সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

লন্ডনে গণেশ উৎসবের পর লেকে প্রতিমা বিসর্জ্জন, আবর্জনায় ক্ষুব্ধ  সিটি অব লন্ডন কর্পোরেশন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ৫, ২০২৬ ১:৩৯
লন্ডনে গণেশ উৎসবের পর লেকে প্রতিমা বিসর্জ্জন, আবর্জনায় ক্ষুব্ধ  সিটি অব লন্ডন কর্পোরেশন
লন্ডনে গণেশ উৎসবের পর লেকে প্রতিমা বিসর্জ্জন, আবর্জনায় ক্ষুব্ধ  সিটি অব লন্ডন কর্পোরেশন

যুক্তরাজ্যের উত্তর-পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ওয়ানস্টেড ফ্ল্যাটসে গণেশ চতুর্থী উৎসবের পর জলাশয়ে সাতটি প্রতিমা ও বিপুল পরিমাণ আবর্জনা ফেলে রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিটি অব লন্ডন করপোরেশন। গত সেপ্টেম্বরে ১০ দিনব্যাপী উৎসব চলাকালে অনুমতি ছাড়া জমায়েত, উচ্চ শব্দে আতশবাজি ফোটানো এবং পরিবেশ দূষণের অভিযোগ ওঠে। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আগামী বছর থেকে কঠোর নজরদারি ও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম মাই লন্ডনের প্রতিবেদন অনুযায়ী, ওয়ানস্টেড ফ্ল্যাটসের আলেকজান্দ্রা লেক ও জুবিলি পন্ড এলাকায় উৎসব শেষে সাতটি প্রতিমা পাওয়া যায়। পাশাপাশি জলাশয় ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা আবর্জনা নিয়ে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, উৎসবকে কেন্দ্র করে বড় ধরনের জমায়েত এবং আতশবাজির শব্দে এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে।

ওয়ানস্টেড ফ্ল্যাটস লন্ডনের ঐতিহাসিক ইপিং ফরেস্টের অংশ। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের কারণে এই বনাঞ্চলের বিশেষ সংরক্ষণগত গুরুত্ব রয়েছে। ফলে এখানে জলাশয়ে প্রতিমা বিসর্জন এবং আবর্জনা ফেলে রাখার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জলাশয়ের পানি ও আশপাশের প্রাকৃতিক পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

 

ইপিং ফরেস্ট অ্যান্ড কমন্স কমিটির চেয়ারম্যান ডেপুটি ক্যারোলিন হেইনস জানিয়েছেন, সংরক্ষিত বনাঞ্চলের পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিবছর প্রায় ৬ লাখ ৩৫ হাজার পাউন্ড ব্যয় হচ্ছে। বিপুল এই ব্যয় কর্তৃপক্ষের বাজেটের ওপর চাপ তৈরি করছে। তবে এই অর্থ শুধু গণেশ চতুর্থী উৎসবের পর পরিষ্কার-পরিচ্ছন্নতার খরচ নয়, বনাঞ্চলের সামগ্রিক আবর্জনা অপসারণের বার্ষিক ব্যয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর উৎসবকেন্দ্রিক অননুমোদিত জমায়েতের পরিধি বাড়ছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু এসব আয়োজনের পেছনে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনকে শনাক্ত করা কঠিন হওয়ায় আইন প্রয়োগেও জটিলতা দেখা দিচ্ছে। আয়োজকদের পরিচয় নিশ্চিত করতে না পারায় অভিযোগের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।

 

এ পরিস্থিতিতে ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঠেকাতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আগাম পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সিটি অব লন্ডন করপোরেশন। কর্তৃপক্ষের লক্ষ্য, জনসাধারণের জন্য উন্মুক্ত এই প্রাকৃতিক এলাকায় অননুমোদিত জমায়েত, উচ্চ শব্দে আতশবাজি, অসামাজিক আচরণ এবং পরিবেশের ক্ষতি প্রতিরোধ করা।

 

ঘটনাটি ঘিরে ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি জনপরিসরের নিয়ম মেনে চলা এবং সংরক্ষিত প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কর্তৃপক্ষ এখন আগামী বছরের উৎসবের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে।
 

