সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ফিলিস্তিনের অসহায় শিশু ও ফোর্স।ছবি:সংগৃহীত
গড়ে প্রতিদিন ছয়টিরও বেশি ইসরায়েলি হামলার ঘটনা, চলতি বছর বাস্তুচ্যুত ২,৩০০ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা, সম্পত্তি ধ্বংস ও বাস্তুচ্যুতির ঘটনা চলতি বছরে আরও বেড়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর ওসিএইচএ’র সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শুরু থেকে পশ্চিম তীরজুড়ে ১ হাজার ৩৩০টির বেশি বসতি স্থাপনকারী-সংশ্লিষ্ট হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনা ঘটেছে প্রায় ২৫০টি ফিলিস্তিনি সম্প্রদায়ে গড়ে প্রতিদিন ছয়টিরও বেশি হামলার ঘটনা।    এই পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাস্তুচ্যুতি। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ৬ জুলাই পর্যন্ত পশ্চিম তীরের ১২৩টি ফিলিস্তিনি সম্প্রদায় পুরোপুরি বা আংশিকভাবে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ৪৭টি সম্প্রদায় পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। এই সময়ে ৬ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়েছেন, যাদের মধ্যে ৩ হাজারের বেশি শিশু। শুধু ২০২৬ সালেই বাস্তুচ্যুত হয়েছেন ২ হাজার ৩০০-এর বেশি মানুষ।   হামলার প্রভাব শুধু বাড়িঘরেই সীমাবদ্ধ নেই। পানি সরবরাহের ব্যবস্থা, কৃষিজমি, জীবিকার অবকাঠামো, স্কুল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বছরে বসতি স্থাপনকারীদের হামলায় প্রায় ১৬০টি পানি ও স্যানিটেশন অবকাঠামো ক্ষতিগ্রস্ত, ধ্বংস বা দখল হয়েছে। এর মধ্যে পানির ট্যাংকই অর্ধেকের বেশি।   জাতিসংঘ বলছে, বসতি স্থাপনকারীদের হামলায় হতাহতের ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০ জুলাই পর্যন্ত ২০২৬ সালে এ ধরনের হামলার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যেখানে ২০২৫ সালের পুরো বছরে নিহতের সংখ্যা ছিল ১৭। নিহতদের মধ্যে ১২ জনকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হত্যা করেছে বলে ওসিএইচএ জানিয়েছে; তিনজন ইসরায়েলি বাহিনীর হাতে নিহত এবং আরও তিনজনের ক্ষেত্রে দায় কার, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।   চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৮৮০ ফিলিস্তিনি বসতি স্থাপনকারী-সংশ্লিষ্ট হামলায় আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৭২০ জন সরাসরি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন।   সাম্প্রতিক ঘটনাগুলোতেও পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়েছে। রামাল্লার পূর্বে দেইর জারির গ্রামে জুলাইয়ের মাঝামাঝি বসতি স্থাপনকারীদের হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও আরও কয়েকজন আহত হন। আবার নাবলুসের দক্ষিণে তেল গ্রামে প্রায় ৪০ জন মুখোশধারী বসতি স্থাপনকারী একটি ফিলিস্তিনি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে ওসিএইচএ জানিয়েছে। পরিবারটি আগুনে বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার কয়েক মিনিট আগে পালিয়ে যায় এবং পাঁচজন বাস্তুচ্যুত হন।   পশ্চিম তীরের বেদুইন ও পশুপালননির্ভর সম্প্রদায়গুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। হামলা, জমিতে প্রবেশের বাধা, বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস এবং পানির উৎসে প্রবেশের সীমাবদ্ধতা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে।   জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী, পরিস্থিতি শুধু তাৎক্ষণিক নিরাপত্তা সংকট তৈরি করছে না; বারবার বাস্তুচ্যুতি ও জীবিকার অবকাঠামো হারানোর কারণে এসব সম্প্রদায়ের দীর্ঘমেয়াদি টিকে থাকার সক্ষমতাও দুর্বল হয়ে পড়ছে।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৮:৫৩
ভারতীয়কে ধরে নিয়ো আসলো বাংলাদেশীরা। ছবি:সংগৃহীত
পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, ক্ষোভে ভারতীয়কে ধরে আনল গ্রামবাসী

পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে এক বৃদ্ধ বাংলাদেশি আটকের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা। শনিবার সকালে ভুলবশত বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে গ্রামবাসী তাকে ধরে ফেলে। এর আগে এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ থাকায় এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   আটককৃত ওই ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে সীমান্তের কাঁটাতারের ওপাশে একটি চা-বাগানে কাজ করছিলেন দীপঙ্কর। কাজের এক পর্যায়ে তিনি ভুল করে বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে ওই ভারতীয় নাগরিক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয়দের সার্বিক হেফাজতে নিরাপদে রয়েছেন।   এদিকে, ভারতীয় নাগরিককে আটকের পেছনে স্থানীয়দের পুঞ্জীভূত ক্ষোভ কাজ করছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) নিখোঁজ হন। তিনি গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা অত্যন্ত বয়স্ক একজন মানুষ, যিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না।   এমন শারীরিক অবস্থাসম্পন্ন একজন বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজাহারসহ গ্রামবাসীর জোরালো দাবি, তমিজ উদ্দীনকে সুস্থ অবস্থায় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যেন আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে হস্তান্তর করা না হয়।   এই জোড়া ঘটনার পর সীমান্ত এলাকায় এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। পুরো বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিখোঁজ তমিজ উদ্দীনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং আটক ভারতীয় নাগরিকের হস্তান্তরের বিষয়ে দ্রুতই বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক (ফ্ল্যাগ মিটিং) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৮:৩৯
যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের আটকের দৃশ্য। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী আটক, বাড়ছে ট্রাম্প প্রশাসনের অভিযান

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জুলাই মাসে প্রায় ৫১ হাজার অভিবাসীকে আটক করেছে বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এই সংখ্যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান জোরদারের মধ্যে এক মাসে আটকের নতুন সর্বোচ্চ রেকর্ড হিসেবে সামনে এসেছে।   প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৬৪৫ জনকে আইসিইর হেফাজতে নেওয়া হয়েছে। জুনে প্রায় ৪৩ হাজার ১৩৮ জনকে আটক করা হয়েছিল, যা তখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক মাসে সর্বোচ্চ ছিল। ফলে এক মাসের ব্যবধানে আটকের সংখ্যা আরও বেড়েছে।   ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী অভিবাসীদের শনাক্ত, আটক ও বহিষ্কারের ওপর জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আইসিই দেশজুড়ে অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বড় শহরকেন্দ্রিক অভিযানের পাশাপাশি বিমানবন্দর, কর্মস্থল, ইমিগ্রেশন কোর্ট ও অন্যান্য স্থানেও অভিযান বাড়ানোর খবর পাওয়া যাচ্ছে।   তবে জুলাইয়ের আটকের সংখ্যা নিয়ে সরকারি তথ্যের বিভিন্ন হিসাবের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আইসিইর আটক ও ডিটেনশন ডেটা এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আলাদা হিসাব একই প্রক্রিয়ার ভিন্ন পর্যায়কে নির্দেশ করতে পারে। তাই বিভিন্ন প্রতিবেদনে সংখ্যার কিছু তারতম্য দেখা যাচ্ছে।   জুনে আইসিইর ডিটেনশন সেন্টারে ৪৩ হাজারের বেশি মানুষ বুক করা হয়েছিল বলে সংস্থার প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে দেখা যায়, জুলাইয়ের প্রথম ১২ দিনেই প্রতিদিন গড়ে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষকে আইসিই আটক করছিল।   অভিবাসনবিষয়ক এই অভিযান নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ফেডারেল অভিবাসন আইন কার্যকর করা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়াই এর উদ্দেশ্য। প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে।   তবে অভিযান নিয়ে সমালোচনাও বাড়ছে। সাম্প্রতিক তথ্য ও বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, আইসিইর হেফাজতে থাকা অনেকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। লস অ্যাঞ্জেলেস টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, জুনে যুক্তরাষ্ট্রজুড়ে ডিটেনশনে থাকা ব্যক্তিদের বড় একটি অংশের কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না।   এ কারণে অভিবাসী অধিকারকর্মীরা বলছেন, বর্তমান অভিযান শুধু গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নেই। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সমর্থকেরা বলছেন, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।   আইসিইর অভিযান জোরদারের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে উদ্বেগও বাড়ছে। বিশেষ করে যাদের ইমিগ্রেশন আবেদন চলমান, বৈধ স্ট্যাটাস পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন বা আদালতে মামলা রয়েছে, তাদের ক্ষেত্রেও আটকের ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে।   ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ফলে সামনে আরও বড় পরিসরে এনফোর্সমেন্ট অভিযান চালানো হবে কি না, সেটিই এখন যুক্তরাষ্ট্রে অভিবাসী কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। জুলাইয়ের রেকর্ড আটকের পর আইসিইর কার্যক্রমের পরবর্তী গতি এবং আটক ব্যক্তিদের বহিষ্কারের সংখ্যা বিশেষভাবে নজরে থাকবে।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৮:১২
অলিভার অ্যালভিস। ছবি:সংগৃহীত
২০২৩ সালের পর থেকে আর ঘুমাননি! চিকিৎসার খোঁজে ঘুরছেন দেশে দেশে

ইংল্যান্ডের উইল্টশায়ারের সাবেক ট্রেনচালক অলিভার অ্যালভিসের দাবি, ২০২৩ সালের ডিসেম্বরের এক রাতের পর থেকে তিনি আর স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না। প্রথমে বিষয়টিকে সাময়িক মানসিক চাপের ফল মনে হলেও দিন, সপ্তাহ ও মাস পেরিয়ে যাওয়ার পরও তার ঘুম ফেরেনি বলে জানিয়েছেন তিনি। চিকিৎসকেরাও এখন পর্যন্ত তার সমস্যার সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে পারেননি।   মেইল অনলাইনকে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অলিভার বলেন, এটি শুধু ঘুমের অভাব নয়, তার কাছে মনে হয় ঘুম যেন পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। তার ভাষায়, তিনি ঘুমঘুম অনুভব করেন না এবং ঘুমিয়েও পড়েন না। সব সময় যেন সতর্ক অবস্থায় থাকেন।   ঘুমহীনতার এই সমস্যা শুরু হওয়ার পর একপর্যায়ে নিজের পেশা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন অলিভার। এক সপ্তাহের বেশি সময় ঘুমাতে না পারার পর ২০২৪ সালের জানুয়ারিতে ট্রেনচালকের চাকরি ছেড়ে দেন তিনি। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।   চাকরি ছাড়ার পর নিজের বাড়ি বিক্রি করে মায়ের সঙ্গে থাকতে শুরু করেন অলিভার। এরপর চিকিৎসার সন্ধানে নিজের জমানো অর্থ ব্যয় করে বিভিন্ন দেশে ঘুরেছেন তিনি। তুরস্ক, কলম্বিয়া, ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশেও গেছেন সমাধানের আশায়। কিন্তু এখনো তার সমস্যার কোনো নিশ্চিত ব্যাখ্যা মেলেনি।   চিকিৎসকদের আলোচনায় বিরল একটি ঘুমের সমস্যা, প্যারাডক্সিক্যাল ইনসমনিয়া বা স্লিপ স্টেট মিসপারসেপশনের সম্ভাবনার কথা এসেছে। এই অবস্থায় একজন ব্যক্তি মনে করতে পারেন যে তিনি খুব কম বা একেবারেই ঘুমাননি, যদিও বাস্তবে তার কিছুটা ঘুম হতে পারে। তবে অলিভারের নিজের অভিজ্ঞতা এই ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি মেলে না বলে তিনি মনে করেন।   দীর্ঘদিনের এই সমস্যায় তার স্বাভাবিক জীবন পুরোপুরি বদলে গেছে। চাকরি ছেড়ে দেওয়া থেকে শুরু করে বাড়ি বিক্রি এবং চিকিৎসার জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো, সবকিছুর কেন্দ্রেই রয়েছে ঘুম ফিরে পাওয়ার চেষ্টা।   অলিভার এখনো নিজের সমস্যার কারণ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, আবার স্বাভাবিকভাবে ঘুমাতে পারার জন্য নিজের সবকিছু দিয়ে দিতেও তিনি প্রস্তুত।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৮:১
হার্ট প্রতিস্থাপনের জন্য একজন নারী হাসপাতালে। ছবি:সংগৃহীত
হার্ট প্রতিস্থাপনের এক বছর পর দাতাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য জানলেন নারী

