সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

আমেরিকায় জীবনযাপনের মানে শীর্ষে যে অঙ্গরাজ্য, তলানিতে যারা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১৪:৩৩
জীবনযাত্রার বিভিন্ন সূচকের গড় ফলাফলে যুক্তরাষ্ট্রের শীর্ষে উঠে এসেছে মিনেসোটা
জীবনযাত্রার বিভিন্ন সূচকের গড় ফলাফলে যুক্তরাষ্ট্রের শীর্ষে উঠে এসেছে মিনেসোটা

যুক্তরাষ্ট্রে কোথায় বসবাসের মান তুলনামূলক ভালো—এ প্রশ্নের নতুন একটি গবেষণায় শীর্ষে উঠে এসেছে মিনেসোটা। টিউলেন বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত দ্বিদলীয় স্টেট অব দ্য নেশন প্রজেক্টের ২০২৬ সালের প্রতিবেদনে ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিকে ৩১টি সূচকের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়েছে। সব সূচকের গড় অবস্থানের হিসাবে মিনেসোটা প্রথম হয়েছে।


গবেষণায় শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, জীবনসন্তুষ্টি, পরিবেশ, নাগরিক অংশগ্রহণ, সামাজিক সম্পর্ক, বৈষম্য ও নাগরিক স্বাধীনতাসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষকেরা ১৯৯০ সাল থেকে পাওয়া তথ্য ব্যবহার করে রাজ্যগুলোর বর্তমান অবস্থার পাশাপাশি সময়ের সঙ্গে পরিবর্তনের প্রবণতাও বিশ্লেষণ করেছেন।


মিনেসোটা বিশেষভাবে ভালো করেছে নাগরিক অংশগ্রহণ, শিক্ষা ও সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে। স্টেট অব দ্য নেশন প্রজেক্টের হিসাবে নাগরিকত্ব ও গণতন্ত্রের সূচকে রাজ্যটির অবস্থান দ্বিতীয়, শিক্ষায় চতুর্থ এবং সামাজিক পুঁজিতে চতুর্থ। ভোটার অংশগ্রহণের ক্ষেত্রেও মিনেসোটা তৃতীয় অবস্থানে রয়েছে।


স্বেচ্ছাসেবামূলক কাজেও মিনেসোটার বাসিন্দাদের অংশগ্রহণ তুলনামূলক বেশি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ মিনেসোটাবাসী স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত। এ ধরনের নাগরিক ও সামাজিক সম্পৃক্ততাই রাজ্যটির সামগ্রিক অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনের বিভিন্ন সূচক থেকে দেখা যায়।


তবে গবেষণাটি মিনেসোটাকে সব ক্ষেত্রেই এগিয়ে থাকা রাজ্য হিসেবে দেখায়নি। পরিবেশ ও নাগরিক স্বাধীনতার কিছু সূচকে রাজ্যটির অবস্থান তুলনামূলক নিচের দিকে। তরুণদের বিষণ্নতার হারও একটি উল্লেখযোগ্য উদ্বেগ হিসেবে উঠে এসেছে। অর্থাৎ সামগ্রিকভাবে প্রথম হলেও মিনেসোটারও বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।


অন্যদিকে, সিএনবিসির ২০২৬ সালের ‘আমেরিকাস টপ স্টেটস ফর বিজনেস’ প্রতিবেদনে টেক্সাস সামগ্রিকভাবে চতুর্থ অবস্থানে রয়েছে। অর্থনীতি, কর্মশক্তি ও মূলধন পাওয়ার সুযোগের মতো ক্ষেত্রে রাজ্যটি শক্তিশালী অবস্থানে থাকলেও জীবনযাত্রার মানের উপশ্রেণিতে টেক্সাস ৫০টি রাজ্যের মধ্যে ৪৯তম হয়েছে।


