সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

খাদ্য সহায়তা

বাবার পারকিনসনের ওষুধের খরচ জোগাতে গিয়ে নিজের খাবার বন্ধ করে দিয়েছিলেন নিউইয়র্কের এক তরুণী, পরে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গেলে ধরা পড়ে অনাহারজনিত শারীরিক জটিলতা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
বাবার চিকিৎসার খরচ জোগাতে না খেয়ে থাকতেন নিউ ইয়র্কের তরুণী, শেষ পরিণতি হাসপাতালে

বাবার পারকিনসন রোগের ওষুধের খরচ জোগাতে গিয়ে নিজের খাবার কেনা বন্ধ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক তরুণী। একপর্যায়ে খাবারের অভাবে পেটে ব্যথা নিয়ে তাঁকে হাসপাতালে যেতে হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর শরীরে দীর্ঘ সময় পর্যাপ্ত খাবার না পাওয়ার কারণে সৃষ্ট বিশেষ শারীরিক অবস্থার লক্ষণ শনাক্ত করেন। সম্প্রতি নিউজউইকের এআই হেলথ সামিটে ঘটনাটি তুলে ধরেন নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার ডা. অ্যালিস্টার মার্টিন।   মার্টিন জানান, ওই তরুণীর বয়স বিশের কোঠায়। পেটে ব্যথা নিয়ে জরুরি বিভাগে আসার পর চিকিৎসক হিসেবে তিনি প্রথমে অ্যাপেন্ডিসাইটিস, কিডনিতে পাথর কিংবা পিত্তথলির সমস্যার মতো সম্ভাব্য কারণগুলো বিবেচনা করেছিলেন। কিন্তু পরীক্ষার ফলাফলে দেখা যায়, তরুণীর শরীরে খাবারের অভাবে সৃষ্ট ‘স্টারভেশন কিটোসিস’ নামের একটি অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘ সময় পর্যাপ্ত খাবার না পেলে শরীর শক্তির জন্য চর্বি ভাঙতে শুরু করে এবং এর ফলে রক্তে কিটোনের মাত্রা বেড়ে যেতে পারে। পরে ব্যক্তিগতভাবে কথা বলার সময় তরুণী চিকিৎসককে জানান, তাঁর বৃদ্ধ বাবার সম্প্রতি পারকিনসন রোগ শনাক্ত হয়েছে। বাবার ওষুধের বাড়তি খরচ সামলাতে গিয়ে পরিবারের ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে।   মার্টিনের ভাষ্য অনুযায়ী, পরিবারের নতুন চিকিৎসা ব্যয়ের কারণে তরুণীকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। বাবার ওষুধ কেনার জন্য অর্থ জোগাতে গিয়ে নিজের খাবারের খরচ কমিয়ে দেন তিনি। ফলে একপর্যায়ে না খেয়েই থাকতে শুরু করেন। ঘটনাটি তুলে ধরে মার্টিন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসার ব্যয় কীভাবে মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে, হাসপাতালের জরুরি বিভাগে তার বাস্তব চিত্র দেখা যাচ্ছে। তাঁর মতে, চিকিৎসার খরচের পাশাপাশি খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করতে না পারাও মানুষের অসুস্থতার অন্যতম কারণ হয়ে উঠতে পারে।   এ ধরনের আর্থিক ও সামাজিক সংকট মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে নিউইয়র্ক সিটির স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে খাদ্যসহায়তা কর্মসূচিতে আবেদন করার জটিল প্রক্রিয়া সহজ করতে এআই কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে প্রাথমিক পর্যায়ে কাজ চলছে। যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষদের জন্য পরিচালিত সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপের (SNAP) আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং প্রশাসনিক জটিলতা কমানোর ক্ষেত্রে প্রযুক্তিটি কাজে লাগানোর পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। তবে এ উদ্যোগ এখনো অনুসন্ধান ও প্রাথমিক পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্টিন।   তিনি বলেন, চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি খাদ্যসহায়তার আবেদন পূরণে প্রয়োজনীয় সময় দিতে পারেন না। অন্যদিকে, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলোরও এ ধরনের সহায়তা দেওয়ার সক্ষমতা সীমিত। ফলে যাঁদের সরকারি সহায়তা প্রয়োজন, তাঁদের অনেকেই আবেদন প্রক্রিয়ার জটিলতায় আটকে যান। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত আরবান ইনস্টিটিউটের এক বিশ্লেষণেও বিষয়টি উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, ২০২৪ সালে স্ন্যাপ সুবিধা পাওয়া পরিবারের কর্মক্ষম বয়সী প্রাপ্তবয়স্কদের প্রতি আটজনের একজন সময়মতো যোগ্যতা পুনর্নিশ্চিত করার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় তাঁদের খাদ্যসহায়তা বন্ধ বা সাময়িকভাবে স্থগিত হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। গবেষকদের মতে, প্রশাসনিক জটিলতা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার বাধা নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্যনিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে।   সূত্র: নিউজউইক, আরবান ইনস্টিটিউট।

