- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার কুয়েতে অবস্থিত একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন শ্রমিক নিহত হয়েছেন। হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনীর সদর দপ্তর। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত একটি চীনা প্রতিষ্ঠানের ভবন ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ভবনের একজন কর্মী নিহত হন এবং স্থাপনাটির উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল, দমকল বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ চলছে। এই হামলার কয়েক ঘণ্টা আগেই জর্ডান জানায়, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানোর ঘোষণা দেয়। এরপরই কুয়েতে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। কুয়েতে চীনা প্রতিষ্ঠানের স্থাপনা লক্ষ্যবস্তু হওয়া সংঘাতের নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে। এ ঘটনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সংঘাতে আরও দেশ জড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। নিহত ব্যক্তির পরিচয়ও কুয়েতের কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দেশের পররাষ্ট্রনীতি কোনো একটি দেশকে কেন্দ্র করে পরিচালিত হয় না; বরং জাতীয় স্বার্থই বাংলাদেশের সব কূটনৈতিক সম্পর্কের মূল ভিত্তি। তিনি জোর দিয়ে বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার নীতি বাংলাদেশ অনুসরণ করে না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “বাংলাদেশের সঙ্গে তো শুধু একটি দেশের নয়, বহু দেশের সম্পর্ক আছে। এটা স্ত্রী এবং সতীনের মধ্যে মারামারি নয়। এটি স্বার্থের ভিত্তিতে সম্পর্ক। যেখানে আমাদের জাতীয় স্বার্থ থাকবে, আমরা সেখানেই এগিয়ে যাব।” চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উদ্বেগের প্রসঙ্গে তিনি বলেন, কূটনীতিতে বাংলাদেশ কোনো অনুমান বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না। বাস্তবতা এবং পারস্পরিক স্বার্থই দেশের পররাষ্ট্রনীতির চালিকাশক্তি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এক দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের জন্য ক্ষতির কারণ—এমন ‘জিরো-সাম গেম’ দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ বিশ্বাস করে না। আমরা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে চাই।” তিনি জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরও ইতিবাচক ফল বয়ে আনবে বলে সরকার আশাবাদী। খলিলুর রহমান আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় চলছে। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়াই সরকারের কূটনৈতিক প্রচেষ্টার প্রধান লক্ষ্য। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতির আলোকে পররাষ্ট্রনীতি পরিচালনা করে আসছে। সাম্প্রতিক বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্যেও সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রধান অংশীদার দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করছে।
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচন সামনে রেখে রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণায় আবারও সক্রিয় হচ্ছেন বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা ইলন মাস্ক। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তার রাজনৈতিক তহবিল ‘আমেরিকা প্যাক’ পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় সাধারণত কম ভোটার উপস্থিতি হয় এমন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকান সমর্থকদের ভোটকেন্দ্রে আনাই হবে এই প্রচারণার মূল লক্ষ্য। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ, ডিজিটাল বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং ডাকযোগে প্রচারণাসহ বিভিন্ন কৌশল গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। বিশেষভাবে এমন রক্ষণশীল ভোটারদের লক্ষ্য করা হবে, যারা সাধারণত প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য নির্বাচনে ভোট দিতে আগ্রহী হন না। রিপাবলিকানদের ভোটার উপস্থিতি বাড়াতে আমেরিকা প্যাক অন্যান্য সহযোগী সংগঠনের সঙ্গেও সমন্বয় করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পপন্থী প্রচারণায় আমেরিকা প্যাক ২৬০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছিল। ওই নির্বাচনী চক্রে মাস্ক ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ব্যক্তিগত রাজনৈতিক দাতাদের একজন। তবে এবার তিনি কত অর্থ ব্যয় করবেন, সে বিষয়ে তার প্রতিনিধিরা নির্দিষ্ট কোনো তথ্য দেননি। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের ব্যয়সংকোচন কর্মসূচি ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই)-এর নেতৃত্বও দিয়েছিলেন। পরে সরকারি ব্যয় এবং নীতিগত নানা বিষয়ে মতবিরোধের জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের সম্পর্কের উন্নতি হয়েছে এবং রিপাবলিকানদের নির্বাচনী প্রচেষ্টায় মাস্ক আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে বিপুল অর্থ, তথ্যভিত্তিক প্রচারণা এবং ভোটার সংগঠনে আমেরিকা প্যাকের কার্যক্রম গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে আসন্ন মিডটার্ম নির্বাচনকে ঘিরে মাস্কের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলাকালে ভারত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির নতুন এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই। তবে এ অভিযোগের বিষয়ে ভারত সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত পাঠানো চালানগুলোর মধ্যে ছিল মেশিনগানের যন্ত্রাংশ, ১৫৫ মিলিমিটার কামানের গোলা, ড্রোনের ওয়ারহেড, সাঁজোয়া যানের উপাদান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। অ্যামনেস্টির দাবি, এসব চালানের মধ্যে প্রায় ৫ লাখ ৬৫ হাজার বিস্ফোরক অস্ত্রের যন্ত্রাংশ এবং প্রায় ৩ লাখ ৯১ হাজার ছোট অস্ত্রের যন্ত্রাংশ অন্তর্ভুক্ত ছিল। অ্যামনেস্টি বলেছে, তারা উন্মুক্ত বাণিজ্য তথ্য ও অন্যান্য তথ্য-উপাত্ত রক্ষণশীল পদ্ধতিতে বিশ্লেষণ করেছে। ফলে প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার চেয়েও ভারতের প্রকৃত সামরিক সরঞ্জাম সরবরাহের পরিমাণ বেশি হতে পারে বলে সংস্থাটির ধারণা। প্রতিবেদনে ভারতের নয়টি কোম্পানি এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশনা ও আন্তর্জাতিক মানবিক আইন বিবেচনায় ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহায়তার শামিল হতে পারে। তিনি দেশগুলোর প্রতি সংঘাতপূর্ণ এলাকায় অস্ত্র সরবরাহের বিষয়ে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান। প্রসঙ্গত, গাজা যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিয়ে একাধিক দেশের নীতির সমালোচনা করে আসছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সরকার ও প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক অব্যাহত রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে অ্যামনেস্টির সর্বশেষ অভিযোগের বিষয়ে নয়াদিল্লির আনুষ্ঠানিক অবস্থান এখনও প্রকাশ করা হয়নি।
