- প্রচ্ছদ
- Topic
বাড়ির মালিক
নিউইয়র্ক সিটিতে বাড়ির বেজমেন্ট ভাড়া দিয়ে আয় করছেন অনেক বাড়ির মালিক। তবে প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তার শর্ত পূরণ না করে বেজমেন্টকে বসবাসের উপযোগী অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়া দিলে বড় ধরনের আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন তাঁরা। অবৈধভাবে ভবন রূপান্তরের অভিযোগে নির্দিষ্ট ক্ষেত্রে প্রতিদিন ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে, যার দৈনিক জরিমানার সর্বোচ্চ সীমা ৪৫ হাজার ডলার। এ ছাড়া ভায়োলেশন, বাসিন্দাদের জায়গা ছাড়ার নির্দেশ এবং তাঁদের অস্থায়ী আবাসনের খরচও বাড়ির মালিকের ওপর পড়তে পারে। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের (ডিওবি) নিয়ম অনুযায়ী, এই দৈনিক জরিমানা সব ধরনের ভায়োলেশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অবৈধভাবে ভবনের ভেতরে নতুন বসবাসের জায়গা তৈরি বা অনুমোদন ছাড়া অ্যাপার্টমেন্টে রূপান্তরের অভিযোগে জারি করা নির্দিষ্ট সামনসের ক্ষেত্রে প্রতিদিন ১ হাজার ডলার করে জরিমানা যোগ হতে পারে। ভায়োলেশন সংশোধনের প্রমাণ জমা দিয়ে তা আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি না করা পর্যন্ত এই জরিমানা বাড়তে পারে। সর্বোচ্চ দৈনিক জরিমানার সীমা ৪৫ হাজার ডলার। নির্ধারিত শুনানিতে হাজির না হলে ভায়োলেশনের ধরন অনুযায়ী অতিরিক্ত ২৫ হাজার ডলার পর্যন্ত ডিফল্ট জরিমানাও হতে পারে। বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্ক সিটিতে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। নিউইয়র্ক সিটির হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ (এইচপিডি) জানিয়েছে, কোনো বেজমেন্ট বা সেলার ভাড়া দিতে হলে পর্যাপ্ত আলো-বাতাস, স্যানিটেশন, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অনুমোদন থাকতে হবে। বিশেষ করে এক পরিবারের বাড়ির বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ঘরের নির্দিষ্ট আয়তন, কমপক্ষে ৭ ফুট সিলিং উচ্চতা এবং প্রতিটি কক্ষে জানালা থাকার মতো শর্ত রয়েছে। অন্যদিকে, এক ও দুই পরিবারের বাড়ির সেলার বসবাসের জন্য বৈধভাবে ভাড়া দেওয়া যায় না। দুই পরিবারের বাড়িতে বেজমেন্ট ভাড়া দিলে ভবনটি তিন বা তার বেশি পরিবারের আবাসনে পরিণত হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। কোনো বেজমেন্টে অবৈধ বসবাসের অভিযোগ পেলে এইচপিডি ও ডিওবি পরিদর্শন করতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভায়োলেশন দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য ভ্যাকেট অর্ডারও জারি হতে পারে। সে ক্ষেত্রে বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারে সিটি কর্তৃপক্ষ। তাঁদের স্থানান্তর ও আবাসনের জন্য সরকারি সংস্থার যে খরচ হয়, তা বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হতে পারে। এই খরচ পরিশোধ না করলে সম্পত্তির ওপর লিয়েনও বসতে পারে। নিউইয়র্ক সিটির কম্পট্রোলারের ২০২৫ সালের এক অডিটে দেখা গেছে, এক ও দুই পরিবারের বাড়ির ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অধিকাংশ এনফোর্সমেন্ট কার্যক্রমই অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। অর্থাৎ, বাড়ির কোনো অবৈধ নির্মাণ বা ব্যবহারের বিষয়ে ৩১১-তে অভিযোগ জমা পড়লে তা কর্তৃপক্ষের পরিদর্শন ও তদন্তের কারণ হতে পারে। তাই বেজমেন্ট ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিকদের নিজেদের সম্পত্তির সার্টিফিকেট অব অকুপেন্সি, ডিওবির অনুমোদন এবং প্রয়োজনীয় পারমিট যাচাই করা জরুরি। শুধু বেজমেন্টে আলাদা প্রবেশপথ, রান্নাঘর ও বাথরুম থাকলেই সেটি বৈধ অ্যাপার্টমেন্ট হয়ে যায় না। দ্রষ্টব্য: জরিমানার পরিমাণ ভায়োলেশনের ধরন ও পরিস্থিতির ওপর নির্ভর করে। সব বেজমেন্ট ভাড়া অবৈধ নয়। নিয়ম মেনে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া থাকলে বেজমেন্ট ভাড়া দেওয়া বৈধ হতে পারে। সংবাদসূত্র: নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস
ফ্লোরিডায় বসবাসকারী বাড়ির মালিকদের সম্পত্তিকরের বোঝা লাঘব করতে একটি বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। সম্প্রতি রাজ্যের ভোটারদের অনুমোদনে পাস হওয়া 'অ্যামেন্ডমেন্ট ৩' সাংবিধানিক সংশোধনীর কারণে ২০২৭ সাল থেকে যোগ্য বাড়ির মালিকদের জন্য 'হোমস্টেড এক্সেম্পশন' বা প্রধান বাসস্থানের ওপর সম্পত্তিকর ছাড়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। নতুন এই নিয়ম অনুযায়ী, ২০২৭ সালে নন-স্কুল সম্পত্তিকরের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ডলার এবং ২০২৮ সাল থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বাড়ির মূল্য করছাড়ের আওতায় আসবে। তবে এই বিপুল আর্থিক সুবিধা উপভোগ করতে হলে ওই বাড়িটিকে অবশ্যই মালিকের প্রধান বাসস্থান হিসেবে স্বীকৃত হতে হবে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন সাংবিধানিক সংশোধনী কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে নতুন এই বিধান অনুযায়ী, সম্পত্তিকরের এই অতিরিক্ত ছাড় স্কুল-সংক্রান্ত সম্পত্তিকরের (School-related property taxes) ক্ষেত্রে প্রযোজ্য হবে না; অর্থাৎ স্কুল ডিস্ট্রিক্টের কর আগের নিয়মেই হিসাব করা হবে। নতুন নিয়মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবাসিক যোগ্যতা অর্জন। যারা এই তারিখের মধ্যে ফ্লোরিডার স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি পাবেন, তারা পরবর্তীতে যোগ্য বাড়ির মালিক হয়ে আবেদন করলে বর্ধিত এই ছাড়ের সুবিধা পাবেন। তবে যারা ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পরে স্থায়ী বাসিন্দা হবেন, তারা প্রাথমিকভাবে বিদ্যমান ছাড়ের আওতায় থাকবেন এবং হোমস্টেড এক্সেম্পশন পাওয়ার পঞ্চম বছর থেকে তাদের ক্ষেত্রে বর্ধিত ছাড় কার্যকর হবে। এই ছাড়ের হিসাবটি একটু ভালোভাবে বোঝা জরুরি। উদাহরণস্বরূপ, যদি কোনো বাড়ির নির্ধারিত মূল্য ৪ লাখ ডলার হয়, তবে ২০২৭ সালে ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় প্রয়োগের পর নন-স্কুল সম্পত্তিকরের জন্য ওই বাড়ির করযোগ্য মূল্য দাঁড়াবে ২ লাখ ৫০ হাজার ডলার। তবে এর অর্থ এই নয় যে, মালিক সরাসরি ১ লাখ ৫০ হাজার ডলার নগদ কর সাশ্রয় করবেন; বরং প্রকৃত সাশ্রয়ের পরিমাণ নির্ভর করবে ওই এলাকার নির্দিষ্ট সম্পত্তিকরের হারের (Property tax rate) ওপর। এই সুবিধা পেতে হলে প্রতি বছরের ১ জানুয়ারি তারিখে বাড়িটির মালিকানা থাকতে হবে এবং সেটিকে প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করতে হবে। হোমস্টেড এক্সেম্পশনের আবেদনের শেষ তারিখ সাধারণত ১ মার্চ। ফ্লোরিডায় বাড়ি কেনার পরিকল্পনা করছেন এমন প্রবাসী বাংলাদেশিদের জন্য এই নতুন নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ট্যাম্পা এবং এর আশপাশের এলাকায় বাড়ি কেনার কথা ভাবছেন, তারা পেশাদার রিয়েল এস্টেট পরামর্শকের সহযোগিতা নিতে পারেন। তবে যেকোনো বাড়ি কেনার আগে এবং করছাড়ের আবেদন করার সময় সংশ্লিষ্ট কাউন্টির সম্পত্তি মূল্যায়ন কর্মকর্তার (Property Appraiser) কার্যালয় থেকে যোগ্যতা ও আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বাড়ির মালিকদের জন্য সম্পত্তি করের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তির উদ্যোগ নিয়েছে অঙ্গরাজ্য সরকার। ২০২৬ সালের ‘হোমওনার ট্যাক্স রিলিফ গ্র্যান্ট’ কর্মসূচির আওতায় যোগ্য বাড়ির মালিকদের বাড়ির কর নির্ধারণের মূল্য থেকে ১৮ হাজার ডলার কমানো হবে। এর ফলে তাঁদের বার্ষিক সম্পত্তি করের পরিমাণ কমবে। ২ নভেম্বর সোমবার জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প ঘোষণা করেছেন, চলতি সপ্তাহ থেকেই অঙ্গরাজ্যের রাজস্ব বিভাগ স্থানীয় সরকারগুলোর কাছে এই কর-ছাড় কর্মসূচির অর্থ বিতরণ শুরু করবে। গভর্নর ও জর্জিয়া অঙ্গরাজ্যের আইনসভা ২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের মাধ্যমে এই উদ্যোগ অনুমোদন করেছে। তবে ১৮ হাজার ডলার সরাসরি নগদ অর্থ বা কর মওকুফ নয়। এটি বাড়ির কর নির্ধারণের মূল্য থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ, বাড়ির যে মূল্য ধরে সম্পত্তি কর হিসাব করা হয়, সেখান থেকে ১৮ হাজার ডলার কমিয়ে কর নির্ধারণ করা হবে। ফলে স্থানীয় করের হার অনুযায়ী বাড়ির মালিকদের প্রকৃত কর সাশ্রয়ের পরিমাণ ভিন্ন হতে পারে। এই সুবিধা পেতে বাড়িটি অবশ্যই যোগ্য ব্যক্তির নিজস্ব বসবাসের প্রধান বাড়ি হতে হবে এবং বাড়ির মালিকের অনুমোদিত হোমস্টেড অব্যাহতি থাকতে হবে। যাঁদের ইতিমধ্যে যোগ্য হোমস্টেড অব্যাহতি রয়েছে, তাঁদের এই অনুদানের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ সরাসরি বাড়ির মালিকদের হাতে চেক বা ব্যাংক জমার মাধ্যমে দেওয়া হবে না। বরং সম্পত্তি করের বিলে কর-ছাড় হিসেবে তা সমন্বয় করা হবে। ইতিমধ্যে যাঁদের করের বিল ইস্যু হয়েছে, তাঁদের কেউ কেউ এই সুবিধা দেখতে পারেন। অন্যরা স্থানীয় সরকার থেকে করের বিল পাওয়ার পর সুবিধাটি দেখতে পাবেন। জর্জিয়ার যেসব বাড়ির মালিক তাঁদের যোগ্যতা কিংবা করের বিলে এই ছাড়ের হিসাব সম্পর্কে জানতে চান, তাঁরা নিজ নিজ কাউন্টির কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।
নিউজার্সিতে বসবাসকারী বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের জন্য গুরুত্বপূর্ণ সময়সীমা আজ সোমবার, ২ নভেম্বর। অঙ্গরাজ্যের সম্পত্তি করের চাপ কমাতে চালু থাকা তিনটি কর্মসূচিতে যোগ্য বাসিন্দাদের আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ। কর্মসূচিগুলো হলো—অ্যাঙ্কর, সিনিয়র ফ্রিজ এবং স্টে এনজে। এসব কর্মসূচির মাধ্যমে বাড়ির মালিক, ভাড়াটিয়া, প্রবীণ নাগরিক এবং নির্দিষ্ট শারীরিক প্রতিবন্ধিতাসম্পন্ন বাসিন্দারা আর্থিক সুবিধা পেতে পারেন। নিউজার্সি অঙ্গরাজ্যের অর্থ বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের জন্য নির্ধারিত সুবিধা পেতে যোগ্য বাসিন্দাদের ২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় আবেদন সম্পন্ন করতে হবে।অ্যাঙ্কর কর্মসূচিতে যোগ্য বাড়ির মালিকদের আয় অনুযায়ী ১ হাজার থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে যোগ্য ভাড়াটিয়ারা ৪৫০ ডলার পেতে পারেন। ৬৫ বছর বা তার বেশি বয়সী যোগ্য ভাড়াটিয়াদের জন্য অতিরিক্ত ২৫০ ডলারের সুবিধাও রয়েছে।প্রবীণ বাড়ির মালিকদের ক্ষেত্রে অ্যাঙ্করের পাশাপাশি সিনিয়র ফ্রিজ ও স্টে এনজে কর্মসূচির সুবিধাও প্রযোজ্য হতে পারে। স্টে এনজে কর্মসূচিতে যোগ্য প্রবীণ বাড়ির মালিকদের সম্পত্তি করের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এর জন্য নির্দিষ্ট আয়সীমা ও সর্বোচ্চ সুবিধার শর্ত রয়েছে।তিনটি কর্মসূচির সুবিধা একসঙ্গে যোগ করে সম্ভাব্য অর্থ নির্ধারণ করা যাবে না। প্রতিটি কর্মসূচির যোগ্যতা ও হিসাব আলাদাভাবে বিবেচনা করা হয়।৬৫ বছর বা তার বেশি বয়সী বাড়ির মালিক এবং নির্দিষ্ট সামাজিক নিরাপত্তা প্রতিবন্ধিতা ভাতা গ্রহণকারী যোগ্য ব্যক্তিদের পিএএস-১ নামের সম্মিলিত আবেদনপত্র জমা দিতে হবে। এই একটি আবেদনেই অ্যাঙ্কর, সিনিয়র ফ্রিজ ও স্টে এনজে কর্মসূচির জন্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে।অন্যদিকে ৬৫ বছরের কম বয়সী এবং সামাজিক নিরাপত্তা প্রতিবন্ধিতা ভাতা গ্রহণ করেন না—এমন যোগ্য বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের জন্য অ্যাঙ্করের আবেদনপত্র আলাদা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অধিকাংশ যোগ্য ভাড়াটিয়া এবং ৬৫ বছরের কম বয়সী বাড়ির মালিকের আবেদন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আগেই স্বয়ংক্রিয়ভাবে জমা দিয়েছে। তাঁদের কাছে পাঠানো সুবিধা নিশ্চিতকরণ চিঠি যাচাই করা প্রয়োজন।অ্যাঙ্কর কর্মসূচির অর্থ প্রদান শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থ পৌঁছানোর কথা। সিনিয়র ফ্রিজ কর্মসূচির অর্থ প্রদানও শুরু হয়েছে। অন্যদিকে স্টে এনজের ২০২৭ সালের ফেব্রুয়ারি ও মে মাসের কিস্তির অনুমোদন রয়েছে। পরবর্তী আগস্ট ও নভেম্বরের কিস্তি পরবর্তী অর্থবছরের বাজেট অনুমোদনের ওপর নির্ভরশীল।