মোহাম্মদ ইব্রাহিম অক্টোবর ৩১, ২০২৬ ১৪:০ 0
ওয়াশিংটনে খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে সোয়া লাখ মানুষ
ওয়াশিংটনে খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে সোয়া লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে কাজের নতুন শর্ত পূরণ করতে না পারলে প্রায় সোয়া লাখ মানুষের খাদ্য সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। সামাজিক ও স্বাস্থ্যসেবা বিভাগের একজন কর্মকর্তার দেওয়া হিসাবের ভিত্তিতে কিরো ৭ জানিয়েছে, প্রায় ১ লাখ ২৬ হাজার বাসিন্দা এ ঝুঁকিতে পড়তে পারেন। অঙ্গরাজ্যের বাজেট নথিতেও কাজের শর্তের আওতা বৃদ্ধি ও ছাড়ের সুযোগ কমে যাওয়ায় প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের খাদ্য সহায়তা হারানোর সম্ভাবনার কথা বলা হয়েছে।   পরিবর্তনগুলো এসেছে ২০২৫ সালে পাস হওয়া কেন্দ্রীয় আইন এইচআর ১ থেকে। ওয়াশিংটনে স্ন্যাপ খাদ্য সহায়তা ‘বেসিক ফুড’ নামে পরিচালিত হয়। নতুন নিয়মে কাজ করতে সক্ষম ১৮ থেকে ৬৪ বছর বয়সী আরও বেশি মানুষ কাজের শর্তের আওতায় পড়ছেন। আগে এই বিশেষ শর্তের ঊর্ধ্ব বয়সসীমা ছিল ৫৪ বছর। গৃহহীন ব্যক্তি, সাবেক সেনাসদস্য এবং ফস্টার কেয়ার থেকে বেরিয়ে আসা কিছু তরুণের জন্য আগে যে ছাড় ছিল, সেটিও বাদ দেওয়া হয়েছে।   যাঁদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য, তাঁদের সাধারণত মাসে ৮০ ঘণ্টা কাজ, অনুমোদিত প্রশিক্ষণ বা অন্য নির্ধারিত কার্যক্রমে অংশ নিতে হয়। শর্ত পূরণ না করলে ৩৬ মাসের মধ্যে সর্বোচ্চ তিন মাস খাদ্য সহায়তা পাওয়ার সীমা কার্যকর হতে পারে। তবে গর্ভবতী ব্যক্তি, কাজ করতে অক্ষম ব্যক্তি এবং পরিবারের ১৪ বছরের কম বয়সী শিশুর জন্য খাদ্য সহায়তা গ্রহণকারীসহ নির্দিষ্ট শ্রেণির মানুষ ছাড় পেতে পারেন।   ওয়াশিংটনের সামাজিক ও স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, সুবিধাভোগীর পরবর্তী যোগ্যতা যাচাইয়ের সময় তিনি ছাড়ের আওতায় পড়েন কি না, তা পরীক্ষা করা হবে। প্রয়োজন হলে কাজের শর্ত লিখিত ও মৌখিকভাবে জানানো হবে। এই যাচাইয়ের আগেই শুধু নতুন কাজের শর্তের কারণে কারও বেসিক ফুড বন্ধ হবে না। পরিবারের একজন অযোগ্য বিবেচিত হলেও অন্য সদস্যদের সহায়তা চালু থাকতে পারে।   