বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যুক্তরাজ্যে যেতে পারছেন না আফগান নারীরা, ভেঙে গেল স্বপ্ন
মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের একাধিক নারী। কেউ পেয়েছিলেন স্নাতকোত্তরে ভর্তির প্রস্তাব, কেউ আবার বৃত্তির জন্য সাক্ষাৎকার দেওয়ার সুযোগও পেয়েছিলেন। কিন্তু যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসা নিষেধাজ্ঞায় তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।
বিবিসির ২৪ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, কাবুলের সফটওয়্যার প্রকৌশলী শাহিরা সাদাত যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউনিভার্সিটি অব সাসেক্স, ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড এবং নর্থইস্টার্ন ইউনিভার্সিটি লন্ডন। তাঁর পছন্দের বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রশিক্ষা।
এ ছাড়া যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চেভেনিং বৃত্তির সাক্ষাৎকারের সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু আফগান নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা আবেদন স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর তাঁর সেই স্বপ্ন থমকে যায়। সাদাতের মতো আরও আফগান নারী একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাঁদের কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, কেউ দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু ভিসা নিষেধাজ্ঞার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না।
আফগানিস্তানের হেরাত শহরের আলিয়া নামের আরেক নারীও যুক্তরাজ্যে ডিজিটাল মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিলেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি জানান, শিক্ষা অর্জনের জন্য তাঁকে অনেক বাধা পেরোতে হয়েছে। তালেবানের বিধিনিষেধের কারণে গোপনে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হয়েছে। পরে অনলাইনে পড়াশোনা চালিয়ে যান। কিন্তু যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞায় তাঁর পরিকল্পনাও ভেস্তে যায়।
২০২৬ সালের মার্চে যুক্তরাজ্য সরকার আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য দেশের বাইরে থেকে নতুন শিক্ষার্থী ভিসার আবেদন স্থগিতের ঘোষণা দেয়। ২৬ মার্চ থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়। ব্রিটিশ সরকারের যুক্তি, এসব দেশ থেকে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসার পর আশ্রয়ের আবেদন বেড়ে যাওয়ায় দেশটির অভিবাসনব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। এই চাপ কমানো এবং ভিসার অপব্যবহার ঠেকাতেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে প্রকৃত শিক্ষার্থীদের ওপরও। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, বৃত্তি কিংবা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত আফগান নারীরা নতুন শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাজ্যে যেতে পারছেন না। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক ও নারীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যত বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশটির অনেক নারী উচ্চশিক্ষার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে ছিলেন।
জাতিসংঘের শিশু তহবিলের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে ২৬ লাখের বেশি মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্য সরকার শরণার্থী শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে। তবে এই ব্যবস্থা সাধারণ শিক্ষার্থী ভিসার মতো নয়। এর জন্য নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয়।
ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাতজন শিক্ষার্থী যুক্তরাজ্যের আদালতের শরণাপন্ন হলেও ২০২৬ সালের ১২ আগস্ট হাইকোর্ট তাঁদের আবেদন খারিজ করে দেয়। আফগান নারীদের আশঙ্কা, নিজ দেশে শিক্ষার সুযোগ সংকুচিত হওয়ার পর বিদেশে উচ্চশিক্ষার পথও বন্ধ হয়ে গেলে তাঁদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। তাঁদের কাছে এই ভিসা নিষেধাজ্ঞা শুধু একটি বিদেশযাত্রার বাধা নয়, বরং শিক্ষা ও স্বনির্ভর জীবনের স্বপ্নে বড় আঘাত। সংবাদসূত্র: বিবিসি নিউজ, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাজ্যের হাইকোর্ট এবং জাতিসংঘের শিশু তহবিল। 874 এসকিউ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreকানাডার কুইবেক প্রদেশে হিজাব ও ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিতর্কিত আইন ঘিরে সাত বছরের আইনি লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় কুইবেকের মুসলিম নারীরা এই আইনগুলোর বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের অভিযোগ, প্রদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষতা আইনগুলো তাদের জনজীবন থেকে মুছে ফেলার চেষ্টা করছে এবং বৈষম্যকে সামাজিকভাবে স্বাভাবিক করে তুলেছে। চলতি নভেম্বরের শেষ নাগাদ কুইবেকের ধর্মনিরপেক্ষতা আইন বা ‘বিল ২১’ সংক্রান্ত মামলার রায় আসার সম্ভাবনা রয়েছে। এরই প্রেক্ষাপটে ‘কেবেকোয়াজ মুসুলমান ত্যানে’ (Québécoises Musulmanes Tannées) নামের একটি সংগঠনের সদস্যরা নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছেন। আন্দোলনকারীদের দাবি, রাস্তায় হিজাব পরার কারণে নারীকে হয়রানি করা কিংবা স্কুলের অনুষ্ঠানে হিজাব পরিহিত অভিভাবকের অংশগ্রহণে বাধার মতো বিষয়গুলো এখন যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আন্দোলনকারী নারীরা জানান, আইনগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সরাসরি অবহিত করতে তারা বর্তমান প্রাদেশিক প্রধান ফ্রেচেটের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছিলেন, কিন্তু সেই সাক্ষাৎ হয়নি। এ প্রসঙ্গে সংগঠনের এক সদস্য দিয়াব মন্তব্য করেন, এই ধর্মনিরপেক্ষতার সমর্থকরা নারীর স্বাধীনতার কথা বললেও হিজাব খুলে ফেলার ক্ষেত্রেই কেবল সমর্থন দেন; কিন্তু স্বেচ্ছায় হিজাব রাখার সিদ্ধান্তকে তারা মেনে নিতে পারেন না। ছয় বছর আগে ইসলাম ধর্ম গ্রহণকারী কুইবেকের নাগরিক এমিলি তুর্জন বলেন, তুরস্ক ও মরক্কোর মতো মুসলিম দেশে ভ্রমণ ও বসবাসের অভিজ্ঞতা থেকে তিনি ধর্মটিকে ভালোবেসে হিজাব পরার সিদ্ধান্ত নেন। সংগঠনের নামের ‘ত্যানে’ (বিরক্ত বা অতিষ্ঠ) শব্দটির সঙ্গে নিজের অবস্থানের মিল খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি। আরেক সদস্য চেব্বি বলেন, এই আইনগুলোর মাধ্যমে মূলত এমন বার্তা দেওয়া হচ্ছে যে হিজাব পরিহিত মুসলিম নারীরা এখানকার সমাজের অংশ নন। তবে তিনি জোর দিয়ে বলেন, মুসলিমরাও কুইবেক সমাজের অংশ এবং এই সমাজে নিজেদের অবস্থান ধরে রাখতে তারা লড়াই চালিয়ে যাবেন। চেব্বির মতে, কানাডার ‘চার্টার অব রাইটস অ্যান্ড ফ্রিডমস’ সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য তৈরি, এবং আদালতে ইতোমধ্যে প্রমাণ হয়েছে যে এই আইন হাজার হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে, বৈষম্য ও বঞ্চনার কারণে কুইবেক ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন দিয়াব। আন্দোলনকারীদের মতে, তারা কেবল অসহায় ভুক্তভোগী নন, বরং প্রতিকূলতার মধ্যেও টিকে থাকা ও প্রতিরোধ গড়ে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন। সূত্র: রিকোশেট মিডিয়া। 873 ডিএন
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যুক্তরাজ্যে যেতে পারছেন না আফগান নারীরা, ভেঙে গেল স্বপ্ন
সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে হুথিদের হামলা, ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন
স্বয়ং হবু রাজার বাড়িতে চুরি! যুক্তরাজ্যে তোলপাড় করা ঘটনায় দুই সন্দেহভাজন আটক
বিদেশি শিক্ষকদের জন্য স্থায়ী বসবাসের পথ আরও সহজ করছে নিউজিল্যান্ড সরকার। বিশেষ শিক্ষায় নিয়োজিত চার শ্রেণির শিক্ষককে সরাসরি রেসিডেন্স ভিসা পাওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী ৮ মার্চ ২০২৭ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। গত ৩ নভেম্বর ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, বিশেষ শিক্ষার চারটি শিক্ষকতা পেশাকে দেশটির চাহিদাসম্পন্ন পেশার তালিকা বা গ্রিন লিস্টের টিয়ার-২ থেকে টিয়ার-১-এ স্থানান্তর করা হবে।