- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
ফুটবলকে অনেকেই কেবল খেলা হিসেবে দেখলেও এর ভেতরে থাকে সংগ্রাম, ত্যাগ আর স্বপ্ন পূরণের গল্প। তেমনই এক অনুপ্রেরণার নাম তিউনিসিয়ার স্ট্রাইকার হাজেম মাস্তুরি। জীবিকার অনিশ্চয়তায় যিনি একসময় দমকলকর্মী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি এখন জাতীয় দলের আক্রমণের অন্যতম ভরসা হিসেবে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছেন। ১৯৯৭ সালে তিউনিসে জন্ম নেওয়া মাস্তুরির ফুটবল যাত্রা শুরু হয় একেবারে নিচের স্তর থেকে। ২০১৯ সালে তিনি খেলতেন তৃতীয় বিভাগের দেগুচ এফসিতে। পরের বছর দ্বিতীয় বিভাগের এলপিএস তোজেউরে খেললেও বড় কোনো সাফল্য আসেনি। ২০২১ সালে শীর্ষ লিগের ইএস মেত্লাউইতে যোগ দিলেও সেখানে স্থায়ী অবস্থান তৈরি করতে পারেননি। সীমিত আয় ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে একসময় পেশাদার ফুটবল ছেড়ে বিকল্প পেশা হিসেবে দমকলকর্মী হওয়ার চিন্তাও করেন তিনি। তবে সেই সিদ্ধান্তের আগেই ফুটবলের প্রতি ভালোবাসা তাকে আবার মাঠে ফিরিয়ে আনে। ২০২৩ সালে ইরাকের আল নাজাফ এসসিতে যোগ দিয়ে নিজেকে নতুনভাবে প্রমাণের চেষ্টা শুরু করেন মাস্তুরি। পরের বছর তিউনিসিয়ার ইউএস মোনাস্টিরে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ারে আসে বড় পরিবর্তন। সেখানে এক মৌসুমে ১৭টি গোল করে আলোচনায় আসেন তিনি। এই পারফরম্যান্সের পর ২০২৪ সালে প্রথমবারের মতো তিউনিসিয়া জাতীয় দলে ডাক পান তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও নিজের সক্ষমতা প্রমাণ করে ২০২৫ সালে রাশিয়ার ক্লাব এফসি ডায়নামো মাখাচকালায় যোগ দেন, ট্রান্সফার ফি প্রায় সাড়ে ৩ লাখ ইউরো বলে জানা যায়। বর্তমানে জাতীয় দলের হয়ে ১২ ম্যাচে ৪ গোল করেছেন মাস্তুরি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। অল্প কিছু বছর আগেও যিনি দমকল বাহিনীতে স্থায়ী চাকরির স্বপ্ন দেখছিলেন, আজ তিনি ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন। কঠিন বাস্তবতা পেরিয়ে উঠে আসা মাস্তুরির গল্প এখন তিউনিসিয়ার ফুটবলে নতুন প্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা - স্টাফ রিপোর্টার: সোমালিয়ার মোগাদিশুর বিখ্যাত 'দারু সালাম ইউনিভার্সিটি' (ডিএসইউ)-র উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও প্রগতিশীল ব্যক্তিত্ব অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান। আন্তর্জাতিক শিক্ষা প্রশাসনের এই সর্বোচ্চ চূড়ায় লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্বকারী অধ্যাপক মিজানের এই শীর্ষ অবস্থান বিশ্বমঞ্চে বাংলাদেশের মেধা ও নেতৃত্বের এক অনন্য গৌরবগাথা। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি বিদেশের মাটিতে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছেন। উল্লেখ্য যে, ফেব্রুয়ারি ২০২৪ থেকে তিনি সাফল্যের সাথে উপাচার্য হিসেবে দায়িত্ব ও কর্তব্য দক্ষতা ও সুনামের সাথেই পালনে করে চলছেন। গৌরবোজ্জ্বল শিক্ষাজীবন ও পাণ্ডিত্য ড. মিজানের এই আন্তর্জাতিক সাফল্যের ভিত্তি গড়ে উঠেছে তাঁর অসামান্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞা ও দক্ষতার ওপর। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'সরকার ও রাজনীতি' বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। দেশ-বিদেশের উচ্চশিক্ষা ইন্সটিটিউট থেকে তিনি অর্জন করেছেন তিনটি স্নাতকোত্তর (MSS, MACPM ও MIR&D) এবং 'সুশাসন ও মানবাধিকার' বিষয়ের ওপর পিএইচডি (PhD) ডিগ্রি। দুই দশকেরও বেশি সময় ধরে চলা তাঁর শিক্ষকতা জীবনে তিনি সুশাসন, মানবাধিকার ও অপরাধবিজ্ঞানের (Criminology) মতো জটিল বিষয়ে পাঠদান ও গবেষণামূলক অবদান রেখে চলেছেন। সংগ্রাম ও রাজনৈতিক প্রতিকূলতা অধ্যাপক মিজানের এই বর্ণিল সাফল্যগাথা স্রেফ এক দিনে আসেনি, এর পেছনে রয়েছে এক কঠিন রাজনৈতিক ত্যাগ ও লড়াইয়ের ইতিহাস। ১৯৯৬ সালে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রনেতা হিসেবে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। স্বৈরাচার ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে তিনি তীব্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। এর জের ধরে ২০০০ সালে তাঁকে অপহরণের চেষ্টা করা হয় এবং পরবর্তীতে একের পর এক মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হয়ে, চরম নিপীড়নের মুখে ২০১৯ সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। বিশ্বমঞ্চে পদচারণা ও সমাজসেবা রাজনৈতিক নির্বাসনে গিয়েও দমে যাননি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের এই কৃতি সন্তান। প্রয়াত শিক্ষাবিদ মৌলভি জোবায়েদ আলী ও নূরজাহান বেগমের সুযোগ্য পুত্র ড. মিজান বিশ্ব দরবারে বাংলাদেশের মেধার পরিচয় দিতে শুরু করেন। ডিএসইউ-এর উপাচার্য হওয়ার আগে তিনি সোমালিয়ার সিটি ইউনিভার্সিটি অব মোগাদিশু এবং বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের যথাক্রমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং সরকার ও রাজনীতি বিভগের বিভাগীয় প্রধান হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সোমালিয়ার আলফা ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ব্যুরোতেও অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। শিক্ষাবৃত্তির পাশাপাশি একজন সমাজসেবক হিসেবে তিনি 'রোটারি ক্লাব অব ঢাকা স্কলারস'-এর প্রতিষ্ঠাতা যুগ্ম-সম্পাদকের ভূমিকাও পালন করছেন। মানবতা ও তরুণদের প্রতি বার্তা নিজের এই দীর্ঘ অভিযাত্রাকে অন্যায়ের বিরুদ্ধে এক পরম বিজয় উল্লেখ করে অধ্যাপক মিজান বলেন, "স্বৈরাচার যেখানে আমার কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল, সৃষ্টিকর্তা সেখানে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার পথ খুলে দিয়েছেন।" দেশ-বিদেশের তরুণ সমাজ ও বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বার্তায় তিনি আহ্বান জানান, কোনো জুলুম, নির্বাসন বা কঠিন পরিস্থিতি যেন কারও স্বপ্নের সীমানা কেড়ে নিতে না পারে। আত্মবিশ্বাস ও মেধাকে শাণিত রেখে সবাইকে মানবকল্যাণে উৎসর্গীকৃত হওয়ার পরামর্শ দেন তিনি। এশিয়া ও আফ্রিকার সহকর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি দৃঢ়তার সাথে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে অনন্য উচ্চতায় তুলে ধরার এই মহৎ মিশন কেবল শুরু।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের এলিসভিল শহরের এক মেধাবী শিক্ষার্থী অসাধারণ সাফল্য অর্জন করে আলোচনায় এসেছেন। জাইরেউনা কাউসেট নামের এই হাইস্কুল ছাত্রী কলেজ ও বিভিন্ন শিক্ষা কর্মসূচি থেকে মোট ২০ লাখ ডলারেরও বেশি স্কলারশিপ অর্জন করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি মোট ২,০০০,০৪৭ মার্কিন ডলারের স্কলারশিপ পেয়েছেন। একই সঙ্গে তিনি ২০২৬ সালের ব্যাচের ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হয়েছেন। তাঁর জিপিএ ছিল ৪.