সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবিঃ সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তি
লাল টেলিফোনের ঘটনার রেশ না কাটতেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এই দুঃসাহসিক চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ সরকারি এই ভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে।   জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটি ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম। উল্লেখযোগ্য বিষয় হলো, ভবনের এই একই তলায় প্রধানমন্ত্রীর আরেক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহাদি আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের গুরুত্বপূর্ণ দপ্তরও অবস্থিত।   নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, দুপুরে একান্ত সচিব নিজের কক্ষে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই টেবিলের ওপর থেকে ল্যাপটপটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ ছিল না এবং কক্ষটিতে বেশ কিছু মানুষের উপস্থিতিও ছিল। পরবর্তীতে আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি ও তল্লাশি চালিয়েও ল্যাপটপটির কোনো সন্ধান মেলেনি। তবে সিসিটিভি ফুটেজের বরাতে দাবি করা হয়েছে, খয়েরি রঙের শার্ট ও অ্যাশ রঙের প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি একটি কালো ব্যাগ হাতে ভবন থেকে বের হয়ে যান। মন্ত্রণালয়ের একাধিক সূত্রের ধারণা, ওই ব্যক্তির ব্যাগের ভেতরেই চুরি হওয়া ল্যাপটপটি থাকতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।   এই চাঞ্চল্যকর ঘটনার পর মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা নিয়ে কর্মকর্তাদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ১৬ তলার মতো সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। দর্শনার্থীরা সেখানে অবাধে চলাফেরা করতে পারেন এবং লিফট থেকে নামার পর কোনো ধরনের নিরাপত্তা বলয় ছাড়াই সরাসরি দপ্তর এলাকায় প্রবেশ করা যায়, যা যেকোনো গুরুত্বপূর্ণ দপ্তরের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ।   সার্বিক বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম জানান, চুরির ঘটনার পরপরই সেখানে উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়েছিল। তিনি নিরাপত্তা ব্যবস্থায় লোকবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, বিশাল এই ভবনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র ২২ জন আনসার সদস্য, যা পুরো ভবনের তুলনায় একেবারেই অপ্রতুল। জনবল বাড়ানো হলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও জোরদার করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। অন্যদিকে, চুরি যাওয়া ল্যাপটপের মালিক মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান। পরবর্তীতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি আর সাড়া দেননি।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৬:০
ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া শরণার্থীদের প্রায় সবাই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ

চলতি বছরে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া শরণার্থীদের প্রায় সবাই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানার সম্প্রদায়ের সদস্য। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ৫ হাজার ৯৪৮ জন শরণার্থী গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, যাদের সিংহভাগই দক্ষিণ আফ্রিকার নাগরিক। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক বিতর্কিত নীতির আওতায় দেশটিতে শরণার্থী গ্রহণের সামগ্রিক সংখ্যা কমিয়ে এনে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।   ওই নীতিতে বলা হয়েছিল, আফ্রিকানারদের পাশাপাশি নিজ দেশে বৈষম্যের শিকার অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরও আশ্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ২০২৬ অর্থবছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া ৬ হাজার ৬৬৮ জন মার্কিন শরণার্থীর মধ্যে মাত্র তিনজন ছাড়া বাকি সবাই দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। সামগ্রিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণের সংখ্যা এবার উল্লেখযোগ্য হারে কমেছে।   ট্রাম্প প্রশাসনের দাবি, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা নিজ দেশে প্রতিনিয়ত জাতিগত নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন। তবে দক্ষিণ আফ্রিকার সরকার এই গুরুতর অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা বা রাষ্ট্রীয় নিপীড়নের দাবি মোটেও বাস্তবসম্মত নয়।   এদিকে, দক্ষিণ আফ্রিকার সরকার ও দেশটির অনেক বিশিষ্ট শ্বেতাঙ্গ নাগরিকও ট্রাম্পের এ ধরনের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাদের মতে, মার্কিন শরণার্থী কর্মসূচিকে নিছক রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং এর মাধ্যমে দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক ব্যবস্থাকে অযথাই প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে নানা সমালোচনা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন তাদের গৃহীত এই নীতিতে সম্পূর্ণ অনড় অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক দক্ষিণ আফ্রিকান শ্বেতাঙ্গকে আশ্রয় দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণের সীমা বাড়ানোর পরিকল্পনাও মার্কিন প্রশাসনের সক্রিয় বিবেচনায় রয়েছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৫:৩৯
ছবিঃ সমাজসেবক মোহাম্মদ কাজল
অসহায় সোহেলকে অটোরিকশা উপহার দিলেন সমাজসেবক মোহাম্মদ কাজল

হতদরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আলহাজ্ব সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কাজল হতদরিদ্র ও নিরীহ যুবক সোহেলের জীবিকা নির্বাহের সুবিধার্থে তাকে সম্পূর্ণ বিনামূল্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন। কোনো রকম আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে একান্ত নিভৃতে অসহায় সোহেলের হাতে এই অটোরিকশার চাবি তুলে দেন তিনি। এর মাধ্যমে দিশেহারা একটি পরিবারের উপার্জনের পথ সুগম করে দিলেন এই সমাজসেবক।   তবে এই উদ্যোগটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বছরের পর বছর ধরে সম্পূর্ণ নীরবে দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। কোম্পানীগঞ্জসহ সারাদেশের সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো বিপদে বরাবরই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। স্থানীয়দের কাছে তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, শিক্ষানুরাগী এবং গরীব-দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে সুপরিচিত। আর্তমানবতার সেবায় তার এই ধারাবাহিক ও নিঃস্বার্থ কার্যক্রমের কারণে অনেকেই তাকে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে আখ্যায়িত করে থাকেন।   পেশাগত ও রাজনৈতিক জীবনেও মোহাম্মদ কাজল একজন অত্যন্ত সফল ব্যক্তিত্ব। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আমেরিকা বাংলা’র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রবাস জীবনে দীর্ঘ ৩১ বছর ধরে অত্যন্ত সফলতার সঙ্গে মেরিল্যান্ড স্টেটে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হাজার মাইল দূরে প্রবাসে অবস্থান করলেও নাড়ির টানে তিনি প্রতিনিয়ত দেশের মানুষের কল্যাণে এভাবেই নীরবে নিজের অবদান রেখে চলছেন।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৫:২৭
বেজালেল স্মোট্রিচ। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনে সহিংসতার জেরে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচের ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি ও অবৈধ বসতি স্থাপনে মদদ দেওয়ার অভিযোগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচসহ একাধিক নেতার ফ্রান্সে প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানান, আন্তর্জাতিক মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করে এই যৌথ নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ের মতো দেশগুলোর সাথে একযোগে নেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো— পশ্চিম তীরে যারা সহিংসতা উসকে দিচ্ছে এবং ঔপনিবেশিক তৎপরতা আরও জোরালো করছে, তাদের জবাবদিহির আওতায় আনা। ফ্রান্সের এই নতুন নির্দেশনার ফলে অর্থমন্ত্রী স্মোট্রিচ ছাড়াও ইসরায়েলের চারজন প্রভাবশালী বসতি স্থাপনকারী (সেটলার) সংগঠনের নেতা এবং ২১ জন উগ্রপন্থী সেটলার ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না।   বিবৃতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্মোট্রিচের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, ইসরায়েলি এই মন্ত্রী সক্রিয়ভাবে পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পক্ষে নিরলস প্রচার চালাচ্ছেন এবং প্রকাশ্যে এমন দাবিও করছেন। এর পাশাপাশি তিনি পশ্চিম তীরে নতুন করে অবৈধ বসতি তৈরি, গাজা পুনরুপনিবেশকরণ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করার মতো নীতিকে প্রতিনিয়ত সমর্থন করে যাচ্ছেন।   পররাষ্ট্রমন্ত্রী বারো সতর্ক করে বলেন, স্মোট্রিচের এসব কট্টরপন্থী নীতি ফিলিস্তিনের সাধারণ জনগণের দৈনন্দিন জীবন ও নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল অংশ, যারা ফিলিস্তিন ও ইসরায়েল সংকট নিরসনে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তারা কোনোভাবেই এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নিতে পারে না। মূলত শান্তি প্রতিষ্ঠার এই তাগিদ থেকেই ফ্রান্স এবং তার অংশীদার মিত্ররা মিলে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১:৪৯
ছবিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান যুদ্ধ কি ডুবাচ্ছে ট্রাম্পকে? জনসমর্থন নেমেছে রেকর্ড সর্বনিম্নের কাছাকাছি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে জনপ্রিয়তার পারদ আবারও রেকর্ড সর্বনিম্নের কাছাকাছি এসে ঠেকেছে। ইরান যুদ্ধের জেরে দেশটিতে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কার মধ্যেই সোমবার (৮ জুন) শেষ হওয়া রয়টার্স ও ইপসোস-এর সর্বশেষ এক জনমত জরিপে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জরিপের ফলাফল অনুযায়ী, মাত্র ৩৫ শতাংশ উত্তরদাতা হোয়াইট হাউসে ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন, যা গত মে মাসের মাঝামাঝি সময়ে পরিচালিত জরিপের একদম সমান। এই হার ট্রাম্পের চলতি মেয়াদের সর্বনিম্ন রেটিং ৩৪ শতাংশ (গত এপ্রিলের জরিপ) এবং তার প্রথম মেয়াদের সর্বনিম্ন রেটিং ৩৩ শতাংশের (ডিসেম্বর ২০১৭) অত্যন্ত কাছাকাছি।   গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন মিত্র ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে সামরিক হামলার নির্দেশ দেন ট্রাম্প। এর পাল্টা জবাবে ইরানও আক্রমণ চালালে বৈশ্বিক তেল বাণিজ্যের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণকারী একটি সংকীর্ণ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এপ্রিলের পর থেকে হামলার গতি কিছুটা কমলেও এখনও কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি। এই যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম আকাশচুম্বী হয়েছে এবং তীব্র জনঅসন্তোষের মুখে পড়েছেন এই রিপাবলিকান নেতা।   যদিও ইরান সংঘাতের অবসানের আশায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাম্পে জ্বালানির দাম সামান্য কমেছে, তবুও সাধারণ মানুষের মনে শঙ্কা রয়েই গেছে। ছয় দিনব্যাপী পরিচালিত এই জরিপে দেখা গেছে, প্রায় ৫৯ শতাংশ মার্কিনি মনে করেন আগামী এক বছরে দেশটির জ্বালানি তেলের বাজার পরিস্থিতি আরও খারাপ হবে। বিপরীতে মাত্র ১৭ শতাংশ মানুষ পরিস্থিতির উন্নতির আশা করছেন।   বিশেষ করে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতা নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। মাত্র ২২ শতাংশ মার্কিনি গৃহস্থালির জীবনযাত্রার ব্যয় ব্যবস্থাপনায় ট্রাম্পের ভূমিকা অনুমোদন করেছেন, যেখানে ৭০ শতাংশ মানুষই তার ওপর সরাসরি অসন্তুষ্ট। জীবনযাত্রার ব্যয়ের প্রশ্নে যুক্তরাষ্ট্রের মানুষ এখন ট্রাম্পের চেয়ে তার ডেমোক্র্যাট পূর্বসূরি জো বাইডেনের ওপর বেশি আস্থা রাখছেন।   বাইডেন তার মেয়াদের শেষে এই খাতে ২৯ শতাংশ সমর্থন এবং ৬৩ শতাংশ অসন্তোষ নিয়ে বিদায় নিয়েছিলেন। অথচ ট্রাম্প গত নির্বাচনী প্রচারণায় মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ক্ষমতায় এসেছিলেন। লাগামহীন জ্বালানির এই দাম আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে রিপাবলিকানদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জরিপ মতে, ইরানের ওপর মার্কিন হামলার পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৬ শতাংশ মার্কিনি এবং মাত্র ২৫ শতাংশ মনে করেন এই হামলার সুফল ব্যয়ের তুলনায় অনেক বেশি ছিল। এই জনমত জরিপ আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য একটি সুবিধাজনক অবস্থানের পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে।   আজ নির্বাচন হলে নিবন্ধিত ভোটারদের ৪১ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৭ শতাংশ রিপাবলিকানদের ভোট দেবেন বলে জানিয়েছেন। গত বছর পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভোটাররা রিপাবলিকানদের ওপর বেশি ভরসা রাখলেও, বর্তমানে অর্থনীতি নিয়ে ৩৬ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের এবং ৩৭ শতাংশ রিপাবলিকানদের পরিকল্পনাকে সেরা মনে করছেন, যা রিপাবলিকানদের সেই পুরোনো সুবিধাকে অনেকটাই মুছে দিয়েছে। দেশজুড়ে অনলাইনে পরিচালিত এই জরিপে ৪,৫৩১ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন, যার ত্রুটির মাত্রা (মার্জিন অব এরর) ছিল ২ শতাংশ।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১:১৬
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইরানি সমর্থকদের ফুটবল বিশ্বকাপের টিকিট বরাদ্দ বাতিলের অভিযোগ, কাঠগড়ায় যুক্তরাষ্ট্র