এক বছর আগে জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার। এরপর দীর্ঘ পুনর্বাসন, একের পর এক আরও দুটি অস্ত্রোপচার। কিন্তু শেষ পর্যন্ত আবার প্রতিযোগিতার মঞ্চে ফিরেছেন মিনেসোটার মলি স্যানবর্ন।   আর এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছে এমন এক মানুষের দান, যাকে তিনি কখনো দেখেননি।   স্যানবর্ন জন্ম থেকেই বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ নিয়ে বেঁচে ছিলেন। পরে গর্ভাবস্থায় তার হৃদযন্ত্রের প্রধান ধমনিতে অ্যানিউরিজম ধরা পড়ে। সময়ের সঙ্গে ভালভ সংকুচিত ও ধমনির অস্বাভাবিক বৃদ্ধি বাড়তে থাকায় অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে।   তিনি বেছে নেন রস পদ্ধতির অস্ত্রোপচার। এতে নিজের পালমোনারি ভালভটি অ্যাওর্টিক অবস্থানে বসানো হয় এবং সেই জায়গায় বসানো হয় একজন দাতার ভালভ।   অস্ত্রোপচারের পরও তার লড়াই শেষ হয়নি। বুকের হাড় ঠিকভাবে জোড়া না লাগায় দ্বিতীয় অস্ত্রোপচারে বসাতে হয় পাঁচটি টাইটানিয়াম প্লেট ও ৪০টি স্ক্রু। পরে একটি প্লেট খুলে যাওয়ায় তৃতীয়বার অস্ত্রোপচার করতে হয়। এর মধ্যেই আসে সেই চিঠি।   দাতা নেটওয়ার্ক থেকে স্যানবর্ন জানতে পারেন, তার শরীরে বসানো ভালভটি ছিল ২৭ বছর বয়সী এক তরুণের দান করা।   খবরটি তাকে আবেগাপ্লুত করে তোলে। তিনি দাতার পরিবারের উদ্দেশে একটি চিঠিও লেখেন জানান, তাদের প্রিয়জনের দানের কারণে তিনি আবার নিজের স্বপ্নের জীবনে ফিরতে পারছেন।   স্যানবর্ন একজন লেখক, বক্তা এবং প্রতিযোগিতামূলক নিনজা অ্যাথলেট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘চিজবল চিক’ নামে পরিচিত।   দীর্ঘ পুনর্বাসনের পর চলতি বছরের মার্চে তিনি আবার প্রশিক্ষণে ফেরেন। কয়েক মাস পরই বিশ্ব ফাইনালে পঞ্চম স্থান অর্জন করেন।   তার ভাষায়, একজন তরুণের মৃত্যুর মধ্যেও তার পরিবার যে উদারতার সিদ্ধান্ত নিয়েছিল, সেটিই তাকে নতুন করে জীবন দিয়েছে।   একজনের জীবনের শেষ সিদ্ধান্ত অন্য একজনের জীবনে হয়ে উঠল নতুন শুরুর কারণ।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৭:৪৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উচ্ছাস। ছবি:সংগৃহীত
টিউশনের জমানো টাকায় বিদেশ যাওয়ার প্রস্তুতি, এবার যুক্তরাষ্ট্রে পিএইচডি করবেন উচ্ছাস

সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও গবেষণাগারে সময় কাটাতেন। এরপর একের পর এক টিউশন করিয়ে রাতে ফিরতেন বাসায়। সেখানে অপেক্ষা করত ক্যানসারে আক্রান্ত বাবার সেবার দায়িত্ব। পরিবারের কঠিন সময়ের মধ্যেও থেমে থাকেনি উচ্চশিক্ষার স্বপ্ন। টিউশনের আয় থেকে নিজের পড়াশোনা, আইইএলটিএস পরীক্ষা ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদনের খরচ চালিয়েছেন চট্টগ্রামের উচ্ছাস সিকদার। সেই অধ্যবসায়ের ফল হিসেবে এবার যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাচ্ছেন তিনি।   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী উচ্ছাস শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। মায়ামি বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের পূর্ণ বৃত্তিতে ‘হিউম্যান গাট মাইক্রোবায়োটা’ নিয়ে পিএইচডি গবেষণা করবেন তিনি।   মানুষের অন্ত্রে থাকা অণুজীব বা গাট মাইক্রোবায়োম নিয়ে তাঁর গবেষণার লক্ষ্য ব্যক্তিভেদে রোগের ঝুঁকি বোঝা এবং ভবিষ্যতে রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা নির্ধারণে গবেষণাভিত্তিক জ্ঞান তৈরি করা। ডায়াবেটিস, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের ক্ষেত্রেও এই গবেষণার সম্ভাব্য গুরুত্ব রয়েছে।   উচ্ছাসের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। তবে বেড়ে উঠেছেন চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকায়। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। দুই পরীক্ষাতেই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে ভর্তি হন।   স্নাতক ও স্নাতকোত্তর দুই পর্যায়েই তাঁর সিজিপিএ ৩ দশমিক ৯৬। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই টিউশন করে নিজের পড়াশোনার খরচ চালাতেন তিনি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগে ক্লাস ও গবেষণাগারে কাজ করার পর টিউশন করাতেন। কখনো টানা দুটি, আবার কখনো চারটি টিউশনও করতে হয়েছে তাঁকে।   বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির খরচও এসেছে সেই টিউশনের আয় থেকে। পরিবারের আর্থিক প্রয়োজন কোনো মাসে তুলনামূলক কম থাকলে উপার্জনের কিছু অংশ জমিয়ে রাখতেন। সেই সঞ্চয় থেকেই আইইএলটিএস পরীক্ষা ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদনের খরচ মেটান। পিএইচডিতে ভর্তির জন্য পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছিল তাঁর।   বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই বিদেশে গবেষণার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান উচ্ছাস। ২০২৩ সালে চতুর্থ বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় ১৫ দিনের ইন্টার্নশিপে জাপানে যান তিনি। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফিজিওলজিক্যাল সায়েন্সেসে অসুস্থ প্রাণীর ওপর প্রাকৃতিক উপাদান ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করার কাজ শেখেন।   তবে স্নাতকোত্তরে ওঠার পর তাঁর জীবনে শুরু হয় সবচেয়ে কঠিন অধ্যায়। ২০২৪ সালের শুরুতে বাবা কানু সিকদারের ক্যানসার শনাক্ত হয়। বড় দুই বোন বিবাহিত হওয়ায় মা কৃষ্ণা সিকদারই মূলত বাসায় বাবার দেখাশোনা করতেন। এমন পরিস্থিতিতে নিজের গবেষণা, থিসিস, বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি এবং পরিবারের দায়িত্ব একসঙ্গে সামলাতে হয় উচ্ছাসকে। বাবার চিকিৎসার জন্য একপর্যায়ে প্রায় এক মাস ভারতেও থাকতে হয়েছিল তাঁকে।   সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে উচ্ছাস বলেন, ছাত্রজীবনে সব সময় চেষ্টা করেছেন নিজের খরচ নিজেই চালাতে, যাতে পরিবারের ওপর বাড়তি চাপ না পড়ে। কিন্তু বাবার ক্যানসার ধরা পড়ার পর পরিস্থিতি কঠিন হয়ে যায়। দিনের বেশির ভাগ সময় বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কাজ করে এরপর ট্রেনে শহরে এসে টিউশন করাতেন। রাত ৯টা বা ১০টার দিকে বাসায় ফিরে বাবার সেবাযত্ন করতেন। তখন তাঁর সামনে বড় প্রশ্ন ছিল ক্যারিয়ার গড়বেন, নাকি পরিবারের পাশে থাকবেন।   ২০২৫ সালের অক্টোবরে মারা যান উচ্ছাসের বাবা। সে সময় তাঁর স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা চলছিল। বাবার মৃত্যুর পর তাঁর মানসিক অবস্থার কথা বিবেচনা করে একটি পরীক্ষা স্থগিত করেছিল বিভাগ।   উচ্ছাস বলেন, অনেক মানুষের সহযোগিতায় তিনি এত দূর আসতে পেরেছেন। শিক্ষক, বন্ধু ও জুনিয়ররা সব সময় পাশে ছিলেন। তাঁর ভাষায়, বাবার ক্যানসারের সময়কার দুই বছরই ছিল জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। সেই সময় পার করে আসার পর আর কোনো চ্যালেঞ্জকেই অসম্ভব মনে হয়নি।   যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতিতেও নিজের সঞ্চয় কাজে লাগাচ্ছেন উচ্ছাস। বিমানভাড়া ও সেখানে প্রথম এক মাসের জীবনযাত্রার খরচ মিলিয়ে প্রায় দেড় লাখ টাকা প্রয়োজন হবে। এর একটি অংশ নিজের সঞ্চয় থেকে এবং বাকি অর্থ পরিবার থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।   মায়ামি বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর তাঁর আর্থিক চাপ অনেকটাই কমবে। বিশ্ববিদ্যালয় থেকে প্রতি মাসে ২ হাজার ৬৭৪ মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন তিনি। পাশাপাশি প্রথম বছরের ২৯ হাজার ৫৬৬ মার্কিন ডলার টিউশন ফি মওকুফ করা হয়েছে। পিএইচডি শেষে দেশে ফিরে নিজের গবেষণার অভিজ্ঞতা কাজে লাগাতে চান উচ্ছাস।   বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে উচ্ছাসের পরামর্শ, প্রথমেই নিজের লক্ষ্য ঠিক করতে হবে। তথ্য সংগ্রহের পাশাপাশি গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে এবং নিজের সক্ষমতা নিয়ে হীনম্মন্যতায় ভোগা যাবে না। শুধু সিজিপিএ কম বলে সুযোগ পাওয়া যাবে না এমন ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে। সঠিক প্রস্তুতি থাকলে প্রত্যেকেরই চেষ্টা করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজে আসলে কী চান, সে বিষয়ে পরিষ্কার থাকা।   উচ্ছাসের গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক আদনান মান্নান বলেন, প্রচণ্ড ব্যক্তিগত শোক, হতাশা ও অসহনীয় কাজের চাপের মধ্যেও উচ্ছাস যেভাবে নিজেকে ধরে রেখেছেন এবং প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, তা অনন্য। তিনি উচ্ছাসকে নিয়ে গর্বিত এবং বলেন, উচ্ছাস কখনো হার মানেননি কিংবা হতাশার কাছে আত্মসমর্পণ করেননি।   টিউশনের আয় দিয়ে নিজের পড়াশোনা চালানো থেকে শুরু করে বাবার দীর্ঘ চিকিৎসাকালীন দায়িত্ব সামলে বিদেশে পিএইচডির প্রস্তুতি নেওয়া, উচ্ছাসের পথটি ছিল একাধিক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার গল্প। এবার সেই দীর্ঘ প্রস্তুতির পর যুক্তরাষ্ট্রে নতুন এক অধ্যায়ের শুরু হতে যাচ্ছে তাঁর।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৭:২৮
সন্তানদের সাথে একজন অসহায় মা। ছবি :সংগৃহীত
সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা

মাত্র ৫০০ টাকা ঘরভাড়া দিতে না পেরে নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে রেহানা খাতুনকে। এখন দুই সন্তানকে নিয়ে তার আশ্রয় খুলনা-মোংলা রেললাইনের পাশের খোলা জায়গায়। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের এই ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর মর্মবেদনার সৃষ্টি করেছে।   স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় দুই সন্তানকে নিয়ে ভাড়া করা একটি ঝুপড়ি ঘরে থাকতেন রেহানা। দীর্ঘদিন ভাড়া দিতে না পারায় একপর্যায়ে সেই আশ্রয়ও হারান তিনি। এরপর সন্তানদের নিয়ে রেললাইনের পাশের সরকারি জমিতে আশ্রয় নেন।   স্থানীয়দের সহযোগিতায় রেলব্রিজের পাশে বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু অর্থের অভাবে কয়েক মাস ধরে সেটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। টিন ও বেড়ার ব্যবস্থা না হওয়ায় ঘরটি এখনো বসবাসের উপযোগী হয়নি। ফলে খোলা জায়গাতেই প্রখর রোদ ও বৃষ্টির মধ্যে দুই সন্তানকে নিয়ে দিন কাটছে রেহানার।   স্থানীয় এক বাসিন্দা জানান, মাথা গোঁজার জায়গা না থাকায় রেহানা একসময় পাশের একটি বাড়িতে অস্থায়ীভাবে থাকতেন। একদিন তিনি লক্ষ্য করেন, রেহানার মাথায় চুল নেই। কারণ জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে রেহানা জানান, ঘরের ৫০০ টাকা ভাড়া পরিশোধ করতে নিজের চুল বিক্রি করেছেন তিনি।   আরেক স্থানীয় বাসিন্দা বলেন, রেহানার অবস্থা অত্যন্ত করুণ। দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। তার জন্য দ্রুত একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানাবেন তারা।   সন্তোষপুর গ্রামের প্রবেশমুখে রেললাইনের পাশে এখনো দাঁড়িয়ে আছে বাঁশের সেই কাঠামো। সেটিকেই একটি পূর্ণাঙ্গ ঘরে পরিণত করে দুই সন্তানকে নিয়ে নিরাপদে থাকার স্বপ্ন দেখছেন রেহানা। কিন্তু টিন, বেড়া ও প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ্য না থাকায় সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি।   রেহানা খাতুন বলেন, “দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করি। ঘর নেই, খাওয়ারও কষ্ট আছে। নিরুপায় হয়ে চুল বিক্রি করেছি। আমি সরকারের কাছে সাহায্য চাই। সন্তানদের নিয়ে একটু নিরাপদে থাকতে চাই।”   এলাকাবাসীর দাবি, রেহানার মতো অসহায় পরিবারের জন্য সরকারি আবাসন সহায়তার আওতায় দ্রুত একটি ঘরের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদেরও তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।   দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন রেহানা। তার চাওয়া খুব বেশি নয়। মাথার ওপর একটি টিনের ছাউনি, যেখানে বৃষ্টির দিনে সন্তানদের ভিজতে হবে না এবং রাতে অন্তত নিরাপদে ঘুমাতে পারবেন তারা।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৭:১২
এই দম্পতি হলেন ইরানি শিল্পী আহাদ সাদিএবং তাঁর স্ত্রী পারিসা কারামনেজাদ। ছবি:সংগৃহীত
স্বপ্নের নারীকে আগেই ছবিতে এঁকেছিলেন শিল্পী, এক বছর পর হুবহু সেই চেহারার নারীর সঙ্গেই সাক্ষাৎ, প্রেম, অতঃপর বিয়ে!

২০০৮ সালে ইরানি শিল্পী আহাদ সাদি মায়ের বিয়ের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কল্পনায় এঁকেছিলেন তার ভবিষ্যৎ জীবনসঙ্গিনীর একটি প্রতিকৃতি। প্রায় এক বছর পর তাবরিজের একটি প্রদর্শনীতে সেই ছবিটি দেখতে গিয়ে শিল্পী পারিসা কারামনেজাদ অবাক হয়ে আবিষ্কার করেন, আঁকা নারীর সঙ্গে তার নিজের চেহারার আশ্চর্য মিল রয়েছে। পরে সেই পরিচয়ই গড়ায় প্রেম ও বিয়েতে।   আহাদ সাদি নিজের বিশেষ আগুননির্ভর শিল্পকৌশল ‘আজারনেগারি’ ব্যবহার করে প্রতিকৃতিটি তৈরি করেছিলেন। মায়ের প্রশ্নের জবাব হিসেবে কল্পনা থেকে আঁকা সেই ছবির সঙ্গে বাস্তব জীবনের কোনো মানুষের মিল পাওয়া যাবে, এমনটা তখন তার ধারণাতেও ছিল না।   প্রায় এক বছর পর তাবরিজে একটি প্রদর্শনীতে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন পারিসা। সেখানে আহাদের আঁকা প্রতিকৃতিটি দেখে তিনি নিজের চেহারার সঙ্গে ছবির নারীর মিল লক্ষ্য করেন। বিষয়টি নিয়ে তিনি শিল্পীর সঙ্গে কথা বললে দুজনেই এই অদ্ভুত মিল দেখে বিস্মিত হন।   এরপর তাদের পরিচয় তৈরি হলেও সঙ্গে সঙ্গে সম্পর্কের পরিণতি ঘটেনি। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আবার যোগাযোগ হয় দুজনের। পরে ইস্তাম্বুলে আহাদের একটি প্রদর্শনীতে তাদের দেখা হয়। সেখানে একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর আহাদ পারিসাকে বিয়ের প্রস্তাব দেন।   অবাক করার মতো বিষয় হলো, প্রস্তাব পাওয়ার পর খুব বেশি সময় নেননি পারিসা। পরদিনই তিনি আহাদের প্রস্তাবে সম্মতি জানান।   ইরানি সংবাদমাধ্যমের পুরোনো প্রতিবেদনে এই ঘটনাকে কেন্দ্র করে বলা হয়েছিল, আহাদ যেন নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গিনীর মুখটি বাস্তবে তার সঙ্গে পরিচিত হওয়ার আগেই ক্যানভাসে এঁকে ফেলেছিলেন। এক বছর আগে কল্পনায় আঁকা একটি প্রতিকৃতি পরে বাস্তব জীবনের মানুষের সঙ্গে মিলে যাওয়ার ঘটনাটি তাই তাদের সম্পর্কের সবচেয়ে আলোচিত দিক হয়ে ওঠে।   শিল্পীর মায়ের করা সাধারণ একটি প্রশ্ন থেকেই শুরু হয়েছিল গল্পটির প্রথম অধ্যায়। আর সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আঁকা একটি ছবি শেষ পর্যন্ত আহাদের জীবনের বাস্তব প্রেমকাহিনির অংশ হয়ে যায়।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৬:৪০
চাঁদে প্রথম পা রাখা নীল আর্মস্ট্রং ও তার বাড়ি। ছবি:সংগৃহীত
চাঁদে প্রথম পা রাখা নীল আর্মস্ট্রংয়ের শৈশবের বাড়ি বিক্রি হচ্ছে ৪ লাখ ৩০ হাজার ডলারে

চাঁদের মাটিতে প্রথম মানুষের পদচিহ্ন রেখে ইতিহাস গড়া নীল আর্মস্ট্রংয়ের শৈশবের বাড়ি এবার বিক্রির জন্য বাজারে উঠেছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ওয়াপাকোনেটা শহরের ৬০১ ওয়েস্ট বেন্টন স্ট্রিটে অবস্থিত বাড়িটির দাম চাওয়া হয়েছে ৪ লাখ ৩০ হাজার ডলার। প্রায় চার দশকের মধ্যে এই প্রথম ঐতিহাসিক বাড়িটি নতুন মালিকের অপেক্ষায়।    আর্মস্ট্রং পরিবারের সঙ্গে বাড়িটির সম্পর্ক শুরু ১৯৪৪ সালে। নীল আর্মস্ট্রংয়ের বাবা-মা স্টিফেন ও ভায়োলা আর্মস্ট্রং ওই বছর পরিবার নিয়ে ওয়াপাকোনেটায় ফিরে এসে বাড়িটি কিনেছিলেন। তখন নীলের বয়স ছিল ১৩ বছর এবং তিনি হাইস্কুলে পড়ছিলেন।    এই বাড়িতেই কিশোর আর্মস্ট্রংয়ের আকাশ ও বিমান নিয়ে আগ্রহ আরও গভীর হয়ে ওঠে। তিনি কাঠ ও আঠা দিয়ে মডেল বিমান তৈরি করতেন। নিজের দোতলার শোবার ঘরের জানালা দিয়ে সেগুলো উড়িয়ে কত দূর যেতে পারে, তা পরীক্ষা করতেন। এমনকি বাড়ির বেসমেন্টে মডেল বিমানের জন্য ছোট একটি উইন্ড টানেলও তৈরি করেছিলেন।    বাড়ি থেকে সাইকেল চালিয়ে কাছের এয়ারফিল্ডে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নিতে যেতেন আর্মস্ট্রং। মাত্র ১৬ বছর বয়সেই তিনি প্রথম একক ফ্লাইট সম্পন্ন করেন এবং ড্রাইভার লাইসেন্স পাওয়ার আগেই পাইলট লাইসেন্স অর্জন করেন। সেই কিশোরই পরে ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো ১১ মিশনে চাঁদের মাটিতে প্রথম পা রেখে বিশ্ব ইতিহাসের অংশ হয়ে যান।    বর্তমান মালিক কারেন মাইকেসেল ১৯৮৮ সালে বাড়িটি কিনেছিলেন। বাড়ি কেনার সময় তিনি জানতেন না যে এটি নীল আর্মস্ট্রংয়ের শৈশবের বাড়ি। পরে অন্য এক শিক্ষক বিষয়টি তাকে জানান। ইতিহাসের শিক্ষক এবং পরে স্কুলের প্রিন্সিপাল হিসেবে কাজ করা মাইকেসেল তখন থেকেই বাড়িটির ঐতিহাসিক বৈশিষ্ট্য যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করেছেন।    বর্তমানে ৮২ বছর বয়সী মাইকেসেল প্রায় ৩৮ বছর ধরে বাড়িটিতে বসবাস করছেন। এই সময়ে আর্মস্ট্রংয়ের স্মৃতি সংরক্ষণ করতে বাড়ির ভেতরে চাঁদে অবতরণ, অ্যাপোলো মিশন এবং মহাকাশচারীদের বিভিন্ন ছবি ও স্মারক রেখেছেন তিনি।   বাড়িটিতে একাধিক মহাকাশচারীরও আগমন ঘটেছে। মাইকেসেলের ভাষ্য অনুযায়ী, অন্তত নয়জন মহাকাশচারী এখানে এসেছেন। তাদের মধ্যে ছিলেন অ্যাপোলো ১১ মিশনে আর্মস্ট্রংয়ের সহযাত্রী বাজ অলড্রিনও। আর্মস্ট্রংয়ের মৃত্যুর কয়েক বছর পর অলড্রিন তার পুরোনো শোবার ঘরে প্রবেশ করে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন মাইকেসেল।    ১৯০৮ সালে নির্মিত দুইতলা বাড়িটিতে তিনটি বেডরুম, দেড়টি বাথরুম এবং প্রায় ১ হাজার ৫৩৯ বর্গফুট থাকার জায়গা রয়েছে। বাড়ির সামনে বড় বারান্দা, পেছনে বাগান এবং আলাদা দুই গাড়ির গ্যারেজ রয়েছে। আর্মস্ট্রং ও তার বাবা পুরোনো কাঠ ব্যবহার করে যে গ্যারেজ তৈরি করেছিলেন, সেটিও এখনো বাড়ির পেছনে রয়েছে।    আর্মস্ট্রং পরিবার ১৯৬০-এর দশকের মাঝামাঝি বাড়িটি বিক্রি করে দেয়। এরপর কয়েকজন মালিকের হাত ঘুরে ১৯৮৮ সালে মাইকেসেল এটি কিনেছিলেন। ২০১৮ সালে বাড়িটির সামনে নীল আর্মস্ট্রংয়ের শৈশবের বাড়ি হিসেবে একটি ঐতিহাসিক ফলকও স্থাপন করা হয়।    ওয়াপাকোনেটার আর্মস্ট্রং এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে যাওয়া অনেক দর্শক বাড়িটিও বাইরে থেকে দেখতে আসেন। তবে এটি এখনো ব্যক্তিগত বাসভবন এবং সাধারণ দর্শনার্থীদের জন্য বাড়ির ভেতরে প্রবেশের সুযোগ নেই। মিউজিয়াম কর্তৃপক্ষও দর্শনার্থীদের শুধু ফুটপাত থেকে বাড়িটি দেখার অনুরোধ করে।    মাইকেসেল আশা করছেন, নতুন মালিকও বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব বুঝে সেটি সংরক্ষণ করবেন। তার ইচ্ছা, কোনো ব্যক্তি বাড়িটি কিনে একদিন আর্মস্ট্রং এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামকে দান করলে ঐতিহাসিক স্থানটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সম্ভব হবে। তবে মিউজিয়ামের একজন মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থে বাড়িটি কেনার সামর্থ্য নেই।    নীল আর্মস্ট্রংয়ের জীবনের সবচেয়ে বিখ্যাত পদক্ষেপ ছিল চাঁদের মাটিতে। কিন্তু সেই ঐতিহাসিক যাত্রার স্বপ্ন তৈরি হয়েছিল অনেক আগেই, ওহাইওর এই সাধারণ বাড়ির একটি ছোট ঘরে, যেখানে এক কিশোর জানালা দিয়ে নিজের বানানো মডেল বিমান উড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৬:২০
প্রায় ৩০ বছর ধরে মাউন্ট এভারেস্টের দুর্গম উচ্চতায় পড়ে থাকা ‘গ্রিন বুটস’ নামে পরিচিত ভারতীয় পর্বতারোহীর মরদেহ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি:সংগৃহীত
৩০ বছর পর এভারেস্ট থেকে বাড়ি ফিরছে ‘গ্রিন বুটস’, পরিচয় মিলেছে ভারতীয় পর্বতারোহীর

