- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও বাংলা নববর্ষ উদযাপন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি–এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় এক টুকরো বাংলাদেশে। শনিবার, ৯ মে নিউজার্সির কল্টস নেক শহরে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবে রঙিন পোশাক, বাংলা গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ সংস্কৃতির নানা উপস্থাপনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ অংশ নিয়ে বৈশাখী আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফায়জুর রহমান সাবু। তিনি বলেন, প্রবাসে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তিনি সংগঠনের কার্যক্রমে যুক্ত সকলকে ধন্যবাদ জানান এবং কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান। বক্তারা বলেন, বৈশাখ শুধু উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসের প্রতীক। প্রবাসে এমন আয়োজন নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশি ব্যক্তিত্ব বক্তব্য রাখেন এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন রীনা আমানুল্লাহ, ডা. ফারুক আজম, শামীমা হোসেন লিপি, মেহের নিগার, শামীম, নাজনীন হোসেইন, মারুফ আলম, ডা. বিল্লা এবং ডা. মনোয়ার হোসেন। আয়োজনে একটি বিশেষ মুহূর্ত ছিল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান। দীর্ঘদিন কমিউনিটি নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে ডা. লুসি হোসেনকেও তাঁর অবদানের জন্য সম্মান জানানো হয়। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রবাসী শিল্পীরা। বাংলা গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। শিশুদের পরিবেশনা বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে। প্রবাসী বাংলাদেশিদের মতে, এই ধরনের আয়োজন কেবল উৎসব নয়, বরং বাংলা সংস্কৃতি ও পরিচয় ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
দেশের জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব এবং এ দায়িত্ব পালনে পেশাদারি ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, “দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবেন। এটাই আপনাদের কাছে সরকারের প্রত্যাশা।” পুলিশ সদস্যদের নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুধু স্মরণের মধ্য দিয়েই আপনাদের-আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যেসব শহীদ পুলিশ ভাইয়েরা আত্মত্যাগ করেছিলেন, যেকোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।” তিনি আরও বলেন, “এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।” প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের মাধ্যমে। তিনি বলেন, বছরের পর বছর ধরে নির্যাতন, নিপীড়ন ও অধিকারহীনতার শিকার মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়। মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করে তারেক রহমান বলেন, “এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইনস, যেখানে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত ঘুমন্ত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সব পুলিশ সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “এই নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।” জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের পুলিশ সদস্যরা সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “উত্তাল মার্চে যখন স্বাধীনতাকামী মানুষের মনে টান টান উত্তেজনা বিরাজ করছিল এবং পশ্চিম পাকিস্তান থেকে প্রতিদিন হাজার হাজার সৈন্য ঢাকায় আনা হচ্ছিল, তখন সব পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনসে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী কৌশল বা যুক্তি ছিল, তা এখনো গবেষণার বিষয় হতে পারে।” বক্তব্যের শেষে প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র্যাব সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন তিনি। এর আগে সকালে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সবচেয়ে বড় সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সম্মেলন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (FOBANA)-এর ৪০তম কনভেনশন এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। প্রবাসী বাংলাদেশিদের এই বৃহৎ মিলনমেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর লেবার ডে ছুটির সপ্তাহে তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে বিখ্যাত Hilton Los Angeles / Universal City হোটেলে। কনভেনশনের হোস্ট সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (BAC)। আয়োজকরা বলছেন, ফোবানার ৪০তম আয়োজনকে স্মরণীয় ও ব্যতিক্রমধর্মী করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। “উত্তরণের পথে আগামীর প্রত্যয়ে প্রবাস বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ফোবানা আয়োজন করা হচ্ছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরা, উত্তর আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও শক্তিশালী করা এবং মূলধারার