সঞ্চয়

সঞ্চয়ের বদলে ভ্রমণকেই বেছে নিচ্ছে জেন-জি
মাসে ১৬০ ডলার জমিয়েই মিলিয়নিয়ার হওয়া সম্ভব, তবু সঞ্চয়ের বদলে ভ্রমণকেই বেছে নিচ্ছে জেন-জি

মাসে মাত্র ১৬০ ডলার বা প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা সঞ্চয় করেই অবসর বয়সে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে তরুণ জেন-জি (Gen Z) প্রজন্মের সামনে। তবে সঞ্চয়ের চেয়ে তারা ছুটি কাটানো ও বিশ্বভ্রমণকেই জীবনের প্রধান অগ্রাধিকার হিসেবে বেছে নিচ্ছেন, যা পরবর্তীতে তাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।   বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জে.পি. মরগানের (J.P. Morgan) এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে দেখা যায়, ২৯ বছর বা তার কম বয়সী জেন-জি তরুণদের প্রায় ৪৮ শতাংশই অবসরকালীন সঞ্চয়ের চেয়ে ট্রাভেল করাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।   প্রতিবেদনে উল্লেখ করা হয়, গবেষণায় অংশ নেওয়া চারটি ভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে জেন-জিদের মধ্যেই ঘুরে বেড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি। এর বিপরীতে ৬২ থেকে ৮০ বছর বয়সী 'বেবি বুমার' প্রজন্মের মাত্র ১১ শতাংশ সদস্য ঘুরতে যাওয়ার জন্য সঞ্চয় করাকে অগ্রাধিকার দেন।   জে.পি. মরগান জানিয়েছে, সব কর্মীর জন্যই অবসরকালীন নিরাপত্তা গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হলেও তরুণ কর্মীরা তাদের তাৎক্ষণিক আর্থিক চাহিদাকে আগে রাখছেন। তবে অবসরের সঠিক পরিকল্পনা তৈরিতে নিজেদের প্রতিষ্ঠান বা নিয়োগকর্তাদের কাছ থেকে দিকনির্দেশনা আশা করছেন তরুণরা। বেবি বুমারদের তুলনায় জেন-জিরা তাদের রিটার্নমেন্ট প্ল্যানে প্রতি মাসে কত টাকা দেওয়া উচিত—সে বিষয়ে পরামর্শ পেতে প্রায় ৬০ শতাংশ বেশি আগ্রহী।   বাস্তবতা হলো, সাধারণ আমেরিকানরা অবসরে স্বাচ্ছন্দ্যে চলার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন মনে করেন, তাদের প্রকৃত সঞ্চয় তার চেয়ে অনেক কম। 'শ্রোডার্স' নামের এক আর্থিক প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী, একজন গড় আমেরিকান কর্মী মনে করেন অবসরে তার ১২ লাখ ডলার সঞ্চয় থাকা দরকার, কিন্তু প্রায় অর্ধেক কর্মী মনে করেন অবসরে তাদের ঝুলিতে থাকবে ৫ লাখ ডলারের কম।   ২০৩২ সালে যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থার প্রধান একটি তহবিল খালি হয়ে গেলে অবসরপ্রাপ্তদের প্রাপ্ত ভাতা ২২ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা কম বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ার ওপর জোর দিচ্ছেন। হিসাব অনুযায়ী, কোনো ২০ বছর বয়সী তরুণ যদি মাসে মাত্র ১৬০ ডলার করে জমায়, তবে অবসরের বয়সে গিয়ে সে অনায়াসেই ১ মিলিয়নের বেশি বা কোটিপতি হতে পারবে; যা ৪৫ বছর বয়সে শুরু করলে প্রতি মাসে প্রয়োজন হতো ১,৩৯৫ ডলার।

ইসতিয়াক আহমেদ জুলাই ২৮, ২০২৬ ১৪:০
পরিকল্পিত ব্যয় ও নিয়মিত সঞ্চয় জার্মানদের আর্থিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ছবি: সংগৃহীত
কিপটেমি নয়, আর্থিক শৃঙ্খলা: জার্মানদের ৫ অভ্যাস যেভাবে বাড়ায় সঞ্চয়

বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির মানুষ শুধু উন্নত প্রযুক্তি, শিল্প বা বিশ্বখ্যাত গাড়ি নির্মাণের জন্যই পরিচিত নন। তাদের আরেকটি বড় পরিচয় হলো সুশৃঙ্খল আর্থিক পরিকল্পনা এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস। বিভিন্ন আর্থিক জরিপে দেখা গেছে, জার্মানির অধিকাংশ মানুষ প্রতি মাসেই আয়ের একটি অংশ ভবিষ্যতের জন্য আলাদা করে রাখেন।   অনেকেই মনে করেন, জার্মানরা হয়তো অতিরিক্ত কৃপণ। বাস্তবে বিষয়টি ভিন্ন। তারা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করেন। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় এই অভ্যাস তাদের অর্থনৈতিকভাবে আরও স্থিতিশীল থাকতে সাহায্য করে। বিশেষ করে প্রবাসীদের জন্যও জার্মানদের এই জীবনধারা অনুসরণ করা কার্যকর হতে পারে।   জার্মানদের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রয়োজন ছাড়া বাড়তি খরচ না করা। দৈনন্দিন কেনাকাটার ক্ষেত্রে তারা ব্র্যান্ডের চেয়ে গুরুত্ব দেন পণ্যের মান ও দামের ওপর। তাই অনেকেই নিয়মিত কেনাকাটা করেন লিডল, আলডি, পেনি কিংবা নেটোর মতো ডিসকাউন্ট সুপারমার্কেটে। একই মানের পণ্য তুলনামূলক কম দামে পাওয়ায় মাস শেষে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় হয়। এছাড়া বাজারে যাওয়ার আগে তালিকা তৈরি করে তারা সাধারণত সেই তালিকার বাইরে অতিরিক্ত কিছু কেনেন না।   অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করাও তাদের আর্থিক শৃঙ্খলার গুরুত্বপূর্ণ অংশ। ব্যবহার না করলেও মাসের পর মাস বিভিন্ন অ্যাপ, স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা জিমের সদস্যপদের জন্য অর্থ পরিশোধ করার প্রবণতা অনেক দেশে দেখা যায়। কিন্তু জার্মানিতে মানুষ নিয়মিত ব্যাংক হিসাব পর্যালোচনা করে যেসব সেবা ব্যবহার করছেন না, সেগুলো দ্রুত বাতিল করে দেন। এতে ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ জমে বড় অঙ্কে পরিণত হওয়ার সুযোগ থাকে না।   বিশ্বখ্যাত বিএমডব্লিউ, মার্সিডিজ কিংবা অডির মতো গাড়ির দেশ হলেও অনেক জার্মান প্রতিদিনের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করেন। উন্নত বাস, ট্রেন ও ট্রামের নেটওয়ার্কের কারণে কম খরচে সহজে চলাচল করা সম্ভব হয়। এতে জ্বালানি, পার্কিং, রক্ষণাবেক্ষণ এবং বীমার মতো ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রয়োজন হলে অনেকেই গাড়ি কেনার বদলে কার-শেয়ারিং সেবা ব্যবহার করেন।   সঞ্চয়ের ক্ষেত্রেও তারা একটি কার্যকর পদ্ধতি অনুসরণ করেন। মাস শেষে যা অবশিষ্ট থাকে তা জমা না রেখে, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি নির্দিষ্ট অংশ আলাদা করে সঞ্চয় বা বিনিয়োগ হিসাবে স্থানান্তর করেন। জার্মানির অনেক ব্যাংক স্থায়ী স্বয়ংক্রিয় নির্দেশনার মাধ্যমে এই অর্থ নির্দিষ্ট সঞ্চয়ী হিসাব বা বিনিয়োগ তহবিলে পাঠানোর সুবিধা দেয়। ফলে প্রথমেই সঞ্চয় নিশ্চিত হয় এবং বাকি অর্থ দিয়ে পুরো মাসের বাজেট পরিচালনা করা সহজ হয়।   পরিবেশ সংরক্ষণ ও অর্থ সাশ্রয়কে একসঙ্গে গুরুত্ব দেওয়ার সংস্কৃতিও জার্মানদের মধ্যে লক্ষণীয়। দেশটিতে প্লাস্টিক ও কাঁচের বোতল কেনার সময় অতিরিক্ত একটি আমানত মূল্য পরিশোধ করতে হয়, যা ব্যবহারের পর নির্দিষ্ট মেশিনে বোতল ফেরত দিলে ফেরত পাওয়া যায়। অনেকেই এসব বোতল জমিয়ে রেখে পরে রিফান্ড নিয়ে দৈনন্দিন কেনাকাটায় ব্যবহার করেন। পাশাপাশি নতুন পণ্য কেনার পরিবর্তে ভালো মানের সেকেন্ড-হ্যান্ড আসবাবপত্র, ইলেকট্রনিক্স বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনাও জার্মানদের মধ্যে খুবই জনপ্রিয়।   অর্থনীতিবিদদের মতে, আয় যতই হোক, দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সঞ্চয়, পরিকল্পিত ব্যয় এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণের বিকল্প নেই। জার্মানদের এই অভ্যাস শুধু ব্যক্তিগত আর্থিক স্থিতিশীলতাই বাড়ায় না, অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ও তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে সহায়তা করে।   বিশেষ করে বিদেশে বসবাসরত অভিবাসীদের জন্যও এই অভ্যাসগুলো কার্যকর হতে পারে। নিয়মিত সঞ্চয়, পরিকল্পিত বাজেট এবং সচেতন ব্যয়ের মাধ্যমে ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলা করা অনেক সহজ হয়ে ওঠে।    