প্রায় তিন দশক ধরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের দুর্গম উচ্চতায় পড়ে থাকা একটি মরদেহ এবার বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে ভারত। দীর্ঘদিন ধরে পর্বতারোহীদের কাছে ‘গ্রিন বুটস’ নামে পরিচিত এই মরদেহটির পরিচয়ও নতুন করে নিশ্চিত করা হয়েছে।   ভারতীয় কর্তৃপক্ষের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ‘গ্রিন বুটস’ নামে পরিচিত মরদেহটি ভারতীয়-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর সদস্য দর্জে মোরুপের। ১৯৯৬ সালে এভারেস্ট অভিযানে গিয়ে ভয়াবহ তুষারঝড়ে প্রাণ হারিয়েছিলেন তিনি। প্রায় ৩০ বছর পর তাঁর মরদেহ উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে।   মরদেহটির পায়ে থাকা উজ্জ্বল সবুজ রঙের পর্বতারোহণের জুতার কারণে এটি ‘গ্রিন বুটস’ নামে পরিচিত হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে এভারেস্টের উত্তর-পূর্ব পথ দিয়ে চূড়ার দিকে যাওয়া পর্বতারোহীদের কাছে মরদেহটি একটি ভয়ংকর চিহ্ন হিসেবে পরিচিত ছিল। প্রায় ৮ হাজার ৫০০ মিটার উচ্চতায় থাকা মরদেহটি এভারেস্টের তথাকথিত ‘মৃত্যু অঞ্চল’-এর মধ্যে পড়ে। সেখানে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম, তাপমাত্রা ভয়াবহ এবং সামান্য ভুলও প্রাণঘাতী হতে পারে।   প্রায় তিন দশক ধরে ধারণা করা হতো, ‘গ্রিন বুটস’ মরদেহটি ভারতীয় পর্বতারোহী তেসওয়াং পালজোরের। তিনিও ১৯৯৬ সালের একই ভারতীয়-তিব্বত সীমান্ত পুলিশ অভিযানের সদস্য ছিলেন। তবে নতুন ভারতীয় সরকারি নথি ও পরিচয় যাচাইয়ের তথ্য অনুযায়ী, মরদেহটি দর্জে মোরুপের বলে শনাক্ত করা হয়েছে। এর ফলে এভারেস্টের অন্যতম আলোচিত মরদেহকে ঘিরে দীর্ঘদিনের পরিচয়-রহস্য নতুন মোড় পেয়েছে।   ১৯৯৬ সালের মে মাসে ভারতীয়-তিব্বত সীমান্ত পুলিশের ছয় সদস্যের একটি দল এভারেস্ট অভিযানে যায়। চূড়ার কাছাকাছি পৌঁছানোর পর আবহাওয়া দ্রুত ভয়াবহ হয়ে ওঠে।   দলের তিন সদস্য ফিরে আসার সিদ্ধান্ত নিলেও দর্জে মোরুপ ও তাঁর দুই সহকর্মী তেসওয়াং পালজোর এবং তেসওয়াং স্মানলা চূড়ার দিকে এগিয়ে যান। পরে তীব্র তুষারঝড়ের মধ্যে তিনজনই মারা যান।   একই সময় এভারেস্টের বিভিন্ন অভিযানে মোট আটজন পর্বতারোহীর মৃত্যু হয়। ১৯৯৬ সালের ঘটনাটি পর্বতারোহণের ইতিহাসের অন্যতম ভয়াবহ এভারেস্ট বিপর্যয় হিসেবে বিবেচিত হয়।   দর্জে মোরুপের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতীয়-তিব্বত সীমান্ত পুলিশ তাঁর মরদেহ উদ্ধারের জন্য উচ্চতাজনিত উদ্ধারকাজে বিশেষজ্ঞ দল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।   পরিকল্পনা অনুযায়ী, অত্যন্ত অভিজ্ঞ শেরপা ও উচ্চতাজয়ী পর্বতারোহীদের সহায়তায় মরদেহটি পাহাড় থেকে নামিয়ে আনার চেষ্টা করা হবে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানটি অক্টোবর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।   এভারেস্টের ৮ হাজার মিটারের ওপরের অঞ্চলকে ‘মৃত্যু অঞ্চল’ বলা হয়। সেখানে অক্সিজেনের ঘাটতি মানুষের শরীরকে দ্রুত দুর্বল করে দেয়। তীব্র ঠান্ডা, বরফ, খাড়া ঢাল ও তুষারধসের ঝুঁকির কারণে উদ্ধারকারী দলের জন্যও অভিযানটি অত্যন্ত বিপজ্জনক।   এ উচ্চতায় সাধারণ হেলিকপ্টার দিয়ে মরদেহ উদ্ধার করা সম্ভব নয়। ফলে অভিজ্ঞ পর্বতারোহীদের দড়ি, বিশেষ সরঞ্জাম ও শারীরিক শক্তি ব্যবহার করে ধাপে ধাপে মরদেহ নিচে নামাতে হবে।   মরদেহটি এভারেস্টের তিব্বত অংশে রয়েছে। ওই অঞ্চল চীনের নিয়ন্ত্রণাধীন। ফলে ভারতীয় উদ্ধারকারী দলকে সেখানে অভিযান চালানোর জন্য চীনা কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে।   এভারেস্টের উত্তর দিকের পর্বতারোহণ কার্যক্রম চীনা কর্তৃপক্ষের অনুমতি ও নিয়ন্ত্রণের আওতায় পরিচালিত হয়। ভারতীয় পরিকল্পনা নিয়ে চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।   এভারেস্টে এখনো বহু পর্বতারোহীর মরদেহ পড়ে আছে। ১৯৫৩ সালে এভারেস্ট প্রথম জয় হওয়ার পর থেকে প্রায় ৩৫০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে এপি জানিয়েছে। দুর্গম উচ্চতা, বিপজ্জনক পরিবেশ এবং বিপুল ব্যয়ের কারণে অনেক মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।   এ কারণে ‘গ্রিন বুটস’ উদ্ধারের অভিযান শুধু একজন ভারতীয় পর্বতারোহীর মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার ঘটনা নয়; এটি এভারেস্টে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার, পরিবারের কাছে মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়া এবং পর্বতারোহণের মানবিক দায়বদ্ধতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।   প্রায় ৩০ বছর ধরে বিশ্বের সর্বোচ্চ পর্বতের বরফঢাকা ঢালে পড়ে থাকা দর্জে মোরুপের মরদেহ সফলভাবে উদ্ধার করা গেলে তাঁর পরিবারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। একই সঙ্গে ‘গ্রিন বুটস’ নামের সঙ্গে জড়িয়ে থাকা এভারেস্টের দীর্ঘ এক রহস্যেরও পরিসমাপ্তি ঘটবে।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৬:১০
আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবল তারকা মেসি। ছবি:সংগৃহীত
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, ফাঁস হলো এফবিআইয়ের গোপন নিরাপত্তা নথি

২০২৬ বিশ্বকাপের উৎসব শেষ হলেও টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তার এক উদ্বেগজনক চিত্র এখন সামনে আসছে। আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার গোপন নিরাপত্তা নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোসহ একাধিক তারকা ফুটবলার, কোচ ও রেফারিকে হত্যার হুমকি এবং নানা ধরনের হয়রানির মোকাবিলা করতে হয়েছে।   স্পেনের প্রেনসা ইবেরিকার অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য পরে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। নথিতে থাকা সব হুমকি বাস্তব হামলার পরিকল্পনা ছিল কি না, তা নিশ্চিত নয়। তবে নিরাপত্তা সংস্থাগুলো অনেক ঘটনাকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।   সবচেয়ে গুরুতর হুমকিগুলোর কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচকে ঘিরে একজন ফোন করে পুলিশকে জানান, তিনি ও তাঁর দুই সহযোগী বিস্ফোরক ও অস্ত্র নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে মেসিও ছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচটি ২৭ জুন টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং আর্জেন্টিনা ৩-১ গোলে জিতেছিল।   আরেকটি ঘটনায় আর্জেন্টিনার ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে লক্ষ্য করে শরীরে বোমা বেঁধে হামলার হুমকি দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে স্টেডিয়ামে বোমা রাখা হয়েছে বলেও ফোন আসে। এরপর বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে নিরাপত্তা তল্লাশি চালানো হয় বলে ফাঁস হওয়া নথির ভিত্তিতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।   বিশ্বকাপের সময় ডালাস স্টেডিয়ামের নিরাপত্তা কতটা কড়াকড়ি ছিল, তার আরেকটি উদাহরণও রয়েছে। আর্জেন্টিনা ও জর্ডান ম্যাচের দিন স্টেডিয়ামের নিয়ন্ত্রিত আকাশসীমায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছিল মার্কিন কর্তৃপক্ষ।   পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও ঘিরে ছিল নিরাপত্তা উদ্বেগ। প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি রোনালদো কোথায় থাকছেন এবং তাঁর আবাসনের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছিলেন। বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে আসার পর ব্যবস্থা নেওয়া হয়। হিউস্টনে বিশ্বকাপ চলাকালে রোনালদো ও পর্তুগাল দলকে দেখতে তাদের হোটেলের বাইরে বিপুলসংখ্যক সমর্থকও জড়ো হয়েছিলেন।   অন্য জায়গাতেও রোনালদোর খুব কাছে যাওয়ার চেষ্টা করেন কয়েকজন সমর্থক। কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্য ছিল ছবি বা সেলফি তোলা, আবার ম্যাচ চলাকালে দর্শকের মাঠে ঢুকে পড়ার ঘটনাও ঘটে। নিরাপত্তাকর্মীদের এসব পরিস্থিতি সামাল দিতে হয়েছে।   শুধু মেসি ও রোনালদো নন, মাঠের পারফরম্যান্স ও বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে অন্য ফুটবলারদের বিরুদ্ধেও হুমকির অভিযোগ পাওয়া গেছে। নরওয়ের আলেকজান্ডার সরলথ গোলের সুযোগ নষ্ট করার পর তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে ফাঁস হওয়া নথির বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে। কলম্বিয়ার জামিনটন ক্যাম্পাজসহ আরও কয়েকজন খেলোয়াড়কেও হুমকির মুখে পড়তে হয়।   ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরেও পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। একটি ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্যারাগুয়েতে তাঁর প্রতিকৃতি পোড়ানোর ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   তবে হুমকিমূলক বার্তার সংখ্যার দিক থেকে সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে দাবি করা হয়েছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ারের ক্ষেত্রে। আর্জেন্টিনা ও মিসরের একটি বিতর্কিত ম্যাচের পর তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রায় ছয় হাজার হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল বলে ফাঁস হওয়া নথিতে উল্লেখ রয়েছে।   ওই ম্যাচে ভিএআর দায়িত্বে থাকা ফরাসি রেফারি উইলি দেলাজোদও হুমকি পেয়েছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ফ্রান্সে সংশ্লিষ্ট রেফারিদের পরিবার ও বাড়ির নিরাপত্তায় পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছিল।   দক্ষিণ কোরিয়া দলও বাদ যায়নি। বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলের কোচ ও খেলোয়াড়দের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশে ফেরার সময় তাদের নিরাপত্তা জোরদার করতে হয়েছিল।   ফাঁস হওয়া এসব নথি দেখাচ্ছে, মাঠে লাখো দর্শকের উচ্ছ্বাস আর বিশ্বকাপের জমকালো আয়োজনের পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোকে নেপথ্যে প্রতিনিয়ত সম্ভাব্য হুমকি যাচাই করতে হয়েছে। সব হুমকি শেষ পর্যন্ত বাস্তব হামলায় পরিণত হয়নি, তবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপদ রাখতে কতটা বিস্তৃত নিরাপত্তা কার্যক্রম চালাতে হয়েছে, নতুন তথ্যগুলো তারই একটি উদ্বেগজনক চিত্র সামনে এনেছে।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৫:৪০
ইসরাইলের সমুদ্র সৈকতের দৃশ্য প্রতীকী। ছবি:সংগৃহীত
ক্যানসারের উচ্চ ঝুঁকিতে ইসরায়েলিরা