সিএনবিসির জীবনযাত্রার মানের মূল্যায়নে স্বাস্থ্যসেবার সুযোগ, অপরাধ, কর্মীদের সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক নীতি ও পরিবেশসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে। ফলে টেক্সাসের ব্যবসায়িক অবস্থান শক্তিশালী হলেও জীবনযাত্রার মানের সূচকে তার অবস্থান তুলনামূলক নিচে এসেছে।


দুটি গবেষণার পদ্ধতি অবশ্য এক নয়। টিউলেনের স্টেট অব দ্য স্টেটস প্রতিবেদনটি মূলত মানুষের জীবনযাপন ও সামাজিক অগ্রগতির ৩১টি সূচকের দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণ করেছে। আর সিএনবিসির প্রতিবেদনটি ব্যবসার জন্য অঙ্গরাজ্যগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ করতে ১০টি বিভাগ ও ১৩৮টি সূচক ব্যবহার করেছে। তাই দুটি তালিকার ফলাফলকে একই ধরনের র‍্যাংকিং হিসেবে দেখা উচিত নয়।


স্টেট অব দ্য নেশন প্রজেক্টের প্রতিবেদনে সামগ্রিকভাবে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম-মধ্যাঞ্চল ও নিউ ইংল্যান্ডের রাজ্যগুলো ৩১টি সূচকের গড় ফলাফলে তুলনামূলক ভালো করেছে। বিপরীতে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলো গড়ে নিচের দিকে ছিল। একই সঙ্গে গবেষকেরা উল্লেখ করেছেন, প্রায় সব রাজ্যই একাধিক ক্ষেত্রে একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে—বিশেষ করে জীবনসন্তুষ্টি, মানসিক স্বাস্থ্য, আয়বৈষম্য ও দীর্ঘমেয়াদি বেকারত্বের মতো বিষয়গুলোতে।


সব মিলিয়ে, নতুন এই গবেষণাগুলো দেখাচ্ছে—কোনো অঙ্গরাজ্যের সামগ্রিক জীবনযাত্রা, অর্থনীতি বা ব্যবসায়িক পরিবেশ মূল্যায়নের ক্ষেত্রে একাধিক সূচক বিবেচনা করা প্রয়োজন। মিনেসোটা জীবনযাত্রার বিভিন্ন সূচকের গড় ফলাফলে শীর্ষে থাকলেও, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। একইভাবে টেক্সাস ব্যবসায়িক দিক থেকে শক্তিশালী অবস্থানে থাকলেও জীবনযাত্রার মানের কিছু সূচকে পিছিয়ে রয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
নিউইয়র্কে শীতে গৃহহীনদের জন্য ৮০০ শেল্টার বেড এর উদ্যোগ মামদানির , বরাদ্দ আড়াই কোটি ডলার
নিউইয়র্কে শীতে গৃহহীনদের জন্য ৮০০ শেল্টার বেড এর উদ্যোগ মামদানির , বরাদ্দ আড়াই কোটি ডলার