আমেরিকান সমাজে বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও সুদৃঢ় করাই এবারের কনভেনশনের মূল লক্ষ্য। আয়োজকদের প্রকাশিত বিভিন্ন কমিটি ও প্রস্তুতি কার্যক্রম থেকে জানা গেছে, এবারের কনভেনশনে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে গালা নাইট, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক সেমিনার, যুব নেতৃত্ব ও নারী নেতৃত্ব বিষয়ক আলোচনা, স্বাস্থ্য ও ওয়েলনেস সেশন, স্কলারশিপ ও শিক্ষা কার্যক্রম, সাহিত্য জলসা, মিডিয়া ও সামাজিক উন্নয়ন বিষয়ক সেশন, কমিউনিটি অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় সভা, শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো ও ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী, বাংলাদেশি খাবারের ফুড ফেস্টিভ্যাল, বিভিন্ন সংগঠন ও ব্যবসা প্রতিষ্ঠানের এক্সপো বুথ, মিডিয়া ও কমিউনিটি নেটওয়ার্কিং কার্যক্রম, আইনি ও কমিউনিটি সহায়তা বিষয়ক আলোচনা এবং ফান্ডরেইজিং কার্যক্রম। এছাড়াও ফোবানা কনভেনশন উপলক্ষে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা, প্রস্তুতি সভা এবং কমিটি গঠনের কাজও চলছে। আয়োজকরা আশা করছেন, এবারের কনভেনশনে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশ থেকে হাজারো প্রবাসী বাংলাদেশি, বিশিষ্ট অতিথি, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষাবিদ ও কমিউনিটি নেতারা অংশ নেবেন। ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল, এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ রউফ, ৪০তম ফোবানা কনভেনশনের কনভেনর ড. জয়নুল আবেদীন, মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. ইকবাল এবং আয়োজক কমিটির সভাপতি মোয়াজ্জেম চৌধুরীসহ নেতারা জানিয়েছেন, এবারের আয়োজনকে আরও বৃহৎ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে হলিউড, ইউনিভার্সাল স্টুডিও এবং ইউনিভার্সাল সিটির কাছাকাছি ভেন্যু হওয়ায় এবারের কনভেনশন নিয়ে প্রবাসীদের আগ্রহ আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, বিশ্বের বিনোদন রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এবারের ফোবানা সম্মেলন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য অভিজ্ঞতায় পরিণত হবে। উল্লেখ্য, গত বছর ফোবানা কনভেনশন জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি ব্যাপক সফলতা পায়। দেশ-বিদেশের শিল্পী, কমিউনিটি নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও দর্শকপূর্ণ। সেই সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার লস অ্যাঞ্জেলেস কনভেনশনকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মনে করছেন, ফোবানা শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; বরং এটি উত্তর আমেরিকায় বাংলাদেশি পরিচয়, ঐক্য, সংস্কৃতি ও কমিউনিটির শক্তির প্রতীক হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তারের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। নিউইয়র্ক, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, টেক্সাস ও ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বর্তমানে বহু বাংলাদেশি-আমেরিকান পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন। ভালো বেতন, চাকরির নিরাপত্তা, সম্মানজনক পেশা এবং কমিউনিটির সেবার সুযোগ থাকায় অনেকের এ পেশার প্রতি আগ্রহ বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রে পুলিশ অফিসার হতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। অধিকাংশ পুলিশ বিভাগে আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অথবা কিছু ক্ষেত্রে বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) হওয়ার শর্ত থাকে। আবেদনকারীর হাই স্কুল ডিপ্লোমা বা GED থাকতে হয় এবং অনেক বিভাগ কলেজ শিক্ষাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করে। পুলিশ বিভাগে যোগ দিতে হলে প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং বিস্তারিত ব্যাকগ্রাউন্ড চেকের মধ্য দিয়ে যেতে হয়। এছাড়া মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও সাক্ষাৎকারও গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। অনেক বিভাগে পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষাও নেওয়া হয়ে থাকে। নির্বাচিত প্রার্থীদের পরে পাঠানো হয় পুলিশ একাডেমিতে। সেখানে কয়েক মাসব্যাপী প্রশিক্ষণে আইন, অস্ত্র পরিচালনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, আত্মরক্ষামূলক কৌশল এবং কমিউনিটি পুলিশিং সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। একাডেমি শেষে নতুন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে অভিজ্ঞ অফিসারের সঙ্গে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয়। আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা বলছেন, বাংলা ভাষা জানা এবং বাংলাদেশি কমিউনিটির সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকায় কমিউনিটির সঙ্গে যোগাযোগে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে পারিবারিক সহিংসতা, সামাজিক বিরোধ বা কমিউনিটি সচেতনতা কার্যক্রমে বাংলাদেশি অফিসারদের উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলছে। বেতন ও সুযোগ-সুবিধার দিক থেকেও পেশাটি আকর্ষণীয়। অঙ্গরাজ্য ও বিভাগের ভিত্তিতে একজন পুলিশ অফিসারের বার্ষিক আয় সাধারণত ৫০ হাজার থেকে ১ লাখ ডলারের বেশি হতে পারে। এছাড়া স্বাস্থ্যবীমা, পেনশন, ওভারটাইম এবং অন্যান্য সরকারি সুবিধাও পাওয়া যায়। তবে পুলিশ বিভাগে যোগ দিতে আগ্রহীদের জন্য পরিষ্কার ব্যক্তিগত রেকর্ড, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং শারীরিক সক্ষমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল ‘বেগম জিয়া স্মৃতি স্বর্ণপদক’-এ ভূষিত হতে যাচ্ছেন। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান এবং সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। শনিবার (৯ মে) সকালে পদকের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিদের তালিকা প্রকাশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন 'বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি (ইনক)' প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই বিশেষ স্বর্ণপদক প্রবর্তন করেছে। ২০২৬ সালের জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। ক্রীড়াঙ্গন থেকে তামিম ইকবালের পাশাপাশি সাফজয়ী সাবেক গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এই তালিকায় স্থান পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় ক্রীড়াবিদদের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ইসমাইল জবিউল্লাহ এই সম্মাননা পাচ্ছেন। তালিকায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক আশরাফ কায়সার, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, সাহিত্যিক ড. মাহবুব হাসান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমের নাম রয়েছে। মাঠের ক্রিকেটে সফল ওপেনার হিসেবে দীর্ঘ সময় দাপট দেখানোর পর বর্তমানে বিসিবি প্রধান হিসেবে প্রশাসনিক দায়িত্বেও প্রশংসা কুড়াচ্ছেন চট্টগ্রামের এই তারকা ক্রিকেটার।
২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয়। আগামী ১২ জুন কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাকে। শনিবার (৯ মে) ফিফার পক্ষ থেকে এই তালিকা প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সঞ্জয়ের জন্ম ঢাকায় হলেও তিনি যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে প্রযোজক ও ডিজে হিসেবে বেশ পরিচিত। টরন্টোর বিএমও ফিল্ডে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্জয় ছাড়াও মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে, নোরা ফাতেহি, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারার মতো বিশ্বখ্যাত তারকারা। আয়োজকরা জানিয়েছেন, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, টরন্টোর এই অনুষ্ঠানটি কানাডার স্বকীয়তা ও বিশ্বকাপের উন্মাদনার এক অনন্য প্রতিফলন হবে। এটি কেবল একটি কনসার্ট নয়, বরং ফুটবল ও সংস্কৃতির এক শক্তিশালী বন্ধন হিসেবে বিশ্ববাসীকে স্বাগত জানাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফিকেও এক নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। আগামী ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও ১২ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কানাডা। টরন্টোতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে সেই ম্যাচটি শুরুর আগেই এই জমকালো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। ফুটবল প্রেমীদের জন্য স্টেডিয়ামের গেট ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।50920266105
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘ঈদ আনন্দমেলা ২০২৬’। মেরিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ব্যবস্থাপনায় আগামী ১৩ জুন ২০২৬, শনিবার দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। মেলাটি অনুষ্ঠিত হবে BWI এয়ারপোর্টের কাছে অবস্থিত Clarion Hotel BWI Airport Arundel Mills-এর মিলনায়তনে। ঠিকানা: 7253 Parkway Drive, Hanover, MD 21076 এবারের ঈদ আনন্দমেলাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকদের পক্ষে মোহাম্মদ কাজল বলেন, ঈদ উৎসব, বাংলা নববর্ষ এবং বাংলা সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরতেই এই আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে ঈদ উদযাপন, বাংলা নববর্ষের আমেজ, পান্তা-ইলিশ পরিবেশন, নৃত্য পরিবেশনা এবং লাইভ কনসার্ট। পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগের জন্য এটি একটি উন্মুক্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন তিনি। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিথি আনোয়ার। এছাড়াও উপস্থিত থাকবেন শাহনাজ বেলী, মাহিন সুজন, রাজীব, নোয়েল এবং শোয়েব থমাসসহ আরও কয়েকজন শিল্পী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই, এমকে টিভি এবং আমেরিকা বাংলা। আয়োজকরা মনে করছেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্য তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে সহায়তা করবে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে মোহাম্মদ কাজলের সঙ্গে। যোগাযোগ নম্বর: ৪৪৩-৩৩৩-৭২৪৬।