ত্বক দ্রুত তামাটে বা ট্যান করতে সূর্যের অতিবেগুনি রশ্মির মাত্রা বোঝাতে ব্যবহৃত ইউভি সূচককেই উল্টো কাজে লাগাচ্ছেন ইসরায়েলের একদল তরুণ। যে সূচক মূলত মানুষকে ক্ষতিকর সূর্যরশ্মি থেকে সতর্ক করার জন্য তৈরি, সেটিতে মাত্রা ৯, ১০ কিংবা ১১-এর ওপরে উঠলেই কেউ কেউ রোদে বেরিয়ে পড়ছেন। চিকিৎসকেরা বলছেন, এই প্রবণতা দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতি ও স্কিন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।   শনিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই প্রবণতার কথা উঠে এসেছে। পশ্চিম গ্যালিলির শাভেই জিয়ন সৈকতে ১৬ বছর বয়সী অ্যাবিগেইল উলফ জানান, ইউভি সূচক ১০ বা ১১ দেখলে তিনি ভালোভাবে ট্যান হওয়ার জন্য প্রায় ৪০ মিনিট রোদে থাকেন।   ইউভি সূচক তৈরি হয়েছিল সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য। সূচকে ১১ বা তার বেশি মাত্রা অত্যন্ত উচ্চ ঝুঁকি নির্দেশ করে। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন প্রবণতায় এই সতর্কতাকেই দ্রুত ট্যান হওয়ার উপযুক্ত সময় বেছে নেওয়ার উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে।   ক্লালিট হেলথ সার্ভিসেসের সিনিয়র শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ডা. এফরাত বার-ইলান জানিয়েছেন, গত দুই বছরে তরুণ ও কিশোরদের মধ্যে উদ্বেগজনকভাবে এই প্রবণতা বাড়তে দেখেছেন তিনি। অনেকেই ইউভি রশ্মির ক্ষতির কথা জানেন, কিন্তু ভবিষ্যতে এর স্বাস্থ্যঝুঁকি কতটা গুরুতর হতে পারে, সেটিকে গুরুত্ব দিচ্ছেন না।   সূর্যের অতিবেগুনি রশ্মির দুটি গুরুত্বপূর্ণ অংশ ইউভিএ ও ইউভিবি। ইউভিএ রশ্মি ত্বকের রঞ্জক পদার্থে প্রভাব ফেলে ত্বককে তামাটে করতে পারে। অন্যদিকে ইউভিবি ত্বকের ওপরের স্তরে ক্ষতি ও সানবার্ন ঘটাতে পারে এবং কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শে থাকলে ত্বকের অকাল বার্ধক্য, বলিরেখা, পিগমেন্টেশন এবং স্কিন ক্যানসারের ঝুঁকি বাড়ে।   স্কিন ক্যানসারের মধ্যে বেসাল সেল ও স্কোয়ামাস সেল কার্সিনোমা তুলনামূলকভাবে বেশি দেখা যায় এবং দ্রুত শনাক্ত হলে চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। তবে মেলানোমা বেশি বিপজ্জনক। এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে ছড়িয়ে পড়লে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।   ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ মেলানোমার হার থাকা ৩০টি দেশের তালিকায় ইসরায়েলের অবস্থান ২৩তম। তবে ওই দেশগুলোর মধ্যে মেলানোমায় মৃত্যুহার ইসরায়েলে সবচেয়ে কম। ইসরায়েল ক্যানসার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৯১ শতাংশ স্কিন ক্যানসার অত্যন্ত প্রাথমিক পর্যায়েই শনাক্ত হয়।   সানস্ক্রিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু দাবিও নাকচ করেছেন ডা. বার-ইলান। তার ভাষ্য অনুযায়ী, অনুমোদিত সানস্ক্রিন নির্দেশনা মেনে ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হয়, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিপরীতে অতিরিক্ত ইউভি রশ্মির কারণে ত্বকের অকাল বার্ধক্য ও ক্যানসারের ঝুঁকির বিষয়টি সুপ্রতিষ্ঠিত।   চিকিৎসকদের উদ্বেগের বড় কারণ হলো, দীর্ঘমেয়াদি ক্ষতি তাৎক্ষণিকভাবে দেখা যায় না। তরুণ বয়সে বারবার অতিরিক্ত রোদে থাকার প্রভাব বহু বছর পর গুরুতর হয়ে উঠতে পারে। ফলে দ্রুত ট্যান হওয়ার জন্য ইউভি সূচকের উচ্চমাত্রাকে ‘সুযোগ’ হিসেবে না দেখে স্বাস্থ্যঝুঁকির সতর্কসংকেত হিসেবেই নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৫:৩০
ডাক্তার রোগীকে চোখের চিকিৎসা দিচ্ছে। ছবি:সংগৃহীত
আমেরিকায় ফ্রিতে চোখের চিকিৎসা , কিন্তু কোথায় যাবেন জানেন কি?

যুক্তরাষ্ট্রে চোখের পরীক্ষা, চশমা কিংবা অপারেশনের খরচ বহন করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যাদের হেলথ ইন্স্যুরেন্স নেই অথবা ইন্স্যুরেন্সে প্রয়োজনীয় আই কেয়ার কভার হয় না, তাদের চিকিৎসা পিছিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আই ইনস্টিটিউট বলছে, কম আয়ের ও যোগ্য ব্যক্তিদের জন্য দেশজুড়ে একাধিক কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে বা কম খরচে চোখ পরীক্ষা, চশমা এবং কিছু ক্ষেত্রে চোখের অপারেশনের ব্যবস্থাও রয়েছে।    তবে ‘৫ হাজার ডলারের যেকোনো চোখের অপারেশন সবার জন্য ফ্রি’ এমন কোনো একক জাতীয় কর্মসূচি নেই। কে বিনামূল্যে চিকিৎসা পাবেন, কোন চিকিৎসা দেওয়া হবে এবং কোথায় পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, রোগীর আর্থিক অবস্থা, ইন্স্যুরেন্স এবং স্থানীয় সেবার প্রাপ্যতার ওপর নির্ভর করে।   লায়ন্স ক্লাবের মাধ্যমে চোখের চিকিৎসায় সহায়তা   লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তি রক্ষা ও অন্ধত্ব প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের কিছু স্থানীয় লায়ন্স ক্লাব আর্থিকভাবে অসচ্ছল মানুষকে চোখের চিকিৎসার খরচে সহায়তা করে এবং কোনো কোনো এলাকায় চশমার ব্যবস্থাও করে। তবে প্রতিটি লায়ন্স ক্লাব একই ধরনের সুবিধা দেয় না। তাই নিজের এলাকার ক্লাবের সঙ্গে যোগাযোগ করে কী সহায়তা পাওয়া যায়, তা জানতে হয়।    আইকেয়ার আমেরিকা   আমেরিকান অ্যাকাডেমি অব অপথালমোলজির আইকেয়ার আমেরিকা কর্মসূচি যোগ্য ব্যক্তিদের চিকিৎসাবিষয়ক পূর্ণাঙ্গ চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার সুযোগ দেয়। ন্যাশনাল আই ইনস্টিটিউটের বর্তমান তথ্য অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী যোগ্য ব্যক্তিরা এই কর্মসূচির আওতায় আসতে পারেন। বয়স, চোখের রোগের ঝুঁকি এবং অন্যান্য যোগ্যতার ভিত্তিতে সেবা নির্ধারিত হয়।    ভিএসপি আইজ অব হোপ   কম আয়ের এবং চোখের পরীক্ষা বা প্রেসক্রিপশন চশমার জন্য ইন্স্যুরেন্স কভারেজ না থাকা শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য ভিএসপি আইজ অব হোপ গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। যোগ্য ব্যক্তিদের সম্পূর্ণ চোখ পরীক্ষা এবং প্রয়োজন হলে প্রেসক্রিপশন চশমা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রয়েছে।    তবে ২০২৬ সালের বর্তমান তথ্য অনুযায়ী, ব্যাপক চাহিদার কারণে আইজ অব হোপের গিফট সার্টিফিকেট নতুন করে বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে এই সুবিধা নিতে আগ্রহীদের কর্মসূচিটির সর্বশেষ অবস্থা যাচাই করতে হবে।   বিনামূল্যে ছানি অপারেশনও সম্ভব   চোখের অপারেশনের খরচ বহন করতে না পারলে কিছু বিশেষ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে ক্যাটারাক্ট বা ছানি অপারেশনের সুযোগ রয়েছে। ন্যাশনাল আই ইনস্টিটিউট এ ধরনের সহায়তার জন্য মিশন ক্যাটারাক্ট ইউএসএ এবং অপারেশন সাইটের কথা উল্লেখ করেছে।    মিশন ক্যাটারাক্ট ইউএসএ এমন ব্যক্তিদের বিনামূল্যে ছানি অপারেশন করে, যাদের ছানির কারণে দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হচ্ছে এবং যাদের মেডিকেয়ার, মেডিকেইড বা অন্য ইন্স্যুরেন্সের মাধ্যমে অপারেশনের খরচ দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে রোগীর নিজের পক্ষে অস্ত্রোপচারের খরচ বহন করার সামর্থ্যও না থাকতে হবে।   অপারেশন সাইটও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের সঙ্গে যুক্ত করে। বর্তমান যোগ্যতা অনুযায়ী, রোগীর আয় সাধারণত ফেডারেল পভার্টি লেভেলের ২০০ শতাংশ বা তার নিচে হতে হয়, ক্যাটারাক্ট সার্জারি চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় হতে হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ইন্স্যুরেন্সবিহীন বা অপারেশন কভার করে না এমন ইন্স্যুরেন্সধারী হতে হয়। এই কর্মসূচিতে মার্কিন নাগরিকত্ব বা পার্মানেন্ট রেসিডেন্সির শর্তও রয়েছে।    কমিউনিটি হেলথ সেন্টার ও বিশ্ববিদ্যালয়েও কম খরচে সেবা   ন্যাশনাল আই ইনস্টিটিউটের পরামর্শ অনুযায়ী, কাছাকাছি কমিউনিটি হেলথ সেন্টারে চোখের ক্লিনিক আছে কি না খোঁজ নেওয়া যেতে পারে। কিছু কেন্দ্র বিনামূল্যে বা রোগীর আয়ের ভিত্তিতে কম খরচে সেবা দিয়ে থাকে।   একইভাবে যেসব বিশ্ববিদ্যালয় বা কলেজে অপটোমেট্রি অথবা অপথালমোলজি প্রোগ্রাম রয়েছে, সেখানে কম খরচে চোখের চিকিৎসা পাওয়া যেতে পারে। সাধারণত প্রশিক্ষণরত শিক্ষার্থী বা চিকিৎসকেরা অভিজ্ঞ চিকিৎসক ও শিক্ষকদের তত্ত্বাবধানে এসব সেবা দিয়ে থাকেন।    শিশুদের জন্যও আলাদা সুযোগ রয়েছে   শিশুদের চোখের চিকিৎসায় মেডিকেইড এবং চিলড্রেনস হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রাম বা চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যোগ্য পরিবারের শিশুদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় ভিশন কেয়ারের খরচ এসব কর্মসূচিতে কভার হতে পারে। রাজ্যভেদে যোগ্যতার নিয়ম পরিবর্তিত হয়।    ৬ থেকে ১২ মাস বয়সী শিশুদের জন্য ইনফ্যান্টসি কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চোখের প্রাথমিক মূল্যায়নের সুযোগও রয়েছে। এছাড়া নির্দিষ্ট রাজ্যে ‘অল চিলড্রেন সি’ কর্মসূচির মাধ্যমে চোখের সমস্যার লক্ষণ থাকা শিশুদের পূর্ণাঙ্গ পরীক্ষা করানোর সুযোগ পাওয়া যায়।    মেডিকেয়ার থাকলেও সব চোখের চিকিৎসা ফ্রি নয়   ৬৫ বছর বা তার বেশি বয়স হলেই মেডিকেয়ার নিয়মিত চোখ পরীক্ষা ও চশমার সব খরচ দেয়, এমন ধারণাও সঠিক নয়। ন্যাশনাল আই ইনস্টিটিউট বলছে, অরিজিনাল মেডিকেয়ার সাধারণ রুটিন আই এক্সাম বা অধিকাংশ চশমার খরচ কভার করে না। তবে ডায়াবেটিস, বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন, গ্লুকোমার উচ্চ ঝুঁকি এবং ক্যাটারাক্টের মতো নির্দিষ্ট অবস্থায় কিছু আই কেয়ার কভার হতে পারে।    সহায়তা পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি খোঁজা। চোখ পরীক্ষা বা চশমা প্রয়োজন হলে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টার, লায়ন্স ক্লাব এবং স্বল্প খরচের আই ক্লিনিক সম্পর্কে খোঁজ নেওয়া যেতে পারে। ছানি অপারেশনের প্রয়োজন অথচ খরচ বহন করা সম্ভব নয় এমন রোগীরা মিশন ক্যাটারাক্ট ইউএসএ বা অপারেশন সাইটের যোগ্যতা যাচাই করতে পারেন।   সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব কর্মসূচিতে সেবা স্বয়ংক্রিয়ভাবে বা সবার জন্য বিনামূল্যে দেওয়া হয় না। আয়, ইন্স্যুরেন্স, বয়স, রোগের ধরন, ইমিগ্রেশন বা রেসিডেন্সি স্ট্যাটাস এবং স্থানীয় সেবার প্রাপ্যতার ভিত্তিতে নিয়ম আলাদা হতে পারে। তাই চিকিৎসা পিছিয়ে দেওয়ার আগে নিজের এলাকায় কী ধরনের সহায়তা পাওয়া যায়, তা যাচাই করাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৫:১৫
পড়াশোনার খরচ জোগাতে ২৮ লাখ মানুষের কাছে মাত্র ১ সেন্ট করে চাইলেন
পড়াশোনার খরচ জোগাতে ২৮ লাখ মানুষের কাছে মাত্র ১ সেন্ট করে চাইলেন, শেষ পর্যন্ত উঠল প্রায় ৩৫ লাখ টাকা!

