সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
মস্তিষ্কের জীবন্ত কোষে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম আধুনিক ডেটা সেন্টার

কল্পবিজ্ঞানের মুভিগুলোতে প্রায়ই দেখা যায় ল্যাবরেটরির কাঁচের জারে রাখা আছে মানুষের জীবন্ত মস্তিষ্ক, আর তার সঙ্গে সহস্র তার জুড়ে দিয়ে চালানো হচ্ছে শক্তিশালী কোনো সুপারকম্পিউটার। এতদিন এসব দৃশ্যকে নিছক পরিচালকের বুনো কল্পনা ভেবে যারা উড়িয়ে দিতেন, তাদের জন্য অপেক্ষা করছে এক চমকপ্রদ বাস্তবতা।    প্রযুক্তির অবিশ্বাস্য এই সন্ধিক্ষণে বিশাল সব ডেটা সেন্টারে সারি সারি সিলিকন চিপের জায়গা দখল করতে যাচ্ছে জীবন্ত কোষ তথা মানুষের মস্তিষ্কের নিউরন। আধুনিক প্রযুক্তির ইতিহাসে এই প্রথম সিলিকন চিপ নয়, বরং সম্পূর্ণ জৈবিক উপাদানের সমন্বয়ে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম জীবন্ত ডেটা সেন্টার।   বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জয়জয়কারের ফলে ডেটা সেন্টারের প্রয়োজনীয়তা এখন আকাশচুম্বী। তবে এই কেন্দ্রগুলোর প্রাণভোমরা আধুনিক সিলিকন চিপের আকাশচুম্বী দাম এবং এগুলো চালাতে প্রয়োজনীয় বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ এখন বিশ্বজুড়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।    এই বিশাল বিদ্যুৎ খরচ ও চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিজ্ঞানীরা এক জাদুকরী ও টেকসই সমাধানের সন্ধান পেয়েছেন, যা হলো জৈবিক কম্পিউটার। সিলিকন চিপের বদলে মস্তিষ্কের নিউরন ব্যবহার করার ফলে বিদ্যুৎ খরচ যেমন অবিশ্বাস্যভাবে হ্রাস পাবে, তেমনি কম্পিউটিং সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।   এই বৈপ্লবিক পরিবর্তনের নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক স্টার্টআপ কোম্পানি ‘কোর্টিক্যাল ল্যাবস’। প্রতিষ্ঠানটি সম্প্রতি মানুষের মস্তিষ্কের নিউরন দিয়ে তৈরি দুটি জৈবিক ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়ে গোটা প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কোর্টিক্যাল ল্যাবস এর আগেও তাদের ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি নিউরনের সাহায্যে ক্লাসিক ভিডিও গেম ‘পং’ খেলিয়ে ব্যাপক আলোচনায় এসেছিল।   এমনকি চলতি বছরের মার্চ মাসের শুরুতে তারা বিশ্বকে দেখিয়েছে যে, তাদের ফ্ল্যাগশিপ জৈবিক কম্পিউটার ‘সিএল১’ মাত্র এক সপ্তাহের অনুশীলনে বর্তমান বিশ্বের অত্যন্ত জটিল ও জনপ্রিয় ভিডিও গেম ‘ডুম’ (Doom) দারুণভাবে আয়ত্ত করে ফেলেছে।   জীবন্ত কোষের এই ডেটা সেন্টার প্রযুক্তির বিবর্তনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি কেবল একটি সাশ্রয়ী সমাধানই নয়, বরং তথ্যের প্রক্রিয়াকরণে মানুষের জৈবিক কাঠামোর অবিশ্বাস্য ক্ষমতার সফল প্রয়োগ। সিলিকন যুগের পর এবার মানুষের নিউরনের এই অভাবনীয় যাত্রা কম্পিউটিং জগতের ইতিহাসকে চিরতরে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : মে ১৩, ২০২৬ ১৫:২৭
ছবি: সংগৃহীত
অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে ঝুঁকিতে শিশুর মানসিক বিকাশ

আধুনিক জীবনের প্রতিটি মোড়ে এখন শৈশবের এক ভিন্ন চিত্র দেখা যায়। রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ড্রয়িংরুম—সবখানেই শিশুদের মনোযোগ কেড়ে নিয়েছে স্মার্টফোনের উজ্জ্বল স্ক্রিন। চোখের পলক না ফেলে দীর্ঘক্ষণ শর্ট ভিডিও কিংবা রিল স্ক্রল করে যাওয়া এখনকার শিশুদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে।   অনেক সময় ব্যস্ত অভিভাবকরা শিশুকে শান্ত রাখতে কিংবা নিজের কাজে মনোযোগ দিতে অবলীলায় তাদের হাতে এই প্রযুক্তি তুলে দিচ্ছেন। তবে আপাতদৃষ্টিতে এটি নিরীহ মনে হলেও, এর আড়ালে শিশুদের মানসিক ও ভাষাগত বিকাশে কতটা গভীর ক্ষতের সৃষ্টি হচ্ছে, তা নিয়ে নতুন করে সতর্ক করেছেন গবেষকরা।   সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ার একদল গবেষক তাদের এক গবেষণায় অত্যন্ত উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন। গবেষণায় দেখা গেছে, শৈশব এবং বয়ঃসন্ধির শুরুতে যারা নিয়মিত ও দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের শব্দভান্ডার এবং পড়ার ক্ষমতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।   সোশ্যাল মিডিয়ার ছোট ভিডিও বা ভিজ্যুয়াল কন্টেন্টে অভ্যস্ত হয়ে পড়ায় শিশুরা নতুন নতুন শব্দ শেখার আগ্রহ হারিয়ে ফেলছে। এর ফলে তারা সাধারণ শব্দ চিনতে এবং সঠিকভাবে উচ্চারণ করতে গিয়ে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে, যা দীর্ঘমেয়াদে তাদের শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।   এমন পরিস্থিতিতে শিশুদের ডিজিটাল আসক্তির হাত থেকে রক্ষা করতে বিশ্বজুড়ে শুরু হয়েছে কঠোর আইনি তৎপরতা। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার মতো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের আরও অনেক দেশ এখন শিশুদের সুরক্ষায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা গুরুত্বের সাথে ভাবছে।   ঠিক এমন এক সময়ে ইউনিভার্সিটি অব জর্জিয়ার এই গবেষণাটি জনসমক্ষে এলো, যা শিশুদের হাতে প্রযুক্তির লাগাম টেনে ধরার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল আইন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশে অভিভাবকদের সচেতনতাই এখন সবচেয়ে জরুরি।

প্রকাশ : মে ১৩, ২০২৬ ১৫:১৩
ছবি: সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা কনভেনশনের প্রস্তুতি জোরদার, প্রকাশ করা হলো হোস্ট কমিটি