  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আসন্ন শীত মৌসুমে গৃহহীন মানুষের জীবন রক্ষায় নতুন করে ২ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয় দিতে অতিরিক্ত ৮০০টি শেল্টার বেড, গরম থাকার বিশেষ বাস, ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা এবং তিন শতাধিক অতিরিক্ত কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর মেয়র জোহরান মামদানি এই উদ্যোগ ঘোষণা করেন। শীতের সময় আশ্রয়হীন মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।   নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় জানিয়েছে, নতুন অর্থায়নে শহরের জরুরি শীতকালীন সহায়তা কর্মসূচি ‘কোড ব্লু’ আরও সম্প্রসারণ করা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত ও বরফ জমার পরিস্থিতি অনুযায়ী সহায়তার পরিধি বাড়ানো হবে। বিশেষ করে সাবওয়ে স্টেশন, পার্ক, ফুটপাত এবং অন্যান্য খোলা স্থানে রাত কাটানো মানুষকে খুঁজে বের করে আশ্রয় ও চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।   পরিকল্পনা অনুযায়ী, শহরের পাঁচটি বরোতে অতিরিক্ত ৩০০ জনের বেশি আউটরিচ কর্মী মোতায়েন করা হবে। এসব কর্মী নির্ধারিত এলাকায় হেঁটে ও গাড়িতে ঘুরে গৃহহীন মানুষের খোঁজ নেবেন। নগর কর্তৃপক্ষের হিসাবে, এই কার্যক্রমের আওতায় এমন প্রায় ৭৫ শতাংশ স্থান অন্তর্ভুক্ত থাকবে, যেখানে গৃহহীন মানুষের অবস্থান সম্পর্কে প্রশাসনের তথ্য রয়েছে। শুধু আগে থেকে তালিকাভুক্ত ব্যক্তিদের নয়, পথে পাওয়া অন্য আশ্রয়হীন মানুষকেও সহায়তা দেওয়া হবে।   শীতের রাতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা বাড়াতে ৬০০টির বেশি এক ও দুই ব্যক্তির থাকার উপযোগী কক্ষ যুক্ত করা হচ্ছে। এসব কক্ষে মোট ৮০০ জনের থাকার ব্যবস্থা থাকবে। পাশাপাশি পরিস্থিতি সবচেয়ে গুরুতর হলে শহরজুড়ে ২০টি বিশেষ উষ্ণ বাস চালু করা হবে। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হোমলেস সার্ভিসেস আটটি ড্রপ ইন সেন্টার এবং নতুন চারটি ওয়ার্মিং সেন্টার চালু রাখার পরিকল্পনাও করেছে। এসব স্থানে মানুষ সাময়িকভাবে ঠান্ডা থেকে নিরাপদ আশ্রয় নিতে পারবেন।   