যুক্তরাষ্ট্রে কলেজে পড়ার খরচ জোগাড় করতে শিক্ষাঋণ না নিয়ে এক অভিনব পথ বেছে নিয়েছিলেন ১৮ বছর বয়সী মাইক হেইস। ১৯৮৭ সালে ইউনিভার্সিটি অব ইলিনয়ে পড়াশোনা শুরু করার সময় চার বছরের খরচ মেটাতে তার প্রয়োজন ছিল প্রায় ২৮ হাজার ডলার। সেই অর্থ সংগ্রহের জন্য তিনি লাখ লাখ মানুষের কাছে মাত্র এক সেন্ট করে সাহায্য চাওয়ার পরিকল্পনা করেন।   তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি ছড়িয়ে পড়ছে, মাইক নিজে ২৮ লাখ মানুষের কাছে আলাদাভাবে চিঠি পাঠিয়েছিলেন এমনটি নয়। তিনি যোগাযোগ করেছিলেন শিকাগো ট্রিবিউনের জনপ্রিয় কলামিস্ট বব গ্রিনের সঙ্গে। গ্রিনের লেখা তখন যুক্তরাষ্ট্রের বহু সংবাদপত্রে প্রকাশিত হতো এবং তার পাঠকসংখ্যা ছিল কয়েক মিলিয়ন।   মাইক বব গ্রিনকে জানান, যদি ২৮ লাখ মানুষ তাকে মাত্র এক সেন্ট করে পাঠান, তাহলে তার চার বছরের কলেজ খরচ উঠে যাবে। অভিনব পরিকল্পনাটি গ্রিনের পছন্দ হয় এবং তিনি ১৯৮৭ সালের সেপ্টেম্বরে নিজের কলামে মাইকের আবেদন প্রকাশ করেন।   এরপরই শুরু হয় অভাবনীয় সাড়া। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে চিঠির সঙ্গে আসতে থাকে এক সেন্টের কয়েন। অনেকে শুধু এক সেন্টেই থামেননি। কেউ পাঁচ সেন্ট, কেউ দশ বা ২৫ সেন্ট, আবার কেউ ডলার কিংবা চেক পাঠিয়েছেন। কানাডা ও মেক্সিকো থেকেও অনুদান আসে।   অল্প সময়ের মধ্যেই এত চিঠি আসতে শুরু করে যে স্থানীয় পোস্ট অফিসেও চাপ তৈরি হয়। মাইকের ছোট্ট আবেদন জাতীয় পর্যায়ে আলোচনায় আসে এবং বিভিন্ন সংবাদমাধ্যমেও তার গল্প প্রচার হতে থাকে।   শেষ পর্যন্ত মাইক প্রায় ২৯ হাজার ডলার সংগ্রহ করতে সক্ষম হন। তার প্রয়োজন ছিল প্রায় ২৮ হাজার ডলার। ওই অর্থ দিয়েই ইউনিভার্সিটি অব ইলিনয়ে চার বছরের পড়াশোনার খরচ মেটান তিনি।   পরে ১৯৯১ সালে ফুড সায়েন্সে ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করেন মাইক। প্রয়োজনের অতিরিক্ত প্রায় এক হাজার ডলার আরেকজন আর্থিকভাবে অসচ্ছল নবীন শিক্ষার্থীকে দেওয়ার কথাও পরবর্তী প্রতিবেদনে উঠে আসে।   ঘটনাটি প্রায় চার দশক আগের হলেও সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ইন্টারনেট ও অনলাইন ক্রাউডফান্ডিংয়ের যুগ শুরু হওয়ারও আগে একজন শিক্ষার্থী কীভাবে সংবাদপত্রের পাঠকদের ছোট ছোট অনুদান একত্র করে নিজের উচ্চশিক্ষার খরচ মেটাতে পেরেছিলেন, সেই কারণেই গল্পটি এখনো মানুষের আগ্রহ কাড়ে।   মাইকের পরিকল্পনার মূল হিসাব ছিল খুবই সহজ। একজনের কাছে এক সেন্ট প্রায় মূল্যহীন মনে হতে পারে, কিন্তু লাখ লাখ মানুষ সামান্য করে সহযোগিতা করলে সেটিই বড় অঙ্কে পরিণত হতে পারে। তার ক্ষেত্রে সেই এক সেন্টের ধারণাই শেষ পর্যন্ত প্রায় ২৯ হাজার ডলারের কলেজ ফান্ডে পরিণত হয়েছিল।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৪:৪৮
ট্রাম্পকে ভোট দিয়ে এখন অনুতপ্ত টেক্সাসের ব্যবসায়ী
আইসিইর হাতে আটক হবু স্ত্রী, ট্রাম্পকে ভোট দিয়ে এখন অনুতপ্ত টেক্সাসের ব্যবসায়ী

ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছিলেন টেক্সাসের ৭৫ বছর বয়সী ব্যবসায়ী জন গ্যানন। কিন্তু এখন সেই সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করছেন তিনি। কারণ, তার হবু স্ত্রী ইয়াসমিন সুয়ারেজ রেয়েসকে হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্ট থেকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই। ঘটনাটি ঘিরে ট্রাম্প প্রশাসনের কঠোর ইমিগ্রেশন নীতির সমালোচনা করেছেন আজীবন রিপাবলিকান হিসেবে পরিচিত গ্যানন।   সিবিএস নিউজকে গ্যানন জানান, ৪৫ বছর বয়সী ইয়াসমিনকে বিয়ে করে সংসার গড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু গত ২৪ জুলাই লাস ভেগাস যাওয়ার পথে হিউস্টন এয়ারপোর্টে আইসিই কর্মকর্তারা ইয়াসমিনকে আটক করলে তাদের সেই পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়ে।   ইয়াসমিনের জন্ম ভেনেজুয়েলায়। তবে তিনি স্পেনের নাগরিক। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএসের তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ২৪ অক্টোবর বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তার অনুমোদিত থাকার মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ১৯ জানুয়ারি।   ইয়াসমিনের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং তার ওয়ার্ক পারমিট ও টেক্সাসের ড্রাইভার লাইসেন্স ছিল। তবে ডিএইচএস বলছে, কোনো ইমিগ্রেশন আবেদন বিচারাধীন থাকলেই তা নিজে থেকে যুক্তরাষ্ট্রে বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস দেয় না। ইয়াসমিন অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন বলেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।   ডিএইচএস আরও জানিয়েছে, ইয়াসমিনের ইমিগ্রেশন সংক্রান্ত দাবিগুলো বিচার বিভাগের একজন ইমিগ্রেশন বিচারকের সামনে শুনানি হবে এবং তিনি যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ পাবেন।   গ্যাননের দাবি, তারা হিউস্টন থেকে লাস ভেগাসে একটি ফার্নিচার শিল্পের সম্মেলনে যাচ্ছিলেন। এয়ারপোর্টে ইয়াসমিনকে আটকের ঘটনাটি তার কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি বলেন, নিজের জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হবেন বলে ভাবেননি।   গ্যানন যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি বিলবোর্ডের ব্যবসার সঙ্গে যুক্ত। মেক্সিকোতেও তার হোটেল ও রেস্তোরাঁসহ একাধিক ব্যবসা রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।   হবু স্ত্রীর আটকের পর ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযান নিয়ে তার অবস্থান আমূল বদলে গেছে। গ্যানন বলেন, তিনি ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, কিন্তু এখন আর সেই সিদ্ধান্ত নেবেন না। তার অভিযোগ, ইমিগ্রেশন অভিযানে অপরাধীদের পাশাপাশি এমন মানুষও আটক হচ্ছেন, যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নেই।   তিনি মনে করেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পরিবার বিচ্ছিন্ন করা নয়। আইসিইর বর্তমান অভিযান পরিবার ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।   ইয়াসমিন বর্তমানে টেক্সাসে ইমিগ্রেশন হেফাজতে রয়েছেন। তার ভবিষ্যৎ এখন ইমিগ্রেশন আদালতের প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। অন্যদিকে যে প্রশাসনকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে সহায়তা করেছিলেন, সেই প্রশাসনের ইমিগ্রেশন নীতির সরাসরি প্রভাব নিজের জীবনে পড়ার পর গ্যানন বলছেন, তিনি নিজেকে গভীরভাবে হতাশ ও প্রতারিত মনে করছেন।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৪:৪৩
রুশ তেল কিনে বিপাকে চীন ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেট
রুশ তেল কিনে বিপাকে চীন ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেট

রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দিতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। শুক্রবার ৮৬-১১ ভোটে পাস হওয়া বিলটির আওতায় বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ভারত, চীন, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। তবে শুল্ক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। বিলটি আইনে পরিণত হলে শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকবে।   বিলটির নাম ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল দীর্ঘদিন ধরে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর এই উদ্যোগের পক্ষে কাজ করেছিলেন।   বিলটির মূল লক্ষ্য ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আসা আয় কমানো। এর আওতায় রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হবে। বর্তমানে ওই তালিকায় চীন ও ভারতের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার নাম রয়েছে।   বিশেষ করে ভারত ও চীনের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। দুই দেশই রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা। বিলটি আইনে পরিণত হওয়ার পর প্রেসিডেন্ট শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।   সিনেটে অনুমোদনের পর বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। গ্রীষ্মকালীন বিরতি শেষে হাউসের অধিবেশন ৩১ আগস্ট পুনরায় শুরু হওয়ার কথা। সেখানে বিলটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।   তবে হাউসে বিলটির ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়। রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার বিষয়ে কংগ্রেসে ব্যাপক সমর্থন থাকলেও কিছু আইনপ্রণেতা প্রেসিডেন্টকে নতুন ও বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এই ক্ষমতা প্রয়োগ করা হলে শেষ পর্যন্ত মার্কিন আমদানিকারক, ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদেরও বাড়তি খরচ বহন করতে হতে পারে।   বিলে শুধু রাশিয়ার জ্বালানির ক্রেতাদের লক্ষ্য করা হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির বিভিন্ন কর্মকর্তা, প্রভাবশালী ধনকুবের এবং আর্থিক প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার ব্যবস্থাও রাখা হয়েছে।   একই সঙ্গে ১৯৯৬ সালের ইরান স্যাংশনস অ্যাক্টের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। এই আইনের মাধ্যমে ইরানের জ্বালানি খাতে নির্দিষ্ট ধরনের বিনিয়োগ ও লেনদনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।   সিনেটে বিলটি পাস হওয়ার পর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, লিন্ডসে গ্রাহাম বেঁচে থাকলে এই অগ্রগতিতে গর্বিত হতেন। তার মতে, নতুন নিষেধাজ্ঞা ও শুল্কের লক্ষ্য হচ্ছে রাশিয়ার যুদ্ধ পরিচালনায় অর্থনৈতিকভাবে সহায়তা করে এমন পক্ষগুলোর ওপর চাপ বাড়ানো।   তবে বিলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ভারত বা চীনের ওপর এখনই ১০০ শতাংশ শুল্ক আরোপ হয়ে যায়নি। সিনেটের অনুমোদন আইন প্রণয়নের একটি ধাপ মাত্র। হাউসের অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হলে নির্ধারিত শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ব্যবহার করতে পারবেন।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৪:৭
যুক্তরাজ্যে মাত্র তিন বছরেই স্থায়ী বসবাসের সুযোগ
যুক্তরাজ্যে মাত্র তিন বছরেই স্থায়ী বসবাসের সুযোগ

আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী এবং গবেষণাসংশ্লিষ্ট উচ্চ দক্ষতার পেশাজীবীদের যুক্তরাজ্যে কাজের সুযোগ দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ গ্লোবাল ট্যালেন্ট ভিসা। যুক্তরাজ্যের বর্তমান অভিবাসন বিধিমালা অনুযায়ী, নির্দিষ্ট স্বীকৃত প্রতিষ্ঠানের অনুমোদন পাওয়া গবেষকরা প্রয়োজনীয় শর্ত পূরণ করলে মাত্র তিন বছর পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য আবেদন করতে পারেন।   যুক্তরাজ্য সরকারের হালনাগাদ নিয়ম অনুযায়ী, রয়্যাল সোসাইটি, ব্রিটিশ অ্যাকাডেমি, রয়্যাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং অথবা ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশনের অনুমোদনের ভিত্তিতে গ্লোবাল ট্যালেন্ট ভিসা পাওয়া ব্যক্তিদের জন্য তিন বছরের স্থায়ী বসবাসের পথ রয়েছে। তবে শুধু তিন বছর যুক্তরাজ্যে থাকলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায় না। আবেদনকারীকে ধারাবাহিক বসবাসসহ অন্যান্য নির্ধারিত যোগ্যতাও পূরণ করতে হয়।   গবেষকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি পথ হলো ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন বা ইউকেআরআইয়ের অনুমোদিত গবেষণা অনুদান বা পুরস্কারের ভিত্তিতে আবেদন। এ ক্ষেত্রে আবেদনকারীকে ইউকেআরআই অনুমোদিত কোনো যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানে চাকরি বা গবেষণার জন্য যুক্ত থাকতে হবে এবং তার গবেষণার অর্থায়নও অনুমোদিত কোনো তহবিলদাতার কাছ থেকে আসতে হবে।   এই পথে আবেদনের জন্য সংশ্লিষ্ট গবেষণা অনুদান বা পুরস্কারের মূল্য কমপক্ষে ৩০ হাজার পাউন্ড হতে হবে এবং সেটির মেয়াদ অন্তত দুই বছর হতে হবে। একই সঙ্গে আবেদনকারীর চাকরির চুক্তি বা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে হোস্টিং চুক্তির অন্তত এক বছর বাকি থাকতে হবে।   আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে তার মোট কর্মসময়ের অন্তত ৫০ শতাংশ ওই গবেষণা অনুদানের আওতাধীন কাজে ব্যয় করতে হবে। প্রধান গবেষক বা সহগবেষকের ক্ষেত্রে একাধিক যোগ্য গবেষণা অনুদানে কাজের সময় একত্র করে এই ৫০ শতাংশের শর্ত পূরণ করার সুযোগ রয়েছে।   গ্লোবাল ট্যালেন্ট ভিসার বড় সুবিধাগুলোর একটি হচ্ছে কর্মক্ষেত্রের স্বাধীনতা। এটি সাধারণ স্পনসরনির্ভর ওয়ার্ক ভিসার মতো নির্দিষ্ট একটি চাকরির সঙ্গে একইভাবে আবদ্ধ নয়। ভিসাধারীরা নির্ধারিত নিয়মের মধ্যে চাকরি করতে, চাকরি পরিবর্তন করতে কিংবা স্বনিযুক্ত হিসেবে কাজ করতে পারেন। ফলে গবেষক ও উদ্ভাবকদের ক্যারিয়ার পরিচালনায় তুলনামূলক বেশি স্বাধীনতা থাকে।   স্থায়ী বসবাসের ক্ষেত্রে গবেষকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। রয়্যাল সোসাইটি, ব্রিটিশ অ্যাকাডেমি, রয়্যাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং অথবা ইউকেআরআইয়ের অনুমোদন পাওয়া গ্লোবাল ট্যালেন্ট ভিসাধারী গবেষকরা গবেষণার কাজে যুক্তরাজ্যের বাইরে যে সময় কাটান, নির্দিষ্ট শর্তে সেই গবেষণাসংশ্লিষ্ট অনুপস্থিতি ধারাবাহিক বসবাসের হিসাবকে বাধাগ্রস্ত করে না।   তবে তিন বছর পর স্থায়ী বসবাসের আবেদন করার সময় শুধু ভিসার মেয়াদ পূরণ করাই যথেষ্ট নয়। আবেদনকারীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে যুক্তরাজ্যে আয় করার প্রমাণসহ প্রযোজ্য অন্যান্য অভিবাসন শর্ত পূরণ করতে হয়। বর্তমান নিয়মে ইংরেজি ভাষার যোগ্যতা এবং যুক্তরাজ্যের জীবন ও সংস্কৃতি সম্পর্কিত নির্ধারিত পরীক্ষার শর্তও রয়েছে।   ফলে আন্তর্জাতিক বিজ্ঞানী ও গবেষকদের জন্য গ্লোবাল ট্যালেন্ট ভিসা শুধু যুক্তরাজ্যে গবেষণা বা চাকরির সুযোগ নয়, যোগ্য ব্যক্তিদের জন্য তুলনামূলক দ্রুত স্থায়ী বসবাসের পথও তৈরি করছে। বিশেষ করে ইউকেআরআই অনুমোদিত গবেষণা অনুদান এবং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গবেষকদের জন্য এই ব্যবস্থা যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদি গবেষণা ক্যারিয়ার গড়ে তোলার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৩:২২
স্ত্রীকেই হত্যার অভিযোগ ৯১ বছর বয়সী বৃদ্ধের
স্ত্রীর প্রতিশ্রুতি রাখতে, স্ত্রীকেই হত্যার অভিযোগ ৯১ বছর বয়সী বৃদ্ধের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৯১ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, স্ত্রীকে হত্যার পর ওই ব্যক্তি তাদের জানান, তিনি কেবল স্ত্রীর কাছে আগে দেওয়া একটি ‘প্রতিশ্রুতি’ রক্ষা করেছেন। ঘটনাটি সামনে আসার পর বৃদ্ধ বয়স, গুরুতর অসুস্থতা ও জীবনাবসানের সিদ্ধান্তকে ঘিরে আইনি ও নৈতিক প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে।   প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ওই দম্পতির বাড়িতে পৌঁছানোর পর বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন। এরপর তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তদন্তের একপর্যায়ে তাকে হেফাজতে নেওয়া হয়।   শেরিফের দপ্তরের তদন্তকারীদের কাছে ওই ব্যক্তি দাবি করেন, স্ত্রীর সঙ্গে তার আগে একটি বোঝাপড়া হয়েছিল। স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে এমন অবস্থায় পৌঁছালে তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বলে দাবি করেন।   তবে কারও অনুরোধ বা পূর্বসম্মতি থাকলেও ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তির জীবন শেষ করা ফ্লোরিডার আইনে বৈধ নয়। সেই কারণে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তদন্তে উঠে এলেও তা নিজে থেকে হত্যার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয় না।   মামলাটিতে এখন তদন্তকারীরা ঘটনার আগে দম্পতির পরিস্থিতি, স্ত্রীর শারীরিক অবস্থা এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্যসহ সংশ্লিষ্ট প্রমাণ যাচাই করছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি আদালতেই হবে।   ঘটনাটি একই সঙ্গে যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সহায়তায় জীবনাবসান বা ‘মেডিক্যাল এইড ইন ডাইং’ নিয়ে চলমান বিতর্ককেও সামনে এনেছে। দেশটির কিছু অঙ্গরাজ্যে কঠোর শর্তে মৃত্যুপথযাত্রী যোগ্য রোগীদের চিকিৎসকের সহায়তায় নিজের জীবনাবসানের জন্য ওষুধ গ্রহণের সুযোগ রয়েছে। তবে ফ্লোরিডায় এ ধরনের ব্যবস্থা বৈধ নয়।   এ ধরনের আইনি ব্যবস্থাতেও পরিবারের কোনো সদস্য নিজে রোগীর জীবন শেষ করতে পারেন না। রোগীর সক্ষমতা, চিকিৎসাগত অবস্থা, একাধিক অনুরোধ এবং চিকিৎসকের নির্ধারিত প্রক্রিয়াসহ কঠোর নিয়ম অনুসরণ করতে হয়।   ফ্লোরিডার এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ‘প্রতিশ্রুতি রক্ষার’ দাবি তাই মামলার একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের আইনি মূল্যায়ন আলাদাভাবে হবে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আইনের চোখে নির্দোষ হিসেবেই বিবেচনা করা হবে।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৩:১৭
কোকা-কোলার কাস্টম ক্যান নিয়ে বিতর্ক
কোকা-কোলার কাস্টম ক্যান নিয়ে বিতর্ক: ‘ঈশ্বরই প্রভু’ লিখা নিষিদ্ধ অথচ ‘শিশুকামী প্রাইড' লিখায় মিলল অনুমতি