অভিবাসীদের ক্ষেত্রে খাদ্য সহায়তা ও স্বাস্থ্যবিমার নিয়ম আলাদাভাবে বদলেছে। অঙ্গরাজ্যের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ হাজার শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি ও অন্য অভিবাসী আগেই কেন্দ্রীয় স্ন্যাপ থেকে অঙ্গরাজ্যের অর্থায়নে পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচিতে স্থানান্তরিত হয়েছেন। সামাজিক ও স্বাস্থ্যসেবা বিভাগ বলছে, এ পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট সুবিধাভোগীদের নতুন করে আবেদন করতে হয়নি। তবে অঙ্গরাজ্যের খাদ্য সহায়তায় স্থানান্তর হওয়া মানেই সরকারি স্বাস্থ্যবিমাও বহাল থাকবে, এমন নয়।   ১ অক্টোবর থেকে নির্দিষ্ট অভিবাসন মর্যাদার প্রাপ্তবয়স্কদের জন্য ওয়াশিংটনের মেডিকেইড কর্মসূচি ‘অ্যাপল হেলথ’-এর যোগ্যতা সীমিত হয়েছে। অঙ্গরাজ্য সরকারের সর্বশেষ হিসাবে, এতে প্রায় ১১ হাজার মানুষের স্বাস্থ্যবিমা হারানোর আশঙ্কা রয়েছে। তবে আদালতের একটি আদেশে সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম পাওয়া ৮০০ জনের বেশি বাসিন্দার অ্যাপল হেলথ কভারেজ আপাতত সুরক্ষিত রয়েছে।   স্বাস্থ্যবিমার সব পরিবর্তন একসঙ্গে কার্যকর হচ্ছে না। কিং কাউন্টির সরকারি সময়সূচি অনুযায়ী, নির্দিষ্ট প্রাপ্তবয়স্ক অ্যাপল হেলথ সুবিধাভোগীর জন্য কাজের শর্ত ও ছয় মাস অন্তর যোগ্যতা যাচাই শুরু হওয়ার কথা ২০২৭ সালের ১ জানুয়ারি। অনেক চিকিৎসাসেবায় সর্বোচ্চ ৩৫ ডলার পর্যন্ত কো-পে চালুর নির্ধারিত তারিখ ২০২৮ সালের ৮ অক্টোবর। কিরো ৭-এর প্রতিবেদনে কো-পের সময় নিয়ে দেওয়া তথ্য কাউন্টির সরকারি সময়সূচির সঙ্গে মেলে না।    যাঁরা খাদ্য সহায়তা পান, তাঁদের সময়মতো যোগ্যতা যাচাই সম্পন্ন করতে এবং নিজের তথ্য হালনাগাদ রাখতে বলেছে সামাজিক ও স্বাস্থ্যসেবা বিভাগ। বেসিক ফুডের নিয়ম জানতে ৮৭৭-৫০১-২২৩৩ নম্বরে যোগাযোগ করা যায়। কিং কাউন্টিতে স্বাস্থ্যবিমা সংক্রান্ত সহায়তার নম্বর ৮০০-৭৫৬-৫৪৩৭।

