- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
নিউইয়র্কে উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাংলা নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছে এএএনএসইউ ইউএসএ চ্যাপ্টার। বিদেশের মাটিতে অনুষ্ঠিত এ আয়োজন পরিণত হয় বাঙালিয়ানায় ভরা এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, সাংস্কৃতিক আয়োজন, আড্ডা এবং আনন্দঘন মুহূর্ত। ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পাশাপাশি দেশীয় খাবারের আয়োজন এবং দীর্ঘদিন পর বন্ধু ও সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্কের বুকে এ ধরনের আয়োজন আবারও প্রমাণ করেছে যে দেশ থেকে হাজার মাইল দূরে অবস্থান করলেও প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবকে গভীরভাবে ধারণ করে চলেছেন। তারা বলেন, এএএনএসইউ ইউএসএ চ্যাপ্টারের এ উদ্যোগ নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান সফল করতে আয়োজক ও স্বেচ্ছাসেবকদের মধ্যে আলী, ফিরোজ, বান্না, রিশাদ, অপু, জুনায়েদসহ সিনিয়র ও জুনিয়র সদস্যরা বিভিন্ন দায়িত্ব পালন করেন। আয়োজকরা জানান, পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ছিল ঐক্য, বন্ধুত্ব, নস্টালজিয়া এবং প্রবাসে বাঙালি পরিচয়ের এক উজ্জ্বল প্রকাশ। তাদের মতে, এমন আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সংযোগ আরও দৃঢ় করতে সহায়তা করবে।
আসন্ন ফুটবল বিশ্বকাপে নিজেদের সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতে টিকিট নিয়ে বড় ধরনের অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইরান। ইরান ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি ফার্সি এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপ শুরু হতে মাত্র তিন দিন বাকি থাকতে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলল দেশটি। ইরানের অভিযোগ, বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের জাতীয় দলের তিনটি ম্যাচের ভেন্যুতে যেন ইরানি সমর্থকরা উপস্থিত হতে না পারেন, সেই চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের প্রতিটি ম্যাচের প্রায় ৮ শতাংশ টিকিট সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ রাখা হয়। এর ফলে সমর্থকরা অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে সহজেই টিকিট কিনতে পারেন। ইরান ফুটবল ফেডারেশনও সেই নিয়ম মেনে টিকিট বিক্রি শুরু করেছিল, কিন্তু হঠাৎ করেই তাদের সেই কোটা বাতিল করা হয়েছে। ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অফিশিয়াল টিকিট কোটা এভাবে কেড়ে নেওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা কিংবা মার্কিন আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ভিসা জটিলতার কারণে ইরানের বেশ কয়েকজন সহকারী স্টাফের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছিল। উদ্ভূত পরিস্থিতির কারণে ইরান দল তাদের প্রশিক্ষণ ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকো সীমান্তের টিজুয়ানা শহরে স্থানান্তর করতে বাধ্য হয়। আগামী ১৫ই জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ইরান।
ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এই গণ-নিষেধাজ্ঞার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে একে বাকস্বাধীনতার পরিপন্থী বলে দাবি করেছে। আমেরিকার এই প্রবল আপত্তি ও বিরোধিতাকে উপেক্ষা করেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর এই কঠোর নিয়ম বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন। আজ মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাস এই নিষেধাজ্ঞার বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ঢালাওভাবে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ না করে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের কনটেন্টের ওপর সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ আনা উচিত। তাদের দাবি, বয়স নির্ধারণের বর্তমান প্রযুক্তি এখনও পুরোপুরি নির্ভুল নয় এবং এই সিদ্ধান্তের ফলে আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চরম ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে। তবে মার্কিন আপত্তির জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, তাদের সরকার অন্য কোনো দেশের চাপ নয়, বরং দেশের পরিবারগুলোর ভবিষ্যতের জন্য যা সঠিক তা-ই করবে। যুক্তরাজ্যের প্রযুক্তি বিষয়ক মন্ত্রী লিজ কেন্ডালও মার্কিন আপত্তির মুখে অনড় অবস্থান প্রকাশ করেছেন। তিনি জানান, দেশের শিশুদের সুরক্ষায় যা করা উচিত, তা থেকে তাকে কোনোভাবেই বিচ্যুত করা যাবে না। অস্ট্রেলিয়ার আদলে অনূর্ধ্ব-১৬ শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি ক্ষতিকর ও আসক্তি তৈরি করা ফিচারের ওপর কারফিউ জারির মতো বিকল্পগুলোও এখন ব্রিটিশ সরকারের টেবিলে রয়েছে। এই নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাজ্যে আয়োজিত সরকারি মতামত জরিপে প্রায় ১ লাখ ২০ হাজার নাগরিক অংশ নিয়েছেন, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাড়াজাগানো ঘটনা। জরিপে অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ অভিভাবকই শিশুদের জন্য এই নিষেধাজ্ঞা পুরোপুরি সমর্থন করেছেন। দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনখও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম বড়দের জন্য, শিশুদের জন্য নয়।
