- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তৎকালীন সময়ে মানবিক বিবেচনায় সীমান্ত খুলে দেওয়ার সেই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে বিপুল প্রশংসিত হলেও, প্রায় এক দশক পর এসে এই সংকটটি বাংলাদেশের জন্য এক জটিল মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব মতে, ২০২৬ সালে এসে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা ১২ থেকে ১৩ লাখের কাছাকাছি পৌঁছেছে, যার একটি বড় অংশই শিশু ও কিশোর। একই সময়ে রাখাইনে নতুন করে শুরু হওয়া অভ্যন্তরীণ সংঘাতের কারণে আরও হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ বাংলাদেশে প্রবেশ করায় আগে থেকেই চাপে থাকা শরণার্থী ব্যবস্থাপনা এখন আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই দীর্ঘস্থায়ী সংকটের পেছনে অন্যতম বড় কারণ হিসেবে দেখা দিয়েছে আন্তর্জাতিক অর্থায়নের তীব্র ঘাটতি। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে আন্তর্জাতিক দাতাদের মনোযোগ এবং তহবিল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে ২০২৬ সালের জন্য জাতিসংঘের যৌথ মানবিক সাড়া পরিকল্পনায় (JRP) আগের বছরের তুলনায় বাজেট অনেকটাই কাটছাঁট করা হয়েছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, বর্তমান বরাদ্দ দিয়ে কেবল জীবন রক্ষাকারী মৌলিক সেবাগুলো কোনোমতে টিকিয়ে রাখা সম্ভব হলেও দীর্ঘমেয়াদি কোনো উদ্যোগ নেওয়া অসম্ভব। এই তহবিল সংকটের সরাসরি প্রভাব পড়েছে খাদ্য নিরাপত্তায়; রেশন কমে যাওয়ায় ক্যাম্পের শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের মধ্যে পুষ্টিহীনতার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর পাশাপাশি অর্থ সংকটে বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় পুরো ক্যাম্প এলাকায় একটি স্থায়ী জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। শরণার্থী শিবিরগুলোর এই চরম অনিশ্চয়তা ও অভাবকে পুঁজি করে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ক্যাম্পভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, মাদক চোরাচালানি ও মানবপাচারকারী চক্রের তৎপরতা দিন দিন বাড়ছে। হত্যাকাণ্ড, অপহরণ, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা এখন শিবিরের নিত্যদিনের ঘটনা। দীর্ঘদিন ধরে কর্মসংস্থান ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকায় শিবিরের বিশাল তরুণ জনগোষ্ঠী সহজেই এসব অপরাধী চক্রের ফাঁদে পা দিচ্ছে। একদিকে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে, অন্যদিকে জীবন ও ভবিষ্যতের তাগিদে অনেক রোহিঙ্গা মানবপাচারকারীদের খপ্পরে পড়ে বঙ্গোপসাগর বা আন্দামান সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ যাত্রা করছে, যা প্রায়শই ট্রাজিক নৌকাডুবি ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। রোহিঙ্গা সংকটের এই বহুমুখী নেতিবাচক প্রভাব কেবল ক্যাম্পের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রাকেও বিপর্যস্ত করে তুলেছে। স্থানীয় শ্রমবাজারে তীব্র প্রতিযোগিতা, আবাসন ব্যয় বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের কারণ হচ্ছে। এর ওপর পাহাড় কেটে গড়ে ওঠা ঘনবসতিপূর্ণ এই ক্যাম্পগুলোর কারণে ওই অঞ্চলের বনভূমি, বন্যপ্রাণী ও ভূগর্ভস্থ পানির অপূরণীয় ক্ষতি হয়েছে, যা বর্ষা মৌসুমে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, গৃহযুদ্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রশ্নে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপের সীমাবদ্ধতার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া গত ৯ বছরেও কার্যত আলোর মুখ দেখেনি। অল্প কিছু রোহিঙ্গাকে তৃতীয় দেশে পুনর্বাসন করা হলেও তা মোট জনসংখ্যার তুলনায় একেবারেই নগণ্য। ফলে এটি এখন আর কেবল একটি সাময়িক শরণার্থী সমস্যা নয়, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো রাজনৈতিক হস্তক্ষেপ, পর্যাপ্ত অর্থায়ন এবং মিয়ানমারের ভেতরে অনুকূল পরিবেশ সৃষ্টি করা না গেলে বিশ্বের বৃহত্তম এই শরণার্থী সংকট আগামীতে আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ অবনতি হয়ে ৯৬তম স্থানে নেমে গেছে, যা এর আগে ছিল ৯৫ নম্বরে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’-এর মে মাসের হালনাগাদ সূচক থেকে এই তথ্য জানা গেছে। নতুন এই তালিকা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকেরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণের সুবিধা পাবেন। পাসপোর্টধারী বাংলাদেশিরা তালিকায় থাকা দেশগুলোতে মূলত কোনো ভিসা ছাড়া, পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা কিংবা ই-ভিসা পদ্ধতি ব্যবহার করে প্রবেশ করতে পারবেন। এই দেশগুলোর মধ্যে রয়েছে এশিয়ার ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং দূরবর্তী ফিজি, কেনিয়া, জ্যামাইকা, বাহামাস, বার্বাডোজ, সেশেলস ও হাইতির মতো বিভিন্ন রাষ্ট্র ও দ্বীপপুঞ্জ। এদিকে বিশ্বমঞ্চে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে প্রথম স্থানটি ধরে রেখেছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সুইডেন। এছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও নেদারল্যান্ডসের মতো ইউরোপের বেশ কয়েকটি দেশ যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের উত্তরের শহরতলীগুলো কয়েক বছর ধরেই দেশটির সবচেয়ে দ্রুতবর্ধনশীল আবাসন বাজারগুলোর একটি হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত উচ্চ দক্ষতাসম্পন্ন প্রযুক্তিকর্মীদের বড় একটি অংশ সেখানে বসতি গড়ায় নতুন বাড়ির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এইচ-১বি ভিসা কর্মসূচিতে কঠোর অবস্থান এবং প্রযুক্তিখাতে বড় পরিসরের চাকরি ছাঁটাইয়ের প্রভাব এখন সেই বাজারে স্পষ্ট হয়ে উঠছে। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ডালাসের উত্তরের কলিন কাউন্টি ও আশপাশের এলাকায় বাড়ির দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। কয়েক বছর আগেও যেখানে বাড়ির দাম লাগামহীনভাবে বাড়ছিল, এখন সেখানে ক্রেতা সংকট এবং মূল্য সংশোধনের লক্ষণ দেখা যাচ্ছে। এইচ-১বি ভিসা মূলত বিদেশি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য দেওয়া হয়, যাদের বড় অংশ প্রযুক্তিখাতে কাজ করেন। গত কয়েক বছরে টেক্সাসের করপোরেট করিডোরে অসংখ্য প্রযুক্তি ও বহুজাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থানান্তর হওয়ায় ভারতীয় প্রযুক্তিকর্মীদের ঢল নামে ডালাসের উত্তরাঞ্চলে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সিবিআরই গ্রুপের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করপোরেট সদর দপ্তর স্থানান্তরের ঘটনা ঘটেছে এই অঞ্চলে। এর ফলে প্রসপার, ফ্রিসকো ও সেলিনা শহরে নতুন আবাসিক প্রকল্প গড়ে ওঠে দ্রুতগতিতে। অনেক এলাকায় মাত্র পাঁচ বছরের ব্যবধানে জনসংখ্যা তিন গুণেরও বেশি বেড়ে যায়। নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে হিমশিম খেতে থাকে। তবে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। প্রযুক্তিখাতে ব্যাপক চাকরি ছাঁটাইয়ের পাশাপাশি এইচ-১বি কর্মসূচিতে কড়াকড়ি আরোপের কারণে নতুন বিদেশি কর্মী আগমন কমে গেছে। বিভিন্ন শিল্প বিশ্লেষকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসেই প্রযুক্তিখাতে ৫২ হাজারের বেশি চাকরি হারিয়েছে। ২০২৬ সালের গ্রীষ্মের শুরু নাগাদ সেই সংখ্যা ১ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের প্রসারকে এসব চাকরি কমানোর অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম রেডফিনের তথ্য বলছে, ডালাস-ফোর্ট ওর্থ মহানগর এলাকায় বাড়ির দাম যেখানে গড়ে প্রায় ৪ শতাংশ কমেছে, সেখানে কলিন কাউন্টিতে দাম কমেছে প্রায় ৯ শতাংশ। বিশ্লেষকদের মতে, একসময় যারা নতুন বাড়ি কেনার বাজারে সবচেয়ে বড় চালিকাশক্তি ছিলেন, সেই ভারতীয় প্রযুক্তিকর্মীদের একটি অংশ এখন চাকরি অনিশ্চয়তা, ভিসা জটিলতা কিংবা অন্য অঙ্গরাজ্যে স্থানান্তরের কারণে বাজার থেকে সরে যাচ্ছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, বাইডেন প্রশাসনের সময় ডালাস অঞ্চলে প্রায় ৩২ হাজার নতুন এইচ-১বি অনুমোদন দেওয়া হয়েছিল, যা সিলিকন ভ্যালি, সিয়াটল, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন ডিসিকেও ছাড়িয়ে যায়। শুধু নিউইয়র্ক মহানগর অঞ্চল এ ক্ষেত্রে ডালাসের চেয়ে এগিয়ে ছিল। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, অতিরিক্ত দ্রুতগতিতে বাড়তে থাকা আবাসন বাজারে এই মূল্য সংশোধন হয়তো দীর্ঘমেয়াদে কিছুটা ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। তবে স্থানীয় নির্মাণশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও আবাসন খাতের সঙ্গে জড়িত অনেকেই আশঙ্কা করছেন, প্রযুক্তিখাতে অনিশ্চয়তা আরও বাড়লে এর প্রভাব টেক্সাসের অর্থনীতির ওপরও পড়তে পারে। বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে যে শহরতলীগুলোকে “নতুন প্রযুক্তি কেন্দ্র” হিসেবে দেখা হচ্ছিল, সেখানে এখন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে—যেখানে অভিবাসন নীতি, প্রযুক্তিখাতের পুনর্গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব একসঙ্গে আবাসন বাজারের চিত্র বদলে দিচ্ছে।
লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া: উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী সংগঠন ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে গতকাল লস এঞ্জেলসে হোস্ট কমিটির এক গুরুত্বপূর্ণ কার্যকরী পরিষদের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। লস এঞ্জেলসের জনপ্রিয় কলাপাতা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভার আয়োজন করেন হোস্ট কমিটির কনভেনার জয়নাল আবেদীন এবং মেম্বার সেক্রেটারি মাহমুদ ইকবাল। সভায় কনভেনশনের সার্বিক পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন উপকমিটির দায়িত্ব ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় স্কলারশিপ কার্যক্রম, নারী ক্ষমতায়ন (উইমেন এমপাওয়ারমেন্ট), সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর শিডিউলিং, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং হোটেল অ্যাকোমোডেশনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ কনভেনশনকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় আরও জানানো হয়, আগামী ১৩ তারিখ একটি টাউন হল কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হবে, যেখানে বৃহত্তর কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে কনভেনশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আরও আলোচনা করা হবে। সভায় প্রায় ৩০ জন কমিউনিটি নেতৃবৃন্দ ও সংগঠক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হোস্ট কমিটির কনভেনার জয়নাল আবেদীন, আয়োজক কমিটির প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, মেম্বার সেক্রেটারি মোহাম্মদ ইকবাল, চিফ অ্যাডভাইজর মাসুদ রব চৌধুরী, কো কনভেনর হাবিব টিয়া এবং চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ এস হক ও লস্কর আল মামুন, চেয়ারম্যান, মিডিয়া এন্ড পাবলিকেশন এছাড়াও উপস্থিত ছিলেন শিপার চৌধুরী, তুহিন খান, রফিকুল ইসলাম, নজরুল আলম, শহীদ আহমদ মিঠু (কালচারাল সেক্রেটারি), যুব ফোরামের চেয়ারম্যান ড. রাসেল মাহমুদ জুয়েল, মোহাম্মদ লিংকন ও মোহাম্মদ আলী, মোকলেস ভুইয়া, শিমুল কান্তি বড়ুয়া, মেহেদী হাসান, শফিক রহমান, ডাঃ মুশফিকুর হক, সাজিয়া হক সহ কমিউনিটির আরও অনেকে। বক্তারা বলেন, ফোবানা শুধু একটি কনভেনশন নয়; এটি উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি, ঐতিহ্য ও প্রজন্মের বন্ধনের এক মহামিলন। দীর্ঘ চার দশকের ঐতিহ্য বহনকারী এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনভেনশনকে ইতিহাসের অন্যতম সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সভা শেষে উপস্থিত সকলের মধ্যে ৪০তম ফোবানা কনভেনশনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। একই সঙ্গে একটি সফল, বর্ণাঢ্য ও ইতিহাসগড়া ফোবানা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও কমিউনিটি নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩৯টি দেশের নাগরিকদের অভিবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন আবেদনের নিষ্পত্তি স্থগিত করে যে নীতি গ্রহণ করেছিল, তা অবৈধ বলে রায় দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে অবস্থিত ফেডারেল আদালতের প্রধান বিচারক জন ম্যাককনেল এই রায় দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) ৩৯টি আফ্রিকান, এশীয়, লাতিন আমেরিকান এবং মধ্যপ্রাচ্যের দেশের নাগরিকদের লক্ষ্য করে একাধিক বেআইনি নীতি প্রয়োগ করেছিল। মামলাটি দায়ের করে অভিবাসী সেবাদানকারী বিভিন্ন সংগঠন ও শ্রমিক ইউনিয়নের একটি জোট। গত মার্চ মাসে তারা আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করে যে, ২০২৫ সালের নভেম্বর থেকে ইউএসসিআইএস এমন কিছু নীতি কার্যকর করেছে, যার ফলে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের অভিবাসন-সুবিধা সংক্রান্ত আবেদনগুলো কার্যত স্থগিত হয়ে যায়। বিতর্কিত এসব ব্যবস্থার আওতায় আশ্রয় আবেদন, কাজের অনুমতিপত্র, স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্বের আবেদনগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছিল না। সংশ্লিষ্ট দেশগুলো ট্রাম্পের ঘোষিত পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ছিল। ট্রাম্প প্রশাসন এসব নিষেধাজ্ঞাকে জাতীয় নিরাপত্তা ও আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছিল। রায়ে বিচারক ম্যাককনেল বলেন, এসব নীতি যুক্তরাষ্ট্রে বসবাসরত অসংখ্য অভিবাসীর জীবনকে দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত আইনি অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। তাদের অনেকেই জানতেন না, তাদের আবেদন আদৌ নিষ্পত্তি হবে কি না কিংবা তাদের ভবিষ্যৎ অবস্থান কী হবে। জন ম্যাককনেল সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট Barack Obama-এর মনোনীত বিচারক। তিনি তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, প্রশাসনিক সংস্থাগুলো আইনের সীমার বাইরে গিয়ে কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে এমন নীতি গ্রহণ করতে পারে না। রায়ের পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে অভিবাসন অধিকারকর্মীরা এই সিদ্ধান্তকে হাজারো আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ আইনি বিজয় হিসেবে দেখছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা ও কঠোর অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক রয়েছে। সমর্থকদের মতে, এসব পদক্ষেপ নিরাপত্তা জোরদার করতে সহায়ক, অন্যদিকে সমালোচকদের দাবি, নির্দিষ্ট দেশ ও জনগোষ্ঠীকে লক্ষ্য করে নেওয়া এসব ব্যবস্থা বৈষম্যমূলক এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিবাসন ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। সাম্প্রতিক এই রায় সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বৈধতা নিয়ে চলমান আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউরোপের মাটিতে সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে সান মারিনো ফুটবলের একটি ফেসবুক পোস্ট। ওই পোস্টে বাংলাদেশকে ‘চোর’ আখ্যা দিয়ে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ম্যাচ শেষে একটি ছবি পোস্ট করে সান মারিনো ফুটবল লিখেছে, “বাংলাদেশ আমাদের নিজেদের স্টেডিয়ামে একটি সম্পূর্ণ বৈধ গোল থেকে বঞ্চিত করেছে। চোর, অন্যান্য সব এশিয়ান দলের মতোই।” অন্য একটি পোস্টে তারা আরও অভিযোগ করে বলে, “তারা কেবল একটি মাত্র ক্যামেরা বসিয়েছিল এবং সবচেয়ে বড় কথা, তারা ভিএআর (VAR)-এ গিয়ে সেটি দেখারও প্রয়োজন মনে করেনি। আমাদের নিজেদের স্টেডিয়ামেই আমাদের সঙ্গে ডাকাতি করা হলো। তারা একেকজন চোর।” অন্যদিকে মাঠের খেলায় স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ের তলানিতে থাকা সান মারিনো ইউরোপের দল হওয়ায় জার্মানি, স্পেনের মতো বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পায়। সেই হিসেবে ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে বাংলাদেশের এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। এর আগে ২০০০ সালে ইংল্যান্ডে ভারতের বিপক্ষে খেললেও জয় পায়নি বাংলাদেশ। ২০০১ সালে ভারতে বসনিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। দুই অর্ধে একটি করে গোল করে দলকে জয় এনে দেন তিনি। দুটি গোলই আসে তার হেড থেকে। দ্বিতীয়ার্ধে জামাল ভূঁইয়া মাঠ ছাড়ার পর অধিনায়কের আর্মব্যান্ডও তার হাতেই ছিল। প্রথমার্ধে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের কোচ থমাস ডুলি সামিত সোম, জায়ান আহমেদ ও সোহেল রানা জুনিয়রকে মাঠে নামান। সামিত ও জায়ান নামার পর বাংলাদেশের আক্রমণের গতি বাড়ে। একপর্যায়ে বাংলাদেশও একটি গোল থেকে বঞ্চিত হয়। ফয়সাল আহমেদ ফাহিমের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষ ১৫ মিনিটের দিকে বিশ্বনাথ ঘোষকে মাঠে নামান ডুলি। সাধারণত ফুলব্যাক হিসেবে খেললেও এদিন তাকে রাইট উইংয়ে খেলানো হয়। জয়সূচক গোলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর ফ্রি-কিক পেয়ে বিশ্বনাথ ভলি করেন। সে সময় তপু বর্মণ মাটিতে পড়ে ছিলেন। উঠে দাঁড়ানোর সময় তার মাথায় বল লেগে জালে জড়িয়ে যায় এবং বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে যায়। নির্ধারিত সময়ের পর চতুর্থ রেফারি চার মিনিট অতিরিক্ত সময় যোগ করেন। শেষ মুহূর্তে সান মারিনো গোলের চেষ্টা চালালেও সফল হতে পারেনি। একবার বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার হাত ফসকে বল গোললাইনের কাছে চলে গেলেও তা পুরোপুরি লাইন অতিক্রম করেনি। ফলে গোল হজমের হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। শেষ দুই মিনিট নিরাপদে পার করে ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। সান মারিনো ইতালির ভেতরে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র। ইতালিতে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী রোম, ভেনিসসহ বিভিন্ন শহর থেকে ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত হন। গ্যালারির বড় অংশজুড়েই ছিল বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি। ফলে অ্যাওয়ে ম্যাচ হলেও মাঠজুড়ে ছিল অনেকটা হোম ম্যাচের আবহ। তবে ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য সহজ ছিল না। প্রথম দিকে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল সান মারিনো। প্রায় ১০ মিনিট পর বাংলাদেশ ম্যাচে নিজেদের গুছিয়ে নেয়। ১৯ মিনিটে হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে শেখ মোরসালিনের বাড়ানো বলে হেড করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ। গ্যালারিতে উপস্থিত বাংলাদেশি সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ৩৩তম মিনিটে তপু বর্মণের ভুলে সুযোগ পায় সান মারিনো। বেরাদি ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে কাটব্যাক করলে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় থাকা নিকোলাস শট নেন। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা বল স্পর্শ করলেও তা জালে জড়িয়ে যায়। প্রথমার্ধেই আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেখ মোরসালিনের বাড়ানো বল পেয়ে সাদ উদ্দিন গোলরক্ষকের মুখোমুখি হয়েও শট পোস্টের ওপর দিয়ে মারেন। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে তপু বর্মণের দ্বিতীয় গোলেই ইউরোপের মাটিতে প্রথম জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে এক অবিস্মরণীয় ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই রোমাঞ্চকর লড়াইয়ে দলের জয়ের মূল নায়ক ছিলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ। তার পা থেকে আসা দুর্দান্ত দুটি গোলেই নতুন জার্মান কোচ থমাস ডুলির অভিষেক রাঙিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে থাকে বাংলাদেশ দল। ১৭ মিনিটেই অধিনায়ক জামাল ভূঁইয়ার একটি জোরালো শট প্রতিপক্ষ রক্ষণভাগ ব্লক করে দিলেও, কাঙ্ক্ষিত গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯তম মিনিটে ডানপ্রান্ত থেকে শেখ মোরছালিনের মাপা ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তপু বর্মণ। পিছিয়ে পড়ার পর স্বাগতিকরা আক্রমণের ধার বাড়ালে ৩১ মিনিটে বেরার্দির কাটব্যাক থেকে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে গোল শোধ করেন নিকোলাস জাকোপেত্তি। প্রথমার্ধের ৩৮ মিনিটে সাদ উদ্দিন গোলরক্ষককে একা পেয়েও বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারলে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। বাংলাদেশ দলের ডাগআউটে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই দারুণ ফুটবল মস্তিষ্কের পরিচয় দিয়েছেন কোচ থমাস ডুলি। শুরুতে বেঞ্চে রাখলেও দ্বিতীয়ার্ধে একাদশে ব্যাপক রদবদল আনেন তিনি। জামাল ভূঁইয়া ও মোরছালিনকে উঠিয়ে তরুণ স্কোয়াডকে মাঠে নামানো হয়। দ্বিতীয়ার্ধে চমৎকার পাসিং ফুটবলের পসরা সাজায় ডুলির শিষ্যরা। ৪৮ মিনিটে হামজার দুর্দান্ত থ্রু পাস থেকে সোহেল রানা এবং ৫৩ মিনিটে সাদের ক্রসে ফাহিম গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। অন্যদিকে, ৬১ মিনিটে সান মারিনোর কাপিচ্ছিয়োনির একটি ভয়ংকর ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মারমা। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ফের ত্রাতা হয়ে আবির্ভূত হন সেই তপু বর্মণ। ৮৬ মিনিটে বক্সের বাইরে থেকে হামজার নেওয়া একটি ফ্রি-কিক থেকে সৃষ্ট জটলায় বিশ্বনাথ ঘোষের সাইড ভলিতে মাথা ছুঁইয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। শেষ মুহূর্তে এমন রোমাঞ্চকর গোলের পর বিজয়ের আনন্দে জার্সি খুলে বুনো উদযাপনে মেতে ওঠেন তপু। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে শেষ বাঁশি বাজা পর্যন্ত লিড ধরে রেখে ইউরোপের মাটিতে এক স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
নিউইয়র্ক: নিউইয়র্ক স্টেটের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনকে সামনে রেখে ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট ৮৭ থেকে এসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী, সিপিএ’র উদ্যোগে এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দা, কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বুধবার (৪ জুন) ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ‘জাকির ফর দ্য ব্রঙ্কস’ নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ সভায় ডিস্ট্রিক্ট ৮৭-এর বিভিন্ন সমস্যা, কমিউনিটির চাহিদা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য দিতে গিয়ে জাকির চৌধুরী বলেন, ব্রঙ্কসের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি শিক্ষা, জননিরাপত্তা, সাশ্রয়ী আবাসন, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন এবং অভিবাসী কমিউনিটির অধিকার নিয়ে তার অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ডিস্ট্রিক্ট ৮৭-এর মানুষ এমন একজন প্রতিনিধিত্ব চান, যিনি কমিউনিটির বাস্তব সমস্যা বোঝেন এবং সেগুলো সমাধানে কার্যকরভাবে কাজ করতে পারবেন। আমি সেই লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি।” অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জাকির চৌধুরীর দীর্ঘদিনের কমিউনিটি সম্পৃক্ততা, পেশাগত অভিজ্ঞতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি ব্রঙ্কসের বাসিন্দাদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবেন। সভায় ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, তরুণ ভোটারদের সম্পৃক্ত করা এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। আয়োজকরা জানান, প্রাইমারী নির্বাচন পর্যন্ত বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে কমিউনিটি সভা, গণসংযোগ এবং প্রচার কার্যক্রম চালানো হবে। উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটের ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনের আগাম ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৩ থেকে ২১ জুন পর্যন্ত। আর মূল প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ জুন ২০২৬।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’। বাংলাদেশের লোকসংগীত সম্রাট আব্দুল আলীমের স্মরণে আয়োজিত এক সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গত রোববার (৩১ মে) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস সংলগ্ন জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ের একটি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবারসহ অংশ নেন। আয়োজকরা জানান, আব্দুল আলীম বাংলাদেশের সংগীত ইতিহাসে এক অনন্য নাম। তার কালজয়ী গান ও জীবনকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’ গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও সংগীতশিল্পী রানো নেওয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং আব্দুল আলীমের কন্যা জোহরা আলীম নুপুর। এছাড়া প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন প্রবীণ প্রবাসী নাসির খান পল, সাংবাদিক আকবর হায়দার কিরণ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সংগীতশিল্পী বিপ্লব। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লোকসংগীত পরিবেশনা। সংগীতশিল্পী জোহরা আলীম নুপুর ও শিমুল খান তাদের পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। পরিবেশনার ফাঁকে তারা যথাক্রমে আব্দুল আলীম এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খানের স্মৃতিচারণ করেন। আব্দুল আলীমের গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশিত হলে মিলনায়তনে উপস্থিত প্রবাসীদের মধ্যে নস্টালজিক পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবারসহ উপস্থিত থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক কৃষক পরিবারের মেয়ে ক্যাথলিন সেলফের জীবনের গল্প এখন অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। পরিবারের খামারে কাজ করা, বাবার ক্যানসারের সঙ্গে লড়াই এবং পড়াশোনার চাপ সব বাধা পেরিয়ে তিনি এবার পূর্ণ বৃত্তি নিয়ে সুযোগ পেয়েছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। স্থানীয় সংবাদমাধ্যম WBIR-এর প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর বয়সী ক্যাথলিন সেলফ সম্প্রতি টেনেসির হকিন্স কাউন্টির একটি উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই পরিবারের খামারে কাজ ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। ভুট্টা চাষ, খড় বহন এবং গবাদিপশুর দেখাশোনার মতো কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই তার বেড়ে ওঠা। তবে গত বছর তাদের পরিবারের ওপর নেমে আসে কঠিন সময়। ২০২৫ সালের শুরুতে ক্যাথলিনের বাবার শরীরে তৃতীয় ধাপের ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসা চলাকালে পরিবারের খামারের দায়িত্ব অনেকটাই এসে পড়ে ক্যাথলিনের কাঁধে। একই সময়ে তাকে সামলাতে হয়েছে স্কুলের শেষ বর্ষের পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম। WBIR কে দেওয়া সাক্ষাৎকারে ক্যাথলিন বলেন, “বাবার ক্যানসারের খবর আমাদের পুরো পরিবারের জন্য বড় ধাক্কা ছিল।” তাদের পরিবারের ভুট্টা চাষের কাজ সাধারণত শীতের শেষ দিক থেকে গ্রীষ্মকাল পর্যন্ত চলে। বাবার চিকিৎসার কারণে শ্রমিক সমন্বয়, ফসল সংগ্রহ এবং বিক্রির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও তখন ক্যাথলিনকে সামলাতে হয়। তিনি বলেন, “একদিকে পরিবারের পাশে দাঁড়াতে হচ্ছিল, অন্যদিকে পড়াশোনায় মনোযোগ দিতে হচ্ছিল। পুরো বিষয়টি সত্যিই ভীতিকর ছিল।” ক্যাথলিনের ভাষায়, জীবনে সফল হতে হলে আগে পরিবারের দায়িত্ব পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। “আমি যদি ভবিষ্যতে পড়াশোনা ও পেশাগত জীবনে সফল হতে চাই, তাহলে আগে আমাকে নিজের পরিবারকে দেখাশোনা করতে হবে,” বলেন তিনি। পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চাতেও সক্রিয় ছিলেন ক্যাথলিন। স্কুলের মার্চিং