 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
মরিশাসে কর্মক্ষেত্রে কাচভর্তি ভারী কন্টেইনারের নিচে চাপা পড়ে তৎক্ষনাৎ ৩ বাংলাদেশির মৃত্যু

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী কাঠের বাক্স সরানোর সময় সেটি তাদের ওপর পড়ে যায়। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলের প্লেইন দে পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।   নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা তিনজনই স্থানীয় একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। মরিশাসের সংবাদমাধ্যম ল্য ডেফি মিডিয়া ও ল্য মরিসিয়েন জানিয়েছে, দুর্ঘটনার সময় শ্রমিকেরা একটি কনটেইনার থেকে অন্য কনটেইনারে কাচের প্যানেল সরাচ্ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বাক্সে ৪১টি কাচের প্যানেল ছিল। প্রতিটির আকার ছিল ছয় ফুট বাই আট ফুট। ভারী বাক্সটি হঠাৎ উল্টে শ্রমিকদের ওপর পড়ে গেলে তারা নিচে চাপা পড়েন।   দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, জরুরি চিকিৎসাসেবা ও মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকর্মীরা কনটেইনারের ভেতরে ভারী বাক্সের নিচ থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ডক্টর এ জি জিতু হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।   বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম। স্থানীয় পুলিশ ও প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, শ্রমিকেরা এরই মধ্যে আটটি বাক্স সরিয়েছিলেন। নবম বাক্সটি সরানোর সময় ক্রেন পরিচালনায় ত্রুটি হয়ে থাকতে পারে। প্রায় দুই টন ওজনের ভারী বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনার সময় সেখানে আরও দুই নেপালি শ্রমিক উপস্থিত ছিলেন।   শ্রমমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কি না, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছিল কি না এবং ভারী মালামাল সরানোর ক্ষেত্রে নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তিন বাংলাদেশির বৈধ ওয়ার্ক পারমিট ছিল এবং তারা চলতি বছরের মে মাস থেকে মরিশাসে অবস্থান করছিলেন।   এদিকে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মরিশাসের শ্রমমন্ত্রী। তিনি আরও জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট নিয়োগকর্তার। বাংলাদেশের হাইকমিশনের একজন প্রতিনিধিও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

প্রকাশ: নভেম্বর ৬, ২০২৬ ১:৩১
অবৈধ অভিবাসী শনাক্তে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা হোম অফিসের। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে অভিবাসী শনাক্তে ফেসিয়াল রিকগনিশন, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য দুঃসংবাদ

কানাডার পাসপোর্ট আবেদনে বয়সভিত্তিক যোগ্যতা প্রকাশ করেছে দেশটির সরকার। ছবি: সংগৃহীত

কানাডার পাসপোর্টে বয়সভিত্তিক ফি বেড়েছে, শিশুদের জন্য করা যাবে কেবল পাঁচ বছর মেয়াদি আবেদন

এআই প্রযুক্তি

আমিরাতে এআইয়ের কারণে ঝুঁকিতে একাধিক পেশার চাকরি, প্রবাসীদের প্রতি বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ পরামর্শ

নিরাপত্তা হুমকিতে সুইডেনে ছয় মাসের সীমান্ত নিয়ন্ত্রণ
নিরাপত্তা হুমকিতে সুইডেনে ছয় মাসের সীমান্ত নিয়ন্ত্রণ, বাংলাদেশি ভ্রমণকারী ও প্রবাসীদের যে নথি সঙ্গে রাখতে হবে

