- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
প্রযুক্তির দৌড়ে এবার রক্ত-মাংসের মানুষকে পেছনে ফেলে দিল কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এক হাফ-ম্যারাথন প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে একটি ‘হিউম্যানয়েড’ বা মানবসদৃশ রোবট। মানুষের গড়া বিশ্বরেকর্ডের চেয়েও দ্রুততম সময়ে ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে এই চীনা উদ্ভাবন। রোববার বেইজিং ইকোনমিক-টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়াতে (বেইজিং ই-টাউন) আয়োজিত এই বিশেষ দৌড় প্রতিযোগিতায় চিনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘অনার’ (Honor)-এর তৈরি একটি রোবট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২১ কিলোমিটার বা ১৩ মাইলের এই পথ পাড়ি দিতে রোবটটি সময় নিয়েছে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ড। বর্তমানে হাফ-ম্যারাথনে মানুষের দ্রুততম সময়ের বিশ্বরেকর্ডটি উগান্ডার অ্যাথলেট জ্যাকব কিপ্লিমোর দখলে। ২০২১ সালে লিসবনে তিনি ৫৭ মিনিট ৩১ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করেছিলেন। বেইজিংয়ের এই রোবটটি কিপ্লিমোর চেয়েও প্রায় ৭ মিনিট কম সময়ে দৌড় শেষ করে প্রযুক্তির অভাবনীয় সক্ষমতা প্রমাণ করেছে। প্রতিযোগিতা শেষে আয়োজকরা জানান, অংশ নেওয়া রোবটগুলোর মধ্যে ৪০ শতাংশ সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে (Autonomously) পথ খুঁজে দৌড়েছে, বাকিগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়েছে। তবে বিজয়ী রোবটটি নিজস্ব নেভিগেশন সিস্টেম ব্যবহার করেই এই সাফল্য পেয়েছে। অবশ্য পুরো প্রতিযোগিতাটি নিখুঁত ছিল না। দৌড় শুরুর লাইনেই একটি রোবট আছড়ে পড়ে এবং অন্য একটি রোবট বেরিয়ারে ধাক্কা খায়। তা সত্ত্বেও গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। উপস্থিত দর্শক সান ঝিগ্যাং বলেন, "গত বছরের তুলনায় এবার রোবটদের বিশাল পরিবর্তন লক্ষ্য করেছি। রোবট মানুষকে ছাড়িয়ে যাবে এটা আগে কখনো কল্পনাও করিনি।" উল্লেখ্য, চীন বর্তমানে রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বজুড়ে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। ২০২৬-২০৩০ সালের পঞ্চবার্ষিক পরিকল্পনায় হিউম্যানয়েড রোবট উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে বেইজিং। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘অমডিয়া’র মতে, বর্তমানে চীনের এজিবট (AGIBOT) ও ইউনিট্রির (Unitree) মতো প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে হাজার হাজার হিউম্যানয়েড রোবট সরবরাহ করছে, যা এই খাতে চীনের একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে।
এশিয়ায় দীর্ঘদিনের মিত্রদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে তীব্র জ্বালানি সংকটে পড়েছে এশিয়ার দেশগুলো। নিজেদের অর্থনীতি বাঁচাতে এবং তেলের সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও ভারতের মতো মার্কিন মিত্ররা এখন ওয়াশিংটনের কট্টর প্রতিপক্ষ রাশিয়া ও ইরানের দিকে ঝুঁকছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে এশীয় দেশগুলো এখন 'জাতীয় স্বার্থ'কে প্রাধান্য দিচ্ছে। এতদিন মার্কিন নিষেধাজ্ঞা মেনে যারা রাশিয়া বা ইরান থেকে তেল কেনা বন্ধ রেখেছিল, বর্তমান বাস্তবতায় তারা সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে? দক্ষিণ কোরিয়া: তীব্র ন্যাপথা ও তেল সংকটে থাকা দেশটি রাশিয়া থেকে পণ্য আমদানির অনুমতি দিয়েছে। দেশটির অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ এখন রাশিয়া ও ইরানকে বিকল্প উৎস হিসেবে ব্যবহারের সুপারিশ করছে। ফিলিপাইন: জ্বালানি ঘাটতির কারণে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাঁচ বছর পর দেশটি রাশিয়া থেকে অপরিশোধিত তেলের প্রথম চালান গ্রহণ করেছে। ভারত: সাত বছরের দীর্ঘ বিরতি শেষে চলতি সপ্তাহে ভারতে পৌঁছেছে ইরানের তেলের ট্যাংকার। লোহিত সাগরের অস্থিরতায় রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা আবারও বাড়ছে। ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো মস্কো সফর করে পুতিনের প্রশংসা করেছেন এবং জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা চূড়ান্ত করছেন। জাপান: ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখা জাপান এখন মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পাশাপাশি নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পুতিনের ক্রমবর্ধমান প্রভাব ইউক্রেন যুদ্ধের পর বিশ্বমঞ্চে পুতিনকে কোণঠাসা করার যে চেষ্টা পশ্চিমা বিশ্ব করেছিল, এই জ্বালানি সংকট তা ব্যর্থ করে দিচ্ছে। এশীয় দেশগুলোর কাছে এখন রাশিয়ার তেল কেবল সস্তা নয়, বরং ভৌগোলিকভাবে দ্রুত সরবরাহযোগ্য একমাত্র উৎস হয়ে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়ং লে থু মনে করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে মার্কিন বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। ওয়াশিংটনও বৈশ্বিক সংকট এড়াতে বাধ্য হয়ে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞার কড়াকড়ি শিথিল করছে।
অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। দেশটিতে গত এক সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ৪৮৭ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ৯১১ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৫৮৮ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৯৮৮ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি, ৬১ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধ উপায়ে দেশ ত্যাগের চেষ্টাকালে আটক হয়েছেন আরও ৪৩ জন। সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবেন, পরিবহন সুবিধা দেবেন বা কোনোভাবে সহযোগিতা করবেন, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এই অপরাধে ১৫ বছর পর্যন্ত জেল এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। বর্তমানে ৩৯ হাজার ২৫৮ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ৩৯ হাজার ৪৬০ জন পুরুষ এবং ৩ হাজার ৭৯৮ জন নারী। ইতিমধ্যে ১২ হাজার ৫৫৪ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রে আটক হওয়ার ঘটনার এক বছর পর পিএইচডি সম্পন্ন করে নিজ দেশ তুরস্কে ফিরছেন টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ক। শুক্রবার তাঁর আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। রুমেইসা ওজতুর্ককে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আটক করে। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রপত্রিকায় ইসরায়েল–গাজা যুদ্ধ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থানের সমালোচনা করে একটি মতামতধর্মী নিবন্ধের সহলেখক ছিলেন। পরবর্তীতে আদালতের এক বিচারক তাঁকে মুক্তি দেন। বিচারক বলেন, তাঁর বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকা বা সহিংসতার পক্ষে অবস্থান নেওয়ার কোনো প্রমাণ নেই। এক বিবৃতিতে ওজতুর্ক বলেন, ‘১৩ বছরের অধ্যবসায়ের পর পিএইচডি সম্পন্ন করতে পেরে আমি গর্বিত। নিজের পরিকল্পনা অনুযায়ী দেশে ফিরছি। যুক্তরাষ্ট্র সরকারের কারণে যে সময় হারিয়েছি, তা শুধু আমার নয়; যেসব শিশু ও তরুণদের জন্য কাজ করতে চাই, তাদেরও।’ তিনি আরও বলেন, ফিলিস্তিনি অধিকার নিয়ে মত প্রকাশ করায় তাঁকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা ছিল অযৌক্তিক ও কষ্টদায়ক। ওজতুর্কের মামলায় যুক্তরাষ্ট্র সরকার ও তাঁর মধ্যে একটি সমঝোতা হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে চলমান ইমিগ্রেশন কার্যক্রম বাতিল করা হয়েছে এবং সরকার স্বীকার করেছে, তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বৈধ অবস্থায় ছিলেন। বিষয়টি জানিয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। উল্লেখ্য, গত বছর ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে আটক হওয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে তিনি অন্যতম। একই ঘটনায় আটক আরেক শিক্ষার্থী মাহমুদ খলিল এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
জর্জিয়ার আটলান্টায় বসবাসরত বাংলাদেশি, ভারতীয় ও দক্ষিণ এশিয়ান কমিউনিটির জন্য আসছে নতুন এক আনন্দের সংবাদ। খুব শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে আস-সাফা হালাল মার্কেট অ্যান্ড গ্রিল, যেখানে একসাথে থাকছে বিশাল হালাল গ্রোসারি, ২০০০ স্কয়ার ফিটের আধুনিক রেস্টুরেন্ট এবং সুবিশাল ইভেন্ট হল সুবিধা। এই নতুন প্রতিষ্ঠানটি গড়ে উঠছে এমন এক গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে গতকাল ও আজ ভ্রাম্যমাণ বাংলাদেশ কনস্যুলেট সেবা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ গ্র্যান্ড ইভেন্ট হলের পাশেই এই নতুন হালাল গ্রোসারি ও রেস্টুরেন্ট চালু করা হচ্ছে। ফলে বাংলাদেশি কমিউনিটির মানুষ এখন এক জায়গাতেই কেনাকাটা, খাবার, সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন পারিবারিক আয়োজনের সুবিধা উপভোগ করতে পারবেন। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখানে থাকছে— তাজা দেশি মাছের বিশাল সংগ্রহ, প্রতিদিন কাটা ফ্রেশ জবিহা হালাল গরু, খাসি ও মুরগির মাংস, বাংলাদেশি, ভারতীয় ও এশিয়ান গ্রোসারি পণ্যের সমৃদ্ধ কালেকশন, ২০০০ স্কয়ার ফিটের প্রশস্ত ও আধুনিক রেস্টুরেন্ট, অভিজ্ঞ শেফের হাতে তৈরি দেশি স্বাদের সুস্বাদু খাবার, পার্টি, অনুষ্ঠান ও বিশেষ দিনের জন্য ক্যাটারিং সুবিধা, বিয়ে, জন্মদিন, আকিকা, মিলাদ ও কমিউনিটি প্রোগ্রামের জন্য ইভেন্ট হল সুবিধা। রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ হলো, নতুন এই রেস্টুরেন্টে পরিবার নিয়ে বসে আরামদায়ক পরিবেশে খাওয়ার সুযোগ থাকবে। দেশি খাবারের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় এশিয়ান আইটেমও পরিবেশন করা হবে বলে জানা গেছে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে থাকছে বিশেষ অফার: প্রথম ১০০ জন কাস্টমারের জন্য ফ্রি গিফট, মাছ ও মাংসে বিশেষ ডিসকাউন্ট, উদ্বোধনী দিনের আকর্ষণীয় অফার, পরিবার নিয়ে আসা অতিথিদের জন্য বিশেষ চমক। গতকাল এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জনাব হাবিব রহমান দূতাবাস সেবা নিতে আসা বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আটলান্টার বাংলাদেশিদের জন্য মানসম্মত, পরিচ্ছন্ন ও বিশ্বস্ত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, প্রবাসীরা যেন দেশের স্বাদ, দেশের পণ্য এবং নিজস্ব পরিবেশের অনুভূতি এক জায়গাতেই পান, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সম্ভাব্য উদ্বোধনের তারিখ: ২৭ জুন, ইনশাআল্লাহ ও সমভব্য ঠিকানা: ৫৯৫৩ বিফোর্ড হাইওয়ে, ডোরাভিল, জর্জিয়া ৩০৩৪০ আটলান্টার প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি হতে যাচ্ছে নতুন এক নির্ভরযোগ্য ঠিকানা, যেখানে মিলবে দেশি স্বাদ, নিত্যপ্রয়োজনীয় বাজার এবং কমিউনিটি আয়োজনের পূর্ণাঙ্গ সুবিধা। এখন অনেকেই অপেক্ষায় আছেন কবে আনুষ্ঠানিকভাবে দরজা খুলবে As-Safa Halal Market & Grill।
দেশে বর্তমানে যে পরিমাণ গ্যাসের মজুত রয়েছে, তা দিয়ে আগামী প্রায় ১২ বছর সরবরাহ বজায় রাখা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মন্ত্রী জানান, দেশের মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্পন্ন হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট। বর্তমানে দৈনিক গড়ে ১,৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এই হারে আগামী ১২ বছর চাহিদা মেটানো সম্ভব হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অনুসন্ধান কার্যক্রম জোরদার করেছে বলে মন্ত্রী উল্লেখ করেন। পেট্রোবাংলার পরিকল্পনায় ১০০টি কূপ খনন কর্মসূচির আওতায় ইতোমধ্যে ২৬টি কূপের কাজ শেষ হয়েছে। এছাড়া বাপেক্স ব্লক-৭ ও ৯-এ ৩,৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক জরিপ এবং বিজিএফসিএল হবিগঞ্জ ও বাখরাবাদ এলাকায় ৩ডি সাইসমিক জরিপ শুরু করতে যাচ্ছে। দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট মোকাবিলায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধবিরতি নিয়ে নতুন মোড় নিয়েছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে রয়েছে। তবে আলোচনার এই আবহাওয়ার মধ্যেই তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ট্রাম্প। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গত কালই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ওয়াশিংটন এবং তেহরান একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো থেকে এখনো অনেক দূরে রয়েছে। উল্লেখ্য, দেশ দুটির মধ্যে চলমান দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আর মাত্র কয়েকদিন পরেই শেষ হতে যাচ্ছে। এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আন্তালিয়ায় এক সম্মেলনে জানান, যুদ্ধ অবসানে উভয় দেশই আলোচনার সদিচ্ছা দেখালেও বেশ কিছু মৌলিক বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। অন্যদিকে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, ট্রাম্প ইরানকে তাদের পরমাণু কর্মসূচির অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। সংঘাতের অন্যান্য খবরে জানা গেছে, গত দুই দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) আরও দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় পারস্য উপসাগর অভিমুখী দুটি এলপিজি ট্যাংকার মাঝপথেই ফিরে যেতে বাধ্য হয়েছে। সামগ্রিক পরিস্থিতিতে বিশ্বশান্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন পোপ লিও।
ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় নিজের রাজত্ব ধরে রেখেছেন। রিয়াজ, মান্না, শাকিব খানের মতো শীর্ষ নায়কদের সঙ্গে অভিনয় করে তিনি পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। ‘মনের মাঝে তুমি’ বা ‘ওরা আমাকে ভালো হতে দিল না’—এর মতো কালজয়ী সিনেমার এই নায়িকা বর্তমানে ছোট ও বড় পর্দা এবং উপস্থাপনায় সমান জনপ্রিয়। বিশেষ করে পূর্ণিমার রূপ ও সৌন্দর্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তাকে ‘চিরযৌবনা’ বা ‘তিন প্রজন্মের নায়িকা’ হিসেবে অভিহিত করেন অনুরাগীরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের এই অঢেল প্রশংসা নিয়ে মুখ খুলেছেন তিনি। পূর্ণিমা জানান, ভক্তদের প্রশংসা তিনি বেশ উপভোগ করেন। তবে নিজেকে আগের মতোই অপরিবর্তিত ভাবার বিষয়ে দ্বিমত পোষণ করে তিনি বলেন, "মোটেও আমি একই জায়গায় নেই, আমার মধ্যেও পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে, এটা আসলে ব্লেসিং।" রূপের বিচারে নিজেকেই একমাত্র সেরা ভাবতে নারাজ এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী। তিনি বিনয়ের সঙ্গে বলেন, "ইন্ডাস্ট্রিতে আমার চেয়েও অনেক সুন্দরী এবং পরীর মতো দেখতে অনেকেই আছেন। তাই আমিই একমাত্র সুন্দরী নই।" ভক্তদের ভালোবাসা আর দোয়াই তাকে আজও পর্দায় টিকিয়ে রেখেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা নিয়ে আবারও সরব হয়েছেন পোপ লিও। বর্তমানে আফ্রিকা সফররত পোপ আজ অ্যাঙ্গোলায় এক প্রার্থনা সভা শেষে দেওয়া ভাষণে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পোপ লিও বলেন, চলতি সপ্তাহের শুরুতে লেবাননে ঘোষিত যুদ্ধবিরতি বিশ্ববাসীর জন্য একটি "আশার কারণ" হয়ে দাঁড়িয়েছে। এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, "এটি লেবাননের সাধারণ মানুষ এবং পুরো লেভান্ত (পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল) অঞ্চলের জন্য স্বস্তির এক ঝলক আলোর মতো।" অ্যাঙ্গোলায় বিশাল এক জনসভার শেষে দেওয়া ভাষণে তিনি কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়ে বলেন, "যারা একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করছেন, আমি তাদের শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছি। আমি প্রার্থনা করি যাতে মধ্যপ্রাচ্যজুড়ে এই শত্রুতার অবসান ঘটে এবং শান্তি স্থায়ী রূপ পায়।" উল্লেখ্য, দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার পর লেবাননে এই যুদ্ধবিরতি পোপের মতে এই অঞ্চলের অস্থিরতা কমানোর ক্ষেত্রে একটি বড় সুযোগ। আন্তর্জাতিক বিশ্লেষকরা পোপের এই আহ্বানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন, যা বিশ্বনেতাদের ওপর নতুন করে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এক বিশেষ অভিযানে প্রণালীতে পেতে রাখা সামুদ্রিক মাইন শনাক্ত করতে পানির নিচে চলতে সক্ষম ড্রোন বা 'সি রোবট' এবং অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে একজন অজ্ঞাতনামা মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এই কাউন্টার-মাইন অভিযানে মানবচালিত এবং চালকবিহীন (Unmanned) উভয় প্রযুক্তির সমন্বয় ঘটানো হচ্ছে। সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, হরমুজ প্রণালীর বিশাল এলাকায় মাইন অনুসন্ধানের কাজ সাধারণ পদ্ধতিতে অনেক সময়সাপেক্ষ হলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা অত্যন্ত দ্রুত করা সম্ভব। মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডনেগান জানান, আগে যেখানে কয়েক সপ্তাহ সময় লাগত, এখন আনম্যানড আন্ডারওয়াটার ভেহিকেল (UUV) বা সি রোবট ব্যবহার করে মাত্র কয়েক দিনেই মাইন শনাক্ত করা সম্ভব। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ড্রোনগুলো প্রথমে সমুদ্রের তলদেশে স্ক্যান করে মাইনের অবস্থান নিশ্চিত করে। এরপর বিশেষায়িত রোবটের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়। মূলত ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতেই পেন্টাগন এই উদ্যোগ নিয়েছে।