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। ফেডারেশনের দাবি, দুই দেশের তিক্ত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র।   মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে এফএফআইআরআই জানায়, বিশ্বকাপ শুরুর তিন দিনেরও কম সময় আগে জাতীয় দলের তিনটি গ্রুপ পর্বের ম্যাচে ইরানি সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিতি বাধাগ্রস্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।   ইরানি ফুটবল সংস্থার মতে, ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অংশগ্রহণকারী ফেডারেশনগুলোর জন্য বরাদ্দ থাকে। সংশ্লিষ্ট ফেডারেশনগুলো পরে এসব টিকিট তাদের সমর্থকদের মধ্যে দাপ্তরিকভাবে বণ্টন করে।   ফেডারেশন জানায়, নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য নির্ধারিত কোটা পাওয়ার পর তারা টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছিল। যেহেতু ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা, তাই অনেক সমর্থক এরই মধ্যে খেলা দেখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন।   বিবৃতিতে বলা হয়, “আকস্মিকভাবে ইরানের জন্য বরাদ্দকৃত সেই টিকিটগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের সমর্থকদের জন্য একটি টিকিটও সরবরাহ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।”   এফএফআইআরআই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে। একই সঙ্গে ফিফা ও টুর্নামেন্ট আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতি বজায় রেখে ইরানি সমর্থকদের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।   যদিও ইরানের পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়েছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কিংবা মার্কিন আয়োজক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   এর আগে তেহরান অভিযোগ করেছিল, ভিসা জটিলতার কারণে তাদের প্রতিনিধি দলের প্রায় ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।   গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায়। সেই প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক টানাপোড়েন বিশ্বকাপ আয়োজনেও প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।   ক্রমবর্ধমান এই পরিস্থিতির কারণে ইরান তাদের বিশ্বকাপ প্রস্তুতি পরিকল্পনাতেও পরিবর্তন এনেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনে অনুশীলন ক্যাম্প করার কথা থাকলেও, পরে সেই পরিকল্পনা পরিবর্তন করে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১:১২
ছবি: সিএনএন
নিউইয়র্ক শহরে পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র পেন স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত রোববার (৭ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি গৃহহীন হতে পারেন।   নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানিয়েছে, সন্ধ্যা প্রায় ৭টার দিকে পেন স্টেশনের একটি প্রধান প্রবেশপথ ওয়েস্ট ৩৩ নম্বর স্ট্রিট এবং সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় একাধিক ব্যক্তি ছুরিকাহত হওয়ার খবর পেয়ে জরুরি কল আসে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।   ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, দুজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং বাকি দুজনের আঘাত তুলনামূলকভাবে কম গুরুতর। আহত পাঁচজনকেই চিকিৎসার জন্য বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছে।   পেন স্টেশন নিউইয়র্ক সিটির অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। এটি সাবওয়ে, নিউজার্সি ট্রানজিট, লং আইল্যান্ড রেল রোড এবং আমট্রাকের যাত্রীদের জন্য প্রধান সংযোগস্থল হিসেবে ব্যবহৃত হয়। আমট্রাকের যোগাযোগ পরিচালক সিএনএনকে জানিয়েছেন, ঘটনার পর আমট্রাক পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।   তবে হামলাকারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্তের স্বার্থে স্টেশনের একটি অংশ সাময়িকভাবে ঘিরে রাখা হয়।   ঘটনাটি এমন সময় ঘটল, যখন পেন স্টেশনের ঠিক ওপরে অবস্থিত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বড় ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছিল। সোমবার ও বুধবার অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বাস্কেটবল ম্যাচকে ঘিরে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন ছিল। একই সঙ্গে সোমবারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতিকে কেন্দ্র করে ফেডারেল কর্তৃপক্ষও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছিল।   নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক বিবৃতিতে আহতদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সাড়া দেওয়ার জন্য জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ঘটনার ফলে ট্রেন চলাচল বা আমট্রাক রেলসেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১:৬
ছবি: সংগৃহীত
টিআইবির প্রতিবেদন শুধু পত্রিকার কাটিংনির্ভর নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কোন ভিত্তি নেই: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন শুধু পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে জোরালো মন্তব্য করেছে সংস্থাটি। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি এই পাল্টা জবাব দেয়।   বিবৃতিতে টিআইবি উল্লেখ করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন যে টিআইবি কোনো তদন্ত সংস্থা নয়। এটি মূলত একটি গবেষণানির্ভর দুর্নীতিবিরোধী ও সুশাসনবিষয়ক অধিপরামর্শ, জনসচেতনতা ও জনসম্পৃক্ততা ভিত্তিক পরিবর্তনপ্রত্যাশী সামাজিক সংগঠন। সামাজিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত গুণগত এবং পরিমাণগত তথ্য সংগ্রহের বিজ্ঞানসম্মত পরিসংখ্যান পদ্ধতি অনুসরণ করেই তাদের প্রতিটি প্রতিবেদন তৈরি করা হয়।   সংস্থাটি আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টিআইবি যে তথ্যগুলো ব্যবহার করেছে, তার মূল উৎস ছিল বাংলাদেশ পুলিশ ও তিনটি সুপরিচিত মানবাধিকার সংগঠন। যা প্রতিবেদনে অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং টিআইবির এই প্রতিবেদনকে ঢালাওভাবে ‘পত্রিকার কাটিং নির্ভর’ বলা শুধু অযৌক্তিকই নয়, বরং মূল সংকট ও বাস্তব বিষয়কে পাশ কাটানোর একটি ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়।   বিবৃতিতে টিআইবি প্রশ্ন তোলে, শত প্রতিকূলতা সত্ত্বেও দেশের জনপ্রতিনিধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় না? অতএব প্রতিবেদন প্রত্যাখ্যান বা অপপ্রচারের নামে গণমাধ্যমকে এভাবে অবমূল্যায়ন করার সুযোগ নেই। পুলিশ কর্তৃপক্ষও সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে উদ্বেগজনক, সেই মূল পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত পোষণ করেনি বলেও বিবৃতিতে দাবি করা হয়।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ০:৫০
ছবি: সংগৃহীত
তালেবান সরকারের অধীনে আফগানিস্তান স্থিতিশীল রয়েছে, জানাল জাতিসংঘের সহায়তা মিশন

আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী ইমারাতে ইসলামিয়ার অধীনে দেশটি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন বা ইউনামা। সোমবার (৮ জুন) আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই মন্তব্য করেন ইউনামার রাজনৈতিক বিষয়ক উপ-বিশেষ প্রতিনিধি জর্জেট গ্যাগনন। তিনি নিশ্চিত করেছেন যে, বর্তমান কর্তৃপক্ষের শাসনের বিরুদ্ধে দেশটিতে উল্লেখযোগ্য কোনো সশস্ত্র বা রাজনৈতিক চ্যালেঞ্জ আপাতত নেই।   নিরাপত্তা পরিষদের বৈঠকে জর্জেট গ্যাগনন উল্লেখ করেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে নিজেদের অন্যতম প্রধান অর্জন হিসেবে বিবেচনা করে থাকে। তবে দেশটির দীর্ঘমেয়াদি পরিস্থিতি ও ভবিষ্যৎ মূলত বাস্তবে ক্ষমতাসীন কর্তৃপক্ষের শাসন কাঠামোর অভ্যন্তরীণ গতিশীলতার ওপরই নির্ভর করছে বলে মনে করেন তিনি। গ্যাগনন আরও জানান, এখন পর্যন্ত মাঠপর্যায়ের চিত্র থেকে যা দেখা যাচ্ছে, তাতে ক্ষমতাসীন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যদিও এর কোনো স্পষ্ট চূড়ান্ত রূপ এখনো নির্ধারিত হয়নি।   একই বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। তিনিও আফগানিস্তানের বর্তমান স্থিতিশীলতার বিষয়টি স্বীকার করে নেন। তবে তিনি সতর্ক করে বলেন যে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও দেশটিতে মানবিক সহায়তা প্রদান এবং সন্ত্রাসবাদ মোকাবিলার মতো চ্যালেঞ্জগুলো এখনো অত্যন্ত জটিল ও গুরুতর পর্যায়ে রয়ে গেছে।   আফগান জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দেশটিতে স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দেন চীনা প্রতিনিধি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং আফগানিস্তানের বর্তমান কর্তৃপক্ষকে পারস্পরিক আস্থার ভিত্তিতে একটি অভিন্ন পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।   উল্লেখ্য, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠকটি ছিল ইউনামার পূর্বঘোষিত দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের প্রথমটি। আগামী ১৬ জুন দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ইউনামার ম্যান্ডেট বা কার্যপরিধির মেয়াদ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হবে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ০:৪৮
ছবি: সংগৃহীত
বিদেশের মাটিতে ভারতীয় পর্যটকদের ‘উদ্ভট আচরণ’, নেপথ্যে ৪টি মূল কারণ

বিশ্বের বিভিন্ন দেশে বেড়াতে গিয়ে ভারতীয় পর্যটকদের নানা অদ্ভুত ও লাগামছাড়া কর্মকাণ্ড ইদানীং প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হচ্ছে। ভিয়েতনামের বিমানবন্দরে বিমানের সামনে নাচ থেকে শুরু করে ইন্দোনেশিয়ার বালির বিলাসবহুল হোটেল থেকে তোয়ালে ও হেয়ার ড্রায়ার চুরির মতো ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনা তৈরি করেছে। এসব অনাকাঙ্ক্ষিত আচরণের নেপথ্যে সংবাদ বিশ্লেষক ও গবেষকরা ৪টি মূল কারণ খুঁজে পেয়েছেন।   বিশ্লেষকদের মতে প্রথম কারণটি হলো ‘ভাইরাল মিডিয়ার প্রতি পক্ষপাত’। টিকটক ও ইনস্টাগ্রামের যুগে পর্যটনের স্বাভাবিক আচরণ বদলে গেছে। এখন পর্যটকরা জাদুঘর বা সমুদ্রতটে শান্ত সময় কাটানোর চেয়ে এমন কিছু করতে চান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ইউজারদের মনোযোগ কাড়বে। দ্বিতীয় কারণটি হলো ‘পর্যটকের সংখ্যা বৃদ্ধি’। গত এক দশকে বিশ্বজুড়ে ভারতীয় পর্যটকদের সংখ্যা অবিশ্বাস্য হারে বেড়েছে। তিন কোটি পর্যটকের মধ্যে মাত্র এক শতাংশও যদি এমন আচরণ করেন, তবে তা বড় সংখ্যায় রূপ নেয়।   তৃতীয় কারণ হিসেবে ‘বিদেশি সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা’কে দায়ী করা হচ্ছে। নিজ দেশের সংস্কৃতি নিয়ে অতিরিক্ত গর্বের কারণে অনেক পর্যটক অন্য দেশের আইন, পোশাকবিধি ও প্রচলিত রীতির তোয়াক্কা করেন না। কনসার্টে সিগারেট খাওয়া, সুইমিং পুলে জোরে গান বাজানো কিংবা থাইল্যান্ডের বিচ ক্লাবে গিয়ে নিয়ম ভাঙার মতো বিষয়গুলো ভারতের স্থানীয় প্রেক্ষাপটে স্বাভাবিক মনে হলেও বিদেশি সংস্কৃতিতে তা বড় ধরনের বিশৃঙ্খলা ও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।   চতুর্থ এবং সবচেয়ে বড় কারণটি হলো ‘কনটেন্ট-নির্ভর পর্যটন’। ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী, ইদানীং পর্যটকরা ভ্রমণের আনন্দ উপভোগ করার চেয়ে ‘কনটেন্ট’ তৈরিতে বেশি মনোযোগ দেন। বিশেষ করে ‘জেন জি’ প্রজন্মের পর্যটকরা ‘ফোমো’ বা ফিয়ার অব মিসিং আউট-এর আশঙ্কায় ইনফ্লুয়েন্সারদের অন্ধ অনুকরণ করতে গিয়ে এসব অদ্ভুত আচরণ করছেন। ফলে অল্প কিছু পর্যটকের কারণে বিদেশের মাটিতে গোটা জাতিকে নানা সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ০:৩৫
ছবি: সংগৃহীত
ইতিহাসে প্রথমবার ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত

নিজেদের পারমাণবিক অস্ত্র নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ভারত। গ্লোবাল আর্মস ওয়াচডগ বা বিশ্বের শীর্ষ অস্ত্র-নজরদারি সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করেছে।   এসআইপিআরআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিকালীন সময়ে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার এই সিদ্ধান্ত নয়া দিল্লির কয়েক দশকের পুরোনো সামরিক নীতি থেকে এক বিশাল বিচ্যুতি। এতদিন পর্যন্ত দেশটিতে পারমাণবিক বোমা বা ওয়ারহেড এবং সেগুলো বহনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পূর্ণ পৃথকভাবে ও আলাদা গুদামে সংরক্ষণ করা হতো। তবে এবারই প্রথম ভারতের পরমাণু অস্ত্রাগারের একটি অংশকে মজুত রাখার পরিবর্তে সরাসরি কার্যকরের জন্য মোতায়েনকৃত হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।   সংস্থাটির তথ্য অনুযায়ী, ভারতের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনে (এসএসবিএন) উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় এই ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। শান্তিকালীন সময়েই ওয়ারহেডগুলোকে লঞ্চারের সঙ্গে যুক্ত করা বা সক্রিয় বাহিনীর ঘাঁটিতে স্থাপন করার এই পদক্ষেপ উচ্চ সামরিক সতর্কাবস্থার স্পষ্ট ইঙ্গিত দেয়। এর মাধ্যমে মূলত গভীর সমুদ্রে ভারতের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে।   প্রতিবেদনে আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভারতের মোট পারমাণবিক অস্ত্রের মজুত বেড়ে প্রায় ১৯০টিতে পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে সামান্য বেশি। ভারত মূলত ‘আগে ব্যবহার নয়’ নীতি অনুসরণ করে আসলেও সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও পরমাণু ত্রিমাত্রিক ব্যবস্থার আধুনিকায়নের কারণে তাদের এই কৌশলগত পরিবর্তন। তবে ভারতের এই সক্ষমতা কোনো অস্ত্র প্রতিযোগিতার জন্য নয়, বরং কেবল সম্ভাব্য আক্রমণকারীদের নিরুৎসাহিত করার জন্য তৈরি বলে নীতিতে উল্লেখ রয়েছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ০:৭
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে ফুটবল পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে যুবক আহত

লক্ষ্মীপুরে ফুটবল দলের পতাকা টাঙানোকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এই বিরোধে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত ওই যুবকের নাম আজাদ হোসেন (২৮) এবং তিনি স্থানীয় আব্দুর রহমানের ছেলে।   স্থানীয় বাসিন্দারা ঘটনার পরপরই আজাদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টাঙানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বিকেলে সেই উত্তেজনারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে।   অভিযোগে বলা হয়েছে, এলাকায় বিরোধের একপর্যায়ে রিফাত হোসেন নামের এক ব্রাজিল সমর্থক যুবক লাঠিসোঁটা নিয়ে আজাদ হোসেনের ওপর হামলা চালান। হামলায় আজাদের মাথায় প্রচণ্ড আঘাত লাগলে তিনি গুরুতর জখম হন। আহত যুবকের বড় ভাই মনির হোসেন দাবি করেছেন, অভিযুক্ত রিফাত এর আগেও তাদের পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।   তবে নিজের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত রিফাত হোসেন। তিনি দাবি করেন, তিনি কোনো হামলা করেননি এবং এলাকায় সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়কে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এই ঘটনার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, থানায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি এবং অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ : জুন ৮, ২০২৬ ২৩:৫৮
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।   বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় বাজেট নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তারা নিজেদের মধ্যে মতবিনিময় করেন।   গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়ন, সুশাসন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও এই কূটনৈতিক আলোচনায় স্থান পায়। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করে জানান, আইনসভা অধিবেশনের অগ্রগতি নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।   বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর অংশ নেন।

প্রকাশ : জুন ৮, ২০২৬ ২৩:৪৭
ছবি: সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচন: জালিয়াতির প্রমাণ দিলে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা ব্রক পিয়ার্সের

লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনের পর ভোট গণনা নিয়ে বিতর্ক ও অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে নির্বাচনী জালিয়াতির বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন সাবেক শিশু অভিনেতা ও ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা ব্রক পিয়ার্স।   সোমবার তিনি ‘কিউর দ্য ভোট’ নামে একটি উদ্যোগ চালু করেন। এর লক্ষ্য হলো নির্বাচনী প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম, দুর্নীতি বা জালিয়াতি সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সেগুলোর স্বাধীন যাচাই নিশ্চিত করা।   এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা, সরকারি কর্মচারী, ঠিকাদার, প্রচারকর্মী, নির্বাচন পর্যবেক্ষক, তথ্য ফাঁসকারী ব্যক্তি এবং সাধারণ জনগণ এই প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভাব্য অনিয়মের বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য তথ্য জমা দিতে পারবেন।   উদ্যোগটির পক্ষ থেকে জানানো হয়েছে, জমা পড়া সব তথ্য স্বাধীন আইনজীবী, নির্বাচন আইন বিশেষজ্ঞ এবং তদন্তকারীরা পর্যালোচনা করবেন। এরপর প্রমাণের বিশ্বাসযোগ্যতা ও গুরুত্ব বিবেচনা করে পুরস্কার পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হবে।   আয়োজকদের দাবি, এটি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। তারা বলছেন, এই উদ্যোগের উদ্দেশ্য নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ধরে নেওয়া নয়; বরং যেকোনো বিশ্বাসযোগ্য অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জনআস্থা বৃদ্ধি করা।   সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে ক্যারেন ব্যাস প্রথম এবং নিত্যা রামান দ্বিতীয় স্থান অর্জন করেন। শেষ পর্যায়ে বিপুলসংখ্যক ভোট নিত্যা রামানের পক্ষে যাওয়ার পর ভোট গণনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই ‘কিউর দ্য ভোট’ উদ্যোগ চালু করা হয়েছে।   সংবাদ বিজ্ঞপ্তিতে অতীতের জনস্বার্থভিত্তিক পুরস্কার কর্মসূচির উদাহরণও তুলে ধরা হয়েছে। প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন প্রকাশক ল্যারি ফ্লিন্ট ২০০৭ সালে সরকারি কর্মকর্তাদের যৌন কেলেঙ্কারি ও ভণ্ডামির তথ্য উন্মোচনের জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন।   পরে ২০১২ সালে কংগ্রেস সদস্যদের ব্যক্তিগত অনিয়মের তথ্য এবং ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ায় সহায়ক তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেন তিনি।   উদ্যোগটির সমর্থকদের মতে, নির্বাচনী স্বচ্ছতার ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতি কার্যকর হতে পারে। এতে প্রত্যক্ষ জ্ঞান ও যাচাইযোগ্য প্রমাণ থাকা ব্যক্তিরা সামনে আসতে উৎসাহিত হবেন।   ব্রক পিয়ার্স দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। ২০২০ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। পরে সাবেক ট্রাম্প উপদেষ্টা স্টিভ ব্যাননের সহায়তায় ভারমন্ট থেকে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

