সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

সাবেক বুয়েট শিক্ষার্থী ও এনভিডিয়া ডেটা সায়েন্টিস্ট ইরফানের মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৫, ২০২৬ ১৬:৫
জর্জিয়া টেকের সমাবর্তনে ইরফান আল-হুসাইনী ও তার স্ত্রী ফ্যাবিয়া ফারলিন অ্যাথেনা
জর্জিয়া টেকের সমাবর্তনে ইরফান আল-হুসাইনী ও তার স্ত্রী ফ্যাবিয়া ফারলিন অ্যাথেনা

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রযুক্তিবিদ ও সাবেক বুয়েট শিক্ষার্থী ইরফান আল-হুসাইনীর মৃত্যুকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছেন তার একদল বন্ধু ও ঘনিষ্ঠ পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে তারা ঘটনাটির পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে বিবৃতিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।

 

বন্ধুদের দাবি অনুযায়ী, গত ২২ জুলাই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড এলাকার নিজ বাসায় ইরফানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রায় নয় দিন লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়। ঘটনাটি আত্মহত্যার চেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হলেও, ঘটনার সময়রেখা, ৯১১-এ ফোন করার সময় এবং চিকিৎসকদের পর্যবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার দিন সকালে ইরফান কর্মস্থলের একটি প্রেজেন্টেশন শেষ করেন। এরপর সহকর্মীদের গ্রুপ চ্যাটে তিনি জানান, তার স্ত্রী অসুস্থ থাকায় দিনের বাকি সময় তিনি ছুটি নিচ্ছেন। বন্ধুদের দাবি, পরবর্তী ঘটনাপ্রবাহ এবং ৯১১-এ ফোন করার সময় নিয়ে কিছু অসঙ্গতি রয়েছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত।

 

ইরফান আল-হুসাইনী বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে এসে তিনি জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (জর্জিয়া টেক) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন। পরে তিনি বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ায় ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন। 

 

জর্জিয়া টেকের প্রকাশিত একটি ফিচার অনুযায়ী, ইরফান ও তার স্ত্রী ফ্যাবিয়া ফারলিন অ্যাথেনা দুজনই বুয়েটের শিক্ষার্থী ছিলেন, তবে তাদের পরিচয় হয় যুক্তরাষ্ট্রে জর্জিয়া টেকে পিএইচডি করার সময়। তারা ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইরফান ২০২৩ সালে পিএইচডি সম্পন্ন করলেও স্ত্রীর সঙ্গে একসঙ্গে সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ২০২৪ সালের অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করেন। সেই গল্প নিয়েই ২০২৪ সালে জর্জিয়া টেক তাদের দুজনকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পিএইচডির পর ইরফান এনভিডিয়ায় এবং অ্যাথেনা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম শুরু করেন। 

 

বন্ধুদের যৌথ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, ইরফান দীর্ঘদিন ধরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন। সেখানে তার বৈবাহিক জীবন নিয়ে মানসিক নির্যাতন, নিয়ন্ত্রণমূলক আচরণ এবং পারিবারিক বিচ্ছিন্নতার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

 

বিবৃতিতে বলা হয়েছে, যদি ঘটনাটি আত্মহত্যা হয়ে থাকে, তাহলে কী পরিস্থিতি একজন পেশাগতভাবে সফল মানুষকে এমন সিদ্ধান্তে পৌঁছে দিল, সেটিও তদন্তের অংশ হওয়া উচিত। আর যদি ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ থেকে থাকে, তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য পূর্ণাঙ্গ তদন্ত আরও জরুরি।

 

এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশি প্রযুক্তি ও প্রবাসী কমিউনিটিতে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও, তদন্ত শেষ হওয়ার আগে কোনো ব্যক্তি বা পক্ষ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা তদন্তকারী কর্তৃপক্ষের চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তদন্তে নতুন তথ্য প্রকাশিত হলে সেই অনুযায়ী ঘটনাটির পরবর্তী অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করবে আমেরিকা বাংলা।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হামের সংক্রমণের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হামের সংক্রমণের আশঙ্কা, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হামে আক্রান্ত এক ব্যক্তির যাতায়াতের কারণে সম্ভাব্য সংক্রমণের সতর্কতা জারি করেছে শহরের জনস্বাস্থ্য বিভাগ। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ১৪ সেপ্টেম্বর রাত পর্যন্ত বিমানবন্দরের কয়েকটি টার্মিনাল ও সংযোগ এলাকায় ওই ব্যক্তি অবস্থান করেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি সম্প্রতি ফিলাডেলফিয়ার শিশু হাসপাতালে শনাক্ত হওয়া হামের সম্ভাব্য সংস্পর্শের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।   ফিলাডেলফিয়ার জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সম্ভাব্য সংস্পর্শের সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৭টা ২৫ মিনিট থেকে ১৪ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিট পর্যন্ত। এ সময় ওই ব্যক্তি বি ও এফ টার্মিনাল এবং সি, ডি ও ই টার্মিনালের সংযোগ এলাকায় ছিলেন। তিনি বিমানবন্দর থেকে বাইরে যাননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   এই সময়ে বিমানবন্দরে থাকা যাত্রী ও অন্যদের নিজেদের হামের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা নেওয়ার তথ্য যাচাই করতে বলা হয়েছে। যাদের টিকা নেওয়ার তথ্য নিশ্চিত নয় বা যারা হামের বিরুদ্ধে সুরক্ষিত নন, তাদের দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।   বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে ১২ মাসের কম বয়সী শিশু, হামের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এমন গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের। যারা মাত্র এক ডোজ হামের টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ প্রয়োজন কি না তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।   হামের প্রাথমিক লক্ষণের মধ্যে জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি এবং চোখ লাল ও পানি পড়ার মতো উপসর্গ থাকতে পারে। পরে শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। সম্ভাব্য সংস্পর্শে আসা কেউ ৫ অক্টোবর পর্যন্ত এসব উপসর্গে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। চিকিৎসকের কাছে যাওয়ার আগে সম্ভাব্য হামের সংস্পর্শে আসার বিষয়টি জানাতেও পরামর্শ দেওয়া হয়েছে।   স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা কথা বলার মাধ্যমে এটি ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তি কোনো স্থান ছেড়ে যাওয়ার পরও নির্দিষ্ট পরিস্থিতিতে বাতাসে ভাইরাস কিছু সময় থাকতে পারে।   ফিলাডেলফিয়ার স্বাস্থ্য কমিশনার ডা. পালাক রাভাল-নেলসন জানিয়েছেন, সাম্প্রতিক হামের সংস্পর্শের ঘটনাগুলো সবার টিকাদান হালনাগাদ রাখার গুরুত্ব আবারও মনে করিয়ে দিচ্ছে। পূর্ণ টিকা নেওয়া ব্যক্তিদের সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।   এদিকে বিমানবন্দরের এই ঘটনা এমন সময়ে সামনে এসেছে, যখন পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ৭৬৭টি হাম শনাক্ত এবং হামের সঙ্গে সম্পর্কিত চারটি মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ।   ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের এই সম্ভাব্য সংস্পর্শের ঘটনা শিশু হাসপাতালের সাম্প্রতিক ঘটনার থেকে আলাদা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুটি ঘটনাকে একই সংক্রমণ হিসেবে দেখার কোনো ভিত্তি নেই। বিমানবন্দরে নির্ধারিত সময়ে উপস্থিত থাকা ব্যক্তিদের নিজেদের টিকাদানের তথ্য যাচাই এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ২:৫২
নিউইয়র্কে গৃহহীন মানুষের সংখ্যা ৫ বছরের মধ্যে সর্বোচ্চ

নিউইয়র্কে গৃহহীন মানুষের সংখ্যা ৫ বছরের মধ্যে সর্বোচ্চ, বাড়ছে রাস্তায় থাকা মানুষের সংখ্যা

