মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক বিমানঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরাকের এরবিলে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর একটি সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কুয়েতে থাকা আলি আল সালেম এবং আরিফজান সামরিক ঘাঁটিতেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে আঘাত হানার দাবি করা হয়েছে।
আইআরজিসির বক্তব্য অনুযায়ী, এসব হামলা তাদের ঘোষিত ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৫২তম ধাপের অংশ। ইরানের একটি শিল্প এলাকায় কর্মীদের হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে বলেও তারা উল্লেখ করেছে।
এদিকে বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে বলা হয়, তিনি যদি এখনও জীবিত থাকেন, তাহলে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাবে তারা।
তথ্যসূত্র: দ্য ডন।