আন্তর্জাতিক শিক্ষার্থী, দক্ষ কর্মী এবং বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় একাধিক পরিবর্তন আসছে। দেশটির সরকার অভিবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, কার্যকর এবং নিয়মতান্ত্রিক করতে বিভিন্ন নীতিমালায় সংশোধন ও পরিমার্জন করছে। ফলে যারা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, নতুন করে ভিসার আবেদন করার পরিকল্পনা করছেন কিংবা কর্মী স্পনসরশিপের সঙ্গে যুক্ত, তাদের জন্য নতুন নিয়মগুলো জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এসব পরিবর্তনের লক্ষ্য হলো আবেদন প্রক্রিয়ার জট কমানো, নিয়মের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি নির্বাচনের ক্ষেত্রে আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।
শিক্ষার্থী ভিসা আপিলে আসছে বড় পরিবর্তন
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা আবেদন বাতিল হলে এতদিন আপিল প্রক্রিয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। অনেক ক্ষেত্রে শুনানির জন্য আবেদনকারীদের সরাসরি উপস্থিতও হতে হতো।
নতুন ব্যবস্থায় প্রশাসনিক পুনর্বিবেচনা ট্রাইব্যুনাল (এআরটি) জমা দেওয়া নথি ও প্রমাণপত্র পর্যালোচনা করে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। ফলে আবেদনকারীদের সরাসরি শুনানিতে অংশগ্রহণের প্রয়োজন কমে আসবে এবং নিষ্পত্তির সময়ও কমতে পারে বলে আশা করা হচ্ছে।
অতীতে কিছু আবেদন নিষ্পত্তি হতে এক থেকে দুই বছর পর্যন্ত সময় লাগত। নতুন ব্যবস্থার ফলে সেই দীর্ঘসূত্রতা কমবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই আবেদনপত্র ও সহায়ক কাগজপত্র নিখুঁতভাবে প্রস্তুত করা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
৪০৭ প্রশিক্ষণ ভিসায় বাড়তি নজরদারি
অস্ট্রেলিয়ার ৪০৭ প্রশিক্ষণ ভিসাধারীদের কার্যক্রমের ওপরও নজরদারি জোরদার করা হয়েছে। এই ভিসার মাধ্যমে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং যেসব প্রতিষ্ঠান তাদের স্পনসর করছে, তাদের কার্যক্রম এখন আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
অভিবাসন বিভাগের কর্মকর্তারা অনেক ক্ষেত্রে সরাসরি কর্মস্থলে গিয়ে যাচাই করছেন, প্রশিক্ষণ কার্যক্রম ঘোষিত পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না এবং ভিসার শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না।
সংশ্লিষ্টদের মতে, এই ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ এবং প্রকৃত প্রশিক্ষণ কার্যক্রম নিশ্চিত করতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে। ফলে স্পনসর প্রতিষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের নিয়ম মেনে চলার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
রিজিওনাল স্পনসরশিপে বাড়ছে ন্যূনতম বেতনসীমা
অস্ট্রেলিয়ার আঞ্চলিক বা রিজিওনাল এলাকায় দক্ষ কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত সাবক্লাস ৪৮২ ও ৪৯৪ ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আসছে।
আগামী জুলাই থেকে এসব কর্মীর জন্য ন্যূনতম বার্ষিক বেতনসীমা প্রায় ৮০ হাজার অস্ট্রেলীয় ডলারে উন্নীত করা হবে। এর ফলে বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নতুন আর্থিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
বিশেষ করে ছোট ব্যবসা, স্থানীয় রেস্তোরাঁ এবং আঞ্চলিক এলাকার নিয়োগদাতাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ এসব অঞ্চলে সাধারণত বেতন কাঠামো বড় শহরের তুলনায় কিছুটা কম হয়ে থাকে।
বিশ্লেষকদের মতে, নতুন বেতনসীমা দক্ষ কর্মীদের জন্য ইতিবাচক হলেও ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ ব্যয় বাড়াবে।
স্কিল অ্যাসেসমেন্টে ভাষা সহজ, তবে সময় লাগছে বেশি
দক্ষ পেশাজীবীদের যোগ্যতা মূল্যায়নের দায়িত্বে থাকা ট্রেড রিকগনিশন অস্ট্রেলিয়া (টিআরএ) তাদের স্কিল অ্যাসেসমেন্ট নির্দেশিকাগুলোর ভাষা আরও সহজ করেছে।
এর ফলে আবেদনকারীদের জন্য নিয়মগুলো বোঝা সহজ হবে। তবে মূল যোগ্যতা বা মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি।
অন্যদিকে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে স্কিল অ্যাসেসমেন্ট সম্পন্ন হতে প্রায় চার মাস পর্যন্ত সময় লাগছে বলে জানা গেছে।
পারিবারিক ও প্যারেন্ট ভিসার কোটা ঘোষণা
