যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিড়াল নি র্যাতন করে ৪ লাখ ডলারের প্রতারণা, যুবকের ১৫ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অন্তত ২০টি বিড়ালকে নির্মমভাবে নির্যাতন এবং সেই নির্যাতনের ভিডিও ব্যবহার করে ক্যানসারের চিকিৎসার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বুধবার ভার্জিনিয়ার রিচমন্ডে অবস্থিত হেনরিকো কাউন্টি সার্কিট কোর্টে ২৭ বছর বয়সী রডনি ট্র্যাভিস জুনিয়র নামের ওই ব্যক্তি প্রাণী নিষ্ঠুরতা এবং কম্পিউটার জালিয়াতির অভিযোগে নিজের দোষ স্বীকার করেন। বিচারক লিন্ডা ল্যাম্বার্ট প্রসিকিউটরদের প্রস্তাবিত একটি ‘প্লি এগ্রিমেন্ট’ বা চুক্তি গ্রহণ করেন, যার অধীনে রডনিকে ১৫ বছর কারাগারে কাটাতে হবে।
শুধু তাই নয়, জীবনে আর কখনোই কোনো প্রাণী পালন করা বা ইচ্ছাকৃতভাবে তাদের সংস্পর্শে আসার ওপরও তার ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আদালতের তথ্য অনুযায়ী, রডনি ট্র্যাভিস বিড়ালগুলোকে পিটিয়ে এবং মারাত্মক জখম করে টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভিডিও আপলোড করত। ভিডিওতে বিড়ালগুলোর মিথ্যা ক্যানসারের গল্প সাজিয়ে চিকিৎসার নামে সে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলে চার লাখ (৪ লাখ) ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করেছিল।
হেনরিকো কমনওয়েলথের অ্যাটর্নি শ্যানন টেলর জানিয়েছেন, ভার্জিনিয়ার ইতিহাসে প্রাণী নির্যাতনের দায়ে এটিই সর্বোচ্চ মেয়াদের কারাদণ্ড। তিনি বলেন, এই শাস্তি অভিযুক্ত ব্যক্তির নিরীহ বিড়ালগুলোর ওপর চালানো ভয়াবহ অপরাধের মাত্রাটিই পরিষ্কারভাবে তুলে ধরে।
দোষ স্বীকার চুক্তির অংশ হিসেবে রডনিকে ২৫ হাজার ডলার জরিমানার পাশাপাশি মুক্তির পর আরও পাঁচ বছর আইনি নজরদারিতে বা প্রবেশনে থাকতে হবে।
গত ১২ ফেব্রুয়ারি ভার্জিনিয়া অ্যাটর্নি জেনারেল অফিস এবং চেস্টারফিল্ড কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যথায় কাতর বিড়ালের ভিডিওগুলো দেখে হেনরিকো পুলিশকে সতর্ক করলে এই তদন্তের শুরু হয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত সেই জায়গাটি শনাক্ত করে, যেখান থেকে ভিডিওগুলো তৈরি করা হচ্ছিল।
পরদিনই চেস্টারফিল্ড কাউন্টিতে রডনির নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে উদ্ধার করা বিড়ালগুলোকে জরুরি ভিত্তিতে পশুচিকিৎসকের কাছে পাঠানো হয়। মামলার একটি নথিতে ‘হেডেন’ নামের একটি বিড়ালের কথা উল্লেখ করা হয়েছে, যার নাক-মুখ দিয়ে রক্ত পড়ছিল। রডনি ভিডিওতে হেডেনের ক্যানসারের কথা বলে সাহায্য চাইলেও, পরে ডাক্তারি পরীক্ষায় দেখা যায় যে বিড়ালটির মাথার খুলি, পাঁজরের হাড় এবং মেরুদণ্ড নির্মমভাবে ভেঙে দেওয়া হয়েছিল।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভোটাররা অত্যন্ত আলোচিত ও যুগান্তকারী ‘বিলিয়নেয়ার ট্যাক্স’ বা ধনকুবেরদের সম্পদ কর প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রকাশিত প্রাথমিক প্রাক্কলন ও ভোটের ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারের ব্যালট প্রস্তাব অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার শীর্ষ ধনকুবের বা বিলিয়নেয়ারদের ওপর এককালীন ৫ শতাংশ হারে সম্পদ কর আরোপের পরিকল্পনা ছিল। এই উদ্যোগের মাধ্যমে আনুমানিক প্রায় ১০০ বিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সংগৃহীত এই অর্থের বড় একটি অংশ স্বাস্থ্যসেবা খাত, বিশেষ করে স্বাস্থ্য বিমা কর্মসূচি এবং শিক্ষা ও খাদ্য সহায়তা কার্যক্রমে ব্যয় করার পরিকল্পনা ছিল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম হওয়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। তবে ভোটের ফলাফলে দেখা যায়, প্রস্তাবটির বিরুদ্ধে ‘না’ ভোট পড়েছে ৫৫.৬ শতাংশ এবং এর পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৪.৪ শতাংশ। এর মধ্য দিয়ে ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর অতিরিক্ত এই কর আরোপের প্রচেষ্টা আপাতত ভেস্তে গেল। বিশ্লেষকদের মতে, কর প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে তীব্র রাজনৈতিক বিতর্ক এবং বিরোধী পক্ষের রেকর্ড পরিমাণ ৩৩৩ মিলিয়ন ডলারের বেশি আর্থিক প্রচারণা এই ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ডেমোক্রেট দলীয় ভোটার ও রাজনীতিবিদদের মধ্যেও এই প্রস্তাবটি নিয়ে মতভেদ দেখা দিয়েছিল।