প্রকাশ : জুন ৮, ২০২৬ ২৩:৩৬
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ওয়াশিংটনে পথ বন্ধ হচ্ছে নেতানিয়াহুর? ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত দুই নেতার মধ্যে বিশেষ করে ইরানকে ঘিরে কৌশলগত অবস্থানে পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ট্রাম্প যেখানে দ্রুত সংঘাতের অবসান ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে নেতানিয়াহু সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে রয়েছেন।   যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষণ ও কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, অতীতে ওয়াশিংটনের রাজনৈতিক বিভাজনকে কাজে লাগিয়ে নেতানিয়াহু রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবির থেকেই সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ অনেকটাই সীমিত হয়ে এসেছে।   রিপাবলিকান পার্টির ওপর ট্রাম্পের দৃঢ় নিয়ন্ত্রণ এবং ডেমোক্র্যাটদের একটি বড় অংশের মধ্যে নেতানিয়াহুর নীতির প্রতি সমর্থন কমে যাওয়ায় ওয়াশিংটনে তার রাজনৈতিক পরিসর আগের তুলনায় সংকুচিত হয়েছে বলে মনে করা হচ্ছে।   সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে দুই নেতার মতবিরোধ আরও প্রকাশ্য হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য একটি বড় সামরিক হামলা ঠেকাতে তিনি সরাসরি নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করেছিলেন। তার দাবি, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন যে একতরফা পদক্ষেপ নিলে ইসরাইলকে শেষ পর্যন্ত একাই পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে।   ট্রাম্পের এই অবস্থানকে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী বার্তা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের নীতিতে ইসরাইলের নিরাপত্তা প্রশ্নে প্রায় নিঃশর্ত সমর্থনের ধারা বজায় থাকলেও এবার ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার প্রশাসনের অবস্থানই নির্ধারক হবে।   ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের সঙ্গে সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনা, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে কঠোর নজরদারির আওতায় রাখা।   প্রশাসনের বিভিন্ন সূত্রের মতে, দীর্ঘস্থায়ী যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকানদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে উদ্বেগ রয়েছে।   অন্যদিকে নেতানিয়াহুর রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে তার নেতৃত্ব নিয়ে ইসরাইলের ভেতরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান প্রদর্শন এখন তার জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।   ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়া না দেখালে তাকে দুর্বল নেতা হিসেবে উপস্থাপন করা হতে পারে বলে আশঙ্কা করছেন তার সমর্থকেরা। এ কারণে ট্রাম্পের চাপ থাকা সত্ত্বেও নেতানিয়াহু ইরান এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।   সাম্প্রতিক সংঘাত চলাকালে ইরানের হামলার পর বড় ধরনের পাল্টা আঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের হস্তক্ষেপের পর ইসরাইলের প্রতিক্রিয়া সীমিত রাখা হয় বলে জানা যায়। এরপরও নেতানিয়াহু ইরান ও লেবাননের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দেন। ট্রাম্প পরে জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে অনুরোধ করেছিল যেন তিনি নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত রাখেন। এরপর তিনি সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন।   মার্কিন সাবেক কূটনীতিক অ্যারন ডেভিড মিলার বলেন, নেতানিয়াহুর ওপর ট্রাম্পের বর্তমান রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের ইতিহাসে বিরল একটি ঘটনা। তার মতে, রিপাবলিকান পার্টির ওপর ট্রাম্পের একক প্রভাব এই পরিস্থিতি তৈরি করেছে।   তবে হোয়াইট হাউস দুই নেতার সম্পর্কের মধ্যে বড় ধরনের সংকটের কথা অস্বীকার করেছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিরাপত্তা সহযোগিতা আগের মতোই অব্যাহত রয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী অবস্থানে আছে।   এদিকে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী নেতারা অভিযোগ করছেন, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইল যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে।   সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, নেতানিয়াহু ইসরাইলের স্বাধীন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদও অভিযোগ করেছেন, তার সময়ে ইসরাইলের নীতিনির্ধারণে যুক্তরাষ্ট্রের প্রভাব বেড়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা ইসরাইলের রয়েছে। তার ভাষ্য, ইরান ও হিজবুল্লাহ এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে তারা হামলা চালাবে, কিন্তু ইসরাইল জবাব দিতে পারবে না। এমন পরিস্থিতি তিনি মেনে নেবেন না।   পর্যবেক্ষকদের ধারণা, ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের এই পরিবর্তন কেবল ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের বিষয় নয়; এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো ও আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের ওপরও প্রভাব ফেলতে পারে।   কিছু সাবেক গোয়েন্দা কর্মকর্তার মতে, ইরান বর্তমানে ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যে তৈরি হওয়া দূরত্ব পর্যবেক্ষণ করছে এবং এই পরিস্থিতিকে কৌশলগতভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। একই সঙ্গে হিজবুল্লাহসহ আঞ্চলিক মিত্রদের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগও অব্যাহত রয়েছে।   ইসরাইলের সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের একাংশ মনে করছেন, সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ের মধ্যেও নেতানিয়াহুর প্রভাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, অতীতে তিনি ট্রাম্প প্রশাসনের ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারলেও বর্তমান পরিস্থিতিতে সেই সক্ষমতা আগের মতো কার্যকর নেই।   বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্প স্পষ্টভাবে মধ্যপ্রাচ্য নীতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান। আর নেতানিয়াহু এমন এক রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে কাজে লাগানোর পুরোনো কৌশল ক্রমেই সীমিত হয়ে আসছে।

প্রকাশ : জুন ৮, ২০২৬ ২৩:২৩
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা কীভাবে বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন? ফ্রিতে দেখার উপায়ও আছে

