ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশের বড় হাসপাতালগুলো তাদের চিকিৎসা কার্যক্রম ভূগর্ভস্থ বা সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, যেসব রোগীর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই, তাদের দ্রুত ছাড়পত্র দিতে হবে। একই সঙ্গে হাসপাতালগুলোকে অল্প সময়ের মধ্যে আন্ডারগ্রাউন্ড ইউনিটে জরুরি সেবা চালু করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
তেল আবিবের সুরাসকি মেডিকেল সেন্টার ইতোমধ্যে তাদের ভূগর্ভস্থ জরুরি হাসপাতাল চালু করেছে এবং রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তর শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংবেদনশীল বিভাগগুলো সুরক্ষিত পরিবেশে কার্যক্রম চালাচ্ছে। একইভাবে শেবা মেডিকেল সেন্টারও তাদের বিভিন্ন বিভাগ মাটির নিচের সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন।
অন্যদিকে Rambam Health Care Campus তাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকা খালি করে জরুরি চিকিৎসা সেবা চালুর উপযোগী করে তুলছে। হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বিশেষ প্রয়োজন ছাড়া হাসপাতালে না আসার অনুরোধ করেছে।
এদিকে মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, তারা সামরিক বাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বাভাবিক কার্যক্রম সীমিত করে পূর্ণাঙ্গ জরুরি ব্যবস্থায় চলে গেছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা খাতের এই বিস্তৃত প্রস্তুতি দেশজুড়ে উদ্বেগ ও যুদ্ধাবস্থার অনুভূতি আরও জোরালো করেছে।
সূত্র: CNN