নিউইয়র্কে থুতু ফেলা ও গাড়ির ইঞ্জিন চালু রাখায় টিকিট বন্ধের নির্দেশ এনওয়াইপিডিকে, হাজার হাজার জরিমানার টিকিট বাতিল
মাত্র ৩০ ডলারের লটারির টিকিটে অপ্রত্যাশিতভাবে ২০ লাখ ডলার জিতে হতবাক মিশিগানের নারী
পেনসিলভানিয়ায় ৫০ হাজার ডলারের ওভারটাইম অর্থ আত্মসাতে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে কংগ্রেসে নির্বাচিত হয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন কিথ এলিসন। খ্রিষ্টান পরিবারে জন্ম নেওয়া এই মার্কিন রাজনীতিক ছাত্রজীবনে ইসলাম গ্রহণ করেন। এরপর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। ২০০৬ সালের নভেম্বরে মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। পরবর্তী সময়ে একই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবেও নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক জীবন ও ধর্মান্তরের পুরোনো গল্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবার আলোচনায় এসেছে। কিথ এলিসনের জন্ম ১৯৬৩ সালের ৪ আগস্ট মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে। একটি ক্যাথলিক খ্রিষ্টান পরিবারে পাঁচ ভাইয়ের মধ্যে বেড়ে ওঠেন তিনি। ছোটবেলা থেকেই পরিবারে নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের বিষয়ে আলোচনার পরিবেশ ছিল। তাঁর দাদাও যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ডেট্রয়েটের ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় ধর্ম ও সমাজ পরিবর্তনের সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন এলিসন। একপর্যায়ে ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি। পরে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের ধর্মান্তরের কারণ ব্যাখ্যা করেছেন এলিসন। তিনি জানান, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার এবং ইতিবাচক পরিবর্তনের বিষয়ে চিন্তা করতে গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন। তাঁর ভাষ্য অনুযায়ী, ধর্ম শুধু ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গেও সম্পর্কিত। তবে ইসলাম গ্রহণের সময় তিনি রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার কোনো পরিকল্পনা করেননি। বরং পড়াশোনা ও আইন পেশায় নিজের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেই মনোযোগী ছিলেন। ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮৬ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এলিসন। এরপর ইউনিভার্সিটি অব মিনেসোটা ল স্কুল থেকে ১৯৯০ সালে আইন বিষয়ে ডিগ্রি নেন। কর্মজীবনে নাগরিক অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য এবং ফৌজদারি মামলায় আইনজীবী হিসেবে কাজ করেন। মিনিয়াপোলিসের লিগ্যাল রাইটস সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। প্রতিষ্ঠানটি বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও আইনি সহায়তা প্রয়োজন এমন মানুষের পাশে কাজ করে। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই স্থানীয় কমিউনিটি ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা বাড়তে থাকে। ২০০২ সালে মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। এরপর ২০০৪ সালে আবার নির্বাচিত হন তিনি। ২০০৬ সালের নভেম্বরে ডেমোক্র্যাটিক-ফার্মার-লেবার পার্টির প্রার্থী হিসেবে মার্কিন কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী অ্যালান ফাইন এবং ইন্ডিপেনডেন্স পার্টির ট্যামি লিকে পরাজিত করেন এলিসন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম মুসলিম এবং মিনেসোটা থেকে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ কংগ্রেস সদস্য হওয়ার ইতিহাস গড়েন তিনি। ২০০৭ সালের জানুয়ারিতে কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তাঁর শপথ অনুষ্ঠানের একটি ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। আনুষ্ঠানিক শপথের পর পৃথক প্রতীকী অনুষ্ঠানে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা একটি কোরআন ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস থেকে বিশেষ ব্যবস্থায় ঐতিহাসিক কোরআনটি আনা হয়েছিল। এটি ছিল ১৭৬৪ সালে প্রকাশিত কোরআনের দুই খণ্ডের ইংরেজি অনুবাদ। তখনকার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। তবে কোরআন ব্যবহার করা হয়েছিল এলিসনের ব্যক্তিগত আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সাংবিধানিক শপথে কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। কংগ্রেসের সদস্যরা প্রথমে সম্মিলিতভাবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এরপর অনেকেই নিজেদের পছন্দমতো ধর্মগ্রন্থ বা পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত কোনো বস্তু ব্যবহার করে পৃথক প্রতীকী অনুষ্ঠানে অংশ নেন। এলিসনের ক্ষেত্রে জেফারসনের কোরআন ব্যবহারের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের ধর্মীয় বৈচিত্র্য ও ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হয়। ২০০৭ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত টানা ছয় মেয়াদে মার্কিন প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেন এলিসন। এ সময় ভোক্তা অধিকার, শ্রমিকদের সুরক্ষা, আবাসন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি এবং নাগরিক অধিকারের বিভিন্ন বিষয়ে কাজ করেন তিনি। প্রতিনিধি পরিষদের ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের সহসভাপতি ছিলেন। কংগ্রেসে তাঁর কাজের অন্যতম ক্ষেত্র ছিল সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা এবং আর্থিক খাতের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ। ২০১৮ সালে মিনেসোটার অ্যাটর্নি জেনারেল নির্বাচনে জয় পান কিথ এলিসন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম হিসেবে অঙ্গরাজ্যজুড়ে ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পাওয়ার নজির গড়েন তিনি। ২০১৯ সালের ৭ জানুয়ারি মিনেসোটার ৩০তম অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নেন। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেল হিসেবে ভোক্তা অধিকার, নাগরিক অধিকার, আর্থিক প্রতারণা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনি বিষয়ে কাজ করেছেন তিনি। এদিকে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে আবারও মিনেসোটার অ্যাটর্নি জেনারেল পদে জয় পেয়েছেন এলিসন। অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট কার্যালয়ের ৯ নভেম্বর পর্যন্ত প্রকাশিত অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৩১ ভোট, যা মোট ভোটের প্রায় ৫৪ দশমিক ২৯ শতাংশ। তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড শুটজ পেয়েছেন প্রায় ৪৫ দশমিক ৫৬ শতাংশ ভোট। ফলে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথ নিশ্চিত হয়েছে তাঁর। তবে চূড়ান্ত সরকারি ফল অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার বিষয়টি পৃথক। সামাজিক যোগাযোগমাধ্যমে এলিসনের ইসলাম গ্রহণ এবং রাজনৈতিক সাফল্য নিয়ে প্রকাশিত পোস্টগুলোতে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তবে তাঁর ইসলাম গ্রহণ কোনো সাম্প্রতিক ঘটনা নয়। প্রায় চার দশকের বেশি সময় আগে ছাত্রজীবনে তিনি ধর্মান্তরিত হন। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়ার ঘটনাটিও ২০০৬ সালের। দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত নতুন করে সামনে আসার কারণে তাঁর জীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছে। একজন আইনজীবী থেকে কংগ্রেস সদস্য এবং পরবর্তী সময়ে মিনেসোটার অ্যাটর্নি জেনারেল হয়ে ওঠার এই পথ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সংবাদসূত্র: U.S. House of Representatives History, Art & Archives, Minnesota Attorney General's Office