এখনও অসমাপ্ত টার্মিনালটির ব্যয় ধাপে ধাপে বাড়ানোর মধ্য দিয়ে পরিকল্পিতভাবে এই লুটপাট চালানো হয়েছে বলে টাইমস অব বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠান, আমলা, রাজনীতিক ও ব্যবসায়ীদের একটি চক্র অতিরিক্ত অর্থ পরিশোধ, জাল বিল-ভাউচার, পণ্যের দাম বাড়িয়ে দেখানো, অনুমোদনহীন ব্যয় এবং সরকারি ক্রয়বিধির স্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে জাপানি অর্থায়নের প্রকল্পটি থেকে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে টাইমস প্রায় ৬ হাজার পৃষ্ঠার চুক্তিপত্র, বিল, ভেরিয়েশন আদেশ, নিরীক্ষা প্রতিবেদন, ঋণ ও প্রকল্পসংক্রান্ত নথি বিশ্লেষণ করেছে। এতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকারের আমলেও রাষ্ট্রের অর্থ আত্মসাতের একই ধরনের ধারাবাহিকতা পাওয়া গেছে। ২০১৭ সালে আওয়ামী লীগ সরকার তৃতীয় টার্মিনাল নির্মাণে ১৩ হাজার ৬১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে। এর মধ্যে ভ্যাট, কর ও শুল্ক বাদে মূল প্রকল্প ব্যয় ছিল ৯ হাজার ১৭০ কোটি টাকা। শেখ হাসিনার সরকারের সময় প্রকল্পটি প্রথম সংশোধন করা হয়। পরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন আবারও সংশোধন করলে মোট ব্যয় বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি টাকা। শুধু মূল প্রকল্প ব্যয়ই বেড়েছে ৭ হাজার ৫৫ কোটি টাকা, যার প্রায় পুরোটাই লুটপাটে গেছে। প্রকল্প থেকে লুট হওয়া অর্থের মধ্যে জাপানি ও দক্ষিণ কোরীয় ঠিকাদাররা অন্তত ৬ হাজার ১০০ কোটি টাকা অতিরিক্ত নিয়েছে। বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব অতিরিক্ত অর্থ পরিশোধে সহায়তা করে। পাশাপাশি দেশীয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে মিলে আরও ২ হাজার কোটি টাকার বেশি আত্মসাতে ভূমিকা রেখেছে রাষ্ট্রীয় সংস্থাটি। একটি সরকারি নিরীক্ষায় ৬ হাজার ৩২৩ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। টাইমসের অনুসন্ধানে এর বাইরে আরও ২ হাজার ১১৮ কোটি টাকার অনিয়ম শনাক্ত হয়েছে।পুরো প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) বিতর্কিত সিদ্ধান্ত ও কাজগুলোকে সমর্থন দিয়ে লুটপাট আড়াল করেছে বলে নথিতে দেখা গেছে। পাশাপাশি আন্তর্জাতিক পরামর্শক কনসোর্টিয়ামের অবহেলায় প্রকল্পের ব্যয় ও মেয়াদ আরও বেড়েছে। আত্মসাৎ ঠেকানোর পরিবর্তে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে প্রকল্পটি সংশোধন করে। এসময় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই আগে ব্যয় করা ৩ হাজার ২৬৭ কোটি টাকা এই প্রকল্পে অন্তর্ভুক্ত করে। বর্তমান বিএনপি সরকার ঠিকাদার প্রতিষ্ঠানের জন্য আরও ১ হাজার ৭৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে। তদন্তে দেখা গেছে, প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রতিটি ধাপই চক্রটিকে অর্থ লুটের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে সাজানো হয়েছিল।এর পরিণতি ইতোমধ্যে রাষ্ট্রের হারানো অর্থের মধ্যেই সীমাবদ্ধ নেই। জাইকার অর্থায়নে নেওয়া ঋণের দায় এখন করদাতাদের বহন করতে হবে। অথচ বেবিচকের কর্মকর্তাদের মধ্যেই প্রশ্ন রয়েছে, এখনও অব্যবহৃত পড়ে থাকা টার্মিনালটি প্রতিশ্রুত যাত্রীসেবা দিতে বা প্রত্যাশিত রাজস্ব আয় করতে পারবে কি না। জাপানের সরকারি উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় জাইকা প্রকল্পটিতে অর্থায়ন করছে। বাংলাদেশ সরকার বাকি অর্থ দিচ্ছে। নির্মাণকাজের ঠিকাদার নিযুক্ত করা হয় এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামকে (এডিসি)। এটি জাপানের মিতসুবিশি করপোরেশন ও ফুজিতা করপোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশনের যৌথ উদ্যোগ। তদারকির দায়িত্ব দেওয়া হয় এনওসিডি জয়েন্ট ভেঞ্চারকে, যার সদস্য নিপ্পন কোয়েই, ওসি গ্লোবাল, সিপিজি ও ডিডিসি। প্রকল্পের আওতায় রয়েছে তৃতীয় যাত্রী টার্মিনাল, ট্যাক্সিওয়ে, উড়োজাহাজ পার্কিংয়ের অ্যাপ্রন, আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল, উড়াল সংযোগ সড়ক এবং বহুতল গাড়ি পার্কিং ভবন নির্মাণ। নথিতে দেখা গেছে, উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের আগেই অর্থায়ন, পরামর্শক নিয়োগ, বাস্তবায়ন ও ব্যয়সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল। এরপর পরিকল্পিত অব্যবস্থাপনা ও কৌশলগত বিলম্বের মাধ্যমে প্রকল্পটি দীর্ঘায়িত করা হয়। এতে বারবার কাজ পরিবর্তন, নতুন দর এবং অতিরিক্ত অর্থ পরিশোধের সুযোগ তৈরি হয়। আপত্তি উঠলে আগে নেওয়া সিদ্ধান্তকে বৈধতা দিতে পরে ব্যাখ্যা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত সংগ্রহ করা হয়। চুক্তিতে থাকা সুরক্ষাব্যবস্থাও বারবার পাশ কাটানো হয়েছে। টাইমসের সংগ্রহ করা নথিতে প্রকল্প পরিচালক, বেবিচকের কর্মকর্তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রকৌশলী, দেশি-বিদেশি পরামর্শক এবং ঠিকাদারের দায় পাওয়া গেছে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আর অনিয়মে যুক্ত অধিকাংশ কর্মকর্তা এখনও রয়েছেন প্রকল্পটির তদারকিতে। দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও এই বিপুল অনিয়ম ও দুর্নীতির কোনো তদন্ত শুরু করেনি। নথিতে দেখা গেছে, সরকারি নিরীক্ষা সংস্থাগুলো এই প্রকল্পের অনিয়ম উদ্ঘাটনের আগ পর্যন্ত বেবিচক নীরব ছিল। পরে ঠিকাদার প্রতিষ্ঠান এডিসিকে অতিরিক্ত দেওয়া ৬ হাজার ১০০ কোটি টাকা ফেরত চেয়ে দাবি তোলে বেবিচক। কিন্তু ততদিনে চুক্তিতে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যায়। জাপানের সরকারি উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় জাইকা প্রকল্পটিতে অর্থায়ন করছে। বাংলাদেশ সরকার বাকি অর্থ দিচ্ছে। নির্মাণকাজের ঠিকাদার নিযুক্ত করা হয় এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামকে (এডিসি)। এটি জাপানের মিতসুবিশি করপোরেশন ও ফুজিতা করপোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশনের যৌথ উদ্যোগ। তদারকির দায়িত্ব দেওয়া হয় এনওসিডি জয়েন্ট ভেঞ্চারকে, যার সদস্য নিপ্পন কোয়েই, ওসি গ্লোবাল, সিপিজি ও ডিডিসি। প্রকল্পের আওতায় রয়েছে তৃতীয় যাত্রী টার্মিনাল, ট্যাক্সিওয়ে, উড়োজাহাজ পার্কিংয়ের অ্যাপ্রন, আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল, উড়াল সংযোগ সড়ক এবং বহুতল গাড়ি পার্কিং ভবন নির্মাণ। "নথিতে দেখা গেছে, উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের আগেই অর্থায়ন, পরামর্শক নিয়োগ, বাস্তবায়ন ও ব্যয়সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল। এরপর পরিকল্পিত অব্যবস্থাপনা ও কৌশলগত বিলম্বের মাধ্যমে প্রকল্পটি দীর্ঘায়িত করা হয়। এতে বারবার কাজ পরিবর্তন, নতুন দর এবং অতিরিক্ত অর্থ পরিশোধের সুযোগ তৈরি হয়। আপত্তি উঠলে আগে নেওয়া সিদ্ধান্তকে বৈধতা দিতে পরে ব্যাখ্যা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত সংগ্রহ করা হয়। চুক্তিতে থাকা সুরক্ষাব্যবস্থাও বারবার পাশ কাটানো হয়েছে। টাইমসের সংগ্রহ করা নথিতে প্রকল্প পরিচালক, বেবিচকের কর্মকর্তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রকৌশলী, দেশি-বিদেশি পরামর্শক এবং ঠিকাদারের দায় পাওয়া গেছে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আর অনিয়মে যুক্ত অধিকাংশ কর্মকর্তা এখনও রয়েছেন প্রকল্পটির তদারকিতে।"