নীলুফা নিশাত অক্টোবর ৩, ২০২৬ ১৪:০ 0
অক্টোবরে রাজ্যের ওপর বাড়ছে খরচের চাপ
স্ন্যাপ থেকে প্রায় ৫০ লাখ মানুষ বাদ, অক্টোবরে রাজ্যের ওপর বাড়ছে খরচের চাপ

যুক্তরাষ্ট্রের নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ থেকে ২০২৫ সালের জুলাইয়ে নতুন আইন কার্যকর হওয়ার পর মে ২০২৬ পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ কমে গেছে। সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের হিসাব অনুযায়ী, এই সময়ে স্ন্যাপের সুবিধাভোগীর সংখ্যা প্রায় ১২ শতাংশ কমেছে। একই সময়ে নতুন অর্থায়ন কাঠামো কার্যকর হওয়ার আগে রাজ্যগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।    স্ন্যাপ বা Supplemental Nutrition Assistance Program যুক্তরাষ্ট্রের নিম্নআয়ের মানুষের খাবার কেনার জন্য সবচেয়ে বড় ফেডারেল সহায়তা কর্মসূচি। এটি মূলত ইউএসডিএর অধীন পরিচালিত হলেও রাজ্য সরকারগুলো স্থানীয় পর্যায়ে কর্মসূচিটি বাস্তবায়ন করে। ২০২৫ সালের ৪ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা One Big Beautiful Bill Act-এ স্ন্যাপের যোগ্যতা, কাজের শর্ত এবং অর্থায়নে বড় ধরনের পরিবর্তন আনা হয়।    নতুন আইনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো স্ন্যাপ পরিচালনার প্রশাসনিক ব্যয়ের ভাগ। ইউএসডিএর প্রস্তাব অনুযায়ী, ২০২৭ অর্থবছর থেকে ফেডারেল সরকারের অংশ ৫০ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ হবে। অর্থাৎ রাজ্যগুলোকে প্রশাসনিক ব্যয়ের ৭৫ শতাংশ বহন করতে হবে। এই পরিবর্তন ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। প্রস্তাবিত নিয়ম নিয়ে জনমত দেওয়ার সময়সীমা ৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।    এর পাশাপাশি ভবিষ্যতে স্ন্যাপের মূল খাদ্য সহায়তার খরচের একটি অংশও রাজ্যগুলোর ওপর পড়বে। নতুন আইনে ২০২৮ অর্থবছর থেকে রাজ্যের স্ন্যাপ পেমেন্ট এরর রেট বা সুবিধা নির্ধারণ ও প্রদানে ভুলের হারের ওপর ভিত্তি করে রাজ্যকে খাদ্য সহায়তার ব্যয়ের ৫ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বহন করতে হতে পারে। ভুলের হার কম হলে রাজ্যের অতিরিক্ত অংশ কম বা শূন্য থাকতে পারে।    এদিকে স্ন্যাপ সুবিধাভোগীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে আইনটি কার্যকর হওয়ার পর থেকে মে ২০২৬ পর্যন্ত দেশজুড়ে প্রায় ৫০ লাখ মানুষের স্ন্যাপ অংশগ্রহণ কমেছে। সংস্থাটি জানিয়েছে, আলাস্কা ছাড়া সব অঙ্গরাজ্যেই সুবিধাভোগীর সংখ্যা কমেছে। ৪৬টি অঙ্গরাজ্যে কমার হার ছিল অন্তত ৫ শতাংশ এবং ২৩টি অঙ্গরাজ্যে অন্তত ১০ শতাংশ।    