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক সম্মেলন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (FOBANA) -এর ৪০তম কনভেনশন এ বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।   আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ লেবার ডে ছুটির সপ্তাহে তিন দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হবে। এবারের স্বাগতিক সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (BAC)।   সম্প্রতি আয়োজকরা ৪০তম ফোবানা কনভেনশনের হোস্ট কমিটি ও বিভিন্ন সাব-কমিটির তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকায় কনভেনরের দায়িত্ব পেয়েছেন ড. জয়নুল আবেদীন এবং কো-কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিব আহমেদ টিয়া। সদস্য সচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ ইকবাল।    আয়োজক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন মোয়াজ্জেম এইচ চৌধুরী প্রেসিডেন্ট, মাসুদ রব চৌধুরী প্রধান উপদেষ্টা, মোহাম্মদ এস হক প্রধান সমন্বয়ক এবং ড. মুশফিকুল হক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।    কনভেনশন সফলভাবে আয়োজনের লক্ষ্যে একাধিক সাব-কমিটি গঠন করা হয়েছে। সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিদ আহমেদ মিঠু, স্কলারশিপ কমিটির দায়িত্বে আছেন ড. ইউনুস রাহী, ইয়ুথ ফোরাম কমিটির চেয়ারম্যান রাসেল মাহমুদ জুয়েল, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান লাসকার আল মামুন, রেজিস্ট্রেশন কমিটির দায়িত্বে শফিক রহমান, গেস্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান অ্যালেন এলিয়াস খান, গেস্ট অ্যাকমোডেশন কমিটির দায়িত্বে মেহেদী হাসান এবং স্টল ও বুথ ব্যবস্থাপনার দায়িত্বে মো শওকত আনজিম।    ফোবানা আয়োজকরা জানান, এবারের ফোবানা কনভেনশনে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, গালা নাইট, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক সেমিনার, যুব নেতৃত্ব ও নারী নেতৃত্ব বিষয়ক আলোচনা, স্বাস্থ্য ও ওয়েলনেস সেশন, সাহিত্য জলসা, মিডিয়া ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা, শিশু-কিশোরদের পরিবেশনা, ফ্যাশন শো, ফুড ফেস্টিভ্যাল এবং বিভিন্ন সংগঠন ও ব্যবসা প্রতিষ্ঠানের এক্সপো বুথ।    আয়োজকরা আরও জানান, উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এবারের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।   বিশেষ করে হলিউড ও ইউনিভার্সাল সিটির কাছাকাছি ভেন্যু হওয়ায় এবারের ফোবানা কনভেনশন নিয়ে প্রবাসীদের আগ্রহ অনেক বেড়েছে। আয়োজকদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবারের আয়োজনে অংশ নেবেন।   আয়োজকদের বলেন, ফোবানা এখন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি উত্তর আমেরিকায় বাংলাদেশি পরিচয়, সংস্কৃতি, ঐক্য ও কমিউনিটির শক্তির অন্যতম প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।   গত বছর জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা কনভেনশন ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার লস অ্যাঞ্জেলেসে আরও বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি চলছে।

প্রকাশ : মে ১৪, ২০২৬ ১৯:৯
ছবি: প্রথম হাউস ক্লোজিং সম্পন্ন হওয়ার গ্রুপ ছবি ও পাশে মোহাম্মদ বি চৌধুরী
জর্জিয়ায় স্বপ্নের বাড়ি খুঁজে দিতে রিয়েল্টর হিসেবে প্রথম ক্লোজিং সম্পন্ন করলেন মোহাম্মদ বি চৌধুরী

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় রিয়েল এস্টেট খাতে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করেছেন বাংলাদেশি রিয়েল্টর মোহাম্মদ বি চৌধুরী। সম্প্রতি তিনি সফলভাবে তার প্রথম হাউস ক্লোজিং সম্পন্ন করেছেন, যা তার পেশাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।   মোহাম্মদ বি চৌধুরী জানান, মানুষের স্বপ্নের বাড়ি খুঁজে পেতে সহায়তা করা তার জন্য শুধু একটি পেশা নয়, বরং দায়িত্ব ও আনন্দের বিষয়। প্রথম ক্লোজিং সম্পন্ন হওয়ার পর তিনি তার ক্লায়েন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তাদের আস্থা ও সহযোগিতাই তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।   তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব আসদুজ্জামান খান লিটনের প্রতি, যার অনুপ্রেরণা ও পরামর্শ তাকে রিয়েল এস্টেট পেশায় আসতে উৎসাহিত করেছে।   জর্জিয়াভিত্তিক এই পেশাজীবী বর্তমানে রিয়েল এস্টেটের পাশাপাশি ট্যাক্স, অ্যাকাউন্টিং এবং বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স সেবার সঙ্গেও যুক্ত রয়েছেন। তার সেবার আওতায় রয়েছে ফার্স্ট-টাইম হোম বায়ার সহায়তা, সেকেন্ড হোম ক্রয়-বিক্রয়, বিনিয়োগমূলক সম্পত্তি, কমার্শিয়াল ও ব্যবসায়িক স্পেস কেনাবেচা এবং হোম, অটো ও কমার্শিয়াল ইন্স্যুরেন্স সংক্রান্ত পরামর্শ।   তিনি জানান, বিশেষ করে নতুন অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিদের অনেকেই যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা বা বিনিয়োগের ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনার অভাবে দ্বিধায় থাকেন। সেই বিষয়টি মাথায় রেখে তিনি সহজ, নির্ভরযোগ্য ও পেশাদার সেবা দেওয়ার চেষ্টা করছেন।   মোহাম্মদ বি চৌধুরী আরও বলেন, বর্তমানে অনেক মানুষ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জর্জিয়া, বিশেষ করে আটলান্টা এলাকায় স্থানান্তর হচ্ছেন। কর্মসংস্থান, ব্যবসায়িক সুযোগ এবং তুলনামূলকভাবে ভালো জীবনযাত্রার কারণে আটলান্টাকে এখন অনেকে “দক্ষিণের নিউ ইয়র্ক” বলেও উল্লেখ করছেন।   যেসব বাংলাদেশি পরিবার নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মিশিগান, মেরিল্যান্ড, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে জর্জিয়ায় মুভ করতে চান, তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমেও তিনি ক্লায়েন্টদের বিভিন্ন তথ্য ও গাইডলাইন দিয়ে সহায়তা করে থাকেন।   ভবিষ্যতে আরও বেশি প্রবাসী বাংলাদেশি পরিবারকে বাড়ি কেনা, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনায় সহায়তা করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।   যোগাযোগের জন্য: মোহাম্মদ বি চৌধুরী Real Estate Agent | Tax Pro | Insurance Agent Website: www.mbcassociate.com Email: mohammad.bc.homes@gmail.com Phone: 404-931-2448 / 404-396-3898 অফিস এড্রেস: 5269 Buford Hwy, Doraville, GA 30340, Suite #108

প্রকাশ : মে ১২, ২০২৬ ২৩:২৯
নিউ ইয়র্ক সিটির ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা মামদানির
নিউ ইয়র্ক সিটির ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা মামদানির