দেশের দীর্ঘদিনের সিভিল মামলার জট কমাতে সম্পত্তি হস্তান্তর আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, নতুন প্রস্তাব অনুযায়ী বাবা-মা জীবদ্দশায় নিজেদের ভোগদখলের অধিকার (জীবনস্বত্ব) অক্ষুণ্ণ রেখেই সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। এতে পারিবারিক বিরোধ কমবে এবং সম্পত্তি-সংক্রান্ত মামলা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে সরকারের প্রত্যাশা। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়, ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট) ও ব্র্যাকের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সিভিল আদালতগুলোর অধিকাংশ মামলাই সম্পত্তির বণ্টন, মালিকানা ও হিসাব-নিকাশ নিয়ে। এ বাস্তবতা বিবেচনায় ট্রান্সফার অব প্রপার্টি আইনে সংশোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে মুসলিম আইনে ‘হেবা’ করার পর সম্পত্তির মালিকানা সঙ্গে সঙ্গে হস্তান্তর হয়ে যায়। ফলে অনেক বাবা-মা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পুরোপুরি সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। পরবর্তীতে সন্তানরা দায়িত্ব পালন না করলে তাদের অসহায় অবস্থায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে সরকার ‘গিফট’ বা দান সংক্রান্ত আইনি বিধান আরও কার্যকর করার উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থায় সম্পত্তি সন্তানের নামে হস্তান্তর করা হলেও বাবা-মা জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখলের পূর্ণ অধিকার রাখবেন। তাদের সম্মতি ছাড়া সম্পত্তি বিক্রি করা যাবে না। আবার বিশেষ প্রয়োজনে, যেমন চিকিৎসার খরচ মেটাতে সম্পত্তি বিক্রির দরকার হলে জেলা জজের অনুমতির মাধ্যমে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখা হবে। আইন উপদেষ্টা বলেন, ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে বিদ্যমান আইনি কাঠামো আরও বিস্তৃত করার চিন্তা করা হচ্ছে। এতে পারিবারিক বিরোধ কমবে এবং ভবিষ্যতে নতুন সম্পত্তি-সংক্রান্ত মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মামলার জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বা মধ্যস্থতা ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষায়, আদালতে বিচারাধীন ও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর মধ্যে যেগুলো মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উপযোগী, সেগুলো সংশ্লিষ্ট বিচারকরা লিগ্যাল এইডের মধ্যস্থতা কমিটির কাছে পাঠালে দ্রুত সমাধান সম্ভব হবে। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। এ ছাড়া বিচারব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে আইনজীবী, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে সুনির্দিষ্ট গবেষণা ও আইনি সংস্কারের প্রস্তাবও আহ্বান করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, প্রয়োজন হলে আইন সংশোধনের মাধ্যমে জনগণের ভোগান্তি কমাতে সরকার উদ্যোগ নেবে। অনুষ্ঠানে বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ সম্পর্কেও কথা বলেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি জানান, অভিযোগটি সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করা হবে। তিনি আরও বলেন, অভিযোগকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যারা বর্তমানে হেফাজতে রয়েছেন, তাদের মধ্যে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা পাওয়ার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আইন উপদেষ্টা বলেন, বিচারব্যবস্থার আধুনিকায়ন, মামলা কমানো এবং জনগণকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের মোবাইল ফোন ব্যবহার আরও সীমিত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কারণ, সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থান, হামলার ফলাফল এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে সহায়তা করছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ চিঠিতে এ তথ্য উঠে এসেছে। চিঠিতে অ্যাডমিরাল কুপার বলেন, যুদ্ধক্ষেত্রে সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও, সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ব্যবহার করে ইরান প্রায় তাৎক্ষণিকভাবে তাদের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে পারছে। এতে পরবর্তী হামলা আরও নিখুঁতভাবে চালানোর সুযোগ তৈরি হচ্ছে এবং মার্কিন সেনা ও মিত্র দেশগুলোর বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। রয়টার্সের সঙ্গে কথা বলা বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটিতে মোতায়েন সেনাদের কাছ থেকে শিগগিরই মোবাইল ফোন জমা নেওয়া হতে পারে। যদিও সেন্টকম এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেনি। তাদের ভাষ্য, এটি মূলত সেনাদের অপারেশনাল নিরাপত্তা (অপসেক) আরও জোরদার করার একটি সতর্কবার্তা। প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় এক মার্কিন সেনা মেটা স্মার্ট গ্লাস ব্যবহার করে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিতে কুপার উল্লেখ করেন, এ ধরনের ভিডিও থেকে হামলার লক্ষ্যবস্তু, সেনাদের আশ্রয়স্থল এবং প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে মূল্যবান তথ্য সংগ্রহ করা সম্ভব। মার্কিন সামরিক বাহিনী দীর্ঘদিন ধরেই যুদ্ধক্ষেত্রে মোবাইল ফোন, জিপিএস তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সেই উদ্বেগ আরও বেড়েছে। সেনা সদস্যদের অনলাইন কার্যক্রম প্রতিপক্ষের জন্য গোয়েন্দা তথ্যের উৎস হয়ে উঠতে পারে বলে সামরিক কর্মকর্তারা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে কঠোর গর্ভপাত নিষেধাজ্ঞার কারণে গর্ভপাতের (মিসক্যারেজ) জটিলতায় আক্রান্ত এক নারী সময়মতো চিকিৎসা না পাওয়ায় প্রাণসংকটে পড়েছিলেন। অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকার এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালে ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা এমিলি ওয়ালডর্ফ গুরুতর জটিলতায় হাসপাতালে ভর্তি হলেও ভ্রূণের হৃদস্পন্দন চলমান থাকায় চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে গর্ভাশয় খালি করতে পারেননি। আরকানসাসের গর্ভপাত আইন ভঙ্গের আশঙ্কায় তাঁকে কয়েক দিন অপেক্ষা করতে হয়, যা তাঁর জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করে। প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকেরা এমিলি ও তাঁর পরিবারকে জানান, জরায়ুর মুখ খুলে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি দ্রুত বাড়ছিল এবং চিকিৎসাবিজ্ঞানের প্রচলিত পদ্ধতি অনুযায়ী দ্রুত গর্ভাশয় খালি করা প্রয়োজন ছিল। কিন্তু অঙ্গরাজ্যের আইন এবং ফৌজদারি শাস্তির আশঙ্কায় হাসপাতাল সেই চিকিৎসা দিতে পারেনি। পরিবারের সদস্যরা গভর্নরের দপ্তরেও যোগাযোগ করেন, তবে সেখান থেকেও কোনো সমাধান মেলেনি। পরিস্থিতির অবনতি হওয়ার পর এমিলিকে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে কানসাসে নেওয়া হয়, যেখানে গর্ভপাত বৈধ। সেখানে চিকিৎসকেরা তাঁর জীবন রক্ষার জন্য জরুরি চিকিৎসা দেন। তবে চিকিৎসকদের মতে, দীর্ঘ বিলম্বের কারণে তাঁর অতিরিক্ত রক্তক্ষরণসহ জটিলতা বেড়ে যায়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ডবস রায়ের পর আরকানসাসে প্রায় সব ধরনের গর্ভপাত নিষিদ্ধ হয়। কেবল মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে সীমিত ব্যতিক্রম রাখা হলেও, চিকিৎসকেরা বলছেন আইনের ভাষা স্পষ্ট