এই পতনের পেছনে নতুন কাজের শর্ত, যোগ্যতার নিয়ম পরিবর্তন এবং আবেদন ও পুনর্নবীকরণ প্রক্রিয়ায় বাড়তি প্রশাসনিক জটিলতার প্রভাব রয়েছে বলে স্ন্যাপ নীতি বিশ্লেষকেরা বলছেন। নতুন আইনে নির্দিষ্ট শ্রেণির কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের জন্য কাজ বা অনুমোদিত কার্যক্রমে অংশ নেওয়ার শর্ত আরও বিস্তৃত করা হয়েছে। ফলে আগে যাদের ওপর এই শর্ত প্রযোজ্য ছিল না, তাদের একটি অংশও নতুন নিয়মের আওতায় আসছে।    স্ন্যাপ থেকে সুবিধা কমে যাওয়ার প্রভাব খাদ্য ব্যাংকগুলোর ওপরও পড়ছে। বিভিন্ন রাজ্যে খাদ্য সহায়তা নিতে মানুষের চাপ বাড়ার খবর পাওয়া যাচ্ছে। তবে খাদ্য সহায়তা সংগঠনগুলোর মতে, খাদ্য ব্যাংকগুলো স্ন্যাপের বিকল্প হিসেবে কাজ করার মতো সক্ষমতা রাখে না। কারণ স্ন্যাপের মাধ্যমে যে পরিমাণ খাদ্য সহায়তা মানুষের কাছে পৌঁছায়, তা স্থানীয় খাদ্য ব্যাংকের সামর্থ্যের তুলনায় অনেক বেশি।   অ্যারিজোনার ক্ষেত্রেও স্ন্যাপ সুবিধাভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের তথ্য তুলে ধরা হয়েছে। রাজ্যটি সুবিধা নির্ধারণের ক্ষেত্রে নথিপত্র যাচাই ও আয় পর্যবেক্ষণের মতো পদক্ষেপ জোরদার করেছে। একই সময়ে খাদ্য ব্যাংকগুলোতে সহায়তা চাওয়া মানুষের চাপ বেড়েছে বলে স্থানীয় খাদ্য সহায়তা সংগঠনগুলো জানিয়েছে।   নিউ মেক্সিকোতেও খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতে মানুষের দীর্ঘ লাইন তৈরি হওয়ার কথা জানিয়েছে স্থানীয় খাদ্য ব্যাংক সংগঠনগুলো। এসব সংগঠনের আশঙ্কা, স্ন্যাপের সুবিধা কমে গেলে অতিরিক্ত চাপ সামলাতে খাদ্য ব্যাংকগুলোর ওপর নির্ভরতা আরও বাড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে এই বাড়তি চাহিদা পূরণ করা তাদের জন্য কঠিন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।   রাজ্য ও জাতীয় পর্যায়ের খাদ্য সহায়তা সংগঠনগুলো কংগ্রেসের কাছে নতুন অর্থায়ন কাঠামো কার্যকর করার সময় পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, রাজ্যগুলোকে নতুন নিয়ম বাস্তবায়ন, ভুলের হার কমানো এবং স্ন্যাপ ব্যবস্থাপনা শক্তিশালী করার জন্য আরও সময় দেওয়া প্রয়োজন। এ নিয়ে কংগ্রেসে পরিবর্তনের প্রস্তাবও উঠেছে, তবে নতুন অর্থায়ন কাঠামো পুরোপুরি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি।   অন্যদিকে ফেডারেল সরকার স্ন্যাপের নতুন নিয়মের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো, কর্মসূচির অপচয় ও ভুল কমানো এবং রাজ্যগুলোর দায়িত্ব বাড়ানোর ওপর জোর দিচ্ছে। ইউএসডিএ জানিয়েছে, ২০২৫ সালের নতুন আইনের বিভিন্ন বিধান ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ফলে আগামী মাসগুলোতে স্ন্যাপের যোগ্যতা, কাজের শর্ত এবং রাজ্যগুলোর আর্থিক দায় নিয়ে আরও পরিবর্তন সামনে আসতে পারে।