ইউরোপের দেশ সুইডেনে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শেনজেনভুক্ত দেশগুলোর সঙ্গে অভ্যন্তরীণ সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও ছয় মাসের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১২ নভেম্বর থেকে ২০২৭ সালের ১১ মে পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুইডেনের বিচার মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সরকারের দাবি, জনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর গুরুতর হুমকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সুইডিশ সরকার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের পর ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এর ফলে শেনজেন অঞ্চলে হাইব্রিড হামলা, বিদেশি রাষ্ট্রসমর্থিত তৎপরতা এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শত্রুভাবাপন্ন গোষ্ঠী ও ব্যক্তিদের শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ চলাচল সুইডেনের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।   সুইডেনের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ পুনর্বহালের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের প্রচলিত আইন অনুযায়ী নেওয়া হয়েছে। এর মাধ্যমে পুলিশ সীমান্ত অতিক্রমকারী সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং নিরাপত্তা হুমকি শনাক্ত করার সুযোগ পাবে। কর্তৃপক্ষের মতে, সম্ভাব্য অপরাধ, নাশকতা কিংবা বিদেশি শক্তির ক্ষতিকর তৎপরতা প্রতিরোধে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   সুইডেন শেনজেন অঞ্চলের সদস্য হওয়ায় সাধারণ পরিস্থিতিতে অন্য শেনজেন দেশ থেকে প্রবেশের সময় নিয়মিত পাসপোর্ট পরীক্ষা করা হয় না। তবে নিরাপত্তা হুমকি দেখা দিলে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী সদস্যদেশগুলো সাময়িকভাবে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ চালু করতে পারে। সুইডেন ২০১৫ সাল থেকেই বিভিন্ন সময়ে এ ধরনের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আগের ছয় মাসের মেয়াদ ১১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকায় নতুন সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী ছয় মাসের অনুমোদন দেওয়া হয়েছে।   নতুন ব্যবস্থার আওতায় সড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরে প্রয়োজন অনুযায়ী পরিচয় ও ভ্রমণসংক্রান্ত নথি পরীক্ষা করা হতে পারে। বিশেষ করে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড থেকে সুইডেনে প্রবেশকারী যাত্রীদের যাচাইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথায়, কখন এবং কীভাবে পরীক্ষা চালানো হবে, সে সিদ্ধান্ত নেবে সুইডিশ পুলিশ কর্তৃপক্ষ। এর অর্থ সব সীমান্ত বন্ধ করে দেওয়া কিংবা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে দীর্ঘ পরীক্ষার মুখোমুখি করা নয়।   সুইডিশ পুলিশের নির্দেশনা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের ভ্রমণের সময় বৈধ পাসপোর্ট, প্রযোজ্য ভিসা এবং বসবাসের অনুমতিসংক্রান্ত নথি সঙ্গে রাখা প্রয়োজন। বাংলাদেশি নাগরিকসহ অন্য দেশের যাঁরা সুইডেনে পড়াশোনা, চাকরি কিংবা বসবাস করছেন, তাঁদের জন্যও পরিচয় ও বৈধ অবস্থানের প্রমাণ দেখানোর প্রয়োজন হতে পারে। শেনজেনভুক্ত অন্য দেশে বৈধভাবে অবস্থান করলেও সুইডেনে প্রবেশের সময় প্রয়োজনীয় নথি যাচাই করা হতে পারে।   এদিকে শুধু সুইডেন নয়, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক ও নরওয়ের মতো ইউরোপীয় দেশগুলোও বিভিন্ন নিরাপত্তা হুমকির কারণে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ চালু রেখেছে। সুইডিশ সরকার জানিয়েছে, নতুন ছয় মাসের সিদ্ধান্ত নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং নিয়ন্ত্রণ কার্যক্রম প্রয়োজন অনুযায়ী পরিচালিত হবে।   সংবাদসূত্র: সুইডেনের বিচার মন্ত্রণালয় , আরব নিউজ।

প্রকাশ: নভেম্বর ৫, ২০২৬ ১৪:০
পেটে ব্যথার কথা ভেবে হাসপাতালে গিয়ে জানলেন কোলন ক্যান্সারের শেষ পর্যায়ে

পেটে ব্যথার কথা ভেবে হাসপাতালে গিয়ে জানলেন কোলন ক্যান্সারের শেষ পর্যায়ে

সোমালিয়ার প্রেসিডেন্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সোমালিয়ায় প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধি অবৈধ ঘোষণা সুপ্রিম কোর্টের, ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামার প্রশিক্ষণে দুর্ঘটনা, জাপানে মার্কিন মেরিন সেনার মৃ ত্যু

হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামার প্রশিক্ষণে দুর্ঘটনা, জাপানে মার্কিন মেরিন সেনার মৃ ত্যু

যুক্তরাজ্যের হিথ্রো ও বার্মিংহাম বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সতর্কতা জারি। ছবি: সংগৃহীত
হিথ্রো ও বার্মিংহামে বোমা হামলার ভুয়া হুমকি, ইউরোপজুড়ে ফ্লাইট বিপর্যয়