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। তবে আইরিশ মেয়েদের বিপক্ষে জয় তুলে নিতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারতে হয়েছে। আজ মঙ্গলবার আয়ারল্যান্ডের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দল ১৩২ রানে থেমে যায়। রান তাড়ার শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারের কোনো রান না করেই সাজঘরে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। প্রাথমিক বিপর্যয় সামলে দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৭৭ রানের দারুণ এক জুটি গড়েন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। এই জুটিতে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করে ৩৮ বলে ৫০ রান করে আউট হন জুয়াইরিয়া। অন্যদিকে শারমিন ৪০ বল খেলে ২৭ রান করে বিদায় নেন। এই দুই টপ অর্ডার ব্যাটারের বিদায়ের পর অধিনায়ক জ্যোতি ও স্বর্ণা দলের হাল ধরার চেষ্টা চালান। তবে ম্যাচের শেষ মুহূর্তে আর কেউই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। ব্যাট হাতে জ্যোতি ১৯ এবং স্বর্ণা ১২ রান করেন। দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতে সুবিধা করতে না পেরে প্রথম চার ওভারেই দুই ওপেনারকে হারায় আয়ারল্যান্ড। আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। তবে শেষদিকে ১১ নম্বরে নামা আভা ক্যানিনের মাত্র ৮ বলে খেলা ২১ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৪৩ রানের সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড।
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্বাগতিক শহরের হোটেল এবং খাবার সরবরাহকারী শ্রমিকরা ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন। কম মজুরি এবং অভিবাসনসংক্রান্ত জটিলতার কারণে হাজার হাজার শ্রমিকের এই অসন্তোষে টুর্নামেন্ট শুরুর মুখেই বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। আজ মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই স্টেডিয়ামের প্রায় ২ হাজার কর্মী যেকোনো মুহূর্তে কাজ বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। শ্রমিকদের দাবি, বর্তমান মজুরি দিয়ে স্টেডিয়ামের কাছাকাছি থাকার খরচ চালানো অসম্ভব। তারা ঘণ্টায় ৩০ ডলারের বেশি মজুরি এবং কাজের জায়গায় অভিবাসন কর্মকর্তাদের অভিযানের বিরুদ্ধে সুরক্ষার দাবি জানিয়েছেন। একই ধরনের উত্তেজনা তৈরি হয়েছে সিয়াটল শহরের লুমেন ফিল্ড স্টেডিয়ামের কাছের একটি তারকা হোটেলও। সেখানে বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই হোটেলের শত শত কর্মী বেতন বৃদ্ধি, বছরব্যাপী স্বাস্থ্যবিমা এবং পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে ধর্মঘটের পক্ষে রায় দিয়েছেন। তাদের অভিযোগ, করোনা মহামারির পর থেকে প্রতিটি বিভাগে ধারণক্ষমতার চেয়ে অনেক কম কর্মী দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে ফিলাডেলফিয়ার ছয়টি বড় হোটেলের শ্রমিক ইউনিয়নও আগামী ১২ জুনের মধ্যে নতুন চুক্তি না হলে ধর্মঘটের সময়সীমা বেঁধে দিয়েছে। এই শহরে বিশ্বকাপ উপলক্ষে প্রায় ৭৭ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা রয়েছে। শ্রমিকদের দাবি, হোটেলগুলো বিপুল অর্থ আয় করলেও সাধারণ কর্মীদের সন্তানদের পড়াশোনা বা নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার মতো ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফার একটি নতুন নীতি নিয়েও শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, যেখানে কাজ করার জন্য কর্মীদের অভিবাসনসংক্রান্ত তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রায় দুইশত দেশের অভিবাসী শ্রমিকরা এই টুর্নামেন্টে কাজ করবেন। ফলে এই নিয়মের কারণে কাজের জায়গায় বাড়তি হয়রানির আশঙ্কা করছেন শ্রমিক নেতারা। তবে ফিফা জানিয়েছে, এটি তাদের অভ্যন্তরীণ চুক্তিভিত্তিক বিষয় হওয়ায় এ নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।
বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকগুলো গত বছর জীবাশ্ম জ্বালানি খাতে ৯০ হাজার ৬০০ কোটি ডলার অর্থায়ন করেছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি সত্ত্বেও কয়লা, তেল এবং গ্যাস উৎপাদন বাড়িয়ে দিতে ব্যাংকগুলোর এই বিপুল বিনিয়োগের তথ্য একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে। আজ মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলোর জোটের তৈরি করা বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় গত বছর জীবাশ্ম জ্বালানিতে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার পরিমাণ প্রায় ৮ শতাংশ বা ৬ হাজার ৪০০ কোটি ডলার বেড়েছে। গবেষকরা বলছেন, বিশ্বের শীর্ষ ৬৫টি ব্যাংকের এই সিদ্ধান্ত বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক জলবায়ু চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। প্রতিবেদনে জানানো হয়, জীবাশ্ম জ্বালানি খাতে সবচেয়ে বেশি অর্থায়ন করেছে মার্কিন ব্যাংক ‘জেপি মরগান চেজ’। গত বছর তারা এই খাতে ৫ হাজার ৮০০ কোটি ডলার দিয়েছে, যা আগের বছরের চেয়ে ১৩ শতাংশ বেশি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ব্যাংক অব আমেরিকা’। এরপরই রয়েছে জাপানের দুটি ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ‘সিটিগ্রুপ’। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চুক্তির পর থেকে এ পর্যন্ত বিশ্বের বড় ব্যাংকগুলো জীবাশ্ম জ্বালানি খাতে মোট ৮.৭ ট্রিলিয়ন ডলার তহবিল জুগিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু রক্ষার এই পুরোনো প্রতিশ্রুতি থেকে ব্যাংকগুলো এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। অর্থায়নের এই বিশাল অঙ্কের ৪০ শতাংশেরই জন্য দায়ী শীর্ষ ১২টি ব্যাংক। তবে এর মধ্যেও ইউরোপীয় কিছু ব্যাংক গত বছর এই খাতে তাদের অর্থায়ন কিছুটা কমিয়েছে। গবেষকদের মতে, স্বেচ্ছায় দেওয়া পরিবেশগত প্রতিশ্রুতিগুলো কাজ না করায় এখন বিভিন্ন দেশের সরকারি নীতি নির্ধারকদের আরও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত শনিবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গন, বিশ্লেষক মহল ও নাগরিক সমাজে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ফেসবুকে লিখেছিলেন, “আমিও রাষ্ট্রদূত হতে চাই। কারও কাছে প্রধানমন্ত্রীর নম্বর থাকলে দয়া করে শেয়ার করবেন কি?”