লস অ্যাঞ্জেলেসের চিরচেনা ট্রাফিক জট থেকে মুক্তি দিতে দীর্ঘ ২৫ বছর পর শহরে নতুন সাবওয়ে (ভূগর্ভস্থ ট্রেন) স্টেশন চালু হয়েছে। ১২ মাইলের যে পথ পাড়ি দিতে ব্যস্ত সময়ে ১ থেকে ২ ঘণ্টা সময় লাগত, এখন পাতালপথে মাত্র ২১ মিনিটে সেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। আসন্ন ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের অলিম্পিক গেমসের কথা মাথায় রেখে এই প্রকল্পকে লস অ্যাঞ্জেলেসের যাতায়াত ব্যবস্থায় একটি ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে। শহরটির ডাউনটাউন থেকে বেভারলি হিলস পর্যন্ত বিস্তৃত এই সাবওয়েটি ‘ডি লাইন’ (D Line) নামে পরিচিত। গত শুক্রবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বর্ধিত অংশের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হলিউড তারকাদের উপস্থিতি এবং ‘রাইড দ্য ডি’ (Ride the D) লেখা টি-শার্ট পরিহিত কয়েকশ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই উপলক্ষে সপ্তাহজুড়ে লস অ্যাঞ্জেলেসের মেট্রো ব্যবস্থা সবার জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস মেট্রোর প্রধান প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার টিম লিন্ডহোম বলেন, "গড়পড়তা নাগরিকদের কাছে এটি অবিশ্বাস্য মনে হতে পারে যে, ইউনিয়ন স্টেশন থেকে বেভারলি হিলস এখন মাত্র ২১ মিনিটের পথ। এটি শহরটির পরিবহন ইতিহাসে একটি বড় মাইলফলক।" পুরো প্রকল্পটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে মিরাকল মাইল এলাকার তিনটি স্টেশন চালু হয়েছে, যা ল্যাকমা (Lacma) এবং একাডেমি মিউজিয়ামের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে যুক্ত করেছে। আগামী বছর পরবর্তী দুটি ধাপ শেষ হলে সাবওয়েটি সরাসরি ইউসিএলএ (UCLA) এবং ওয়েস্ট লস অ্যাঞ্জেলেস পর্যন্ত পৌঁছাবে। উল্লেখ্য, এই প্রকল্পের পরিকল্পনা সেই ১৯৬০-এর দশকে করা হলেও বিভিন্ন আইনি জটিলতা এবং মাটির নিচের কঠিন স্তরের কারণে বারবার থমকে গিয়েছিল। বিশেষ করে ‘লা ব্রিয়া’র মতো পিচ্ছিল আলকাতরার খনি এবং মাটির নিচে গ্যাস বিস্ফোরণের ঝুঁকির কারণে খনন কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল। এমনকি খনন চলাকালে উলিম্যামথ এবং আমেরিকান বাইসনের মতো কয়েকশ প্রাচীন প্রাণীর জীবাশ্ম উদ্ধার করা হয়েছে। শহর কর্তৃপক্ষ আশা করছে, পরিচ্ছন্ন এবং নিরাপদ এই মেট্রো সেবা কেবল পর্যটকদের জন্যই নয়, বরং স্থানীয়দের মধ্যেও গণপরিবহনের প্রতি আস্থা ফিরিয়ে আনবে। বিশ্বব্যাপী চোখ যখন লস অ্যাঞ্জেলেসের দিকে, তখন এই আধুনিক সাবওয়ে শহরটির ভবিষ্যৎ যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে কর্মরত এক অভিবাসী চিকিৎসক গ্রিন কার্ড নবায়ন জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন। তিনি বর্তমানে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছেন বলে জানা গেছে। লিবিয়া থেকে আসা চিকিৎসক ডা. ফয়সাল আলঘৌলা একজন ফুসফুস ও আইসিইউ বিশেষজ্ঞ। তিনি ইন্ডিয়ানা, ইলিনয় ও কেনটাকির গ্রামীণ এলাকার রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। স্থানীয়ভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট থাকায় তার সেবার ওপর অনেক রোগী নির্ভরশীল। খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সময় চালু হওয়া একটি নীতির কারণে তার গ্রিন কার্ড নবায়নের আবেদন দীর্ঘদিন ধরে আটকে আছে। আবেদন বাতিল হলে চলতি বছরের সেপ্টেম্বরেই তার বর্তমান ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। চিকিৎসক ও অভিবাসন আইনজীবীরা বলছেন, এ ধরনের জটিলতায় বিদেশি চিকিৎসকদের যুক্তরাষ্ট্রে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিদেশি চিকিৎসকদের ওপর স্বাস্থ্যসেবা অনেকটাই নির্ভরশীল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার চিকিৎসকদের জন্য একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা চালু করেছে। নতুন এই নীতির আওতায় যেসব চিকিৎসকের গ্রিন কার্ড বা ভিসা আবেদন বিচারাধীন রয়েছে, তারা কিছু ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পেতে পারেন। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে ডা. ফয়সাল আলঘৌলার মতো অনেক বিদেশি চিকিৎসক যুক্তরাষ্ট্রে থেকে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। বিদেশি চিকিৎসকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্থানীয় রোগীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার ৮১তম বিজয় দিবস উপলক্ষে রাশিয়ান ডে পালিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক (গ্রিন সিটি) এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ আয়োজন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে রাশিয়া ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতে পালিত একটি গুরুত্বপূর্ণ স্মরণমূলক কর্মসূচি। শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত ২৫০ জনেরও বেশি রাশিয়ান নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা তাদের পূর্বপুরুষ, মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী শহীদদের ছবি হাতে নিয়ে শ্রদ্ধা জানান। আয়োজকরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হলো শহীদ ও যুদ্ধাহতদের স্মরণ করা, ইতিহাস ও ত্যাগের প্রতি সম্মান জানানো, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। শোভাযাত্রাকে ঘিরে পুরো গ্রিন সিটি এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়াও দিনটি পালন উপলক্ষে শনিবার সন্ধ্যায় গ্রীন সিটির অভ্যন্তরের স্টেডিয়ামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাবনা প্রতিনিধি, এম এস রহমান
