- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লটারি 'পাওয়ারবল'-এর জ্যাকপট পুরস্কারের অঙ্ক ফুলেফেঁপে ৯০০ মিলিয়ন বা ৯০ কোটি ডলার ছাড়িয়েছে। গত শনিবারের ড্রতে কেউই চূড়ান্ত বিজয়ী না হওয়ায় সোমবারের (১০ আগস্ট) ড্রয়ের জন্য এই পুরস্কারের পরিমাণ বেড়ে ৯০ কোটি ৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। এটি পাওয়ারবলের ইতিহাসে অষ্টম বৃহত্তম জ্যাকপট। তবে লটারি জেতার এই হাতছানি যতই আকর্ষণীয় হোক না কেন, পরিসংখ্যান বলছে এই পুরস্কার জেতার চেয়ে একজন মানুষের দুবার বজ্রপাতের শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাওয়ারবল কর্তৃপক্ষের তথ্যমতে, সোমবারের ড্রতে যদি কেউ এই বিপুল অঙ্কের জ্যাকপট জিতে নেন, তবে তিনি দুটি উপায়ে অর্থ সংগ্রহ করতে পারবেন। বিজয়ী চাইলে পরবর্তী ২৯ বছর ধরে ৩০টি কিস্তিতে পুরো অর্থ নিতে পারবেন, অথবা এককালীন নগদ অর্থ হিসেবে কর দেওয়ার আগে ৩৯ কোটি ২০ লাখ ডলার (৩৯২ মিলিয়ন) তুলে নিতে পারবেন। জানা গেছে, গত ২ মে-এর পর থেকে পাওয়ারবলের জ্যাকপট কেউ জিততে পারেননি। টানা কয়েক মাস ড্রগুলোতে বিজয়ী না থাকায় পুরস্কারের অঙ্ক ক্রমাগত বেড়েই চলেছে। এর আগে ২০২২ সালে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি পাওয়ারবলের ইতিহাসে সর্বোচ্চ ২.০৪ বিলিয়ন বা ২০৪ কোটি ডলার জিতে বিশ্বরেকর্ড গড়েছিলেন। পাঁচটি সাদা বল এবং একটি পাওয়ারবল মিলিয়ে জ্যাকপট জেতার সম্ভাবনা রীতিমতো শূন্যের কাছাকাছি। সংখ্যায় হিসাব করলে যা ২৯ কোটি ২২ লাখ ১ হাজার ৩৩৮ জনের মধ্যে মাত্র ১ জনের। ভবিষ্যদ্বাণী এবং পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অডসরেফারেন্স’-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, পাওয়ারবল জ্যাকপট জেতার চেয়ে মানুষের বজ্রপাতের শিকার হওয়ার সম্ভাবনা ১৯ হাজার গুণ বেশি। অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষের জীবদ্দশায় লটারি জেতার চেয়ে দুইবার বজ্রপাতের শিকার হওয়া, প্রাকৃতিকভাবে একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়া বা উল্কাপিন্ডের আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। শনিবারের ড্রতে মূল জ্যাকপটের ৮৫ কোটি ৬০ লাখ ডলার কেউ না জিতলেও কয়েকজন ভাগ্যবান মোটা অঙ্কের অর্থ জিতেছেন। পাওয়ারবল কর্তৃপক্ষ জানিয়েছে, টেক্সাসের এক বাসিন্দা পাঁচটি সাদা বল এবং ‘পাওয়ার প্লে’ মিলিয়ে ২০ লাখ ডলার জিতেছেন। এছাড়া নিউইয়র্কসহ অন্যান্য স্থানে বিক্রি হওয়া আরও চারটি টিকিটে পাঁচটি সাদা বল মিলে যাওয়ায় প্রত্যেকে ১০ লাখ ডলার করে পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রতি সোমবার, বুধবার এবং শনিবার পাওয়ারবলের ড্র অনুষ্ঠিত হয়। পরবর্তী ড্র সোমবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় সময় রাত ১১টার ঠিক আগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হয়ে উঠেছেন তার সহকারী নাতালি হার্প। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দীর্ঘ অনুপস্থিতির মাঝেই গত সপ্তাহান্তটি ট্রাম্পের সঙ্গেই কাটিয়েছেন তিনি। সম্প্রতি নিউজার্সি থেকে ছেড়ে আসা এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় ৩৫ বছর বয়সী এই নারী কর্মকর্তার হাতে একটি বিশাল আকারের রহস্যময় লাল ব্যাগ দেখা যায়, যা নিয়ে মার্কিন রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে। গত সপ্তাহান্তে নিউজার্সির বেডমিনস্টারে ট্রাম্পের ন্যাশনাল গলফ ক্লাবে সার্বক্ষণিক তার পাশে ছিলেন নাতালি। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন স্বামীর পাশ থেকে অনেকটাই দূরে এবং তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন চলছে, ঠিক তখনই ট্রাম্পের ছায়াসঙ্গী হিসেবে আবির্ভূত হয়েছেন এই নারী। মরিসটাউন মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন অত্যন্ত নিবেদিতপ্রাণ এই সহকারী। প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গলফ কোর্সে ট্রাম্পের ঠিক পেছনেই একটি গলফ কার্ট চালাচ্ছেন নাতালি। তার মাথায় ছিল ‘ট্রাম্প’ লেখা বেসবল ক্যাপ। মুখে হাসির পাশাপাশি তার হাতের সেই বিশাল লাল ব্যাগটি সবার নজর কাড়ে, যার ভেতরে কী ছিল তা এখনো অজানা। এদিকে, বিশ্বজুড়ে বিশেষ করে ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যখন চরম উত্তেজনা চলছে, তখন ট্রাম্পের এমন নির্ভার গলফ খেলা এবং সহকারীর এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সমালোচনার জন্ম দিয়েছে। একজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, দেশে জিনিসপত্রের দাম এখনও চড়া, আশা করি গলফ খেলে তার মাথা খুলবে এবং সমস্যা সমাধানের কোনো পথ তিনি বের করবেন। আরেকজন নাতালির সার্বক্ষণিক উপস্থিতিকে 'ভীতিকর' বলে মন্তব্য করেছেন। নাতালি হার্পের কাজের পরিধি ঠিক কী, তা আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করা নেই। তবে প্রশাসনে তিনি ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত। গত সপ্তাহে আরেকটি সফরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার সময় তার হাতে অন্তত চারটি মোবাইল ফোন এবং দুটি ল্যাপটপ দেখা যায়। হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে ট্রাম্পের কাছাকাছি দেখা যায়। রক্ষণশীল ওয়েবসাইট থেকে খবর প্রিন্ট করা, গুগলে তথ্য খোঁজা এবং ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টের জন্য পোস্টের পরামর্শ দেওয়াই মূলত তার কাজ। এ কারণে অনেকেই তাকে ট্রাম্পের ‘হিউম্যান প্রিন্টার’ বা মানব প্রিন্টার বলে ডাকেন। তবে ট্রাম্পের সঙ্গে তার এই ঘনিষ্ঠতার পেছনে একটি আবেগঘন কারণ রয়েছে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। এর আগে নাতালির অস্থিমজ্জার ক্যানসার চিকিৎসায় একটি পরীক্ষামূলক ওষুধের অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প, যা তার জীবন বাঁচাতে সাহায্য করেছিল। ‘সার্চলাইট থেরাপি’-এর প্রতিষ্ঠাতা বেন মাশলিন জানান, যখন কোনো ব্যক্তি অন্য কারও জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখেন, তখন তাদের মধ্যকার সম্পর্ক ভিন্ন মাত্রা পায়। নাতালি হয়তো ট্রাম্পকে তার ‘রক্ষাকর্তা’ হিসেবে দেখেন। তবে এই অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়ে হোয়াইট হাউসের অভ্যন্তরে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস এবং সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা নাতালিকে একটি সম্ভাব্য ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে দেখছেন। নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা একটি বই অনুযায়ী, নাতালি প্রায়ই ট্রাম্পের ব্যক্তিগত জায়গাগুলোতে ছোট ছোট চিরকুট রেখে আসতেন। একটি চিরকুটে তিনি লিখেছিলেন, "আপনিই আমার কাছে সবকিছু।" এমন আচরণই নিরাপত্তারক্ষীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নাতালির ভাই প্রেস্টন হার্পও এই সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। দ্য ডেইলি বিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাদের প্রয়াত বাবার সঙ্গে নাতালির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তিনি হয়তো ট্রাম্পের মাঝে সেই পিতৃস্নেহ খুঁজে পেয়েছেন। নিকারাগুয়ায় বসবাসরত ৩৮ বছর বয়সী প্রেস্টন আরও বলেন, ট্রাম্পের 'আমেরিকান এক্সেপশনালিজম' বা আমেরিকার শ্রেষ্ঠত্বের আদর্শ নাতালিকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং তিনি সম্ভবত ট্রাম্পকে একজন আদর্শ পিতার আসনেই বসিয়েছেন।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হান্টল্যান্ড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৪৬টি গাঁজার গাছ (মারিজুয়ানা) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্যারি ক্রেইন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ জুলাই, বুধবার স্থানীয় ফ্রাঙ্কলিন কাউন্টি শেরিফ অফিসের নারকোটিক্স টিম এই অভিযান পরিচালনা করে। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএসএমভি ও গ্রে নিউজের প্রতিবেদন অনুযায়ী, হান্টল্যান্ড শহরের হিকরি গ্রোভ রোডের ১৬০০ ব্লকের একটি বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুত থাকার গোপন তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ভিত্তিতে শেরিফ অফিসের মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী বিশেষ দল আদালতের নির্দেশে ওই বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে বাড়িটির ভেতর থেকে ২৪৬টি গাছ উদ্ধার করা হয়, যা গাঁজা গাছ বলে জোরালো সন্দেহ করছে পুলিশ। শুধু গাছই নয়, গাঁজা চাষের জন্য ব্যবহৃত একাধিক আলট্রাভায়োলেট (ইউভি) বা অতিবেগুনি রশ্মির লাইট এবং মাদক চাষের সঙ্গে জড়িত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, বাড়িটিকে রীতিমতো একটি মাদকের খামার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া সেখান থেকে 'শিডিউল-২' ও 'শিডিউল-৩' তালিকাভুক্ত অন্যান্য মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এই তালিকাভুক্ত মাদকগুলো অত্যন্ত সংবেদনশীল এবং চিকিৎসকের কড়া নির্দেশ ছাড়া এগুলোর ব্যবহার সম্পূর্ণ বেআইনি। তল্লাশি শেষে পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর বাড়ির মালিক গ্যারি ক্রেইনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেন শেরিফ অফিসের কর্মকর্তারা। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'শিডিউল-৬' তালিকাভুক্ত নিয়ন্ত্রিত পদার্থ (গাঁজা) উৎপাদন, বিক্রি ও সরবরাহ করা, 'শিডিউল-২' এবং 'শিডিউল-৩' পদার্থ অবৈধভাবে কাছে রাখা, মাদক সংক্রান্ত সরঞ্জাম রাখার জন্য ফেলোনি বা গুরুতর অপরাধ এবং মাদক ব্যবসার উদ্দেশ্যে বসতবাড়ি ব্যবহার করা। বর্তমানে গ্যারি ক্রেইনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ফ্রাঙ্কলিন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল কার্যক্রমে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পিটসবার্গ শহরে এক অভিনব সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। নির্মাণ প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়ে এবং এক সরকারি কর্মকর্তার ইমেইল হ্যাক করে শহর কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় এক মিলিয়ন (১০ লাখ) মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে একদল প্রতারক। গত ১২ ফেব্রুয়ারি পিটসবার্গ শহর কর্তৃপক্ষ ৯ লাখ ১৩ হাজার ডলারের একটি ফান্ড ট্রান্সফার করে। শহর কর্তৃপক্ষের ধারণা ছিল, এই অর্থ ‘ডিসকভারি বিল্ডার্স ইনকর্পোরেটেড’ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এই প্রতিষ্ঠানটি শহরে ‘ড্রিম কোর্টস’ নামের একটি স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমপ্লেক্স নির্মাণের দায়িত্বে রয়েছে। কিন্তু ঘটনার পাঁচ দিন পর আসল নির্মাণ প্রতিষ্ঠান যখন তাদের পাওনা টাকার খোঁজ নিতে আসে, তখনই শহর কর্তৃপক্ষের টনক নড়ে। তারা বুঝতে পারে, পুরো টাকাটাই আসলে প্রতারকদের পকেটে চলে গেছে। আদালতের নথিপত্র অনুযায়ী, এই বিশাল জালিয়াতির পেছনে অত্যন্ত সূক্ষ্ম একটি কৌশল ব্যবহার করা হয়েছিল। প্রতারকরা আসল ডিসকভারি বিল্ডার্সের ইমেইল ঠিকানার সঙ্গে একটি অতিরিক্ত ছোট হাতের ‘l’ (এল) যুক্ত করে একটি ভুয়া ইমেইল তৈরি করে। এরপর তারা পিটসবার্গের সিটি ম্যানেজারের সহকারী সারা বেল্লাফ্রন্টের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে। হ্যাক করা সেই অ্যাকাউন্ট থেকে শহর কর্তৃপক্ষের অর্থ বিভাগের এক কর্মীর কাছে মেসেজ পাঠিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। ভুয়া সারা বেল্লাফ্রন্টে মেসেজে জানান, তিনি মৌখিকভাবে নতুন ব্যাংকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এবং অর্থ বিভাগ যেন দ্রুত পেমেন্টের ব্যবস্থা করে। এই নির্দেশের পর দ্রুত অর্থ স্থানান্তর করা হয় এবং মুহূর্তের মধ্যেই তা একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে উধাও হয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তে নামে। তদন্তের অংশহিসেবে ১১৬টি ব্যাংক অ্যাকাউন্টের ওপর ১৮টি সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। অর্থের গতিপথ অনুসরণ করে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা দুজন এবং নাইজেরিয়ায় অবস্থানরত এক সন্দেহভাজনের খোঁজ পায় পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা বা প্রকাশ্যে তাদের নাম জানানো হয়নি। তদন্তকারীরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতারকদের একটি অ্যাকাউন্ট ফ্রিজ করতে সক্ষম হন, যেখান থেকে পিটসবার্গ কর্তৃপক্ষ প্রায় ৬ লাখ ৯৬ হাজার ডলার পুনরুদ্ধার করতে পেরেছে। তবে এখনও প্রায় ২ লাখ ১৮ হাজার ডলার নিখোঁজ রয়েছে, যা উদ্ধারের জন্য কর্তৃপক্ষ বীমা কোম্পানির দ্বারস্থ হয়েছে। আদালতের তথ্যমতে, ইলিনয় অঙ্গরাজ্যের এক ব্যক্তি এই জালিয়াতিতে অজান্তেই জড়িয়ে পড়েন। তিনি বিশ্বাস করতেন যে তিনি ‘টাইকো অ্যালয় ইন্ডাস্ট্রিজ’ নামের একটি বৈধ কোম্পানিতে কাজ করছেন। এই বিশ্বাসের বশবর্তী হয়ে তিনি প্রতারকদের পাঠানো অর্থ দিয়ে প্রায় ২ লাখ ১৭ হাজার ডলারের বিটকয়েন কিনে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে পাঠিয়ে দেন। এদিকে ডিসকভারি বিল্ডার্সের প্রেসিডেন্ট লুই পার্সনস জানান, তারা এই ঘটনার জন্য শহর কর্তৃপক্ষকে দায়ী করছেন না। সান ফ্রান্সিসকো ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই জালিয়াতিটি অত্যন্ত নিপুণভাবে করা হয়েছে। পিটসবার্গ শহরকে এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে দেখে তিনি সহানুভূতি প্রকাশ করেন। পরবর্তীকালে জালিয়াতির বিষয়টি জানার ৬০ দিনের মধ্যেই ডিসকভারি বিল্ডার্স তাদের পাওনা ৯ লাখ ১৩ হাজার ডলার বুঝে পায়। তবে নিরাপত্তার স্বার্থে কোম্পানিটি এখন আর অনলাইনে লেনদেন না করে সরাসরি প্রতিনিধি পাঠিয়ে শহর কর্তৃপক্ষের কাছ থেকে চেক সংগ্রহ করছে। পিটসবার্গ শহরের মেয়র ডিওন অ্যাডামস এই ঘটনাটিকে একটি বড় শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, অপরাধীরা আমাদের সিস্টেমে প্রবেশ করতে পেরেছে, যা খুবই হতাশাজনক। এই ঘটনার পর শহর কর্তৃপক্ষ তাদের পেমেন্ট ভেরিফিকেশন ব্যবস্থা আরও জোরদার করেছে এবং আইটি বিভাগে প্রয়োজনীয় পরিবর্তন এনেছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য মার্কারি নিউজের তথ্য অনুযায়ী, এই সাইবার প্রতারণার কারণে শহরটির শেষ পর্যন্ত প্রায় ১ লাখ ডলারের আর্থিক ক্ষতি হতে পারে। তদন্তের স্বার্থে এতদিন বিষয়টি গোপন রাখা হলেও গত বুধবার পিটসবার্গ শহর কর্তৃপক্ষ এই জালিয়াতির বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি গুদামে অভিযান চালিয়ে অ্যানাকোন্ডা ও মারাত্মক বিষধর কোবরাসহ মোট ৪৯টি ভয়ংকর সরীসৃপ প্রাণী উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গুদামের মালিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কানেকটিকাট এনভায়রনমেন্টাল কনজারভেশন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা একটি বিস্তারিত তদন্তের সূত্র ধরে হ্যামডেন এলাকার ওই গুদামে তল্লাশি চালানো হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে চালানো এই অভিযানে উদ্ধারকৃত প্রাণীদের মধ্যে রয়েছে দুটি বড় আকারের অ্যানাকোন্ডা, একটি ওয়াটার মনিটর লিজার্ড বা গুইশাপ এবং ৪৬টি মারাত্মক বিষধর সাপ। উদ্ধার হওয়া ৪৬টি বিষধর সাপের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির র্যাটলস্নেক ও কোবরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৩টি টিম্বার র্যাটলস্নেক, ছয়টি প্রেইরি র্যাটলস্নেক, পাঁচটি ডাস্কি পিগমি র্যাটলস্নেক, চারটি কেরেটারান ডাস্কি র্যাটলস্নেক এবং দুটি করে অ্যারিজোনা ব্ল্যাক, ব্ল্যাক-টেইলড, মটলড রক, নিওট্রপিক্যাল, উরাকোয়ান ও ওয়েস্টার্ন