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নতুন অর্থবছরের জন্য ১২৪.৭ বিলিয়ন ডলারের বিশাল বাজেট পরিকল্পনা ঘোষণা করেছেন। একই সঙ্গে বিতর্কিত প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবও বাতিল করেছে তার প্রশাসন।   সিটি প্রশাসনের দাবি, শিক্ষা, গণপরিবহন, আবাসন, জননিরাপত্তা ও সামাজিক সেবাখাতকে অগ্রাধিকার দিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে। বাজেট পরিকল্পনায় সরকারি স্কুল, সাবওয়ে নিরাপত্তা এবং নিম্ন আয়ের বাসিন্দাদের সহায়তায় অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে বলেও জানানো হয়।   এর আগে নিউ ইয়র্ক সিটির বাড়তে থাকা ব্যয় এবং সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবিলায় প্রপার্টি ট্যাক্স বাড়ানোর আলোচনা চলছিল। তবে জনমত ও রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত সেই প্রস্তাব থেকে সরে আসে মেয়র মামদানির প্রশাসন।   মেয়র মামদানি বলেন, কর বৃদ্ধি ছাড়াই ব্যয় পুনর্বিন্যাস, প্রশাসনিক সাশ্রয় এবং বিকল্প রাজস্ব ব্যবস্থার মাধ্যমে বাজেট ভারসাম্যে রাখার চেষ্টা করা হয়েছে।   তবে সমালোচকদের একাংশ বলছেন, বাজেটের কিছু অংশ এখনও অস্থায়ী রাজস্ব ও ভবিষ্যৎ আয়ের ওপর নির্ভরশীল। ফলে আগামী বছরগুলোতে আবারও আর্থিক চাপ তৈরি হতে পারে। বিশেষ করে অভিবাসন ব্যয়, আবাসন সংকট এবং নগর পরিচালনার ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বেগ রয়েছে।   বিশ্লেষকদের মতে, প্রপার্টি ট্যাক্স বৃদ্ধি না হওয়ায় বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা আপাতত স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে শহরের আয় বাড়াতে প্রশাসনকে নতুন কৌশল নিতে হতে পারে।   নতুন বাজেট এখন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে এটি আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

প্রকাশ : মে ১২, ২০২৬ ২১:৩৮
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ফ্রি এয়ার কন্ডিশনার বিতরণ শুরু, গরমের আগেই যেভাবে আবেদন করতে হবে

নিউইয়র্ক অঙ্গরাজ্যে গ্রীষ্মের প্রচণ্ড গরম শুরু হওয়ার আগেই নিম্নআয়ের বাসিন্দাদের স্বস্তি দিতে শুরু হয়েছে বিনামূল্যে এয়ার কন্ডিশনার (A/C) ও ফ্যান বিতরণ কর্মসূচি। অঙ্গরাজ্য প্রশাসনের 'হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম' বা হিপ (HEAP)-এর আওতায় 'কুলিং অ্যাসিস্ট্যান্স বেনিফিট' কর্মসূচির জন্য গত ১৫ এপ্রিল থেকেই আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু হয়েছে।   মূলত বয়স্ক ব্যক্তি, শিশু, নিম্নআয়ের পরিবার এবং যাদের অতিরিক্ত গরমে গুরুতর শারীরিক স্বাস্থ্যঝুঁকি রয়েছে, তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি যোগ্য পরিবারকে একটি করে কুলিং ইউনিট প্রদান করা হবে, যার ক্রয় এবং ইনস্টলেশন খরচ সম্পূর্ণভাবে বহন করবে সরকার।   এই কর্মসূচির অধীনে গ্রাহকরা উইন্ডো বা পোর্টেবল এয়ার কন্ডিশনার এবং ফ্যানের জন্য সর্বোচ্চ ৮০০ ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। তবে যাদের ঘরের গঠনের কারণে ওয়াল স্লিভ ইউনিটের প্রয়োজন, তাদের ক্ষেত্রে সহায়তার পরিমাণ ১ হাজার ডলার পর্যন্ত হতে পারে। এই সহায়তার মধ্যে কেবল নতুন ইউনিট ক্রয় নয়, বরং পুরোনো ইউনিট অপসারণ এবং এসি বসানোর জন্য প্রয়োজনীয় ছোটখাটো মেরামতের খরচও অন্তর্ভুক্ত থাকবে।   যেসব ভবনে কাঠামোগত কারণে এসি বসানো সম্ভব নয়, সেখানে বিকল্প ব্যবস্থা হিসেবে উন্নতমানের ফ্যান সরবরাহ করা হবে। উল্লেখ্য যে, এই সুবিধাটি 'আগে এলে আগে পাবেন' ভিত্তিতে প্রদান করা হচ্ছে, তাই নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে গেলেই আবেদন গ্রহণ বন্ধ হয়ে যেতে পারে।   আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে নিউইয়র্ক সিটির বাসিন্দারা অতি সহজেই 'অ্যাকসেস এনওয়াইসি' (ACCESS NYC) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে, সিটির বাইরের বাসিন্দাদের তাদের স্থানীয় হিপ (HEAP) অফিসে ফোন, ডাকযোগে কিংবা সরাসরি যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে।   আবেদনের জন্য পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণপত্র, আয়ের তথ্য এবং সোশ্যাল সিকিউরিটি নম্বর জমা দিতে হবে। এ ছাড়া বিশেষ শারীরিক অসুস্থতা বা স্বাস্থ্যঝুঁকির প্রমাণ হিসেবে ক্ষেত্রবিশেষে চিকিৎসকের সনদের প্রয়োজন হতে পারে।   মূলত যেসব পরিবার নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে অবস্থান করছে অথবা যারা নিয়মিতভাবে ফুড স্ট্যাম্প (SNAP), টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স কিংবা বিশেষ এসএসআই (SSI) সুবিধা পাচ্ছেন, তারাই এই কর্মসূচির জন্য মূলত যোগ্য বলে বিবেচিত হবেন। নিউইয়র্কে প্রতি বছর গ্রীষ্মকালীন দাবদাহের কারণে হিটস্ট্রোক এবং নানাবিধ স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। এই ঝুঁকি মোকাবিলায় এবং নাগরিকদের সুস্থতা নিশ্চিতে প্রশাসন সকল যোগ্য বাসিন্দাদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।

প্রকাশ : মে ১২, ২০২৬ ১৯:৩৪
ছবি: সংগৃহীত
৬৭ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিল অনলাইন শপিং জায়ান্ট eBay

বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস ইবে (eBay) কে অধিগ্রহণের জন্য দেওয়া প্রায় ৫৫.৫ বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ হাজার কোটি টাকা) প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি। প্রস্তাবটি দিয়েছিল ভিডিও গেম বিক্রেতা প্রতিষ্ঠান গেমস্টপ (GameStop) যা সাম্প্রতিক বছরগুলোতে “মিম স্টক” হিসেবে ব্যাপক আলোচনায় আসে।   ইবে (eBay) এর পরিচালনা পর্ষদ জানিয়েছে, গেমস্টপ (GameStop) এর প্রস্তাব “অযাচিত” এবং “বিশ্বাসযোগ্য বা আকর্ষণীয় নয়”। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, eBay বর্তমানে একটি শক্তিশালী ও লাভজনক ব্যবসা পরিচালনা করছে এবং তাদের নিজস্ব দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফলভাবেই এগোচ্ছে।   eBay বোর্ডের পক্ষ থেকে গেমস্টপ (GameStop) এর সিইও রায়ান কোহেনকে পাঠানো এক চিঠিতে বলা হয়, এই অধিগ্রহণ বাস্তবায়ন হলে নতুন প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা ও নেতৃত্ব কাঠামো নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে। একই সঙ্গে গেমস্টপ (GameStop) এর পরিচালনা পর্ষদের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলে eBay।   বাজার বিশ্লেষকদের মতে, শুরু থেকেই এই প্রস্তাব বাস্তবসম্মত ছিল না। কারণ গেমস্টপ (GameStop) এর বাজারমূল্য eBay-এর তুলনায় অনেক কম। এছাড়া এত বড় চুক্তির অর্থায়ন কীভাবে হবে, সেটিও পরিষ্কার ছিল না। যদিও গেমস্টপ (GameStop) দাবি করেছিল, তারা টিডি সিকিউরিটিজের কাছ থেকে প্রায় ২০ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি পেয়েছে।   বিশেষজ্ঞদের মতে, এত বড় ঋণের চাপ ভবিষ্যতে eBay-এর ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারত। বর্তমানে Amazon, Etsy এবং Temu-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার মধ্যেও eBay নিজেদের অবস্থান শক্তিশালী রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।   এদিকে গেমস্টপ (GameStop) এর সিইও রায়ান কোহেন এখনই পিছু হটার ইঙ্গিত দেননি। তিনি জানিয়েছেন, বোর্ড প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তিনি সরাসরি ইবে (eBay) এর শেয়ারহোল্ডারদের সমর্থন পাওয়ার চেষ্টা করতে পারেন।   উল্লেখ্য, ২০২৫ সালে ইবে (eBay) এর নিট মুনাফা বেড়ে ৪১৮.৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ফলে বিশ্লেষকদের ধারণা, শক্তিশালী আর্থিক অবস্থানের কারণেই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ প্রস্তাব সহজেই ফিরিয়ে দিতে পেরেছে।

প্রকাশ : মে ১৩, ২০২৬ ২:১০
ছবি: সংগৃহীত
গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইবে

অনলাইন মার্কেটপ্লেস ইবে (eBay) ভিডিও গেম বিক্রেতা প্রতিষ্ঠান গেমস্টপের (GameStop) ৫৫.৫ বিলিয়ন ডলারের টেকওভার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইবে এই প্রস্তাবকে "অযাচিত" এবং "বিশ্বাসযোগ্য বা আকর্ষণীয় নয়" বলে অভিহিত করেছে। বাজার বিশ্লেষকরা আগে থেকেই এই প্রত্যাখ্যানের পূর্বাভাস দিয়েছিলেন, কারণ গেমস্টপ ইবে-এর তুলনায় অনেক ছোট একটি প্রতিষ্ঠান এবং এই বিশাল অর্থের সংস্থান কীভাবে হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল।   ইবে বোর্ড অব ডিরেক্টর্স গেমস্টপের সিইও রায়ান কোহেনকে লেখা এক চিঠিতে জানিয়েছে, ইবে একটি "শক্তিশালী ও স্থিতিস্থাপক ব্যবসা"। প্রস্তাবটি প্রত্যাখ্যানের কারণ হিসেবে তারা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি, মুনাফা এবং সম্ভাব্য যৌথ প্রতিষ্ঠানের নেতৃত্ব কাঠামো নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। এছাড়া গেমস্টপের পরিচালনা পর্ষদের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে ইবে। আমাজন, এটসি এবং টেমুর মতো প্রতিষ্ঠানের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে থাকলেও ইবে দাবি করেছে যে তাদের নিজস্ব ব্যবসায়িক পরিকল্পনা সফলভাবে কাজ করছে।   গেমস্টপ মূলত একটি "মিম স্টক" (meme stock) হিসেবে পরিচিতি পায়, যেখানে খুচরা বিনিয়োগকারীদের প্রভাবে শেয়ার বাজারে নাটকীয় উত্থান-পতন ঘটে। গেমস্টপের বাজারমূল্য ইবে-এর প্রায় চার ভাগের এক ভাগ। গেমস্টপ জানিয়েছিল, তারা টিডি সিকিউরিটিজের কাছ থেকে ২০ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে, তবে বিশ্লেষকদের মতে এই চুক্তি ইবে-কে ঋণের বোঝা বাড়িয়ে দিত যা মোটেও লাভজনক হতো না।   গেমস্টপের সিইও রায়ান কোহেন অবশ্য এখনই হাল ছাড়ছেন না। গত সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে বোর্ড প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি সরাসরি ইবে-এর শেয়ারহোল্ডারদের কাছে আবেদন করবেন। ইবে-এর ২০২৫ সালের নিট মুনাফা ৪১৮.৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এখন দেখার বিষয় গেমস্টপ তাদের প্রস্তাব নিয়ে পরবর্তী কী পদক্ষেপ নেয়।

প্রকাশ : মে ১৫, ২০২৬ ২৩:০
ছবি: সংগৃহীত
এআই এর কাছে চাকরি হারানোর ভয়: সুরক্ষার দাবিতে সোচ্চার মার্কিন শ্রমিকরা

বর্তমান সময়ে কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার হু হু করে বাড়ছে। তবে এই প্রযুক্তি মানুষের কাজ সহজ করার বদলে উল্টো চাকরি কেড়ে নেবে কি না সেই আতঙ্ক এখন যুক্তরাষ্ট্রের শ্রমিকদের মধ্যে তুঙ্গে। এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৯৩ শতাংশের বেশি শ্রমিক এআই নিয়ন্ত্রণে কঠোর আইন চান। তারা মনে করেন, মালিকপক্ষ বা বড় প্রযুক্তি কোম্পানির চেয়ে শ্রমিক ইউনিয়নগুলোই তাদের অধিকার রক্ষা করতে পারবে।   জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ কর্মীর স্পষ্ট দাবি চাকরি থেকে ছাঁটাই বা পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো যন্ত্র বা এআই নেবে না, এটি নিতে হবে একজন মানুষকে। এ ছাড়া ৯২ শতাংশ কর্মী চান কর্মক্ষেত্রে এআই ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা। অবাক করার মতো তথ্য হলো, বর্তমানে মাত্র ৭ শতাংশ কর্মী জানেন যে তাদের মালিকপক্ষ এআই ব্যবহার করে তাদের ওপর নজরদারি করছে কি না। এই লুকোচুরি বন্ধ করার দাবি তুলেছেন কর্মীরা।   শ্রমিকদের এই উদ্বেগের প্রধান কারণ হলো খরচ কমানোর দোহাই দিয়ে এআই-এর মাধ্যমে কর্মী ছাঁটাইয়ের চেষ্টা। ইতিমধ্যে গণমাধ্যম এবং স্বাস্থ্যখাতের কর্মীরা তাদের চুক্তিতে এআই সুরক্ষাকে অন্তর্ভুক্ত করার লড়াই শুরু করেছেন। নার্সদের অভিযোগ, অনেক হাসপাতালে রোগীর অনুমতি ছাড়াই এআই দিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে, যা বড় ধরণের ঝুঁকি তৈরি করতে পারে। তাদের দাবি, মানুষের বিচারবুদ্ধি যেন কোনো রোবটের মাধ্যমে প্রতিস্থাপন করা না হয়।   শ্রমিকদের সুরক্ষায় কার ওপর সবচেয়ে বেশি ভরসা করা যায় এমন প্রশ্নে ৩৯ শতাংশ কর্মীই বেছে নিয়েছেন শ্রমিক ইউনিয়নকে। ডেমোক্র্যাট বা রিপাবলিকান কোনো রাজনৈতিক দলের চেয়েও তারা নিজেদের সংগঠনের ওপর বেশি বিশ্বাস রাখছেন। ইউনিয়ন নেতাদের মতে, এই জরিপের ফলাফল প্রমাণ করে যে এআই-এর এই যুগে মানুষ তাদের কাজের নিশ্চয়তা এবং ব্যক্তিগত মর্যাদা রক্ষায় এখন অনেক বেশি সচেতন।