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য ব্যবহৃত H-1B ভিসা কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব কার্যকর হলে প্রযুক্তিখাতের বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বেতনের সীমা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। প্রস্তাব অনুযায়ী, সিলিকন ভ্যালিতে H-1B ভিসায় নিয়োগ পাওয়া কর্মীদের ন্যূনতম বেতন হতে পারে প্রায় ১ লাখ ৬২ হাজার ডলার। একই ধরনের চাকরির ক্ষেত্রে নিউইয়র্কে প্রায় ১ লাখ ৩২ হাজার ডলার এবং টেক্সাসের ডালাসে প্রায় ১ লাখ ১৩ হাজার ডলার বেতন নির্ধারণের কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন H-1B কর্মীদের বেতনের ন্যূনতম সীমা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর চিন্তা করছে। এর সঙ্গে আগে থেকেই থাকা প্রায় ১ লাখ ডলারের ফি ও অন্যান্য খরচ যোগ হলে বিদেশি কর্মী নিয়োগ প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেমন আমাজন, মাইক্রোসফট, গুগল, মেটা এবং অ্যাপল প্রতি বছর হাজার হাজার বিদেশি কর্মীকে H-1B ভিসার মাধ্যমে নিয়োগ দেয়। বিশেষজ্ঞরা বলছেন, বড় কোম্পানিগুলো বাড়তি খরচ বহন করতে পারলেও ছোট ও মাঝারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়তে পারে। এতে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য দক্ষ আন্তর্জাতিক কর্মী নিয়োগ আরও কঠিন হয়ে যেতে পারে। প্রযুক্তি খাতের অনেকে আশঙ্কা করছেন, নতুন নিয়ম কার্যকর হলে বিদেশি মেধাবীদের জন্য যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ সীমিত হতে পারে এবং মার্কিন প্রযুক্তি শিল্পে কর্মী সংকটও তৈরি হতে পারে।
২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ১১ মে’র মধ্যে ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস জানিয়েছে, সেই তালিকায় অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার জুনিয়র-এর নাম থাকছে। পাশাপাশি সুযোগ পাচ্ছেন উদীয়মান প্রতিভা এস্তেভাও উইলিয়ান। ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হয়। পরে সেই তালিকা থেকেই চূড়ান্ত ২৩ থেকে ২৬ সদস্যের দল নির্বাচন করা হবে। যদিও চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা ১ জুন, তার আগেই দল ঘোষণা করতে পারে দেশগুলো। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত দল নির্ধারণ করবেন বলে জানা গেছে। তিনি ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট থাকলে নেইমার বিশ্বকাপ দলে জায়গা পাবেন। দীর্ঘ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে ঘিরে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে তার ফিটনেস পরিস্থিতির দিকেই এখন নজর ব্রাজিল সমর্থকদের। অন্যদিকে চেলসিতে যোগ দিতে যাওয়া তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ানও রয়েছেন আলোচনায়। বর্তমানে তিনি হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। সময়মতো সুস্থ হতে না পারলে বিকল্প হিসেবে এন্ড্রিক কিংবা রাইয়ান-কে বিবেচনায় রাখা হতে পারে। তবে দল ঘোষণার আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে রিয়াল মাদ্রিদ-এর দুই গুরুত্বপূর্ণ ফুটবলার এডার মিলিতাও ও রদ্রিগো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। ফলে প্রাথমিক স্কোয়াডেও জায়গা হচ্ছে না তাদের। আনচেলত্তির পরিকল্পনায় এটি বড় ক্ষতি হিসেবেই দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে গভর্নর ক্যাথি হোকুল ফেডারেল সরকারের প্রাইভেট স্কুল ট্যাক্স ক্রেডিট প্রোগ্রামে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে নিউ ইয়র্ক দ্বিতীয় ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্য হিসেবে এই কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে। প্রস্তাবিত এই কর্মসূচির আওতায় করদাতারা নির্দিষ্ট শিক্ষা সহায়তা সংস্থায় অনুদান দিলে কেন্দ্রীয় কর থেকে সর্বোচ্চ ১ হাজার ৭০০ ডলার পর্যন্ত ছাড় পাবেন। এই অর্থ শিক্ষার্থীদের প্রাইভেট স্কুলের বেতন, টিউশনি, অতিরিক্ত শিক্ষাসহায়তা এবং অন্যান্য শিক্ষা ব্যয়ে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার রাতে এক সভায় গভর্নর ক্যাথি হোকুল এই পরিকল্পনার ঘোষণা দেন। তিনি বলেন, এই উদ্যোগ নিউ ইয়র্কের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা তৈরি করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষা ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব এবং প্রকল্পের বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি। শিক্ষা খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন গভর্নরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, কর্মসূচিটি