ডায়মন্ডব্যাক র্যাটলস্নেক। এ ছাড়াও সেখানে একটি ইস্টার্ন ডায়মন্ডব্যাক র্যাটলস্নেক, একটি প্যানামিন্ট র্যাটলস্নেক, একটি অ্যালবিনো ওয়েস্টার্ন ডায়মন্ডব্যাক র্যাটলস্নেক এবং একটি ভয়ংকর কেপ কোবরা পাওয়া গেছে। এই বেআইনি কাজের দায়ে টাইলর ফস্টার এবং গুদামের মালিক ব্রায়ান রোমান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে যথাযথ অনুমতি ছাড়া বন্যপ্রাণী নিজেদের দখলে রাখা এবং বিপন্ন প্রজাতির প্রাণী আটকে রাখার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। কানেকটিকাট পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই প্রাণীগুলো অত্যন্ত বিপজ্জনক। বৈধ এবং সঠিক অনুমতিপত্র ছাড়া কানেকটিকাট অঙ্গরাজ্যে এই ধরনের প্রাণী ব্যক্তিগত দখলে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। উদ্ধার হওয়া সাপগুলোকে বর্তমানে একটি বিশেষায়িত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রাণীগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে বা কোন উদ্দেশ্যে এই দুই ব্যক্তি এতগুলো বিপজ্জনক ও বিষধর সাপ নিজেদের কাছে রেখেছিলেন, তা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাণীগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই শিক্ষা উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন অভিভাবকরা। খাতা-কলম থেকে শুরু করে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ পরিবারগুলোর মাসিক বাজেটে বড় ধরনের প্রভাব পড়ছে। এ বছর শিশুদের স্কুলে পাঠানোর জন্য প্রয়োজনীয় সাধারণ উপকরণের একটি প্যাকেজ কিনতেই অভিভাবকদের খরচ করতে হচ্ছে প্রায় ১৭৫ মার্কিন ডলার। গ্রাউন্ডওয়ার্ক কোলাবোরেটিভ এবং দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের একটি বিশ্লেষণের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব স্যান ডিয়েগো জানিয়েছে, ২১টি অত্যাবশ্যকীয় শিক্ষা উপকরণের একটি গড় প্যাকেজের বর্তমান বাজারমূল্য ১৭৩ দশমিক ৪৫ ডলার। গত বছরের তুলনায় এই দাম প্রায় ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু নির্দিষ্ট পণ্যের দাম গত বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি বেড়েছে। খাতার দাম বেড়েছে ২৩ শতাংশ, নোটবুক পেপারের দাম ২০ শতাংশ এবং ইনডেক্স কার্ডের দাম ২২ দশমিক ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিশুদের লাঞ্চ বক্সের দাম প্রায় ২৭ শতাংশ এবং হোয়াইটবোর্ডের মার্কার ও গ্লু-স্টিকের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি সাধারণ পেন্সিল, রঙিন পেন্সিল, ক্রেয়ন ও বাইন্ডার কিনতে অভিভাবকদের এখন ৫ থেকে ৭ শতাংশ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ-গ্যাসের বিল এবং দৈনন্দিন খরচের ঊর্ধ্বগতির পাশাপাশি শিক্ষা উপকরণের এই বাড়তি দাম সাধারণ পরিবারগুলোর জন্য, বিশেষ করে যাদের একাধিক সন্তান রয়েছে, তাদের জন্য এক বড় ধরনের সংকট তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, উৎপাদন খরচ বৃদ্ধি, সার্বিক মূল্যস্ফীতি এবং আমদানি করা পণ্যের ওপর বাড়তি খরচের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্যান ডিয়েগোর বাসিন্দা এবং পাঁচ সন্তানের জনক মার্ক ডেভিস সংবাদমাধ্যম এনবিসি ৭-কে তাঁর হতাশার কথা জানিয়ে বলেন, "বেতন ছাড়া আর সবকিছুরই দাম বাড়ছে। আমাকে পরিবারের সবার জন্য গ্যাস, বাসা ভাড়া, বিভিন্ন বিল এবং খাবারের খরচ জোগাতে হয়। প্রতিদিনের জীবনযাপনই এখন একটি বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তবু আমাদের টিকে থাকতে হবে।" গত সোমবার থেকে স্যান ডিয়েগো ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। এর আগে গত শনিবার এনক্যান্টো এলাকায় একটি 'ব্যাক-টু-স্কুল' সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মার্ক ডেভিসের মতো অনেক অভিভাবকই ভিড় করেছিলেন। ক্যালিফোর্নিয়ার স্টেট সিনেটর আকিলাহ ওয়েবার পিয়ারসনের উদ্যোগে এই ইভেন্টটি আয়োজিত হয়। তিনি জানান, বাজেট কমানোর কারণে আগামীতে অনেক সুবিধাই বন্ধ হয়ে যেতে পারে, তাই সাধারণ মানুষের জানা উচিত যে বিকল্প সহায়তার জন্য তারা কোথায় যোগাযোগ করতে পারেন। স্যান ডিয়েগো কাউন্টিতে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যের খরচ জোগাড় করাও আরেকটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারি কর্মকর্তাদের ধারণা অনুযায়ী, এ বছর প্রায় ৯৩ হাজার মানুষ তাদের 'ক্যালফ্রেশ' খাদ্য সহায়তা সুবিধা হারাতে পারেন। এই পরিস্থিতি মোকাবিলায় কাউন্টি কর্তৃপক্ষ 'সেফটি নেট ব্রিজ' নামের একটি প্রকল্পে অর্থায়ন করেছে। এর আওতায় শনিবার চুলা ভিস্তা এলাকায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চার সন্তানের বাবা হোসে মিরান্ডা জানান, তাদের পরিবারকে বেশ কয়েকটি সহায়তা কর্মসূচির ওপর নির্ভর করে চলতে হয়। সংসারের খরচ মেটাতে তিনি এবং তার স্ত্রী দুজনকেই কাজ করতে হয়। তিনি বলেন, "আমরা দুজনই ন্যূনতম মজুরিতে কাজ করি। বিভিন্ন সহায়তা পাওয়ার জন্য আমরা ২-১-১ নম্বরে কল করে খোঁজ নিই এবং মাঝেমধ্যেই এ ধরনের সাহায্য প্রদানকারী ইভেন্টগুলোতে আসি।" কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শরৎকাল পর্যন্ত বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং খাদ্য সহায়তা দিতে তারা আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) ও এবিসি ইউনিফায়েডসহ প্রধান শহুরে এলাকাগুলোতে গত ১২ আগস্ট, সোমবার থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বাথ শহরে মাত্র ১ ডলারে বিক্রি হচ্ছে আস্ত একটি ঐতিহাসিক বাড়ি! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। তবে জলের দরে এই বাড়িটি কেনার জন্য ক্রেতাকে মানতে হবে একটি কঠিন শর্ত। শর্তটি হলো, কেনার পর আস্ত বাড়িটিকে তার বর্তমান স্থান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে হবে। অন্যথায় বাড়িটি চিরতরে ভেঙে ফেলা হবে। ‘জাহাজের শহর’ (সিটি অব শিপস) হিসেবে পরিচিত মেইন অঙ্গরাজ্যের বাথ শহরের ৬০৬ ওয়াশিংটন স্ট্রিটে অবস্থিত এই বাড়িটির নাম ‘ডিয়ারিং হাউস’। এটি ১৯০০ সালের দিকে নির্মিত। প্রখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘জেনারেল ডায়নামিকস বাথ আয়রন ওয়ার্কস’ গত বুধবার এক ঘোষণায় জানায়, তারা দুটি আবাসিক ভবন মাত্র ১ ডলারের বিনিময়ে বিক্রি করতে যাচ্ছে, যার মধ্যে এই ঐতিহ্যবাহী ডিয়ারিং হাউসটিও রয়েছে। সংবাদমাধ্যম ডব্লিউএমটিডব্লিউ-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্রির চুক্তিতে বলা হয়েছে, ক্রেতাকে ২০২৭ সালের ২০ নভেম্বরের মধ্যে আইনি বৈধতা রয়েছে এমন কোনো স্থানে ভবনটিকে স্থানান্তর করতে হবে। বর্তমানে বাড়িটি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত এটি বর্তমান ভাড়াটেদের কাছে লিজ দেওয়া রয়েছে। এই বাড়িটির রয়েছে এক সমৃদ্ধ ও গৌরবময় ইতিহাস। এটি মূলত গার্ডিনার জি. ডিয়ারিংয়ের বাসভবন ছিল। তিনি ছিলেন সে সময়ের একজন বিশিষ্ট জাহাজ নির্মাতা, যিনি ১৯ শতকের শেষ এবং ২০ শতকের শুরুর দিকে বাথ শহরকে জাহাজ নির্মাণের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর কর্মজীবনে তিনি ৯৯টি জাহাজ তৈরি করেছিলেন। কেনেবেক নদীর তীরে একটি শিপইয়ার্ড পরিচালনা করতেন তিনি। বাথ শহরের সরকারি ওয়েবসাইটের তথ্যমতে, ১৮৫৪ সালে কাঠের তৈরি জাহাজ নির্মাণে নিউইয়র্ক এবং বোস্টনের পর পুরো যুক্তরাষ্ট্রে বাথ শহরের অবস্থান ছিল তৃতীয়। গৃহযুদ্ধ শুরু হওয়ার আগপর্যন্ত এই শিল্প শহরটিতে ব্যাপক সমৃদ্ধি এনেছিল। বাথ আয়রন ওয়ার্কস জানিয়েছে, ভবনটি যে অবস্থায় আছে ঠিক সেভাবেই বিক্রি করা হবে। এর কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকবে না। বাড়িটি সরানোর সম্পূর্ণ আর্থিক দায়ভার ক্রেতাকেই বহন করতে হবে। এর মধ্যে প্রশাসনিক অনুমতি নেওয়া, লাইসেন্সপ্রাপ্ত স্ট্রাকচারাল মুভার্স ভাড়া করা, পরিবহন, নতুন স্থান প্রস্তুতকরণ, ভিত্তি