প্রকাশ : মে ১১, ২০২৬ ২০:১২
ছবি: সংগৃহীত
চুল পড়া রোধ করতে সাহায্য করবে প্রোটিনসমৃদ্ধ ৫টি খাবার

প্রতিদিন ১০০টি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক হলেও এর বেশি চুল পড়া উদ্বেগের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চুল পড়া রোধ করতে কেবল প্রসাধনী নয়, বরং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। নিয়মিত প্রোটিন ও শাক-সবজি সমৃদ্ধ খাবার গ্রহণ করলে চুলের গোড়া মজবুত হয় এবং গঠন সুন্দর থাকে।   চুলের স্বাস্থ্য সুরক্ষায় ক্যাপসিকাম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এতে থাকা পুষ্টি উপাদান চুলের সজীবতা বজায় রাখতে সাহায্য করে। সালাদ বা বিভিন্ন খাবারে নিয়মিত ক্যাপসিকাম রাখলে চুল পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসে।   ডিম প্রোটিন ও বায়োটিনের অন্যতম প্রধান উৎস, যা চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। অনেকে চুলে ডিমের প্যাক ব্যবহার করলেও চিকিৎসকরা এটি খাওয়ার ওপর গুরুত্ব দেন। নিয়মিত ডিম খেলে ভেতর থেকে চুলের পুষ্টি নিশ্চিত হয় এবং চুল শক্ত হয়।   সামুদ্রিক ও দেশি মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি-এর ভাণ্ডার। মাছের এসব উপাদান চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং অকালে চুল ঝরে যাওয়া রোধ করে। এছাড়া মাছে থাকা ফসফরাস ও ক্যালসিয়াম চুলের গুণগত মান উন্নত করতে সাহায্য করে।   উদ্ভিজ্জ প্রোটিনের সহজলভ্য উৎস হলো মসুর ডাল, যা চুলের গোড়া মজবুত করতে বিশেষভাবে কাজ করে। এছাড়া মিষ্টি আলুতে থাকা বিটা-ক্যারোটিন ও অন্যান্য খনিজ উপাদান চুলের বৃদ্ধিতে সহায়তা করে। সুস্থ ও ঘন চুল পেতে ডায়েটে এসব খাবার নিয়মিত রাখা প্রয়োজন।

প্রকাশ : মে ১১, ২০২৬ ১৬:৩
ছবি: সংগৃহীত
মেরিল্যান্ডের স্কুল বাস ড্রাইভার জিতেছেন ৫০ লাখ ডলারের লটারি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক স্কুল বাস ড্রাইভার লটারিতে ৫০ লাখ ডলার জিতে রাতারাতি আলোচনায় এসেছেন। সৌভাগ্যবান ওই ব্যক্তির নাম মরিস উইলিয়ামস। তিনি দীর্ঘদিন ধরে স্কুল বাস চালকের কাজ করছেন।   স্থানীয় লটারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কর্মস্থলে যাওয়ার পথে মরিস একটি সেভেন ইলেভেন দোকানে থেমে আগের একটি লটারিতে জেতা ৫০ ডলারের পুরস্কার ভাঙান। পরে সেই অর্থ দিয়েই তিনি আরেকটি স্ক্র্যাচ-অফ লটারির টিকিট কেনেন।   গাড়িতে বসে টিকিটটি পরীক্ষা করার সময় প্রথমে তিনি বুঝতে পারেননি যে তিনি জ্যাকপট জিতেছেন। পরে টিকিট স্ক্যান করার পর দেখা যায়, সেটিই ছিল ৫০ লাখ ডলারের শীর্ষ পুরস্কারজয়ী টিকিট।   মরিস বলেন, “প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। স্ক্যান করার পর দেখি মিলেছে ৫৯ নম্বর, আর মজার বিষয় হলো কয়েকদিন আগেই আমার বয়স ৫৯ বছর হয়েছে।”   বড় অঙ্কের পুরস্কার জয়ের খবরটি তিনি প্রথমে তার মাকে জানান। মরিসের ভাষ্য অনুযায়ী, তার মা তাকে শান্ত থাকতে বলেন এবং এই আনন্দের মুহূর্তে পাশে থাকেন।   পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন—এমন প্রশ্নের জবাবে মরিস জানান, সবার আগে তিনি তার মায়ের জন্য একটি বাড়ি কিনতে চান। এছাড়া বাকি অর্থ সঞ্চয় করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবেন।   এদিকে, বিজয়ী টিকিট বিক্রি করার কারণে সেভেন-ইলেভেন দোকানটিও ৫ হাজার ডলারের বিশেষ বোনাস পাবে।   ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মরিসের মায়ের জন্য বাড়ি কেনার সিদ্ধান্তকে মানবিক ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করছেন।

প্রকাশ : মে ১১, ২০২৬ ১৯:১৩
ছবি: সংগৃহীত
কোভিড সময়ের ট্যাক্স ফাইল নিয়ে আদালতের যে রায়ে অনেকেই পেতে পারেন রিফান্ড

কোভিড-১৯ মহামারির সময় দেরিতে ট্যাক্স ফাইল করা বা সময়মতো কর জমা দিতে না পারায় জরিমানা ও সুদ পরিশোধ করা লাখো আমেরিকান এখন রিফান্ড পাওয়ার সুযোগ পেতে পারেন। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের সাম্প্রতিক রায়ের পর বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে।   “Kwong v. United States” মামলায় যুক্তরাষ্ট্রের কোর্ট অব ফেডারেল ক্লেইমস রায় দেয়, প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় জরুরি অবস্থার সময় ট্যাক্স ফাইলিংয়ের সময়সীমা বাড়ানোর যে আইনি বিধান রয়েছে, তা কোভিড-১৯ মহামারির সময়ও কার্যকর হওয়া উচিত ছিল। আদালতের মতে, যুক্তরাষ্ট্রে কোভিড জরুরি অবস্থা আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১০ জুলাই পর্যন্ত কার্যকর ছিল।   এই রায়ের ফলে ওই সময়ের মধ্যে দেরিতে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বা সময়মতো কর পরিশোধ করতে না পারায় যাদের কাছ থেকে জরিমানা ও সুদ আদায় করা হয়েছিল, তারা সেই অর্থ ফেরত পাওয়ার যোগ্য হতে পারেন বলে মনে করছেন কর বিশেষজ্ঞরা।   বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, অনেক আমেরিকান হয়তো না জেনেই অপ্রয়োজনীয় জরিমানা পরিশোধ করেছেন। মহামারির সময় চাকরি হারানো, অসুস্থতা, ব্যবসায় ক্ষতি কিংবা আর্থিক সংকটের কারণে বহু মানুষ সময়মতো ট্যাক্স ফাইল করতে পারেননি। আদালতের এই রায় তাদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।   তবে বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। মামলাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইআরএস এখন পর্যন্ত সবার জন্য স্বয়ংক্রিয় রিফান্ড ঘোষণা করেনি। ফলে কর বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য রিফান্ড পেতে আগ্রহীদের নিজেদের ট্যাক্স রেকর্ড পর্যালোচনা করা উচিত এবং প্রয়োজন হলে সংশোধিত রিটার্ন বা রিফান্ড দাবি জমা দিতে হবে।   এছাড়া রিফান্ড দাবির সময়সীমাও দ্রুত শেষ হয়ে আসছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাই যারা কোভিড সময়ের ট্যাক্স জরিমানা বা সুদ পরিশোধ করেছিলেন, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রকাশ : মে ১১, ২০২৬ ১৬:১৮
ছবি: সংগৃহীত
জর্জিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমানের স্টেট সিনেটর পদে পুনর্নির্বাচনী দৌড়ে দেশি কমিউনিটির ব্যাপক সাড়া