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে বিশ্বকাপ ফুটবল ঘিরে বাড়ছে ব্যাপক উন্মাদনা। নিউইয়র্ক, আটলান্টা, ডালাস, মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা ইতোমধ্যেই খেলা দেখার প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে অনেকের মধ্যেই একটি সাধারণ প্রশ্ন দেখা যাচ্ছে—আমেরিকায় বসে কীভাবে সহজে, কম খরচে কিংবা ফ্রিতে বিশ্বকাপের খেলা দেখা যাবে?   বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব সাধারণত যুক্তরাষ্ট্রে বড় ক্রীড়া সম্প্রচার মাধ্যমগুলোর হাতে থাকে। এর মধ্যে ইংরেজি ভাষায় সবচেয়ে বড় সম্প্রচারক প্রতিষ্ঠান হলো ফক্স স্পোর্টস। প্রতিষ্ঠানটির টেলিভিশন চ্যানেল FOX এবং FS1-এ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি দেখানো হয়। অনেক এলাকায় সাধারণ ডিজিটাল অ্যান্টেনা ব্যবহার করেই স্থানীয় FOX চ্যানেল ফ্রিতে দেখা সম্ভব। ফলে যাদের বাসায় স্মার্ট অ্যান্টেনা বা ওভার-দ্য-এয়ার টিভি সুবিধা রয়েছে, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই কিছু ম্যাচ উপভোগ করতে পারেন।   এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অনলাইন টিভি প্ল্যাটফর্ম নতুন ব্যবহারকারীদের জন্য সীমিত সময়ের ফ্রি ট্রায়াল সুবিধা দিচ্ছে। এর মধ্যে ইউটিউব টিভি, ফুবো টিভি এবং হুলু লাইভ টিভি উল্লেখযোগ্য। এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে অনেকেই কয়েকদিন বিনামূল্যে খেলা দেখতে পারবেন। তবে ট্রায়াল মেয়াদ শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল না করলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ কেটে নেওয়ার বিষয়টি মাথায় রাখতে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।   বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ আবার বাংলা ভাষায় খেলার আলোচনা, বিশ্লেষণ বা দক্ষিণ এশীয় সম্প্রচার দেখতে আগ্রহী। সে কারণে অনেকেই টফি, টি স্পোর্টস লাইভ কিংবা সনি লিভের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তবে এসব সেবার কিছু কনটেন্ট যুক্তরাষ্ট্রে সরাসরি নাও পাওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করে ব্যবহারকারীরা নিজ দেশের সম্প্রচার দেখতে চেষ্টা করেন। যদিও প্রযুক্তিগত ও নীতিগত কারণে এটি ব্যবহারের আগে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নিয়ম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।   কম  খরচে পুরো বিশ্বকাপ উপভোগ করতে চাইলে মাসিক সাবস্ক্রিপশনভিত্তিক কিছু সেবা প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে স্লিং টিভি তুলনামূলক কম খরচে ক্রীড়া চ্যানেল দেখার সুযোগ দেয়। অন্যদিকে ইউটিউব টিভি ও ফুবো টিভিতে উচ্চমানের সম্প্রচার, মোবাইল ও স্মার্ট টিভি সাপোর্ট এবং ম্যাচ রেকর্ড করার সুবিধাও রয়েছে।   প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানে অধিকাংশ দর্শক মোবাইল ফোন, স্মার্ট টিভি বা ট্যাব ব্যবহার করে খেলা দেখছেন। এজন্য প্রথমে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর প্রয়োজন অনুযায়ী সাবস্ক্রিপশন নিয়ে সহজেই লাইভ ম্যাচ উপভোগ করা যায়।   যারা পুরো ম্যাচ দেখার সময় পান না, তাদের জন্যও রয়েছে হাইলাইটস দেখার সুযোগ। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ম্যাচ শেষে গোল, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং বিশ্লেষণ প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্ল্যাটফর্মেও সংক্ষিপ্ত হাইলাইটস পাওয়া যায়।   প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিশ্বকাপ ঘিরে সামাজিক আয়োজনও বাড়ছে। বিভিন্ন শহরে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা একত্রে খেলা দেখার পরিকল্পনা করছেন। অনেক রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারেও বড় পর্দায় ম্যাচ দেখানোর প্রস্তুতি চলছে। ফলে যুক্তরাষ্ট্রে বসেও বিশ্বকাপের আবহ এখন অনেকটাই বাংলাদেশের মতো প্রাণবন্ত হয়ে উঠছে।

প্রকাশ : জুন ৮, ২০২৬ ২৩:৩২
ছবি: সংগৃহীত
২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

দীর্ঘ ২১ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বারের মতো হারিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডিএলএস মেথডে ৮৬ রানের বড় ব্যবধানে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে সর্বশেষ ২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের স্মরণীয় ইনিংসে ভর করে শক্তিশালী অজিদের হারিয়েছিল বাংলাদেশ।   ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ফিফটির পর মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় বাংলাদেশ। সাড়ে তিন বছর পর দলে ফিরেই মোসাদ্দেক ৭০ বলে খেলেন অপরাজিত ৮৬ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। তার এই আগ্রাসী ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ওভারে ২৮৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দল।   ২৮৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে তাসকিন আহমেদ এবং পরের ওভারে মারনাশ লাবুশানেক মোস্তাফিজুর রহমান আউট করলে শুরুতেই চরম বিপদে পড়ে অস্ট্রেলিয়া। এরপর অজি অধিনায়ক জশ ইংলিস ও অ্যালেক্স কেয়ারি কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও গতি তারকা নাহিদ রানার তোপে তা ভেস্তে যায়। নাহিদ রানা একাই ৪ উইকেট নিয়ে অজিদের মিডল ও লোয়ার অর্ডার ধসিয়ে দেন।   ১৫৬ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর শেষ উইকেটে ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পা ব্যবধান কমানোর লড়াই চালান। তবে ৪২.২ ওভারে ১৯১ রানে খেলা বন্ধ হওয়ার পর প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষা করতে হয়। অবশেষে ডিএলএস মেথডে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়। বল হাতে অবদান রাখা মোসাদ্দেক হোসেন সৈকত ও প্রথম বাংলাদেশি হিসেবে অজিদের বিপক্ষে ৪ উইকেট নেওয়া নাহিদ রানার সম্মিলিত আক্রমণে সহজ জয় পায় বাংলাদেশ।