নীলুফা নিশাত সেপ্টেম্বর ১২, ২০২৬ ১৪:০ 0
নিউইয়র্কে যোগ্য স্কুলপড়ুয়া শিশুদের জন্য ১২০ ডলারের সামার ইবিটি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে যোগ্য শিশুদের জন্য ১২০ ডলারের খাদ্য সহায়তা, আবেদন শেষ ৮ সেপ্টেম্বর

নিউইয়র্কে নিম্নআয়ের পরিবারের যোগ্য স্কুলপড়ুয়া শিশুদের জন্য ২০২৬ সালের গ্রীষ্মকালীন খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় প্রতি শিশুর জন্য এককালীন ১২০ ডলারের সুবিধা দেওয়া হচ্ছে। যেসব পরিবারকে আবেদন করতে হবে, তাদের ৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।   এই সহায়তা নগদ টাকা নয়। ইলেকট্রনিক সুবিধা স্থানান্তর বা ইবিটি কার্ডের মাধ্যমে খাবার কেনার জন্য অর্থ দেওয়া হবে। অনুমোদিত খাবারের দোকান ও অন্যান্য নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে যোগ্য খাদ্যসামগ্রী কেনায় এই সুবিধা ব্যবহার করা যাবে।   নিউইয়র্ক স্টেটের তথ্য অনুযায়ী, জাতীয় স্কুল মধ্যাহ্নভোজ কর্মসূচিতে অংশ নেওয়া স্কুলের যোগ্য শিক্ষার্থীরা এই সুবিধা পেতে পারে। পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকলে এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করলে শিশুরা সুবিধাটি পাওয়ার সুযোগ রয়েছে। তবে সবার জন্য আলাদা করে আবেদন করতে হবে না। যারা ইতোমধ্যে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি, নগদ সহায়তা বা মেডিকেইডের মতো নির্দিষ্ট সরকারি সুবিধা পাচ্ছে, কিংবা স্কুলের মাধ্যমে বিনামূল্যে বা কম দামের খাবারের জন্য যোগ্য হিসেবে তালিকাভুক্ত, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পেয়ে যায়।   যেসব পরিবারকে আবেদন করতে হবে, তারা একটি আবেদনেই পরিবারের যোগ্য সব শিশুর তথ্য দিতে পারবে। আবেদন করার আগে শিশুটি স্বয়ংক্রিয়ভাবে সুবিধার জন্য তালিকাভুক্ত হয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।   ২০২৬ সালের জন্য আবেদনের শেষ সময় ৮ সেপ্টেম্বর। এই সময়ের পর করা আবেদন ২০২৬ সালের পরিবর্তে ২০২৭ সালের কর্মসূচির জন্য বিবেচিত হবে। তাই যোগ্য পরিবারগুলোকে শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত আবেদন বা যোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।   বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্য মনে রাখা জরুরি, ১২০ ডলারের এই সুবিধা সব শিশুর জন্য নয় এবং এটি নগদ অর্থও নয়। নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী শিশুদের খাবার কেনার জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে।

মোহাম্মদ ইব্রাহিম সেপ্টেম্বর ২, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গরিবদের খাদ্য সহায়তায় ট্রাম্পের শর্ত আরোপ স্থগিত করলেন আদালত