না হওয়ায় অনেক হাসপাতাল ঝুঁকি এড়াতে জরুরি পরিস্থিতিতেও চিকিৎসা দিতে দ্বিধায় পড়ে। প্রোপাবলিকার অনুসন্ধানে আরকানসাসের একাধিক চিকিৎসক একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন। এমিলি ওয়ালডর্ফ বর্তমানে আরকানসাসের গর্ভপাত নিষেধাজ্ঞার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদীদের একজন। মামলায় দাবি করা হয়েছে, বর্তমান আইন জরুরি চিকিৎসাসেবা ব্যাহত করছে এবং রোগীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। অন্যদিকে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্সের কার্যালয় জানিয়েছে, অঙ্গরাজ্য আদালতে বিদ্যমান গর্ভপাত আইনকে সমর্থন ও রক্ষায় অবস্থান অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্রকে এআই প্রযুক্তিতে বিশ্বনেতৃত্বের অবস্থানে রাখতে পুরোনো পারমাণবিক স্থাপনাগুলোকে নতুনভাবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সাবেক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও জ্বালানি বিভাগের মালিকানাধীন কিছু স্থানে বিশাল আকারের এআই ডেটা সেন্টার এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো গড়ে তোলা হবে। সাম্প্রতিক ঘোষণায় কেনটাকির প্যাডুকাহে অবস্থিত একটি সাবেক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের স্থানে প্রায় ১০০ বিলিয়ন ডলারের একটি এআই ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ব্রুকফিল্ড ও নেক্সটএরা এনার্জি। এতে বড় আকারের ডেটা সেন্টারের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ব্যাটারি স্টোরেজ সুবিধাও থাকবে। প্রথম ধাপ ২০২৮ সালে চালু এবং পুরো প্রকল্প ২০৩২ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিপুল পরিমাণ নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। সে কারণেই বিদ্যমান ফেডারেল জমি ও অবকাঠামো ব্যবহার করে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, এতে নতুন জমি অধিগ্রহণের প্রয়োজন কমবে এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে। এর আগে ট্রাম্প একটি নির্বাহী আদেশে জ্বালানি বিভাগকে নির্দেশ দেন, ফেডারেল মালিকানাধীন বিভিন্ন স্থানে উন্নত পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে এআই অবকাঠামোর জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে। পাশাপাশি সামরিক ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট স্থাপনায়ও উন্নত পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনা নিয়ে বিতর্কও রয়েছে। পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, বড় আকারের ডেটা সেন্টার নির্মাণে বিদ্যুৎ, পানি ও পরিবেশের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। অন্যদিকে প্রশাসনের দাবি, প্রকল্পগুলো মূলত বেসরকারি বিনিয়োগে বাস্তবায়িত হবে এবং এর ব্যয় সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হবে না।
মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে আগের বিস্তৃত আমদানি শুল্ক বাতিল হওয়ার পরও নতুন শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ভিন্ন আইনি ভিত্তি ব্যবহার করে নতুন করে শুল্ক কার্যকর করার পথে এগোচ্ছে তাঁর প্রশাসন। এতে আবারও বৈশ্বিক বাণিজ্য ও যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এবার ট্রাম্প প্রশাসন ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় নতুন শুল্ক আরোপ করছে। প্রশাসনের দাবি, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, তাদের পণ্যের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানো হবে। এই শুল্ক ৬০টি বাণিজ্য অংশীদারকে প্রভাবিত করবে, যা যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ শতাংশেরও বেশি অংশকে অন্তর্ভুক্ত করে। এর আগে সুপ্রিম কোর্ট জরুরি ক্ষমতা ব্যবহার করে আরোপ করা ট্রাম্পের ব্যাপক শুল্ককে আইনসম্মত নয় বলে রায় দেয়। আদালতের ওই সিদ্ধান্তের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি বিদ্যমান কিছু শুল্ক বাড়াবেন এবং প্রয়োজনে নতুন আইনি কাঠামো ব্যবহার করে আবারও শুল্ক আরোপ করবেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে নতুন শুল্ক নিয়েও বিতর্ক শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদদের একাংশের আশঙ্কা, নতুন শুল্কের প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়তে পারে এবং বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, নতুন শুল্ক এবার ভিন্ন আইনের আওতায় আরোপ করা হলেও তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ইতোমধ্যে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান নতুন শুল্কের বৈধতা নিয়ে মামলা করেছে। ফলে বিষয়টি শেষ পর্যন্ত আবারও আদালতে গড়ানোর সম্ভাবনা রয়েছে।
শিশু নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর টানা ৩৩ বছর আত্মগোপনে থাকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক পলাতক আসামিকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আটক হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। এখন তিনি আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকরের মুখোমুখি হচ্ছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ৬৬ বছর বয়সী ড্যানিয়েল জর্জ ব্রিউস্টার ১৯৯২ সালে অ্যারিজোনার পিমা কাউন্টিতে শিশু নিপীড়নের ১৫টি অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হন। তবে রায় ঘোষণার আগেই তিনি পালিয়ে যান। এরপর তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশে পরিচয় গোপন করে বসবাস করেন। তদন্তে জানা যায়, ১৯৮৪ থেকে ১৯৯১ সালের মধ্যে টাকসনে তিনি পরিচালিত একটি ডে-কেয়ার সেন্টারে ৪ থেকে ৯ বছর বয়সী একাধিক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। দীর্ঘ তদন্ত শেষে আদালত তার অনুপস্থিতিতেই তাকে দোষী সাব্যস্ত করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ১৫৫ থেকে ২৮১ বছরের কারাদণ্ড হতে পারে। মার্কিন ইউএস মার্শালস সার্ভিস জানিয়েছে, ব্রিউস্টার দীর্ঘদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ভুয়া পরিচয়ে বসবাস করছিলেন। তিনি জাল কাগজপত্র ব্যবহার করে নিজেকে মেক্সিকোর নাগরিক হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে। এফবিআই, ইউএস মার্শালস সার্ভিস, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত অভিযানে চলতি বছরের জুনে তাকে আটক করা হয়। পরে তাকে অ্যারিজোনায় ফিরিয়ে এনে আদালতের আওতায় নেওয়া হয়। মার্কিন ইউএস মার্শাল ফর দ্য ডিস্ট্রিক্ট অব অ্যারিজোনা ভ্যান বেইলেস এক বিবৃতিতে বলেন, এই গ্রেপ্তার প্রমাণ করেছে যে স্থানীয়, ফেডারেল ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘদিন পলাতক থাকা আসামিকেও আইনের আওতায় আনা সম্ভব। পিমা কাউন্টির অ্যাটর্নি লরা কনোভার বলেন, কয়েক দশক অপেক্ষার পর ভুক্তভোগীরা অন্তত এই নিশ্চয়তা পেলেন যে অভিযুক্ত ব্যক্তি আর কখনো শিশুদের জন্য হুমকি হয়ে উঠতে পারবেন না।