জর্জিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া দেখা গেছে। গতকাল জর্জিয়ার রোডস জর্ডান পার্কে অনুষ্ঠিত “Early Vote & BBQ” অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ভোটারদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।   অনুষ্ঠানে উপস্থিত ভোটার ও সমর্থকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন শেখ রহমান। তিনি আগাম ভোটদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কমিউনিটির ঐক্য ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ভোটারদের সম্পৃক্ত করা এবং স্থানীয় জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা।   শেখ রহমান বর্তমানে জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট ৫-এর প্রতিনিধিত্ব করছেন। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা এবং অভিবাসী কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। এবারও তিনি স্টেট সিনেটর পদে পুনর্নির্বাচনের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন।   অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন শেখ রহমানের ভাই ইকবাল, যিনি সম্প্রতি বাংলাদেশে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কমিউনিটির ঐক্য ও রাজনৈতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।   অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই বলেন, শেখ রহমানের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের জর্জিয়ার মূলধারার রাজনীতিতে সক্রিয় ভূমিকা প্রবাসী কমিউনিটির জন্য গর্বের বিষয়। তাদের আশা, আসন্ন নির্বাচনেও তিনি শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হবেন।

প্রকাশ : মে ১০, ২০২৬ ২৩:৫৫
বিজনেস অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ’ পুরস্কার গ্রহণ করছেন আফসানা আনজুম । ছবি: সংগৃহীত
নিউজার্সিতে ‘বিজনেস অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ’ পুরস্কারে পেলেন বাংলাদেশি উদ্যোক্তা আফসানা আনজুম

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে আবাসন নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিজনেস অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা আফসানা আনজুম। শনিবার রাতে ইটন টাউনের শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে কমিউনিটি অ্যাফেয়ার্স অ্যান্ড রিসোর্স সেন্টারের ১৪তম গালা অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।   আফসানা আনজুম নিউজার্সিভিত্তিক নির্মাণ ও পরিবেশগত পুনর্বাসন প্রতিষ্ঠান ‘তাহশিন কনস্ট্রাকশন’-এর মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি দুই হাজারের বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে।   বিশেষ করে শিশুদের নিরাপত্তার জন্য ঘরবাড়ি থেকে সিসা ও অ্যাসবেস্টস অপসারণ কার্যক্রমে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সুনাম অর্জন করেছে।   অনুষ্ঠানে জানানো হয়, তাহশিন কনস্ট্রাকশন বর্তমানে নিউজার্সির ১৫টি অনুমোদিত সংস্থার জন্য সিসা দূষণ অপসারণ ও পুনর্বাসনের কাজ করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অঙ্গরাজ্য অনুমোদিত অ্যাসবেস্টস অপসারণকারী ঠিকাদার এবং ‘লেড ইন্সপেক্টর’ হিসেবেও স্বীকৃত।   আটলান্টিক কাউন্টিতে বাংলাদেশি কমিউনিটির পরিবারগুলোর নিরাপদ আবাসন নিশ্চিত করতে আফসানা আনজুম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। হারিকেন স্যান্ডির পর ক্ষতিগ্রস্ত বাড়িঘরের উন্নয়ন ও বন্যা ঝুঁকি মোকাবিলাতেও তার সক্রিয় ভূমিকার কথা অনুষ্ঠানে তুলে ধরা হয়। এই অবদানের স্বীকৃতি হিসেবে নিউজার্সির সিনেটর ও অ্যাসেম্বলিম্যানদের পক্ষ থেকেও তাকে বিশেষ মানপত্র প্রদান করা হয়। আফসানা আনজুম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রিধারী এবং চার সন্তানের জননী। তার স্বামী জহিরুল ইসলাম বাবুলের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সাউথ জার্সির বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, নিরাপদ আবাসন ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছেন।   তার এই অর্জনে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।  

প্রকাশ : মে ১০, ২০২৬ ১৮:৩৬
ছবি: আমেরিকা বাংলা
সংসদ অবৈধ করার ‘স্লো গেম’?, নতুন করে প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকারের বৈধতা

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় নতুন করে আলোচনায় এসেছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে চলমান সমালোচনা, রিট আবেদন এবং রাজনৈতিক বয়ান। নির্বাচন শেষে ক্ষমতা হস্তান্তরের পরও তাঁকে কেন্দ্র করে বিভিন্ন মহলের সক্রিয়তা নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।   ড. ইউনূসকে নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে তীব্রতা বাড়ছে। কেউ তাঁকে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করছেন, কেউ আবার তাঁর সরকারের সিদ্ধান্ত ও আন্তর্জাতিক চুক্তিগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ করছেন। এমনকি তাঁকে বিচারের আওতায় আনার দাবিও জোরালো হচ্ছে। এসব আলোচনায় অন্তর্বর্তী সরকারের সময় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যও নতুন মাত্রা যোগ করেছে।   এদিকে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, সংস্কার কমিশন গঠন, আইন প্রণয়ন এবং বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একাধিক রিট আবেদন করা হয়েছে। রিটে তাঁর সরকারের কর্মকাণ্ডের সাংবিধানিক বৈধতা প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিশন গঠনের আবেদনও জানানো হয়েছে।   এর আগে ড. ইউনূসের সরকার গঠন ও শপথকে অবৈধ ঘোষণার দাবিতেও রিট করা হয়েছিল। যদিও আদালত সেটি খারিজ করে দেন, এরপর নতুন করে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি চাপ বাড়ানোর চেষ্টা চলছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।   বিশেষভাবে আলোচনায় এসেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘রেসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’। চুক্তিটির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে বলা হয়েছে, এটি জাতীয় স্বার্থবিরোধী এবং অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ। রিটকারীরা অভিযোগ করেছেন, চুক্তিতে অসম শুল্ক কাঠামো ও দেশীয় শিল্পের সম্ভাব্য ক্ষতির বিষয় রয়েছে।   তবে এসব বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি ড. ইউনূস। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, তাঁর নীরব অবস্থানও নতুন করে নানা ব্যাখ্যার জন্ম দিচ্ছে।   অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি প্রকাশ্যে তুলনামূলক সংযত অবস্থান নিলেও দলটির বিভিন্ন বক্তব্যে অন্তর্বর্তী সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা উঠে এসেছে। একই সময়ে দেশের অর্থনীতি, জ্বালানি খাত, মূল্যস্ফীতি, প্রশাসনিক নিয়োগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার সমালোচনার মুখে রয়েছে।   বেলজিয়ামভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্প্রতি এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। প্রতিবেদনে অর্থনীতি পুনরুদ্ধার, সুশাসন নিশ্চিত এবং বিরোধী দলগুলোর সঙ্গে সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।   রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে অবৈধ প্রমাণের চেষ্টা শেষ পর্যন্ত বর্তমান সংসদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলার পথ তৈরি করতে পারে। আওয়ামী লীগ শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ’ বলে আসছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও বিভিন্ন বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলেছেন।   একই সময়ে জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজনের মধ্যেও হতাশা ও বিভাজনের ইঙ্গিত দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, আন্দোলনের মূল লক্ষ্য পূরণ হয়নি এবং কাঙ্ক্ষিত রাজনৈতিক রূপান্তর অসম্পূর্ণ রয়ে গেছে। ফলে ভবিষ্যতে নতুন রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  