২৩, যা তাঁর ধারাবাহিক শিক্ষাগত সাফল্যেরই প্রতিফলন। জাইরেউনা জানান, ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিলেন। তিনি বলেন, “আমি সপ্তম ও অষ্টম শ্রেণি থেকেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করি। তবে আমার সাফল্যের ভিত্তি তৈরি হয় প্রথম শ্রেণি থেকেই, কারণ আমি কখনও ‘বি’ গ্রেড পাইনি।” তিনি আরও জানান, এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবারের সমর্থন। স্কুলজীবনে তিনি শুধু পড়াশোনাতেই নয়, নেতৃত্বগুণ ও বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ছিলেন বলে জানা গেছে। আগামী শরতে তিনি হাওয়ার্ড ইউনিভারসিটিতে ভর্তি হবেন। সেখানে তিনি চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করে ভবিষ্যতে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ (OB-GYN) হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান। শিক্ষক ও কমিউনিটির সদস্যরা বলছেন, জাইরেউনার এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং অন্য শিক্ষার্থীদের জন্যও একটি বড় অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম, লক্ষ্য স্থির রাখা এবং আত্মবিশ্বাস থাকলে যে বড় স্বপ্নও বাস্তবে রূপ নিতে পারে— তারই একটি উদাহরণ হয়ে উঠেছেন তিনি।
প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সংবলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে প্রবাসীদের জন্য আধুনিক অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আজ শনিবার (১৬ মে) সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামী দুই মাসের মধ্যে বিশেষ সুবিধাসম্পন্ন ‘প্রবাসী কার্ড’ প্রদান করা হবে। প্রবাসীদের রেমিট্যান্স ও বিনিয়োগ দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, তাই তাদের জন্য নিরাপদ বিনিয়োগ ও আবাসনের সুযোগ তৈরি করা সরকারের অগ্রাধিকার। তিনি জানান, দেশে জমির সংকট বাড়তে থাকায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব আবাসনে উন্নত সব নাগরিক সুবিধা থাকবে এবং এগুলো শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন। সিলেট থেকেই এই প্রকল্পের যাত্রা শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। এতে তারা দেশে বিনিয়োগে আগ্রহী হবে এবং পারিবারিক ও সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী হবে। সেমিনারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমাতে পৃথক লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নিতে বিমানবন্দরে সার্বক্ষণিক বা স্থায়ী অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া বিদেশে কোনো প্রবাসী মারা গেলে তাঁর মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার চালু করেছে বলে জানান তিনি। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, প্রবাসী প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাচীন কাশ্মীরি সৌন্দর্য চর্চার ঐতিহ্য নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে। কোরিয়ান গ্লাস-স্কিন ট্রেন্ড ও আধুনিক বিউটি সিরামের জনপ্রিয়তার আগেই কাশ্মীরি পরিবারগুলো প্রাকৃতিক উপাদান ও আয়ুর্বেদিক জ্ঞাননির্ভর সৌন্দর্য রীতির চর্চা করত বলে জানা যায়। কাশ্মীরি ঐতিহ্য অনুযায়ী সৌন্দর্য চর্চায় প্রাকৃতিক উপাদানের ব্যবহার ছিল মূল ভিত্তি। বর্তমান সময়ে এই প্রাচীন রীতিগুলো আবারও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপাদানভিত্তিক স্কিনকেয়ার নিয়ে নতুন আগ্রহ এই প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে। কাশ্মীরি জাফরানকে দীর্ঘদিন ধরে সৌন্দর্য চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। ঐতিহ্যগতভাবে কাশ্মীরি নারীরা জাফরান দুধ বা গোলাপ জলে ভিজিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতেন। বর্তমানে এর প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে এটি ফেস মাস্ক, সিরাম এবং বিভিন্ন স্কিনকেয়ার পণ্যে ব্যবহৃত হচ্ছে। কাশ্মীরি কাহওয়া নামের ঐতিহ্যবাহী পানীয়ও সৌন্দর্য ও সুস্থতার সঙ্গে যুক্ত হয়ে নতুন করে আলোচনায় এসেছে। জাফরান, সবুজ চা, বাদাম, দারুচিনি ও এলাচ দিয়ে তৈরি এই পানীয় হজমশক্তি উন্নত করতে সহায়তা করে বলে প্রচলিত আছে। সমসাময়িক সময়ে এটি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ স্বাস্থ্যকর পানীয় হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া কাশ্মীরি সৌন্দর্য রীতিতে বাদাম তেলের ব্যবহারও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দীর্ঘদিন ধরে শুষ্ক আবহাওয়ায় ত্বক আর্দ্র রাখতে বাদাম তেল ব্যবহারের প্রচলন রয়েছে। বর্তমানে কোল্ড-প্রেসড আমন্ড অয়েল ত্বকের যত্ন, চোখের নিচের আর্দ্রতা রক্ষা এবং চুলের পুষ্টিতে ব্যবহৃত হচ্ছে। কাশ্মীর অঞ্চলের আখরোটের খোসা দিয়ে তৈরি স্ক্রাবও ঐতিহ্যবাহী সৌন্দর্য চর্চার অংশ হিসেবে পরিচিত। এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে মৃত কোষ দূর করতে সহায়তা করে বলে ধারণা করা হয়। আধুনিক স্কিনকেয়ার ব্র্যান্ডগুলোও এখন আখরোটভিত্তিক উপাদান ব্যবহার করছে। সূত্র অনুযায়ী, টাইমস এন্টারটেইনমেন্টে প্রকাশিত প্রতিবেদনে এসব ঐতিহ্যবাহী সৌন্দর্য উপাদানের পুনরায় জনপ্রিয় হয়ে ওঠার বিষয়টি তুলে ধরা হয়েছে।
ছন্দে না থাকলেও বেলজিয়ামের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। কোচ রুডি গার্সিয়া বিশ্বাস করছেন, বড় মঞ্চে নিজের সেরা খেলাই তুলে ধরতে পারবেন এই ফরোয়ার্ড। ৩৩ বছর বয়সী লুকাকু চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে গত দুই মাস আগে ফিরলেও নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন না। চলতি মৌসুমে ন্যাপোলির হয়ে সাতটি ম্যাচে বদলি হিসেবে নেমে মোট ৬৯ মিনিট খেলেছেন তিনি। তবে কোচ গার্সিয়া লুকাকুকে নিয়ে আশাবাদী। তিনি বলেন, “রুমেলু চোট থেকে পুরোপুরি সেরে উঠেছে। সে এখন ছন্দে নেই। বিশ্বকাপে শুরু থেকে খেলানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে সে আমাদের সেরা স্ট্রাইকার। সামনে সময় আছে, আশা করছি সে ফিট হয়ে উঠবে এবং ছন্দ ফিরে পাবে।” দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো। লিলের এই ফরোয়ার্ড আগে স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও এবার বেলজিয়ামের জার্সিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। অভিজ্ঞদের মধ্যে কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া ও জেরেমি ডকুর ওপর ভরসা রেখেছেন কোচ। আগামী ১৫ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস ও ভ্যাঙ্কুভারে। বেলজিয়ামের বিশ্বকাপ দল: গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স। ডিফেন্ডার: টিমোথি কাস্তানিয়া, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, থমাস মুনিয়ের, নাথান এনগয়, জোয়াকিন সেস, আর্থার থিয়েট। মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি তিয়েলেমানস, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল। ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলিয়ার, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, ডিয়েগো মোরেরা, অ্যালেক্সিস সেলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।