হ্যামট্রামেকের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ
যুক্তরাষ্ট্রে মসজিদে হামলার হুমকির তদন্তে বেরিয়ে এলো অন্য অপরাধ, যুবকের ১৫ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে, গ্রাহকদের সতর্কতা
যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে কাজ করতেন ববি পাওয়ার্স। প্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে একদল কর্মীকে ছাঁটাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কারা চাকরি হারাবেন, সেই তালিকা তৈরি থেকে শুরু করে কর্মীদের সিদ্ধান্ত জানানোর পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি। কিন্তু অন্যদের চাকরিচ্যুতির মাত্র ছয় সপ্তাহ পর একই পরিস্থিতির মুখোমুখি হন পাওয়ার্স নিজেই। এর মধ্যে পদোন্নতি হয়েছিল তাঁর, বেড়েছিল বেতনও। সোমবার (৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে নিজের এই অভিজ্ঞতা তুলে ধরেছেন ৩৯ বছর বয়সী ববি পাওয়ার্স। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলে নেতৃত্ব উন্নয়নবিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাওয়ার্সের আগের চাকরি এবং পরবর্তী সময়ে চাকরিচ্যুত হওয়ার বিষয়টি তারা স্বাধীনভাবে যাচাই করেছে। তবে কোন প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন এবং ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল, সে তথ্য প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। পাওয়ার্স জানান, একদিন তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন করে জানান, প্রতিষ্ঠানটিতে বড় পরিসরে কর্মী ছাঁটাই করতে হবে এবং পুরো প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব থাকবে তাঁদের দুজনের ওপর। এরপর শুরু হয় ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দলের সঙ্গে একের পর এক বৈঠক। প্রতিষ্ঠানের কোন বিভাগে কতজন কর্মী প্রয়োজন, কার চাকরি থাকবে এবং কাকে বাদ দিতে হবে, তা নিয়ে চলতে থাকে আলোচনা। সবচেয়ে কঠিন বিষয় ছিল, চাকরি হারানোর সম্ভাব্য তালিকায় থাকা অনেকেই নিজেদের কাজে দক্ষ ও দায়িত্বশীল ছিলেন। প্রতিষ্ঠানটির আয় কমে যাওয়ার আশঙ্কায় শুরুতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়, যাতে অল্প সময়ের মধ্যে আবার একই সিদ্ধান্ত নিতে না হয়। কিন্তু আয় ও বাজেটের নতুন পূর্বাভাস আসার সঙ্গে সঙ্গে আরও বেশি কর্মী কমানোর প্রয়োজন দেখা দেয়। ফলে ছাঁটাইয়ের তালিকাও বারবার পরিবর্তন করতে হচ্ছিল। পাওয়ার্সের ভাষায়, পরিচিত সহকর্মীদের ভবিষ্যৎ নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ছিল মানসিকভাবে অত্যন্ত কঠিন। একটি হিসাবের তালিকায় মানুষের নাম বসিয়ে তাঁদের কর্মজীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। পাওয়ার্স ও তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা চেষ্টা করেছিলেন, চাকরিচ্যুতির খবর জানানোর সময় কর্মীদের সঙ্গে যতটা সম্ভব মানবিক আচরণ করতে। কাকে কখন ফোন করা হবে, সেই কথোপকথনে কারা থাকবেন, কখন পুরো প্রতিষ্ঠানে ইমেইল পাঠানো হবে এবং কখন কর্মীদের অফিসের ডিজিটাল অ্যাকাউন্ট বন্ধ করা হবে, সবকিছুই আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল। চাকরি হারানোর পর সহকর্মীদের বিদায় জানানোর সুযোগ থাকবে কি না, তা নিয়েও আলোচনা হয়। কারণ হঠাৎ যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গেলে দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে শেষবার কথা বলার সুযোগও হারিয়ে যেতে পারে। প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মী দূর থেকে কাজ করতেন। তাই চাকরিচ্যুতির সিদ্ধান্ত জানাতে সরাসরি ভিডিও কলে কথা বলার ব্যবস্থা করা হয়েছিল। পাওয়ার্স জানান, তাঁরা চেয়েছিলেন কর্মীরা যেন অন্তত বুঝতে পারেন, তাঁদের সঙ্গে একজন মানুষ কথা বলছেন। কারও আর্থিক সংকট ছিল, কেউ সম্প্রতি বাড়ি কিনেছিলেন, আবার কেউ পরিবারের নানা দায়িত্ব সামলাচ্ছিলেন। এসব ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে জানার কারণে কর্মীদের চাকরি হারানোর সংবাদ দেওয়া আরও কঠিন হয়ে উঠেছিল। তারপরও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বাস্তবায়ন করা ছাড়া তাঁদের সামনে অন্য কোনো পথ ছিল না। প্রথম দফায় কর্মী ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানের কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে আসে। এর কিছুদিনের মধ্যেই পাওয়ার্স পদোন্নতি পান এবং তাঁর বেতনও আগের যেকোনো সময়ের তুলনায় বেড়ে যায়। কিন্তু প্রায় দেড় মাস পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন সম্মেলনে অংশ নেওয়ার সময় ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন পান তিনি। তাঁকে জানানো হয়, প্রতিষ্ঠানটি আবার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। তবে এবার অন্যদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত জানানোর পরিবর্তে তাঁদের নিজেদেরই চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। পাওয়ার্স জানান, খবরটি শুনে তিনি বিস্মিত হলেও পরিস্থিতি কিছুটা অনুমান করতে পারছিলেন। কারণ এর আগেই প্রতিষ্ঠানটির আর্থিক পরিকল্পনা ও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া খুব কাছ থেকে দেখেছেন। পরে যেদিন কর্মী ছাঁটাই কার্যকর করা হয়, সেদিন সকালে অফিসের ইমেইলে প্রবেশের চেষ্টা করে দেখেন তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সহকর্মীদের বিদায় জানানো কিংবা শেষবারের মতো যোগাযোগ করার সুযোগও পাননি। যে পরিস্থিতি এড়াতে অন্য কর্মীদের জন্য তিনি এত পরিকল্পনা করেছিলেন, শেষ পর্যন্ত নিজেকেই সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এই অভিজ্ঞতা চাকরি হারানো মানুষদের সম্পর্কে পাওয়ার্সের আগের ধারণা বদলে দিয়েছে। তিনি বলেন, আগে কোনো প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর পড়লে অনেক সময় মনে করতেন, হয়তো কাজের মান সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট কর্মীদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত গ্রহণ এবং পরে নিজে চাকরি হারানোর অভিজ্ঞতা তাঁকে বুঝিয়েছে, বাস্তবতা সব সময় এমন নয়। অনেক দক্ষ ও ভালো কর্মীও প্রতিষ্ঠানের আর্থিক সংকট, বাজেট হ্রাস কিংবা সাংগঠনিক পরিবর্তনের কারণে চাকরি হারাতে পারেন। পাওয়ার্সের মতে, একই ঘটনার দুই পাশে থাকার অভিজ্ঞতা তাঁকে আরও সহানুভূতিশীল করেছে। এখন কোনো প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাইয়ের খবর দেখলে তিনি চাকরিচ্যুত ব্যক্তিদের দক্ষতা বা কর্মক্ষমতা নিয়ে আগের মতো দ্রুত সিদ্ধান্তে পৌঁছান না। তাঁর অভিজ্ঞতায় স্পষ্ট হয়েছে, চাকরি হারানোর পেছনে ব্যক্তিগত কর্মদক্ষতার বাইরেও নানা কারণ থাকতে পারে। একই সঙ্গে একজন কর্মীকে চাকরিচ্যুত করার সময় সিদ্ধান্ত জানানোর পদ্ধতি, যোগাযোগের সুযোগ এবং মানবিক আচরণ কতটা গুরুত্বপূর্ণ, সেটিও নতুন করে উপলব্ধি করেছেন তিনি। সংবাদসূত্র: Business Insider
ট্রাম্প-সমর্থকদের ফেসবুক পেজে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র মুহিত মাহমুদের জয়ের গল্প
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের বাসার সামনে বর্ণবাদী আচরণের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তদন্ত শুরু