কয়েক সপ্তাহের টানাপোড়েন আর অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অবশেষে মাঠে গড়ানোর অপেক্ষায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দলবদলের আনুষ্ঠানিকতা। প্রথম দিনেই অনলাইন ও সরাসরি মিলিয়ে মোট ৭৯ জন ক্রিকেটার তাদের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। বোর্ডের বৈধতা নিয়ে ক্লাবগুলোর বয়কট ও পাল্টাপাল্টি অবস্থানে লিগ হওয়া নিয়ে যে শঙ্কা জেগেছিল, তামিম ইকবালের নেতৃত্বে অস্থায়ী কমিটি দায়িত্ব নেওয়ার পর তার অবসান ঘটে। ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় বিসিবি প্রতিটি ক্লাবকে ২৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে। তবে সময়ের স্বল্পতার কারণে এবারের লিগে থাকছে না কোনো সুপার লিগ বা রেলিগেশন পদ্ধতি; খেলা হবে কেবল একক রাউন্ড-রবিন ফরম্যাটে। দলবদলে বড় চমক যারা প্রথম দিনেই ঘরোয়া ক্রিকেটের শক্তিশালী দলগুলো তাদের তুরুপের তাস গুছিয়ে নিয়েছে: মোহামেডান স্পোর্টিং ক্লাব: ডিপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়কে দলে ভিড়িয়ে বড় চমক দেখিয়েছে তারা। এছাড়াও রিশাদ হোসেন, নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমনের মতো তরুণ তুর্কিদের নিশ্চিত করেছে সাদা-কালো শিবির। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে মোহামেডান থেকে নিজেদের ডেরায় টেনেছে প্রাইম ব্যাংক। সঙ্গে নিয়েছে দুই তরুণ প্রতিভা তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবকে। আবাহনী লিমিটেড: বর্তমান চ্যাম্পিয়নরা তাদের কোর টিম ধরে রাখার পাশাপাশি দলে নিয়েছে সৌম্য সরকার, জাকের আলী অনিক ও সাব্বির রহমানকে। ঢাকা লিওপার্ডস: নবাগত এই দলটি অভিজ্ঞ মোমিনুল হক ও মোহাম্মদ মিঠুনকে নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করছে। স্বস্তিতে ক্রিকেটাররা লিগ শুরু হওয়া নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন স্বস্তি প্রকাশ করে বলেন, "অবশেষে লিগটি অনুষ্ঠিত হওয়ায় আমরা বড় ধরণের ক্ষতি থেকে বেঁচে গেলাম। এটি না হলে ক্রিকেটাররা আর্থিকভাবে চরম বিপর্যয়ে পড়ত।" আগামীকাল রবিবার দলবদলের শেষ দিন। এরপরই নির্ধারিত হবে কোন দল কোন শক্তিতে মাঠে নামছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে একাধিক রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতা-কর্মী যোগ দিতে যাচ্ছেন। আজ রোববার বেলা দেড়টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা-কর্মী আজ এনসিপিতে যুক্ত হচ্ছেন। এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত আজ এনসিপিতে যোগ দেবেন। পাশাপাশি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হকও যোগ দিচ্ছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেলের সম্পাদক মাহফুজ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও এনসিপি ও এর সহযোগী সংগঠনে যুক্ত হচ্ছেন। দলীয় সূত্র জানায়, রিফাত রশিদ জাতীয় যুবশক্তি, হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তি এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দিচ্ছেন। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “এনসিপি একটি বড় রাজনৈতিক দল হতে চায়। যারা বাংলাদেশপন্থা ও সংস্কারের পক্ষে, তাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে।” জানা গেছে, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) থেকে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দিচ্ছেন। তারা পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন এবং জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। আপ বাংলাদেশ গঠনের পর রাজনৈতিকভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় এবং সাম্প্রতিক ভাঙনের পর তাদের এই সিদ্ধান্ত আসে বলে দলীয় সূত্র জানিয়েছে। এদিকে বিএনপির সাবেক নেতা ইসহাক সরকারও ভবিষ্যতে এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। তবে তিনি জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা চললেও আজ তিনি যোগ দিচ্ছেন না। আজকের এই যোগদানকে কেন্দ্র করে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছেন দলটির নেতারা।
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নাটকীয় পালাবদল ঘটেছে। একদিকে প্রণালি খুলে দেওয়ার ঘোষণা, অন্যদিকে অল্প সময়ের মধ্যেই তা আবার বন্ধ—এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত শুক্রবার ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করার ঘোষণা দিলে আন্তর্জাতিক মহলে আশার সঞ্চার হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে এ পদক্ষেপকে স্বাগত জানান। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, প্রণালি খুলে দেওয়া হলেও জাহাজ চলাচল তেহরান নিয়ন্ত্রণ করবে। এই ঘোষণার প্রভাব দ্রুতই বিশ্ববাজারে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়। তবে পরিস্থিতি বেশিক্ষণ স্থিতিশীল থাকেনি। এরপর যুক্তরাষ্ট্র জানায়, কোনো শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বহাল থাকবে। এই অবস্থার প্রেক্ষাপটে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি পুনরায় বন্ধ ঘোষণা করে। আইআরজিসি জানায়, প্রণালির দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে এবং নির্দেশ অমান্যকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে ওমান উপকূলের কাছে দুটি জাহাজে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের নৌবাহিনী ‘শত্রুদের নতুন করে পরাজয়ের স্বাদ’ দিতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে এই টানাপোড়েন মূলত বৃহত্তর কৌশলগত দ্বন্দ্বের অংশ। জাহাজ চলাচল ছাড়াও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর ও পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য এখনো গভীর। এদিকে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নাও হতে পারে। এমনকি পরিস্থিতি খারাপ হলে পুনরায় সামরিক হামলা শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। অন্যদিকে ইরানও আপসহীন অবস্থানে রয়েছে। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে সংঘাত শুরু হলে আরও আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তুতি রয়েছে।
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার নির্দিষ্ট নিয়ম ও শর্ত ভঙ্গ করলে শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রেও বড় ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। সম্প্রতি মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা প্রচার করা হয়। দূতাবাস জানায়, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া কিংবা নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা ভিসা বাতিলের অন্যতম প্রধান কারণ হতে পারে। পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার স্টাডি প্রোগ্রাম থেকে সরে দাঁড়ান, তবে আপনার শিক্ষার্থী ভিসাটি বাতিল বলে গণ্য হতে পারে।’ ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্যতা নিয়েও সাবধান করেছে দূতাবাস। বলা হয়েছে, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পুনরায় ভিসা পাওয়ার যোগ্যতাও চিরতরে হারাতে পারেন শিক্ষার্থীরা। সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে এবং ছাত্র হিসেবে নিজের বৈধ অবস্থান (স্টুডেন্ট স্ট্যাটাস) বজায় রাখতে সব সময় ভিসার শর্তাবলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনা ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে ইরান প্রসঙ্গে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে প্রশ্নকারীকে কার্যত বেরিয়ে যেতে বলেন। সিবিএস নিউজের সাংবাদিক অলিভিয়া রিনাল্ডি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এক মন্তব্যের প্রসঙ্গ তুলে জানতে চান, ইরানি গানবোট দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের অবস্থান কী। প্রশ্নটি শেষ হওয়ার আগেই ট্রাম্প দৃশ্যত বিরক্ত হয়ে বলেন, “আউট। সবাইকে ধন্যবাদ।” এরপরই ব্রিফিং কার্যত শেষ হয়ে যায়। উপস্থিতদের ভাষ্য অনুযায়ী, ওই সময় প্রেসিডেন্টকে স্পষ্টতই রাগান্বিত দেখাচ্ছিল। এর আগে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজকে ঘিরে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ব্রিটিশ সামরিক সূত্রের দাবি, ইরানের দুটি গানবোট একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা যায়নি। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনার খবর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিতিশীলতাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
লিওনেল মেসি মানেই যেন এক জাদুর কাঠি। আবারও তার প্রমাণ মিলল মেজর লিগ সকারে (এমএলএস)। কলোরাডো র্যাপিডসের বিপক্ষে পিছিয়ে পড়েও লিওনেল মেসির জোড়া গোলে ৩-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। ডেনভারের এম্পাওয়ার ফিল্ডে প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে রেকর্ড গড়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে মায়ামি। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন খুদে জাদুকর। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসির ক্রস থেকেই দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান বার্টরাম। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কলোরাডো। ৫৯ এবং ৬২ মিনিটে পরপর দুই গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে, তখনই আবারও দৃশ্যপটে হাজির মেসি। ম্যাচের ৭৯ মিনিটে চারজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের কোণা থেকে এক অবিশ্বাস্য শটে জয়সূচক গোলটি করেন তিনি। এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি তাদের অপরাজিত থাকার রেকর্ডকে টানা সাত ম্যাচে নিয়ে গেল। বর্তমানে লিগে ৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেই রয়েছেন মেসি। অন্তর্বর্তীকালীন কোচ গুইলারমো হোয়োসের অধীনে এটি মায়ামির প্রথম জয়।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশি খ্রিষ্টানদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইস্টার পুনর্মিলনী ও বৈশাখী উৎসব ২০২৬’। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন ইনকরপোরেটেড (বিসিএ)-এর উদ্যোগে গত ১২ এপ্রিল সিলভার স্প্রিং এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। রসকো নিক্স এলিমেন্টারি স্কুল প্রাঙ্গণে বিকেল থেকে রাত পর্যন্ত চলা এ আয়োজনে প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশির মিলনমেলায় সৃষ্টি হয় এক টুকরো বাংলাদেশের আবহ। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেগ উইম্স এবং মন্টগোমারি কাউন্টির কর্মকর্তা আনিস আহমেদ। শোভাযাত্রা শেষে সংগঠনের সেক্রেটারি বিভাস রোজারিও সঞ্চালনায় শুরু হয় মূল পর্ব। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন ও প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিসিএ’র সভাপতি বিপুল এলিট গনছালভেস ইস্টার ও বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে যিশু খ্রিষ্টের শিক্ষা অনুসরণের আহ্বান জানান। অতিথিরা তাঁদের বক্তব্যে মেরিল্যান্ডের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে পরিবেশন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বৈশাখী খাবার। অংশগ্রহণকারীরা নিজ নিজ ঘর থেকে নানা ধরনের খাবার নিয়ে এসে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ ছিল ‘ইস্টার বানি’, যা তাদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। এ সময় মন্টগোমারি কাউন্টি কাউন্সিলের প্রার্থী রেদোয়ান চৌধুরী ও জেরেমিয়া পোপ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণের ক্ষেত্রে এ ধরনের উপস্থিতি ইতিবাচক বার্তা দেয়। সন্ধ্যায় সাংস্কৃতিক সম্পাদক জীবন পেরার তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত, নৃত্য ও কৌতুক পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা। নৃত্য পরিবেশনায় মঞ্জুরি নৃত্যালয় ও সৃষ্টি নৃত্যাঙ্গনের পরিবেশনা বিশেষভাবে প্রশংসিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বয়োজ্যেষ্ঠদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী পুতুল নাচ। এছাড়া র্যাফেল ড্র-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়, যার মধ্যে গ্র্যান্ড পুরস্কার হিসেবে বাংলাদেশগামী বিমান টিকিট ছিল। অনুষ্ঠানে ফাদার সুবাস কস্তা, বিসিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি জুড ভি. গমেজসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ইস্টার ও বৈশাখ একসঙ্গে উদযাপনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় হয়।
দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা স্নায়ুযুদ্ধ ও সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের জব্দ হওয়া সম্পদ ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে ইরান। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার আগে তেহরান শুধু তাদের আটকে থাকা অর্থই ফেরত চায়নি, বরং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং সরকারের মুখপাত্র ফাতিমা মাহাজিরানি জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার। রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ এবং শিল্প-কারখানা বন্ধ থাকায় সৃষ্ট আর্থিক লোকসান মিলিয়ে এই অংক করা হয়েছে, যা সময়ের সাথে আরও বাড়তে পারে। কোথায় এবং কীভাবে জব্দ আছে ইরানের সম্পদ? ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে বর্তমান ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৪৭ বছর ধরে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে আছে। এর একটি সংক্ষিপ্ত চিত্র নিচে দেওয়া হলো: সময়কাল/উৎস সম্পদের পরিমাণ (আনুমানিক) বর্তমান অবস্থা ১৯৭৯ (জিমি কার্টার আমল) ৮ - ১১ বিলিয়ন ডলার মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জব্দ। ২০১৫ (পারমাণবিক চুক্তি) ১০০ বিলিয়ন ডলার (ওবামা) চুক্তির পর আংশিক (২৯-৬০ বিলিয়ন) ব্যবহারের সুযোগ পায়। ২০১৮ (ট্রাম্প আমল) অনির্দিষ্ট চুক্তি থেকে সরে আসায় পুনরায় সম্পদ জব্দ করা হয়। ২০২৩ (কাতার মধ্যস্থতা) ৬ বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া থেকে কাতারের অ্যাকাউন্টে স্থানান্তর, তবে বর্তমানে ব্যবহারে নিষেধাজ্ঞা। ইরানি সংবাদ সংস্থা প্রেস টিভির তথ্যমতে, যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশের ফলে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়। এর মধ্যে রয়েছে: সিটি ব্যাংক ও ব্যাংক অফ আমেরিকা, এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড, বিএনপি পারিবাস ও ডয়েচে ব্যাংক। এছাড়াও শেল, টোটাল, সিমেন্স এবং বোয়িং-এর মতো বড় বড় কোম্পানিগুলো তাদের প্রকল্প মাঝপথে ছেড়ে চলে যাওয়ায় ইরানের বিশাল পুঁজি আটকা পড়ে আছে। আস্থার সংকট ও বর্তমান পরিস্থিতি ২০২৩ সালে কাতার ৫ ইরানি বন্দির বিনিময়ে যে ৬ বিলিয়ন ডলার ছাড়ের ব্যবস্থা করেছিল, ২০২৪ সালে ইসরায়েল-ইরান উত্তজনা বৃদ্ধির পর যুক্তরাষ্ট্র পুনরায় সেই অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়েছেন, জব্দ থাকা সম্পদ ফেরত দেওয়া কোনো আলোচনার বিষয় হতে পারে না (Non-negotiable)। এটি ফেরত না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো বড় ধরনের অগ্রগতির আশা করা বৃথা। তেহরানের মতে, আলোচনার টেবিলে বসার আগে ওয়াশিংটনকে তাদের 'আন্তরিকতার পরীক্ষা' দিতে হবে এই অর্থ ফেরত দেওয়ার মাধ্যমে।
সমুদ্রের তলদেশে গবেষণা বা জটিল উদ্ধারকাজে ডুবুরিদের জন্য সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো অক্সিজেন। সেই সংকট কাটাতে এবার যুগান্তকারী এক রোবোটিক ডাইভিং স্যুট উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা। দাবি করা হচ্ছে, এই ‘রোবো-ডাইভিং স্যুট’ ব্যবহার করলে একজন ডুবুরি স্বাভাবিকের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম অক্সিজেন খরচ করে দীর্ঘক্ষণ পানির নিচে অবস্থান করতে পারবেন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিশেষ স্যুটটিতে যুক্ত করা হয়েছে উন্নত মানের অ্যালগরিদম যা ডুবুরির প্রতিটি নড়াচড়া বা মুভমেন্টকে নিখুঁতভাবে অনুসরণ করতে পারে। ফলে ডুবুরিকে সাতার কাটতে বা হাত-পা নাড়াতে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয় না, যা তার শরীরে অক্সিজেনের চাহিদা কমিয়ে দেয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রযুক্তি শুধু অক্সিজেন সাশ্রয়ই করবে না, বরং গভীর সমুদ্রের প্রতিকূল পরিবেশে দুর্ঘটনার ঝুঁকিও কমিয়ে আনবে। পানির নিচে ভারী কোনো যান্ত্রিক কাজ বা উদ্ধার তৎপরতার সময় এই রোবোটিক স্যুট ডুবুরিকে ‘শ্যাডো’ বা ছায়ার মতো সহায়তা করবে। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে সমুদ্র সম্পদ আহরণ এবং সামরিক ক্ষেত্রে এটি বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
ইরানকে ঘিরে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দাম বাড়ার ঘোষণার পর প্রথম দিনেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে তেলের জন্য হাহাকার এবং যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আজ রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিটি ফিলিং স্টেশনের সামনেই শত শত যানবাহন অপেক্ষায় রয়েছে। কোথাও কোথাও তেলের লাইনের শেষ প্রান্ত আশপাশের অলিগলিতে গিয়ে ঠেকেছে। চালকদের অভিযোগ, ১০ থেকে ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোগান্তির শিকার এক প্রাইভেটকার চালক বলেন, "ভেবেছিলাম দাম বাড়লে অন্তত তেল পাওয়া যাবে। কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, পাম্প থেকে বলছে তেল শেষ।" একই ক্ষোভ প্রকাশ করেছেন মোটরবাইক চালকরাও। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার প্রভাব পড়ছে দৈনন্দিন উপার্জনে। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, চাহিদার তুলনায় তেলের সরবরাহ অত্যন্ত কম। তেল আসার কিছুক্ষণ পরেই মজুত শেষ হয়ে যাচ্ছে, ফলে লাইনে থাকা সবাইকে জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার ভোক্তা পর্যায়ে তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জনসাধারণের আশঙ্কা, জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া এবং নিত্যপণ্যের দাম আরও আকাশচুম্বী হবে। অন্যদিকে, পাম্প মালিকরা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের দাবি, এতে তেলের অবৈধ মজুত কমবে এবং বাজারে স্বচ্ছতা ফিরবে। তবে বর্তমান সংকট নিরসনে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা।