যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে অবস্থিত রকাওয়ে সৈকতের অত্যন্ত বিপজ্জনক ও জরাজীর্ণ কাঠের জেটিগুলো (পিলিং) অবশেষে আগামী নভেম্বর মাস থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ৭০ বছরের পুরোনো এই 'মৃত্যুফাঁদ' অপসারণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যা স্থানীয়দের কাছে ‘ডেথ জেটি’ নামে পরিচিত। মার্কিন সেনা প্রকৌশলী দল (ইউএস আর্মি কোর অব ইঞ্জিনিয়ার্স) এই নতুন পরিকল্পনা হাতে নিয়েছে।
তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন সৈকতে প্রাণ হারানো ভুক্তভোগীদের পরিবার। তাদের মতে, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার কারণে এই সিদ্ধান্ত আসতে অনেক দেরি হয়ে গেছে, যা আরও বহু আগেই করা সম্ভব ছিল।
সৈকতের এই পুরোনো কাঠের কাঠামো ও জেটিগুলো দীর্ঘ বছর ধরে সাঁতারু এবং সার্ফারদের জন্য অন্যতম বড় আতঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে আসছে। জোয়ারের সময় এগুলো পানির নিচে পুরোপুরি তলিয়ে যাওয়ায় ওপর থেকে দেখা যায় না, যার ফলে অবচেতনভাবেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন পর্যটকেরা। ২০১৯ সালের জুলাই মাসে রকাওয়ে সৈকতের এমনই একটি জেটিতে বন্ধুদের সাথে বসে থাকা অবস্থায় পা পিছলে তীব্র স্রোতে তলিয়ে যায় ১৮ বছর বয়সী তরুণ জন মুনোজ।
পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হলে শরীরে জেটির পিলিংয়ের আঘাতের তীব্র চিহ্ন পাওয়া যায়। মুনোজের মৃত্যুর পর সাত বছর কেটে গেলেও এতদিনে জেটি অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তার বোন ইয়েনেসনিয়া রদ্রিগেজ। তিনি জানান, প্রশাসনের এই উদাসীনতার কারণে তাদের পরিবারের একটি অংশ চিরতরে মারা গেছে এবং প্রতি বছরই এই সৈকত একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।
রকাওয়ে সৈকতে জেটির কারণে মৃত্যুর ঘটনা কেবল এটিই নয়। গত গ্রীষ্মেও রিস পার্কের রকাওয়েতে সার্ফিং করার সময় বোর্ডের দড়ি বা লিশ এই জরাজীর্ণ কাঠের জেটির সাথে পেঁচিয়ে গিয়ে সেবাস্টিয়ান লাসাওসা রজার্স নামের এক সার্ফারের মৃত্যু হয়। এর আগে ২০০৯ এবং ২০১০ সালেও একই ধরনের দুর্ঘটনায় আরও দুই সার্ফার প্রাণ হারিয়েছিলেন।
২০২০ সালেও একবার এই বিপজ্জনক পিলিংগুলো উপড়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ঠিকাদারদের গাফিলতি এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই প্রকল্প মুখ থুবড়ে পড়ে। বর্তমান নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর মাস থেকে নতুন ঠিকাদার খোঁজার কাজ শুরু হবে এবং নভেম্বরের মধ্যে মাঠপর্যায়ের কাজ শুরু হতে পারে। তবে প্রশাসনের অতীতের রেকর্ড এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে স্থানীয় বাসিন্দারা এখনও কিছুটা সন্দিহান এবং তারা এই প্রাণঘাতী সমস্যার দ্রুত স্থায়ী সমাধান দাবি করছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন দায়িত্ব নেওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার হয়েছেন একটি শহরের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। সসালিটো শহরের সিটি ম্যানেজার এলেইন ফরবসকে একটি ইয়টে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে আটক করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয় প্রশাসনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মেরিন কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, শনিবার ভোরে সসালিটো ইয়ট হারবারে একটি শব্দের অভিযোগ পেয়ে কর্মকর্তারা সেখানে যান। পরে তারা একটি ইয়টের ভেতরে ফরবসকে দেখতে পান। তদন্তকারীদের দাবি, ওই ইয়টে থাকার অনুমতি তার ছিল না। পুলিশের অভিযোগ অনুযায়ী, ফরবস প্রথমে দাবি করেন ইয়টটি তার নিজের। তিনি কর্মকর্তাদের সেখান থেকে চলে যেতে বলেন। পরে তদন্তে জানা যায়, নৌযানটির প্রকৃত মালিক তাকে সেখানে থাকার অনুমতি দেননি। এরপর তাকে ফৌজদারি চুরির অভিযোগে আটক করা হয়। ঘটনার সময় ফরবসের বয়স ছিল ৫৩ বছর। তিনি গত ১ জুলাই সসালিটোর সিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রায় এক দশক সান ফ্রান্সিসকো পোর্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গ্রেপ্তারের