মৌসুমের শেষভাগে এসে ছন্দ হারানো লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে রোমাঞ্চকর ম্যাচে ৪-২ গোলের জয়ে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় নিজেদের জায়গা পাকা করেছে উনাই এমেরির দল। এই জয়ে দীর্ঘ অপেক্ষার পর বড় মঞ্চে ফেরার স্বপ্ন আরও জোরালো হয়েছে বার্মিংহামের ক্লাবটির। আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হওয়ার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে ভিলার। নিজেদের মাঠে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণভাগে কার্যকর ছিল অ্যাস্টন ভিলা। ম্যাচের ৪২ মিনিটে মরগান রজার্স গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে সমতায় ফেরে লিভারপুল। তবে পাঁচ মিনিটের ব্যবধানে আবার এগিয়ে যায় ভিলা। ওলি ওয়াটকিন্স ৫৭ মিনিটে গোল করে দলকে সামনে নিয়ে যান। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় স্বাগতিকরা। শেষদিকে লিভারপুল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ৮৯ মিনিটে জন ম্যাকগিনের গোলে ব্যবধান আরও বাড়ে। যোগ করা সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও হার এড়াতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় পায় অ্যাস্টন ভিলা। এই হারে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা বড় ধাক্কা খেয়েছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের ১৯তম হার। একই সঙ্গে নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথমবার এক ম্যাচে চার গোল হজম করল দলটি। প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে হারলেও শীর্ষ পাঁচের বাইরে যাওয়ার শঙ্কা নেই তাদের। অন্যদিকে লিভারপুল ৫৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এবং শেষ ম্যাচের আগে তাদের অবস্থান অনিশ্চিত হয়ে উঠেছে। ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ ম্যাচটি তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বা কলেজের ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে চাকরি করা সম্ভব কি না—এ প্রশ্ন অনেক প্রবাসী, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং নতুন অভিবাসীদের মধ্যে প্রায়ই দেখা যায়। অভিজ্ঞদের মতে, বাংলাদেশের ডিগ্রি দিয়েই যুক্তরাষ্ট্রের অনেক কর্পোরেট কোম্পানি, আইটি প্রতিষ্ঠান, ব্যাংক, স্বাস্থ্যসেবা খাত এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করা সম্ভব। এমনকি স্টেট ও ফেডারেল গভর্নমেন্টের চাকরিও করা যায়, বিশেষ কিছু ক্ষেত্র বাদে। তবে চাকরি পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সার্টিফিকেট নয়, বরং আপনার দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং রেজ্যুমি বা বায়োডাটার মান সবচেয়ে বেশি গুরুত্ব পায়। পেশাজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো একটি শক্তিশালী, প্রফেশনাল এবং “ইউএস ফরম্যাট” বা আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি রেজ্যুমি। এখানে বাংলাদেশের প্রচলিত অনেক তথ্য সাধারণত ব্যবহার করা হয় না। যেমন—বাবা-মায়ের নাম, বৈবাহিক অবস্থা, গ্রামের বাড়ি, জাতীয় পরিচয়পত্র নম্বর বা পরিবারের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রের রেজ্যুমিতে দেওয়ার প্রয়োজন হয় না। বরং রেজ্যুমিতে গুরুত্ব দিতে হয় আপনার প্রফেশনাল স্কিল, কাজের অভিজ্ঞতা, অর্জন এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর। বিশেষজ্ঞদের মতে, আপনি আপনার আগের চাকরিতে কী ধরনের কাজ করেছেন, কী কী দায়িত্ব পালন করেছেন, কোন কোন সফটওয়্যার, টুলস বা টেকনোলজিতে দক্ষ—এসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। উদাহরণ হিসেবে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে তিনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ক্লাউড প্ল্যাটফর্ম বা অটোমেশন টুলে কাজ করেছেন, তা উল্লেখ করবেন। আবার একজন অ্যাকাউন্ট্যান্ট হলে কোন ফিন্যান্স সফটওয়্যার বা রিপোর্টিং সিস্টেমে কাজ করেছেন, সেটি তুলে ধরতে হবে। এছাড়া পূর্ববর্তী চাকরিতে কোনো বড় অর্জন বা অ্যাচিভমেন্ট থাকলে সেগুলোও রেজ্যুমিতে যুক্ত করা গুরুত্বপূর্ণ। যেমন—টিম লিড করা, প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করা, প্রসেস ইমপ্রুভমেন্ট বা কোম্পানির পারফরম্যান্স বৃদ্ধিতে অবদান রাখা ইত্যাদি। রেজ্যুমির শেষ অংশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়। কেউ যদি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে থাকেন, তাহলে আন্তর্জাতিক ফরম্যাটে সেটি উল্লেখ করা যায়। উদাহরণ হিসেবে: ব্যাচেলর অব সায়েন্স - ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ অথবা মাস্টার্স ইন অ্যাডমিনিস্ট্রেশন - ইউনিভার্সিটি অব ঢাকা, বাংলাদেশ। বিশেষজ্ঞরা আরও জানান, যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি বিদেশি ডিগ্রি সরাসরি গ্রহণ করলেও কিছু প্রতিষ্ঠান “ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন” বা ডিগ্রির সমমান যাচাই দেখতে চাইতে পারে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে যুক্তরাষ্ট্রের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বিদেশি ডিগ্রিকে আমেরিকান শিক্ষাব্যবস্থার সমমান হিসেবে মূল্যায়ন করে। তবে বাস্তবে অধিকাংশ প্রাইভেট কোম্পানি দক্ষতা ও অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। বিশেষ করে আইটি, সফটওয়্যার, কাস্টমার সার্ভিস, বিজনেস অ্যানালাইসিস, ফিন্যান্স এবং বিভিন্ন কর্পোরেট চাকরিতে বাংলাদেশের ডিগ্রি নিয়ে সরাসরি আবেদন করা সম্ভব বলে জানিয়েছেন অভিজ্ঞ পেশাজীবীরা। অন্যদিকে, কিছু লাইসেন্সভিত্তিক পেশা—যেমন ডাক্তার, আইনজীবী, নার্স বা নির্দিষ্ট সরকারি নিরাপত্তা-সংশ্লিষ্ট চাকরিতে অতিরিক্ত পরীক্ষা, লাইসেন্স বা ডিগ্রি ইভ্যালুয়েশনের প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন কর্মরত এক আইটি বিশেষজ্ঞ জানান, তিনি গত ১৫ বছরে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাকে আলাদা ডিগ্রি ইভ্যালুয়েশন দেখাতে হয়নি। তবে কিছু কোম্পানি তাদের নিজস্ব নীতিমালার কারণে ইভ্যালুয়েশন চাইতে পারে। সবশেষে বিশেষজ্ঞদের পরামর্শ হলো—শুধু ডিগ্রি নয়, নিজের স্কিল উন্নয়ন, ইংরেজিতে দক্ষতা, লিংকডইন প্রোফাইল, নেটওয়ার্কিং এবং যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড অনুযায়ী রেজ্যুমি তৈরি করাই চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বা কলেজের ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে চাকরি করা সম্ভব কি না—এ প্রশ্ন অনেক প্রবাসী, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং নতুন অভিবাসীদের মধ্যে প্রায়ই দেখা যায়। অভিজ্ঞদের মতে, বাংলাদেশের ডিগ্রি দিয়েই যুক্তরাষ্ট্রের অনেক কর্পোরেট কোম্পানি, আইটি প্রতিষ্ঠান, ব্যাংক, স্বাস্থ্যসেবা খাত এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করা সম্ভব। এমনকি স্টেট ও ফেডারেল গভর্নমেন্টের চাকরিও করা যায়, বিশেষ কিছু ক্ষেত্র বাদে। তবে চাকরি পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সার্টিফিকেট নয়, বরং আপনার দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং রেজ্যুমি বা বায়োডাটার মান সবচেয়ে বেশি গুরুত্ব পায়। পেশাজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো একটি শক্তিশালী, প্রফেশনাল এবং “ইউএস ফরম্যাট” বা আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি রেজ্যুমি। এখানে বাংলাদেশের প্রচলিত অনেক তথ্য সাধারণত ব্যবহার করা হয় না। যেমন—বাবা-মায়ের নাম, বৈবাহিক অবস্থা, গ্রামের বাড়ি, জাতীয় পরিচয়পত্র নম্বর বা পরিবারের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রের রেজ্যুমিতে দেওয়ার প্রয়োজন হয় না। বরং রেজ্যুমিতে গুরুত্ব দিতে হয় আপনার প্রফেশনাল স্কিল, কাজের অভিজ্ঞতা, অর্জন এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর। বিশেষজ্ঞদের মতে, আপনি আপনার আগের চাকরিতে কী ধরনের কাজ করেছেন, কী কী দায়িত্ব পালন করেছেন, কোন কোন সফটওয়্যার, টুলস বা টেকনোলজিতে দক্ষ—এসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। উদাহরণ হিসেবে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে তিনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ক্লাউড প্ল্যাটফর্ম বা অটোমেশন টুলে কাজ করেছেন, তা উল্লেখ করবেন। আবার একজন অ্যাকাউন্ট্যান্ট হলে কোন ফিন্যান্স সফটওয়্যার বা রিপোর্টিং সিস্টেমে কাজ করেছেন, সেটি তুলে ধরতে হবে। এছাড়া পূর্ববর্তী চাকরিতে কোনো বড় অর্জন বা অ্যাচিভমেন্ট থাকলে সেগুলোও রেজ্যুমিতে যুক্ত করা গুরুত্বপূর্ণ। যেমন—টিম লিড করা, প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করা, প্রসেস ইমপ্রুভমেন্ট বা কোম্পানির পারফরম্যান্স বৃদ্ধিতে অবদান রাখা ইত্যাদি। রেজ্যুমির শেষ অংশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়। কেউ যদি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে থাকেন, তাহলে আন্তর্জাতিক ফরম্যাটে সেটি উল্লেখ করা যায়। উদাহরণ হিসেবে: ব্যাচেলর অব সায়েন্স - ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ অথবা মাস্টার্স ইন অ্যাডমিনিস্ট্রেশন - ইউনিভার্সিটি অব ঢাকা, বাংলাদেশ। বিশেষজ্ঞরা আরও জানান, যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি বিদেশি ডিগ্রি সরাসরি গ্রহণ করলেও কিছু প্রতিষ্ঠান “ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন” বা ডিগ্রির সমমান যাচাই দেখতে চাইতে পারে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে যুক্তরাষ্ট্রের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বিদেশি ডিগ্রিকে আমেরিকান শিক্ষাব্যবস্থার সমমান হিসেবে মূল্যায়ন করে। তবে বাস্তবে অধিকাংশ প্রাইভেট কোম্পানি দক্ষতা ও অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। বিশেষ করে আইটি, সফটওয়্যার, কাস্টমার সার্ভিস, বিজনেস অ্যানালাইসিস, ফিন্যান্স এবং বিভিন্ন কর্পোরেট চাকরিতে বাংলাদেশের ডিগ্রি নিয়ে সরাসরি আবেদন করা সম্ভব বলে জানিয়েছেন অভিজ্ঞ পেশাজীবীরা। অন্যদিকে, কিছু লাইসেন্সভিত্তিক পেশা—যেমন ডাক্তার, আইনজীবী, নার্স বা নির্দিষ্ট সরকারি নিরাপত্তা-সংশ্লিষ্ট চাকরিতে অতিরিক্ত পরীক্ষা, লাইসেন্স বা ডিগ্রি ইভ্যালুয়েশনের প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন কর্মরত এক আইটি বিশেষজ্ঞ জানান, তিনি গত ১৫ বছরে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাকে আলাদা ডিগ্রি ইভ্যালুয়েশন দেখাতে হয়নি। তবে কিছু কোম্পানি তাদের নিজস্ব নীতিমালার কারণে ইভ্যালুয়েশন চাইতে পারে। সবশেষে বিশেষজ্ঞদের পরামর্শ হলো—শুধু ডিগ্রি নয়, নিজের স্কিল উন্নয়ন, ইংরেজিতে দক্ষতা, লিংকডইন প্রোফাইল, নেটওয়ার্কিং এবং যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড অনুযায়ী রেজ্যুমি তৈরি করাই চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে অবিশ্বাস্য এক ঘটনায় মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে উদ্ধার হলো ৫.৯ মিলিয়ন ডলারের বিজয়ী লটারির টিকিট। নিউ জার্সি লটারির পিক-6 ড্রয়ের এই টিকিটটি কেনা হয়েছিল ২০২৫ সালের ২২ মে, রোজল্যান্ড এলাকার একটি এক্সন গ্যাস স্টেশন থেকে। কিন্তু টিকিট কেনার পর সেটি কোথায় রাখা হয়েছিল, তা সম্পূর্ণ ভুলে যান ক্রেতা। লটারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমে মেয়াদ শেষ হতে যাওয়া একটি বিজয়ী টিকিটের খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে টিকিটটি কোন গ্যাস স্টেশন থেকে কেনা হয়েছিল, সেটিও উল্লেখ করা হয়। খবরটি দেখে ওই ব্যক্তি বুঝতে পারেন, এটি হয়তো তারই কেনা টিকিট হতে পারে, কারণ ওই গ্যাস স্টেশনটি ছিল তার নিয়মিত যাতায়াতের জায়গা। এরপর তিনি গ্যাস স্টেশনে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন। কর্মীরা জানান, তাদের এখানে নিয়মিত খুব কম সংখ্যক মানুষ Pick-6 টিকিট কিনতেন এবং তাকে বাড়িতে থাকা পুরোনো টিকিটগুলো ভালোভাবে খুঁজে দেখতে বলেন। পরে বাড়িতে ফিরে শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে একটি পুরোনো প্যান্টের পকেটে কুঁচকানো অবস্থায় পাওয়া যায় বহু কাঙ্ক্ষিত সেই টিকিট। সবচেয়ে অবাক করার বিষয় হলো, টিকিটটির মেয়াদ শেষ হতে তখন বাকি ছিল মাত্র আট দিন। অর্থাৎ আর কিছুদিন দেরি হলে প্রায় ৫.৯ মিলিয়ন ডলারের বিশাল অঙ্কের পুরস্কার সম্পূর্ণ বাতিল হয়ে যেত। এই ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, এটি যেন সিনেমার গল্পকেও হার মানানো এক বাস্তব ঘটনা।