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্রুজ উপকূলে উত্তাল ঢেউয়ের মধ্যে ভেসে গিয়ে মৃত্যুর মুখে পড়েছিল ১০ বছর বয়সী এক শিশু। সেই সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ঝাঁপ দেন ১৬ বছর বয়সী এক নবীন লাইফগার্ড। টানা কয়েক মিনিট ঢেউয়ের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত শিশুটিকে নিরাপদে তীরে ফিরিয়ে আনেন তিনি। ঘটনাটি ভিডিওতে ধারণ হওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শনিবার সান্তা ক্রুজের সিব্রাইট স্টেট বিচে হঠাৎ করে সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। সেই সময় শিশুটি ঢেউয়ের তোড়ে তীর থেকে দূরে সরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে ক্যালিফোর্নিয়া স্টেট পার্কসের ১৬ বছর বয়সী লাইফগার্ড রাইডার উইলিয়ামস দ্রুত পানিতে নেমে শিশুটিকে আঁকড়ে ধরেন। বিশাল ঢেউ বারবার দুজনকে তলিয়ে নেওয়ার চেষ্টা করলেও তিনি শিশুটির হাত ছাড়েননি। পরে আরেকজন লাইফগার্ড এসে তাদের তীরে তুলতে সহায়তা করেন। উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসকদের কাছে নেওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তার গুরুতর কোনো আঘাত লাগেনি। ঘটনার পর শিশুটির বাবা মার্কিন সংবাদমাধ্যম এবিসি৭-কে বলেন, উদ্ধার হওয়ার পর তাঁর ছেলে জানিয়েছে, সে ভেবেছিল আর বাঁচবে না। ছেলের এমন কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং লাইফগার্ডদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে রাইডার উইলিয়ামসের বাবা, যিনি একজন অবসরপ্রাপ্ত অগ্নিনির্বাপক কর্মী, বলেন, ছেলের সাহসিকতায় তিনি গর্বিত। তবে রাইডারের ভাষ্য, তিনি শুধু নিজের দায়িত্ব পালন করেছেন এবং ওই পরিস্থিতিতে অন্য যেকোনো লাইফগার্ডও একই কাজ করতেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সপ্তাহান্তে সান্তা ক্রুজ উপকূলে অস্বাভাবিক উচ্চ ঢেউ ও বিপজ্জনক স্রোতের কারণে অন্তত ৩৪টি উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছে। এ কারণে সমুদ্রসৈকতে সতর্কতা জারি করা হয়েছিল এবং সাধারণ মানুষকে উত্তাল পানিতে নামতে নিরুৎসাহিত করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাইডার উইলিয়ামসের সাহসিকতার প্রশংসা করছেন বহু মানুষ। তাঁর এই উদ্ধার অভিযানকে অনেকেই পেশাদারিত্ব ও অসাধারণ উপস্থিত বুদ্ধির উদাহরণ হিসেবে দেখছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের পাঁচ উপজেলায় দুই দিনের পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, এপিবিএন, সাদা পোশাকের সদস্যদের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। কর্মসূচির সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পদযাত্রা শেষে সমাবেশ করবে দলটি। এছাড়া বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা এলাকা ও এতিমগঞ্জ বাজারে পথসভারও আয়োজন করা হয়েছে। এনসিপি জানিয়েছে, কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। এনসিপির নেতাদের অভিযোগ, একটি পক্ষ তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাদের দাবি, ছাত্রদলের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিচ্ছেন এবং সরকারবিরোধী বক্তব্য দিলে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন। তবে এসব অভিযোগ নাকচ করেছেন ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ। তিনি বলেন, ছাত্রদল শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে। কেউ উসকানিমূলক বক্তব্য দিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এনসিপির কর্মসূচিও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। সম্প্রতি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার পর সিলেটের কর্মসূচিকে ঘিরে উদ্বেগ বেড়েছে। এ প্রসঙ্গে দলের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার জুনেদ আহমদ বলেন, সিলেট সবসময় সম্প্রীতি ও রাজনৈতিক সহাবস্থানের জনপদ হিসেবে পরিচিত। তিনি আশা করেন, হবিগঞ্জের ঘটনার পুনরাবৃত্তি হবে না এবং প্রশাসন যেকোনো নাশকতার চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করবে। এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ বুরহান উদ্দিন ইউসুফ বলেন, কানাইঘাটের পদযাত্রা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তাঁর দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এটি বড় রাজনৈতিক সমাবেশে রূপ নিতে পারে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন বলেন, এনসিপির প্রতিটি কর্মসূচিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। অন্যদিকে, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী, স্টেডিয়ামভর্তি ভক্ত আর জনপ্রিয়তার শীর্ষে ওঠার বহু আগে আইশোস্পিডের সবচেয়ে বড় ভরসা ছিলেন তাঁর মা। ছোট্ট একটি ঘর থেকে অল্প কয়েকজন দর্শক নিয়ে ভিডিও বানানোর সময়ও ছেলের স্বপ্নকে ছাড়তে দেননি তিনি। আর সেই বিশ্বাসের প্রতিদান দিচ্ছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই স্ট্রিমার। ড্যারেন জেসন ওয়াটকিনস জুনিয়র, যিনি ‘আইশোস্পিড’ নামে পরিচিত, বিভিন্ন সাক্ষাৎকার ও লাইভস্ট্রিমে জানিয়েছেন, শৈশবে তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মা একাই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সন্তানদের বড় করেছেন। সে সময় ইউটিউবে ভিডিও বানিয়েও তেমন কোনো আয় হতো না, তবু ছেলের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াননি তিনি। মাত্র ২১ বছর বয়সেই আইশোস্পিড বিশ্বের সবচেয়ে পরিচিত অনলাইন কনটেন্ট নির্মাতাদের একজন। ইউটিউব লাইভস্ট্রিম, বিনোদনমূলক ভিডিও এবং বিভিন্ন ভাইরাল মুহূর্তের মাধ্যমে তিনি কোটি কোটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। বর্তমানে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা কয়েক কোটিতে পৌঁছেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, আইশোস্পিড তাঁর আয় থেকে মাকে প্রতি মাসে ১ লাখ মার্কিন ডলার করে দেন। তবে এ তথ্যের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নথি বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রকাশিত হয়নি। বিভিন্ন অনলাইন পোস্ট ও প্রতিবেদনেই এ দাবি উঠে এসেছে, কিন্তু অর্থের পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্যও প্রচারিত হয়েছে। তবে একটি বিষয় নিয়ে তেমন দ্বিমত নেই, আইশোস্পিড একাধিকবার প্রকাশ্যে বলেছেন, জীবনের কঠিন সময়ে পাশে থাকা মায়ের অবদান তিনি কখনো ভুলবেন না। তাঁর সাফল্যের পেছনে মায়ের উৎসাহ ও সমর্থনের কথা তিনি বিভিন্ন সময়ে তুলে ধরেছেন। অনেকের কাছে এই গল্প শুধু একজন জনপ্রিয় ইউটিউবারের সাফল্যের নয়, বরং কঠিন সময়ে সন্তানের পাশে থাকা একজন মায়ের বিশ্বাস এবং সেই বিশ্বাসের প্রতিদানের গল্প।
জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের ঝুঁকি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নগরজুড়ে বৃক্ষের আচ্ছাদন বাড়ানোর নতুন পরিকল্পনা নিয়েছে। গত আট বছরে ১০ লাখ গাছ রোপণের উদ্যোগের সুফল দৃশ্যমান হওয়ার পর এবার ২০৪০ সালের মধ্যে শহরের মোট ভূমির ৩০ শতাংশ এলাকাকে বৃক্ষাচ্ছাদনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে নগর কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটির কর্মকর্তাদের মতে, শহরের বিভিন্ন এলাকায় পরিণত বয়সে পৌঁছানো গাছগুলো এখন গ্রীষ্মের তীব্র গরম কমাতে ছায়া দিচ্ছে, বায়ুর মান উন্নত করছে এবং বাসিন্দাদের জন্য বসবাসের পরিবেশ আরও আরামদায়ক করে তুলছে। একই সঙ্গে বৃক্ষ শহরের বৃষ্টির পানি শোষণে সহায়তা করে জলাবদ্ধতার ঝুঁকি কমায় এবং নগর পরিবেশকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও সহনশীল করে তোলে। নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে নিউইয়র্কের প্রায় ২৩ শতাংশ এলাকা বৃক্ষাচ্ছাদনের আওতায় রয়েছে। নতুন ‘আরবান ফরেস্ট’ পরিকল্পনার লক্ষ্য হলো এই হার বাড়িয়ে ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করা। এজন্য নতুন গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান বড় গাছ সংরক্ষণ, নিয়মিত পরিচর্যা এবং ব্যক্তিমালিকানাধীন জমিতেও বৃক্ষ রোপণে উৎসাহ দেওয়া হবে। পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেই সব এলাকাকে, যেখানে গাছের সংখ্যা কম এবং তাপপ্রবাহের প্রভাব তুলনামূলক বেশি। বিশেষজ্ঞদের মতে, নিম্নআয়ের অনেক পাড়ায় পর্যাপ্ত বৃক্ষ না থাকায় সেসব এলাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হয়। তাই নতুন কর্মসূচিতে তাপঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নিউইয়র্ক সিটি পার্কস বিভাগের তথ্য অনুযায়ী, সংস্থাটি বর্তমানে শহরের পার্কে থাকা প্রায় ২০ লাখ গাছ এবং সড়কের পাশে থাকা আরও প্রায় ৬ লাখ ৬০ হাজার গাছের পরিচর্যা করে। ২০২৪ অর্থবছরে শহরে ১৮ হাজারের বেশি নতুন গাছ লাগানো হয়েছে, যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে অতিরিক্ত বিনিয়োগের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে সবচেয়ে তাপঝুঁকিপূর্ণ এলাকাগুলোর উপযুক্ত সব স্থানে নতুন গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে। নগর এলাকায় বৃক্ষের পরিমাণ বাড়ানো শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি তাপমাত্রা কমাতে, বায়ুদূষণ হ্রাসে, কার্বন শোষণে, জীববৈচিত্র্য রক্ষায় এবং জনস্বাস্থ্য উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন শহরে তাপপ্রবাহ বাড়তে থাকায় নিউইয়র্কের এই উদ্যোগকে ভবিষ্যৎ নগর পরিকল্পনার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এর সাবেক পরিচালক ড. অ্যান্থনি ফাউসিকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে সিনেটের একটি তদন্তমূলক শুনানি। রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটির সদস্যরা কোভিড-১৯ মহামারি মোকাবিলা, উহানের গবেষণাগারে যুক্তরাষ্ট্রের অর্থায়ন, সরকারি নীতিনির্ধারণ এবং কংগ্রেসে দেওয়া পূর্ববর্তী সাক্ষ্য নিয়ে একের পর এক কঠিন প্রশ্ন করেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই ফাউসি যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘ফিফথ অ্যামেন্ডমেন্ট’ বা আত্মঅভিযোগ এড়ানোর সাংবিধানিক অধিকার ব্যবহার করে সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানান। শুনানির শুরু থেকেই সবচেয়ে আক্রমণাত্মক অবস্থানে ছিলেন কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর র্যান্ড পল। দীর্ঘদিন ধরেই তিনি ফাউসির বিরুদ্ধে কোভিড-১৯-এর উৎস, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষণা এবং যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে আসছেন। এদিনও তিনি জানতে চান, উহানের গবেষণায় মার্কিন অর্থায়নের বিষয়ে ফাউসি কি কংগ্রেসকে বিভ্রান্ত করেছিলেন, কোভিড-১৯-এর উৎস সম্পর্কে জনগণকে ভুল তথ্য দেওয়া হয়েছিল কি না এবং তিনি পূর্ববর্তী সাক্ষ্যে সত্য গোপন করেছিলেন কি না। প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে ফাউসি একই অবস্থান নেন। তিনি বলেন, আইনজীবীর পরামর্শে তিনি ‘ফিফথ অ্যামেন্ডমেন্ট’-এর অধিকার ব্যবহার করছেন। ফলে এসব প্রশ্নের বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এরপর রিপাবলিকান সদস্যরা মহামারির সময় নেওয়া বিভিন্ন সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তাদের প্রশ্নের কেন্দ্রবিন্দু ছিল লকডাউন, স্কুল বন্ধ, মাস্ক ব্যবহারের নির্দেশনা, টিকা নীতি এবং জনস্বাস্থ্যবিষয়ক সরকারি বার্তা। তারা জানতে চান, এসব সিদ্ধান্তের ফলে যে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে ফাউসি কোনো ভুল স্বীকার করেন কি না। কিন্তু এসব প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি ফাউসি। তিনি বারবার একই সাংবিধানিক অধিকার ব্যবহার করে নীরব থাকেন। শুনানিতে রিপাবলিকান সিনেটর জশ হাওলি ফাউসির নীরবতার সীমা যাচাই করতে কয়েকটি অত্যন্ত সাধারণ প্রশ্নও করেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দিনের নাম, ফাউসির পরা টাইয়ের রং এবং শুনানিকক্ষের কার্পেটের রং সম্পর্কেও প্রশ্ন করেন। কিন্তু এসব প্রশ্নের ক্ষেত্রেও ফাউসি উত্তর না দিয়ে ‘ফিফথ অ্যামেন্ডমেন্ট’ ব্যবহার করেন। অন্য রিপাবলিকান সদস্য বার্নি মোরেনো মহামারির সময় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানতে চান, চাকরি হারানো মানুষ, ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসার মালিক কিংবা দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে ফাউসি ক্ষমা চাইবেন কি না। এসব প্রশ্নেরও কোনো সরাসরি জবাব দেননি সাবেক এই স্বাস্থ্য কর্মকর্তা। তবে শুনানির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে ফাউসি বলেন, বহু বছর ধরে তাকে আইনি ও রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা চলছে। তার ভাষ্য, চলমান পরিস্থিতিতে যেকোনো বক্তব্য ভবিষ্যতে আইনি জটিলতার কারণ হতে পারে। সে কারণেই তিনি আইনজীবীর পরামর্শে সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন। অন্যদিকে র্যান্ড পল দাবি করেন, ফাউসির নীরবতা জনস্বার্থে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব এড়িয়ে যাওয়ার শামিল। তার অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রি-এম্পটিভ ক্ষমার পরও ফাউসির ‘ফিফথ অ্যামেন্ডমেন্ট’ ব্যবহার করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি জানান, কমিটি ফাউসির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করবে। শুনানিতে রিপাবলিকান সদস্যদের মূল প্রশ্নগুলো ছিল উহান গবেষণাগারে যুক্তরাষ্ট্রের অর্থায়ন, ‘গেইন অব ফাংশন’ গবেষণা, কোভিড-১৯-এর সম্ভাব্য উৎস, মহামারির সময় সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং কংগ্রেসে দেওয়া পূর্ববর্তী সাক্ষ্যের সত্যতা নিয়ে। যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘ফিফথ অ্যামেন্ডমেন্ট’ অনুযায়ী, কোনো ব্যক্তি এমন বক্তব্য দিতে বাধ্য নন যা ভবিষ্যতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে। মার্কিন বিচারব্যবস্থায় এটি একটি প্রতিষ্ঠিত সাংবিধানিক অধিকার। তবে এই অধিকার ব্যবহার করা অপরাধ স্বীকার করার সমতুল্য নয়; বরং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়ানোর একটি সাংবিধানিক সুযোগ। দিনব্যাপী শুনানির সবচেয়ে আলোচিত বিষয় ছিল, গুরুত্বপূর্ণ প্রায় সব প্রশ্নেই ফাউসির একই অবস্থান। এতে শুনানি রাজনৈতিক ও আইনি দুই দিক থেকেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রিপাবলিকানরা এটিকে জবাবদিহি এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন, আর ফাউসির পক্ষের যুক্তি হলো, তিনি কেবল যুক্তরাষ্ট্রের সংবিধান প্রদত্ত একটি অধিকার প্রয়োগ করেছেন।
নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটস দীর্ঘদিন ধরেই বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি অভিবাসীদের অন্যতম প্রধান কেনাকাটার কেন্দ্র। এখানকার দক্ষিণ এশীয় গ্রোসারি দোকানগুলোতে প্রতিদিন হাজারো প্রবাসী পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার হয়। তবে গত এক বছরে খাদ্যপণ্য ও কাঁচাবাজারের দাম বেড়ে যাওয়ায় একই পরিমাণ অর্থে আগের তুলনায় কম পণ্য কিনতে পারছেন বলে জানাচ্ছেন অনেক ক্রেতা। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (ব্যুরো অফ ল্যাবর স্ট্যাটিসটিক্স ) সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউইয়র্ক-নিউয়ার্ক-জার্সি সিটি অঞ্চলে গত এক বছরে ভোক্তা মূল্যসূচক (CPI) বেড়েছে। একই সময়ে খাদ্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সামগ্রিক মূল্যস্ফীতির হার আগের তুলনায় কিছুটা কমলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও অনেক পরিবারের জন্য চাপের কারণ হয়ে রয়েছে। জ্যাকসন হাইটসের বিভিন্ন বাংলাদেশি ও দক্ষিণ এশীয় গ্রোসারি দোকানে চাল, ডাল, ডিম, দুধ, মাছ, মাংস, তেল, পেঁয়াজ, আলু, টমেটো ও অন্যান্য সবজির দাম দোকানভেদে কিছুটা ভিন্ন হলেও অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় বেশি। ফলে মাসিক বাজারের বাজেটও বেড়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী, প্রায় ১০০ ডলারের বাজেটে একটি পরিবারের জন্য ১০ পাউন্ড চাল, এক গ্যালন দুধ, এক ডজন ডিম, কয়েক পাউন্ড মুরগির মাংস, কিছু ডাল, সীমিত পরিমাণ সবজি, ফল এবং প্রয়োজনীয় কিছু মসলা কেনা সম্ভব। তবে এক বছর আগে একই অর্থে আরও বেশি পরিমাণ পণ্য কেনা যেত বলে ব্যবসায়ী ও ক্রেতাদের অভিজ্ঞতায় উঠে এসেছে। নিয়মিত বাজার পর্যালোচনা করেন তাদের মতে, মূল্যস্ফীতির হার কমে যাওয়ার অর্থ এই নয় যে বাজারদর আগের অবস্থায় ফিরে যাবে। বরং দাম বৃদ্ধির গতি কমলেও পণ্যের মূল্য সাধারণত উচ্চ অবস্থানেই থেকে যায়। এ কারণে ভোক্তারা এখনও উচ্চ বাজারদরের প্রভাব অনুভব করছেন। এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হারিগ বলেন, খুচরা বিক্রেতারা অনেক ক্ষেত্রে উচ্চ দামে কেনা পণ্যের মজুত শেষ না হওয়া পর্যন্ত দাম উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন না। ফলে পাইকারি বাজারে পরিবর্তন এলেও খুচরা বাজারে তার প্রভাব পৌঁছাতে সময় লাগে। একই প্রতিবেদনে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কৃষি ও সম্পদ অর্থনীতির অধ্যাপক মাইক ওয়ালডেন বলেন, মূল্যস্ফীতির হার কমলেও ভোক্তারা সাধারণত আগের দামে ফিরে যাওয়ার সুযোগ পান না। অধিকাংশ ক্ষেত্রেই দাম একটি নতুন উচ্চ স্তরে স্থিতিশীল হয়ে যায়। অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক সরবরাহব্যবস্থার ব্যয়, পরিবহন খরচ, শ্রম ব্যয় এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে খাদ্যপণ্যের দাম এখনও তুলনামূলকভাবে বেশি রয়েছে। ফলে জ্যাকসন হাইটসের অনেক প্রবাসী পরিবার এখন বাজার খরচ নিয়ন্ত্রণে রাখতে বড় প্যাকেটে পণ্য কেনা, বিভিন্ন দোকানের মূল্য তুলনা করা এবং সাপ্তাহিক ছাড়ের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছেন। তবুও অনেক পরিবারের মাসিক খাদ্য ব্যয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিউইয়র্কের এক বাংলাদেশি প্রবাসী আমেরিকা বাংলাকে বলেন, “এক বছর আগেও ৮০ ডলার দিয়ে মোটামুটি এক সপ্তাহের কাঁচাবাজার হয়ে যেত। এখন একই ধরনের কাঁচাবাজার করতে প্রায় ১৫০ ডলার লেগে যায়। তবে শুধু কাঁচাবাজার নয়, পরিবারের অন্যান্য নিয়মিত খরচও বেড়েছে। সব মিলিয়ে আমার চার সদস্যের পরিবারের মাসিক ব্যয় আগের তুলনায় প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ বেড়ে গেছে। চাল, ডাল, মাছ, মাংস, সবজি প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামই বেড়েছে। সংসারের বাজেট সামলানো এখন অনেক কঠিন হয়ে পড়েছে। অর্থনীতিবিদদের ধারণা, আগামী কয়েক মাসেও খাদ্যপণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও দ্রুত আগের স্তরে নেমে আসার সম্ভাবনা কম। তাই নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসী পরিবারকে উচ্চ বাজারদরের বাস্তবতার মধ্যেই তাদের মাসিক বাজেট পরিকল্পনা করতে হবে।
ইরানের কাছে চীন যদি অস্ত্র বিক্রি করে, তবে তা তাকে “খুবই হতাশ” করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানকে কাঁধে বহনযোগ্য ৩০০ থেকে ৪০০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে পারে। এই প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। সিএনএন ও রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই অস্ত্র চুক্তির আর্থিক মূল্য প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলার। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যদি এই খবর সত্য হয়, তাহলে আমি খুবই অবাক হব। কারণ প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে স্পষ্টভাবে আশ্বাস দিয়েছিলেন যে চীন এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবে না।” তিনি আরও বলেন, শি জিনপিং খুব ভালো করেই জানেন, এমন কিছু ঘটলে তিনি কতটা হতাশ হবেন। এর আগে সিএনএনের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে বলা হয়েছিল, ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের লক্ষ্যে বিদেশি অংশীদারদের সহায়তায় অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার চেষ্টা করছে। সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়, চীন তেহরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে চীনের দূতাবাস সে সময় এসব দাবি নাকচ করে দেয়। দূতাবাসের এক মুখপাত্র অভিযোগগুলোকে “সম্পূর্ণ অসত্য” বলে উল্লেখ করেন এবং চীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন। সর্বশেষ রয়টার্সের প্রতিবেদন এবং ট্রাম্পের প্রতিক্রিয়ার পর চীন ও ইরানের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বেইজিং বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অস্ত্র চুক্তির ঘোষণা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে রয়টার্সের প্রতিবেদনে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-কে অবমাননা করাকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনতে নতুন আইন প্রণয়নের পথে এগিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ বুধবার (২৯ জুলাই) রাজ্যসভায় কণ্ঠভোটে পাস হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলগুলোর ওয়াকআউটের মধ্যেই বিলটি পাস হয়। এখন এটি লোকসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতি মিললে বিলটি আইনে পরিণত হবে। বিলটি নিয়ে আলোচনার সময় রাজ্যসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী সদস্যরা নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে রাজধানীতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চললেও স্পিকার অধিবেশন চালিয়ে যান এবং সদস্যদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। পরে কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে বিলটির পক্ষে বক্তব্য দিতে উঠলে বিরোধী দলগুলো ওয়াকআউট করে। বিলের জবাবি বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে কংগ্রেস দেশের সম্মান এবং ‘বন্দে মাতরম’-কে অপমান করার চেষ্টা করছে। তার দাবি, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবী ও স্বাধীনতাসংগ্রামী মৃত্যুর আগে ‘বন্দে মাতরম’ উচ্চারণ করেছিলেন। তিনি আরও বলেন, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ার লক্ষ্যে ‘বন্দে মাতরম’-এর গুরুত্ব অপরিসীম। কংগ্রেস কেন এ সংগীতের বিরোধিতা করছে, তা তার বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রস্তাবিত সংশোধনী আইনে ভারতের জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-সহ জাতীয় প্রতীকগুলোর অবমাননা বা অসম্মানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনটি কার্যকর হলে এসব জাতীয় প্রতীক অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। এর আগে গত ২৪ জুলাই রাজ্যসভায় বিলটি উত্থাপন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো ‘বন্দে মাতরম’-কে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমান আইনি সুরক্ষা প্রদান করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিলটি এখনো আইনে পরিণত হয়নি। রাজ্যসভায় পাস হওয়ার পর এটি লোকসভার অনুমোদন এবং পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই নতুন আইন কার্যকর হবে।