শুধু আশ্রয় নয়, রাস্তায় থাকা অসুস্থ মানুষের জন্য চিকিৎসাসেবাও বাড়ানো হচ্ছে। এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালসের সর্বোচ্চ ৫৫টি মোবাইল মেডিকেল ইউনিট এই কার্যক্রমে যুক্ত হবে। প্রতিটি ইউনিটে একজন নিবন্ধিত নার্স অথবা নার্স প্র্যাকটিশনার থাকবেন। তাঁরা প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং রোগীদের হাসপাতাল বা উষ্ণ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা করবেন। জরুরি পরিস্থিতিতে অন্তত তিনটি হাসপাতাল উষ্ণ আশ্রয়কেন্দ্র হিসেবে চালু থাকবে। পরিস্থিতি গুরুতর হলে এই সংখ্যা ১১টিতে উন্নীত করা হবে।   নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবীণ, অসুস্থ এবং বিশেষ সহায়তার প্রয়োজন রয়েছে এমন বাসিন্দাদের ওপরও নজর রাখা হবে। শহরের বিভিন্ন সামাজিক সেবা কর্মসূচির আওতায় থাকা প্রায় ১২ হাজার মানুষের নিরাপত্তা, বাসায় পর্যাপ্ত হিটিং ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রীর বিষয়েও খোঁজ নেওয়া হবে। এ ছাড়া চারটি নির্দিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রাতভর উষ্ণ স্থানে থাকার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।   শীতকালীন প্রস্তুতির অংশ হিসেবে নগরীর সড়ক ও ফুটপাত থেকে বরফ সরানোর ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। ডিপার্টমেন্ট অব স্যানিটেশন দুই হাজারের বেশি তুষার অপসারণের উপযোগী যানবাহন এবং শত শত লবণ ছিটানোর গাড়ি প্রস্তুত রেখেছে। বাসস্টপ, ক্রসওয়াক ও পথচারীদের চলাচলের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে তুষারপাতের সময় নিরাপদে চলাচল করতে পারেন, সে বিষয়টিও প্রস্তুতি পরিকল্পনায় রাখা হয়েছে।   মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শীতের বিপদ শুরু হওয়ার আগেই নগর কর্তৃপক্ষ প্রস্তুতি নিতে চায়। তাঁর প্রশাসনের লক্ষ্য, প্রচণ্ড ঠান্ডার সময় কোনো নিউইয়র্কবাসী যেন একা ও অসহায় অবস্থায় পড়ে না থাকেন। জরুরি আশ্রয় দিয়ে তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গৃহহীন মানুষকে দীর্ঘমেয়াদি স্থিতিশীল জীবনে ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।   নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বাসিন্দাদেরও শীতকালীন জরুরি পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রাস্তায় কোনো গৃহহীন ব্যক্তিকে প্রচণ্ড ঠান্ডায় বিপজ্জনক অবস্থায় দেখা গেলে ৩১১ নম্বরে যোগাযোগ করে সহায়তা চাওয়া যায়। জীবনহানির তাৎক্ষণিক আশঙ্কা থাকলে ৯১১ নম্বরে কল করতে হবে।   সংবাদসূত্র   নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ০:৩১
নিউইয়র্ক পুলিশের নতুন সদস্য হলেন  সিলেটের বিয়ানীবাজারের তিন বাংলাদেশি তরুণ,