ব্যান্ড, কনসার্ট ব্যান্ড ও কয়ার দলে অংশ নিতেন তিনি। শুরুতে বাড়ির কাছাকাছি কোনো কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলেও পরে ‘SARRS Vanderbilt’ নামের একটি বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি হার্ভার্ডে আবেদন করার অনুপ্রেরণা পান। এই কর্মসূচির মাধ্যমে টেনেসির গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে উৎসাহ দেওয়া হয়। হার্ভার্ডে ভর্তির ফল প্রকাশের দিন ক্যাথলিন পূর্ব টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে সংগীতের অডিশনে গিয়েছিলেন। সেদিনই প্রথমে তিনি বার্কলি কলেজ অব মিউজিকে ভর্তির সুযোগ পাওয়ার খবর জানতে পারেন। পরে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে মোবাইলে হার্ভার্ডের ফল দেখে তিনি বিস্মিত হয়ে যান। তিনি বলেন, “আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে আত্মীয়-স্বজনদের ফোন করে খবরটি জানানো হয়।” পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া ছিল আবেগঘন। ক্যাথলিন জানান, সবাই তাকে বলেছিলেন তারা আগেই বিশ্বাস করতেন তিনি সফল হবেন। দীর্ঘ কঠিন সময়ের পর বর্তমানে তার বাবা ক্যানসারমুক্ত এবং সুস্থ আছেন বলে পরিবার জানিয়েছে। আর এ সুখবর যেন পুরো পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে। আগামী শরতে হার্ভার্ডে পড়াশোনা শুরু করবেন ক্যাথলিন। তিনি হার্ভার্ড ও বার্কলি কলেজ অব মিউজিকের যৌথ শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। সংগীত নিয়ে পড়ার আগ্রহ থাকলেও আইন ও শিক্ষা বিষয়েও পড়াশোনার ইচ্ছা রয়েছে তার। গ্রামীণ টেনেসি থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে যাওয়ার বিষয়টি যে বড় পরিবর্তন, সেটিও স্বীকার করেন ক্যাথলিন। তবে সম্প্রতি হার্ভার্ড ক্যাম্পাস ঘুরে এসে তার অনেক উদ্বেগ কেটে গেছে। তিনি বলেন, “ওখানে সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছে। সবারই কিছু না কিছু মানিয়ে নেওয়ার বিষয় থাকে। তাই আমি যতটা আলাদা ভাবছিলাম, বাস্তবে ততটা নয়।” নিজের অভিজ্ঞতা অন্য শিক্ষার্থীদেরও স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন ক্যাথলিন। বিশেষ করে ছোট শহর বা গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “পূর্ব টেনেসি সাধারণত আইভি লিগ শিক্ষার্থীদের জন্য পরিচিত নয়। কিন্তু আমি সবাইকে বলতে চাই চেষ্টা করলে যে কারও পক্ষেই সম্ভব। যদি সত্যিই মন থেকে কিছু চাওয়া যায়, তাহলে সেটি অর্জন করা সম্ভব।” ক্যাথলিন সেলফের এই গল্প এখন শুধু একজন শিক্ষার্থীর সাফল্যের কাহিনি নয়; বরং কঠিন বাস্তবতার মধ্যেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে উঠেছে।
সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা, নামহীন সম্পর্ক বা 'সিচুয়েশনশিপ' কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস বদলানোর দিন হয়তো এবার ফুরোতে চলেছে। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণী বা জেনারেশন জেড (জেন-জি)-এর মধ্যে ডেটিং বা প্রেমের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটি প্রবণতা বা ট্রেন্ড ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই নতুন ট্রেন্ডের মূল কথা হলো—সম্পর্কের প্রচলিত সব নিয়মকানুন ছুড়ে ফেলে দিয়ে, কোনো একটি সম্পর্ককে তার নিজস্ব গতিতে এগোতে দেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিংয়ের দুনিয়ায় নতুন এই শব্দটিকে বলা হচ্ছে ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ (Wildflowering)। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই নতুন ট্রেন্ডের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ শব্দটির আক্ষরিক অর্থ অনেকটা বুনো ফুলের মতো ফুটে ওঠা। এই ট্রেন্ডটি মূলত সিঙ্গেল বা অবিবাহিত তরুণ-তরুণীদের উৎসাহিত করে, যেন তারা রোমান্টিক সম্পর্ককে কোনো চাপ ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে দেন। এখানে সম্পর্কের কোনো তকমা বা নাম (লেবেল) থাকে না, নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না এবং সম্পর্কটি ঠিক কোন দিকে এগোচ্ছে বা এর ভবিষ্যৎ কী, তা নির্ধারণ করার কোনো চাপও থাকে না। সোজা কথায়, আগামী পাঁচ বছর পর সম্পর্কটি কোথায় গিয়ে দাঁড়াবে সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার বদলে, "দেখা যাক না, সম্পর্কটা কোন দিকে যায়"—এমন নির্ভার চিন্তাধারাই হলো ওয়াইল্ডফ্লাওয়ারিং। বর্তমান যুগে ডেটিং বিষয়টি অনেকের কাছেই বেশ ক্লান্তিকর হয়ে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা মেসেজের অর্থ বিশ্লেষণ করা, ডেটিং অ্যাপে কার সাথে কীভাবে কথা বলতে হবে তার কৌশল নিয়ে মাথা ঘামানো এবং ঠিক কোন মুহূর্তে গিয়ে সম্পর্কটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তা নিয়ে অবিরাম বিতর্ক চলতেই থাকে। বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের এই ‘ওভারথিংকিং’ বা অতিরিক্ত চিন্তাভাবনার নিখুঁত প্রতিষেধক হিসেবেই উঠে এসেছে ওয়াইল্ডফ্লাওয়ারিং। এই ধারণার মূল ভিত্তি খুব সহজ: একটি সম্পর্ককে জোর করে কোনো পূর্বনির্ধারিত ছাঁচে ফেলার চেষ্টা বন্ধ করা এবং সেটিকে তার নিজস্ব গতিতে উন্মোচিত হতে দেওয়া। আধুনিক শহুরে জীবনে হাঁপিয়ে ওঠা অনেক সিঙ্গেল মানুষের কাছেই এই বিষয়টি অত্যন্ত স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে। 'আনসিঙ্গেল: হাউ টু ডেট স্মার্টার অ্যান্ড ক্রিয়েট লাভ দ্যাট লাস্টস' বইয়ের লেখিকা এবং প্রখ্যাত ডেটিং কোচ অ্যামি চ্যান এই বিষয়ে তার বিশেষজ্ঞ মতামত দিয়েছেন। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যারা প্রতিটি ফার্স্ট ডেট বা প্রথম দেখাকে অনেকটা বিয়ের ইন্টারভিউ বা চাকরির সাক্ষাৎকারের মতো মনে করেন, তাদের জন্য এই পদ্ধতিটি বিশেষ উপকারী হতে পারে। অ্যামি চ্যান বলেন, "আপনি যদি এমন কেউ হন, যিনি প্রথম বা দ্বিতীয় ডেটেই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভেবে ফেলেন; ভাবতে শুরু করেন যে সামনের মানুষটি আপনার জীবনসঙ্গী হতে পারবে কি না বা আপনাদের ভবিষ্যৎ সন্তানের বাবা/মা হওয়ার যোগ্য কি না, তাহলে আপনার কিছুটা থামা প্রয়োজন। অনেকেই মনের ভেতরে থাকা একটি অদৃশ্য চেকলিস্ট মেলানোর জন্য ইন্টারভিউ স্টাইলে প্রশ্ন করতে থাকেন। এমন ব্যক্তিদের ক্ষেত্রে সম্পর্কের বিষয়ে আরও বেশি শিথিল ও স্বাভাবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করাটা উপকারী হতে পারে।" তিনি জোর দিয়ে বলেন, ডেটিংয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফিনিশিং লাইনের দিকে দৌড়ানোর চেয়ে বরং কৌতূহলী থাকা, নিজেকে জানা এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি আসলে কী চান, তা বোঝার চেষ্টা করা বেশি জরুরি। তবে, যারা খুব বেশি রোমান্টিক এবং সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মানদণ্ডগুলোকে সম্পূর্ণ বিসর্জন দিতে প্রস্তুত, তাদের জন্য বিশেষজ্ঞরা কিছু সতর্কবার্তাও দিয়েছেন। এই ট্রেন্ডের একটি অন্ধকার দিক বা ঝুঁকিও রয়েছে।. আরেক প্রখ্যাত ডেটিং কোচ ড্যামোনা হফম্যান মনে করেন, আধুনিক ডেটিংয়ের ‘গ্যামিফিকেশন’ বা সব কিছুকে খেলা হিসেবে নেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, তার একটি প্রতিক্রিয়া হিসেবেই এই ওয়াইল্ডফ্লাওয়ারিং ট্রেন্ডের জন্ম। বর্তমানে ডেটিং অ্যাপগুলোতে অবিরাম সোয়াইপ করা, ম্যাচ করা এবং একই সাথে একাধিক মানুষের সাথে কথোপকথন চালিয়ে যাওয়ার কারণে রোমান্স বা প্রেমকে সত্যিকারের মানবিক সম্পর্কের চেয়ে একটি গেম বা খেলা বলে বেশি মনে হয়। ড্যামোনা হফম্যান সতর্ক করে বলেন, সম্পর্কের ক্ষেত্রে সমস্ত প্রত্যাশা যদি একেবারেই ছেড়ে দেওয়া হয়, তবে শেষ পর্যন্ত অনেকেই হতাশ হতে পারেন, বিশেষ করে তারা যদি নিজেরা পরিষ্কার না থাকেন যে তারা দিন শেষে আসলে কী চান। সব কিছু সময়ের ওপর ছেড়ে দিলে অনেক সময় মানুষ লক্ষ্যহীনভাবে ঘুরপাক খেতে থাকে। তাহলে এই ওয়াইল্ডফ্লাওয়ারিং কাদের জন্য কার্যকর? ডেটিং কোচ অ্যামি চ্যানের মতে, এটি নির্ভর করে মানুষের নিজস্ব ডেটিংয়ের ধরনের ওপর। যারা হুট করেই দ্রুত কোনো সিরিয়াস সম্পর্কে জড়িয়ে পড়েন, তাদের জন্য একটু ধীরগতিতে চলা এবং সম্পর্ককে স্বাভাবিকভাবে গড়ে উঠতে দেওয়াটা ইতিবাচক হতে পারে। অন্যদিকে, যারা এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে দ্রুত লাফিয়ে বেড়ান এবং কখনোই কোনো গভীর মানসিক সংযোগ তৈরি করেন না, তাদের ক্ষেত্রে বরং এই অবাধ স্বাধীনতার চেয়ে কিছুটা নিয়মতান্ত্রিক কাঠামোর প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, একটি নিখুঁত বা আদর্শ সম্পর্ক আসলে এক্সেল শিটে করা নিখুঁত পরিকল্পনা এবং সম্পূর্ণ বিশৃঙ্খল রোমান্সের ঠিক মাঝামাঝি কোনো এক জায়গায় অবস্থান করে। কিছুটা স্বতঃস্ফূর্ততা ডেটিংকে আনন্দদায়ক রাখতে পারে, আবার কিছু নিজস্ব মানদণ্ড বা প্রত্যাশা সম্পর্কটিকে একটি অন্তহীন ও অর্থহীন ‘সিচুয়েশনশিপ’-এ পরিণত হওয়া থেকে রক্ষা করতে পারে। কারণ বুনো ফুল কোনো মালির যত্ন ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে উঠলেও, একটি সম্পর্ককে সুন্দরভাবে প্রস্ফুটিত হতে হলে তাতে অন্তত সামান্যতম দিকনির্দেশনা ও যত্নের প্রয়োজন হয়। ওয়াইল্ডফ্লাওয়ারিংয়ের এই ধারণাটি মূলত তরুণ প্রজন্মের একটি বৃহত্তর আন্দোলনের অংশ। জেন-জি প্রজন্মের অনেকেই এখন প্রশ্ন তুলছেন, প্রেমে পড়ার জন্য আদৌ কোনো নির্দিষ্ট নিয়মনীতি বা রুলবুকের প্রয়োজন আছে কি না। এর আগে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, তরুণ প্রজন্মের একটি বড় অংশ প্রেমের ক্ষেত্রে অপ্রচলিত পদ্ধতি গ্রহণ করছে, যার মধ্যে ‘রিলেশনশিপ অ্যানার্কি’ (Relationship Anarchy) বা সম্পর্কের নৈরাজ্যবাদ অন্যতম। ২০০৬ সালে সুইডিশ লেখিকা অ্যান্ডি নর্ডগ্রেন এই দর্শনের প্রবর্তন করেন। এই দর্শন অনুযায়ী, একজন মানুষের জীবনে কেবল রোমান্টিক সম্পর্কই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে—সমাজের এমন প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা হয়। এর বদলে তারা বন্ধুত্ব, সৃজনশীল অংশীদারত্ব এবং অন্যান্য মানবিক সম্পর্কগুলোকেও রোমান্টিক সম্পর্কের মতোই সমান গুরুত্ব দিয়ে থাকেন। সেক্স-পজিটিভ ডেটিং অ্যাপ 'ফিল্ড' (Feeld) এবং শিক্ষাবিদ রুবি রেয়ারের ২০২৫ সালের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচজন তরুণ-তরুণীর মধ্যে একজন হয়তো নিজের অজান্তেই কোনো না কোনোভাবে এই 'রিলেশনশিপ অ্যানার্কি' বা প্রথাগত নিয়মের বাইরের সম্পর্ক চর্চা করছেন। গবেষণায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এই ধরনের জীবনযাপনের কারণে তারা আগের চেয়ে কম একাকীত্ব অনুভব করেন এবং মানসিকভাবে বেশি সমর্থন পান। তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথাগত সম্পর্কের কোনো মাইলফলক না থাকায়, সম্পর্কের সীমানা নির্ধারণ করা এবং প্রত্যাশাগুলো পূরণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ওয়াইল্ডফ্লাওয়ারিংয়ের মতো এই দর্শনগুলো মূলত সম্পর্কের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা, সামাজিক চাপ এবং সমাজ নির্ধারিত ছাঁচে নিজেকে খাপ খাওয়ানোর বিরুদ্ধে এক ধরনের নীরব প্রতিবাদ। এই দুটি ট্রেন্ডই প্রমাণ করে যে, আধুনিক তরুণ ডেটাররা এখন ঐতিহ্যের চেয়ে স্বকীয়তা এবং চেকলিস্ট মেলানোর চেয়ে প্রকৃত মানসিক সংযোগকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। অবশ্য, কোনো পদ্ধতিই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। বিশেষজ্ঞরা যেমন সতর্ক করেছেন যে, ওয়াইল্ডফ্লাওয়ারিং অনেক সময় মানুষকে কমিটমেন্ট বা দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার দিকে ঠেলে দিতে পারে, তেমনি রিলেশনশিপ অ্যানার্কির ক্ষেত্রেও ভুল বোঝাবুঝি ও মানসিক আঘাত এড়াতে প্রচুর পারস্পরিক যোগাযোগ এবং আত্মসচেতনতার প্রয়োজন হয়। তারপরেও, যে প্রজন্ম ডেটিং অ্যাপের যান্ত্রিকতা, নামহীন সম্পর্ক এবং অন্তহীন নিয়মের বেড়াজালে ক্লান্ত হয়ে পড়েছে, তাদের কাছে এই স্বাধীন দৃষ্টিভঙ্গির আবেদন বোঝা খুব কঠিন কিছু নয়। সম্পর্ককে প্রাকৃতিকভাবে বিকশিত হতে দেওয়া হোক কিংবা সম্পর্কের প্রচলিত সংজ্ঞাকে নতুন করে সাজানো হোক—জেন-জি প্রজন্মের অনেকেই মূলত একটি জিনিসই খুঁজছেন, আর তা হলো: আধুনিক যুগের যান্ত্রিক প্রেমকে কিছুটা হলেও স্ক্রিপ্ট বা পূর্বপরিকল্পনার বাইরে নিয়ে আসার একটি উপায়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরের রিয়েল এস্টেট অঙ্গনে বাংলাদেশি উদ্যোক্তা নাজমুল হোসেন ও তার টিম নতুন করে আলোচনায় এসেছেন। স্থানীয়ভাবে ধারাবাহিক পেশাদার সেবা, গ্রাহকদের আস্থা অর্জন এবং কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার কারণে তার নেতৃত্বাধীন “নাজমুল রিয়েল এস্টেট টিম” এখন পশ্চিম নিউইয়র্ক অঞ্চলে পরিচিত একটি নাম। সম্প্রতি বাফেলোভিত্তিক প্রকাশনা বাফেলো রিয়েল প্রডিউসারস ম্যাগাজিন-এর বিশেষ সংখ্যায় স্থান পেয়েছে “দ্য এমডি নাজমুল হুসেইন টিম”। সাধারণত রিয়েল এস্টেট খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজ তুলে ধরতেই এ ধরনের প্রকাশনা বিশেষ প্রতিবেদন প্রকাশ করে থাকে। সেখানে একটি বাংলাদেশি নেতৃত্বাধীন টিমের অন্তর্ভুক্তি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে। জানা গেছে, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে বাফেলো ও আশপাশের এলাকায় বাড়ি কেনাবেচা, বিনিয়োগ পরামর্শ এবং নতুন ক্রেতাদের সহায়তা নিয়ে কাজ করছেন। বিশেষ করে দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে বাড়ি কেনার বিভিন্ন প্রক্রিয়া সহজভাবে তুলে ধরা এবং নির্ভরযোগ্য পরামর্শ দেওয়ার কারণে তার টিম দ্রুত গ্রহণযোগ্যতা পেয়েছে। স্থানীয় কমিউনিটির কয়েকজন সদস্য জানান, ভাষা ও সংস্কৃতিগত বোঝাপড়ার কারণে বাংলাদেশি এবং অন্যান্য অভিবাসী পরিবারগুলো নাজমুল হোসেনের টিমের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারছেন। ফলে নতুন অভিবাসীদের জন্য বাড়ি কেনা বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াও তুলনামূলক সহজ হচ্ছে। প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন বলেন, রিয়েল এস্টেট শুধু ব্যবসা নয়, এটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের অংশ। তাই প্রতিটি গ্রাহকের প্রতি দায়িত্বশীল আচরণ এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন। তিনি এই অর্জনের কৃতিত্ব পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টাকে দিয়েছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোক্তাদের উপস্থিতি এখন শুধু ছোট ব্যবসা বা রেস্টুরেন্ট খাতেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, আর্থিক খাতের পাশাপাশি রিয়েল এস্টেটেও প্রবাসী বাংলাদেশিরা নিজেদের অবস্থান শক্ত করছেন। বাফেলো অঞ্চলে নাজমুল হোসেনের এই সাফল্য সেই ধারারই একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে সেবার পরিধি আরও বাড়ানো এবং নতুন প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন নাজমুল হোসেন। তার ভাষায়, গ্রাহকদের আস্থা ধরে রাখাই তাদের সবচেয়ে বড় লক্ষ্য। সব মিলিয়ে, নিউইয়র্কের বাফেলো শহরের রিয়েল এস্টেট খাতে নাজমুল হোসেন ও তার টিমের এই সাফল্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের একটি অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণের পরিকল্পনা করা বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক শর্ত যুক্ত হয়েছে। মার্কিন সরকারের ভিসা বন্ড কর্মসূচির আওতায় বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের ভিসা আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য আর্থিক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই উদ্যোগের মূল লক্ষ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান বা ওভারস্টে কমানো। নতুন এই নীতির ফলে পর্যটন, ব্যবসা কিংবা অন্যান্য স্বল্পমেয়াদি সফরে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও ব্যয়বহুল ও কঠোর হতে পারে। কী এই ভিসা বন্ড? ভিসা বন্ড হলো এক ধরনের ফেরতযোগ্য আর্থিক জামানত, যা নির্দিষ্ট দেশের নাগরিকদের কাছ থেকে অস্থায়ী ভিসা দেওয়ার আগে নেওয়া হতে পারে। এর উদ্দেশ্য হলো ভিসাধারীরা যেন ভিসার শর্ত মেনে চলেন এবং অনুমোদিত সময় শেষ হলে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। প্রতিবছর যুক্তরাষ্ট্র বিপুলসংখ্যক শিক্ষার্থী, পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের নন-ইমিগ্র্যান্ট ভিসা দিয়ে থাকে। এর মধ্যে বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসা অন্যতম। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। তবে অনুমোদিত সময় শেষ হওয়ার পরও কেউ যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তা ‘ভিসা ওভারস্টে’ হিসেবে বিবেচিত হয়, যা দেশটির অভিবাসন আইনের লঙ্ঘন। নতুন নিয়মে কী বলা হয়েছে? মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষিত নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের মধ্যে একটি বন্ড জমা দিতে হতে পারে। আবেদনকারী বিশ্বের যে দেশ থেকেই আবেদন করুন না কেন, এই নিয়ম তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, চাকরি, আয়, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করে বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন। বন্ড জমা দেওয়ার জন্য আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম Pay.gov-এর মাধ্যমে সম্মতি জানাতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আই-৩৫২ ফরমও পূরণ করতে হবে। ভিসাধারী যদি নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন এবং ভিসার সব শর্ত মেনে চলেন, তাহলে জমা দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে। নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার বাধ্যতামূলক পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ভিসা পাওয়া ব্যক্তিদের নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর দিয়েই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশত্যাগ করতে হবে। এসব বিমানবন্দর হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) এবং ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। কেন চালু করা হচ্ছে এই নীতি? মার্কিন প্রশাসনের দাবি, যেসব দেশের নাগরিকদের মধ্যে ভিসা ওভারস্টের হার তুলনামূলক বেশি, মূলত সেসব দেশকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী অনুমোদিত সময় পার হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। মার্কিন কর্তৃপক্ষের ধারণা, ভিসা বন্ড চালু হলে ওভারস্টের হার কমবে এবং ভিসা ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আসবে। এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের বৃহত্তর নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। কোন দেশগুলো প্রভাবিত হবে? সাম্প্রতিক ঘোষণায় মোট ৩৮টি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান ও নেপাল। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশও তালিকাভুক্ত হয়েছে। তবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার প্রোগ্রামে অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকরা এই নিয়মের বাইরে থাকবেন। ছাড় পাওয়ার সুযোগ আছে কি? মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সীমিত কিছু ক্ষেত্রে ভিসা বন্ড মওকুফ করা হতে পারে। যেমন যুক্তরাষ্ট্র সরকারের সরকারি কাজে ভ্রমণ বা জরুরি মানবিক প্রয়োজনের ক্ষেত্রে। তবে সাধারণ পর্যটক বা ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য এ ধরনের ছাড় পাওয়ার সম্ভাবনা সীমিত। আগে কি এমন উদ্যোগ নেওয়া হয়েছিল? ভিসা বন্ডের ধারণা নতুন নয়। নিউজিল্যান্ড একসময় ওভারস্টে নিয়ন্ত্রণে এ ব্যবস্থা চালু করেছিল, যদিও পরে তা বাতিল করা হয়। ২০১৩ সালে যুক্তরাজ্যও কিছু উচ্চ ঝুঁকির দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড চালুর পরিকল্পনা করেছিল, তবে সেটি বাস্তবায়িত হয়নি। এ ছাড়া ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ২০২০ সালেও যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ভ্রমণ কমে যাওয়ায় পরিকল্পনাটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশিদের ওপর সম্ভাব্য প্রভাব বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণের পরিকল্পনা করা অনেক পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীর জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে। সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকার বেশি হওয়ায় এটি অনেক আবেদনকারীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে এই অর্থ ফেরতযোগ্য হওয়ায় যারা ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন, তারা বন্ডের অর্থ ফেরত পাবেন। ফলে এটিকে স্থায়ী ব্যয় হিসেবে নয়, অস্থায়ী আর্থিক নিশ্চয়তা হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় এসে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী বা ওভারস্টে করা ব্যক্তিদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে, ভিজিট ভিসায় এসে ছয় মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থানকারীরা ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া, বৈধ অভিবাসন সুবিধা গ্রহণ এবং পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় একজন ভিজিটরের জন্য যে সময়সীমা অনুমোদন করা হয়, সেই সময়সীমা অতিক্রম করলেই তাকে ওভারস্টে হিসেবে গণ্য করা হয়। অনেক ক্ষেত্রে ভিসার মেয়াদ বহাল থাকলেও আই-৯৪ রেকর্ডে নির্ধারিত থাকার সময় শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি আইনগত জটিলতায় পড়তে পারেন। বিশেষজ্ঞরা জানান, ১৮০ দিনের কম সময় ওভারস্টে করলে ভবিষ্যতে ভিসা আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সম্মুখীন হতে হয়। তবে কেউ যদি ১৮০ দিনের বেশি কিন্তু এক বছরের কম সময় অবৈধভাবে অবস্থান করে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে তার ওপর তিন বছরের পুনঃপ্রবেশ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। আর এক বছরের বেশি সময় ওভারস্টে করলে যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের ক্ষেত্রে ১০ বছরের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আশঙ্কা থাকে। সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতির কঠোর প্রয়োগের কারণে ওভারস্টে করা ব্যক্তিদের আবেদন মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও সতর্ক অবস্থান গ্রহণ করছেন। ফলে দীর্ঘ সময় ধরে ভিজিট ভিসায় অবস্থানকারীদের জন্য নতুন কোনো অভিবাসন সুবিধা বা বৈধতার সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন অভিবাসন ফোরাম এবং অভিজ্ঞ আইনজীবীদের পর্যবেক্ষণেও দেখা যাচ্ছে, ওভারস্টে সংক্রান্ত বিষয়গুলো বর্তমানে আবেদন মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে। অভিবাসন আইনজীবীরা সতর্ক করে বলেছেন, যারা বর্তমানে ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় ভবিষ্যতে ভিসা নবায়ন, স্থায়ী বসবাসের আবেদন কিংবা পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি হতে পারে। তারা আরও পরামর্শ দিয়েছেন, ওভারস্টে-সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে দ্রুত অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর সঙ্গে পরামর্শ করা এবং যথাসময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ পথ। এ বিষয়ে অ্যাটর্নি খায়রুল বাশার বলেন, আগে অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে এসে ওভারস্টে করলেও তার নিকটাত্মীয়, যেমন স্বামী-স্ত্রী, বাবা-মা বা সন্তান দেশটিতে বৈধভাবে অবস্থান করলে পরিস্থিতি বিবেচনায় কিছু ছাড় পাওয়া যেত। তবে বর্তমানে সেই সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি বলেন, অতীতে যারা ওভারস্টে করেছেন বা বর্তমানে ওভারস্টের অবস্থায় রয়েছেন, তারা ইমিগ্রেশন সুবিধার জন্য আবেদন করলে অনেক ক্ষেত্রেই আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। কিছু ক্ষেত্রে বিষয়টি আদালত পর্যন্ত গড়াচ্ছে। খায়রুল বাশার আরও বলেন, যারা ওভারস্টে করে পরবর্তীতে স্ট্যাটাস অ্যাডজাস্ট করার পরিকল্পনা করছেন, তাদের সফল হওয়ার সম্ভাবনা এখন আগের তুলনায় অনেক কম। তাই কেউ যেন ইচ্ছাকৃতভাবে ওভারস্টে না করেন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকতে চাইলে নিজের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কোনো ক্যাটাগরিতে আবেদন করা উচিত। এ ক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, অনেকেই সামান্য ফি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেরাই আবেদনপত্র জমা দেন। পরে দেখা যায়, প্রয়োজনীয় নথি ও আইনি বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন না হওয়ায় আবেদন অনুমোদিত হয় না এবং বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়। তাই কোনো আবেদন করার আগে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ। তিনি আরও বলেন, ওভারস্টে একটি গুরুতর সমস্যা। এর ফলে আরোপিত নিষেধাজ্ঞা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগকে অনিশ্চিত করে তুলতে পারে। একই সঙ্গে অভিবাসন আইন ও নীতিমালায় প্রতিনিয়ত পরিবর্তন আসায় আবেদনকারী ও অপেক্ষমাণদের জন্য প্রক্রিয়াটি আরও কঠিন হয়ে উঠছে। তবে যারা বর্তমানে কোনো বৈধ অভিবাসন স্ট্যাটাস ছাড়া অবস্থান করছেন, তাদের উচিত নিজেদের যোগ্যতা ও পরিস্থিতি মূল্যায়ন করে আইনজীবীর পরামর্শে অন্তত একটি বৈধ আবেদন দাখিল করা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাড়ির মালিকদের জন্য বড় ধরনের কর ছাড়ের একটি প্রস্তাব অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। নতুন এই উদ্যোগ অনুযায়ী, নিজস্ব বসতবাড়ির ক্ষেত্রে আড়াই লাখ ডলার পর্যন্ত সম্পত্তি কর ছাড়ের সুবিধা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন বিষয়টি ২০২৬ সালের নভেম্বর মাসে সাধারণ ভোটে জনগণের মতামতের জন্য তোলা হবে। মঙ্গলবার গভর্নরের ডাকা বিশেষ অধিবেশনে ফ্লোরিডা সিনেট প্রস্তাবটি পাস করে। এতে বলা হয়েছে, যেসব বাড়িতে মালিক নিজে বসবাস করেন, সেসব বাড়ির ওপর নির্ধারিত কিছু সম্পত্তি কর কমানো হবে। তবে শিক্ষা খাতের কর এই সুবিধার আওতার বাইরে থাকবে। ফ্লোরিডা সিনেটের সভাপতি বেন অ্যালব্রিটন বলেন, নিজের একটি বাড়ি থাকা দীর্ঘদিন ধরেই আমেরিকান স্বপ্নের অংশ। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার ২৫০ বছর পূর্তিকে সামনে রেখে এই কর ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, এতে সাধারণ পরিবারগুলো আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে। প্রস্তাবটির সমর্থক সিনেটর ব্রায়ান আভিলা বলেন, নিজের জমি ও বাড়িতে স্বাধীনভাবে বসবাস করা দেশটির মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। তিনি জানান, নতুন এই উদ্যোগ পরিবারগুলোর ব্যয় কমাতে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষা, আইনশৃঙ্খলা, সড়ক ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ সেবার অর্থায়ন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাব কার্যকর করতে হলে নির্বাচনে অন্তত ৬০ শতাংশ ভোটারের সমর্থন প্রয়োজন হবে। ভোটাররা অনুমোদন দিলে ধাপে ধাপে এই কর ছাড় চালু করা হবে। এদিকে, নতুন পরিকল্পনায় একজন বাড়ির মালিক কত টাকা সাশ্রয় করতে পারবেন, তা জানাতে অঙ্গরাজ্য প্রশাসন একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। সেখানে বাসিন্দারা নিজেদের সম্ভাব্য কর ছাড়ের হিসাব দেখতে পারবেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ফ্লোরিডায় বাড়ির দাম ও সম্পত্তি কর উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের ওপর আর্থিক চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে কর কমানোর এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