আন্তর্জাতিক মানব পাচারবিরোধী দিবসে (৩০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের জন্য উদ্বেগজনক চিত্র। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশকারী দেশগুলোর তালিকায় আবারও শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ । শুধু ইতালি নয়, গ্রিসে সাগরপথে অভিবাসনেও নতুন রেকর্ড তৈরি করেছে দেশটি। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার স্ক্যাম, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মানবঢাল এবং নারী পাচারের মতো ঘটনা মানবপাচার সংকটকে ভয়াবহ আকার দিয়েছে। এ বছরের মার্চে লিবিয়ার তোবরুক থেকে গ্রিসের উদ্দেশে রওনা হওয়া একটি নৌকা দিক হারিয়ে ছয় দিন খাদ্য ও পানীয় ছাড়াই ভেসে থাকে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসানের তথ্য অনুযায়ী, ওই যাত্রায় অন্তত ১৮ জন বাংলাদেশি নিহত হন, যাদের ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন । পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয় । এরপরও থামেনি মৃত্যুযাত্রা। ব্র্যাকের গবেষণা বলছে, ইউরোপমুখী এসব অভিবাসীর বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছর। তারা মূলত মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার বাসিন্দা । ঢাকা থেকে মিসর, দুবাই বা তুরস্ক হয়ে তারা লিবিয়া পৌঁছান। গবেষণায় দেখা গেছে, ভালো কাজের প্রলোভন দেখানো হলেও ৭৫ শতাংশ কোনো কাজ পাননি। ৯৩ শতাংশ লিবিয়ায় ক্যাম্পে বন্দি ছিলেন, ৭৯ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং ৬৯ শতাংশ স্বাধীনভাবে চলাফেরার অধিকার হারিয়েছেন । জিম্মি করে পরিবারের কাছ থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত আদায়ের ঘটনাও রয়েছে । গত ছয় বছরে প্রায় ১৫ হাজার বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে । পাচারকারীরা এখন সামাজিক যোগাযোগমাধ্যম সক্রিয়ভাবে ব্যবহার করছে। ফেসবুকের শতাধিক গ্রুপে সাগরপথে ইতালিতে পৌঁছানো নৌকার ছবি ও যোগাযোগের তথ্য দিয়ে অন্যদের প্রলুব্ধ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামেও এমন গ্রুপ চালু রয়েছে । নতুন মানবপাচার আইন প্রণয়নের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধে আইনটি কার্যকর ভূমিকা রাখবে । ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার স্ক্যাম মানবপাচারের নতুন রূপ হয়ে উঠেছে। কম্পিউটার অপারেটর, কল সেন্টারসহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দিয়ে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক ও টেলিগ্রামে নিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। পরে চাকরিপ্রার্থীদের কম্বোডিয়া বা মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ডে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয় । জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ১৫ হাজার ৯২১ জন বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে কম্বোডিয়ায় গেছেন, যাদের অধিকাংশই কোনো চাকরি পাননি । কম্বোডিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চলতি বছরের জুনেই ৫৮৩ জন বাংলাদেশি ভুক্তভোগী উদ্ধার হয়ে দেশে ফিরেছেন । ব্র্যাকের গবেষণায় ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। ফিরে আসা ৯৮ শতাংশ মানুষ চাকরির প্রতিশ্রুতি পেলেও কিছুই পাননি। ৯০ শতাংশকে জোর করে জালিয়াতিমূলক কাজে ব্যবহার করা হয়েছে। ৮৮ শতাংশের চলাফেরার স্বাধীনতা ছিল না। ৮৬ শতাংশের পাসপোর্ট ও কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছিল। ২৭ শতাংশ ভয়াবহ শারীরিক এবং ৩৮ শতাংশ মানসিক নির্যাতনের শিকার হয়েছেন । একজন ভুক্তভোগী জানান, তাদের দিয়ে বিদেশি নাগরিকদের অনলাইনে প্রতারণা করতে বাধ্য করা হতো। নির্ধারিত লক্ষ্য পূরণ করতে না পারলে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়া হতো। স্ক্যাম কম্পাউন্ডের ভেতরে আলাদা নির্যাতন কক্ষ ছিল । শুধু সাগরপথে ইউরোপ বা সাইবার স্ক্যাম নয়—কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও উঠেছে । ব্র্যাকের সঙ্গে রাশিয়ায় আহত কয়েকজন বাংলাদেশি উদ্ধারের জন্য যোগাযোগ করেছেন। স্বজনদের মরদেহ ফেরত আনার আবেদনও এসেছে । ইতিমধ্যে এই যুদ্ধে অর্ধশতাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে । কাজের আশ্বাসে নারী পাচারের ঘটনাও বাড়ছে। বিদেশে পোশাক কারখানা, গৃহকর্মী বা বিউটি পার্লারে কাজের প্রলোভনে অনেক নারীকে জোরপূর্বক ডান্স ক্লাব ও যৌন ব্যবসায় যুক্ত করার তথ্য পাওয়া গেছে । বিশেষ করে দুবাই ও মালয়েশিয়ায় ভ্রমণ ভিসায় নারী পাঠিয়ে এ ধরনের প্রতারণা নিয়মিত ঘটছে । বাংলাদেশ থেকে সাগরপথে রোহিঙ্গা পাচারের ধারাও অব্যাহত রয়েছে । জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা শরণার্থীদের স্টেটলেসনেস ও বাস্তুচ্যুতির দীর্ঘস্থায়ী পরিস্থিতি মানবপাচারের গুরুতর ঝুঁকি তৈরি করছে । ২০২৫ সালে ৬,৫০০ এর বেশি রোহিঙ্গা শরণার্থী সমুদ্রযাত্রায় অংশ নিয়েছেন, যেখানে প্রায় ৯০০ জন প্রাণ হারিয়েছেন। অ্যান্ডামান সাগর ও বঙ্গোপসাগরে নিখোঁজ বা মৃতের হার বিশ্বের সবচেয়ে বেশি । গত আট বছরে কক্সবাজার উপকূল থেকে মালয়েশিয়াগামী সাড়ে তিন হাজারের বেশি মানুষ উদ্ধার হয়েছে। শতাধিক মামলা হলেও পাচার থামেনি । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মানবপাচার আইনে ১ হাজার ১২৬টি নতুন মামলা হয়েছে । পুরোনো মামলাসহ ২০২৬ সালের মে পর্যন্ত মোট ৫ হাজার ২৮৪টি মামলা ঝুলে আছে। এর মধ্যে ৩ হাজার ৩০৬টি বিচারাধীন এবং ১ হাজার ৯৭৮টি তদন্তাধীন। এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫০০টি নতুন মামলা দায়ের হলেও নিষ্পত্তি হয়েছে মাত্র ১৭টি । গত দেড় বছরে দৃষ্টান্তমূলক সাজার কোনো নজির পাওয়া যায়নি; বেশিরভাগ ক্ষেত্রেই আসামিরা খালাস পেয়েছেন । সরকার নতুন 'মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬' প্রণয়ন করেছে । এতে অভিবাসী চোরাচালানকে আলাদা অপরাধ হিসেবে চিহ্নিত করে সংঘবদ্ধ পাচারের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে । আইনটি তদন্ত ক্ষমতা বাড়িয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ দিয়েছে এবং ভুক্তভোগীদের সুরক্ষা জোরদার করেছে । তবে ব্র্যাকের শরিফুল ইসলাম হাসান মনে করেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে । মূল অপরাধীদের বিচারের আওতায় আনা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং পাচারপ্রবণ জেলাগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা জরুরি ।