আগামী অর্থবছরের জন্য পারিবারিক পুনর্মিলনভিত্তিক ভিসা কর্মসূচিতেও আসনসংখ্যা নির্ধারণ করেছে অস্ট্রেলিয়া সরকার।
এর মধ্যে কন্ট্রিবিউটিং প্যারেন্ট ভিসার জন্য ৬ হাজার ৮০০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাদের বাবা-মাকে দেশটিতে নিয়ে যাওয়ার সুযোগ পান।
অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়মতান্ত্রিক করার উদ্যোগ
সামগ্রিকভাবে নতুন পরিবর্তনগুলো পর্যালোচনা করলে দেখা যায়, অস্ট্রেলিয়া সরকার অভিবাসন ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং দক্ষ আবেদনকারীদের জন্য উপযোগী করে তুলতে চাইছে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মের এই পরিবর্তন শুরুতে কিছুটা জটিল মনে হলেও দীর্ঘমেয়াদে এটি আবেদনকারীদের জন্য একটি আরও সুশৃঙ্খল ও পূর্বানুমানযোগ্য ব্যবস্থা গড়ে তুলবে। তাই নতুন নিয়ম নিয়ে উদ্বিগ্ন না হয়ে নির্ভুল তথ্য সংগ্রহ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং নিয়ম মেনে আবেদন করাই সবচেয়ে কার্যকর কৌশল হবে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতির খবর পাওয়া গেছে। নিখোঁজ জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হলেও, পুলিশ ধারণা করছে নাহিদা বৃষ্টিকেও (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক ও লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়ার ফ্ল্যাটে ‘প্রচুর রক্ত’ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভবত আর কখনোই সম্ভব হবে না। নিহত বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত মার্কিন সংবাদমাধ্যম ‘১০ টাম্পা বে নিউজ’-কে জানান, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, লিমন ও হিশামের শেয়ার করা ফ্ল্যাটে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে বৃষ্টি আর বেঁচে নেই। পুলিশের আশঙ্কা, হত্যার পর মরদেহটি সম্ভবত ছিন্নবিচ্ছিন্ন বা টুকরো টুকরো করে ফেলা হয়েছে, যার ফলে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই সকাল ৯টার দিকে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার বাড়িতে অভিযান চালায় হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। পুলিশ হিশামের বাড়িতে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াট’ (SWAT) তলব করা হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর হিশাম আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং অবৈধভাবে মরদেহ সরানোর মতো ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি লিমনের রুমমেট হিসেবে একই ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণারত নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের সাথে তার আগে প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে ছিল না বলে জানিয়েছেন বৃষ্টির পরিবার। তদন্তকারীরা লিমনের মৃত্যু নিশ্চিত করলেও বৃষ্টির নিখোঁজ রহস্য ও তাকে হত্যার নৃশংসতা এখন পুরো ফ্লোরিডা ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নতুন কৌশলগত তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে লোহিত সাগরে নৌবাহিনীর দুটি জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সম্ভাব্য আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা অভিযানে দ্রুত অংশগ্রহণের প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জুন) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ তথ্য জানান। তিনি বলেন, পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত জার্মান নৌবাহিনীর মাইন অপসারণকারী জাহাজ ‘ফুলদা’ এবং সরবরাহকারী জাহাজ ‘মোজেল’ ইতোমধ্যে সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী জানান, এটি মূলত একটি আগাম প্রস্তুতিমূলক পদক্ষেপ। আন্তর্জাতিক কোনো অভিযান শুরু হলে যাতে জার্মানি দ্রুত সাড়া দিতে পারে, সে লক্ষ্যেই জাহাজ দুটি কৌশলগতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। বরিস পিস্টোরিয়াস বলেন, “প্রয়োজন দেখা দিলে এবং আন্তর্জাতিকভাবে কোনো অভিযান শুরু হলে আমরা দ্রুত অংশ নিতে প্রস্তুত থাকব। আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য সবচেয়ে কম সময়ে হরমুজ প্রণালিতে পৌঁছানোর সক্ষমতা নিশ্চিত করা।” বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহনের জন্য ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে এই নৌপথের নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ নিরাপদ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে যেকোনো সামরিক বা নৌ অভিযান পরিচালনার আগে আন্তর্জাতিক আইনি কাঠামো এবং জার্মান পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। তিনি জানান, সম্ভাব্য কোনো আন্তর্জাতিক মিশনে অংশ নিতে হলে প্রথমে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতা হতে হবে। এরপর জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রয়োজনীয় আন্তর্জাতিক ম্যান্ডেট জারি করা হলে জার্মান সরকার পার্লামেন্টে আনুষ্ঠানিক অনুমোদনের আবেদন করবে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে বিভিন্ন দেশ বিকল্প নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিশ্লেষকদের মতে, জার্মানির এই পদক্ষেপ শুধু সামরিক প্রস্তুতির অংশ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর কৌশলেরও অংশ। কারণ হরমুজ প্রণালিতে কোনো ধরনের অস্থিতিশীলতা দেখা দিলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। জার্মান সরকারের এই সিদ্ধান্ত ইউরোপীয় দেশগুলোর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাড়তি উদ্বেগেরও ইঙ্গিত বহন করছে। যদিও এখন পর্যন্ত কোনো সামরিক অভিযান শুরু হয়নি, তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার নীতি অনুসরণ করছে বার্লিন। এদিকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সেই বাস্তবতায় জার্মানির এই পদক্ষেপকে একটি কৌশলগত প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।
তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণকাজ শুরু করেছে চীন। ভারতের সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই মেগা প্রকল্পকে ঘিরে নয়াদিল্লির উদ্বেগ নতুন করে সামনে এসেছে। নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশগত ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে প্রকল্পটির নির্মাণকাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। দীর্ঘদিন ধরেই সীমান্ত অতিক্রমকারী নদীগুলোর ওপর চীনের বৃহৎ অবকাঠামো প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। প্রস্তাবিত এই বাঁধ নির্মাণ করা হচ্ছে ইয়ারলুং সাংপো নদীর ওপর। তিব্বতে উৎপন্ন এই নদী পরে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে সিয়াং নামে পরিচিত হয়। এরপর আসামে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নামে পরিচিতি পায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশে যমুনা নদী হিসেবে প্রবাহিত হয়। ফলে নদীটির সঙ্গে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন, কৃষি, মৎস্যসম্পদ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সরাসরি জড়িত। ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটির অগ্রগতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের মতে, এটি শুধু একটি জলবিদ্যুৎ প্রকল্প নয়, বরং আঞ্চলিক জলসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এত বড় আকারের বাঁধ নির্মাণের ফলে নদীর পানিপ্রবাহের স্বাভাবিক ধারা পরিবর্তিত হতে পারে। একই সঙ্গে পলি পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে, যা নিম্নাঞ্চলের কৃষি ও নদীভিত্তিক পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। এছাড়া বন্যার ধরন পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং নদীর প্রতিবেশ ব্যবস্থায় পরিবর্তনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা। তবে উদ্বেগের বিষয় শুধু পরিবেশ নয়। কৌশলগত দৃষ্টিকোণ থেকেও এই প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে ভারত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, উজানে এত বড় জলাধার ও বাঁধ নির্মিত হলে ভবিষ্যতে পানিপ্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীনের সক্ষমতা বৃদ্ধি পাবে। দুই দেশের মধ্যে কোনো ধরনের উত্তেজনা বা বিরোধ দেখা দিলে বিষয়টি অতিরিক্ত কৌশলগত গুরুত্ব পেতে পারে। অবশ্য চীন শুরু থেকেই দাবি করে আসছে, প্রকল্পটির মূল উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বৃদ্ধি। বেইজিংয়ের বক্তব্য অনুযায়ী, এই প্রকল্পের কারণে নিম্নপ্রবাহের দেশগুলোর পানিপ্রবাহ বা