মঙ্গলবার, ২ জুন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন দেশটির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে আইওয়া, নিউজার্সি থেকে নিউ মেক্সিকো পর্যন্ত অনুষ্ঠিত এই ভোট শুধু প্রার্থীদের মনোনয়ন নির্ধারণ করেনি; বরং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক শক্তির অবস্থান, নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ সম্পর্কেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে রিপাবলিকান রাজনীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব কতটা অটুট রয়েছে এবং ডেমোক্র্যাটরা কোথায় নতুন ভোটার জোট গড়ে তুলতে পারছে, সে প্রশ্নগুলোর আংশিক উত্তর মিলেছে এই নির্বাচনী রাতে। সবচেয়ে বেশি নজর ছিল ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের প্রাইমারিতে। গভর্নর গেভিন নিউসমের দুই মেয়াদের সমাপ্তির পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যে নেতৃত্বের নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। এ নির্বাচনে অংশ নেন ৬১ জন প্রার্থী। ভোট গণনায় সাবেক স্বাস্থ্য ও মানবসেবা সেক্রেটারি জেভিয়ার বেসেরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় স্থান নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। রিপাবলিকান ভাষ্যকার স্টিভ হিলটন এবং ডেমোক্র্যাটিক বিলিয়নিয়ার ও পরিবেশকর্মী টম স্টেয়ার প্রায় সমান অবস্থানে থাকায় চূড়ান্ত ফল জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। ক্যালিফোর্নিয়ার ‘টপ-টু’ প্রাইমারি পদ্ধতিতে দল নির্বিশেষে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ কারণে ডেমোক্র্যাটদের মধ্যে আশঙ্কা ছিল ভোট বিভক্ত হলে দুই রিপাবলিকান প্রার্থীই নভেম্বরের নির্বাচনে জায়গা করে নিতে পারেন। আপাতত সেই সম্ভাবনা দূর হয়েছে। অন্যদিকে আইওয়ায় দেখা গেছে নির্বাচনী রাতের অন্যতম বড় চমক। রিপাবলিকান গভর্নর প্রাইমারিতে অধিকাংশ পূর্বাভাসকে ভুল প্রমাণ করে কৃষক ও ব্যবসায়ী জ্যাক লান ট্রাম্প-সমর্থিত কংগ্রেসম্যান র্যান্ডি ফিনস্ট্রাকে পরাজিত করেছেন। নির্বাচনের আগে জ্যাক লানকে শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের একজন হিসেবে বিবেচনা করা হয়নি। তবে ফলাফল ইঙ্গিত দিচ্ছে, আইওয়ার রিপাবলিকান ভোটারদের একটি অংশ প্রচলিত রাজনৈতিক ধারা থেকে ভিন্ন বার্তা দিতে চেয়েছেন। এই ফলাফল জাতীয় রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে রিপাবলিকান রাজনীতিতে ট্রাম্পের সমর্থনকে বিজয়ের অন্যতম প্রধান নিশ্চয়তা হিসেবে দেখা হলেও আইওয়ার ফলাফল সেই ধারণাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। একই সঙ্গে ‘মেক আমেরিকা হেলদি অ্যাগেইন’ (এমএএইচএ) আন্দোলনের প্রভাবও দৃশ্যমান হয়েছে। স্বাস্থ্য ও খাদ্যনীতি-কেন্দ্রিক এই রাজনৈতিক ধারাটি রিপাবলিকান ভোটারদের একটি অংশের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে বলে ধারণা করা হচ্ছে। আইওয়ার সিনেট নির্বাচনও জাতীয় পর্যায়ে গুরুত্ব পাচ্ছে। দীর্ঘদিনের রিপাবলিকান সিনেটর জোনি আর্নস্টের আসনে ডেমোক্র্যাটিক মনোনয়ন পেয়েছেন প্যারালিম্পিয়ান ও আইনপ্রণেতা জশ তুরেক। রিপাবলিকানদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসওম্যান অ্যাশলি হিনসন। নভেম্বরে এই লড়াই সিনেটের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউজার্সিতে সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি ছিল ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে। দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালনের পর কংগ্রেসওম্যান বনি ওয়াটসন কোলম্যান অবসরের ঘোষণা দিলে আসনটি উন্মুক্ত হয়ে যায়। ডেমোক্র্যাটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন প্রার্থী। শেষ পর্যন্ত বিজয়ী হন ডা. আদম হামাওয়ি। মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান হামাওয়ি সাত মাস বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। পরে তিনি মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও কমব্যাট ট্রমা সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। ইরাক যুদ্ধ এবং হাইতির বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় চিকিৎসাসেবা প্রদান করেছেন তিনি। ২০০৪ সালে ইরাকে হেলিকপ্টার হামলায় আহত বর্তমান সিনেটর ট্যামি ডাকওয়ার্থের জীবন রক্ষার ঘটনায় তিনি জাতীয় পরিচিতি লাভ করেন। বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং সিনেটর ট্যামি ডাকওয়ার্থের সমর্থন তার প্রচারণাকে আরও শক্তিশালী করে। গাজায় চিকিৎসা মিশনে অংশগ্রহণের অভিজ্ঞতাও তাকে মুসলিম, আরব এবং প্রগতিশীল ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। নভেম্বরে তিনি রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলের মুখোমুখি হবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসনটির অতীত ভোটের ধারা বিবেচনায় হামাওয়ি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নির্বাচিত হলে তিনি নিউজার্সি থেকে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হিসেবে ইতিহাস গড়বেন। নিউজার্সির সপ্তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টেও গুরুত্বপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। সেখানে সাবেক নৌবাহিনীর হেলিকপ্টার পাইলট রেবেকা বেনেট ডেমোক্র্যাটিক মনোনয়ন নিশ্চিত করেছেন। নভেম্বরে তার প্রতিদ্বন্দ্বী হবেন বর্তমান রিপাবলিকান কংগ্রেসম্যান টম কিন জুনিয়র। তবে এই আসনের আলোচনায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি টম কিনের স্বাস্থ্যগত বিষয়ও উঠে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে জনসমক্ষে তার সীমিত উপস্থিতি রিপাবলিকান শিবিরে উদ্বেগ তৈরি করেছে। ফলে এটিকে এখন নিউজার্সির অন্যতম গুরুত্বপূর্ণ ‘সুইং ডিস্ট্রিক্ট’ হিসেবে দেখা হচ্ছে। এদিকে সিনেটর কোরি বুকার সহজেই নিজের প্রাইমারি জয় করে মূল নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। নিউ মেক্সিকোতে সাবেক হোম সেক্রেটারি ডেব হালান্ড ডেমোক্র্যাটিক গভর্নর প্রাইমারিতে বিজয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নেটিভ আমেরিকান ক্যাবিনেট সদস্য হিসেবে পরিচিত হালান্ড এখন গভর্নর পদে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। মন্টানায় রিপাবলিকান মনোনয়ন পেয়েছেন অ্যারন ফ্লিন্ট। অন্যদিকে সাউথ ডাকোটায় বর্তমান গভর্নর ল্যারি রোডেন নিজের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করেছেন। ফলে এই দুই অঙ্গরাজ্যেও নভেম্বরের নির্বাচনী সমীকরণ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। তবে পুরো নির্বাচনী রাতের সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রভাব আগের মতোই নিরঙ্কুশ রয়েছে কি না। আইওয়ার ফলাফল অন্তত ইঙ্গিত দিচ্ছে, রিপাবলিকান ভোটারদের একটি অংশ নতুন ধরনের নেতৃত্ব এবং নতুন রাজনৈতিক বার্তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। একই সময়ে ডেমোক্র্যাটরাও নতুন ভোটার জোট গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর রাজনৈতিক ভারসাম্য এখন অনেকটাই নির্ভর করছে আগামী নভেম্বরের নির্বাচনের ওপর। ২ জুনের প্রাইমারি নির্বাচনকে তাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অনিশ্চিত এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লড়াইয়ে পরিণত হতে পারে।
নিউইয়র্ক সিটিতে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার কর্মসূচি ‘২-কে’-র আবেদন প্রক্রিয়া মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মেয়র জোহরান মামদানির সাশ্রয়ী ও সর্বজনীন চাইল্ড কেয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচির মাধ্যমে শহরের সব শ্রেণির পরিবারের শিশুদের বিনামূল্যে সেবা দেওয়া হবে, যা শহরের ইতিহাসে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে। শহর প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নিউইয়র্কে কেন্দ্রভিত্তিক চাইল্ড কেয়ার সেবার জন্য পরিবারগুলোকে গড়ে বছরে ২৩ হাজার ডলারেরও বেশি ব্যয় করতে হয়েছে। কার্যক্রম অনুযায়ী, আগ্রহী পরিবারগুলো শিক্ষা বিভাগের অনলাইন পোর্টাল ‘মাইস্কুলস’-এ আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ৪ আগস্টের মধ্যে নির্বাচিত শিশুদের আসন বরাদ্দের তথ্য জানানো হবে। প্রাথমিক পর্যায়ে চলতি বছরের সেপ্টেম্বরে পাঁচটি বরো থেকে বাছাই করা উচ্চ-চাহিদাসম্পন্ন পাঁচটি স্কুল ডিস্ট্রিক্টে মোট ২ হাজার আসন নিয়ে এই কার্যক্রম শুরু হবে। নির্বাচিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ম্যানহাটনের ওয়াশিংটন হাইটস ও ইনউড, ব্রুকলিনের ব্রাউনসভিল ও ক্যানার্সি, ব্রঙ্কসের ফোর্ডহ্যাম ও বেলমন্ট এবং কুইন্সের ওজোন পার্ক ও রকঅ্যাওয়েজ অঞ্চল। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরে আসন সংখ্যা বাড়িয়ে ১২ হাজারে উন্নীত করা হবে। মেয়র মামদানি তার প্রথম মেয়াদের শেষ নাগাদ এই সুবিধা পুরো শহরে সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সময়সূচি কাঠামো। প্রচলিত ৩-কে ও প্রি-কে প্রোগ্রামে যেখানে সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ২টা ২০ মিনিট পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত সেবা দেওয়া হয়, সেখানে ২-কে কর্মসূচিতে ডিফল্ট সময় হবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং এটি সারা বছর ১২ মাস চালু থাকবে। এর ফলে স্কুল-পরবর্তী ও গ্রীষ্মকালীন চাইল্ড কেয়ার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার চলতি বছরে ৭৩ মিলিয়ন ডলার এবং আগামী বছরের জন্য ৪২৫ মিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ মিলনমেলা ‘প্রবাসী বর্ষবরণ ও ঈদ মেলা’। গত শনিবার (৩০ মে) বিকেলে রাটগার্স ইউনিভার্সিটির লিভিংস্টন স্টুডেন্ট সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালিরা একসঙ্গে উদযাপন করেন বাংলা নববর্ষ ও ঈদুল আজহার আনন্দ। আয়োজকরা জানান, পহেলা বৈশাখ ও ঈদুল আজহার আনন্দকে একসূত্রে গেঁথে প্রবাসী প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির চর্চা ও সংযোগ বজায় রাখাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী এই উৎসবে ছিল শিশু-কিশোরদের পরিবেশনা, দেশি খাবারের স্টল, ফ্যাশন শো এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল স্থানীয় শিশু-কিশোর ও প্রবাসীদের অংশগ্রহণে পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নির্মিত বিশেষ শিশু গীতিনাট্য ‘জুতা আবিষ্কার’ দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। ফারহানা আক্তার তুলির পরিচালনায় মঞ্চস্থ এই পর্বে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা অভিনয় ও সংগীত পরিবেশনায় অংশ নেয়। এতে অভিনয় করে ফারশীদ, জাহি, তাহান, তিহান, সাখাওয়াত, মালিহা, তাসবীর, ফাহিম, রামিন ও ওয়াফিক। সংগীত পরিবেশন করেন প্রিয়তা, জোয়া, নোভা, সারা, ইশহান ও রায়ান। এরপর মঞ্চে পরিবেশিত হয় বিশেষ পর্ব ‘মহা জাদু জানে’। উর্মিন রহমান ও ফাহমিনা জব্বার উর্মির পরিচালনায় এতে অংশ নেন ঊর্মি, উর্মিন, সারিনা, আনুশে, নাশিতা, নাফিসা, ফাইজা ও ফারীন। ফারহানা আক্তার তুলির পরিচালনায় কিশোর সংগীত ‘অচেনা বৈশাখ’ পরিবেশনায় বৈশাখী আবহ ফুটিয়ে তোলে প্রিয়তা, প্রিয়ম, শায়রা ও ফারশীদ। ফাহমিনা জব্বারের পরিচালনায় নৃত্য পরিবেশনা ‘নৃত্যের তালে তালে’ পুরো প্রেক্ষাগৃহে উৎসবের আবহ তৈরি করে। মেয়েদের দলে অংশ নেয় আইজা, আয়েশা, জিবা, অনিমা, সুমেহরা, আসনা ও ফাইজা এবং ছেলেদের দলে অংশ নেয় রামিন, আযান, জুহায়ের ও তাজবীর। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তারকা শিল্পী বিন্দুকণার মঞ্চে আগমনের আগে পরিবেশিত ‘ছায়াছন্দ: নায়িকা সংবাদ’ পর্ব। ফারহানা আক্তার তুলি ও ফাহমিনা জব্বারের যৌথ পরিচালনায় এই পরিবেশনায় অংশ নেন প্রবাসের ১৪ জন নারী শিল্পী, যাদের মধ্যে ছিলেন হিমিকা, ঊর্মি, মানিজা, সাইকা, সোমা, রূপা, রুচি, রাখী, তুলি, সাজিয়া, নীরা, এনা, শাম্মী ও ফারাহ। অনুষ্ঠানের শেষাংশে মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় লোক ও আধুনিক সংগীতশিল্পী বিন্দুকণা। তার পরিবেশনায় দর্শকরা দীর্ঘসময় ধরে উৎসবের আমেজ উপভোগ করেন। পরে উইনিং ব্যান্ডের চন্দন ও তার দল জনপ্রিয় গান পরিবেশন করে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। গভীর রাত পর্যন্ত দর্শকরা এই সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সামিয়া চৌধুরী (তিথি) ও জাভেদ মাহমুদ (শিপলু)। আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সির সভাপতি সৈয়দ মাহমুদ, সাধারণ সম্পাদক আশফাক জামান ও কালচারাল সেক্রেটারি আফরোজা শিরিন জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
জর্জিয়ার আটলান্টায় ঈদুল আজহা উপলক্ষে বড় পরিসরের এক আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আগামী ৭ জুন আল নূর ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ফিস্ট অব ঈদ আল-আযহা” নামের বিশেষ ঈদ ফুড ফেস্টিভাল, যা আয়োজন করছে আটলান্টাভিত্তিক সংগঠন এটিএল ফেস্ট অ্যান্ড কোং। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠান নয়; বরং বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের অংশগ্রহণে একটি উন্মুক্ত পারিবারিক উৎসব হিসেবে আয়োজন করা হচ্ছে। এবারের আয়োজনে ৬০টিরও বেশি খাবার ও শপিং স্টল থাকছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় খাবারের স্বাদ উপভোগের সুযোগও থাকবে দর্শনার্থীদের জন্য। অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ও আয়োজক আব্দুল্লাহ পিয়াল বলেন, গত মার্চে আটলান্টায় অনুষ্ঠিত “এটিএল সেহরি নাইট” প্রত্যাশার চেয়েও বড় সাড়া পেয়েছিল। সেই অনুষ্ঠানে চার হাজারের বেশি মানুষের উপস্থিতি ছিল বলে আয়োজকদের দাবি। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত অন্যতম বৃহৎ সেহরি আয়োজন হিসেবে সেটি স্থানীয় কমিউনিটিতে ব্যাপক আলোচনায় আসে। তিনি বলেন, “ঈদকে ঘিরে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে পরিবার-পরিজন নিয়ে সবাই আনন্দ ভাগাভাগি করতে পারবেন। শুধু বাংলাদেশিরাই নয়, বিভিন্ন কমিউনিটির মানুষ যেন একসঙ্গে মিলিত হতে পারেন—সেই ভাবনা থেকেই এই আয়োজন।” আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলে দর্শনার্থীদের জন্য প্রবেশ ও পার্কিং সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য থাকবে নিরাপদ ও পরিবারবান্ধব পরিবেশ। আয়োজকরা আশা করছেন, ঈদের এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক বন্ধন আরও শক্তিশালী করবে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন বড় পরিসরে জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে নিউইয়র্ক, জর্জিয়া, টেক্সাস ও ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ঈদ, বৈশাখ ও সাংস্কৃতিক উৎসবগুলোতে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। আয়োজকদের মতে, “ফিস্ট অব ঈদ আল-আযহা” সেই ধারাবাহিকতারই আরেকটি বড় উদ্যোগ। অনুষ্ঠানটি ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচারণা চলছে। স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন কমিউনিটি সংগঠনও এতে সহযোগিতা করছে বলে জানা গেছে।
নিউইয়র্ক সিটির তীব্র আবাসন সংকট এবং লাগামহীন ভাড়া বৃদ্ধির কারণে ব্রঙ্কসের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা কীভাবে নিজেদের চেনা শহর থেকে ছিটকে পড়ছে, সেই বাস্তবতা সরাসরি শুনেছেন সিটির নতুন মেয়র জোহরান মামদানি। গত বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ব্রঙ্কসের হোসটোস কমিউনিটি কলেজের রেপার্টরি থিয়েটারে আয়োজিত এক বিশেষ গণশুনানিতে কয়েক শ শিক্ষার্থী, ভাড়াটে, অ্যাক্টিভিস্ট এবং স্থানীয় বাসিন্দা মেয়রের মুখোমুখি হন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অর্থনৈতিক ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘মোর পারফেক্ট ইউনিয়ন’-এর উচ্চশিক্ষা শাখা ‘মোর পারফেক্ট ইউনিভার্সিটি’ এবং মেয়রের কার্যালয়ের যৌথ উদ্যোগে। আয়োজিত এই “স্টুডেন্টস রেন্টাল রিপঅফ হিয়ারিং”-এ অংশগ্রহণকারীরা সরাসরি আবাসন সংকট, উচ্ছেদ, নিরাপত্তাহীনতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরু থেকেই মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। উপস্থিত অনেক শিক্ষার্থীর মাথায় ছিল মেয়রের সিগনেচার রঙ হলুদ ও লালে লেখা স্লোগান “দি রেন্ট ইজ টু ড্যাম হাই”। শুনানিতে একের পর এক শিক্ষার্থী ও তরুণ ভাড়াটে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। সাউথ ব্রঙ্কসে জন্ম নেওয়া এক কলেজ সিনিয়ার ও ভাড়াটে সংগঠক জানান, ভাড়া বৃদ্ধির কারণে তার পরিবার চেনা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ‘সিইউএনডব্লিউ কেয়ার্স’-এর লিড অ্যাডভোকেট ব্রিটানি লাঞ্জানো জানান, ব্রঙ্কসে একটি অ্যাপার্টমেন্টের ভাড়া ২৫০০ ডলারে পৌঁছানোর পর চার বছর আগে তিনি কুইন্সে চলে যান, যেখানে ভাড়া প্রায় এক হাজার ডলার কম ছিল। ন্যাশনাল ক্লিন ওয়াটার কালেক্টিভ ইয়ুথ কাউন্সিলের এক শিক্ষক প্রশ্ন তোলেন, সিটির ইতিহাসে সর্বোচ্চ ভাড়া পরিশোধের পরও কেন নিরাপদ পানির মতো মৌলিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না। গণশুনানির দুই দিন আগে মেয়র মামদানির প্রশাসন সিটির নতুন আবাসন এজেন্ডা “ব্লক বাই ব্লক: দ্য হাউজিং প্ল্যান ফর আ নিউ এরা” ঘোষণা করে। শুনানিতে তিনি পরিকল্পনার মূল দিকগুলো তুলে ধরেন। পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে ২২ বিলিয়ন ডলারের পুঁজি বিনিয়োগের মাধ্যমে ২ লাখ সাশ্রয়ী ও স্থায়ী রেন্ট-স্ট্যাবিলাইজড আবাসন নির্মাণ এবং আরও ২ লাখ আবাসন সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভাড়াটেদের অধিকার শক্তিশালী করতে ‘টেন্যান্ট ইউনিয়ন’ কাঠামো জোরদার করার পরিকল্পনার কথাও জানান তিনি। কোনো ভবনের সংখ্যাগরিষ্ঠ ভাড়াটে সংগঠিত হলে সিটি এজেন্সিগুলো পুরো ভবনে সমন্বিত পরিদর্শন ও ব্যবস্থা নিতে পারবে বলে জানান মেয়র। অসৎ বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে “ফিক্স দ্য সিটি” নামে নতুন কর্মসূচি চালুর কথাও উল্লেখ করা হয়। এর মাধ্যমে ইতিমধ্যে ৬৫ মিলিয়ন ডলার জরিমানা আদায় করা হয়েছে বলে জানানো হয়। তিনি বলেন, শহরের প্রশাসন এখন ভাড়াটেদের বৃহৎ অংশকে অবহেলার চোখে দেখবে না এবং আবাসন সংকট সমাধানে কাঠামোগত পরিবর্তন আনা হবে। আবাসনের গুণগত মান নিয়েও তিনি মন্তব্য করেন। তার মতে, সংকট শুধু উচ্চ ভাড়ার নয়, বরং জরাজীর্ণ ও অনিরাপদ বাসস্থানেরও। এ সমস্যা সমাধানে পরিদর্শন ব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়ম ভঙ্গকারী বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, গুরুতর অনিয়মকারী মালিকদের সম্পত্তি প্রয়োজনে অলাভজনক সংস্থা বা ভাড়াটেদের নিয়ন্ত্রণে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সহজ করা হবে। হোসটোস কমিউনিটি কলেজ দীর্ঘদিন ধরে ব্রঙ্কসের সামাজিক ও নাগরিক আন্দোলনের একটি কেন্দ্র হিসেবে পরিচিত। আগামী ৮ জুন সেখানে নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইনস বোর্ডের বার্ষিক ব্রঙ্কস পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ভাড়ার হার ও আবাসন পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ মতামত দিতে পারবেন।