নিউইয়র্ক পুলিশের নতুন সদস্য হলেন সিলেটের বিয়ানীবাজারের তিন বাংলাদেশি তরুণ,

ক্যালিফোর্নিয়ায় ঘুমন্ত নারী যাত্রীকে অপহরণ ও যৌন নিপীড়ন, ভারতীয় উবার চালকের দোষ স্বীকার

ক্যালিফোর্নিয়ায় ঘুমন্ত নারী যাত্রীকে অপহরণ ও যৌন নিপীড়ন, ভারতীয় উবার চালকের দোষ স্বীকার

জীবন্ত কুকুরের হাঁটার সঙ্গী এবার একটি যন্ত্রচালিত কুকুর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এবার আসল কুকুরকে হাঁটাতে নিয়ে বের হলো রোবট কুকুর

ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় এক নারীকে, যাঁকে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী বলে দাবি করেন এক ব্যক্তি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নিউ ইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা নারী উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার কিছু পর ফ্ল্যাটবুশ এলাকার ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার খোলা খননস্থলে গিয়ে পড়ে। খবর পেয়ে নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের (FDNY) বিপুলসংখ্যক কর্মী উদ্ধারকাজ শুরু করেন। সর্বশেষ এবিসি৭ নিউইয়র্কের প্রতিবেদনে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।   দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে একাধিক মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হয়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুলায় ঢাকা এক নারীকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তি উদ্ধারকর্মীদের কাছে ছুটে গিয়ে জানান, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ভবনের ভেতরে ছিলেন। পরে উদ্ধার হওয়া নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন তিনি। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় ও শারীরিক অবস্থা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। রয়টার্স জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে অন্তত দুজনকে জীবিত উদ্ধার করতে দেখা গেছে।   দুর্ঘটনাস্থলটি ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ১৩২১ নম্বর ঠিকানায়। পাশেই ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউতে চলছিল নির্মাণকাজ। তিনতলা ভবনটির নিচতলায় একটি দোকান এবং ওপরের অংশে আবাসিক ইউনিট ছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভবনটি ১৯৩০ সালে নির্মিত হয়েছিল এবং এতে চারটি আবাসিক ইউনিট ছিল। ধসে পড়ার পর ভবনের ইট, কাঠ ও অন্যান্য নির্মাণসামগ্রী পাশের নির্মাণস্থলের খনন করা জায়গায় পড়ে যায়। এতে আশপাশের স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।   ধসের প্রভাবে পাশের ১৩২৩ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ভবনটিরও ক্ষতি হয়েছে। এর বাইরের দেয়ালের একটি বড় অংশ ভেঙে যাওয়ায় ভেতরের কয়েকটি কক্ষ বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে। তবে ভবনটি দাঁড়িয়ে ছিল। উদ্ধারকাজের পাশাপাশি নিউইয়র্ক সিটির ভবন বিভাগ আশপাশের স্থাপনাগুলোর কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা হাতে খনন, কাটার যন্ত্র, ড্রোন ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ব্যবহার করেন।   এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এবিসি৭-এর সর্বশেষ প্রতিবেদনে চারজনের অবস্থা সংকটাপন্ন, ১২ জন স্থিতিশীল এবং একজন দমকলকর্মী সামান্য আহত হওয়ার কথা জানানো হয়েছে। তবে আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ের প্রতিবেদনে কিছু পার্থক্য রয়েছে। উদ্ধার অভিযান চলাকালে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানান। উদ্ধারকাজের সুবিধার্থে ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ক্ল্যারেন্ডন রোড থেকে বেডফোর্ড অ্যাভিনিউ পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়।   এদিকে ধ্বংসস্তূপের সামনে স্ত্রীর সন্ধানে অপেক্ষা করা ওই ব্যক্তির উদ্বেগের দৃশ্য স্থানীয় সংবাদমাধ্যমে উঠে আসে। তিনি পুলিশ ও সাংবাদিকদের বলেছিলেন, তাঁর স্ত্রী ভবনের ভেতরে রয়েছেন এবং তিনি অন্তঃসত্ত্বা। পরে তাঁকে উদ্ধারের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। তবে ভবনটি কী কারণে ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্মাণকাজের সঙ্গে ভবনধসের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।   সংবাদসূত্র: এবিসি৭ নিউইয়র্ক, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (AP)।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ২১:১৬
যুক্তরাষ্ট্রে আসন্ন শীতে ঘর গরম রাখার খরচ গড়ে ৭.১ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে NEADA। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে শীতকালীন হিটিং বিল গড়ে ৭.১ শতাংশ বাড়ার পূর্বাভাস, ঝুঁকিতে লাখো পরিবার

মিসিসিপির সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

১৫১ বছর পর পর যুক্তরাষ্ট্রের মিসিসিপি থেকে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর স্কট কলম

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত গ্রেগরি ও ভেনেসা টোবিয়াস দম্পতি। কোলাজ: আমেরিকা বাংলা

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের মৃ ত্যু, অনাথ হলো ছোট শিশু