মাত্র ১৭ বছর বয়সে জীবনের সব স্মৃতি, স্বপ্ন আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দুটি স্যুটকেস হাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছিলেন এক দক্ষিণ এশীয় তরুণী। দুবাইয়ে বেড়ে ওঠা এই তরুণীর সেই সাহসী সিদ্ধান্তই আজ তাকে পৌঁছে দিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ওফ ক্যালিফর্নিয়া, বার্কলিতে। এখন তার স্বপ্ন আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণী কাজে যুক্ত হওয়া এবং একদিন ইউনাইটেড নেশন এ কাজ করা। তরুণীর পারিবারিক জীবন সহজ ছিল না। বাবা-মায়ের বিচ্ছেদের পর তার মা একাই তিন সন্তানকে বড় করেছেন। দক্ষিণ এশীয় সংস্কৃতিতে যেখানে অল্প বয়সী মেয়েদের একা বিদেশে পড়তে পাঠানো খুব সাধারণ নয়, সেখানে তার মা সিদ্ধান্ত নেন মেয়েকে স্বাধীন ও শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলবেন। তরুণী জানান, তার মা অল্প বয়সেই বিয়ে ও মাতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন। তাই তিনি চেয়েছিলেন মেয়ের জীবনে সেই চক্র ভাঙতে। মায়ের সেই সাহস এবং আত্মত্যাগই তাকে নতুন জীবন শুরু করার অনুপ্রেরণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে এসে শুরুটা ছিল সম্পূর্ণ অপরিচিত এক পৃথিবী। কোনো বন্ধু বা আত্মীয় ছাড়াই তাকে নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, নিজে রান্না করা, পড়াশোনার পাশাপাশি জীবনযাপনের প্রতিটি বিষয় তাকে নতুন করে শিখতে হয়েছে। প্রথমে তিনি ক্যালিফোর্নিয়ার ডে আনজা কলেজে ভর্তি হন। সেখানে নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে একাডেমিক সাফল্য অর্জনের পর ২০২৫ সালের বসন্তে ট্রান্সফার হওয়ার সুযোগ পান ইউনিভার্সিটি ওফ ক্যালিফর্নিয়া, বার্কলিতে, যা বিশ্বের অন্যতম শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। বার্কলিতে ভর্তি হওয়ার খবর পাওয়ার মুহূর্তটি তার জীবনের সবচেয়ে আবেগঘন স্মৃতিগুলোর একটি। তিনি সঙ্গে সঙ্গে দুবাইয়ে থাকা মাকে ফোন করেন। তখন ভোর ৪টা হলেও মা আনন্দে সেই খবর উদযাপন করেছিলেন। তরুণীর ভাষায়, “বার্কলিতে ভর্তি হওয়া শুধু আমার নয়, আমার মা ও আমার যৌথ সংগ্রামের ফল।” শুধু পড়াশোনাতেই নয়, নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেছেন তিনি। বার্কলিতে “মুসলিম টেক কোলাবরেটিভ ”–এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক শিক্ষার্থী প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। বর্তমানে তিনি রাজনৈতিক অর্থনীতি (পলিটিকাল ইকোনোমি) বিষয়ে পড়াশোনা করছেন। রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি কীভাবে মানুষের জীবন ও সমাজকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করতেই তার আগ্রহ বেশি। স্নাতক শেষ করার পর তিনি সান ফ্রান্সিসকোর কোনো স্টার্টআপে কাজ করার পরিকল্পনা করছেন। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করে বিশ্বের বিভিন্ন কমিউনিটির জন্য ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন দেখছেন। আর সেই লক্ষ্য থেকেই একদিন জাতিসংঘে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই তরুণী। অনেকের কাছে এটি শুধুই একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর সাফল্যের গল্প। কিন্তু বাস্তবে এটি একজন মায়ের সাহস, একটি মেয়ের আত্মবিশ্বাস এবং প্রতিকূলতাকে জয় করার এক অনুপ্রেরণামূলক যাত্রা।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৬–২০২৭ লায়ন্স বর্ষের নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন জেএফএম রাসেল। একই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন লায়ন মাসুদ রানা তপন। ডিস্ট্রিক্ট ২০-আর২ এর অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ এই ক্লাবের সদস্যদের সমর্থনে বর্তমান সভাপতি রাসেল আবারও নেতৃত্বের দায়িত্ব পেলেন। তিনি এর আগে এক মেয়াদে সভাপতি, দুই মেয়াদে সেক্রেটারি, দুই মেয়াদে মেম্বারশিপ চেয়ারম্যান এবং দুই মেয়াদে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, মাসুদ রানা তপন গত দুই মেয়াদে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে সদস্যদের আস্থা অর্জন করেন। তার সততা, নেতৃত্বগুণ ও ক্লাবের প্রতি আন্তরিক অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনি সেক্রেটারি নির্বাচিত হন। ক্লাব নেতৃবৃন্দ জানান, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব বর্তমানে নিউইয়র্ক সিটির অন্যতম সেরা ও সম্মানজনক ক্লাব হিসেবে পরিচিত। ডিস্ট্রিক্ট ২০-আর২ এর ৫১টি ক্লাবের মধ্যে সদস্য সংখ্যার দিক থেকে এই ক্লাব দ্বিতীয় বৃহত্তম এবং সেবামূলক প্রকল্পের দিক থেকে অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব। গত বছর ক্লাবটি স্থানীয় কমিউনিটি এবং দেশের বাইরের মানবসেবামূলক কার্যক্রমে ২ লক্ষ ডলারের বেশি সেবা প্রদান করেছে। নবনির্বাচিত সভাপতি লায়ন জেএফএম রাসেল এবং সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন বলেন, “আমরা সকল লায়ন্স সদস্যকে একটি পরিবারের মতো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কমিউনিটি, অসহায় মানুষ এবং দেশের বাইরের দরিদ্র মানুষের সেবায় আরও বড় পরিসরে কাজ করা। আমরা এই ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই এবং আগামী বছরকে একটি স্মরণীয় বছরে পরিণত করতে চাই।” নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন, নির্বাচিত কমিটি এবং সকল সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্স হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার মধ্যে নতুন সরাসরি ফ্লাইট চালু করেছে। নতুন এই রুটের মাধ্যমে যাত্রীদের জন্য আরও সহজ ও দ্রুত ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই দৈনিক ননস্টপ ফ্লাইটটি হলিউড বারব্যাঙ্ক বিমানবন্দর ও হনোলুলুর ড্যানিয়েল কে. ইনোউয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে চলাচল করছে। এটি একটি মৌসুমি সেবা, যা আগামী ১৮ আগস্ট পর্যন্ত চালু থাকবে। নতুন ফ্লাইট অনুযায়ী, হনোলুলু থেকে দুপুর ১২টা ১৯ মিনিটে উড্ডয়ন করে বিমানটি রাত প্রায় ৯টায় বারব্যাঙ্কে পৌঁছায়। আলাস্কা এয়ারলাইন্স জানিয়েছে, এই রুট যুক্ত হওয়ার ফলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার যাত্রীদের জন্য হাওয়াই ভ্রমণ আরও সহজ হবে। এই সংযোজনের ফলে ক্যালিফোর্নিয়ার মোট নয়টি বিমানবন্দর থেকে হনোলুলুতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে আলাস্কা এয়ারলাইন্স। এর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস, লং বিচ, অকল্যান্ড, অন্টারিও, স্যাক্রামেন্টো, সান দিয়েগো, সান ফ্রান্সিসকো ও সান হোসে। এ ছাড়া হাওয়াইয়ের বিভিন্ন গন্তব্য যেমন মাউই, কাউয়াই এবং কাইলুয়া-কোনা থেকেও সংস্থাটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। আলাস্কা এয়ারলাইন্স জানিয়েছে, হাওয়াইয়ান এয়ারলাইন্সের সঙ্গে যৌথ নেটওয়ার্ক ব্যবহারের ফলে তাদের ফ্লাইট সংখ্যা ও গন্তব্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির বৈশ্বিক বিক্রয় ও ক্যালিফোর্নিয়া বাণিজ্য কার্যক্রম বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিল থোয়েটস বলেন, দুই সংস্থার সমন্বয়ের ফলে যাত্রীদের জন্য আরও বেশি আসন, ফ্লাইট ও গন্তব্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এয়ারলাইন্সটি জানিয়েছে, গ্রীষ্মকালীন সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ের মধ্যে প্রায় ২৩ হাজার ফ্লাইট পরিচালনা করা হবে। নতুন রুটে রিটার্ন টিকিটের প্রারম্ভিক মূল্য প্রায় ৫০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিশ্বখ্যাত বাস্কেটবল তারকা স্টিফেন কুরি এবং কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এর সঙ্গে একান্ত মধ্যাহ্নভোজে অংশ নিতে ৯০ লাখ ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছেন এক ধনকুবের দরদাতা। এই চ্যারিটি নিলাম ঘিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশেষ এই দাতব্য নিলামে সর্বোচ্চ দরদাতা স্টিফেন কারি ও ওয়ারেন বাফেটের সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটানো ও মধ্যাহ্নভোজের সুযোগ পান। তবে বিষয়টি শুধু বিলাসী অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই বিভিন্ন দাতব্য ও মানবিক কার্যক্রমে ব্যয় করা হবে। সবচেয়ে আলোচিত বিষয় হলো, নিলামে ওঠা অর্থের সমপরিমাণ অর্থ নিজেও অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ওয়ারেন বাফেট। ফলে পুরো আয়োজন থেকে প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার দাতব্য খাতে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টিফেন কারি কেবল এনবিএর জনপ্রিয় খেলোয়াড়ই নন, সমাজসেবামূলক কাজেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। শিক্ষা সহায়তা, শিশুদের পুষ্টি এবং সুবিধাবঞ্চিত পরিবারের জন্য নানা কর্মসূচিতে তার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। অন্যদিকে, ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম বড় দাতাদের একজন হিসেবে পরিচিত। তিনি বহু বছর ধরেই বিভিন্ন মানবিক উদ্যোগে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়ে আসছেন। বিশ্লেষকদের মতে, এই ধরনের চ্যারিটি আয়োজন ধনী ব্যক্তিদের সামাজিক দায়বদ্ধতার একটি শক্তিশালী উদাহরণ। একই সঙ্গে জনপ্রিয় ক্রীড়াবিদ ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের অংশগ্রহণ দাতব্য কার্যক্রমকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ২০২৬ সালের এপ্রিল মাসের জন্য আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি। এই পুরস্কারের জন্য প্রতিযোগিতায় ওমানের অধিনায়ক জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমারকে পেছনে ফেলেন রানা। বৃহস্পতিবার আইসিসি তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে বিষয়টি নিশ্চিত করে। এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ ছন্দে ছিলেন এই ডানহাতি পেসার। সিরিজে মোট ৮টি উইকেট নেন তিনি, গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি ৪.৪৬। এর আগে মার্চে পাকিস্তানের বিপক্ষেও সমান সংখ্যক উইকেট নিয়ে ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ দিয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশের হয়ে এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ এই সম্মান জিতেছিলেন। তাদের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রানা, যা তার ক্যারিয়ারের প্রথম। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় রানা বলেন, শক্তিশালী নিউজিল্যান্ড দলের বিপক্ষে ভালো করে এই স্বীকৃতি পাওয়া তার জন্য বিশেষ গর্বের। দেশের মাটিতে এমন সাফল্য তাকে আরও অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি। সতীর্থদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চান বলে উল্লেখ করেন এই পেসার। সিরিজের শুরুটা অবশ্য খুব ভালো ছিল না রানার। মিরপুরে প্রথম ম্যাচে ৬৫ রান খরচায় মাত্র একটি উইকেট পান তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পাওয়ার প্লেতেই গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন, পরে আরও তিনটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দেন। চট্টগ্রামে শেষ ম্যাচেও তার ধারাবাহিকতা বজায় থাকে। সেই ম্যাচে আরও দুই উইকেট নিয়ে দলকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে সহায়তা করেন। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য সিরিজ সেরার পুরস্কার জেতার পর এবার আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও নিজের করে নিলেন নাহিদ রানা।
বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান জানিয়েছেন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে নাম প্রত্যাহারের জন্য এক কোটি টাকা দাবি করে একটি প্রস্তাব এসেছে। যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এ তথ্যসহ নিজের বর্তমান জীবন, দেশে ফেরা, মামলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে সাকিব বলেন, একটি পক্ষ যোগাযোগ করে জানায় এক কোটি টাকা দিলে তার নাম মামলা থেকে সরিয়ে দেওয়া হবে। তবে তার ভাষ্য অনুযায়ী, মামলা ইতিমধ্যে দায়ের হওয়ায় এভাবে নাম প্রত্যাহার করা সম্ভব নয়। তিনি বলেন, তদন্ত ও পুলিশের ক্লিয়ারেন্স ছাড়া বিষয়টি সমাধান হওয়া কঠিন। দেশে ফেরার বিষয়ে প্রশ্নে সাকিব জানান, তিনি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছেন। তবে তার দেশে ফেরার ক্ষেত্রে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও নিরাপত্তা পরিস্থিতি বড় বাধা হয়ে আছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, স্বাভাবিক নিরাপত্তা এবং চলাচলের নিশ্চয়তা ছাড়া দেশে ফেরা সম্ভব নয়। মামলার বর্তমান অবস্থার বিষয়ে তিনি জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন। তার ধারণা, তিনটি মামলার মধ্যে একটির অগ্রগতি দ্রুত হতে পারে। তবে বিস্তারিত আগে জানাতে চাননি। জাতীয় দলে না খেলা প্রসঙ্গে সাকিব বলেন, জাতীয় দলের বাইরে থাকা সময়টা তার জন্য ভিন্ন অভিজ্ঞতা। তবে তিনি এখনো জাতীয় দলের খেলা মিস করেন। একই সঙ্গে তিনি জানান, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় সুযোগ-সুবিধার ঘাটতি এবং একা প্রস্তুতির বিষয়টি তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, সময়ের আগে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মনে করেন। তবে সেটিকে তিনি ভুল হিসেবে দেখছেন না। তার মতে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আরও ভালোভাবে বোঝার প্রয়োজন রয়েছে। ফিটনেস ও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে সাকিব জানান, কিছুদিন অনুশীলন করলে আগের অবস্থায় ফেরা সম্ভব বলে তিনি মনে করেন। সুযোগ পেলে তিনি ওয়ানডে ফরম্যাটে বেশি মনোযোগ দিতে চান এবং ভবিষ্যৎ বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা করতে চান। তিনি আরও বলেন, খেলাধুলার বাইরে রাজনীতি ও সমাজ নিয়ে তার চিন্তাভাবনা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এবং অভিজ্ঞতা তাকে আরও পরিপক্ব করেছে।