—এই পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া আসতে শুরু করে। সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বরা পোস্টটিতে হালকা ও রসাত্মক মন্তব্য করলেও সাধারণ মানুষের একাংশ এটিকে রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অবহেলা হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অসীম শাহ হাসির প্রতিক্রিয়া দিয়ে মন্তব্য করেন, “আমি প্রধানমন্ত্রীকে বলে দেব।” শিক্ষামন্ত্রী ও সরকারের মুখপাত্র সস্মিত পোখারেল লেখেন, “আমি কি তাঁকে মেসেজ করব?” সংসদ সদস্য টিকা সাংগ্রৌলা কৌতুক করে বলেন, “আমার কাছে আছে, কিন্তু আপনাকে দেব না।” এ ধরনের প্রতিক্রিয়াকে অনেকেই রাষ্ট্রীয় পদমর্যাদার অবমূল্যায়ন হিসেবে দেখছেন। সমালোচকদের মতে, সরকারের গুরুত্বপূর্ণ নীতি ও সংকটপূর্ণ ইস্যুগুলো থেকে জনদৃষ্টি সরাতে এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কর্মকাণ্ড ব্যবহার করা হচ্ছে। পর্যবেক্ষকদের দাবি, বিতর্কিত অধ্যাদেশ, ভূমিহীনদের উচ্ছেদ এবং বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি অবহেলার অভিযোগে যখন সরকার চাপে রয়েছে, তখন এই ধরনের ‘ডিজিটাল নাটকীয়তা’ জনআলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। জেন-জি প্রজন্মের নেত্রী তনুজা পান্ডে বলেন, “রাষ্ট্রীয় বিষয় এবং ব্যক্তিগত বিনোদনের সীমারেখা মুছে যাচ্ছে, যা উদ্বেগজনক। কূটনৈতিক পদ নিয়ে এভাবে প্রকাশ্যে রসিকতা করা দায়িত্বশীল আচরণ নয়।” সামাজিক মাধ্যম ব্যবহারকারী যাদব দেবকোটা মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর এ ধরনের আচরণ নির্বাহী পদের মর্যাদাকে খাটো করছে। একইভাবে সারিতা তিওয়ারি প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক পরিপক্বতা নিয়েও। এ বিতর্কের পটভূমিতে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। গত ৪ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সচিব কৃষ্ণ হরি পুষ্করকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, তিনি ব্যক্তিগত বার্তার মাধ্যমে প্রশাসনিক নিয়ম ভঙ্গ করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করেছিলেন। তবে সাবেক জ্যেষ্ঠ আমলারা এই পদক্ষেপকে বিপজ্জনক নজির হিসেবে দেখছেন এবং বলছেন, এতে প্রশাসনে ভয়ের সংস্কৃতি তৈরি হতে পারে। এর আগে ২৭ এপ্রিল বিতর্কিত অধ্যাদেশ পাশ করাতে সংসদ অধিবেশন স্থগিতের সিদ্ধান্তও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সে সময়ও জনমনে ক্ষোভ বাড়তে থাকলে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন, যা দ্রুত ভাইরাল হয়ে মূল রাজনৈতিক বিতর্ককে আড়াল করে দেয় বলে অভিযোগ ওঠে। মানবাধিকারকর্মী মজিদ আনসারি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে আইনের ভিত্তিতে কাজ করতে হবে, কোনো ব্যক্তির ইচ্ছার ওপর নয়।” সমালোচকদের ভাষ্য, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বারবার সামাজিক যোগাযোগমাধ্যমকে রাজনৈতিক চাপ সামাল দেওয়ার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তবে এই কৌশল দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক চর্চার জন্য কতটা ক্ষতিকর হতে পারে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ভারতের পশ্চিমবঙ্গের তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। স্বাক্ষর জালিয়াতির অভিযোগের তদন্তে তল্লাশি পরোয়ানা নিয়ে তার বাসভবনে পৌঁছেছে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৯ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৭১ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক এমন এক সময় এই তদন্তের মুখে পড়লেন, যখন তার দল তৃণমূল কংগ্রেসের ভেতরে দীর্ঘদিন ধরেই মতবিরোধ ও প্রকাশ্য দ্বন্দ্বের ঘটনা সামনে আসছে। অভিযোগে বলা হয়েছে, দলের কয়েকজন সংসদ সদস্যের স্বাক্ষর জাল করে বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনয়নের সমর্থন জানানো হয়। এই চিঠি ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। তৃণমূলের দুই সংসদ সদস্য ঋতাব্রত ব্যানার্জী ও সন্দীপন সাহা গত ২৭ মে স্পিকার রথীন্দ্র বসুকে জানান, ৬ মে অনুষ্ঠিত দলের বৈঠকে বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অথচ দলীয়ভাবে পাঠানো চিঠিতে এমন দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, তারা বৈঠকের কার্যবিবরণীতে ১৯ মে স্বাক্ষর করেছিলেন, ৬ মে নয়। এই দুই সংসদ সদস্য আরও অভিযোগ করেন, ৬ মে তারিখ দেখিয়ে যে প্রস্তাবটি দেখানো হয়েছে, তা পরে তৈরি করা হয়েছে এবং সেখানে থাকা বেশ কিছু স্বাক্ষর জাল। তাদের দাবি, মোট ৭০টি স্বাক্ষরের মধ্যে অন্তত ১৪টি স্বাক্ষর বড় হাতের অক্ষরে লেখা, যা সন্দেহজনক। এ ঘটনার পর দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঋতাব্রত ব্যানার্জী ও সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। অভিযোগ ওঠার কিছুক্ষণের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, বর্তমানে সিআইডির তিনটি পৃথক দল একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে একটি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান পরিচালনা করছে। তবে ঘটনার সময় তিনি দিল্লিতে অবস্থান করছিলেন। অন্য একটি দল তার ভাতিজা ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে, পাশাপাশি আরেকটি দল তার বাসভবনেও অনুসন্ধান করছে। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে এ ধরনের অভিযোগ ও তদন্ত তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে অভিযোগের বিষয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করছে এই বিতর্কের পরবর্তী পরিস্থিতি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররম মাসের প্রথম দশ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্মরণসভা কমিটি। মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর দিয়েছে দেশটির আধাসরকারি বার্তা সংস্থা মেহের নিউজ। বিবৃতিতে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের স্মরণে আয়োজিত জানাজা ও দাফন অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের ভেতর ও বাইরে থেকে আগত শোকাহতদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। কমিটি জানায়, ইমাম হুসাইনের শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতি সম্মান জানিয়ে আশুরার পরই এই আয়োজন করা হবে। অর্থাৎ মহররমের প্রথম দশ দিনের ধর্মীয় কর্মসূচি শেষ হওয়ার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে অনুষ্ঠান ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সময়সূচি ও আয়োজনসংক্রান্ত জল্পনা-কল্পনা সম্পর্কে সতর্ক করেছে কমিটি। তাদের ভাষ্য, এসব তথ্য যাচাইবিহীন এবং বিভ্রান্তিকর, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। স্মরণসভা কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অনুষ্ঠানসংক্রান্ত চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, খামেনির মৃত্যু এবং এর প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা ও দাবি-প্রতিদাবি চলছে। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক তথ্য ছাড়া অন্য কোনো খবরের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রভাবশালী জেনারেল আহমেদ ভাহিদি তেহরানে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন—এমন দাবি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি ইরান সরকার। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনির্ভরযোগ্য সূত্রে ছড়িয়ে পড়া প্রতিবেদনে বলা হচ্ছে, রাজধানী তেহরানে চালানো বিমান হামলায় ভাহিদি প্রাণ হারিয়েছেন। যদিও এ দাবির পক্ষে এখনো কোনো স্বাধীন বা বিশ্বাসযোগ্য সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আহমেদ ভাহিদি ইরানের আধা-সামরিক বাহিনী আইআরজিসির শীর্ষ পর্যায়ের একজন নেতা হিসেবে পরিচিত। তেহরানের ক্ষমতার কেন্দ্রে তার প্রভাব দীর্ঘদিনের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা বা যুদ্ধবিরতি আলোচনায় কট্টর অবস্থান ধরে রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন বলে বিশ্লেষকদের ধারণা। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনি আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি ওঠে। সেই ঘটনার পর থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত এবং অজ্ঞাত স্থানে রয়েছেন বলে খবর ছড়ায়। ভাহিদি তার ঘনিষ্ঠ বলয়ের একজন সদস্য হিসেবে পরিচিত হওয়ায় তাকে ঘিরে গুঞ্জন আরও জোরালো হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ এক প্রতিবেদনে বলেছে, ভাহিদি ও তার ঘনিষ্ঠ গোষ্ঠী ইরানের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। তাদের অবস্থান সাধারণত কঠোর এবং পশ্চিমাদের সঙ্গে আপসের বিপক্ষে। বিশ্লেষকদের মতে, যদি ভাহিদির নিহত হওয়ার খবর সত্য প্রমাণিত হয়, তবে তা ইরানের নিরাপত্তা ও সামরিক কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে। কারণ আইআরজিসি শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের সামরিক ও কৌশলগত কার্যক্রম পরিচালনায় মূল ভূমিকা পালন করে। অন্যদিকে, এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ইরানবিরোধী মহলে নতুন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর প্রতি আইআরজিসির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন কিছু বিশ্লেষক ও পর্যবেক্ষক। তাদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের কার্যক্রম মোকাবিলায় আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো প্রয়োজন। তবে অতীতে একাধিকবার ভাহিদির মৃত্যুর গুজব ছড়ালেও সেগুলো পরে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতেও নিশ্চিত তথ্যের জন্য আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছে সমর্থনের আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এই আহ্বান জানানো হয়। দূতাবাসের ওই পোস্টে বলা হয়, দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে নরওয়ে। এমন প্রেক্ষাপটে তারা মনে করছে, ভৌগোলিক ও ঐতিহাসিক নানা মিলের কারণে বাংলাদেশের মানুষের জন্য নরওয়েকে সমর্থন করা হতে পারে একটি অর্থবহ সিদ্ধান্ত। পোস্টে বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম দিকেই স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে নরওয়ে অন্যতম। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে আসছে। দূতাবাস আরও জানায়, শুধু কূটনৈতিক বা ঐতিহাসিক সম্পর্কই নয়, সামাজিক ও ভৌগোলিক দিক থেকেও দুই দেশের মধ্যে কিছু মিল রয়েছে। উভয় দেশই উপকূলীয় অঞ্চলসমৃদ্ধ এবং দুই দেশের মানুষের খাদ্যাভ্যাসে মাছের গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। আয়তন ও জনসংখ্যার দিক থেকে তুলনামূলক ছোট হলেও আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বপ্ন দেখার মানসিকতাও দুই দেশের একটি অভিন্ন বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়। ফুটবল প্রসঙ্গে পোস্টে বিশেষভাবে উল্লেখ করা হয় নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের কথা। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার বিশ্বকাপে নরওয়ের জার্সিতে মাঠে নামবেন, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছে দূতাবাস। পোস্টের শেষাংশে বাংলাদেশিদের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, “তাহলে কী বলো বাংলাদেশ? সময় এখন একসঙ্গে বড় স্বপ্ন দেখার এবং ছোট দল হিসেবে বড় মঞ্চে লড়তে থাকা নরওয়েকে সমর্থন করার।” নরওয়ে দূতাবাসের এই ব্যতিক্রমী আহ্বান ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে কূটনৈতিক যোগাযোগের এক ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে দেখছেন, যেখানে খেলাধুলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