ভেটেরানস ডে উপলক্ষে ভার্জিনিয়ার আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে পুষ্পস্তবক অর্পণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ভেটেরানস ডে-তে ইরান যুদ্ধে বিজয়ের দাবি ট্রাম্পের, দিলেন কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার 'ভেটেরানস ডে' উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সামরিক বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের দাবি করেন এবং তার প্রস্তাবিত 'মেমোরিয়াল আর্চ' বা বিশাল স্মৃতিসৌধটি ভেটেরানদের প্রতি উৎসর্গ করার ঘোষণা দেন। 'অজানা সেনার সমাধিতে' (Tomb of the Unknown Soldier) পুষ্পস্তবক অর্পণের পর ট্রাম্প দেশের সুরক্ষায় প্রাণ দেওয়া ভেটেরানদের জাতির 'পথপ্রদর্শক আলো' হিসেবে প্রশংসা করেন।   তবে তাঁর এই শ্রদ্ধা নিবেদনের ভাষণে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি কড়া হুঁশিয়ারিও ছিল। ক্যাপিটল হিলে নবনির্বাচিত ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠরা ট্রাম্প প্রশাসন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সমন জারি বা কারাবন্দী করার যে হুমকি দিচ্ছে, তার সরাসরি নাম উল্লেখ না করলেও ট্রাম্প স্পষ্ট বার্তায় বলেন, "আমরা কাউকে তাদের বাজে, নির্বোধ ও ভয়ানক আদর্শ দিয়ে আমাদের দেশের ক্ষতি করতে দেব না। আর সবাই জানে আমি কাদের কথা বোঝাতে চাইছি।"   বর্তমান বৈশ্বিক সংঘাত, বিশেষ করে ইরানের সাথে যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প ভেটেরানদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা জিতেছি। এটি এখন শুধু সময়ের ব্যাপার যে আমরা কবে এর সমাপ্তি টানছি। আমি চাই আমাদের বিজয় যেন সম্পূর্ণ হয়, কেবল ৯৩ ভাগ নয়।" তিনি আরও জানান, সামরিক দিক দিয়ে এই যুদ্ধ কার্যত শেষ হলেও তেহরানকে অর্থনৈতিকভাবে একঘরে করার বর্তমান নীতি তিনি অব্যাহত রাখবেন; যার মধ্যে নৌ-অবরোধ এবং নতুন করে স্থলপথের বাণিজ্য বিচ্ছিন্ন করার উদ্যোগ রয়েছে।   ট্রাম্প আর্লিংটন ন্যাশনাল সিমেট্রি এবং লিংকন মেমোরিয়ালের মধ্যবর্তী স্থানে ২৫০ ফুট উঁচু যে 'মেমোরিয়াল আর্চ' নির্মাণের উদ্যোগ নিয়েছেন, সেটি নিয়েও কথা বলেন। তবে কেনেডি পরিবারের ৯ জন সদস্য সম্প্রতি এই উদ্যোগ আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, এই বিশাল স্থাপনার কারণে আর্লিংটনে তাদের আত্মীয়দের সমাধির ওপর ছায়া পড়বে। বর্তমানে একাধিক মামলার কারণে একজন ফেডারেল বিচারক এর নির্মাণকাজ স্থগিত রেখেছেন।   এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ভেটেরানস অ্যাফেয়ার্স সেক্রেটারি ডগ কলিন্স। সম্প্রতি প্রতিনিধি পরিষদে অভিশংসন থেকে বেঁচে যাওয়া যুদ্ধবিষয়ক সেক্রেটারি পিট হেগসেথকে সামনের সারিতে বসানো হয় এবং ট্রাম্প তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন, যা উপস্থিত ভেটেরানদের ব্যাপক করতালির জন্ম দেয়।   এছাড়া, অনুষ্ঠানে ১০৩ বছর বয়সী দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভেটেরান জ্যাক মেয়ার্সকে বিশেষভাবে সম্মান জানানো হয়, যিনি মার্কিন সেনাবাহিনীর ৬৯২তম ট্যাঙ্ক ডিস্ট্রয়ার ব্যাটালিয়নের সর্বশেষ জীবিত সদস্য হিসেবে পরিচিত। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ১৭:৫৪
নিউইয়র্কে নিহত জ্যাভিটস ফ্রিমপংয়ের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন I কোলাজ: আমেরিকা বাংলা

‘আমার একটাই সন্তান, আমি বিচার চাই’, ছেলের হত্যার বিচারে ঘানা থেকে নিউইয়র্কে ছুটে এলেন মা

'আমার ব্যাগে বোমা আছে!' বলে বিমানে ছিনতাইয়ের চেষ্টা, যুক্তরাষ্ট্র থেকে দুইবার বিতাড়িত অভিবাসী গ্রেপ্তার

'আমার ব্যাগে বোমা আছে!' বলে বিমানে ছিনতাইয়ের চেষ্টা, যুক্তরাষ্ট্র থেকে দুইবার বিতাড়িত অভিবাসী গ্রেপ্তার

প্রায় ৮০ বছর বয়সী প্রতিবন্ধী ভিয়েতনাম যুদ্ধের সাবেক মার্কিন সেনা এলটন স্টোভেল। ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ভেটেরানের স্ত্রীকে আটক, ৮০ বছর বয়সে আইসিইর বিরুদ্ধে লড়াইয়ে সাবেক সেনা

0 Comments