- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র-এর অভিষেক গালা অনুষ্ঠান আগামী ৩০ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। শহরের হার্ডরক ক্যাসিনোতে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, এই গালা কেবল আনুষ্ঠানিক উদযাপন নয়; বরং এটি কমিউনিটির কল্যাণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি জানান, এই আয়োজন থেকে অন্তত ৭ লাখ ৫০ হাজার ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেয়র মার্টি স্মল সিনিয়র জানান, অনুষ্ঠানের ব্যয় মেটানোর পর অবশিষ্ট অর্থ স্থানীয় বিভিন্ন দাতব্য সংস্থা ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। এসব সংস্থা যুবসমাজের উন্নয়ন, প্রবীণ নাগরিকদের সহায়তা, বহুজাতিক সাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পকলার বিকাশে কাজ করে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তহবিলের একটি অংশ বাংলাদেশি কমিউনিটির জন্যও বরাদ্দ রাখা হয়েছে। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটির নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি-এর সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং কাউন্সিলর অ্যাট লার্জ সোহেল আহমেদ বক্তব্য দেন। তারা মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই উদ্যোগ বাংলাদেশি কমিউনিটির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি, স্থানীয় অলাভজনক সংস্থার সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের সরকারকে ক্ষমতায় আনা যে বিপ্লব, তা কোনোভাবেই একটি স্বৈরাচারের পরিবর্তে আরেকটি করপোরেট-নিয়ন্ত্রিত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য ছিল না যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ওয়াশিংটনে। ইতিহাসে এক অদ্ভুত প্রবণতা দেখা যায় শক্তিশালী রাষ্ট্রগুলো প্রায়ই দুর্বল রাষ্ট্রগুলোকে এমনভাবে প্রভাবিত করে যে, তারা নিজেরাই নিজেদের অধীনস্থতার অংশীদার হয়ে যায়। বাংলাদেশ, যা এখনো একটি ক্ষয়িষ্ণু শাসনের প্রভাব কাটিয়ে উঠতে চেষ্টা করছে, তাড়াহুড়ো করে কৃতজ্ঞতার সঙ্গে আরেকটি শক্তির প্রভাবের দিকে ঝুঁকে পড়েছে। এই প্রেক্ষাপটে, নির্বাচিত নন এমন এক তত্ত্বাবধায়ক নেতৃত্বের ভূমিকায় থাকা ড. মুহাম্মদ ইউনূস যিনি এই বিপ্লবের নেতৃত্ব দেননি দেশকে এমন এক ব্যবস্থার দিকে নিয়ে গেছেন, যা জাতীয় সক্ষমতাকে আরও সংকুচিত করতে পারে। ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত Agreement on Reciprocal Trade (ART) এই ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ। প্রায় ২১ বিলিয়ন ডলারের এই চুক্তিকে সরকার “সমঝোতা” হিসেবে তুলে ধরলেও সমালোচকদের মতে এটি এক ধরনের আনুগত্যের প্রকাশ। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক প্রশ্ন বাংলাদেশের সংবিধানের ১৪৫এ অনুচ্ছেদ স্পষ্টভাবে বলে যে, একটি অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক চুক্তি করতে পারে না, বিশেষ করে যেগুলো দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারণকে প্রভাবিত করে। তত্ত্বাবধায়ক সরকারের মূল দায়িত্ব হচ্ছে সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করা। কিন্তু এই চুক্তির মাধ্যমে ১৫ বছরের জ্বালানি নির্ভরতা এবং বড় অঙ্কের আমদানি বাধ্যবাধকতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তকে ন্যায্যতা দিতে “ডকট্রিন অব নেসেসিটি” বা ‘প্রয়োজনীয়তার তত্ত্ব’ ব্যবহার করা হয়েছে- যার মাধ্যমে বিশেষ পরিস্থিতিতে আইনের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার যুক্তি দেওয়া হয়। তবে ইতিহাস বলছে, এই তত্ত্ব প্রায়ই সাময়িক ব্যবস্থাকে স্থায়ী করে তোলে। এই চুক্তির পেছনে অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছিল যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক চাপ। বাংলাদেশকে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে সেই চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু চুক্তির মাত্র ১১ দিনের মাথায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই শুল্ক আরোপকে আইনি সীমালঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। অর্থাৎ, যে কারণে বাংলাদেশ বড় ধরনের ছাড় দিয়েছে, সেই কারণই এখন প্রশ্নবিদ্ধ। ফলে বিশ্লেষকদের মতে, বাংলাদেশ এমন এক সমস্যার সমাধানে বড় মূল্য দিয়েছে, যা হয়তো আইনগতভাবে টেকসইই ছিল না। গোপন শর্ত চুক্তির গোপন বা সূক্ষ্ম শর্তগুলো আরও উদ্বেগজনক। বিশেষ করে “নন-মার্কেট ইকোনমি” দেশগুলোর সঙ্গে সম্পর্ক সীমিত করার ধারা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট পণ্য যেমন LNG, সয়াবিন ও বিমান ক্রয়ের বাধ্যবাধকতা স্থানীয় বাজার ও অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। সমালোচকরা বলছেন, এ ধরনের চুক্তি আধুনিক বিশ্বে সরাসরি দখলদারিত্ব নয়, বরং অর্থনৈতিক ও নীতিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি সূক্ষ্ম পদ্ধতি। সংসদের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আগামী সংসদ এই চুক্তি নিয়ে কী সিদ্ধান্ত নেবে। অনেকের মতে, এটি শুধু একটি বাণিজ্য চুক্তি নয়, বরং একটি সাংবিধানিক ও রাজনৈতিক প্রশ্ন। বিশ্লেষকদের মতে, সংসদের উচিত এই চুক্তি পর্যালোচনা করা এবং প্রয়োজনে তা সংশোধন বা বাতিলের উদ্যোগ নেওয়া। বাংলাদেশের জনগণ যে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, তা কোনোভাবেই আরেক ধরনের নিয়ন্ত্রণ বা নির্ভরতার জন্য ছিল না। যদি এখনই সচেতন সিদ্ধান্ত না নেওয়া হয়, তবে ভবিষ্যতে দেশকে এমন এক অবস্থায় পড়তে হতে পারে যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে, কিন্তু স্বাধীনতা থাকবে না। আব্দুল্লাহ রুবাইয়াত চৌধুরী একজন সমাজবিজ্ঞানী এবং বর্তমানে ওয়াশিংটন ডিসিভিত্তিক অলাভজনক সংস্থা গ্লোবাল নলেজ ইনিশিয়েটিভ-এর উপদেষ্টা হিসেবে কর্মরত। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোক্টর। তার সঙ্গে যোগাযোগ করা যাবে: robin.chw@gmail.com। এখানে প্রকাশিত মতামত সম্পূর্ণই লেখকের নিজস্ব।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ উপলক্ষে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচি। প্রবাসী বাঙালিদের পাশাপাশি নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব পায় প্রাণবন্ত রূপ। ডেট্রয়েটের দুর্গা মন্দিরে ১৯ এপ্রিল দিনব্যাপী নববর্ষ উদ্যাপন করা হয়। বৈশাখী সাজে সজ্জিত মন্দির প্রাঙ্গণে পূজা, অঞ্জলি, আরাধনা ও প্রসাদ বিতরণের আয়োজন ছিল। মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় নানা ধরনের খাবার ও মিষ্টান্ন। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। শিশুদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা এবং দর্শক-শ্রোতাদের অংশগ্রহণে আয়োজন করা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শহর থেকে আগত মানুষের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ছিল মুখর। একই দিন ওয়ারেন শহরের কালী মন্দিরেও নববর্ষ উদ্যাপন করা হয়। বিকেলে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ঢাকঢোলের তালে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে নতুন বছরকে বরণ করে নেন অংশগ্রহণকারীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক ও লোকগীতি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুখে রং আঁকার আয়োজন। এ ছাড়া হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ মন্দিরে ১৮ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে গণেশ পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদ্যাপন করা হয়। আয়োজকরা জানান, প্রবাসে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের উৎসব আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় নিখোঁজ হওয়া ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (University of South Florida)–এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা ব্রিস্টিকে খুঁজে বের করতে জোর তৎপরতা চালাচ্ছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ আলাদাভাবে দেখা যায়। জামিল লিমনকে সকাল ৯টার দিকে তার বাসার কাছে এবং নাহিদা ব্রিস্টিকে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্যাম্পা ক্যাম্পাসে শেষবার দেখা গেছে। এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের সদস্য, বন্ধু বা সহপাঠীদের কোনো যোগাযোগ হয়নি বলে জানা গেছে। পরদিন ১৭ এপ্রিল, এক পারস্পরিক পরিচিত ব্যক্তি তাদের নিখোঁজের রিপোর্ট করলে অনুসন্ধান শুরু করে পুলিশ। এরপর থেকে স্থানীয় পুলিশ, বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগ এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো যৌথভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের সর্বশেষ অবস্থান, মোবাইল ফোনের তথ্য এবং সম্ভাব্য চলাচলের পথ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য প্রবাসী বাংলাদেশি তাদের ছবি ও নিখোঁজ সংক্রান্ত পোস্ট শেয়ার করছেন। অনেকে দ্রুত তাদের নিরাপদে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত সংশ্লিষ্ট পুলিশ বিভাগে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে যাতায়াতকারী পর্যটক এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য সুসংবাদ। মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (CBP) তাদের 'মোবাইল পাসপোর্ট কন্ট্রোল' (MPC) অ্যাপের মাধ্যমে বিমানবন্দরে ইমিগ্রেশন এবং কাস্টমস প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর করার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ভিসাস নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অ্যাপটি ব্যবহার করে ভ্রমণকারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা ছাড়াই নিজেদের পাসপোর্ট এবং কাস্টমস ডিক্লারেশন সংক্রান্ত তথ্য সরাসরি স্মার্টফোনের মাধ্যমে জমা দিতে পারবেন। MPC অ্যাপটি মূলত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা বিমানবন্দরের প্রচলিত কাগজের ফরম পূরণের ঝামেলা কমিয়ে দেয়। ভ্রমণকারীরা বিমানে থাকাকালীন বা অবতরণের পরপরই নিজের এবং পরিবারের সদস্যদের তথ্য (সর্বোচ্চ ১২ জন) অ্যাপে ইনপুট দিতে পারেন। এরপর একটি ডিজিটাল রিসিট জেনারেট হয়, যা বিমানবন্দরের নির্ধারিত এমপিসি লেন-এ (MPC Lane) দায়িত্বরত কর্মকর্তার কাছে দেখালেই ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। কারা এই সুবিধা পাবেন? বর্তমানে মার্কিন নাগরিক, গ্রিন কার্ডধারী (LPR), নির্দিষ্ট ক্যাটাগরির কানাডিয়ান নাগরিক এবং ভিসামুক্ত দেশের (VWP) যাত্রীরা এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন। বাংলাদেশ থেকে সরাসরি যারা পর্যটক হিসেবে যাচ্ছেন, তারা আপাতত নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলে বা ভবিষ্যতে আপডেট আসলে এই সুবিধার আওতায় আসতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৩টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ৪টি সমুদ্রবন্দরে এই সুবিধা চালু রয়েছে। সুবিধাসমূহ: ১. কোনো বাড়তি ফি বা খরচ ছাড়াই অ্যাপটি ডাউনলোড করা যায়। ২. পরিবারের সবাই একসাথে একটি অ্যাপের মাধ্যমেই তথ্য জমা দিতে পারেন। ৩. বিমানবন্দরের সাধারণ লাইন থেকে অনেক ছোট হয় এমপিসি লাইন, ফলে সময় বাঁচে। পেশাদার ভ্রমণকারীদের জন্য এটি একটি আধুনিক সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে, যা দীর্ঘ বিমান ভ্রমণের পর ইমিগ্রেশনের ক্লান্তি অনেকটাই কমিয়ে দেবে।