যুক্তরাষ্ট্রে দরিদ্র নাগরিকদের জন্য বরাদ্দ ‘ফুড স্ট্যাম্প’ কর্মসূচির ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শর্ত আরোপের চেষ্টা স্থগিত করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। গত শুক্রবার ২০টি ডেমোক্রেটিক শাসিত অঙ্গরাজ্যের পক্ষে রায় দিয়ে আদালত এই স্থগিতাদেশ জারি করেন। সোমবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   বোস্টনের ইউএস ডিস্ট্রিক্ট বিচারক মিয়ং জৌন ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের বিরুদ্ধে একটি প্রাথমিক নিষেধাজ্ঞা মঞ্জুর করেছেন। ট্রাম্প প্রশাসন ফুড স্ট্যাম্প কর্মসূচির শত শত কোটি ডলারের তহবিল পাওয়ার ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলোর ওপর ‘লিঙ্গাদর্শন’, ‘অভিবাসন’ এবং ‘নারীদের খেলাধুলায় ন্যায্য সুযোগ’ সংক্রান্ত কিছু বিতর্কিত শর্ত জুড়ে দিতে চেয়েছিল।   মামলাকারী অঙ্গরাজ্যগুলো আদালতে যুক্তি দেয় যে, যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় কংগ্রেসের তৈরি করা মূল কর্মসূচির মাঝে অবৈজ্ঞানিক ও বেআইনি প্রতিবন্ধকতা তৈরি করছে। এর ফলে দেশের সাধারণ মানুষের জন্য জরুরি পুষ্টি সহায়তা, গুরুত্বপূর্ণ কৃষি গবেষণা এবং জাতীয় খাদ্য শৃঙ্খলের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।   অন্যদিকে সরকারের পক্ষে আইনজীবীরা এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে জানান, নতুন শর্তগুলো করদাতাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং সরকারি তহবিলের ওপর তদারকি বাড়াতে সাহায্য করত। তবে বিচারক ট্রাম্প প্রশাসনের এই যুক্তি নাকচ করে দিয়ে আপাতত তাদের এই উদ্যোগ স্থগিত করার নির্দেশ দেন।   ফুড স্ট্যাম্প হলো যুক্তরাষ্ট্রের একটি প্রধান সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে দেশটির প্রায় ৩ কোটি ৯০ লাখ দরিদ্র মানুষ মুদি কেনাকাটার জন্য সরকারি আর্থিক সহায়তা পেয়ে থাকে। তবে কৃষি মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যানুযায়ী, গত বছর রিপাবলিকানদের পাস করা একটি ব্যয় সংকোচন বিলের নতুন শর্তের কারণে এরই মধ্যে ৪৩ লাখেরও বেশি মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

তাবাস্সুম জুন ৭, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজ বাধ্যতামূলক, ফুড স্ট্যাম্প হারানোর ঝুঁকিতে হাজারো মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষের জন্য চালু থাকা খাদ্য সহায়তা কর্মসূচিতে নতুন নিয়ম কার্যকর হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ফেডারেল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজ করতে হবে। অন্যথায় তারা খাদ্য সহায়তার সুবিধা হারাতে পারেন।   নতুন এই নিয়ম ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নিউইয়র্কসহ বড় শহরগুলোতে অনেক মানুষ এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শুধু নিউইয়র্ক শহরেই প্রায় ৪০ হাজার মানুষ খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে আছেন।   খাদ্য সহায়তা কর্মসূচি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিম্নআয়ের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। বাজারের উচ্চ মূল্য, বাড়িভাড়া ও চিকিৎসা ব্যয়ের চাপ সামাল দিতে লাখো মানুষ এই সহায়তার ওপর নির্ভরশীল। তবে নতুন নিয়মে বলা হয়েছে, নির্ভরশীল সন্তান ছাড়া কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের নিয়মিত চাকরি, প্রশিক্ষণ অথবা অনুমোদিত স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিতে হবে।   সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মানুষকে কর্মসংস্থানে উৎসাহিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে সামাজিক সংগঠন ও অধিকারকর্মীদের অভিযোগ, বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই কঠোর শর্ত আরোপ করা হয়েছে। তাদের মতে, যারা অনিয়মিত কাজ করেন বা স্থায়ী চাকরি খুঁজে পাচ্ছেন না, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।   নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নতুন নীতির সমালোচনা করে বলেন, “মানুষকে কাজের সুযোগ না দিয়ে খাদ্য সহায়তায় কড়াকড়ি বাড়ালে ক্ষুধা ও দুর্ভোগই বাড়বে।” তিনি আরও বলেন, অনেক মানুষ আগে থেকেই কাজ করছেন, কিন্তু বর্তমান জীবনযাত্রার ব্যয় এত বেশি যে শুধুমাত্র উপার্জনের ওপর নির্ভর করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।   সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, খাদ্য সহায়তা পাওয়া অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে আয়মূলক কাজে যুক্ত কিন্তু খণ্ডকালীন চাকরি, কম মজুরি এবং উচ্চ ব্যয়ের কারণে তারা এখনো সরকারি সহায়তার প্রয়োজন অনুভব করেন।   নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অনেক মানুষ তাদের যোগ্যতা প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন সামাজিক সেবা বিভাগ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠন এখন মানুষকে সহায়তা করার চেষ্টা করছে। ফোন কল, সচেতনতামূলক প্রচার এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে মানুষকে নতুন নিয়ম সম্পর্কে জানানো হচ্ছে।   বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে খাদ্য সহায়তা কমে গেলে নিম্নআয়ের পরিবারগুলোর সংকট আরও বাড়তে পারে। বিশেষ করে অভিবাসী পরিবার, গৃহহীন ব্যক্তি এবং অস্থায়ী কর্মসংস্থানের ওপর নির্ভরশীল মানুষেরা সবচেয়ে বেশি চাপে পড়বেন।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন কর্মক্ষম মানুষকে কাজের আওতায় আনার উদ্যোগ ইতিবাচক হতে পারে। আবার অনেকে বলছেন, পর্যাপ্ত চাকরির সুযোগ ও ন্যায্য মজুরি নিশ্চিত না করে এমন কঠোর নিয়ম সাধারণ মানুষের জন্য নতুন সংকট তৈরি করবে।