ভারত প্রথমবারের মতো তার পারমাণবিক অস্ত্রকে সরাসরি মোতায়েনযোগ্য অবস্থায় নিয়ে যাচ্ছে—এমনই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অস্ত্র-নজরদারি সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর সর্বশেষ প্রতিবেদনে। মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসআইপিআরআই বলছে, এটি নয়াদিল্লির দীর্ঘদিনের পারমাণবিক নীতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন। এতদিন ভারত তার পারমাণবিক অস্ত্র এবং সেগুলো বহনের ব্যবস্থাকে আলাদা করে সংরক্ষণ করত। কিন্তু এখন সেই নীতি থেকে সরে এসে অস্ত্রগুলোকে কার্যকরভাবে মোতায়েনযোগ্য হিসেবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ১২টি নতুন পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করা হয়েছে, যা প্রথমবারের মতো বহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে বা সক্রিয় সামরিক ঘাঁটিতে স্থাপন করা হয়েছে। এই পদক্ষেপকে উচ্চ সতর্কাবস্থার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনে এসব অস্ত্র প্রস্তুত রাখা—পরিস্থিতির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। এসআইপিআরআইয়ের তথ্য বলছে, গত বছর ভারত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিনে (এসএসবিএন) সীমিত সংখ্যক ওয়ারহেড মোতায়েন করে এবং প্রতিরোধমূলক টহল পরিচালনা করে। একই সঙ্গে দেশটির মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারেও সামান্য বৃদ্ধি দেখা গেছে। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় ১৯০-এ পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি। এসব অস্ত্র বিমান, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিনভিত্তিক ব্যবস্থার সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ ‘পারমাণবিক ত্রিমাত্রিক প্রতিরক্ষা কাঠামো’র অংশ। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের ক্ষেপণাস্ত্রগুলোকে ক্যানিস্টারে সংরক্ষণ এবং সমুদ্রভিত্তিক টহল জোরদার করার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, শান্তিকালেও কিছু পারমাণবিক অস্ত্র সরাসরি লঞ্চারের সঙ্গে যুক্ত রাখা হতে পারে। এটি দেশটির পূর্বের সতর্ক ও বিচ্ছিন্ন সংরক্ষণ নীতির সঙ্গে সাংঘর্ষিক। তবে ভারতের সরকারি অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে ‘আগে ব্যবহার নয়’ (নো ফার্স্ট ইউজ) নীতি অনুসরণ করে আসছে। অর্থাৎ, ভারত কখনো প্রথমে পারমাণবিক হামলা চালাবে না—এমন প্রতিশ্রুতি দিয়েছে। কেবলমাত্র নিজ ভূখণ্ডে বা বিদেশে অবস্থানরত ভারতীয় বাহিনীর ওপর পারমাণবিক হামলা হলে তার পাল্টা জবাব হিসেবে এই অস্ত্র ব্যবহার করা হবে। বিশ্লেষকদের মতে, ভারতের পারমাণবিক সক্ষমতা মূলত প্রতিরোধমূলক কৌশলের অংশ। এর লক্ষ্য প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত রাখা, অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়া নয়। তবে সাম্প্রতিক এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়ার পাশাপাশি রাজনীতি থেকে অবসরে যাওয়ার সম্ভাবনা নিয়ে যে গুঞ্জন চলছিল, তা নাকচ করেছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের একা রেখে বিশ্রামে যাওয়ার সুযোগ নেই। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-কে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে মঙ্গলবার (৯ জুন) তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকারের প্রথম পর্বে তার অবসর সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তিনি এখনই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্তে নেই। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সেই সময় তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে হতাশ হয়ে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশে গণতন্ত্র আক্রান্ত এবং দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার। এমন একটা সময়ে আমি কীভাবে বলি, বিশ্রামে যাচ্ছি?” তিনি আরও বলেন, আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে গড়ে তোলা হবে। তার ভাষায়, মুক্তিযুদ্ধের চেতনা ও ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করার পরই তিনি অবসর বিবেচনা করবেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এটি একটি গণতান্ত্রিক দল এবং নেতৃত্ব নির্বাচন কাউন্সিল ও কর্মীদের মতামতের ভিত্তিতে হবে। তিনি স্বীকার করেন, দলটি বর্তমানে একটি “প্রাকৃতিক শুদ্ধিকরণের” মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে একাধিক মামলায় শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ও কারাদণ্ড দিয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলেও জানানো হয়। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরবেন। সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “জনগণের শক্তিতে বলীয়ান হয়ে, গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে, দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরব।”
যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসার সাক্ষাৎকারের দীর্ঘ অপেক্ষা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন পরীক্ষামূলক কর্মসূচির আওতায় বি-১/বি-২ ভিসা আবেদনকারীরা অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করে দ্রুত সাক্ষাৎকারের তারিখ পাওয়ার সুযোগ পাবেন। তবে এই অর্থ পরিশোধ করলেও ভিসা অনুমোদনের কোনো নিশ্চয়তা থাকবে না বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হতে যাওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিশ্বের নির্বাচিত কিছু মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে। নতুন ব্যবস্থার আওতায় অতিরিক্ত ফি প্রদানকারী আবেদনকারীরা ১০ কর্মদিবসের মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি পেতে পারবেন। তবে এই সুবিধা কেবল সাক্ষাৎকারের তারিখ দ্রুত পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাক্ষাৎকারের পর ভিসা প্রক্রিয়াকরণ দ্রুত হবে না এবং ভিসা অনুমোদনের সম্ভাবনাও বাড়বে না। অর্থাৎ আবেদনকারীরা দ্রুত সাক্ষাৎকারের সুযোগ কিনতে পারবেন, কিন্তু দ্রুত সিদ্ধান্ত বা নিশ্চিত ভিসা নয়। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দ্রুত সাক্ষাৎকারের এই সুবিধা সব মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে পাওয়া যাবে না। শুধুমাত্র নির্বাচিত কিছু কনস্যুলেটে এটি চালু করা হবে। প্রতিটি স্থানে কতটি প্রিমিয়াম সাক্ষাৎকারের সময় বরাদ্দ থাকবে, তা নির্ভর করবে স্থানীয় সক্ষমতার ওপর। ফলে দেশভেদে এই সুবিধার প্রাপ্যতা ভিন্ন হতে পারে এবং চাহিদা বেশি হলে সুযোগ সীমিত হয়ে যেতে পারে। নতুন ৭৫০ ডলারের ফি বিদ্যমান ভিসা আবেদন ফি-এর বিকল্প নয়। আবেদনকারীদের প্রচলিত নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি পরিশোধের পাশাপাশি অতিরিক্ত এই অর্থ দিতে হবে। অর্থাৎ দ্রুত সাক্ষাৎকারের সুযোগ পেতে আবেদনকারীদের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে ভিসা সাক্ষাৎকারের দীর্ঘ জট এবং ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলার অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হচ্ছে। কর্তৃপক্ষ দেখতে চায়, দ্রুত সাক্ষাৎকারের বিনিময়ে অতিরিক্ত অর্থ দিতে আবেদনকারী ও ব্যবসায়িক ভ্রমণকারীরা কতটা আগ্রহী হন এবং এর মাধ্যমে সাক্ষাৎকার ব্যবস্থার ওপর চাপ কমানো সম্ভব হয় কি না। পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচিটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চালু থাকবে। এই সময়ের মধ্যে কতজন আবেদনকারী সুবিধাটি ব্যবহার করেন, এর কার্যকারিতা কতটা এবং ভিসা ব্যবস্থাপনায় কী প্রভাব পড়ে, তা মূল্যায়ন করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে জনমতও সংগ্রহ করা হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর অভিবাসন ও ভিসা নীতিতে ধারাবাহিকভাবে কঠোরতা আরোপ করছে। নতুন দ্রুত সাক্ষাৎকার কর্মসূচি সেই বৃহত্তর নীতিগত পরিবর্তনের সময়েই চালু হচ্ছে। সম্প্রতি কিছু দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ডের শর্ত আরোপ করা হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, অতীত ইতিহাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবও বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিসা প্রক্রিয়াকরণের সময়ও বেড়েছে।
বাংলাদেশ থেকে আগামী বছরের মধ্যে রাশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা এক লাখে উন্নীত করার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে উভয় দেশ কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। এ সংখ্যা আগামী বছরের মধ্যে এক লাখে উন্নীত করার প্রস্তাব রুশ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করে রাশিয়া দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদল মস্কো সফর করে। সফরকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনায় দুই দেশই বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনাময় খাতে অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশি প্রতিনিধিদলের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। বৈঠকে উভয়পক্ষই এই সম্পর্ককে আগামী দিনে আরও শক্তিশালী, গতিশীল ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা বলছেন, গত সাত বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশ থেকে এত উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। তাদের মতে, এই সফর বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্ব, পারস্পরিক আস্থা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার অভিন্ন আগ্রহের প্রতিফলন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই মাস ধরে বারবার দাবি করে আসছেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় তার এসব বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির আগে ও পরে মিলিয়ে ট্রাম্প অন্তত ৩৭ বার বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, জনসভা এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ধারাবাহিকভাবে একই ধরনের মন্তব্য করে আসছেন। গত ৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ইরান চুক্তির ক্ষেত্রে “খুব এগিয়ে গেছে” এবং সমঝোতা চূড়ান্ত করতে দুই সপ্তাহ সময় লাগতে পারে। তিনি এটিকে দীর্ঘদিনের একটি সংকটের সমাধানের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেও উল্লেখ করেন। তবে ওই মন্তব্যের পর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো চুক্তি সম্পন্ন হয়নি। এরপরও বিভিন্ন সময়ে তিনি একই ধরনের বক্তব্য দিয়ে গেছেন। বিশ্লেষণে দেখা যায়, এই ধারাবাহিক মন্তব্যের সূচনা হয় ২৩ মার্চ। সেদিন ট্রাম্প বলেন, আলোচনার বেশিরভাগ বিষয়েই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। পরদিন তিনি দাবি করেন, ইরান চুক্তি করতে অত্যন্ত আগ্রহী। ২৫ মার্চ তিনি বলেন, ইরান চুক্তি করতে চায়। ২৬ মার্চ তার বক্তব্য আরও জোরালো হয়ে ওঠে। সেদিন তিনি বলেন, ইরান চুক্তির জন্য অনুরোধ করছে। এরপর ২৯ মার্চ ট্রাম্প জানান, তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি হতে দেখছেন। এপ্রিলের শুরুতে তিনি আরও কয়েকবার বলেন, দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। ১৫ এপ্রিল তিনি বলেন, পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং ইরান দ্রুত চুক্তি করতে চায়। ১৬ ও ১৭ এপ্রিলের মধ্যে একাধিক বক্তব্যে তিনি দাবি করেন, ইরান প্রায় সব বিষয়ে সম্মত হয়েছে এবং এক থেকে দুই দিনের মধ্যেই সমঝোতা হতে পারে। ২০ এপ্রিল ট্রাম্প বলেন, পুরো প্রক্রিয়া খুব দ্রুত এগোচ্ছে। এপ্রিলের শেষ ভাগ এবং মে মাসজুড়েও তিনি একাধিকবার বলেন, ইরান চুক্তি করতে আগ্রহী এবং আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে। ১৮ মে তিনি জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, কারণ চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২৩ মে তিনি বলেন, আলোচনা আরও অগ্রসর হয়েছে এবং চুক্তির শেষ অংশ নিয়ে কাজ চলছে। ২৮ মে আবারও তিনি দাবি করেন, দুই দেশ একটি ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। মে মাসের শেষ ভাগ এবং জুন মাসেও একই ধরনের বক্তব্য অব্যাহত রাখেন ট্রাম্প। তার সর্বশেষ মন্তব্যেও তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে এবং আলোচনা চলমান। তবে এ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি বা চূড়ান্ত সমঝোতা না হওয়ায় ট্রাম্পের ধারাবাহিক দাবিগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে ইরানও বারবার জানিয়ে আসছে যে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। নতুন নীতিমালার আওতায় এখন থেকে গ্রিন কার্ডের জন্য ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ (এওএস) আবেদনকারীদের সম্পূর্ণ অভিবাসন ইতিহাস পর্যালোচনা করা হবে এবং শুধু যোগ্যতা অর্জন করলেই আবেদন অনুমোদিত হবে না। গত ২২ মে ২০২৬ প্রকাশিত নতুন নির্দেশনায় ইউএসসিআইএস জানিয়েছে, অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস আর স্বাভাবিক বা স্বয়ংক্রিয় সুবিধা নয়; বরং এটি প্রশাসনিক বিবেচনার ভিত্তিতে দেওয়া একটি বিশেষ সুযোগ। ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনেক অভিবাসীর জন্য গ্রিন কার্ড পাওয়ার পথ আগের তুলনায় আরও জটিল হয়ে উঠতে পারে। অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানরত যোগ্য ব্যক্তিরা দেশ ছাড়াই স্থায়ী বাসিন্দার মর্যাদা বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে নতুন নীতির ফলে এই সুবিধা এখন কঠোর পর্যালোচনার আওতায় এসেছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, নতুন নীতির প্রভাব ইতোমধ্যে মাঠপর্যায়ে দেখা যাচ্ছে। ড্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা দিমিত্রি লিটভিনভের মতে, ইউএসসিআইএস কর্মকর্তারা এখন আবেদনকারীদের জিজ্ঞাসা করছেন কেন তারা নিজ দেশে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন না করে যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই স্ট্যাটাস পরিবর্তনের পথ বেছে নিয়েছেন। পাশাপাশি আবেদনকারীর অতীতের সব ধরনের ভিসা ও অভিবাসন সংক্রান্ত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আগে অনেক ক্ষেত্রে যোগ্যতা পূরণ করাই যথেষ্ট ছিল। এখন আবেদনকারীকে আলাদাভাবে প্রমাণ করতে হচ্ছে কেন তার আবেদন অনুমোদন করা উচিত। তবে কিছু আইনজীবীর মতে, নতুন নির্দেশনার বাস্তব প্রয়োগ এখনো পুরোপুরি স্পষ্ট নয় এবং বিভিন্ন অফিসে এর প্রয়োগের ধরন ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, নতুন নির্দেশনার প্রধান প্রভাব পড়বে নন-ডুয়াল ইনটেন্ট ভিসাধারীদের ওপর। এর মধ্যে রয়েছে বি-১/বি-২ পর্যটক ভিসা, এফ-১ শিক্ষার্থী ভিসা, জে-১ এক্সচেঞ্জ ভিজিটর ভিসা এবং টিএন ভিসাধারীরা। অন্যদিকে এইচ-১বি ও এল-১ ভিসাধারীরা আপাতত নতুন নীতির মূল লক্ষ্যবস্তু নন। যারা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন, যেমন ইবি-৫ বিনিয়োগকারী বা কর্মসংস্থানভিত্তিক কিছু গ্রিন কার্ড আবেদনকারী, তারা তুলনামূলক কম বাধার মুখে পড়তে পারেন। এলসিআর ক্যাপিটাল পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক শিলপা মেনন বলেন, এখন পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস পুরোপুরি বাতিল করা হয়নি এবং নতুন নির্দেশনার কারণে কোনো চলমান আবেদন প্রত্যাখ্যানের তথ্যও পাওয়া যায়নি। তবে এর প্রকৃত প্রভাব বুঝতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। ইউএসসিআইএসের নতুন অবস্থান অনুযায়ী, স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার স্বাভাবিক পথ হিসেবে এখন বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে অভিবাসী ভিসা প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৩ অর্থবছরে ৬ লাখ ৮ হাজারের বেশি ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভেতরে স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছিলেন। একই সময়ে বিদেশ থেকে অভিবাসী ভিসার মাধ্যমে স্থায়ী বাসিন্দা হয়েছেন প্রায় ৫ লাখ ৬৫ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের বড় অংশ যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই এওএস প্রক্রিয়া ব্যবহার করতেন। নতুন নীতির পর সেই ধারণা আর নিশ্চিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এখন থেকে কোনো আবেদনকারীকে ধরে নেওয়া উচিত নয় যে অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস তার জন্য স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত থাকবে। গোল্ডেন গেট গ্লোবালের প্রধান রাজস্ব কর্মকর্তা অভিনব লোহিয়া বলেন, আবেদনকারীর অভিবাসন ইতিহাস, ভিসার ধরন, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময়কার উদ্দেশ্য, বর্তমান অভিবাসন অবস্থা এবং ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করেই কৌশল নির্ধারণ করতে হবে। তার মতে, প্রতিটি আবেদন এখন পৃথকভাবে মূল্যায়িত হবে এবং আবেদনকারীদের অতীত রেকর্ড আরও গভীরভাবে পর্যালোচনা করা হবে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর প্রাক্কালে নিউইয়র্কে বড় ধরনের অভিবাসন অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোম্যান। বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসরকে ঘিরে যখন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে লাখো দর্শকের আগমন ঘটছে, তখন তার এ মন্তব্য অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টম হোম্যান বলেন, নিউইয়র্ক সিটিতে এমন সংখ্যক আইস এজেন্ট মোতায়েন করা হবে, যা শহরটি আগে কখনও দেখেনি। তিনি জানান, একটি অপারেশনাল পরিকল্পনা ইতোমধ্যে পর্যালোচনা করা হয়েছে এবং বিষয়টি সম্পর্কে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলকে আগেই সতর্ক করা হয়েছিল। সম্প্রতি গভর্নর হোকুল একটি বিল সই করেন, যার মাধ্যমে নিউইয়র্ক অঙ্গরাজ্যে মুখোশধারী আইসিই এজেন্টদের অভিযান সীমিত করা এবং অভিবাসন