জ্বালানি খাতে চলমান সীমাহীন চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার (২২ এপ্রিল ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, এই খাতের লুটপাট ও সিস্টেম লস মাত্র ১০ শতাংশ কমিয়ে আনতে পারলে জ্বালানির দাম বাড়ানোর কোনো প্রয়োজন হবে না। তিনি অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে সাইফুল হক বলেন, দেশের গ্রামাঞ্চলে বর্তমানে ভয়াবহ লোডশেডিং চলছে, যার ফলে ধানসহ গ্রামীণ উৎপাদনশীল খাতগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষ ও কৃষকরা সময়মতো তেল পাচ্ছেন না। বিশেষ করে ডিজেলের তীব্র সংকটের কারণে অধিকাংশ জেলায় সেচযন্ত্র বন্ধ হয়ে গেছে, যা বোরো চাষকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ডিজেল সংকটে হাওর অঞ্চলসহ বিভিন্ন স্থানে কম্বাইন্ড হারভেস্টার মেশিন নামানো যাচ্ছে না, ফলে ধান কাটাও ব্যাহত হচ্ছে। একইসঙ্গে টিএসপি ও ইউরিয়া সারের সংকট এবং চড়া দাম কৃষকদের নাজেহাল করে তুলেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের খাদ্য নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে বলে তিনি হুঁশিয়ারি দেন। সাইফুল হক সরকারকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেবল দাম বাড়িয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং সরবরাহ পরিস্থিতির উন্নতি ও আমদানিতে আরও তৎপর হওয়া জরুরি। বিশেষ করে সেচ কাজে ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে তিনি সরকারের কাছে জোর দাবি জানান।
মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি বা জিপিও-এর (GOP) নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে দেশজুড়ে সুপরিকল্পিত ও সমন্বিতভাবে মুসলিম বিদ্বেষ ছড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত ‘ম্যানুফ্যাকচারিং দ্য মুসলিম থ্রেট’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, ফেব্রুয়ারি ২০২৫ থেকে মার্চ ২০২৬ সালের মধ্যে অন্তত ৮৯ জন রিপাবলিকান নেতা এই প্রচারণায় অংশ নিয়েছেন। এই সময়ের মধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ১,১১১টিরও বেশি বিদ্বেষমূলক পোস্ট করেছেন। সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট (CSOH)-এর এই গবেষণায় দেখা গেছে, এই প্রচারণার লক্ষ্য ছিল মার্কিন মুসলিমদের বিরুদ্ধে জনমনে ভয় এবং বিভাজন তৈরি করা। গবেষণার তথ্য অনুযায়ী, এই বিদ্বেষমূলক ক্যাম্পেইনের শুরু হয়েছিল টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের একটি পোস্টের মাধ্যমে, যেখানে তিনি একটি মুসলিম আবাসন প্রকল্পকে ‘শরিয়া সিটি’ বলে অভিহিত করেছিলেন। পরবর্তী ১৩ মাসে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশটির ৪৬ জন নির্বাচিত প্রতিনিধি সরাসরি এই মুসলিম বিরোধী প্রচারণায় শামিল হন। রিপোর্টে আরও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে এই ঘৃণা ছড়ানোর পাশাপাশি আইনিভাবেও মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা চালানো হয়েছে। কংগ্রেসে ‘শরিয়া’ সংক্রান্ত আটটি বিল উত্থাপন করা হয়েছে এবং ‘শরিয়া মুক্ত আমেরিকা’ ককাসে সদস্য সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, রিপাবলিকানদের এই ধরণের বক্তব্য এবং কর্মকাণ্ড কেবল রাজনৈতিক নয়, বরং এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের জন্য সরাসরি নিরাপত্তার হুমকি তৈরি করছে। ‘ডেঞ্জারাস স্পিচ প্রজেক্ট’-এর মতে, এই ধরনের ভাষা সরাসরি সহিংসতার উস্কানি হিসেবে কাজ করতে পারে। সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন রাজনীতিতে ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হাইকমান্ডের দীর্ঘদিনের উপেক্ষা ও অবমূল্যায়ন নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রায় এক দশক ধরে কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসের কোনো নেতাকে মনোনয়ন না দেওয়া এবং সম্প্রতি সংরক্ষিত নারী আসনে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীনকে উপেক্ষা করার সিদ্ধান্ত এই ক্ষোভকে আরও উসকে দিয়েছে। তৃণমূল নেতাদের অভিযোগ, অতীতে যুক্তরাজ্য বিএনপির নেতাদের দেশে নিয়ে গুরুত্বপূর্ণ পদে আসীন করা হলেও যুক্তরাষ্ট্র বিএনপির বেলায় সবসময় বিমাতাসুলভ আচরণ করা হয়। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকা সত্ত্বেও প্রবাসের ত্যাগী নেতারা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। তাঁদের মতে, হাইকমান্ড ও যুক্তরাষ্ট্র বিএনপির মধ্যে একটি স্বার্থান্বেষী মহল 'অদৃশ্য দেয়াল' তৈরি করে রেখেছে, যারা ব্যক্তিগত লাভের জন্য ভুল তথ্য সরবরাহ করছে। সংগঠনের ভেতর চরম হট্টগোল ও বিশৃঙ্খলাও এখন প্রকাশ্য রূপ নিয়েছে। গত ২০ এপ্রিল জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভায় যুবদল ও বিএনপির নেতাদের মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটে। সেখানে অভিযোগ তোলা হয় যে, হাইকমান্ডকে খুশি করতে না পারায় যুক্তরাষ্ট্র বিএনপির কর্মীরা এখন ‘চক্ষুশূলে’ পরিণত হয়েছেন। ত্যাগের চেয়ে অর্থবিত্ত ও প্রভাব এখন দলে বেশি প্রাধান্য পাচ্ছে বলে অনেক সিনিয়র নেতা আক্ষেপ প্রকাশ করেছেন। এমনকি অন্য দল থেকে আসা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া এবং প্রবাসের প্রতিষ্ঠিত নারী নেত্রীদের মূল্যায়ন না করায় সাধারণ সমর্থকদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে। দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং প্রবাসী নেতাদের মর্যাদা ফিরিয়ে না দিলে ভবিষ্যতে প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি এবং আন্দোলন-সংগ্রামের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ধনী অভিবাসীদের আকৃষ্ট করতে নিউজিল্যান্ডের নতুন ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচি বা অ্যাক্টিভ ইনভেস্টর প্লাস (AIP) ভিসা ব্যাপক সাফল্য পেয়েছে। চালুর মাত্র এক বছরের মধ্যেই এই কর্মসূচির মাধ্যমে দেশটিতে প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার (নিউজিল্যান্ডের মুদ্রায় প্রায় ৪ বিলিয়ন ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। বুধবার নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড জানান, এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ১.৪৯ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ সম্পন্ন হয়েছে এবং আরও ২.৪১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। গত বছর ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ৬০৯টি আবেদন জমা পড়েছে, যার আওতায় ১৯৮৮ জন ব্যক্তি নিউজিল্যান্ডে বসবাসের সুযোগ খুঁজছেন। কীভাবে কাজ করে এই গোল্ডেন ভিসা? ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, বিনিয়োগকারীদের জন্য দুটি প্রধান বিভাগ রাখা হয়েছে: ১. গ্রোথ (Growth) ক্যাটাগরি: এতে সর্বনিম্ন ৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ করতে হয়। এই বিনিয়োগটি উচ্চ-ঝুঁকিপূর্ণ তবে দেশের উৎপাদনশীল খাতে সরাসরি ভূমিকা রাখে। ২. ব্যালেন্সড (Balanced) ক্যাটাগরি: এতে বিনিয়োগের পরিমাণ সর্বনিম্ন ১০ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার। এটি তুলনামূলক নিরাপদ বিনিয়োগ যেমন বন্ড বা শেয়ার বাজারে করা যায়। সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই ভিসার জন্য কোনো ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষা দিতে হয় না। এছাড়া বিনিয়োগকারীদের সশরীরে নিউজিল্যান্ডে থাকার সময়সীমাও আগের চেয়ে অনেক কমিয়ে আনা হয়েছে। পরিবারসহ (স্বামী/স্ত্রী এবং ২৪ বছরের কম বয়সী সন্তান) স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকায় ধনী বিনিয়োগকারীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন আসছে যুক্তরাষ্ট্র এবং চীন থেকে। এর বাইরে জার্মানি, হংকং, তাইওয়ান এবং সিঙ্গাপুরের নাগরিকরাও তালিকায় রয়েছেন। দক্ষিণ এশিয়া থেকে ভারতের মাত্র ২ জন বিনিয়োগকারী এই তালিকায় নাম লিখিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আনা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, একটি স্বৈরাচারী শাসনব্যবস্থার অবসান ঘটাতে দেশের সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করেছে। কিন্তু সেই সময়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলেও কয়েক বছর ধরে শিশুদের জন্য হামের টিকা আমদানি করা হয়নি, যা বর্তমান সমস্যার অন্যতম কারণ। তারেক রহমান জানান, পরিস্থিতি সামাল দিতে ইউনিসেফ বাংলাদেশকে সহযোগিতা করেছে এবং দ্রুত হামের টিকা সরবরাহ করেছে। এর ফলে প্রায় ২ কোটি শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে। হাম শনাক্তে ব্যবহৃত টেস্ট কিটের কিছু ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এ সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বেশ কিছু কিট দেশে পৌঁছেছে এবং আরও কিছু কিট বিমানবন্দরের কাস্টমসে রয়েছে, যা দ্রুত ছাড় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকাস্থ ইরান দূতাবাস আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে দূতাবাসের অবস্থান পরিষ্কার করা হয়েছে। দূতাবাস জানায়, সম্প্রতি আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. খাতিবজাদেহ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিজ্ঞপ্তিতে ইরানের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ খামেনেই-এর শাহাদাত বরণে বাংলাদেশ সরকারের শোকবার্তা এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্তের প্রশংসাও করেছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দূতাবাস হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এছাড়া সম্প্রতি ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে ইরান থেকে আজারবাইজান হয়ে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবাসনে ইরান সরকার সহযোগিতা করেছে। বিজ্ঞপ্তিতে আমেরিকা ও জায়নবাদী শাসনের আগ্রাসনের ফলে নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তির শেষাংশে দূতাবাস সম্প্রতি কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ইরানের কর্মকর্তাদের বক্তব্যের খণ্ডিত বা বিকৃত প্রচারের বিষয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে। দূতাবাস জানায়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা দুই দেশের বন্ধুত্বের পরিপন্থী। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখতে এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রণীত জবাবদিহি বৃদ্ধির লক্ষ্যে নেওয়া একাধিক সংস্কার বাতিল বা স্থগিত করেছে বাংলাদেশের নতুন সংসদ। এতে করে গণতান্ত্রিক অগ্রগতি থেকে দেশ পিছিয়ে যাচ্ছে কি না- তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল, নাগরিক সমাজ ও বিশ্লেষকেরা। ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি-প্রধান নতুন সংসদ সম্প্রতি অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেই অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর দায়িত্ব নিয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, এসব অধ্যাদেশের মধ্যে ১১০টি অনুমোদন দেওয়া হয়েছে- কিছু ক্ষেত্রে সংশোধনসহ। তবে অন্তত ২৩টি অধ্যাদেশ বাতিল হয়েছে বা নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না পাওয়ায় অকার্যকর হয়ে গেছে। এর মধ্যে মানবাধিকার, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিধানও রয়েছে। সমালোচকদের মতে, বাতিল হওয়া এসব অধ্যাদেশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও রাজনৈতিক প্রভাব কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। বিরোধী দলগুলোর দাবি, এসব সিদ্ধান্তের মাধ্যমে সংস্কারের মূল কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে এবং ক্ষমতা আবার কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তবে সরকার বলছে, এটি সংস্কার বাতিল নয়; বরং আইনগুলো আরও পরিপূর্ণ ও কার্যকর করতে প্রয়োজনীয় পর্যালোচনা। আলোচনার মাধ্যমে সংশোধিত আইন পুনরায় আনা হবে বলেও জানিয়েছে তারা। পটভূমি: আন্দোলন থেকে সংস্কার ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতা, মতপ্রকাশের দমন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে এই আন্দোলন গড়ে ওঠে। এরপর গঠিত অন্তর্বর্তী সরকার ‘জুলাই ন্যাশনাল চার্টার’ নামে একটি সংস্কার কাঠামো প্রণয়ন করে, যাতে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, নির্বাচনব্যবস্থা ও বিকেন্দ্রীকরণের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। ২০২৬ সালের নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ সমর্থন পায় এই চার্টার। তবে সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করতে পারেনি; পরিবর্তে বিভিন্ন ক্ষেত্রে অধ্যাদেশ জারি করে। সংবিধান অনুযায়ী, এসব অধ্যাদেশ নতুন সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে অনুমোদন বা বাতিল করতে হয়। মানবাধিকার কমিশন: কী পরিবর্তন হলো বাতিল হওয়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর একটি ছিল জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) সংক্রান্ত। ২০২৫ সালের অধ্যাদেশে কমিশনকে আরও স্বাধীন ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত, নির্দিষ্ট সময়সীমা, ক্ষতিপূরণ ও প্রশাসনিক স্বাধীনতার বিধান ছিল। কিন্তু তা বাতিল হওয়ায় ২০০৯ সালের পুরোনো আইন পুনর্বহাল হয়েছে, যেখানে কমিশনের ক্ষমতা সীমিত। সরকার বলছে, ওই অধ্যাদেশে আইনি অস্পষ্টতা ছিল। তবে সাবেক কমিশনারদের অভিযোগ, সরকারের যুক্তি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গুমের আইনগত স্বীকৃতি: শূন্যতা তৈরি গুমের ঘটনাকে আলাদা অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার উদ্যোগও বাতিল হয়েছে। অন্তর্বর্তী সরকারের কমিশন ১ হাজার ৯০০-এর বেশি অভিযোগ পায়, যার মধ্যে অন্তত ১ হাজার ৫৬৯টি ঘটনার সত্যতা নিশ্চিত হয়। বিশেষজ্ঞদের মতে, গুমকে স্পষ্টভাবে আইনে সংজ্ঞায়িত না করলে বিচার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে এবং দায়মুক্তির ঝুঁকি তৈরি হয়। বিচার বিভাগীয় সংস্কার বাতিল হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় গঠন এবং বিচারক নিয়োগে নতুন পদ্ধতি চালু করা। এর লক্ষ্য ছিল নির্বাহী বিভাগের প্রভাব কমানো। এসব প্রস্তাব বাতিল হওয়ায় আগের ব্যবস্থাই বহাল থাকছে। সরকারের অবস্থান: ‘পুনর্মূল্যায়ন, বাতিল নয়’ সরকার বলছে, স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা কঠিন ছিল। তাই কিছু আইন পরে আলোচনা করে পুনরায় আনা হবে। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান হুইপের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, আইনগুলো আরও পরিশীলিত করে পুনরায় প্রণয়ন করা হবে। বিরোধীদের প্রতিক্রিয়া বিরোধী দলগুলোর মতে, এটি সংস্কারের পথ থেকে সরে আসার ইঙ্গিত। তাদের দাবি, গণভোটে জনগণের যে প্রত্যাশা প্রকাশ পেয়েছিল, তা উপেক্ষা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি কেবল আইন বাতিল নয়; বরং ক্ষমতার কাঠামো পুনর্গঠনের প্রশ্ন। বিশ্লেষকেরা বলছেন, এসব পদক্ষেপ জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য দুর্বল করতে পারে। এতে করে আগের মতোই নির্বাহী বিভাগের প্রভাব বাড়ার আশঙ্কা রয়েছে। তবে তারা এটিও মনে করেন, সরকার চাইলে আলোচনার মাধ্যমে সংস্কারগুলো আরও শক্তিশালী করে ফিরিয়ে আনার সুযোগ এখনো রয়েছে। সূত্র: আল জাজিরা