স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না। তবে ভারত এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। গত বছর দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের মেগা প্রকল্পগুলোর অগ্রগতি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, এই প্রকল্পের বিষয়ে প্রথম তথ্য প্রকাশ্যে আসে ১৯৮৬ সালে। এরপর কয়েক দশক ধরে বিভিন্ন পর্যায়ে পরিকল্পনা, সমীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে আসছে চীন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ব্রহ্মপুত্র নদসংক্রান্ত সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। পাশাপাশি নিম্নপ্রবাহের জনগণের জীবন ও জীবিকা রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও সরকার কাজ করছে। ভারত আরও জানিয়েছে, তারা একাধিকবার চীনের কাছে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেছে। বিশেষ করে উজানের কোনো প্রকল্প যেন নিম্নপ্রবাহের দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে বেইজিংকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালে গঠিত ভারত-চীন বিশেষজ্ঞ পর্যায়ের যৌথ ব্যবস্থার আওতায় সীমান্ত অতিক্রমকারী নদীগুলো নিয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে। তবে প্রকল্পটির নির্মাণকাজ নতুন গতি পাওয়ায় বিষয়টি আবারও আঞ্চলিক কূটনীতি ও জলনিরাপত্তা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, ব্রহ্মপুত্র শুধু ভারত নয়, বাংলাদেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নদী। ফলে ভবিষ্যতে এই প্রকল্পের পরিবেশগত ও জলপ্রবাহগত প্রভাব কী হতে পারে, তা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখতে হবে।
ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে গত দুই বছরে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস। হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও ধ্বংসাবশেষ পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাতভর অন্তত ১৯৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যেগুলো রাজধানীকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে হওয়া হামলার তুলনায় এই সংখ্যা অনেক বেশি, যেখানে সাধারণত ড্রোনের সংখ্যা কয়েক ডজনের মধ্যে সীমিত থাকত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ৫৫৫টি ড্রোন বিভিন্ন অঞ্চলে প্রতিহত করা হয়েছে, যার মধ্যে কিছু ড্রোন আজভ সাগরের ওপরেও ধ্বংস করা হয়। হামলার পর মস্কোর সব প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয় বলে জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ। রাশিয়ার দাবি অনুযায়ী, ইউক্রেনের হামলার লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো। এর মধ্যে মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাপোতনিয়া এলাকায় অবস্থিত একটি তেল শোধনাগারও রয়েছে, যেটি মঙ্গলবারও হামলার শিকার হয়েছিল। প্রত্যক্ষদর্শী ভিডিওতে দেখা যায়, ড্রোন আসার সময় আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে এবং একটি বড় বিস্ফোরণ ঘটে। এছাড়া মস্কোর সাদোভোদ ট্রেড সেন্টারের কাছে বড় ধরনের ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। একটি আবাসিক ভবন ও একটি ফিটনেস সেন্টারেও ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রুশ ও ইউক্রেনীয় সূত্রের বরাত অনুযায়ী, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল ডিপোতেও হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া পাল্টা হামলায় সাতটি ক্ষেপণাস্ত্র ও ২৩৯টি ড্রোন ব্যবহার করেছে। এতে কিয়েভ ও পোলতাভা অঞ্চলের কয়েকটি স্থানে বাড়ি, জ্বালানি অবকাঠামো ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে এবং এটি “সম্পূর্ণ ন্যায্য প্রতিক্রিয়া”। তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের দূরপাল্লার হামলা রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে কার্যকর প্রভাব ফেলছে। ন্যাটো ও জি-৭ বৈঠকের সময় এই হামলা সংঘটিত হয়। ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানান, ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এই ধরনের হামলা রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে চাপ বাড়ানোর কৌশলের অংশ, যা যুদ্ধের গতিপথে নতুন মাত্রা যোগ করছে।