যুক্তরাষ্ট্রের মন্টানায় ক্লার্কস ফর্ক নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

বোনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ১৩ বছরের কিশোরের মৃত্যু

ক্যালিফোর্নিয়ার মহাসড়কে 'ফুল সেলফ-ড্রাইভিং' মোড চালু করে ঘুমাচ্ছিলেন এক টেসলা চালক। ছবি: সংগৃহীত

'সেলফ ড্রাইভিং' মোডে গাড়ি ছেড়ে চলন্ত টেসলায় ঘুমাচ্ছিলেন চালক, জরিমানা করল পুলিশ

বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নেওয়ার মেয়াদ আরও বাড়াল ট্রাম্প প্রশাসন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের ফি ২০২৭ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ক্ষেত্রে ১ লাখ ডলারের অর্থ পরিশোধের শর্ত আরও এক বছরের জন্য বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ঘোষণায় এই বিধিনিষেধ ২০২৭ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। হোয়াইট হাউস ১৮ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে।   এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষায়িত জ্ঞান ও অন্তত স্নাতক পর্যায়ের যোগ্যতা প্রয়োজন এমন কাজে বিদেশি কর্মীদের সাময়িকভাবে নিয়োগ দিতে পারে। প্রযুক্তি খাতসহ বিভিন্ন শিল্পে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই ভিসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।   ট্রাম্প প্রশাসন প্রথমবার ২০২৫ সালের সেপ্টেম্বরে নতুন কিছু এইচ-১বি কর্মীর ক্ষেত্রে ১ লাখ ডলারের অর্থ পরিশোধের শর্ত চালু করে। এর আগে এই ভিসার সঙ্গে সংশ্লিষ্ট প্রচলিত ফি ছিল প্রায় ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে। প্রশাসনের ভাষ্য, এই পরিবর্তনের উদ্দেশ্য ছিল এইচ-১বি কর্মসূচির অপব্যবহার ঠেকানো এবং মার্কিন কর্মীদের চাকরির সুযোগ সুরক্ষিত রাখা।   নতুন ঘোষণার আওতায় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা নির্দিষ্ট এইচ-১বি কর্মীদের প্রবেশের ক্ষেত্রে তাদের নিয়োগকর্তার পক্ষ থেকে ১ লাখ ডলার পরিশোধের প্রমাণ থাকতে হবে। অর্থ পরিশোধ না করা হলে সংশ্লিষ্ট কর্মীর যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করার ব্যবস্থা নিতে পারে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তর। তবে জাতীয় স্বার্থে কোনো কর্মীকে নিয়োগ প্রয়োজন এবং এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা কল্যাণের জন্য হুমকি নেই বলে হোমল্যান্ড সিকিউরিটি সচিব মনে করলে ব্যতিক্রমের সুযোগ রাখা হয়েছে।   তবে ১ লাখ ডলারের এই অর্থ পরিশোধের বিধান নিয়ে আইনি লড়াই এখনো চলছে। চলতি বছরের ৮ জুন ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের আরোপ করা ফি অবৈধ ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দেন। বিচারক লিও সোরোকিন বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া নির্বাহী শাখা এই ধরনের অর্থকে কর হিসেবে আরোপ করার ক্ষমতা রাখে না।   সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। ফার্স্ট সার্কিট কোর্ট অব আপিলস মামলাটি পর্যালোচনা করছে। ২৪ জুলাই আপিল আদালত ফি কার্যকরের ওপর সরকারের স্থগিতাদেশ চাওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছিল। ফলে ১ লাখ ডলারের ফি নিয়ে আইনি অবস্থান এখনো চূড়ান্ত হয়নি।   এর পাশাপাশি এইচ-১বি ভিসা আবেদনের যাচাই আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ১৮ সেপ্টেম্বর জারি করা নির্বাহী আদেশে পররাষ্ট্র, শ্রম ও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরকে ভিসা আবেদনের ক্ষেত্রে আরও বিস্তারিত যাচাই করতে বলা হয়েছে। বিশেষ করে কোনো প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের ছাঁটাই করে একই ধরনের পদে এইচ-১বি কর্মী নিয়োগ করছে কি না, সেটিও বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   আদেশ অনুযায়ী, এইচ-১বি কর্মসূচি পরিচালনায় মজুরি, শিল্প পরিস্থিতি এবং নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কিত তথ্য সংগ্রহে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হবে। প্রশাসনের দাবি, কিছু নিয়োগকর্তা ও আউটসোর্সিং প্রতিষ্ঠান কম মজুরির বিদেশি কর্মী দিয়ে মার্কিন কর্মীদের জায়গা পূরণ করছে। তবে এইচ-১বি কর্মসূচির ওপর নির্ভরশীল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যুক্তি দিয়ে আসছে, বিভিন্ন খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের প্রয়োজন রয়েছে।   হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ লাখ ডলারের অর্থ পরিশোধের শর্ত চালুর পর বড় তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর এইচ-১বি নিবন্ধন ৯২ শতাংশ কমেছে। হোয়াইট হাউস বলছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন ২৪ হাজার ৯৪৬টি থেকে কমে ২ হাজার ৫৫টিতে নেমেছে।   তবে এই পরিসংখ্যান ও নীতির প্রভাব নিয়ে বিতর্ক রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, দক্ষ বিদেশি কর্মীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে কর্মীর ঘাটতি পূরণ করা হয়। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, কর্মসূচির অপব্যবহার ঠেকাতে কঠোর ব্যবস্থা প্রয়োজন।   ফলে নতুন ঘোষণার মাধ্যমে ১ লাখ ডলারের অর্থ পরিশোধের শর্ত ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলেও এর চূড়ান্ত আইনি বৈধতা এখনো আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।   সূত্র: হোয়াইট হাউস, রয়টার্স