২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরুর প্রহর যত ঘনিয়ে আসছে, দর্শকদের মাঝে টিকিটের চাহিদাও আকাশচুম্বী হচ্ছে। এই উন্মাদনার মাঝেই ফুটবল ভক্তদের জন্য নতুন খবর জানাল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের জন্য নতুন করে আরও কিছু টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে এবার টিকিটের তালিকায় যুক্ত হয়েছে নতুন এবং আগের চেয়ে বেশ ব্যয়বহুল কিছু ক্যাটাগরি। নতুন ‘ফ্রন্ট ক্যাটাগরি’ এবং দামের ঊর্ধ্বগতি ফিফা জানিয়েছে, বুধবার থেকে তাদের অফিশিয়াল পোর্টালে ১, ২ এবং ৩ নম্বর ক্যাটাগরির পাশাপাশি নতুন একটি ‘ফ্রন্ট ক্যাটাগরি’র টিকিট পাওয়া যাবে। মূলত স্টেডিয়ামের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলো থেকে খেলা দেখার সুযোগ দিতেই এই প্রিমিয়াম স্তরটি চালু করা হয়েছে। তবে এই নতুন স্তরের টিকিটের দাম সাধারণ ফুটবল প্রেমীদের পকেটে বেশ চাপ ফেলবে বলে ধারণা করা হচ্ছে। টিকিটের এই নতুন মূল্যতালিকা এবং বণ্টন প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ভক্ত অভিযোগ করেছেন, তারা আগে যখন টিকিট কিনেছিলেন, তখন সেরা সিটগুলো হয়তো সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়নি। এখন সেই ভালো সিটগুলোকেই ‘ফ্রন্ট ক্যাটাগরি’ বা দামি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য যে, গত ডিসেম্বরে যখন প্রথম দফায় টিকিট বিক্রি শুরু হয়, তখন সর্বনিম্ন ক্যাটাগরি-৩ এর টিকিটের দাম ছিল ১৪০ ডলার। আর ফাইনাল ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছিল ৮,৬৮০ ডলার। তবে এপ্রিলের শুরুতে টিকিট পোর্টাল পুনরায় চালু হলে দেখা যায় কিছু ক্ষেত্রে সর্বোচ্চ দাম ১০,৯৯০ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো—এই তিন দেশে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া ইতিহাসে সর্ববৃহৎ (৪৮ দলের) এই বিশ্বকাপকে ঘিরে টিকিটের চাহিদা যেমন তুঙ্গে, তেমনি যাতায়াত এবং সিটের উচ্চমূল্য সাধারণ সমর্থকদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আতঙ্কের আরেক নাম ‘ইরানি ড্রোন’। কয়েক দশক ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা একটি দেশ কীভাবে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তা এখন সামরিক বিশেষজ্ঞদের কাছে এক বিস্ময়। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি—সবখানেই এখন ইরানের তৈরি ড্রোনের জয়জয়কার। খেলনা থেকে মারণাস্ত্র: এক সংগ্রামের ইতিহাস: ইরানের এই সাফল্যের গল্প শুরু হয়েছিল ১৯৮০-এর দশকে ইরাক-ইরান যুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে। তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ইরানের বিমানবাহিনী খুচরা যন্ত্রাংশের অভাবে অকেজো হয়ে পড়েছিল। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে ইসফাহান বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ প্রকৌশলী ও শিক্ষার্থী মিলে প্রথম ড্রোনের পরিকল্পনা করেন। অবিশ্বাস্য হলেও সত্য, তাদের প্রথম তৈরি ড্রোনটির জ্বালানি ট্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছিল মেডিকেল আইভি ব্যাগ (IV Bag), আর পাখা ছিল হাতে তৈরি। যুদ্ধের ব্যাকরণ পরিবর্তন: ইরানি সামরিক কৌশলের মূল ভিত্তি হলো—কম খরচে শত্রুর দামী প্রতিরক্ষা ব্যবস্থাকে কুপোকাত করা। যেখানে একটি অত্যাধুনিক ক্রুজ মিসাইলের দাম ২০ লাখ ডলার, সেখানে একটি ইরানি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র ২০ হাজার ডলার। কিন্তু যখন ঝাঁকে ঝাঁকে ১০০টি ড্রোন পাঠানো হয়, তখন সেগুলোকে ধ্বংস করতে প্রতিপক্ষকে ব্যয় করতে হয় কয়েকশ কোটি ডলার। এই অর্থনৈতিক ও মানসিক চাপই ইরানকে ড্রোন যুদ্ধে অপ্রতিরোধ্য করে তুলেছে। বৈশ্বিক প্রভাব ও ভবিষ্যৎ: ২০২২ সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতে ইরানি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের উপস্থিতি বিশ্বকে স্তম্ভিত করে দেয়। ২০১৯ সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা ড্রোনের কার্যকারিতা প্রমাণ করেছে, যেখানে অত্যাধুনিক মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয়েছিল। আজ ইরান এমন সব ড্রোন তৈরি করছে যা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দীর্ঘ চার দশকের ধৈর্য আর উদ্ভাবনী চিন্তার ফসল হিসেবে ইরান আজ ড্রোন প্রযুক্তিতে এক নতুন বিশ্বব্যবস্থা তৈরি করেছে।
বিগত এক দশকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভূখণ্ডে ব্যাপক পরিবর্তন এসেছে। নিউইয়র্ক এবং সান ফ্রান্সিসকোর মতো ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রগুলো এখনো নিজেদের আধিপত্য বজায় রাখলেও, টেক্সাস এবং ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যগুলোর দ্রুত উত্থান নতুন এক সমীকরণ তৈরি করেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত 'নিউ ওয়ার্ল্ড ওয়েলথ'-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি ধনী শহরের তালিকায় কোটিপতিদের (মিলিয়নেয়ার) সংখ্যা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তালিকার শীর্ষে অবিসংবাদিতভাবে অবস্থান করছে নিউইয়র্ক সিটি। ৩৮৪,৫০০ জন মিলিয়নেয়ার নিয়ে এটি বিশ্বের অন্যতম প্রধান সম্পদ কেন্দ্র। মূলত ওয়াল স্ট্রিট এবং বৈশ্বিক রিয়েল এস্টেট বিনিয়োগের কারণে শহরটি তার শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি নিয়ে গঠিত ‘দ্য বে এরিয়া’। ৩৪২,৪০০ জন মিলিয়নেয়ারের এই অঞ্চলটি মূলত প্রযুক্তি খাতের অভাবনীয় উন্নতির ফসল। অন্যদিকে, হলিউড ও মিডিয়া শিল্পের কেন্দ্র লস অ্যাঞ্জেলেস ২২০,৬০০ জন মিলিয়নেয়ার নিয়ে তৃতীয় স্থান দখল করেছে। শিকাগো এবং হিউস্টন তালিকার পরবর্তী গুরুত্বপূর্ণ নাম। শিকাগোতে ১৭১,১০০ জন মিলিয়নেয়ার বাস করেন, যারা শহরটির বৈচিত্র্যময় উৎপাদন ও সেবা খাতের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে, জ্বালানি খাতের কেন্দ্র হিউস্টন ৮১,৮০০ জন মিলিয়নেয়ার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এর ঠিক পরেই রয়েছে ডালাস, যেখানে ৭২,৪০০ জন মিলিয়নেয়ারের বাস। টেক্সাসের এই দুটি শহরের দ্রুত প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের দক্ষিণভাগের অর্থনৈতিক গুরুত্বকে স্পষ্ট করে। তালিকায় সপ্তম থেকে দশম অবস্থানে যথাক্রমে রয়েছে সিয়াটল (৫৩,১০০), বোস্টন (৪৫,০০০), মায়ামি (৩৮,৮০০) এবং অস্টিন (৩২,০০০)। অস্টিন এবং মায়ামির উত্থান বিশেষভাবে লক্ষণীয়। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে এই দুটি শহরে কোটিপতিদের বৃদ্ধির হার ছিল বিস্ময়কর। বিশেষ করে অস্টিন এখন ‘সিলিকন হিলস’ নামে পরিচিতি পাচ্ছে, যা বড় বড় টেক জায়ান্টদের আকর্ষণ করছে। সবশেষে, এই পরিসংখ্যান কেবল শহরের সম্পদই দেখায় না, বরং যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক বিবর্তনকেও তুলে ধরে। একদিকে নিউইয়র্ক ও শিকাগোর মতো শহরগুলো তাদের ঐতিহাসিক স্থায়িত্ব ধরে রেখেছে, অন্যদিকে অস্টিন ও মায়ামির মতো শহরগুলো উদ্ভাবনী প্রযুক্তি এবং ব্যবসাবান্ধব পরিবেশের কারণে ভবিষ্যতের নতুন সম্পদ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। এই ১০টি শহর বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট সম্পদের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে, যা বিশ্ব অর্থনীতিতেও সুদূরপ্রসারী প্রভাব ফেলে।
বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে। একদিকে ইরান দাবি করছে যে তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে, অন্যদিকেযুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ দিয়ে রেখেছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করছে, ফলে উত্তেজনা আরও বাড়ছে। কূটনৈতিক অঙ্গনেও বিভ্রান্তি দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে ইরান সব শর্তে সম্মত হয়েছে, তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে জানায়, তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করবে না। এছাড়া জেডি ভ্যান্স ও জ্যারেড কুশনারের মতো শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ইসলামাবাদে পাঠানো নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসায় পরিস্থিতি আরও অস্পষ্ট হয়ে উঠেছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন সপ্তম সপ্তাহে গড়িয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল, এই অভিযান চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। কিন্তু আধুনিক ড্রোন যুদ্ধ ও দ্রুত পরিবর্তনশীল কৌশলের কারণে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এদিকে কূটনৈতিক সূত্রের বরাতে বলা হচ্ছে, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন ইরানকে একটি নতুন প্রস্তাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় দিচ্ছে বলে দাবি করা হচ্ছে। সাম্প্রতিক ঘোষণায় ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে এবং চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পাকিস্তানের অনুরোধ এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন এমন সময় এসেছে যখন তিনি এর আগেই বোমাবর্ষণ পুনরায় শুরু করাকে একটি সম্ভাব্য “কৌশলগত বিকল্প” হিসেবে উল্লেখ করেছিলেন। ফলে পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থিতিশীল এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে নির্ধারিত হবে ৪৮টি দলের ভাগ্য। এবারই প্রথম রেকর্ডসংখ্যক দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বমঞ্চের লড়াই। ড্র অনুষ্ঠানে মোট চারটি পটে ১২টি করে বল থাকবে, যেখান থেকে পর্যায়ক্রমে দলগুলো ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত মোট ১২টি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। ফিফার নিয়ম অনুযায়ী, স্বাগতিক তিন দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র আগে থেকেই যথাক্রমে ‘এ’, ‘বি’ ও ‘ডি’ গ্রুপে স্থান করে নিয়েছে। ইউরোপীয় দেশগুলো বাদে একই কনফেডারেশনের দুই দল একই গ্রুপে পড়ার সুযোগ নেই, তবে উয়েফার ১৬টি দেশ থাকায় প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারে। বিশ্বকাপের এই নতুন ড্র পদ্ধতিতে বিশেষ সুবিধা পাচ্ছে র্যাংকিংয়ের শীর্ষ চার দল— স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। টেনিস স্টাইল ব্র্যাকেট অনুসরণ করায় এই চার পরাশক্তি যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারে, তবে সেমিফাইনালের আগে তাদের একে অপরের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর ফলে ফুটবল ভক্তরা লিওনেল মেসির আর্জেন্টিনা এবং লামিন ইয়ামালের স্পেনের মধ্যকার দ্বৈরথ দেখার জন্য অন্তত ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। পট-১ এ স্বাগতিকদের পাশাপাশি ব্রাজিল, জার্মানি ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলো থাকলেও পট-২ ও ৩-এ থাকা ক্রোয়েশিয়া, মরক্কো কিংবা উরুগুয়ের মতো দলগুলো যেকোনো বড় শক্তির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে ৪২টি দল মূল পর্ব নিশ্চিত করলেও বাকি ৬টি দল আগামী বছরের প্লে-অফ শেষে চূড়ান্ত হবে। উৎসবের এই আমেজে কিছুটা তপ্ত হয়ে উঠেছে ভূ-রাজনৈতিক ময়দান। ড্র অনুষ্ঠানের আগমুহূর্তে ইরান এই আয়োজন বয়কটের ঘোষণা দিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার দাবি, মার্কিন প্রশাসন তাদের