প্রকাশ : মে ১১, ২০২৬ ২:২২
ছবি: আমেরিকা বাংলা
১৭ কোটি টাকার বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা, মিশিগানে বাঙালি কমিউনিটিতে উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাঙালি কমিউনিটির জন্য গর্বের এক নতুন অধ্যায় রচনা করেছেন অনন্যা চন্দ জেসি। ডেট্রয়েটের ক্যাস টেক হাইস্কুলের এই শিক্ষার্থী প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৭ কোটি টাকার শিক্ষা বৃত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয় এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।   অনন্যা মিশিগানপ্রবাসী বিশ্বেশ্বর চন্দ ও শেলী শীল দম্পতির দ্বিতীয় কন্যা। তার এই সাফল্যের খবরে স্থানীয় বাঙালি কমিউনিটিতে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।   নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অনন্যা জানান, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘প্রি-মেড’ বিষয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এই অর্জন তাকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।   অনন্যা বলেন, পড়াশোনা শেষ করে তিনি মেট্রো ডেট্রয়েট অঞ্চলের মানুষের সেবায় কাজ করতে চান।   শিক্ষাজীবনে অনন্যা একাডেমিক কৃতিত্বের পাশাপাশি নেতৃত্বমূলক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি ‘ন্যাশনাল অনার সোসাইটি’র সভাপতি এবং ‘অ্যাকাডেমিক গেমস’-এর সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।   এ ছাড়া তিনি মিশিগান মেডিসিনের অ্যাডোলেসেন্ট হেলথ ইনিশিয়েটিভের রিচ বোর্ড এবং ‘ওমেন অব বাংলাটাউন ইউথ অ্যাডভাইজরি কাউন্সিল’-এর সঙ্গেও যুক্ত ছিলেন।   মেধার স্বীকৃতি হিসেবে অনন্যা ‘পালাজো স্ট্রজি’ পুরস্কারও অর্জন করেছেন। এই পুরস্কারের আওতায় ইতালিতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে তার সামনে। তবে সব সুযোগের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কেই নিজের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন তিনি।   নিজের এই সাফল্যের পেছনে বাবা-মা ও মেন্টরদের অবদানের কথা উল্লেখ করে অনন্যা বলেন, তাদের সমর্থন ও অনুপ্রেরণাই তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।   কনিষ্ঠ শিক্ষার্থীদের উদ্দেশে অনন্যার বার্তা, “কখনো নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে রাখবে না। মনে রাখবে, সাময়িক ব্যর্থতাও ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হতে পারে।”  

প্রকাশ : মে ১১, ২০২৬ ২:৪
ছবি: সংগৃহীত
এক ভবনের ভেতরে ৭০০ বিলিয়ন ডলারের স্বর্ণ! রহস্যে ঘেরা আমেরিকার ফোর্ট নক্স

পাহাড়ঘেরা নিরিবিলি এক এলাকা। বাইরে থেকে দেখলে সাধারণ একটি সামরিক স্থাপনা মনে হতে পারে। কিন্তু সেই বিশাল কংক্রিট আর গ্রানাইটের দেয়ালের ভেতরেই নাকি লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণভান্ডারের একটি—প্রায় ৭০০ বিলিয়ন ডলারের স্বর্ণ। এই রহস্যময় জায়গাটির নাম ফোর্ট নক্স।   দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের এই গোপন ভল্টকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য গল্প, রহস্য আর ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলেন, সেখানে এখনও হাজার হাজার টন খাঁটি স্বর্ণ সযত্নে রাখা আছে। আবার কেউ দাবি করেন, বহু আগেই সেই ভল্ট খালি হয়ে গেছে—কিন্তু সত্য জানে কেবল হাতে গোনা কয়েকজন মানুষ।   সম্প্রতি আবারও আলোচনায় আসে ফোর্ট নক্স, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নিজেই সেখানে গিয়ে দেখতে চান সত্যিই স্বর্ণগুলো এখনও আছে কি না। শুনতে যেন হলিউডের কোনো থ্রিলার সিনেমা। কিন্তু বাস্তবের ফোর্ট নক্স তার চেয়েও রহস্যময়।   যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে অবস্থিত এই ভল্টের নিরাপত্তা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে কঠোরগুলোর একটি বলে মনে করা হয়। বিশাল স্টিলের দরজা, বিস্ফোরণ প্রতিরোধী দেয়াল, চারপাশে সেনাবাহিনীর কড়া পাহারা এবং অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তিতে ঘেরা পুরো এলাকা। বলা হয়, ভল্টের দরজার পাসওয়ার্ডও কোনো এক ব্যক্তি পুরোটা জানেন না—বিভিন্ন অংশ আলাদা আলাদা কর্মকর্তার কাছে থাকে।   ফোর্ট নক্স সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ। এমনকি বহু মার্কিন রাজনীতিকও কখনও এর ভেতরে প্রবেশের সুযোগ পাননি। ইতিহাসে মাত্র কয়েকবার সাংবাদিক ও বিশেষ অতিথিদের সীমিতভাবে ভল্ট দেখানো হয়েছিল। এরপর থেকেই রহস্য আরও গভীর হয়েছে।   বিশেষজ্ঞদের মতে, এখানে সংরক্ষিত স্বর্ণ শুধু ধন-সম্পদ নয়; এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি, বৈশ্বিক প্রভাব এবং আর্থিক নিরাপত্তার প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ নথি ও মূল্যবান সম্পদও এখানে নিরাপদে রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন করে প্রশ্ন উঠছে—সত্যিই কি সেই ভল্ট এখনও সোনায় ভরা? নাকি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভবনের ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো অজানা সত্য?   রহস্যের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। আর সেই কারণেই ফোর্ট নক্স এখনও বিশ্বের সবচেয়ে আলোচিত ও কৌতূহলোদ্দীপক গোপন ভল্টগুলোর একটি।