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ৩, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে চাকরি করছেন? উবার চালক থেকে দোকান কর্মী—সবার জন্যই রয়েছে অবসর সঞ্চয়ের সুযোগ

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন। কেউ বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আবার কেউ উবার বা লিফট চালান, ট্রাক চালক হিসেবে কাজ করেন, রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন কিংবা মুদি দোকানে কর্মরত আছেন। অনেকে ছোট ব্যবসা পরিচালনা করেন বা স্বনিয়োজিত হিসেবে কাজ করছেন। কিন্তু আয়ের পাশাপাশি ভবিষ্যতের জন্য অবসরকালীন সঞ্চয় বা রিটায়ারমেন্ট পরিকল্পনা নিয়ে সচেতনতার ঘাটতি এখনও কমিউনিটির একটি বড় বাস্তবতা।   যুক্তরাষ্ট্রে গত এক দশক আর্থিক পরিকল্পনা নিয়ে কাজ করেন আশিকুর রহমান, তিনি জানান অনেক বাংলাদেশি বছরের পর বছর কাজ করলেও অবসর জীবনের জন্য নিয়মিত সঞ্চয় করেন না। অনেকে আবার মনে করেন, শুধু বড় কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করলেই রিটায়ারমেন্ট সুবিধা পাওয়া যায়। বাস্তবে বিষয়টি ভিন্ন। যুক্তরাষ্ট্রে কর্পোরেট চাকরি না করলেও ব্যক্তিগতভাবে অবসরকালীন সঞ্চয়ের একাধিক সুযোগ রয়েছে।   কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত অনেকের জন্য সবচেয়ে পরিচিত রিটায়ারমেন্ট পরিকল্পনা হলো ৪০১(কে)। এই ব্যবস্থায় কর্মীরা তাদের বেতনের একটি অংশ নিয়মিত রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। মোটামুটি সব প্রতিষ্ঠানেই কর্মীর জমার সঙ্গে অতিরিক্ত অর্থও যোগ করে, যা এমপ্লয়ার ম্যাচ নামে পরিচিত। অর্থাৎ কর্মীর সঞ্চয়ের পাশাপাশি নিয়োগকর্তার অবদানও ভবিষ্যতের তহবিলকে আরও বড় করে তোলে।   তবে যাদের কর্মস্থলে ৪০১(কে)-এর সুবিধা নেই, তাদের জন্যও বিকল্প রয়েছে। ব্যক্তিগতভাবে ইনডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট (আইআরএ) খোলা যায়। এর মধ্যে ট্র্যাডিশনাল আইআরএ এবং রথ আইআরএ—দুই ধরনের পরিকল্পনাই বেশ জনপ্রিয়।   ট্র্যাডিশনাল আইআরএ-তে নির্দিষ্ট শর্তে কর-সুবিধা পাওয়া যেতে পারে। তবে অবসরের সময় সেই অর্থ উত্তোলন করলে তখন প্রচলিত নিয়ম অনুযায়ী কর দিতে হয়।   অন্যদিকে রথ আইআরএ (Roth IRA)-তে কর পরিশোধের পর অর্থ জমা রাখা হয়। তবে নির্ধারিত নিয়ম পূরণ করে অবসরের সময় সেই অর্থ এবং বিনিয়োগ থেকে অর্জিত আয় উত্তোলন করলে সাধারণত অতিরিক্ত ফেডারেল আয়কর দিতে হয় না। এ কারণে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে রথ আইআরএ অনেকের কাছে একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে যাদের কর্মজীবনের শুরু, নতুন অভিবাসী বা ভবিষ্যতে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাদের জন্য এটি উপযোগী হতে পারে।   