যুক্তরাষ্ট্রে মৃত্যু পরবর্তী সৎকার বা ফিউনারেলের ব্যয় ক্রমেই বেড়ে চলায় তা অনেক পরিবারের জন্য বড় আর্থিক সংকটে পরিণত হয়েছে। সাধারণ দাফন থেকে শুরু করে কফিন, কবরস্থান, ফিউনারেল হোমের ফি, পরিবহনসহ সব মিলিয়ে ব্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই চাপ আরও বেশি অনুভূত হচ্ছে। ন্যাশনাল ফিউনারেল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (এনএফডিএ) অনুযায়ী, কফিনসহ পূর্ণ দাফন ও সৎকারের জাতীয় গড় খরচ প্রায় ৮ হাজার ৩০০ ডলার। ভল্টসহ এই ব্যয় প্রায় ৯ হাজার ৯৯৫ ডলারে পৌঁছে যায়। দাহ করার ক্ষেত্রেও গড় ব্যয় ৬ হাজার ২৮০ ডলার। সংস্থাটির হিসাব অনুযায়ী, প্রতি বছর এই খরচ গড়ে প্রায় ৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা ২০২৬ সালে একটি সাধারণ সৎকারের ব্যয় প্রায় ১০ হাজার ৫৯৫ ডলারে নিতে পারে। আঞ্চলিকভাবে এই ব্যয়ের তারতম্য আরও স্পষ্ট। নর্থইস্ট অঞ্চল, বিশেষ করে নিউইয়র্ক ও পার্শ্ববর্তী এলাকায় ফিউনারেল ব্যয় জাতীয় গড়ের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। দক্ষিণাঞ্চলে যেখানে ব্যয় শুরু হয় প্রায় ৬ হাজার ৭০০ ডলার থেকে, সেখানে নর্থইস্টে তা ৮ হাজার ৯৮৫ ডলার পর্যন্ত পৌঁছায়। একটি পূর্ণ ফিউনারেল প্যাকেজে সাধারণত অনুষ্ঠানের কক্ষ ভাড়া, কফিন, কবরস্থান, ভল্ট, সমাধিফলক ও গাড়ি ভাড়া অন্তর্ভুক্ত থাকে। কফিনই এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল অংশ, যার দাম ৯০০ থেকে ১০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। দাহ করার খরচ তুলনামূলকভাবে কম হলেও সেটিও উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রে সরাসরি দাহ করার গড় ব্যয় প্রায় ২ হাজার ২০২ ডলার। কিছু এলাকায় তা ৯৯৫ ডলার পর্যন্ত পাওয়া গেলেও কয়েকটি রাজ্যে এটি ৩ হাজার ডলার ছাড়িয়ে যায়। সরকারি সহায়তা সীমিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন মৃত্যুর পর মাত্র ২৫৫ ডলার সহায়তা দেয়, যা শেষকৃত্যের মোট ব্যয়ের তুলনায় নগণ্য। নিউইয়র্কে মুসলিম সম্প্রদায়ের জন্য বিষয়টি আরও সংবেদনশীল। শহরে কয়েক লাখ মুসলিম বসবাস করলেও পৃথক মুসলিম কবরস্থান না থাকায় বিভিন্ন বেসরকারি কবরস্থানের ওপর নির্ভর করতে হয়, যা ব্যয় আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে কিছু ক্ষেত্রে একটি শেষকৃত্যের খরচ ৫ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত পৌঁছায়। ইসলামি নিয়ম অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফন, গুসল, কাফন ও জানাজা সম্পন্ন করতে হয়। ফলে পরিবারগুলো সময় নিয়ে বিকল্প খোঁজার সুযোগ পায় না। এতে আর্থিক চাপ আরও বেড়ে যায়। নিউইয়র্ক ও নিউজার্সি এলাকায় বেশ কয়েকটি মুসলিম ফিউনারেল সার্ভিস রয়েছে, যেখানে তুলনামূলকভাবে কম খরচে সেবা দেওয়া হয়। নিউজার্সির কিছু ইসলামিক সেন্টারের মাধ্যমে প্রায় ২ হাজার ৫০০ ডলারে মৌলিক সেবা পাওয়া যায়। তবে এতে কবরের খরচ অন্তর্ভুক্ত থাকে না। মুসলিম ফ্রি ব্যুরিয়াল অ্যাসোসিয়েশনসহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বিনামূল্যে দাফনের ব্যবস্থা করে থাকে, তবে তা নির্ভর করে দাতব্য সহায়তার ওপর।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আয়োজিত মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে ৯ দফা দাবি পেশ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে। সভায় মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে চালু হতে পারে। নিউইয়র্ক সফরকালে আয়োজিত এ সভায় প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী অতীতের ভেদাভেদ ভুলে সম্প্রীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম স্বাগত বক্তব্যে সংগঠনটিকে অরাজনৈতিক হিসেবে উল্লেখ করে বলেন, এটি সকল প্রবাসীদের প্রতিনিধিত্বকারী একটি প্ল্যাটফর্ম। তিনি সভা সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন এবং বক্তাদের রাজনৈতিক বক্তব্য পরিহারের অনুরোধ জানান। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সোসাইটির ৫০ বছরের কার্যক্রম তুলে ধরেন এবং প্রবাসীদের পক্ষে ৯ দফা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি, বিদেশে বাংলাদেশ মিশনের সেবা উন্নয়ন, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু, মোবাইল কনস্যুলার সেবা চালু এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। সভায় বক্তারা সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত করা এবং হাউজিং খাতে অনিয়ম বন্ধের দাবি জানান। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়। বক্তাদের মধ্যে বাবরুল হোসেন বলেন, “আরিফুল হক চৌধুরী কর্মী থেকে জাতীয় নেতায় পরিণত হয়েছেন। তিনি মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।” তিনি তাঁকে ‘সিলেট রত্ন’ হিসেবে অভিহিত করার প্রস্তাব দেন, যা উপস্থিতদের করতালিতে সমর্থন পায়। জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “প্রবাসীদের সর্বস্বান্ত করা ম্যানপাওয়ার ব্যবসার মাফিয়াচক্রকে আইনের আওতায় আনা হবে। সিন্ডিকেট চিহ্নিত করা হয়েছে এবং ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।” হাউজিং খাতে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, প্লট বিক্রির নামে প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি মন্ত্রিসভায় তোলা হবে। মন্ত্রী জানান, সরকার প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে এবং বাস্তবায়নে কাজ করছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করবে এবং তাদের অবদানকে স্বীকৃতি দেবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, এই কার্ডধারীরা বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা পাবেন। দেশে অবস্থানকালে ব্যক্তিগত নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায়ও বিশেষ সহায়তা দেওয়া হবে। বেশি রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের জন্য অতিরিক্ত সুবিধার ব্যবস্থাও থাকবে। মন্ত্রী আরও বলেন, বিদেশে মৃত্যুবরণ করলে সরকারি খরচে মরদেহ দেশে আনার বিষয়েও সরকার কাজ করছে। পাশাপাশি দেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও ইতিবাচক অগ্রগতির কথা জানান তিনি। এর আগে নিউইয়র্কে ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা আয়োজিত আরেক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তিনি সিলেট-৪ আসনের সংসদ সদস্য হলেও মন্ত্রী হিসেবে সারা দেশের দায়িত্ব পালন করছেন। তিনি ন্যায় ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি জানান, বিদেশগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারী সিন্ডিকেট চিহ্নিত করা হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখন থেকে কর্মীরা কম খরচে বিদেশ যেতে পারবেন। প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দক্ষতা ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারে টিকে থাকা কঠিন। বিমানবন্দরে হয়রানি বন্ধে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। সিলেট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলের সংসদ সদস্যরা সমন্বিতভাবে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং আগামী এক বছরের মধ্যে এর দৃশ্যমান ফল পাওয়া যাবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিটি করপোরেশনগুলোতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে ১২টি সিটি করপোরেশনে মেয়র পদে সম্ভাব্য ১২ জন প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, এ ক্ষেত্রে তরুণ নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১–দলীয় ঐক্যের অংশ হিসেবে অংশ নেয় জামায়াত। তবে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি করপোরেশনে দলটি এককভাবেই অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছেন নেতারা। দলীয় সূত্রগুলো জানায়, একসময় কেবল রুকনদের মনোনয়ন দেওয়া হলেও এখন সেই নীতিতে পরিবর্তন এসেছে। সাম্প্রতিক সংসদ নির্বাচনে কর্মী-সমর্থক এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদেরও মনোনয়ন দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনেও একই নীতি অনুসরণ করা হতে পারে। এবারের নির্বাচনে তরুণ নেতৃত্বকে সামনে আনার পরিকল্পনা করেছে দলটি। ২০২৪ সালের ছাত্র গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের প্রার্থী হিসেবে বিবেচনায় রাখা হচ্ছে। পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে এই পরিকল্পনায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ১০ মে বলেন, “পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে জোটের শরিকদের সঙ্গে সমঝোতা হতে পারে, তবে সিটি করপোরেশনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।” দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, সিটি করপোরেশন নির্বাচনে জোটভুক্ত দলগুলো নিজ নিজ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। ইতোমধ্যে চারটি সিটিতে প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি নিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জে দলের মহানগর আমির আবদুল জব্বারকে প্রার্থী করা হচ্ছে। গাজীপুরে প্রার্থী হচ্ছেন তুরস্কপ্রবাসী শিক্ষাবিদ ও ছাত্রশিবিরের সাবেক নেতা হাফিজুর রহমান। চট্টগ্রামে সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী এবং রংপুরে মহানগর আমির এ টি এম আজম খানকে প্রার্থী করা হচ্ছে। ঢাকার দুই সিটিতেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। ঢাকা উত্তরে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নাম আলোচনায় রয়েছে। দক্ষিণ সিটিতে আবু সাদিক কায়েমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হলেও দলীয় নেতারা বলছেন, নির্বাচনের সময় তাঁর ছাত্রত্ব শেষ হয়ে যাবে এবং প্রার্থী হতে সাংগঠনিক কোনো বাধা থাকবে না। জামায়াত সূত্র জানায়, ঢাকা দক্ষিণে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী করার প্রস্তাব ছিল। তবে দলটির শীর্ষ পর্যায়ে এ প্রস্তাবে আপত্তি ওঠে। এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তাঁর কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তাঁকে সমর্থন দিলে রাজনৈতিক দায়ভার আমাদের ওপর আসতে পারে।” জামায়াত নেতাদের মতে, অতীতে চার–দলীয় জোটে থেকেও আলাদাভাবে নির্বাচন করে তুলনামূলক ভালো ফল পাওয়া গিয়েছিল। সেই অভিজ্ঞতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এবার এককভাবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী তারা। নিজেদের জনসমর্থন বেড়েছে বলেও মনে করছেন নেতারা। এদিকে ১১–দলীয় ঐক্যের আরেক শরিক জাতীয় নাগরিক পার্টিও স্থানীয় সরকার নির্বাচনে একক প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছে দলটি। পাশাপাশি শতাধিক উপজেলা ও পৌরসভায় সম্ভাব্য প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়েছে। তবে জোটগতভাবে নির্বাচন হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াত সাংগঠনিক পুনর্বিন্যাসও জোরদার করেছে। সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রার্থী যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। দলটির নেতারা জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং গণসংযোগ শুরু হবে। ইতোমধ্যে ৫০ শতাংশের বেশি ইউনিয়ন, উপজেলা, জেলা ও পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জামায়াত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। তাদের মতে, বর্তমানে প্রশাসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করছে না। সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনো স্পষ্টতা নেই। নির্বাচন কমিশন ও সরকারের বিভিন্ন পর্যায় থেকে ভিন্ন সময়সীমার ইঙ্গিত দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এক সদস্য বলেছেন, ঈদের পর থেকে সারা বছর নির্বাচন চলতে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে চলতি বছরের শেষ দিকে নির্বাচন শুরুর সম্ভাবনার কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে মাঠ গোছাতে শুরু করেছে। শেষ পর্যন্ত জোটগত সমঝোতা হবে কি না, তা নির্ভর করবে নির্বাচনের তফসিল ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।
যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের কাছে ফেন্টানাইল মিশ্রিত নকল ও বিপজ্জনক ওষুধ বিক্রির অভিযোগে ভারতের একটি অনলাইন ফার্মেসির সঙ্গে যুক্ত ১৩ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মঙ্গলবার (১২ মে ২০২৬) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কঠোর পদক্ষেপের কথা জানানো হয়। অভিযুক্ত ব্যক্তিরা ‘কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে নকল প্রেসক্রিপশন ড্রাগ বা ওষুধ সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়, এই ১৩ জন ব্যক্তি কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স এবং এর মালিকের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। তারা ভারত থেকে তাদের এই অবৈধ নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন। এই চক্রটি অনুমোদনহীন অনলাইন ফার্মেসির আড়ালে হাজার হাজার মার্কিন নাগরিকের কাছে নকল ওষুধ বিক্রি করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব ওষুধের মধ্যে অতি বিপজ্জনক রাসায়নিক ‘ফেন্টানাইল’ মিশ্রিত ছিল, যা জনস্বাস্থ্যের জন্য এক চরম হুমকি। এই অবৈধ মাদক পাচার ও বিক্রি থেকেই এই চক্রটির আয়ের সিংহভাগ আসত বলে তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানাইলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ (Weapon of Mass Destruction) হিসেবে চিহ্নিত করেছেন, যা এই অপরাধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ মূলত অবৈধ মাদক সিন্ডিকেটগুলো নির্মূল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারতের দীর্ঘস্থায়ী ও যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, যারা আমেরিকান নাগরিকদের বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কিংবা এই অশুভ প্রক্রিয়ায় সহযোগিতা করছে, তাদের কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে সীমান্ত পারের অপরাধ দমনে উভয় দেশের কঠোর অবস্থানের বিষয়টি আবারও সামনে এলো, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতাকে আরও জোরালো করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।