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২১:৩১
নিউইয়র্কের এডিনবার্গে গ্লাইডার বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকাজ চলছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, নিহত এক পাইলট

আইসিইর অভিযান

আইসিইর অভিযানের ভয়ে ২৯ স্কুলে ১,৭০০ শিক্ষার্থী কমেছে, জানালেন শিক্ষকরা

মিশিগানে গর্ভবতী মায়েদের নগদ সহায়তা নিয়ে রিপাবলিকানদের আপত্তি

মিশিগানে গর্ভবতী মায়েদের নগদ সহায়তা নিয়ে রিপাবলিকানদের আপত্তি

নিউইয়র্কে তুষার পরিষ্কার কর্মীদের বেতন বাড়িয়ে ৩০ ডলার করলেন মেয়র মামদানি
নিউইয়র্কে তুষার পরিষ্কার কর্মীদের বেতন বাড়িয়ে ৩০ ডলার করলেন মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির ইমার্জেন্সি স্নো শোভেলারদের ঘণ্টাপ্রতি বেতন বাড়ানো হয়েছে। নতুন নিয়মে তারা ঘণ্টায় ৩০ ডলার পাবেন, আর সপ্তাহে প্রথম ৪০ ঘণ্টা কাজের পর ঘণ্টাপ্রতি পারিশ্রমিক বেড়ে হবে ৪৫ ডলার। গত শীত মৌসুমে এই হার ছিল যথাক্রমে ১৯ দশমিক ১৪ ও ২৮ দশমিক ৭১ ডলার।   নতুন এই উদ্যোগের ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ও স্যানিটেশন কমিশনার গ্রেগরি অ্যান্ডারসন। শীতের তুষারপাত শুরু হওয়ার আগেই কর্মী প্রস্তুত রাখতে এবার শরৎকালেই নিবন্ধন শুরু করা হচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন করা কর্মীরা ডিসেম্বরে চার ঘণ্টার একটি পেইড ওরিয়েন্টেশন করার সুযোগ পাবেন।   গত শীতে রেকর্ডসংখ্যক ৭ হাজার ৮০০-এর বেশি নিউইয়র্কবাসী এই অস্থায়ী কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন। তীব্র তুষারপাত ও তুষারঝড়ের পর সিটি স্যানিটেশন কর্মীদের সঙ্গে তারা ১ লাখ ৩৫ হাজার ক্রসওয়াক, ৩৪ হাজার বাসস্টপ এবং ২৯ হাজার ফায়ার হাইড্র্যান্ট পরিষ্কারে কাজ করেন।    এই কর্মীদের কাজ শুধু রাস্তা থেকে তুষার সরানো নয়। ভারী তুষারপাতের পর বাসস্টপ, ক্রসওয়াক, ফায়ার হাইড্র্যান্ট ও বিভিন্ন জনসাধারণের চলাচলের জায়গা দ্রুত পরিষ্কার করাও তাদের দায়িত্বের অংশ। বিশেষ করে ফায়ার হাইড্র্যান্টের আশপাশ পরিষ্কার রাখা জরুরি, যাতে জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সহজে সেগুলো ব্যবহার করতে পারে।   