যারা উবার বা লিফট চালক, ট্রাক ড্রাইভার, খাবার সরবরাহকারী, ছোট ব্যবসার মালিক কিংবা অন্য কোনো স্বনিয়োজিত পেশায় কাজ করেন, তাদের জন্যও বিশেষ অবসরকালীন সঞ্চয় প্রকল্প রয়েছে। যেমন এসইপি আইআরএ (SEP IRA) এবং সোলো ৪০১(কে) (Solo 401(k))। এসব পরিকল্পনার মাধ্যমে আয়ের একটি অংশ নিয়মিত ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়।   বাংলাদেশি কমিউনিটির মধ্যে আরেকটি সাধারণ ভুল ধারণা হলো, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার এবং মেডিকেইডই রিটায়ারমেন্ট সুবিধা। বাস্তবে তা নয়।   আশিকুর রহমান বলেন, সোশ্যাল সিকিউরিটি হলো কর্মজীবনে পরিশোধ করা বেতনের করের ভিত্তিতে অবসরের সময় পাওয়া মাসিক আর্থিক সুবিধা। অন্যদিকে মেডিকেয়ার মূলত ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি এবং মেডিকেইড হলো কম আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচি। এগুলোর কোনোটিই ব্যক্তিগত রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নয় এবং ব্যক্তিগত সঞ্চয়ের বিকল্পও নয়।   তিনি আরও বলেন, শুধু সোশ্যাল সিকিউরিটির ওপর নির্ভর করলে অধিকাংশ মানুষের জন্য অবসর-পরবর্তী জীবনযাত্রার সব ব্যয় নির্বাহ করা কঠিন হতে পারে। তাই কর্মজীবনের শুরু থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত সঞ্চয় শুরু করা গুরুত্বপূর্ণ।   বিশেষজ্ঞদের মতে, বড় অঙ্কের অর্থ দিয়ে শুরু করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। মাসে ৫০, ১০০ বা ২০০ ডলার করেও অবসরকালীন সঞ্চয় শুরু করা সম্ভব। দীর্ঘ সময় ধরে নিয়মিত বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি হারে সেই অর্থ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেতে পারে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য এখনই সময় রিটায়ারমেন্ট পরিকল্পনা সম্পর্কে সচেতন হওয়ার। আপনি কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করুন কিংবা উবার চালান, দোকানে চাকরি করুন অথবা নিজের ব্যবসা পরিচালনা করুন, সঠিক পরিকল্পনা থাকলে আজকের ছোট সঞ্চয়ই ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার বড় ভিত্তি হয়ে উঠতে পারে।   বিঃদ্রঃ এই প্রতিবেদনটি সাধারণ তথ্যভিত্তিক। ব্যক্তিগত বিনিয়োগ, কর বা অবসরকালীন পরিকল্পনা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একজন লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টা বা কর বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ইসতিয়াক আহমেদ জুন ২৫, ২০২৬ ১৪:০
জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

Top week

কুমার বিশ্বজিতের যুক্তরাষ্ট্রের অভিবাসন পিটিশন অনুমোদন, হিল্লোলের পোস্ট ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা

কুমার বিশ্বজিতের যুক্তরাষ্ট্রের অভিবাসন পিটিশন অনুমোদন, হিল্লোলের পোস্ট ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা

ইসতিয়াক আহমেদ আগস্ট ৯, ২০২৬ ১৪:০