স্থাপনসহ আনুষঙ্গিক সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। যদি কেউ এই ঐতিহাসিক বাড়িটি কিনে রক্ষা করতে এগিয়ে না আসেন, তবে নতুন স্থাপনা তৈরির জন্য এটি ভেঙে ফেলা হবে। বাথ আয়রন ওয়ার্কস-এর ফ্যাসিলিটিজ ক্যাপিটাল ডিরেক্টর জোলেন নিকারসন বলেন, একটি কোম্পানি হিসেবে আমাদের বেড়ে ওঠা এবং স্থানীয় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাটা জরুরি। সে জন্যই আমরা আমাদের স্থাপনাগুলোর উন্নয়নের চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমরা আশা করছি এমন কেউ এগিয়ে আসবেন, যাঁর এই বাড়িটি স্থানান্তরের জন্য উপযুক্ত জায়গা রয়েছে এবং আর্থিকভাবেও তিনি সক্ষম। এটি হলে বাড়িটির ঐতিহাসিক আবেদন রক্ষা পাবে, যা নিয়ে স্থানীয় সম্প্রদায়ের মানুষেরাও বেশ আগ্রহী। প্যাটেন ফ্রি লাইব্রেরির আর্কাইস্ট এবং স্পেশাল কালেকশন লাইব্রেরিয়ান জ্যাক মার্টিন মনে করেন, বাড়িটি রক্ষা করা গেলে এর নতুন মালিক বাথ শহরের ইতিহাসের একটি অনন্য অংশের অংশীদার হবেন। তিনি বলেন, আপনার কাছে কেবল একটি অদ্বিতীয় বাড়িই থাকবে না, এর সঙ্গে জড়িয়ে থাকবে এক চমৎকার গল্প। একটি ঐতিহাসিক বাড়ি রক্ষা করার এই উদ্যোগ সত্যিই দারুণ রোমাঞ্চকর একটি ব্যাপার। বাথ আয়রন ওয়ার্কস জানিয়েছে, এরই মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি ভবনটি কেনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তবে মেইন অঙ্গরাজ্যে ঐতিহাসিক বাড়ি স্থানান্তরের ঘটনা এটাই প্রথম নয়। কেনেবেক জার্নালের তথ্যমতে, গত মে মাসে অগাস্টা শহরে ১৮৯৯ সালে স্থপতি জন ক্যালভিন স্টিভেন্সের নকশা করা ৬ হাজার ২০০ বর্গফুটের তিনতলা একটি বাড়ি প্রায় এক-তৃতীয়াংশ মাইল দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। এক লাখ ২০ হাজার পাউন্ড ওজনের ওই ভবনটিকে দুই ভাগে ভাগ করে নতুন জায়গায় নেওয়া হয়। ব্যয়বহুল ওই স্থানান্তর প্রকল্পে খরচ হয়েছিল ৫ লাখ ডলারেরও বেশি।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট বাজারে সম্প্রতি একটি নজরকাড়া বিলাসবহুল বাড়ি বিক্রির জন্য তোলা হয়েছে। সাগরের তীরে অবস্থিত ফরাসি স্থাপত্যশৈলীর আদলে তৈরি এই প্রাসাদের দাম হাঁকা হয়েছে ৮ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর কাছে লা জোলা উপকূলে অবস্থিত এই বাড়ির নাম দেওয়া হয়েছে 'দ্য স্যান্ড ক্যাসল'। ইউরোপীয় আভিজাত্য এবং সাগরের তীরের প্রশান্তির এক অনন্য মিশ্রণ ঘটিয়ে প্রশান্ত মহাসাগরের তীরে এটি অন্যতম একটি উচ্চাভিলাষী আবাসিক সম্পত্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গত ২০২৪ সালে বাড়িটির দাম ধরা হয়েছিল ১০ কোটি ৮০ লাখ ডলার। তবে ২০২৬ সালে এসে এর দাম কিছুটা কমিয়ে ৮ কোটি ৭৫ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে, যা এখনও সাধারণ মানুষের কল্পনার বাইরে। রিয়েল এস্টেট এজেন্টদের দেওয়া তথ্যমতে, দ্য স্যান্ড ক্যাসল তার আকার এবং সুযোগ সুবিধার দিক থেকে সত্যিই অসাধারণ। ক্যালিফোর্নিয়ায় বর্তমানে উপকূলীয় উন্নয়নের ওপর কঠোর বিধিনিষেধ থাকায়, সমুদ্রের তীরে এত বড় পরিসরের কোনো আবাসিক সম্পত্তি নতুন করে নির্মাণ করা এখন প্রায় অসম্ভব। বিশাল এই সম্পত্তিতে মূল ভবনের পাশাপাশি অতিথিদের থাকার জন্য একটি পূর্ণাঙ্গ বাড়ি রয়েছে। প্রায় ১৩ হাজার বর্গফুট আয়তনের এই বিশাল প্রাসাদে রয়েছে ১০টি এনস্যুট বেডরুম এবং ১৪টি আধুনিক বাথরুম। প্রতিটি ঘর এমনভাবে সাজানো হয়েছে যেখানে খরচের কোনো তোয়াক্কা করা হয়নি। উনিশ শতকের প্রাচীন আসবাবপত্র, চমৎকার সোনালি রঙের কারুকাজ এবং দৃষ্টিনন্দন মোজাইকের সঙ্গে আধুনিক স্মার্ট হোম প্রযুক্তির এক দারুণ সমন্বয় ঘটানো হয়েছে পুরো বাড়িটিতে। বাড়িটির বর্তমান মালিক ডারউইন ডেসন। তিনি অ্যাফিলিয়েটেড কম্পিউটার সার্ভিসেসের প্রতিষ্ঠাতা, যা তিনি ২০০৯ সালে জেরক্সের কাছে ৬০০ কোটি ডলারের বেশি দামে বিক্রি করেছিলেন। প্রায় ১৫ বছর আগে ২ কোটি ৬০ লাখ ডলার খরচ করে তিনি দ্য স্যান্ড ক্যাসল এবং এর পাশের একটি জায়গা কিনেছিলেন। মূলত ২০০৫ সালে সান দিয়েগোর ডেভেলপার ডাগ ম্যানচেস্টার এটি নির্মাণ করলেও ডারউইন ডেসন তার স্বপ্নের রূপ দিতে সেরা পেশাদারদের একত্রিত করেন। আইল্যান্ড আর্কিটেক্টসের স্থপতি ড্রেক্স প্যাটারসন এবং বিশ্বখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার টিমোথি কোরিগান এই প্রাসাদের নকশা ও অন্দরমহল সাজানোর দায়িত্ব পালন করেন। ফরাসি রাজপ্রাসাদ, বিশেষ করে ভার্সাই এবং এর বিখ্যাত পেটিট ট্রায়ানন থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করা হয়েছে। তবে এর সাথে ক্যালিফোর্নিয়ার বিচ হাউসের আরামদায়ক পরিবেশও বজায় রাখা হয়েছে। বাড়িটিতে রয়েছে একটি সুইমিংপুল, ফিটনেস সেন্টার, দুটি ক্যাবানা এবং একটি ব্যক্তিগত সমুদ্রসৈকত। প্রশান্ত মহাসাগর এবং চারপাশের উপকূলের বাধাহীন মনোরম দৃশ্য উপভোগ করার ব্যবস্থা রয়েছে এখানে। সমুদ্রের ১৬৩ ফুট অংশ জুড়ে থাকা এই সম্পত্তির সুরক্ষায় ১৯৫০-এর দশকে তৈরি একটি ঐতিহাসিক সীওয়াল বা সমুদ্র প্রাচীর রয়েছে। এছাড়া বাইরের অংশে রয়েছে সমুদ্রমুখী বারান্দা, একটি বোটহাউস এবং প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সামুদ্রিক গুহা। বাড়িটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ব্যক্তিগত উঁচু একটি ছাদ বা টেরেস। সেখানে ব্যবহৃত সাদা বালি আনা হয়েছে বিখ্যাত অগাস্টা ন্যাশনাল গলফ কোর্সের বালুর টেক্সচার ও গুণগত মানের সঙ্গে মিল রেখে। এছাড়া বড় কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে একটি বিশাল ও বিলাসবহুল শোরুম। বর্তমানে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন কম্পাস এজেন্সির প্রতিনিধি ব্রেট ডিকিনসন এবং রস ক্লার্ক। তাদের মতে এটি সান দিয়েগো কাউন্টির ইতিহাসে সবচেয়ে বেশি দামি আবাসিক সম্পত্তিগুলোর মধ্যে অন্যতম।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে আবারও কঠোর অবস্থান জানিয়েছে ইরান। দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, এই জলপথের ওপর বর্তমান নিয়ন্ত্রণ থেকে তেহরান কোনো অবস্থাতেই সরে আসবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের প্রভাবশালী নীতিনির্ধারণী সংস্থা এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ রক্ষায় ইরান প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের পরিবর্তন আসে। পরে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বর্তমানে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরেনি এবং ইরান এর পুনরায় চালু হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কয়েকটি শর্ত পূরণের সঙ্গে যুক্ত করেছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া দাবি করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের বর্তমান নিয়ন্ত্রণ একটি "অপরিবর্তনযোগ্য বাস্তবতা"। তার ভাষায়, যুক্তরাষ্ট্র চাইলে এই পরিস্থিতি বদলাতে পারবে না এবং বাস্তবতা মেনে নেওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ নেই। তিনি আরও সতর্ক করে বলেন, এই নিয়ন্ত্রণ পরিবর্তনের চেষ্টা হলে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে। এদিকে রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক চাপ বন্ধ, নৌ-অবরোধ তুলে নেওয়া এবং সাম্প্রতিক হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণসহ আরও কয়েকটি দাবি। এসব বিষয়ে অগ্রগতি না হলে প্রণালিটি পুনরায় পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছে ইরান। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজার ও সমুদ্রপথে বাণিজ্যের ওপরও এর সরাসরি প্রভাব পড়ে।