এবার কর্মীদের দ্রুত মাঠে নামাতে নিবন্ধন ও প্রশিক্ষণ প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। আগে অনেক সময় তুষারপাত শুরু হওয়ার পর কর্মী সংগ্রহ করা হতো। এবার আগেই নিবন্ধন সম্পন্ন করা হবে। নিবন্ধনের পর কাজ করলে বেতন পাওয়ার প্রক্রিয়াও দ্রুত করা হবে; সিটির লক্ষ্য কাজের দুই সপ্তাহের মধ্যে পেমেন্ট দেওয়ার।   ইমার্জেন্সি স্নো শোভেলার হতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি থাকতে হবে এবং প্রচণ্ড ঠান্ডা ও তুষারের মধ্যে শারীরিকভাবে কঠিন কাজ করার সক্ষমতা থাকতে হবে।   নিউইয়র্ক সিটির জন্য এই কর্মসূচির গুরুত্ব গত শীতের তীব্র আবহাওয়ার সময় আরও স্পষ্ট হয়েছিল। ফেব্রুয়ারির বড় তুষারঝড়ের সময় সিটি জরুরি ভিত্তিতে বিপুলসংখ্যক স্নো শোভেলার নিয়োগ করেছিল এবং তাদের পারিশ্রমিক সাময়িকভাবে ঘণ্টায় ৩০ ডলারে বাড়ানো হয়েছিল। এবার সেই বাড়তি হারকেই শীত মৌসুমের নিয়মিত পারিশ্রমিক কাঠামোয় নেওয়া হয়েছে।   নতুন বেতন কাঠামোর ফলে নিউইয়র্কে শীতকালীন এই অস্থায়ী কাজটি এখন আগের তুলনায় বেশি পারিশ্রমিকের সুযোগ তৈরি করছে। একই সঙ্গে সিটি প্রশাসন বলছে, আগেভাগে কর্মী প্রস্তুত রাখার লক্ষ্য হলো তুষারঝড়ের পর গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের জায়গাগুলো দ্রুত পরিষ্কার করা এবং শহরের জরুরি পরিষেবা সচল রাখা।

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৭:৮
ট্রাম্প গড়ছেন ‘এআই ফোর্স’

ট্রাম্প গড়ছেন ‘এআই ফোর্স’, নিয়োগ দেবেন নতুন এআই ‘জার’

হুইলচেয়ারে বসা যাত্রীদের দীর্ঘ সারির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতগামী ফ্লাইটে অহেতুক হুইলচেয়ারে যাত্রীর ভিড়

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর আগে আপত্তির সুযোগ দিতে হবে: মার্কিন আদালত

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর আগে আপত্তির সুযোগ দিতে হবে: মার্কিন আদালত

0 Comments