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকার বাড়ির মালিকদের মাসিক হোমওনার্স অ্যাসোসিয়েশন বা এইচওএ ফি বাড়িয়ে ২ হাজার ৫০০ ডলার করা হয়েছে। মাত্র পাঁচ বছর আগে একই এলাকায় এই ফি ছিল মাসে ১৫৮ ডলার। অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির কারণে অনেক বাসিন্দা নিজেদের বাড়ি হারানোর আশঙ্কা করছেন। কেউ কেউ দেউলিয়া হয়ে যাওয়া কিংবা বাধ্য হয়ে বাড়ি বিক্রির পরিস্থিতির মুখে পড়তে পারেন বলে জানিয়েছেন। গত ৩১ অক্টোবর নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনার ক্যাটাওবা কাউন্টির শেরিলস ফোর্ড এলাকায় অবস্থিত ম্যাগনোলিয়া কোভ আবাসিক কমিউনিটিতে। এখানে প্রায় ৮০টি বাড়ি রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএসওসি-টিভির তথ্য অনুযায়ী, গত সোমবার কমিউনিটির এইচওএ বোর্ড মাসিক ফি ১ হাজার ২৫০ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ ডলার করার সিদ্ধান্ত নেয়। প্রথমে মাসিক ফি ৭ হাজার ৫০০ ডলার করার প্রস্তাব উঠেছিল। তবে শেষ পর্যন্ত ২ হাজার ৫০০ ডলার নির্ধারণ করা হয়। এর ফলে বাড়ির মালিকদের বছরে শুধু এইচওএ ফি বাবদ ৩০ হাজার ডলার দিতে হবে। এই বিপুল অর্থের বাইরে রয়েছে বাড়ির মর্টগেজ, প্রপার্টি ট্যাক্স, হোম ইন্স্যুরেন্স এবং অন্যান্য নিয়মিত খরচ। ফলে যারা অবসরকালীন আয় কিংবা নির্দিষ্ট মাসিক বেতনের ওপর নির্ভরশীল, তাঁদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, বাড়ি কেনার সময় তাঁরা কখনো ভাবেননি, এইচওএ ফি এত বেশি হবে। এখন বাড়ির মালিক হয়েও সেখানে বসবাস চালিয়ে যাওয়া তাঁদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যাগনোলিয়া কোভের বাসিন্দা জিল মেনসন ও তাঁর স্বামী এই আবাসিক এলাকায় বাড়ি কিনেছিলেন জীবনের বাকি সময় সেখানে কাটানোর পরিকল্পনা নিয়ে। পাঁচ বছর আগে তাঁদের মাসিক এইচওএ ফি ছিল মাত্র ১৫৮ ডলার। এরপর কয়েক দফায় ফি বাড়তে থাকে। চলতি বছরের গ্রীষ্মে তা ১ হাজার ২০০ ডলারের বেশি হয়ে যায়। একই সঙ্গে অতিরিক্ত ১০ হাজার ডলারের বিশেষ ফিও আরোপ করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে মাসিক ফি ২ হাজার ৫০০ ডলারে পৌঁছেছে। জিল মেনসন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এত বেশি ফি দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হবে না। বাড়ি বিক্রি করার কথাও ভাবছেন, কিন্তু উচ্চ এইচওএ ফির কারণে নতুন ক্রেতা পাওয়া কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বাড়িতে থাকা কঠিন, আবার বাড়ি বিক্রি করেও পর্যাপ্ত অর্থ পাওয়া যাবে কি না, তা অনিশ্চিত। আরেক বাসিন্দা ডায়ানা ব্রোকাও এইচওএ ফি বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বাড়ির মালিকদের মতামত যথাযথভাবে বিবেচনা না করেই বিপুল অঙ্কের অর্থ পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্য একজন বাসিন্দা জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তাঁদের আশঙ্কা, ফি পরিশোধ করতে না পারলে বাড়ির ওপর আইনি দাবি বা লিয়েন আরোপ করা হতে পারে। পরিস্থিতি আরও জটিল হলে ফোরক্লোজারের ঝুঁকিও তৈরি হতে পারে। তবে এইচওএ কর্তৃপক্ষ ফি বৃদ্ধির পেছনে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। সংস্থাটির বক্তব্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে বাসিন্দাদের একটি অংশ নিয়মিত ফি পরিশোধ করেননি। একই সঙ্গে ২০২৪ সালে ২০ জনের বেশি বাড়ির মালিক এইচওএ এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলাগুলো পরিচালনা করতে বিপুল অর্থ ব্যয় হয়েছে। বর্তমানে আইনি ব্যয়ই সংস্থাটির বাজেটের সবচেয়ে বড় খাত হয়ে দাঁড়িয়েছে। এইচওএর দাবি, বাড়ির মালিকদের করা মামলাগুলোর কয়েকটি তাঁরা নিজেরাই প্রত্যাহার করেছেন এবং অন্যগুলো আদালত খারিজ করেছেন। পরে মানহানিসংক্রান্ত পাল্টা মামলায় কয়েকজন বাড়ির মালিকের বিরুদ্ধে জুরি বোর্ড ক্ষতিপূরণের সিদ্ধান্ত দিয়েছে। সংস্থাটির বক্তব্য, এসব মামলা পরিচালনার ব্যয় এবং দীর্ঘদিনের বকেয়া ফি মিলিয়ে বর্তমান আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে যারা নিয়মিত ফি দিচ্ছেন, তাঁদের ওপর বাড়তি খরচের চাপ পড়ছে। ম্যাগনোলিয়া কোভ এইচওএ আরও জানিয়েছে, এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। বাড়ির মালিকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ব্যক্তিগত মুনাফার জন্য ব্যবহার করা হয় না। সংস্থার পরিচালনা, আইনি ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতেই এই অর্থ ব্যবহার করা হচ্ছে। বকেয়া অর্থ আদায় এবং আইনি ব্যয় কমে এলে ভবিষ্যতে মাসিক ফি কমানোর সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছে বোর্ড। তবে বাসিন্দাদের একটি অংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাঁদের অভিযোগ, আবাসিক এলাকার ডেভেলপার অ্যারন গেস এখনো অধিকাংশ বাড়ির মালিকানা ধরে রেখেছেন এবং এইচওএ বোর্ড নিয়ন্ত্রণ করছেন। তাঁদের দাবি, বাড়ি কেনার সময় সুইমিং পুল, লন পরিচর্যা এবং মেইলবক্সসহ কয়েকটি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু সেসব সুবিধার সবকিছু বাস্তবায়িত হয়নি। এই নিয়ে আগেও স্থানীয় সংবাদমাধ্যমে অভিযোগ করেছিলেন বাসিন্দারা। অন্যদিকে এইচওএ বোর্ডের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন এলাকার কয়েকজন বাসিন্দা। তাঁদের মতে, মামলার কারণে যে আর্থিক ব্যয় তৈরি হয়েছে, তা শেষ পর্যন্ত কমিউনিটিকেই বহন করতে হচ্ছে। বাসিন্দা পেইজ জনসন বলেন, যাঁরা মামলা করেছিলেন, তাঁরা সেই আইনি লড়াইয়ে সফল হননি। এখন মামলার ব্যয় নিয়ে অন্যদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। ফলে একই আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে মতপার্থক্য রয়েছে। এদিকে নর্থ ক্যারোলাইনার অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, অঙ্গরাজ্যের আইনে এইচওএ ফি বছরে সর্বোচ্চ কতটা বাড়ানো যাবে, তার কোনো সাধারণ নির্দিষ্ট সীমা নেই। তবে প্রতিটি এইচওএকে নিজেদের পরিচালনাসংক্রান্ত নথি ও প্রযোজ্য আইন মেনে সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ ফি বৃদ্ধির ওপর সাধারণ সীমা না থাকলেও সংস্থার সব সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে আইনসম্মত হয়ে যায় না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আবাসিক এলাকায় এইচওএ বা হোমওনার্স অ্যাসোসিয়েশন পরিচালিত হয়। এসব সংস্থা কমিউনিটির যৌথ সুবিধা, পরিচ্ছন্নতা, রাস্তা, সুইমিং পুল, লন পরিচর্যা এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্য বাড়ির মালিকদের কাছ থেকে নিয়মিত ফি সংগ্রহ করে। তবে কোন এলাকায় কী সুবিধা দেওয়া হবে এবং কত অর্থ দিতে হবে, তা সংশ্লিষ্ট কমিউনিটির নিয়মের ওপর নির্ভর করে। কিছু এলাকায় মাসিক ফি তুলনামূলক কম হলেও অন্য এলাকায় তা কয়েক শ কিংবা কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিসহ বাড়ি কিনতে আগ্রহী অভিবাসী পরিবারগুলোর জন্যও এই ঘটনা গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন বাড়ি কেনার আগে শুধু মর্টগেজের মাসিক কিস্তি দেখলেই হবে না। বাড়িটি কোনো এইচওএর আওতায় রয়েছে কি না, বর্তমান মাসিক ফি কত, ভবিষ্যতে ফি বাড়ানোর নিয়ম কী এবং বিশেষ অ্যাসেসমেন্ট আরোপের সুযোগ রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি কমিউনিটির আর্থিক অবস্থা, বকেয়া ফি এবং চলমান মামলা সম্পর্কে তথ্য নেওয়াও গুরুত্বপূর্ণ। ম্যাগনোলিয়া কোভের ঘটনায় এখন পর্যন্ত বাসিন্দাদের আশঙ্কা ও আর্থিক সংকটের বিষয়টি সামনে এসেছে। তবে সর্বশেষ ফি বৃদ্ধির কারণে নির্দিষ্ট কোনো বাড়ির মালিককে ইতিমধ্যে ফোরক্লোজারের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি। ফলে বাড়ি হারানোর বিষয়টি নিশ্চিত ঘটনা নয়, বরং বাসিন্দাদের আশঙ্কা হিসেবে বিবেচনা করতে হবে। সব মিলিয়ে নর্থ ক্যারোলাইনার এই আবাসিক এলাকায় মাসিক এইচওএ ফি ২ হাজার ৫০০ ডলারে উন্নীত হওয়ায় বাড়ির মালিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বাসিন্দাদের একটি অংশ বলছেন, এই ব্যয় বহন করা তাঁদের পক্ষে সম্ভব নয়। অন্যদিকে এইচওএ কর্তৃপক্ষের দাবি, আদালতের মামলা ও বকেয়া ফি আদায় করতে না পারার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। ভবিষ্যতে ফি কমবে কি না এবং বাড়ির মালিকেরা কী ধরনের আইনি বা প্রশাসনিক প্রতিকার পাবেন, তা এখনো অনিশ্চিত। সূত্র: নিউইয়র্ক পোস্ট, ৩১ অক্টোবর ২০২৬; ডব্লিউএসওসি-টিভি, ২৬ ও ২৭ অক্টোবর ২০২৬।