কোকা-কোলার নিজের পছন্দমতো লেখা দিয়ে ক্যান তৈরির অনলাইন ব্যবস্থায় কোন বার্তা গ্রহণ করা হচ্ছে আর কোনটি প্রত্যাখ্যান করা হচ্ছে, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ফক্স নিউজ ডিজিটালের পরীক্ষায় দেখা গেছে, ‘যিশুই প্রভু’ ও ‘আমেরিকাকে আবার মহান করো’র মতো ধর্মীয় ও রাজনৈতিক বার্তা প্রত্যাখ্যান করলেও একই ব্যবস্থা ‘নাস্তিক হিসেবে গর্বিত’, ‘পুলিশের অর্থায়ন বন্ধ করো’ এবং শিশুদের প্রতি যৌন আকর্ষণকে ইতিবাচকভাবে উপস্থাপনকারী অত্যন্ত আপত্তিকর একটি বার্তার নমুনা তৈরি করতে দিয়েছে।   বিষয়টি সামনে আসার পর কোকা-কোলা জানিয়েছে, এটি কোম্পানির নীতিগত অবস্থানের প্রতিফলন নয়। তাদের দাবি, অনলাইন ব্যবস্থায় একটি ‘প্রযুক্তিগত সমস্যা’ তৈরি হয়েছিল। সমস্যাটি সমাধানের কাজ চলাকালে সংশ্লিষ্ট নমুনা দেখানোর সুবিধা বন্ধ এবং নতুন ব্যক্তিগতকৃত পণ্যের অর্ডার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।   ফক্স নিউজ ডিজিটাল কোকা-কোলার অনলাইন ক্যান তৈরির ব্যবস্থায় ১৮ অক্ষরের মধ্যে বিভিন্ন শব্দ ও বাক্য লিখে পরীক্ষা চালায়। তাদের প্রতিবেদনে বলা হয়, ‘যিশুই প্রভু’ এবং ‘আল্লাহই প্রভু’ লেখা গ্রহণ করেনি ব্যবস্থাটি। একইভাবে ‘আমেরিকাকে আবার মহান করো’ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নামও প্রত্যাখ্যান করা হয়।   কোনো বার্তা প্রত্যাখ্যাত হলে ব্যবহারকারীদের জানানো হচ্ছিল, ব্যবসাপ্রতিষ্ঠান, সংগঠন, পরিচিত ব্যক্তি, জনপরিচিত ব্যক্তিত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান, দল বা নিবন্ধিত বাণিজ্যিক নামের সঙ্গে সম্পর্কিত শব্দের পাশাপাশি ধর্মীয়, রাজনৈতিক কিংবা অনুপযুক্ত হিসেবে বিবেচিত বার্তা অনুমোদন নাও পেতে পারে।   কিন্তু একই পরীক্ষায় ‘ঈশ্বর মৃত’, ‘নাস্তিক হিসেবে গর্বিত’ এবং ‘পুলিশের অর্থায়ন বন্ধ করো’ ধরনের বার্তা দিয়ে ক্যানের নমুনা তৈরি করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে ফক্স নিউজ ডিজিটাল। এমনকি শিশুদের প্রতি যৌন আকর্ষণকে ইতিবাচকভাবে উপস্থাপন করে এমন একটি চরম আপত্তিকর বার্তাও স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা এড়িয়ে নমুনায় দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   রাজনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও একই ধরনের অসামঞ্জস্য পাওয়ার দাবি করা হয়েছে। ফক্সের পরীক্ষায় ‘ইসরায়েলের পাশে দাঁড়ান’ বার্তাটি গ্রহণ করা হলেও ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ প্রত্যাখ্যান করা হয়। আবার শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ পরিচয় নিয়ে গর্ব প্রকাশকারী কয়েকটি বার্তা এবং ‘কৃষ্ণাঙ্গদের জীবনও গুরুত্বপূর্ণ’ বার্তাটিও অনুমোদন পায়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।   তবে অনলাইনে কোনো বার্তা দিয়ে ক্যানের নমুনা তৈরি হওয়ার অর্থ এই নয় যে সেই বার্তাসহ ক্যান বা বোতল তৈরি করে সরাসরি গ্রাহকের কাছে পাঠানো হতো। কোকা-কোলার নিয়ম অনুযায়ী, অর্ডার জমা দেওয়ার পর সেটি আরও একটি যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কথা।   বিতর্কের পর কোকা-কোলা জানায়, তাদের ‘শেয়ার আ কোক’ কর্মসূচির ব্যক্তিগতকরণ সুবিধাটি গ্রাহকদের বিশেষ নাম বা বার্তা দিয়ে ক্যান ও বোতল তৈরির সুযোগ দিতে চালু করা হয়েছিল। তবে অনলাইনে ক্যানের নমুনা দেখানোর ব্যবস্থায় একটি প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত হয়েছে এবং সেটি ঠিক করতে কাজ করছে কোম্পানি।   কোম্পানির বক্তব্য অনুযায়ী, ধর্মীয়, রাজনৈতিক, নিবন্ধিত বাণিজ্যিক নামসংক্রান্ত এবং অন্যান্য অনুপযুক্ত বা নিষিদ্ধ বার্তাসহ পণ্য তৈরি ঠেকাতে তাদের আলাদা যাচাই ব্যবস্থা রয়েছে। ফলে অনলাইনে কোনো বার্তার নমুনা দেখা গেলেও সেটি চূড়ান্তভাবে উৎপাদনের অনুমোদন পাবে, এমন নিশ্চয়তা ছিল না।   ফক্সের পরীক্ষায় আরও দাবি করা হয়, কোনো কোনো ক্ষেত্রে শব্দের মধ্যে ফাঁকা জায়গা রাখা অথবা অক্ষরের পরিবর্তে সংখ্যা ব্যবহার করে স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছিল। ফলে অনলাইন ব্যবস্থাটির শব্দ শনাক্ত ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া কতটা কার্যকর ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।   কোকা-কোলার ব্যক্তিগতকৃত ক্যান তৈরির ব্যবস্থা নিয়ে এমন অভিযোগ নতুন নয়। ২০২১ সালেও অনলাইন ব্যবস্থায় ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বার্তা গ্রহণ এবং প্রত্যাখ্যানের ক্ষেত্রে অসামঞ্জস্যের অভিযোগ সামনে এসেছিল।   তবে এবারের ঘটনায় কোকা-কোলা আপত্তিকর বার্তাগুলো অনুমোদন করাকে নিজেদের নীতি হিসেবে স্বীকার করেনি। কোম্পানির বক্তব্য, নমুনা তৈরির ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যার কারণেই এমন অসামঞ্জস্য দেখা গেছে। বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট সুবিধা বন্ধ করে নতুন অর্ডারও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ৩:১০
ইজরায়েল বিরোধী চরমপন্থীর সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী এল-সায়েদ
ইহুদিদের উদ্বেগ স্বত্তেও, ইজরায়েল বিরোধী চরমপন্থীর সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী এল-সায়েদ

মিশিগানের ডেমোক্র্যাটিক ইউএস সিনেট প্রাইমারিতে জয়ের পর আবদুল এল-সায়েদের সঙ্গে জনপ্রিয় কিন্তু বিতর্কিত রাজনৈতিক স্ট্রিমার হাসান পাইকারের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। পাইকারের অতীতের বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়লেও তার কাছ থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নেওয়ার আহ্বানে সাড়া দেননি এল-সায়েদ। এর মধ্যেই মিশিগানের কিছু ইহুদি ভোটার ও কমিউনিটি নেতা উদ্বেগ প্রকাশ করেছেন।   ৪ আগস্টের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্সকে অল্প ব্যবধানে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন এল-সায়েদ। নভেম্বরে সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিশিগানে এই নির্বাচন ইউএস সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।   এল-সায়েদের সঙ্গে পাইকারের রাজনৈতিক যোগাযোগ নতুন নয়। গত এপ্রিলে মিশিগান স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিশিগানে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে তারা একসঙ্গে অংশ নিয়েছিলেন। ডেমোক্র্যাটিক প্রাইমারির ঠিক আগেও এল-সায়েদের প্রচারণায় অংশ নেন পাইকার।   হাসান পাইকার যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে জনপ্রিয় বামপন্থী রাজনৈতিক স্ট্রিমার। বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিপুল অনুসারী রয়েছে। তবে ইসরায়েল, হামাস, ৯/১১ হামলাসহ বিভিন্ন ইস্যুতে অতীতে দেওয়া তার বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। তার কিছু বক্তব্যকে ইহুদিবিদ্বেষী বলে সমালোচনা করেছেন বিভিন্ন ইহুদি সংগঠন ও রাজনৈতিক নেতা। পাইকার অবশ্য তার বিরুদ্ধে ওঠা ইহুদিবিদ্বেষের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং তার বক্তব্যকে অনেক ক্ষেত্রে প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন।   এল-সায়েদকে এর আগেও পাইকারের বক্তব্য নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এপ্রিলে সাংবাদিকদের তিনি বলেছিলেন, অন্য কারও সব মতামত থেকে নিজেকে প্রকাশ্যে বিচ্ছিন্ন ঘোষণা করা তার কাজ নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, পাইকারের সঙ্গে একই অনুষ্ঠানে অংশ নেওয়ার অর্থ তার প্রতিটি বক্তব্যকে সমর্থন করা নয়।   পরবর্তীতে ফক্স নিউজের এক সাক্ষাৎকারেও পাইকারের অতীতের বিতর্কিত বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয় এল-সায়েদকে। তিনি আবারও বলেন, কারও সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত হওয়া মানেই সেই ব্যক্তির প্রতিটি মন্তব্য বা বিশ্বাসকে নিজের বলে গ্রহণ করা নয়।   তবে প্রাইমারি জয়ের পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এল-সায়েদ এখন শুধু ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ নির্বাচনের প্রার্থী নন, মিশিগানের সাধারণ নির্বাচনে দলের আনুষ্ঠানিক সিনেট প্রার্থী।   নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ইহুদি ভোটার এল-সায়েদের সঙ্গে পাইকারের সম্পর্ক এবং ইসরায়েল নিয়ে তার নিজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এর আগে এপ্রিলে মিশিগান স্টেট ইউনিভার্সিটির হিলেল পাইকারের ক্যাম্পাস সফর নিয়ে উদ্বেগ জানিয়েছিল। মিশিগানের কয়েকজন ডেমোক্র্যাট নেতাও তখন এল-সায়েদের সঙ্গে পাইকারের যৌথ অনুষ্ঠানের সমালোচনা করেন।   অন্যদিকে এল-সায়েদের সমর্থকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে, পাইকারের বিপুল তরুণ অনুসারী রয়েছে এবং তার মতো অনলাইন ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলা এমন ভোটারদের কাছে পৌঁছানোর একটি উপায়, যারা প্রচলিত রাজনৈতিক প্রচারণার সঙ্গে খুব বেশি সম্পৃক্ত নন। এপ্রিলে তাদের যৌথ অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ অংশ নিয়েছিলেন।   এল-সায়েদ একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি ডেট্রয়েটের হেলথ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং পরে ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের নেতৃত্ব দিয়েছেন। তার নির্বাচনী প্রচারণার প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে সবার জন্য স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় এবং করপোরেট অর্থের রাজনৈতিক প্রভাব কমানো।   ইসরায়েল ও গাজা প্রশ্নেও তার অবস্থান ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার অনেক নেতার তুলনায় কঠোর। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন এবং ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার বিরোধিতা করেছেন। এসব অবস্থান তাকে প্রগতিশীল ভোটারদের মধ্যে সমর্থন এনে দিলেও মিশিগানের কিছু ইহুদি ভোটারের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।   এল-সায়েদের প্রাইমারি জয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতারা তার পক্ষে অবস্থান নিতে শুরু করেছেন। সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং প্রাইমারিতে পরাজিত হ্যালি স্টিভেন্সও সাধারণ নির্বাচনে তাকে সমর্থন করেছেন।   এখন এল-সায়েদের সামনে বড় পরীক্ষা নভেম্বরে। প্রাইমারিতে প্রগতিশীল ভোটারদের সমর্থন নিয়ে জয়ী হলেও সাধারণ নির্বাচনে তাকে ডেমোক্র্যাট, স্বতন্ত্র এবং মধ্যপন্থী ভোটারদের আরও বড় অংশের সমর্থন নিশ্চিত করতে হবে। হাসান পাইকারকে ঘিরে চলমান বিতর্ক সেই প্রচারণায় কতটা প্রভাব ফেলবে, সেটিও এখন মিশিগানের সিনেট নির্বাচনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ ২:৩৮