Unknown জুন ১, ২০২৬ ১৪:০ 0
এসএনএপি জালিয়াতি দমনে যুক্তরাষ্ট্রে অভিযান জোরদার করেছে ফেডারেল কর্তৃপক্ষ | ছবি: এআই, আমেরিকা বাংলা
বিলাসবহুল গাড়ির মালিকদের কাছেও ফুড স্ট্যাম্প, যুক্তরাষ্ট্রে অভিযানে গ্রেপ্তার ১,০ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপি বা “ফুড স্ট্যাম্প” নিয়ে বড় ধরনের জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। অপব্যবহার ও প্রতারণা ঠেকাতে দেশজুড়ে অভিযান চালাচ্ছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার।   কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত ১ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, কিছু ব্যক্তি আর্থিকভাবে স্বচ্ছল হওয়া সত্ত্বেও ভুল তথ্য ব্যবহার করে সরকারি খাদ্য সহায়তা নিচ্ছেন।   যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স জানান, কয়েকটি অঙ্গরাজ্যে এমন ব্যক্তিদের খুঁজে পাওয়া গেছে, যাদের কাছে ফেরারি, বেন্টলি ও ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি রয়েছে, অথচ তারা ফুড স্ট্যাম্প সুবিধাও গ্রহণ করছেন।   তিনি আরও বলেন, তদন্তে প্রায় ৫ লাখ ব্যক্তির বিরুদ্ধে একাধিক সুবিধা অবৈধভাবে নেওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া প্রায় ২ লাখ ৪৪ হাজার মৃত ব্যক্তির নামেও খাদ্য সহায়তা নেওয়ার অভিযোগ উঠেছে।   এসএনএপি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খাদ্য সহায়তা কর্মসূচিগুলোর একটি, যা নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হয়। তবে দীর্ঘদিন ধরেই এই কর্মসূচিতে জালিয়াতি ও অপব্যবহার নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে।   নতুন পদক্ষেপের অংশ হিসেবে ফুড স্ট্যাম্প গ্রহণকারী দোকানগুলোর জন্যও নতুন নিয়ম আনা হচ্ছে। এখন থেকে দোকানগুলোতে প্রোটিন, শস্য, দুগ্ধজাত পণ্য, ফল ও সবজি মিলিয়ে অন্তত সাত ধরনের খাদ্যপণ্য রাখা বাধ্যতামূলক হবে।   কৃষি বিভাগ জানিয়েছে, স্বাস্থ্যকর খাবারের প্রাপ্যতা বাড়ানো এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরতা কমাতেই এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়ম ২০২৬ সালের শরৎ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

Unknown মে ৭, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

Top week

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০