কার্যক্রমে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। পর্যবেক্ষকদের ধারণা, হোম্যানের বক্তব্য ওই পদক্ষেপের প্রতিক্রিয়ার অংশ হতে পারে। এদিকে একই সময়ে নিউজার্সির একটি অভিবাসী আটক কেন্দ্রের সামনে বিক্ষোভ কর্মসূচিও চলছে, যা পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে অভিবাসীদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন। সংগঠনটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রত্যেক ব্যক্তি, তার অভিবাসন অবস্থান যাই হোক না কেন, কিছু মৌলিক আইনি অধিকার ভোগ করেন। সংগঠনটির মতে, এসব অধিকারের মধ্যে অন্যতম হলো নীরব থাকার অধিকার। কেউ আইস বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোমুখি হলে প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার রাখেন। এছাড়া তল্লাশির ক্ষেত্রে সম্মতি না দেওয়া, কোনো নথিতে স্বাক্ষর করার আগে আইনজীবীর সঙ্গে পরামর্শ করা এবং নির্দিষ্ট পরিস্থিতিতে নিজের অধিকার সম্পর্কে জানতে চাওয়ার সুযোগ রয়েছে। নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন আরও পরামর্শ দিয়েছে, গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট বা ভিসার ফটোকপি সঙ্গে রাখা যেতে পারে। তবে প্রয়োজন ছাড়া এসব নথি প্রদর্শন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ মূল নথি নিরাপদ স্থানে সংরক্ষণ এবং মোবাইল ফোন পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবার ও শিশুদের নিরাপত্তার বিষয়েও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি বলছে, কোনো অভিভাবক হঠাৎ আটক হলে শিশুর দেখভালের জন্য আগেই একজন বিশ্বস্ত ব্যক্তিকে নির্ধারণ করে রাখা উচিত। পাশাপাশি গুরুত্বপূর্ণ ফোন নম্বর, চিকিৎসা তথ্য এবং প্রয়োজনীয় নথির কপি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী নিউইয়র্কে আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ অঞ্চলের বড় একটি প্রবাসী জনগোষ্ঠীও নিউইয়র্কে বসবাস করে। এমন পরিস্থিতিতে অভিবাসন অভিযান নিয়ে আলোচনা এবং সচেতনতামূলক প্রচারণা নতুন গুরুত্ব পেয়েছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে কাউন্সিলম্যান শেখর কৃষ্ণনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ব্যানার ও পোস্টার হাতে বিভিন্ন স্লোগান দেন এবং জ্যাকসন হাইটসে চালু করা কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে দীর্ঘ আকারের বাণিজ্যিক যানবাহন ও পণ্যবাহী ট্রাকের লোডিং-আনলোডিং কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ যানবাহনের জন্য পার্কিংয়ের স্থান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে প্রতিদিনই স্থানীয় বাসিন্দাদের গাড়ি পার্ক করতে গিয়ে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিক্ষোভকারীদের মতে, জ্যাকসন হাইটসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ব্যবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও ব্যস্ত সময়ে পার্কিং সংকট প্রকট আকার ধারণ করছে। তারা আরও বলেন, জ্যাকসন হাইটসে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীর বসবাস। ফলে এলাকার বাসিন্দাদের চাহিদা ও স্বার্থকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সমাবেশ থেকে বিক্ষোভকারীরা কমার্শিয়াল পার্কিং ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানান এবং দ্রুত তা প্রত্যাহারের দাবি তোলেন। পাশাপাশি সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল উন্মাদনা চলছে, তখন মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের একটি ছোট্ট শহরে ফুটবল হয়ে উঠেছে পুনর্মিলন ও শান্তির প্রতীক। দেশটির পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন সক্রিয় থাকা সশস্ত্র গোষ্ঠী ‘রেতুর, রেক্লামাসিওঁ, রেয়াবিলিতাসিওঁ’ (৩আর) ২০২৫ সালে অস্ত্র সমর্পণ করার পর নতুন বাস্তবতা তৈরি হয়। এরপর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুস্কার উদ্যোগে শুরু হয় পুনর্মিলন কার্যক্রম। এই উদ্যোগের অংশ হিসেবে প্রাক্তন বিদ্রোহী যোদ্ধা, সরকারি বাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে বিভিন্ন কমিউনিটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। যারা একসময় সংঘাতের বিপরীত পক্ষে অবস্থান করেছিলেন, তারা এখন একই মাঠে খেলছেন, একে অপরকে উৎসাহ দিচ্ছেন এবং খেলা শেষে করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে নতুন সম্পর্ক গড়ে তুলছেন। পর্যবেক্ষকদের মতে, ফুটবল এখানে শুধু একটি খেলা নয়; এটি আস্থা পুনর্গঠন এবং সামাজিক পুনর্মিলনের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। মিনুস্কার সেনেগালি কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গেরাল্ড আরান্দা আসিনে বলেন, কয়েক মাস আগেও এমন দৃশ্য কল্পনা করা কঠিন ছিল। তার ভাষায়, “যারা একসময় একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, আজ তারা একই দলে খেলছে। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।” জাতিসংঘের সহায়তায় জেমিওসহ বিভিন্ন এলাকায় বর্তমানে স্কুল পুনরায় চালু হয়েছে, স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারিত হয়েছে এবং সংঘাতের কারণে বাস্তুচ্যুত অনেক পরিবার নিজ এলাকায় ফিরে আসছে। স্থানীয় এক সাবেক শিশু সৈনিক, যিনি এখন পুনর্বাসন কর্মসূচির আওতায় রয়েছেন, বলেন তিনি এখন নিরাপদ বোধ করেন এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে পারছেন। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মৌসুমে মধ্য আফ্রিকার এই অভিজ্ঞতা ফুটবলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে খেলাধুলা শুধু প্রতিযোগিতার মাধ্যম নয়, এটি বিভক্ত সমাজকে একত্রিত করারও শক্তিশালী হাতিয়ার হতে পারে। মধ্য আফ্রিকার একটি ছোট্ট শহরের এই ফুটবল ম্যাচ হয়তো বিশ্বকাপের পরিসংখ্যানে জায়গা পাবে না, তবে সংঘাত-পরবর্তী পুনর্মিলনের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে এটি স্মরণীয় হয়ে থাকতে পারে।