বর্তমান নিয়মে এসব পেশায় নিয়োজিত বিদেশি শিক্ষকদের রেসিডেন্স ভিসার জন্য নিউজিল্যান্ডে অন্তত দুই বছর যোগ্যতাসম্পন্ন চাকরি করতে হয়। নতুন নিয়ম কার্যকর হলে সেই বাধ্যবাধকতা ছাড়াই সরাসরি ‘স্ট্রেইট টু রেসিডেন্স ভিসা’র জন্য আবেদন করতে পারবেন যোগ্য শিক্ষকরা। যেসব শিক্ষক এই সুযোগ পাবেন - বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষক (Special Needs Teacher)। - শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষক (Teacher of the Hearing Impaired)। - দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষক (Teacher of the Sight Impaired)। - অন্যান্য শ্রেণির বিশেষ শিক্ষা শিক্ষক (Special Education Teachers NEC)। আবেদনের যোগ্যতা - বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। - নিউজিল্যান্ডের স্বীকৃত নিয়োগকর্তার কাছ থেকে যোগ্য চাকরির প্রস্তাব থাকতে হবে অথবা সংশ্লিষ্ট পদে কর্মরত থাকতে হবে। - প্রাসঙ্গিক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে। - নিউজিল্যান্ডের টিচিং কাউন্সিলের নিবন্ধন ও বৈধ শিক্ষকতা সনদ থাকতে হবে। - নির্ধারিত বেতনের শর্ত পূরণ করতে হবে। - ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। - স্বাস্থ্য ও চারিত্রিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। পরিবার নিয়ে যাওয়ার সুযোগ এই ভিসার মাধ্যমে নিউজিল্যান্ডে অনির্দিষ্টকাল বসবাস, চাকরি ও পড়াশোনা করা যাবে। আবেদনকারীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্বামী বা স্ত্রী এবং ২৪ বছর বা তার কম বয়সী নির্ভরশীল সন্তানদেরও আবেদনে অন্তর্ভুক্ত করতে পারবেন। আবেদন ফি ও সময়সীমা বর্তমানে স্ট্রেইট টু রেসিডেন্স ভিসার আবেদন ফি ৬ হাজার ৪৫০ নিউজিল্যান্ড ডলার থেকে শুরু। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, এই শ্রেণির ৮০ শতাংশ ভিসার আবেদন চার মাসের মধ্যে নিষ্পত্তি হচ্ছে। স্থায়ী বসবাসের অনুমতি স্ট্রেইট টু রেসিডেন্স ভিসা পাওয়ার পর অন্তত দুই বছর রেসিডেন্ট ভিসাধারী হিসেবে থাকার পাশাপাশি অন্যান্য শর্ত পূরণ করে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করা যাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষকরা এই সুযোগ নিতে পারবেন। তবে বিদেশ থেকে অর্জিত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি, শিক্ষকতার নিবন্ধন এবং চাকরির প্রস্তাবসহ প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে। ভিসা আবেদন ও বিস্তারিত তথ্য: https://www.immigration.govt.nz/visas/straight-to-residence-visa/ শিক্ষক নিবন্ধনের ওয়েবসাইট: https://teachingcouncil.nz/ সংবাদসূত্র ইমিগ্রেশন নিউজিল্যান্ড, টিচিং কাউন্সিল অব নিউজিল্যান্ড 876TR
ফের ভাঙন? সিন্ধু প্রদেশ বিভক্তির পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, আলোচনায় ‘সিন্ধুদেশ’
ইসরায়েলি সেনাদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, ১৬ বছরের সর্বোচ্চ!
যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির দুটি হিন্দু ও ইহুদি সংগঠন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের নিয়ে তাঁর অতীত বক্তব্যের প্রসঙ্গ তুলে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও দ্য অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সংগঠন দুটি দাবি করে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তাঁকে বীর ও শহীদ হিসেবে অভিহিত করেছিলেন শফিকুর রহমান। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন তিনি। সংগঠন দুটি জানায়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আয়োজিত একটি মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জামায়াত আমিরকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, এর আগে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। এসব সিদ্ধান্তের সঙ্গে জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের সফর অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যৌথ বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা এবং দলটির সাবেক কয়েকজন নেতার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে সংগঠন দুটির বিবৃতির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার কিংবা জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সম্পর্কে পর্যালোচিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে কিছু জানানো হয়নি। সংবাদসূত্র: টাইমস অব ইসরায়েল 871-এসএ
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক
‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