যুক্তরাজ্যের ব্যস্ততম হিথ্রো ও বার্মিংহাম বিমানবন্দরে বোমা হামলার হুমকি ঘিরে ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে পাওয়া হুমকিগুলো পর্যালোচনা করে ব্রিটিশ কর্তৃপক্ষ সেগুলোকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে। তবে একই দিনে ইউরোপের বিভিন্ন দেশের অন্তত ১৫টি যাত্রীবাহী ফ্লাইট বোমা আতঙ্কের কারণে জরুরি অবতরণ, গতিপথ পরিবর্তন কিংবা বিশেষ নিরাপত্তা তল্লাশির মুখে পড়েছে। কিছু বিমানকে সামরিক যুদ্ধবিমানের পাহারায় অবতরণ করানো হয়েছে। ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত কোনো বিমানে বিস্ফোরক পাওয়া যায়নি।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লন্ডনের হিথ্রো এবং বার্মিংহাম বিমানবন্দরকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে হুমকিগুলো বিশ্বাসযোগ্য নয় বলে সিদ্ধান্ত নেয়। বার্মিংহাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া চালু করা হয়েছিল। তবে উভয় বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম অব্যাহত রয়েছে।   এদিকে আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ইতালির রোমগামী এয়ার লিঙ্গাসের একটি যাত্রীবাহী বিমান বোমা হামলার হুমকি পাওয়ার পর ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের এভরু সামরিক বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করে। বিমানটিতে ১৫১ যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পরে সামরিক বোমা নিষ্ক্রিয়কারী দল বিমানটিতে তল্লাশি চালায়।   একই দিনে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বুলগেরিয়ার সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইট হুমকির কারণে গতিপথ পরিবর্তন করে প্লোভদিভ বিমানবন্দরে অবতরণ করে। কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে সোফিয়াগামী আরও দুটি রায়ানএয়ার ফ্লাইটেও বোমা থাকার হুমকি দেওয়া হয়। অন্যদিকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি বিমানকে ইতালীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান পাহারা দিয়ে নিরাপদে অবতরণ করায়। মিলান, ওয়ারশ, ভিয়েনা ও প্রাগগামী বিভিন্ন ফ্লাইটেও একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।   এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা ঘটে। এর মধ্যে লন্ডনের হিথ্রো থেকে পোল্যান্ডের ওয়ারশগামী লট পোলিশ এয়ারলাইনসের একটি বিমানকে ওয়ারশ-মডলিন বিমানবন্দরে নামানো হয়। বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন। হুমকির পর বিমানবন্দরটি সাময়িক বন্ধ রাখা হলেও তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ম্যানচেস্টার থেকে স্পেনের মুরসিয়াগামী একটি রায়ানএয়ার ফ্লাইটেও একই ধরনের হুমকি দেওয়া হয়। সেখানেও তল্লাশি শেষে হুমকিটি ভুয়া বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।   যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার জানিয়েছেন, এসব হুমকি উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, যুক্তরাজ্যের বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষও বিভিন্ন দেশের বিমান সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করছে। তবে একের পর এক হুমকির ঘটনা একই ব্যক্তি বা সংগঠনের পরিকল্পিত কর্মকাণ্ড কি না, তা এখনো নিশ্চিত হয়নি। এসব ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।   সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

প্রকাশ: নভেম্বর ৫, ২০২৬ ১০:৫৮
ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পকে সমর্থন এল-সায়েদের, চান অ স্ত্র বিক্রিও বন্ধ হোক

ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পকে সমর্থন এল-সায়েদের, চান অ স্ত্র বিক্রিও বন্ধ হোক

ইরানের তেল পরিবনে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের তেল পরিবনে সহায়তার অভিযোগে ভারতীয় দম্পতির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

স্পেন থেকে মরক্কোয় ফেরত পাঠানো হলো ১৬ আশ্রয়প্রার্থী, তালিকায় বাংলাদেশিও

স্পেন থেকে মরক্কোয় ফেরত পাঠানো হলো ১৬ আশ্রয়প্রার্থী, তালিকায় বাংলাদেশিও

0 Comments