূর্ণ কাগজপত্র বহনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া অতিরিক্ত নথি সঙ্গে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। বরং গুরুত্বপূর্ণ নথির অনুলিপি নিরাপদ স্থানে সংরক্ষণ করাই নিরাপদ পন্থা হিসেবে বিবেচিত হচ্ছে।   সড়কে চলাচলের সময় চারপাশ সম্পর্কে সচেতন থাকা জরুরি। হাঁটার সময় মোবাইল ফোনে অতিরিক্ত মনোযোগ দেওয়া বা কানে উচ্চ শব্দে গান শোনা ঝুঁকি বাড়াতে পারে। নির্জন ও অন্ধকার এলাকায় একা চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।   আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও শান্ত আচরণ গুরুত্বপূর্ণ। গাড়ি থামানোর নির্দেশ পেলে নিরাপদ স্থানে গাড়ি থামানো এবং অপ্রয়োজনীয় নড়াচড়া এড়িয়ে চলা উচিত। উত্তেজিত প্রতিক্রিয়া পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে সতর্ক করা হয়েছে।   অভিবাসন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মানসিক স্থিরতা বজায় রাখা প্রয়োজন। আইনজীবীদের মতে, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা জরুরি এবং না বুঝে কোনো নথিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকা উচিত। প্রয়োজন হলে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।   অনলাইন প্রতারণার ঝুঁকিও বাড়ছে। সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া কল বা বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা অর্থ আদায়ের চেষ্টা করা হয়। এ ধরনের পরিস্থিতিতে সতর্ক থাকা এবং অজানা উৎসে তথ্য প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে।   গাড়ির নিরাপত্তার ক্ষেত্রেও সচেতনতা প্রয়োজন। গাড়ির ভেতরে মূল্যবান সামগ্রী দৃশ্যমান স্থানে রেখে গেলে চুরির ঝুঁকি বাড়ে। গাড়ি তালাবদ্ধ রাখা এবং আলোযুক্ত স্থানে পার্ক করা নিরাপদ অভ্যাস হিসেবে বিবেচিত হচ্ছে।   সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ব্যক্তিগত তথ্য সীমিত রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বাসা ফাঁকা থাকা বা চলাচলের তথ্য প্রকাশ করলে অপরাধীরা সুযোগ নিতে পারে।   পরিবারের জন্য জরুরি পরিকল্পনা রাখা গুরুত্বপূর্ণ। জরুরি পরিস্থিতিতে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কোথায় আশ্রয় নেওয়া যাবে- এসব বিষয়ে পরিবারের সবাইকে অবগত রাখা প্রয়োজন। শিশুদের জরুরি নম্বর ও ঠিকানা শেখানোও নিরাপত্তার অংশ।   বাসায় ফেরার সময়ও সতর্কতা বজায় রাখা জরুরি। আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ এবং দরজা-জানালা সঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করা নিরাপদ অভ্যাসের অংশ। সংশ্লিষ্টদের মতে, নিরাপত্তা নিশ্চিত করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিনের ছোট ছোট সচেতনতা ও প্রস্তুতিই বড় ধরনের ঝুঁকি এড়াতে সহায়তা করতে পারে।

প্রকাশ : মে ২০, ২০২৬ ২১:৪৫
ছবি: সংগৃহীত