বহু পরিবারের শিক্ষা ব্যয় কমাতে সহায়তা করবে এবং ধর্মীয় ও ব্যক্তিমালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। তবে সমালোচকদের একাংশের আশঙ্কা, এই উদ্যোগ সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর পরোক্ষ চাপ সৃষ্টি করতে পারে। তাদের মতে, সরকারি স্কুল ব্যবস্থার বাইরে অর্থায়নের সুযোগ বাড়লে দীর্ঘমেয়াদে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। এর আগে গভর্নর হোকুল চার্টার স্কুল সম্প্রসারণের প্রস্তাব দিয়েছিলেন এবং সরকারি স্কুলগুলোর উন্নয়নে বড় বাজেট বরাদ্দ করেছিলেন। নতুন এই কর সুবিধা কর্মসূচিতে যুক্ত হওয়ার সিদ্ধান্তকে নিউ ইয়র্কের শিক্ষা ব্যবস্থায় নতুন নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির বিধায়কদলের বৈঠকে শুভেন্দু অধিকারী-কেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি হতে যাচ্ছেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। শুক্রবার (৮ মে) কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দলীয় বিধায়কদের সঙ্গে আলোচনা শেষে শুভেন্দুকে পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করেন। অমিত শাহ জানান, দলনেতা নির্বাচনের জন্য একাধিক প্রস্তাব উঠলেও প্রতিটি প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমেই তাকে নির্বাচিত করা হয়। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর নামই সবচেয়ে বেশি আলোচনায় ছিল। দলের ভেতরে তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল। রাজ্যের রাজনীতিতে তার উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে একাধিক নির্বাচনী লড়াই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান। এরপর সাম্প্রতিক নির্বাচনেও নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই লড়াই করে তিনি আবারও মমতাকে পরাজিত করেন, এবং আগের তুলনায় ব্যবধানও বাড়ান। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি অনুদানের মাধ্যমে বাসা-বাড়িতে এয়ার কন্ডিশনিং (এসি) স্থাপনের সুযোগ দিচ্ছে বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক তোফায়েল চৌধুরী-এর মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’। ইয়ংকার্সে অবস্থিত এই প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি এবং মূলধারার মার্কিন সমাজে সেবা ও কার্যক্রমের মাধ্যমে সুনাম অর্জন করেছে। তোফায়েল চৌধুরী জানান, সরকারি অনুদানে বাসা-বাড়িতে এসি স্থাপনের এই সুবিধা শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। তিনি বলেন, “আমরা জানতে পেরেছি এ বছরের শেষে এই কর্মসূচি বন্ধ হওয়ার বিষয়ে আলোচনা চলছে। তাই আগ্রহীদের দ্রুত বুকিং নেওয়ার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও জানান, বর্তমানে নিউইয়র্ক সিটি থেকে প্রতি পরিবারকে ৮ থেকে ১০ হাজার ডলারের রিবেট দেওয়া হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্যও একই সুবিধা প্রযোজ্য। তার ভাষায়, এটি একটি সময়সীমাবদ্ধ সুযোগ, যা “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটি বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে আধুনিক ও পরিবেশবান্ধব হিটিং ও কুলিং সিস্টেম স্থাপন করে থাকে বলে জানান তিনি। এতে পুরোনো বয়লার সিস্টেম থেকে মুক্তি পাওয়া এবং বিদ্যুৎ ব্যয় কমানোর সুযোগ রয়েছে। তোফায়েল চৌধুরী বলেন, “আমাদের লক্ষ্য নিউইয়র্ক সিটির গ্রিন সিটি পরিকল্পনায় অবদান রাখা। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিকে এই সুবিধার আওতায় নিয়ে আসা।” তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় ১০ বছরের গ্যারান্টি ও ওয়্যারেন্টি এবং বিক্রয়োত্তর সেবাও প্রদান করা হচ্ছে। তার দাবি অনুযায়ী, গ্রাহকের সিদ্ধান্তের পর সম্পূর্ণ বাস্তবায়ন ও অর্থায়নের প্রক্রিয়াও প্রতিষ্ঠানটি সমন্বয় করে। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি দ্রুত যোগাযোগের আহ্বান জানিয়ে বলেন, সুযোগটি সীমিত সময়ের জন্য উন্মুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপি বা “ফুড স্ট্যাম্প” নিয়ে বড় ধরনের জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। অপব্যবহার ও প্রতারণা ঠেকাতে দেশজুড়ে অভিযান চালাচ্ছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত ১ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, কিছু ব্যক্তি আর্থিকভাবে স্বচ্ছল হওয়া সত্ত্বেও ভুল তথ্য ব্যবহার করে সরকারি খাদ্য সহায়তা নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স জানান, কয়েকটি অঙ্গরাজ্যে এমন ব্যক্তিদের খুঁজে পাওয়া গেছে, যাদের কাছে ফেরারি, বেন্টলি ও ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি রয়েছে, অথচ তারা ফুড স্ট্যাম্প সুবিধাও গ্রহণ করছেন। তিনি আরও বলেন, তদন্তে প্রায় ৫ লাখ ব্যক্তির বিরুদ্ধে একাধিক সুবিধা অবৈধভাবে নেওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া প্রায় ২ লাখ ৪৪ হাজার মৃত ব্যক্তির নামেও খাদ্য সহায়তা নেওয়ার অভিযোগ উঠেছে। এসএনএপি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খাদ্য সহায়তা কর্মসূচিগুলোর একটি, যা নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হয়। তবে দীর্ঘদিন ধরেই এই কর্মসূচিতে জালিয়াতি ও অপব্যবহার নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। নতুন পদক্ষেপের অংশ হিসেবে ফুড স্ট্যাম্প গ্রহণকারী দোকানগুলোর জন্যও নতুন নিয়ম আনা হচ্ছে। এখন থেকে দোকানগুলোতে প্রোটিন, শস্য, দুগ্ধজাত পণ্য, ফল ও সবজি মিলিয়ে অন্তত সাত ধরনের খাদ্যপণ্য রাখা বাধ্যতামূলক হবে। কৃষি বিভাগ জানিয়েছে, স্বাস্থ্যকর খাবারের প্রাপ্যতা বাড়ানো এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরতা কমাতেই এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়ম ২০২৬ সালের শরৎ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে এক গ্যাস স্টেশনের দোকানকর্মীকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা হাইতিয়ান নাগরিক রলবার্ট জোয়াচিনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। ফ্লোরিডার লি কাউন্টির স্টেট অ্যাটর্নি অমিরা ফক্স জানান, ৪০ বছর বয়সী জোয়াচিনের বিরুদ্ধে গ্র্যান্ড জুরি অভিযোগ গঠন করেছে। অভিযোগ অনুযায়ী, গত ২ এপ্রিল গ্যাস স্টেশনের বাইরে ৫১ বছর বয়সী নিলুফা ইসমিনকে হাতুড়ি দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে হত্যা করা হয়। নিহত নিলুফা ইসমিন বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন বলে জানা গেছে। ঘটনার সময় তিনি কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। প্রসিকিউটরদের তথ্যমতে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর গাড়ির জানালা ভেঙে দেন। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে তিনি দোকানকর্মীর ওপর হামলা চালান। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়, যা কর্তৃপক্ষ “অত্যন্ত নৃশংস ও ভয়াবহ” বলে বর্ণনা করেছে। ঘটনার পর জোয়াচিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ফোর্ট মায়ার্স পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। স্টেট অ্যাটর্নি অমিরা ফক্স বলেন, “এই ঘটনা ছিল অত্যন্ত সহিংস, অপ্রয়োজনীয় ও ভয়াবহ। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে কর্মরত এক মায়ের জীবন নির্মমভাবে শেষ করেছেন।” তিনি আরও বলেন, “আমরা সর্বোচ্চ শাস্তি চাচ্ছি, মৃত্যুদণ্ডসহ।” স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভিডিও প্রমাণ ও তদন্তে হামলার নির্মমতা স্পষ্টভাবে উঠে এসেছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেন। নিরাপত্তা সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায়, অভিযুক্ত ব্যক্তি ২০২২ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং পরবর্তীতে তার অভিবাসন পরিস্থিতি নিয়ে আইনি জটিলতায় ছিলেন। ফ্লোরিডায় গ্যাস স্টেশনে বাংলাদেশি বংশোদ্ভূত দোকানকর্মী হত্যার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়ির বীমা ব্যয় কমাতে নতুন বাজেট চুক্তির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকল। আলবানিতে ২০২৬-২৭ অর্থবছরের রাজ্য বাজেট চুক্তি উপস্থাপন করে তিনি এই পদক্ষেপের ঘোষণা দেন। নতুন পরিকল্পনার মাধ্যমে রাজ্যের পুরোনো বীমা আইন আধুনিকায়ন করা হবে এবং বীমা জালিয়াতি ও অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তারা আশা করছেন, এর ফলে নিউইয়র্কের লাখো বাসিন্দা সরাসরি আর্থিক স্বস্তি পাবেন। বর্তমানে নিউইয়র্কে গাড়ির বীমা খরচ যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম সর্বোচ্চ। গড়ে একজন চালককে বছরে ৪ হাজার ডলারের বেশি বীমা প্রিমিয়াম দিতে হচ্ছে, যা জাতীয় গড়ের তুলনায় প্রায় ১ হাজার ৫০০ ডলার বেশি। বিশেষজ্ঞদের মতে, ভুয়া দুর্ঘটনা, মামলা-মোকদ্দমা এবং বীমা জালিয়াতির কারণে এই ব্যয় আরও বৃদ্ধি পাচ্ছে। গভর্নর হোকল বলেন, “নিউইয়র্কবাসী দীর্ঘদিন ধরে ভাঙা ব্যবস্থার কারণে অস্বাভাবিক উচ্চ বীমা খরচ বহন করছেন। নতুন সংস্কারের মাধ্যমে প্রতারণা কমানো এবং সাধারণ মানুষের ব্যয় হ্রাস করা সম্ভব হবে।” নতুন বাজেট চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুর্ঘটনার সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চালকদের ক্ষতিপূরণের সীমা নির্ধারণ। বীমাবিহীন চালক, মদ্যপ অবস্থায় চালক এবং অপরাধ সংঘটনের সময় গাড়ি চালানো ব্যক্তিরাও এর আওতায় থাকবে। এছাড়া “গুরুতর আঘাত” শব্দটির স্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করা হবে, যাতে শুধুমাত্র প্রকৃত গুরুতর ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই বড় ক্ষতিপূরণ দাবি করতে পারেন। দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী চালকদের অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করার সুযোগও সীমিত করা হবে। বীমা কোম্পানিগুলো যাতে অযৌক্তিকভাবে প্রিমিয়াম বৃদ্ধি করতে না পারে, সে জন্য নতুন নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা হচ্ছে। একই সঙ্গে ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেসের অনুমোদন ছাড়া প্রিমিয়াম বাড়ানো যাবে না। বাড়ির মালিকানা, পেশা, শিক্ষাগত যোগ্যতা বা জিপ কোডের ভিত্তিতে বীমা প্রিমিয়াম নির্ধারণও নিষিদ্ধ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ডিএমভি, ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস সার্ভিসেস এবং নিউইয়র্ক স্টেট পুলিশ একসঙ্গে কাজ করবে। সিটিজেন্স ফর অ্যাফোর্ডেবল রেটস-এর মুখপাত্র হোসে বায়োনা বলেন, “এটি ব্যয় সংকটে থাকা নিউইয়র্কবাসীর জন্য বড় বিজয়। দীর্ঘদিন ধরে মানুষ জাতীয় গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ বীমা খরচ বহন করছিলেন।”