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাড়ির মালিকদের জন্য প্রপার্টি ট্যাক্স শতভাগ পর্যন্ত মওকুফের সুযোগ রয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের যেসব পরিবার বাড়ির কর পরিশোধ করতে হিমশিম খাচ্ছে, তাদের জন্য এই সুবিধা চালু রেখেছে শহর কর্তৃপক্ষ। ডেট্রয়েটের Homeowners Property Exemption (HOPE) কর্মসূচির আওতায় যোগ্য বাড়ির মালিকেরা আয় ও অন্যান্য শর্ত অনুযায়ী ১০০ শতাংশ পর্যন্ত প্রপার্টি ট্যাক্স ছাড় পেতে পারেন। ২০২৬ সালের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ৬ নভেম্বর, শুক্রবার, বিকেল ৪টা ৩০ মিনিট। ডেট্রয়েট সিটি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির উদ্দেশ্য হলো আর্থিক সমস্যায় থাকা বাড়ির মালিকদের করের চাপ কমানো এবং কর বকেয়ার কারণে বাড়ি হারানোর ঝুঁকি হ্রাস করা। আবেদনকারীর পরিবারের আয়, সম্পদ, বাড়ির মালিকানা এবং বসবাসের তথ্য যাচাই করে কর মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শহরের সব বাড়ির মালিক এই সুবিধা পাবেন না। নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেতে হবে। ২০২৬ সালের নির্ধারিত আয়ের সীমা অনুযায়ী, এক সদস্যের পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ২১ হাজার ৫৯৭ ডলার হলে শতভাগ কর মওকুফের জন্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে। দুই সদস্যের পরিবারের ক্ষেত্রে এই সীমা ২৬ হাজার ১৫ ডলার এবং চার সদস্যের পরিবারের জন্য ৩৩ হাজার ৪৩৬ ডলার। পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী আয়ের সীমা পরিবর্তিত হয়। তবে শুধু আয়ের শর্ত পূরণ করলেই সুবিধা নিশ্চিত হবে না। আবেদনকারীর অন্যান্য আর্থিক তথ্যও যাচাই করা হবে। এই কর্মসূচির সুবিধা পেতে আবেদনকারীকে ডেট্রয়েট শহরের বাড়িটির মালিক হতে হবে এবং সেটি তাঁর প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ শুধু বিনিয়োগের উদ্দেশ্যে কেনা কিংবা অন্যের কাছে ভাড়া দেওয়া বাড়ির জন্য সাধারণভাবে এই সুবিধা প্রযোজ্য নয়। আবেদনকারীর পরিবারের সদস্যদের আয় ও সম্পদের তথ্য জমা দিতে হবে। শহর কর্তৃপক্ষের নির্ধারিত সম্পদের সীমাও পূরণ করতে হবে। ফলে আবেদন করার আগে নিজের যোগ্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ। আবেদনের জন্য বাড়ির মালিকানার প্রমাণ, সরকারি ফটো আইডি, পরিবারের আয়ের বিবরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন জমা দিতে হতে পারে। আয়ের প্রমাণ হিসেবে পে-স্টাব, ডব্লিউ-২, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বা পেনশনের কাগজপত্র গ্রহণ করা হতে পারে। পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যাঁরা ট্যাক্স রিটার্ন জমা দেন না, তাঁদের জন্য বিকল্প নথি বা ঘোষণাপত্রের ব্যবস্থা রয়েছে। আগ্রহী বাড়ির মালিকেরা ডেট্রয়েট সিটির সরকারি HOPE কর্মসূচির মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সেখানে আবেদনপত্র পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। যাঁদের অনলাইনে আবেদন করতে সমস্যা হয়, তাঁরা শহর কর্তৃপক্ষের অনুমোদিত কমিউনিটি সহায়তা কেন্দ্রগুলোর সহযোগিতা নিতে পারেন। তবে আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য সঠিকভাবে পূরণ এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করা জরুরি। শুধু চলতি বছরের কর মওকুফ নয়, পুরোনো বকেয়া প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রেও সহায়তা পাওয়ার সুযোগ থাকতে পারে। HOPE কর্মসূচিতে অনুমোদিত বাড়ির মালিকেরা ওয়েইন কাউন্টির Pay As You Stay (PAYS) কর্মসূচির জন্য বিবেচিত হতে পারেন। এই কর্মসূচিতে যোগ্য ব্যক্তিদের বকেয়া করের পরিমাণ কমানো এবং নির্দিষ্ট শর্তে সুদমুক্ত পেমেন্ট প্ল্যানের সুবিধা দেওয়া হয়। তবে পুরোনো সব বকেয়া কর স্বয়ংক্রিয়ভাবে মওকুফ হবে না। এ জন্য আলাদা যোগ্যতা ও অনুমোদনের প্রয়োজন রয়েছে। ডেট্রয়েট সিটি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১৫ হাজারের বেশি বাড়ির মালিক HOPE কর্মসূচির আওতায় কর ছাড়ের অনুমোদন পেয়েছিলেন। শহরের নিম্ন আয়ের পরিবারগুলোকে নিজ বাড়িতে বসবাস অব্যাহত রাখতে সহায়তা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ করে যেসব পরিবার সীমিত আয়ের কারণে নিয়মিত প্রপার্টি ট্যাক্স পরিশোধ করতে পারছে না, তাদের জন্য এই কর্মসূচি আর্থিক চাপ কমানোর সুযোগ তৈরি করেছে। তবে শতভাগ প্রপার্টি ট্যাক্স মওকুফের অনুমোদন পেলেও বাড়ির মালিকদের সব ধরনের ফি থেকে অব্যাহতি দেওয়া হয় না। বর্জ্য ব্যবস্থাপনার মতো কিছু নির্দিষ্ট ফি পরিশোধের বাধ্যবাধকতা থাকতে পারে। পাশাপাশি অধিকাংশ আবেদনকারীকে প্রতিবছর নতুন করে আবেদন করতে হয়। ফলে এক বছর কর মওকুফের সুবিধা পেলেই পরবর্তী বছরগুলোতে স্বয়ংক্রিয়ভাবে একই সুবিধা পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। মিশিগানের ডেট্রয়েটে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বাড়ির মালিকদের জন্যও এই কর্মসূচি গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যাঁদের পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে এবং যাঁরা নিজের বাড়িতে বসবাস করছেন, তাঁরা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে ডেট্রয়েট শহরের বাইরের বাসিন্দাদের জন্য এই নির্দিষ্ট কর্মসূচি প্রযোজ্য নয়। আগ্রহীদের ৬ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটের আগেই আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন একটি বিল আইনে পরিণত হলে লাখো বাড়ির মালিককে বাড়তি হোমওনার্স অ্যাসোসিয়েশন (এইচওএ) ফি দিতে হতে পারে। অ্যাসেম্বলি বিল ২০৫০ অনুযায়ী, আবাসিক কমিউনিটিগুলোর এইচওএকে ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ও বড় ধরনের সংস্কার ব্যয়ের জন্য ৩০ বছরের রিজার্ভ তহবিল পরিকল্পনা করতে হবে। বিলটি ইতোমধ্যে অঙ্গরাজ্যের আইনসভায় পাস হয়েছে এবং এখন গভর্নর গ্যাভিন নিউসমের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল অনুযায়ী, কোনো এইচওএর ৩০ বছরের আর্থিক হিসাবের কোনো পর্যায়ে রিজার্ভ তহবিল শূন্যের নিচে নেমে যাওয়ার আশঙ্কা থাকলে ২০৩২ সাল থেকে প্রতিষ্ঠানটিকে প্রতি বছর তার মোট বাজেটের অন্তত ১৫ শতাংশ রিজার্ভ তহবিলে রাখতে হবে। এই অর্থ ভবিষ্যতে ভবন মেরামত, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য বড় ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। তবে কোনো এইচওএর বর্তমান বাজেট থেকে এই অতিরিক্ত অর্থ সংরক্ষণ করা সম্ভব না হলে বাড়ির মালিকদের কাছ থেকে বিশেষ মূল্যায়ন বা ‘স্পেশাল অ্যাসেসমেন্ট’ হিসেবে অতিরিক্ত অর্থ নেওয়ার বিধান রাখা হয়েছে। ফলে অনেক বাসিন্দার নিয়মিত এইচওএ ফি বাড়তে পারে। ঠিক কতটা বাড়তে পারে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। ক্যালিফোর্নিয়ায় এই নিয়মের প্রভাব বড় হতে পারে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যের প্রায় এক-চতুর্থাংশ পরিবার হোমওনার্স অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত কমিউনিটিতে বসবাস করে এবং তাদের নিয়মিত ফি দিতে হয়। ইতোমধ্যে বীমা, রক্ষণাবেক্ষণ ও ভবন সংস্কারের ব্যয় বাড়ায় অনেক কমিউনিটিতে এই ফি বেড়েছে। বিলটির সমর্থকেরা বলছেন, নতুন নিয়মের ফলে এইচওএগুলো ভবিষ্যতের বড় ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য আগে থেকেই অর্থ জমাতে পারবে। এতে হঠাৎ করে বিপুল অঙ্কের বিশেষ চাঁদা বা মূল্যায়ন আরোপের প্রয়োজন কমতে পারে। কমিউনিটি অ্যাসোসিয়েশনস ইনস্টিটিউটের ক্যালিফোর্নিয়া লেজিসলেটিভ অ্যাকশন কমিটির আইনবিষয়ক সহসভাপতি রবার্ট ডেনিকিলো সান ফ্রান্সিসকো ক্রনিকলকে বলেন, এই বিল মূলত বাড়ির মালিকানার প্রকৃত ব্যয়কে নিয়মিত বাজেটের মধ্যে আনার চেষ্টা করছে। অন্যদিকে বিলটির সমালোচকেরা আশঙ্কা করছেন, পর্যাপ্ত সীমা ও নিয়ন্ত্রণ না থাকলে এটি বাড়ির মালিকদের ওপর দ্রুত অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে। কনজিউমার ফেডারেশন অব ক্যালিফোর্নিয়া বিলটির বিরোধিতা করে বলেছে, রিজার্ভ তহবিল রাখা প্রয়োজন হলেও ফি কতটা এবং কত দ্রুত বাড়ানো যাবে, তার ওপর যুক্তিসংগত সীমা থাকা দরকার। সংগঠনটির নির্বাহী পরিচালক রবার্ট হেরেল সান ফ্রান্সিসকো ক্রনিকলকে বলেন, বাসিন্দাদের আর্থিক সুরক্ষার জন্য আরও কিছু নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। তার মতে, এইচওএ বোর্ডের সিদ্ধান্তের কারণে বাড়ির মালিকরা যেন অপ্রত্যাশিতভাবে বড় আর্থিক চাপের মুখে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি। ক্যালিফোর্নিয়ায় বর্তমানে কোনো এইচওএ ভোট ছাড়াই একটি অর্থবছরে নিয়মিত ফি সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। নতুন বিলটি পাস হলে ভবিষ্যতের রিজার্ভ সংক্রান্ত প্রয়োজন মেটাতে এর বাইরে বিশেষ মূল্যায়নের ব্যবস্থাও কার্যকর হতে পারে। কনডোমিনিয়াম মালিকদের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে বেশি হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী বছর থেকে ফ্যানি মে কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশনগুলোর বার্ষিক বাজেটের ১৫ শতাংশ রিজার্ভে রাখার শর্ত আরোপ করতে যাচ্ছে, যা বর্তমানে ১০ শতাংশ। তবে গবেষক নাথান গোডিনের মতে, নিয়মিতভাবে কিছুটা বেশি অর্থ জমা রাখা ভবিষ্যতের বাড়ির মালিকদের ওপর বড় সংস্কার ব্যয়ের চাপ স্থানান্তর ঠেকাতে পারে। তিনি সান ফ্রান্সিসকো ক্রনিকলকে বলেন, বর্তমান মালিকদের সময়ের সঙ্গে ব্যয় ভাগ করে নেওয়া হলে ভবিষ্যতে কোনো নতুন মালিককে হঠাৎ বড় অঙ্কের বিশেষ মূল্যায়নের মুখে পড়তে হবে না। অ্যাসেম্বলি বিল ২০৫০ এখনো আইনে পরিণত হয়নি। গভর্নর গ্যাভিন নিউসমের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এতে স্বাক্ষর করা অথবা ভেটো দেওয়ার সময়সীমা রয়েছে। তাই নতুন নিয়মে বাড়ির মালিকদের ফি ঠিক কতটা বাড়বে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সূত্র: সান ফ্রান্সিসকো ক্রনিকল, নিউইয়র্ক পোস্ট
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যখন ধনীদের দ্বিতীয় বাড়ির ওপর নতুন কর আরোপের উদ্যোগ নিচ্ছেন, ঠিক তখনই সাধারণ বাড়ির মালিকেরা এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। কো-অপ এবং কন্ডো (condo) মালিকদের দাবি, বর্গফুটের ভুল হিসাবের কারণে তারা বছরের পর বছর ধরে অতিরিক্ত সম্পত্তি কর বা প্রপার্টি ট্যাক্স দিয়ে আসছেন। সব মিলিয়ে পুরো শহরে যার পরিমাণ দাঁড়াচ্ছে লাখ লাখ ডলারে। অথচ এখন নিজেদের অতিরিক্ত দেওয়া টাকা ফেরত বা রিফান্ড পেতে গিয়ে নগর কর্তৃপক্ষের কাছে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা। আপার ওয়েস্ট সাইডের শতবর্ষী একটি কো-অপ ভবনের বাসিন্দা এলেন সিলভারম্যান জানান, ভবনের সংস্কার কাজের সময় একজন স্থপতি দিয়ে নতুন করে মাপজোক করা হলে এই বিশাল গরমিল ধরা পড়ে। তিনি দেখতে পান, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের রেকর্ডে থাকা তথ্যের চেয়ে তাদের ভবনের প্রকৃত আয়তন ২২ শতাংশ কম। নিউইয়র্ক সিটি মূলত বাসযোগ্য বর্গফুটের একটি জটিল সূত্রের ওপর ভিত্তি করে কর নির্ধারণ করে থাকে। এই ভুল হিসাবের কারণে গত ৪০ বছর ধরে ভবনটিকে লাখ লাখ ডলার অতিরিক্ত কর গুণতে হয়েছে। ২০২৩ সালে সিটি কর্তৃপক্ষের কাছে 'ক্ল্যারিক্যাল এরর রিপোর্ট' জমা দেওয়ার পর ভবিষ্যতের জন্য আয়তন সংশোধন করা হলেও, আইন অনুযায়ী পূর্ববর্তী ছয় বছরের পাওনা রিফান্ড দিতে অস্বীকৃতি জানিয়েছে নগর কর্তৃপক্ষ। একই ধরনের ভোগান্তির শিকার হয়েছেন আপার ইস্ট সাইডের বাসিন্দা অ্যান্ড্রু ক্যাভাগনারো। তার ভবনের আয়তনও প্রায় ১০ হাজার বর্গফুট বেশি দেখানো হয়েছিল। অভিযোগ জানানোর পর তাকে মাত্র দুই বছরের রিফান্ড দেওয়া হয়েছে, অথচ তার নিয়ম অনুযায়ী ছয় বছরের সম্পূর্ণ টাকা ফেরত পাওয়ার কথা ছিল। প্রপার্টি ট্যাক্স কনসালট্যান্ট স্ট্যান রুশো জানান, নিউইয়র্কের প্রায় ৭০ শতাংশ কন্ডো ও কো-অপ ভবনের বর্গফুটের হিসাবে এ ধরনের অতিরঞ্জন রয়েছে। গত বছর সিটি কর্তৃপক্ষ রিফান্ড পাওয়ার যোগ্য সময়সীমা ছয় বছর থেকে কমিয়ে তিন বছরে নামিয়ে এনেছে। রুশোর মতে, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই রিফান্ড দেওয়ার প্রক্রিয়াকে জটিল করে তুলেছে, যাতে বাসিন্দাদের টাকা ফেরত দিতে না হয়। এদিকে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স। তারা শুধু একটি লিখিত বিবৃতিতে ক্ষতিগ্রস্ত মালিকদের 'ট্যাক্স কমিশন'-এর কাছে আপিল করার পরামর্শ দিয়েছে। তবে ট্যাক্স কমিশন বা মেয়র মামদানির দপ্তর থেকে একাধিকবার চেষ্টা করেও কোনো সাড়া পায়নি সংবাদমাধ্যমগুলো। নিউইয়র্ক সিটিতে বর্তমানে সাত হাজারের বেশি কন্ডো এবং কো-অপ ভবন রয়েছে। সিটি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুস্পষ্ট উত্তর বা সহযোগিতা না পেয়ে ভুক্তভোগী মালিকরা এখন নিজেদের অধিকার আদায়ে স্থানীয় ও রাষ্ট্রীয় আইনপ্রণেতাদের দ্বারস্থ হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।