মানুষের হারানো অঙ্গ পুনরুদ্ধারের জিনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোনো গল্প নয়, বরং বাস্তব জগতেই এবার মানুষের হারানো হাত কিংবা পা পুনরায় গজিয়ে তোলার ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা এমন একদল শক্তিশালী জিনের সন্ধান পেয়েছেন, যা জীবদেহের অঙ্গ ও কোষ পুনরুত্পাদন বা রিঅ্যাক্টিভেশনের পুরো প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে।   বিজ্ঞান সাময়িকী 'প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস' (PNAS)-এ প্রকাশিত এই অভূতপূর্ব আবিষ্কারটি আগামী দিনে চিকিৎসা বিজ্ঞানের ধারণাকে চিরতরে বদলে দিতে পারে। এর ফলে ভবিষ্যতে ডায়াবেটিস কিংবা দুর্ঘটনার কারণে অঙ্গ হারানো লাখ লাখ মানুষের শরীরে প্রাকৃতিকভাবেই নতুন হাড়, মাংসপেশি এবং টিস্যু গজানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।   এই যুগান্তকারী গবেষণার জন্য বিশ্বের তিনটি শীর্ষস্থানীয় গবেষণাগার একযোগে কাজ করেছে। মেক্সিকান অ্যাক্সোলটল স্যালামান্ডার নিয়ে কাজ করা ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির জীববিজ্ঞানী জশ কারি জানান, অ্যাক্সোলটল স্যালামান্ডার, জেব্রাফিশ এবং ইঁদুর—এই তিনটি ভিন্ন প্রকৃতির জীবের অঙ্গ পুনরুত্পাদন প্রক্রিয়া গভীরভাবে তুলনা করে দেখা গেছে যে, তাদের মধ্যে একটি সার্বজনীন ও অভিন্ন জেনেটিক প্রোগ্রাম কাজ করছে।   এই যৌথ প্রকল্পের অন্য দুই প্রধান গবেষক হলেন ডিউক ইউনিভার্সিটির প্লাস্টিক সার্জন ডেভিড এ. ব্রাউন, যিনি ইঁদুরের আঙুল পুনরুত্পাদন নিয়ে গবেষণা করেছেন এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের কেনেথ ডি. পস, যার গবেষণার মূল বিষয় ছিল জেব্রাফিশের পাখনার পুনরুত্পাদন।   প্রকৃতিতে অ্যাক্সোলটল স্যালামান্ডার তার হারানো হাত-পা, লেজ, মেরুদণ্ডের টিস্যু এবং এমনকি হৃদপিণ্ড, মস্তিষ্ক ও লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ পুনরায় গজিয়ে তোলার অসাধারণ ক্ষমতার জন্য সুপরিচিত। অন্যদিকে, জেব্রাফিশ বারবার তাদের ক্ষতিগ্রস্ত পাখনা মেরামতের পাশাপাশি মস্তিষ্ক, মেরুদণ্ড ও কিডনি পুনর্গঠন করতে পারে।   বিজ্ঞানীরা এই গবেষণায় স্তন্যপায়ী প্রাণী হিসেবে ইঁদুরকে অন্তর্ভুক্ত করেছিলেন, কারণ মানুষের মতো ইঁদুরেরও কিছু ক্ষেত্রে নখের অংশ অক্ষত থাকলে আঙুলের ডগা পুনরুত্পাদনের সীমিত ক্ষমতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, 'স্পেসিফিসিটি প্রোটিন ৬' (SP6) এবং 'স্পেসিফিসিটি প্রোটিন ৮' (SP8) নামের দুটি বিশেষ জিন যখন সক্রিয় বা 'অন' হয়, তখন এই প্রাণীদের শরীরে অলৌকিক নিরাময় ক্ষমতা জেগে ওঠে।   গবেষণার সত্যতা যাচাই করতে বিজ্ঞানীরা জিন-সম্পাদনার আধুনিক প্রযুক্তি 'ক্রিসপার' (CRISPR) ব্যবহার করে অ্যাক্সোলটলের শরীর থেকে 'SP8' জিনটি অপসারণ করেন। এর ফলে প্রাণীটি তাৎক্ষণিকভাবে তার হাড় ও অঙ্গ পুনরায় গজানোর ক্ষমতা হারিয়ে ফেলে। একইভাবে ইঁদুরের ক্ষেত্রেও একই ফলাফল দেখা যায়।   পরবর্তীতে ডিএনএ পরিবর্তনের নতুন প্রযুক্তির মাধ্যমে ইঁদুরের শরীরে এই জিনটি আংশিকভাবে ফিরিয়ে আনা হলে তাদের হাড় গজানোর ক্ষমতা আবার পুনরুদ্ধার হয়। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ১৫ লাখ মানুষ অঙ্গচ্ছেদের শিকার হন, যাদের একটি বড় অংশই ডায়াবেটিসের জটিলতায় ভোগেন। বর্তমানে বিশ্বে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ অঙ্গহীন অবস্থায় জীবনযাপন করছেন।    চিকিৎসকদের মতে, মানুষের শরীরে সরাসরি হাত-পা গজানোর ক্ষমতা না থাকলেও, এই গবেষণার ফলে প্রমাণিত হয়েছে যে মানুষের শরীরের ভেতরেও প্রায় ৩৫ কোটি বছর আগের প্রাচীন কোনো অঙ্গ পুনরুত্পাদন প্রোগ্রাম সুপ্ত অবস্থায় রয়ে গেছে, যা সঠিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় সক্রিয় করার অপেক্ষা রাখছে মাত্র।

প্রকাশ : মে ১৬, ২০২৬ ১৬:৫৩