প্রকাশ : মে ১০, ২০২৬ ১৬:৭
ছবি: সংগৃহীত
মেয়র মামদানিকে নিয়ে মন্তব্যের জেরে বদলি নিউইয়র্ক পুলিশ ক্যাপ্টেন

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানীকে নিয়ে প্রকাশ্যে সমালোচনামূলক মন্তব্য করার পর এনওয়াইপিডির এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঘটনাটি ঘিরে নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকান নেতারা এই পদক্ষেপকে “রাজনৈতিক পক্ষপাত” বলে দাবি করলেও, সিটি প্রশাসন বলছে এটি পুলিশ বিভাগের নীতিমালা অনুযায়ী নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত।   বিতর্কের কেন্দ্রে থাকা কর্মকর্তা হলেন এনওয়াইপিডির ক্যাপ্টেন জেমস উইলসন।তিনি ব্রুকলিনের ৯৪তম প্রিসিঙ্কটে দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে মেয়র মামদানিকে “an embarrassment” বা “লজ্জাজনক” বলতে শোনা যায়। একই ভিডিওতে তিনি নিউইয়র্কের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।   ভিডিওটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ার পর এনওয়াইপিডি প্রশাসন তাকে ব্রঙ্কসে অবস্থিত ৯১১ কল সেন্টারে বদলি করে। এনওয়াইপিডির নীতিমালা অনুযায়ী, দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ কর্মকর্তারা প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য করতে পারেন না। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে বলে জানা গেছে।   ঘটনার পর রিপাবলিকান রাজনীতিক ও রক্ষণশীল নেতারা ক্যাপ্টেন উইলসনের পক্ষে অবস্থান নেন। তাদের দাবি, মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করায় তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। কুইন্সের রিপাবলিকান কাউন্সিলওম্যান জোয়ান অরিওলা বলেন, “যদি একই ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা হতো, তাহলে হয়তো তাকে নায়ক হিসেবে তুলে ধরা হতো। কিন্তু মেয়র মামদানির সমালোচনা করায় এখন তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”   রিপাবলিকান নেতাদের অভিযোগ, নিউইয়র্ক সিটি প্রশাসন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে ভিন্ন ভিন্ন আচরণ করছে। তারা এটিকে “দুই ধরনের নিয়ম” হিসেবে আখ্যা দিয়েছেন—একটি কট্টর বামপন্থীদের জন্য, আরেকটি অন্যদের জন্য।   অন্যদিকে মেয়র মামদানি দাবি করেছেন, ক্যাপ্টেন উইলসনের বদলির সিদ্ধান্তে তার কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না। তিনি বলেন, “এটি সম্পূর্ণ এনওয়াইপিডির প্রশাসনিক বিষয়।” তবে বিষয়টি নিয়ে নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।

প্রকাশ : মে ১১, ২০২৬ ২:৩৫
ছবি: সংগৃহীত
মিশিগানে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে নির্বাচন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ চৌধুরী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-১৪ স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ চৌধুরী। আগামী ৪ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।   নির্বাচনী প্রচারণায় মিনহাজ চৌধুরী স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, ছোট ব্যবসায় সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং কমিউনিটি সেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া রাস্তা সংস্কার, ব্রডব্যান্ড ইন্টারনেট সম্প্রসারণ এবং সামাজিক কর্মসূচি ও পার্ক উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি।   তার প্রচারণার মূল স্লোগান হচ্ছে— “Vision. Dedication. Results. Unified, We Create Change.”   মিনহাজ চৌধুরী বলেন, তিনি এমন একটি অগ্রসর ও উদ্ভাবনী ভবিষ্যৎ গড়ে তুলতে চান যেখানে স্থানীয় ব্যবসা, অবকাঠামো ও কমিউনিটির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মিশিগানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির মধ্যেও তার প্রার্থিতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় প্রবাসীরা বলছেন, মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ কমিউনিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

প্রকাশ : মে ১০, ২০২৬ ১:২২
ছবি: আমেরিকা বাংলা
মার্কিন বাণিজ্য চুক্তির চার মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি দ্বিগুণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রভাব বাংলাদেশের আমদানি প্রবাহে দ্রুত দৃশ্যমান হচ্ছে। চলতি বছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানি গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।   জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে মোট ১৯ হাজার ১০৪ কোটি টাকার পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৯ হাজার ৫৩৫ কোটি টাকা। ফলে এক বছরে আমদানির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০১ শতাংশে।   অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বেড়ে ৩৫ হাজার ৪৬২ কোটি টাকায় পৌঁছেছে। প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৩২ শতাংশ।   এনবিআরের তথ্য বলছে, মোট আমদানির বড় অংশ এসেছে তিনটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। পেট্রোবাংলা, খাদ্য অধিদপ্তর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস মিলিয়ে মোট আমদানির প্রায় ৩৮ শতাংশ সম্পন্ন করেছে।   চুক্তি সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সঙ্গে পারস্পরিক বাণিজ্য আলোচনা শুরু হয় ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। এরপর ৯ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫০০ পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার এবং আরও ২ হাজার ২১০ পণ্যের শুল্ক ধাপে ধাপে কমানোর প্রতিশ্রুতি দেয়। বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ১ হাজার ৬৩৮ পণ্যের ওপর আরোপিত প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার করে।   তবে গড়ে ১৬ থেকে ১৭ শতাংশ মোস্ট ফেভারড নেশন শুল্ক বহাল রয়েছে। ইউএসটিআর বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ১৯ শতাংশে নামিয়ে আনে।   আমদানির তালিকায় শীর্ষে রয়েছে এলএনজি, এলপিজি, গম, তুলা, লোহা ও ইস্পাত স্ক্র্যাপ, উড়োজাহাজের যন্ত্রাংশসহ বিভিন্ন কাঁচামাল। মোট আমদানির ৮৩ শতাংশই এসেছে ১০টি প্রধান পণ্য থেকে।   পেট্রোবাংলা একাই এলএনজি আমদানি করেছে ৪ হাজার ৯১৩ কোটি টাকার। খাদ্য অধিদপ্তর যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৬৭০ কোটি টাকার গম আমদানি করেছে, যা গত বছরের তুলনায় নতুন সংযোজন হিসেবে দেখা গেছে।   এ ছাড়া তুলা আমদানি ৪৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে। উড়োজাহাজের ইঞ্জিন আমদানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।   বিশেষজ্ঞদের মতে, চুক্তির কারণে জ্বালানি, খাদ্যশস্য ও শিল্প কাঁচামালের আমদানি কাঠামোতে পরিবর্তন এসেছে। এতে সরকারি ও বেসরকারি খাতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, চুক্তির কাঠামো আমদানি নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে যুক্তরাষ্ট্র থেকে পণ্য প্রবাহ দ্রুত বেড়েছে এবং ভবিষ্যতে এই প্রবণতা আরও দৃশ্যমান হতে পারে।   পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, বাণিজ্য শর্ত এবং শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, বিশেষ করে জ্বালানি ও কাঁচামাল খাতে।  

প্রকাশ : মে ৯, ২০২৬ ১৭:৪১