প্রকাশ : জুন ৮, ২০২৬ ২২:৪৮
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও | ছবি: সংগৃহীত
বিদেশি কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের ১০০টিরও বেশি নতুন ভিসা নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শতাধিক বিদেশি নাগরিক ও কর্মকর্তার ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে নেওয়া এই জরুরি পদক্ষেপের কথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।   প্রতিবেদনে জানানো হয়, নতুন করে জারি করা এই নিষেধাজ্ঞার একটি বড় অংশই নিকারাগুয়ার কর্মকর্তাদের ওপর দেওয়া হয়েছে। সম্প্রতি নিকারাগুয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এক আদিবাসী অধিকার কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করেই মূলত মার্কিন প্রশাসন এই কড়া পদক্ষেপ নিয়েছে।   মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিভিন্ন দেশের সরকার ও কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে যারা রাজনৈতিক প্রতিপক্ষ এবং সুশীল সমাজের ওপর দমন-পীড়ন, সেন্সরশিপ ও নানা ধরনের নির্যাতন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করা এর মূল উদ্দেশ্য।   ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে গণতন্ত্র রক্ষা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের ক্রমবর্ধমান উদ্বেগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে চাপ সৃষ্টির যে নীতি যুক্তরাষ্ট্র অনুসরণ করছে, এই নিষেধাজ্ঞা তারই একটি বড় অংশ বলে জানানো হয়েছে।

প্রকাশ : জুন ৮, ২০২৬ ২২:৪১
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে ফোন ছিনতাই ঠেকাতে গিয়ে গুলিতে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় মোবাইল ফোন ছিনতাই ঠেকাতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ২২ বছর বয়সী পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিলি শ্মিট। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার বাবা বলেছেন, তিনি চান ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হোক।   স্থানীয় সময় শনিবার ভোর প্রায় ১টা ৩০ মিনিটে দক্ষিণ ফিলাডেলফিয়ায় পরিবারের বাড়ির অদূরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিলি শ্মিট বন্ধুদের সঙ্গে একটি বারে এনবিএ ফাইনাল খেলা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় দুই মুখোশধারী ব্যক্তি তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফোন ছিনতাইয়ের পর দুই সন্দেহভাজন পালিয়ে গেলে বিলি তাদের পিছু নেন। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন সন্দেহভাজন তার মুখোমুখি হওয়ার পর দুজনই দৌড়ে পালিয়ে যায় এবং বিলি তাদের ধাওয়া করেন।   প্রতিবেদনে আরও বলা হয়, একপর্যায়ে একজন ছিনতাইকারী মোবাইল ফোনটি রাস্তায় ফেলে দেয় এবং একটি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। অন্যজন ঘুরে দাঁড়িয়ে বিলির বুকে গুলি করে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুলিবিদ্ধ হওয়ার আগে বিলি বলছিলেন, “আমার ফোনটা ফেরত দাও।”   বিলির বাবা বিল শ্মিট স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমি ওই দুই ব্যক্তিকে খুঁজে বের করতে চাই এবং তাদের শাস্তি নিশ্চিত করতে চাই।”   তিনি বলেন, “সে খুব ভালো একজন মানুষ ছিল। সবার প্রতি তার আন্তরিকতা ছিল। সে কখনও কারও ক্ষতি করেনি। এমন একজন মানুষের এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া অত্যন্ত মর্মান্তিক।” ঘটনার পর বিলিকে দ্রুত Penn Presbyterian Medical Center-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   বিলির বোন আনা শ্মিট বলেন, “কেউ কীভাবে আমার এবং আমার পরিবারের সঙ্গে এমনটা করতে পারে, আমি বুঝতে পারছি না। আমি তাকে খুব মিস করছি।”   পরে বিলির বাবা রাস্তার পাশে একটি গাড়ির নিচে পড়ে থাকা তার মোবাইল ফোনটি খুঁজে পান এবং সেটি পুলিশের কাছে হস্তান্তর করেন।   তিনি বলেন, “ফোনটি ছিনতাই হওয়ার পর সে তাদের পিছু নিয়েছিল, এটা জেনে আমি বিস্মিত হয়েছি। পরে জানতে পারি, মোড়ের কাছে পৌঁছালে আরেকজন বেরিয়ে এসে তাকে গুলি করে।” এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।   স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ ও প্রসিকিউটররা আশা করছেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনে থাকা ডিএনএ নমুনা সন্দেহভাজনদের শনাক্ত করতে সহায়তা করবে।   ফিলাডেলফিয়ার সহকারী জেলা অ্যাটর্নি বিল ফ্রিটজে বলেন, তদন্তকারীরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং ঘটনাস্থলে পুনরায় গিয়ে সম্ভাব্য আলামত সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রকাশ : জুন ৮, ২০২৬ ২২:২৬
বর্ণাঢ্য পরিবেশে উদযাপিত হয় পহেলা বৈশাখ । ছবি: সংগৃহীত
নিউইয়র্কে এএএনএসইউ ইউএসএ চ্যাপ্টারের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন

নিউইয়র্কে উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাংলা নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছে এএএনএসইউ ইউএসএ চ্যাপ্টার। বিদেশের মাটিতে অনুষ্ঠিত এ আয়োজন পরিণত হয় বাঙালিয়ানায় ভরা এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, সাংস্কৃতিক আয়োজন, আড্ডা এবং আনন্দঘন মুহূর্ত। ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পাশাপাশি দেশীয় খাবারের আয়োজন এবং দীর্ঘদিন পর বন্ধু ও সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।   অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্কের বুকে এ ধরনের আয়োজন আবারও প্রমাণ করেছে যে দেশ থেকে হাজার মাইল দূরে অবস্থান করলেও প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবকে গভীরভাবে ধারণ করে চলেছেন।   তারা বলেন, এএএনএসইউ ইউএসএ চ্যাপ্টারের এ উদ্যোগ নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।   অনুষ্ঠান সফল করতে আয়োজক ও স্বেচ্ছাসেবকদের মধ্যে আলী, ফিরোজ, বান্না, রিশাদ, অপু, জুনায়েদসহ সিনিয়র ও জুনিয়র সদস্যরা বিভিন্ন দায়িত্ব পালন করেন।   আয়োজকরা জানান, পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ছিল ঐক্য, বন্ধুত্ব, নস্টালজিয়া এবং প্রবাসে বাঙালি পরিচয়ের এক উজ্জ্বল প্রকাশ। তাদের মতে, এমন আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সংযোগ আরও দৃঢ় করতে সহায়তা করবে।

প্রকাশ : জুন ৮, ২০২৬ ২২:১৩