বিয়ের দিন নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে চান সব নারীই। আর এই বিশেষ দিনে রাজকন্যার মতো সাজার স্বপ্ন ছিল যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের বাসিন্দা ২৬ বছর বয়সী পলি বিবির। পেশায় ইলাস্ট্রেটর এই তরুণী সাধারণত খুব হালকা মেকআপ করতে পছন্দ করলেও, বিয়ের জন্য নিজেকে একটু ভিন্নভাবে সাজাতে চেয়েছিলেন। আর সেই শখ পূরণ করতে গিয়েই বাঁধে বিপত্তি। চোখের সৌন্দর্য বাড়াতে কৃত্রিম পাপড়ি বা 'ফলস আইল্যাশ' লাগিয়েছিলেন তিনি, যার জেরে মারাত্মক অ্যালার্জির শিকার হয়ে প্রায় অন্ধ হতে বসেছিলেন এই হবু কনে। মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজ এবং কেনেডি নিউজ অ্যান্ড মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের শুরুর দিকে বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে আইল্যাশ এক্সটেনশন বা চোখের কৃত্রিম পাপড়ি লাগানোর সিদ্ধান্ত নেন পলি। এর জন্য তাঁর খরচ হয়েছিল প্রায় ৮৮ মার্কিন ডলার। নিয়ম অনুযায়ী প্রথমে তাঁর ত্বকে প্যাচ টেস্ট বা সংবেদনশীলতা পরীক্ষা করা হয়েছিল। সেখানে কোনো ধরনের অ্যালার্জির লক্ষণ দেখা না দেওয়ায় তিনি মূল প্রক্রিয়াটি সম্পন্ন করেন। শুরুতে নিজের এই নতুন ও আকর্ষণীয় রূপ দেখে বেশ খুশিই হয়েছিলেন তিনি। কিন্তু সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি। পার্লার থেকে ফেরার চার-পাঁচ ঘণ্টা পর তাঁর হবু স্বামী ২৯ বছর বয়সী বেঞ্জামিন মে খেয়াল করেন পলির চোখ কিছুটা লাল হয়ে আছে। চোখ থেকে পানি পড়া এবং ব্যথার উপসর্গগুলোকে পলি প্রথমে সাধারণ অ্যালার্জি বা হে ফিভার ভেবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সন্ধ্যা গড়াতেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। চোখ অসম্ভব লাল হয়ে যায়, তীব্র জ্বালা করতে থাকে এবং হলদেটে আঠালো পদার্থ বের হয়ে চোখের পাতা একে অপরের সঙ্গে আটকে যেতে থাকে। নিজের দৃষ্টিশক্তি ঝাপসা হতে দেখে চরম আতঙ্কিত হয়ে পড়েন পলি। তিনি বুঝতে পারেন, তাঁর চোখের দৃষ্টি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে এবং তিনি প্রায় কিছুই দেখতে পাচ্ছেন না। উপায় না দেখে দ্রুত একটি জরুরি চিকিৎসাসেবা নম্বরে কল করেন তিনি। সেখান থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর কেমব্রিজের হিঞ্চিংব্রুক হাসপাতালের চক্ষু ইউনিটের নার্সরা তাঁর চোখ পরীক্ষা করে নিশ্চিত করেন যে, আইল্যাশ এক্সটেনশনে ব্যবহৃত আঠা বা রাসায়নিক থেকেই এই মারাত্মক অ্যালার্জির সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা পলিকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেন। সেই সঙ্গে চোখের ফোলা ভাব কমানোর জন্য কৃত্রিম পাপড়িগুলো খোলার আগে তাঁকে তিন দিন অপেক্ষা করতে বলা হয়। পাপড়িগুলো অপসারণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পলি জানান, তাঁর মনে হচ্ছিল যেন চোখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। ব্যথায় তিনি চিৎকার করছিলেন ও কাঁদছিলেন। চিকিৎসার পর ধীরে ধীরে উন্নতি হলেও এখনও তাঁর চোখ লালচে হয়ে আছে, পাতা ফুলে আছে এবং দৃষ্টি কিছুটা ঝাপসা রয়ে গেছে। এই ধরনের প্রসাধনী ব্যবহারের ঝুঁকি সম্পর্কে আমেরিকান একাডেমি অফ অফথালমোলজির ওয়েবসাইটের এক বিবৃতিতে ন্যাশভিলের বোর্ড-সার্টিফাইড চক্ষু বিশেষজ্ঞ ডা. রেবেকা জে. টেলর সতর্ক করেছেন। তিনি বলেন, চোখের নিরাপত্তার জন্য সব সময় পরিচ্ছন্ন পরিবেশে অভিজ্ঞ রূপসজ্জাকরের মাধ্যমে কৃত্রিম পাপড়ি লাগানো উচিত। এ ছাড়া ত্বকের জন্য নিরাপদ রাসায়নিক ব্যবহার করা অত্যন্ত জরুরি। এই প্রক্রিয়ায় চোখের পাতা বা কর্নিয়ায় আঘাত, সংক্রমণ, আঠার কারণে অ্যালার্জি এবং স্থায়ী বা অস্থায়ীভাবে আসল পাপড়ি ঝরে যাওয়ার মতো ঝুঁকি থাকে। অপরিষ্কার সরঞ্জাম ব্যবহারের ফলেও চোখে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে উল্লেখ করেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও বিয়ের দিন পর্যন্ত চোখের লালচে ভাব সম্পূর্ণ দূর হবে কি না, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় আছেন পলি। অন্য কনেদের সতর্ক করতে নিজের এই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। তাঁর মতে, বিয়ের মতো জীবনের সবচেয়ে বড় দিনের এত কাছাকাছি সময়ে নতুন কোনো বিউটি ট্রিটমেন্ট বা রূপচর্চার ঝুঁকি নেওয়া মোটেও উচিত নয়। আক্ষেপ করে তিনি বলেন, মানুষের মুখে বিয়ের দিন নানা অঘটন ঘটার কথা মজার ছলে শুনলেও, নিজের বেলায় এমন কিছু ঘটবে তা তিনি ভাবতেই পারেননি। কৃত্রিম পাপড়ির বদলে সাধারণ মাশকারা ব্যবহার করাই তাঁর জন্য ভালো ছিল বলে এখন মনে করছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হারবারে একটি স্পিডবোট উল্টে এক মা ও তার পাঁচ মাস বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে পড়ে যাওয়া আরও ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বোটটির চালকের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে নৌযানটি অবৈধভাবে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল কি না, তা তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং মার্কিন কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, শনিবার নিউইয়র্ক হারবারের লিবার্টি আইল্যান্ডের কাছে ২২ ফুট দৈর্ঘ্যের একটি বেলাইনার স্পিডবোট উল্টে যায়। লিবার্টি আইল্যান্ডেই বিশ্বের অন্যতম পরিচিত স্থাপনা স্ট্যাচু অব লিবার্টি অবস্থিত। দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য নৌযান এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানিতে থাকা ১২ জনকে উদ্ধার করা হয়। পরে পুলিশ ডুবুরি দল পানির ভেতর থেকে ২৭ বছর বয়সী এক নারী ও তার পাঁচ মাস বয়সী কন্যাশিশুকে উদ্ধার করে। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন। কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনায় উদ্ধার হওয়া অন্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার পর নিউইয়র্কের ৪৬ বছর বয়সী ম্যানুয়েল হার্নান্দেজের বিরুদ্ধে ১৩টি বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আরও অভিযোগ যুক্ত হতে পারে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। কোস্ট গার্ডের সেক্টর নিউইয়র্কের কমান্ডার ক্যাপ্টেন ডরিন ম্যাককার্থি এক বিবৃতিতে বলেন, "গত রাতের এই মর্মান্তিক প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। একই সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেওয়া অংশীদার সংস্থা এবং সহায়তাকারী সাধারণ নৌযানের দ্রুত ও সাহসী ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞ।" রোববার কোস্ট গার্ড জানায়, দুর্ঘটনাকবলিত নৌযানটি অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যাত্রী বহনে ব্যবহৃত হচ্ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। এ ধরনের অবৈধ চার্টার কার্যক্রম নিরাপত্তা বিধি লঙ্ঘনের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহত মা ও শিশুর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর তাদের পরিচয় জানানো হবে।
শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ম্যাকহেনরি শহরে ২২ মাস বয়সী শিশুপুত্রকে নিয়ে স্বাভাবিক হাঁটার উদ্দেশ্যে বেরিয়েছিলেন বাবা। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁরা আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই এই বাবা ও ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এই দুজনকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যজুড়ে বিশাল তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ম্যাকহেনরি পুলিশ বিভাগ এবং পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে জানা যায়, নিখোঁজ ওই বাবার নাম টড সাবাতিনি (৩৬) এবং তাঁর ছেলের নাম থিও। গত শনিবার দুপুর ১২টার দিকে তিনি ইলিনয়ের ম্যাকহেনরির নিজ বাড়ি থেকে ছেলেকে নিয়ে হাঁটতে বের হন। পরিবার জানিয়েছে, বাবা ও ছেলের এভাবে হাঁটতে বের হওয়াটা ছিল নিত্যদিনের একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও তাঁরা ফিরে না আসায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ পিপল ম্যাগাজিনকে জানায়, টডের এমন আচরণ একেবারেই অস্বাভাবিক। তাছাড়া থিওকে নিয়ে লম্বা সময় বাইরে থাকার মতো কোনো প্রস্তুতি বা প্রয়োজনীয় সরঞ্জামও টডের সঙ্গে ছিল না, যা পরিবার ও পুলিশকে আরও বেশি ভাবিয়ে তুলেছে। তদন্তে নেমে পুলিশ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। একটি স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে থিওর স্ট্রলারটি (শিশুদের গাড়ি) পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সুপারমার্কেটের কাছে জিওন লুথেরান চার্চের ভেতর কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন সাবাতিনি। এছাড়া স্থানীয় একটি টাকো বেল রেস্তোরাঁতেও তিনি একজনের সঙ্গে কথা বলেছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে। এরপরের ঘটনাটি আরও রহস্যজনক। পুলিশ জানায়, বাবা ও ছেলে একটি রাইডশেয়ারিং গাড়ি ভাড়া করে প্রায় এক ঘণ্টার পথ পাড়ি দিয়ে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিনফিল্ড পুলিশ বিভাগে পৌঁছান। সেখানে সাবাতিনি একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেন। কিন্তু শনিবার দুপুর ২টার দিকে তিনি থিওকে নিয়ে পায়ে হেঁটেই ওই থানা থেকে বেরিয়ে যান। ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর ঠিক কী কথা হয়েছিল, তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে দেওয়া এক আপডেটে ম্যাকহেনরি পুলিশ বিভাগ জানিয়েছে, তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে টড ও থিও বর্তমানে উইসকনসিনের মিলওয়াকিতে অবস্থান করছেন। তাঁদের সন্ধানে ইলিনয় ও উইসকনসিনের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ হওয়ার সময় শিশু থিওর পরনে ছিল নীল শার্ট ও গাঢ় রঙের শর্টস। অন্যদিকে টড সাবাতিনির পরনে ছিল নীল-কালো রঙের ফ্লানেল শার্ট, ধূসর ট্যাংক টপ, জিন্স এবং কনভার্স জুতো। আগের ছবিগুলোতে তাঁর মুখে ঘন দাড়ি দেখা গেলেও, পুলিশ জানিয়েছে বর্তমানে তিনি ক্লিন-শেভড। এ বিষয়ে মন্তব্য জানতে নিউইয়র্ক পোস্টের পক্ষ থেকে ম্যাকহেনরি পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে টড এবং থিওর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ম্যাকহেনরি পুলিশ বিভাগের নির্দিষ্ট নম্বরে (৮১৫-৩৬৩-২১৩০) যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রকাশ্যে নারীদের আঁটসাঁট বা টাইট ব্যায়ামের পোশাক (অ্যাক্টিভওয়্যার) পরা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক নারী। জিমের পোশাক পরে শপিংমল বা রাস্তায় ঘুরে বেড়ানো শালীনতা পরিপন্থি কি না, তা নিয়ে নেটিজেনদের মধ্যে রীতিমতো দুই ভাগ তৈরি হয়েছে। অনেকেই যেমন ওই নারীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, তেমনি অনেকেই তাঁর বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ মানসিকতার অভিযোগ তুলেছেন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পপি নামের ওই টিকটকার সম্প্রতি কুইন্সল্যান্ডের টাউনসভিলের একটি সুপারমার্কেটের ভেতর থেকে একটি ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে তিনি প্রকাশ্যে নারীদের খুব ছোট শর্টস বা টাইট লেগিংস পরার তীব্র সমালোচনা করেন। পোশাকগুলো নারীদের শারীরিক গঠনকে দৃষ্টিকটুভাবে ফুটিয়ে তোলে বলে দাবি করেন তিনি। ভিডিওতে পপি বলেন, “যেসব নারী এ ধরনের অ্যাক্টিভওয়্যার বা ছোট শর্টস পরেন, আমি মনে করি এটা দারুণ ব্যাপার। আপনারা আত্মবিশ্বাসী এবং আপনাদের শারীরিক গঠনও সুন্দর। কিন্তু আপনারা কি বুঝতে পারেন যে হাঁটার সময় আপনাদের আঁটসাঁট পোশাকের কারণে গোপনাঙ্গের আকার স্পষ্টভাবে বোঝা যায়? আমাকে এসে বলবেন না যে আমি কেন ওদিকে তাকিয়েছি। কেউ যদি এমন পোশাক পরে আমার দিকে হেঁটে আসে, তাহলে না তাকিয়ে উপায় কী?” নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে এই টিকটকার পরিস্থিতিটিকে একজন পুরুষের টাইট প্যান্ট পরার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “এটা অনেকটা এমন যে, একজন পুরুষ খুব টাইট প্যান্ট পরে হেঁটে বেড়াচ্ছেন এবং তার গোপনাঙ্গ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকে না।” পপির এই স্পষ্টভাষী ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মন্তব্য জমা পড়তে থাকে। দর্শকরা এই ইস্যুতে স্পষ্টতই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একদল তাঁর সাহসিকতার প্রশংসা করে বলেন, জনসমক্ষে শালীনতা বজায় রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একজন মন্তব্যকারী লেখেন, “তিনি একদম ঠিক কথা বলেছেন জনসমক্ষে ভদ্রতা বলে একটা কথা আছে।” আরেকজন লেখেন, “অবশেষে কেউ একজন সত্যি কথাটা বলল। আমি এই নতুন ট্রেন্ডকে ঘৃণা করি, জিমের পোশাক কেবল জিমেই মানায়।” কেউ কেউ প্রকাশ্যে এমন পোশাক পরাকে ‘জঘন্য’ বলেও আখ্যা দিয়েছেন। তবে অনেকেই পপির এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাঁদের মতে, পপি নিজেই একজন নারী হয়ে অন্য নারীদের পোশাক নিয়ে যে মন্তব্য করেছেন, তা অন্তর্নিহিত নারীবিদ্বেষের লক্ষণ। সমালোচনাকারীদের একজন বলেন, “শারীরিক গঠন দেখা যাওয়ার মধ্যে ভুল কিছু নেই। আমরা সবাই এভাবেই পৃথিবীতে এসেছি।” অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনার পছন্দ না হলে অন্যদিকে তাকিয়ে থাকুন এবং নিজের কাজে মন দিন। আমি অনেক কষ্ট করে নিজের শরীর এমন সুন্দর করেছি, কারও কথায় আমি আমার পোশাক পরিবর্তন করব না।” অনেকেই আবার জানান, জিমে ব্যায়াম শেষ করার পর নারীদের অনেক সময় কেনাকাটা করতে দোকানে যেতে হয়। এক ব্যবহারকারী প্রশ্ন রাখেন, “জিমে ওয়ার্কআউট করার পর কি আমাদের আগে বাড়ি গিয়ে পোশাক বদলাতে হবে? অনেক মেয়েরই ব্যস্ততা থাকে এবং জিম শেষ করেই বাজার করতে হয়।” পপির মন্তব্যের সঙ্গে মানুষ একমত হোক বা না হোক, তাঁর এই ভিডিওটি অস্ট্রেলিয়ায় মানুষের পোশাক পরার অভ্যাস নিয়ে একটি বড় আলোচনার সূত্রপাত করেছে। বিশেষ করে 'অ্যাথলিজার' বা ব্যায়াম ও ক্যাজুয়াল পোশাকের মিশ্রণ কীভাবে ধীরে ধীরে দেশটির নাগরিকদের এক প্রকার অঘোষিত দৈনন্দিন পোশাকে পরিণত হয়েছে, সেটিই নতুন করে সামনে এসেছে। বাণিজ্যিক বিনিয়োগ প্রতিষ্ঠান সিবিআরই-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই ট্রেন্ডটি মূলত মানুষের কাজ এবং জীবনযাত্রার পরিবর্তনের প্রতিফলন। বর্তমানে রিমোট এবং হাইব্রিড কাজের সুযোগ বাড়ায় মানুষ এমন পোশাক খুঁজছে, যা পরে জুম মিটিং থেকে শুরু করে সন্তানদের স্কুল থেকে আনা বা দ্রুত কেনাকাটা সবই স্বাচ্ছন্দ্যে করা যায়। বিখ্যাত ব্র্যান্ড চোবানি-এর উদ্যোগে পরিচালিত একটি জাতীয় জরিপে দেখা গেছে, ৬০ বছরের কম বয়সী ৮২ শতাংশ অস্ট্রেলিয়ান ব্যায়াম, ঘরে অবস্থান বা বাইরে যাওয়ার জন্য সাধারণ পোশাক হিসেবে অ্যাক্টিভওয়্যার পরেন। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মানুষ স্বীকার করেছেন যে, তাঁরা প্রায় প্রতিদিনই এ ধরনের পোশাক পরেন। তাই বিতর্ক যা-ই হোক না কেন, জিমের পোশাক যে এখন দৈনন্দিন ফ্যাশনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তা অস্বীকার করার উপায় নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জনপ্রিয় পরামর্শ কলাম 'আস্ক জানা'-তে (Ask Jana) সম্প্রতি এক অসহায় স্বামী তার দাম্পত্য জীবনের চরম সংকটের কথা তুলে ধরেছেন। জিমে গিয়ে অন্য এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তার স্ত্রী। স্বামীর কাছে এই অপ্রত্যাশিত ঘটনাটি ধরা পড়ার পর মানসিকভাবে তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে যখন তার স্ত্রী দাবি করেছেন যে, কোনো পুরুষের বদলে একজন নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে এটিকে কোনোভাবেই 'প্রতারণা' বা 'চিটিং' বলা চলে না। স্ত্রীর এমন অদ্ভুত যুক্তি কিছুতেই মেনে নিতে পারছেন না ওই স্বামী। পরামর্শদাতা জানার কাছে পাঠানো চিঠিতে ওই স্বামী জানান, তিনি তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসেন এবং এই চরম বিশ্বাসঘাতকতার পরও তাকে ক্ষমা করে সংসার টিকিয়ে রাখতে চান। কিন্তু স্ত্রীর নিজের কৃতকর্মের জন্য বিন্দুমাত্র অনুশোচনা না থাকা এবং ঘটনাটিকে প্রতারণা হিসেবে স্বীকার না করার বিষয়টি ওই স্বামীকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। স্ত্রীর ভাষ্যমতে, সমকামী সম্পর্কের কারণে তাদের দাম্পত্যের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই স্বামীর কাছে বিশ্বাসভঙ্গই হলো প্রতারণার মূল ভিত্তি, যা তৃতীয় কোনো ব্যক্তির লিঙ্গ বা সম্পর্কের ধরন দিয়ে কখনোই পরিমাপ করা যায় না। বর্তমানে স্ত্রীর এই একগুঁয়ে মনোভাব এবং নিজের মানসিক টানাপোড়েন থেকে মুক্তি পেতে ওই স্বামী বিশেষজ্ঞদের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ চেয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং পাঠকমহলে সম্পর্কের বিশ্বাসযোগ্যতা ও প্রতারণার সংজ্ঞা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে রোমান্টিক শহরের তালিকায় আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থান দখল করেছে নিউইয়র্ক সিটি। ২০২৬ সালের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ন্যাশভিল এবং অস্টিনের মতো জনপ্রিয় শহরগুলোকে পেছনে ফেলে এই মুকুট ছিনিয়ে নিয়েছে ব্যস্ততম এই মহানগরী। পরিসংখ্যান অনুযায়ী, এই শহরের প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ২১২ জনেরও বেশি মানুষ রোমান্স বা প্রেম সংক্রান্ত বিষয়ে গুগলে সার্চ করেছেন, যা যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো শহরের তুলনায় সর্বোচ্চ। সাধারণত নিউইয়র্ককে কংক্রিটের জঙ্গল বলা হলেও, প্রেমিক যুগলদের জন্য এই শহর যেন এক স্বপ্নের ঠিকানা। সেন্ট্রাল পার্কের সবুজে ঘেরা পথে হাত ধরাধরি করে হাঁটা থেকে শুরু করে গগনচুম্বী ভবনের ছাদে জমকালো রোমান্টিক ডিনার—সবকিছুতেই রয়েছে ভালোবাসার ছোঁয়া। এর পাশাপাশি বিখ্যাত ব্রডওয়ে শো উপভোগ করা কিংবা ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো অসংখ্য দৃষ্টিনন্দন স্থান এই শহরের পরতে পরতে ছড়িয়ে আছে। যুগলদের জন্য অবিস্মরণীয় সব রোমান্টিক মুহূর্ত তৈরির অগণিত সুযোগ ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা দিতে সদা প্রস্তুত যুক্তরাষ্ট্রের এক নম্বর রোমান্টিক শহর নিউইয়র্ক সিটি।
যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫ সালের আবুধাবি টি-১০ টুর্নামেন্টকে ঘিরে ম্যাচের বিভিন্ন দিক প্রভাবিত করার চেষ্টা, অন্য একজন খেলোয়াড়কে একই ধরনের কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা এবং দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে আইসিসির অ্যান্টি-করাপশন ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, রেড্ডির বিরুদ্ধে মোট তিনটি দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাচের ফল বা ম্যাচের অগ্রগতির কোনো অংশ বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা এবং অন্য একজন অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা। তদন্তে বাধা দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে। আইসিসির তথ্য অনুযায়ী, রেড্ডি তার মোবাইল ফোন থেকে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এমন তথ্য ও বার্তা মুছে ফেলেছিলেন। ট্রাইব্যুনাল এটিকেও দুর্নীতিবিরোধী বিধির লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে। রেড্ডিকে ২১ নভেম্বর ২০২৫ তারিখে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে আট বছরের নিষেধাজ্ঞা ওই তারিখ থেকেই কার্যকর হিসেবে গণনা করা হয়েছে। ২৬ বছর বয়সী রেড্ডি যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৫ সালের এপ্রিলে কেম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়। ওই চার ম্যাচে তিনি একটি উইকেট নিয়েছেন। মাইনর লিগ ক্রিকেটেও রেড্ডির অভিজ্ঞতা রয়েছে। তিনি আটলান্টা ফায়ারের হয়ে খেলেছেন এবং যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ ছিলেন। ক্রিকেটের বিভিন্ন রেকর্ডে তাকে আটলান্টা ফায়ারের খেলোয়াড় হিসেবে উল্লেখ করা হয়েছে। আবুধাবি টি-১০ টুর্নামেন্টে রেড্ডি অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে খেলেছিলেন। ওই আসরেই তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের ঘটনাগুলো ঘটে বলে আইসিসি জানিয়েছে। তবে আইসিসির সিদ্ধান্তকে শুধু ‘ম্যাচ ফিক্সিং’ হিসেবে উল্লেখ করলে পুরো বিষয়টি স্পষ্ট হয় না। ট্রাইব্যুনাল তাকে কোনো ম্যাচ সফলভাবে ফিক্স করার জন্য নয়, বরং ম্যাচের ফল বা অগ্রগতিতে বেআইনিভাবে প্রভাব বিস্তারের চেষ্টা, অন্য খেলোয়াড়কে এতে যুক্ত করার চেষ্টা এবং তদন্তে বাধা দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে। ক্রিকেটে ম্যাচ ফিক্সিং ও অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে আইসিসির কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আট বছরের নিষেধাজ্ঞার ফলে ২০৩৩ সালের নভেম্বর পর্যন্ত রেড্ডি কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না।
ইরানের সঙ্গে চলমান দীর্ঘমেয়াদী সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রের মজুদ অত্যন্ত দ্রুতগতিতে ফুরিয়ে আসছে। এমন সংকটময় পরিস্থিতিতে সমরাস্ত্র উৎপাদন ও সরবরাহের গতি ব্যাপকভাবে বাড়াতে দেশের শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদারদের ওপর চাপ প্রয়োগ করেছে পেন্টাগন। গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা পেন্টাগনের এক গোপন মেমোর বরাতে এই উদ্বেগজনক চিত্রটি প্রকাশ্যে এসেছে। উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ গত বুধবার শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ঠিকাদারদের কাছে একটি কড়া নির্দেশনাসংবলিত চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে এবং আগামী ২১ দিনের মধ্যে দ্রুত সরবরাহের জন্য একটি আগ্রাসী পরিকল্পনা জমা দিতে হবে। মেমোতে ফেইনবার্গ কঠোর ভাষায় উল্লেখ করেন, বছরের পর বছর ধরে চলা দীর্ঘমেয়াদী উন্নয়ন চক্র এখন আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কর্মসূচি ও উৎপাদনের সময়সূচি এখন নাটকীয়ভাবে দ্রুত করার পাশাপাশি উৎপাদন সক্ষমতাও জরুরিভিত্তিতে বাড়াতে হবে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, সমরাস্ত্র ও গোলাবারুদের ঘাটতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা দপ্তরের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার পরই মূলত এই নির্দেশনা জারি করা হয়েছে। তবে শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, কংগ্রেসে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট পাস না হওয়া পর্যন্ত এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধান বেশ কঠিন। এর মধ্যেই পেন্টাগন ও হোয়াইট হাউস একাধিক দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও গোলাবারুদ প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে। এর আগে জুলাইয়ের শেষদিকে হোয়াইট হাউসে প্রথাগত প্রতিরক্ষা ঠিকাদার এবং সিলিকন ভ্যালির স্টার্টআপগুলোর নির্বাহীদের এক জরুরি বৈঠকে ডাকা হয়। সেখানে চিফ অব স্টাফ সুজি ওয়াইলস ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান, বোয়িং, অ্যান্ডুরিল ও পালানটিরের মতো নামিদামি কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে তাদের পরামর্শ দেওয়া হয়, কংগ্রেসনাল রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর জন্য আইনপ্রণেতাদের কাছে যেন তারা সরাসরি লবিং করেন। সাম্প্রতিক মাসগুলোতে পেন্টাগন কম খরচের গোলাবারুদ থেকে শুরু করে থাড (THAAD) ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়াতে একাধিক কাঠামোগত চুক্তির ঘোষণা দিয়েছে। তবে সিএসআইএস (CSIS)-এর মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকোর মতে, এগুলো মূলত প্রাথমিক সম্মতি, এখনও চূড়ান্ত বা আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, ফেইনবার্গের মেমোটি সম্পূর্ণ বাস্তব একটি নথি এবং উৎপাদন ত্বরান্বিত করতে শিল্প নেতাদের সঙ্গে কাজ করা প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর শুরু থেকেই লক্ষ্য ছিল। এই মেমোর তথ্যগুলো ২০২৮ অর্থবছরের বাজেট প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুদ্ধের প্রথম মাসেই যুক্তরাষ্ট্র ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল এবং এক হাজারের বেশি প্যাট্রিয়ট ও থাড ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। সেনাবাহিনীও ইতোমধ্যে ১৩০০টির বেশি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সিএসআইএস-এর হিসাব অনুযায়ী, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদ যুদ্ধপূর্ব ২,২০০টি থেকে কমে ৮২৭টির নিচে নেমে এসেছে। থাডের সংখ্যাও ৪৫২ থেকে কমে ২৭৮-এর নিচে দাঁড়িয়েছে। গত সোমবার প্যাট্রিয়ট ও থাডের উৎপাদন বাড়াতে নর্থরপ গ্রুম্যান ও লকহিড মার্টিনের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি ঘোষণা করা হয়েছে। লকহিড মার্টিনকে ২০৩০ সালের মধ্যে প্যাক-৩ উৎপাদন তিন গুণ বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার পর্যন্ত মূল্যের বিশাল চুক্তিও দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যান্ডুরিল, ক্যাস্টেলিয়নসহ কয়েকটি ডিফেন্স টেক কোম্পানির সঙ্গেও কাঠামোগত চুক্তি সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি জোর দিয়ে বলেছেন, যুদ্ধকালীন এই জরুরি পরিস্থিতিতে দ্রুত উৎপাদনের জন্য শিল্পখাতের সঙ্গে প্রকৃত অংশীদারত্ব গড়ে তুলতে হবে; নিয়মকানুনের বেড়াজালে আটকে রেখে তাদের স্বাভাবিক গতিকে কোনোভাবেই শ্লথ করা যাবে না।
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী নিশ্চিত করেছেন যে, নিহত ১৬ জনই বাংলাদেশি নাগরিক। রোববার দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে জোর উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে আগুনে মৃতদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা বেশ দুরূহ হয়ে পড়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের নাম ও পরিচয় দ্রুত শনাক্ত করতে দূতাবাসের কর্মকর্তারা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে চলেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের অর্থনীতিতে তাদের অপরিসীম অবদানের কথা স্মরণ করে মন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যাতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা যায় এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হয়। পরিশেষে তিনি মরহুমদের আত্মার মাগফিরাত এবং তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দানের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বৈদ্যুতিক গাড়ি (ইভি) চালকদের জন্য নির্ধারিত ২০০ ডলারের বার্ষিক রেজিস্ট্রেশন ফি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক ইভি চালক তার গাড়ির রেজিস্ট্রেশন নবায়নের সময় এই অতিরিক্ত ফি লক্ষ্য করে রেডিট (Reddit)-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, টেক্সাসের এই নিয়মের সমস্যা কোথায় এবং অন্যান্য অঙ্গরাজ্যেও এই ফি এর চেয়ে কম কি না। তার এই সাধারণ একটি প্রশ্ন বৈদ্যুতিক গাড়ির যুগে রাস্তাঘাটের উন্নয়নের জন্য তহবিল কীভাবে সংগ্রহ করা উচিত এবং এই নীতি কতটুকু যৌক্তিক, তা নিয়ে একটি বৃহত্তর বিতর্কের জন্ম দিয়েছে। এই ফি মূলত জ্বালানি করের বিকল্প হিসেবে আরোপ করা হয়েছে, কারণ ইভি চালকরা গ্যাস স্টেশন থেকে জ্বালানি কেনেন না, ফলে তারা সরকারকে কোনো জ্বালানি করও দেন না। তবে অনেক চালকের দাবি, গ্যাসচালিত গাড়ির মালিকরা জ্বালানি কর হিসেবে যে অর্থ প্রদান করেন, এই ২০০ ডলার তার চেয়েও অনেক বেশি। রেডিটে এক ব্যবহারকারী হিসাব কষে দেখান, ২০০ ডলার ফি মানে হলো ১,০০০ গ্যালন গ্যাসের ওপর হারানো করের সমান, যা সপ্তাহে প্রায় ৫৭৫ মাইল গাড়ি চালানোর সমতুল্য। ফলে যারা গড়ে অনেক কম দূরত্বে গাড়ি চালান, তাদের জন্য বছরে নির্দিষ্ট পরিমাণ এই ফি একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এক মন্তব্যকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, এর মানে হলো সাধারণ ইঞ্জিনচালিত গাড়ির চেয়ে ইভি চালকদের শক্তির জন্য বেশি কর দিতে হচ্ছে। এই বিতর্ক কেবল একটি ফি-এর ফরমে সীমাবদ্ধ নেই, বরং এটি বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের প্রকৃত খরচের ওপরও সরাসরি প্রভাব ফেলছে। যারা গাড়ি কম চালান, তাদের জন্য এই ফ্ল্যাট ফি গ্যাসচালিত গাড়ির করের চেয়েও বেশি ব্যয়বহুল। যদিও দীর্ঘমেয়াদে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ সাশ্রয় হয়, তবুও এমন শাস্তিমূলক বা বিভ্রান্তিকর ফি নতুন ক্রেতাদের বৈদ্যুতিক গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে নিরুৎসাহিত করতে পারে। গাড়ি কেনার আগে চালকদের এই ফি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই নির্দিষ্ট ফি-এর পরিবর্তে চালকদের অতিক্রান্ত দূরত্ব (মাইলেজ) বা গাড়ির ওজনের ওপর ভিত্তি করে নতুন ব্যবস্থা চালু হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
ক্যালিফোর্নিয়াবাসীকে রাস্তা মেরামতের খরচ জোগাতে এখন থেকে আবর্জনা বা গার্বেজ সংগ্রহের বিলে অতিরিক্ত অর্থ প্রদান করতে হতে পারে। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলিতে এই সংক্রান্ত একটি বিল (সিনেট বিল ৯২২) সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছে। বিলটি চূড়ান্তভাবে আইনে পরিণত হলে স্থানীয় সরকারগুলো ভারী আবর্জনাবাহী ট্রাকের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য গ্রাহকদের ওপর বাড়তি ট্যাক্স বা ফি আরোপের আইনি বৈধতা পাবে। সান্তা ক্রুজের ডেমোক্র্যাট সিনেটর জন লেয়ার্ড বিলটির মূল রচয়িতা। অ্যাসেম্বলিতে বিলটি উপস্থাপনের সময় ডেমোক্র্যাট সদস্য স্টিভ বেনেট জানান, স্থানীয় সরকারগুলোর ওপরই মূলত রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে। ভারী আবর্জনাবাহী ট্রাক নিয়মিত চলাচলের কারণে রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। দশকের পর দশক ধরে এই ক্ষতির খরচ আবর্জনা সংগ্রহ সেবার ফি ও ফ্র্যাঞ্চাইজি চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করার প্রচলন রয়েছে। মূলত গত বছর, অর্থাৎ ২০২৫ সালের জুনে ‘রজার্স বনাম সিটি অব রেডল্যান্ডস’ মামলায় আদালতের বিচারক জোসেফ টি. অর্টিজ এ ধরনের ফি আদায়কে বৈধ বলে রায় দিয়েছিলেন। নতুন এই বিলটি সেই ফি আদায়ের আইনি ভিত্তিকেই আরও সুদৃঢ় ও স্পষ্ট করবে। তবে এই বিলের যৌক্তিকতা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। রিপাবলিকান অ্যাসেম্বলি সদস্য কার্ল ডিমাও বিলটির তীব্র বিরোধিতা করে বলেন, সাধারণ মানুষ উচ্চহারে গ্যাস ট্যাক্স দেওয়ার পরও রাস্তার বেহাল দশা কাটেনি। লেজিসলেটিভ অ্যানালিস্ট অফিসের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার করদাতারা ২০২৫-২৬ অর্থবছরে রাস্তা মেরামতের জন্য প্রায় ৩.৭১ বিলিয়ন ডলার কর দিয়েছেন, যা আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। ১ জুলাই থেকে ক্যালিফোর্নিয়ায় গ্যাস ট্যাক্স বেড়ে প্রতি গ্যালনে ৬৩.৪ সেন্টে দাঁড়িয়েছে। এত বিপুল পরিমাণ কর আদায়ের পরও রাস্তার কেন কোনো উন্নতি হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। সব সমালোচনা ও বিতর্কের পরও অ্যাসেম্বলিতে বিলটির পক্ষে ৪৬টি এবং বিপক্ষে ১২টি ভোট পড়ে। বিরোধীদের সমালোচনার জবাবে স্টিভ বেনেট বলেন, সরকার থেকে সর্বোচ্চ কার্যকরী সেবা প্রদান নিশ্চিত করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা কার্যকর হলে স্থানীয় সরকারগুলো রাস্তা মেরামতে বাড়তি তহবিলের নিশ্চয়তা পাবে।