প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার গ্যাঁড়াকলে পড়ে কর্মকর্তাদের ভিসা জটিলতা তৈরি হওয়ায় ইরানের ফুটবল ফেডারেশন ফিফার দ্বারস্থ হয়েছে। যদিও ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে বিশেষ ছাড়ের কথা ছিল, তবুও ড্র অনুষ্ঠানে এই জটিলতা খেলার মাঠে রাজনীতির ছায়া ফেলেছে। এই টানটান উত্তেজনার মধ্যেই ফুটবল বিশ্ব তাকিয়ে আছে ফিফার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর দিকে, যেখানে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নির্ধারিত হবে আগামী বিশ্বকাপের রোমাঞ্চকর পথচলা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে নিখোঁজ হয়েছেন। গত চার দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, যা নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবার ও সহপাঠীদের মধ্যে। জানা গেছে, তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ স্নাতকোত্তর (এমএসসি) পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার এবং সঙ্গে থাকা সহপাঠীর মোবাইল ফোন বন্ধ রয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। নিখোঁজের পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সর্বশেষ তার অবস্থান ক্যাম্পাসের ভেতরে পাওয়া গেলেও এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বিষয়টি মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে জানানো হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, প্রয়োজন হলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-কেও তদন্তে সম্পৃক্ত করা হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী আশপাশের হাসপাতাল, বিমানবন্দর ও আটক কেন্দ্রগুলোতেও খোঁজ নিয়েছে, তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানায়, গত বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে তাদের সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে এবং সহযোগিতা চেয়েছে। এ ঘটনায় সহপাঠী, বন্ধু ও পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বৃষ্টির নিরাপদ ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। বিশেষ করে রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) এবং বিবাহ-ভিত্তিক গ্রিন কার্ড আবেদনের ক্ষেত্রে জালিয়াতি রোধে নজিরবিহীন তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে, প্রায় ২১ হাজার গ্রিন কার্ড মামলার মধ্যে ৬০ শতাংশই ভুয়া বা জালিয়াতির মাধ্যমে করা। এর ফলে বর্তমানে ঝুলে থাকা হাজার হাজার আবেদন পুনর্মূল্যায়ন করা হচ্ছে। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, যারা ইতিমধ্যে গ্রিন কার্ড পেয়েছেন বা আবেদনের প্রক্রিয়ায় আছেন, তাদের নথিপত্রে সামান্যতম অমিল পাওয়া গেলে বা পরিস্থিতির পরিবর্তন হলে কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে। বিশেষ করে ইবি-৩ (EB-3) ভিসা এবং বিবাহের মাধ্যমে যারা গ্রিন কার্ড নিয়েছেন, তাদের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। জালিয়াতি প্রমাণিত হলে গ্রিন কার্ড বাতিলসহ দেশান্তরের ঝুঁকিও রয়েছে। অভিবাসীদের জন্য একটি বড় সতর্কবার্তা হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার। মার্কিন তদন্তকারী সংস্থাগুলো এখন আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপ এবং মন্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে অভিবাসন সুবিধা চিরতরে হারানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নাগরিকত্ব পরীক্ষার ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হচ্ছে। আবেদনকারীদের এখন ১২৮টি প্রশ্নের তালিকা থেকে প্রস্তুতি নিতে হবে এবং অন্তত ২০টির মধ্যে ১২টি সঠিক উত্তর দিতে হবে। একই সাথে ইংরেজি বলা, পড়া এবং লেখার দক্ষতায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, গ্রিন কার্ড নবায়ন বা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের সময় পাসপোর্টে যথাযথ স্ট্যাম্প নিশ্চিত করতে এবং যেকোনো আইনি জটিলতায় সরাসরি সরকারি দপ্তরের সাথে যোগাযোগ করতে। পরিচয় চুরি এবং নিয়োগকর্তাদের মাধ্যমে আর্থিক প্রতারণা থেকে বাঁচতেও অভিবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিশ্বজুড়ে অভিবাসন সংকট কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তা প্রকাশ পেল জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাম্প্রতিক পরিসংখ্যানে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে উন্নত জীবনের আশায় পাড়ি জমানো অন্তত ৭ হাজার ৯০০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন, যাঁদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। আইওএম-এর ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অভিবাসন পথে ৮০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। তবে সংস্থাটি সতর্ক করে দিয়েছে যে, এই সংখ্যাটি কেবল নথিভুক্ত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দুর্গম পথ এবং সমুদ্রে সলিল সমাধির অনেক ঘটনাই অগোচরে থেকে যায় বলে প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক এই সংস্থাটি এই মৃত্যুমিছিল রোধে বিশ্বনেতাদের আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জীবন বাঁচাতে মরিয়া এই মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সামনের দিনগুলোতে বৈশ্বিক অভিবাসন পরিস্থিতি আরও বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।