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তিনি কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। পোস্টে লেভিট জানান, গত ১ মে তাদের পরিবারে নতুন সদস্য হিসেবে কন্যাসন্তান ‘ভিভিয়ানা’ জন্ম নেয়। পরিবারে তাকে আদর করে ‘ভিভি’ নামে ডাকা হচ্ছে। নবজাতক বর্তমানে সুস্থ রয়েছে এবং পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তিনি আরও জানান, তার বড় ছেলে নিকোলাস ছোট বোনকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। নতুন সদস্যকে ঘিরে পরিবারটি বর্তমানে সময় কাটাচ্ছে। গর্ভাবস্থার সময়ে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্যারোলিন লেভিট। গত এপ্রিল মাস থেকে তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তার অনুপস্থিতিতে হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিং পরিচালনা করছেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। কিছু বিশেষ পরিস্থিতিতে তিনি সাময়িকভাবে দায়িত্বে ফিরে সংবাদমাধ্যমকে তথ্য দেন। বর্তমানে তার প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তার নিয়মিত কাজে ফেরার সময়সূচি নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা দেয়নি।
নিউইয়র্কে আবারও ভাড়া স্থগিতের দাবিতে রাজপথে নেমেছেন শত শত ভাড়াটিয়া। বৃহস্পতিবার, ৭ মে রেন্ট গাইডলাইনস বোর্ডের (আরজিবি) প্রাথমিক ভোটের আগে দুই মিলিয়নের বেশি রেন্ট-স্ট্যাবিলাইজড ভাড়াটিয়ার জন্য ভাড়া স্থগিতের দাবিতে শহরজুড়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা এক ও দুই বছরের উভয় লিজের ক্ষেত্রেই ভাড়া বৃদ্ধি বন্ধের দাবি জানান। তাদের ভাষ্য, এই দাবি বাস্তবায়িত হলে তা হবে আরজিবির ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ। বিক্ষোভকারীদের অভিযোগ, মূল্যস্ফীতি, সরকারি সহায়তা কমে যাওয়া এবং অভিবাসন অভিযানসহ বিভিন্ন সংকটে সাধারণ মানুষ ইতোমধ্যে চাপে রয়েছে। এর মধ্যে নতুন করে ভাড়া বৃদ্ধি জীবনযাত্রার সংকট আরও তীব্র করবে। দিনভর বিক্ষোভ, সমাবেশ এবং জনচাপের মুখে রেন্ট গাইডলাইনস বোর্ড এক বছরের লিজের জন্য শূন্য থেকে ২ শতাংশ এবং দুই বছরের লিজের জন্য শূন্য থেকে ৪ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রাথমিক সীমা নির্ধারণ করেছে। বোর্ডের ইতিহাসে এবারই প্রথম দুই বছরের লিজেও ভাড়া স্থগিতের সম্ভাবনা বিবেচনায় আনা হয়েছে। ভাড়াটিয়া প্রতিনিধিরা আরও এগিয়ে গিয়ে এক বছরের লিজে মাইনাস ৩ থেকে শূন্য শতাংশ এবং দুই বছরের লিজে মাইনাস ৪ দশমিক ৫ থেকে শূন্য শতাংশ পর্যন্ত সমন্বয়ের প্রস্তাব দেন। আন্দোলনকারীরা জানান, তারা এক বছরের বেশি সময় ধরে ভাড়া স্থগিতের দাবিতে সংগঠিত হচ্ছেন। প্রাথমিক ভোটের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বর্তমান অর্থনৈতিক সংকট, ভবনের অব্যবস্থাপনা এবং বাড়িওয়ালাদের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির দাবির সমালোচনা করেন। অনেক ভাড়াটিয়া অভিযোগ করেন, বছরের পর বছর ভাড়া বাড়লেও ভবনের মেরামত কিংবা জীবনযাত্রার মানের কোনো উন্নতি হয়নি। ব্রুকলিনের বাসিন্দা ও মেট কাউন্সিল অন হাউজিং সদস্য ড্যারিল র্যান্ডাল বলেন, “আমি নির্দিষ্ট আয়ের ওপর বেঁচে আছি। প্রতিবার ভাড়া বাড়লে খাবার আর ভাড়ার মধ্যে সিদ্ধান্ত নিতে হয়।” চায়নাটাউনের সিএএএভি যুবনেতা শেলবি চেন বলেন, “অভিবাসী শ্রমজীবী মানুষের সবচেয়ে বড় মাসিক ব্যয় হলো ভাড়া। অথচ গত তিন বছরে বাড়িওয়ালাদের আয় ৩০ শতাংশ বেড়েছে।” নিউইয়র্কের বিভিন্ন শ্রমিক সংগঠনও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের সদস্যরা বিক্ষোভ চলাকালে সমাবেশস্থলের নিরাপত্তায় রাস্তায় যান চলাচল আংশিকভাবে বন্ধ রাখেন। এনওয়াইএস টেন্যান্ট ব্লকের পরিচালক সুমাথি কুমার বলেন, “ভাড়াটিয়ারা যখন সংগঠিত হন এবং রাজনৈতিক শক্তি প্রয়োগ করেন, তখন পরিবর্তন সম্ভব হয়। এক ও দুই বছরের উভয় লিজে ভাড়া স্থগিত এখন সাধারণ মানুষের দাবি।” কাসা সংগঠনের নেতা ও রেন্ট ফ্রিজ ক্যাম্পেইনের সহ-চেয়ার জোয়ান গ্রেল বলেন, “গত বছরের ঐতিহাসিক উপস্থিতি দেখিয়েছিল, শ্রমজীবী মানুষ এক হলে কী সম্ভব। এবার আমরা আরও শক্তভাবে ফিরেছি।” প্রফেশনাল স্টাফ কংগ্রেসের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জেন গ্যাবুরি বলেন, “সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের এখন ভাড়া স্থগিত প্রয়োজন।” নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই বলেন, “গ্যাস, মুদি পণ্য এবং বীমার বাড়তি খরচে শ্রমজীবী মানুষ চাপে আছে। এখন ভাড়া বাড়লে হাজার হাজার পরিবার দারিদ্র্য ও ঋণের গভীরে চলে যাবে।” চূড়ান্ত ভোটের আগে ভাড়াটিয়া নেতারা আরও বড় আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, আরজিবিকে এক ও দুই বছরের উভয় লিজের ক্ষেত্রেই পূর্ণ ভাড়া স্থগিত ঘোষণা করতে হবে।