আগে সসালিটো সিটি কাউন্সিল তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলমান থাকায় তারা অভিযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য করবে না। তবে শহরের প্রশাসনিক কার্যক্রম ভারপ্রাপ্ত সিটি ম্যানেজারের নেতৃত্বে চলবে। ফরবসের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি একটি মানসিক সংকটের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবং তারা জনগণকে দ্রুত কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ফরবস দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্বে কাজ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাজোস কাউন্টিতে সাইকেল চালানোর সময় ২৬ বছর বয়সী পেশাদার বক্সার হান্না র্যাপ নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে তিনি আরেকজন সাইকেল আরোহীর সঙ্গে চলার সময় একটি গাড়ি তাদের অতিক্রম করে সামনে গিয়ে থামে। এরপর চালক গাড়িটি পেছনে নিয়ে এসে র্যাপকে ধাক্কা দেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর ৩১ বছর বয়সী চার্লস মেডিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ম্যানস্লটার (অবহেলাজনিত হত্যাকাণ্ড) অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা এখনও ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য প্রকাশ করেননি এবং তদন্ত অব্যাহত রয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত মেডিনার বিরুদ্ধে অতীতে বেপরোয়া গাড়ি চালানো, হামলাসহ একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। তবে বর্তমান মামলায় এসব পূর্ববর্তী অভিযোগ আলাদা বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। ইন্ডিয়ানার বাসিন্দা হান্না র্যাপ ২০২৪ সালে টেক্সাসে চলে যান এবং পেশাদার বক্সিং ক্যারিয়ার শুরু করেন। তার পেশাদার রেকর্ড ছিল ৮ জয়, ১ ড্র ও ১ হার। গত মাসেই তিনি ডব্লিউবিসি নারী ফেদারওয়েট বিশ্ব শিরোপার লড়াইয়ে অংশ নিয়েছিলেন। তার মৃত্যুর পর বিশ্ব বক্সিং কাউন্সিল (WBC) এবং বক্সিং অঙ্গনের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সল্ক ইনস্টিটিউটের শীর্ষ বিজ্ঞানী ড. সাচিন পান্ডা যৌন অসদাচরণের অভিযোগে চলমান তদন্তের মধ্যে পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের মার্চে এক নারী গবেষণা সহকারী কর্মক্ষেত্রে অসদাচরণের অভিযোগ আনেন। এরপর অভ্যন্তরীণ তদন্ত শুরু হলে পান্ডাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। পরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সল্ক ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, ড. পান্ডার পদত্যাগ ১৩ আগস্ট থেকে কার্যকর হবে। তিনি প্রায় ২২ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন এবং সার্কাডিয়ান রিদম বা মানবদেহের জৈবিক ঘড়ি নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পর নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বিষয়টি তদন্তের আওতায় আনা হয়। তবে তদন্ত চলমান থাকায় অভিযোগের বিস্তারিত বা সম্ভাব্য প্রমাণ সম্পর্কে তারা কোনো মন্তব্য করেনি। ড. পান্ডা অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীর মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয় এবং তিনি কোনো ধরনের যৌন অসদাচরণ করেননি। বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এর এক প্রতিবেদনে। সেখানে অভিযোগ করা হয়, এক নারী গবেষণা সহকারীর সঙ্গে ড. পান্ডার আচরণ নিয়ে প্রশ্ন ওঠার পর প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করে। এই ঘটনাকে ঘিরে সল্ক ইনস্টিটিউট আবারও আলোচনায় এসেছে। এর আগে প্রতিষ্ঠানটি নারী বিজ্ঞানীদের প্রতি বৈষম্য এবং যৌন হয়রানির অভিযোগসংক্রান্ত একাধিক বিতর্কের মুখোমুখি হয়েছিল। ২০১৭ সালে কয়েকজন নারী বিজ্ঞানী লিঙ্গবৈষম্যের অভিযোগে মামলা করেছিলেন এবং পরবর্তীতে সেই ঘটনাও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয়। ড. পান্ডার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এখনো কোনো আদালতের রায় হয়নি। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলো প্রমাণিত নয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।