সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর এল-সায়েদের নতুন অফিসের প্রথম ঝলক, সঙ্গে স্ত্রীও
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর এল-সায়েদের নতুন অফিসের প্রথম ঝলক, সঙ্গে স্ত্রীও

মিশিগান থেকে নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ মঙ্গলবার ক্যাপিটল হিলে তার ভবিষ্যৎ কর্মস্থলের প্রথম ঝলক সবার সামনে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দুটি ছবির মধ্যে প্রথমটিতে তাকে নিজের নতুন অফিসের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং দ্বিতীয় ছবিটিতে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে একটি সুন্দর ব্যক্তিগত মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, "নতুন ঠিকানা" (New digs)।   গত ৪ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এই প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা। শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায়, 'সিনেট হার্ট অফিস বিল্ডিং'-এ অবস্থিত তার নতুন কক্ষের সামনে একটি নামফলক ঝুলছে, যেখানে লেখা—"সিনেটর-ইলেক্ট আবদুল এল-সায়েদ, মিশিগান, এসএইচ-৯০৩"।   আর দ্বিতীয় ছবিতে একটি ফেডারেল ভবনের মার্বেল পাথরের তৈরি বেলকনিতে হিজাব পরিহিতা স্ত্রীর সঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।   নির্বাচনে ঐতিহাসিক এই বিজয়ের সপ্তাহ না পেরোতেই নতুন কর্মস্থলের এমন ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পেশায় চিকিৎসক এবং সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ এখন ওয়াশিংটনে নিজের দায়িত্ব বুঝে নেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন। আগামী জানুয়ারি মাসে বিদায়ী ডেমোক্র্যাটিক সিনেটর গ্যারি পিটার্সের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন তিনি।   মিশিগানের মতো একটি গুরুত্বপূর্ণ 'ব্যাটলগ্রাউন্ড' বা দোদুল্যমান অঙ্গরাজ্যে এল-সায়েদের এই বিশাল জয়কে প্রগতিশীল রাজনীতির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে একজন মুসলিম-আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে তার এই ঐতিহাসিক প্রবেশ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ইসতিয়াক আহমেদ নভেম্বর ১০, ২০২৬ ১৩:০ 0
দীপাবলির আনন্দে শামিল মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ, জানালেন শুভেচ্ছা
দীপাবলির আনন্দে শামিল মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ, জানালেন শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ দীপাবলি উপলক্ষে উৎসবটি উদ্‌যাপনকারীদের শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আলোর উৎসব দীপাবলি উদ্‌যাপনকারী সবাইকে শুভেচ্ছা জানান।   নিজের বার্তায় আবদুল এল-সায়েদ লেখেন, ‘আলোর উৎসব উদ্‌যাপনকারী সবাইকে দীপাবলির শুভেচ্ছা।’   সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ। তাঁর এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে।     সংবাদসূত্র: আবদুল এল-সায়েদের এক্স অ্যাকাউন্ট

নুরুল্লাহ সাইদ নভেম্বর ৮, ২০২৬ ১৩:০ 0
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পূর্ব লন্ডনের বাঙালি প্রার্থীদের নির্বাচনী রাজনীতি কাছ থেকে দেখেছিলেন আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাজ্যের বাঙালি প্রার্থীদের রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বাঙালি বংশোদ্ভূত প্রার্থীদের নির্বাচনী রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ। ২০১০ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনের আগে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে একটি নির্বাচনী বিতর্কসভায় অংশ নিয়ে স্থানীয় রাজনীতিতে বাঙালি প্রার্থীদের প্রতিনিধিত্ব তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছিল। সে সময় তিনি যুক্তরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার প্রশংসা করে বলেছিলেন, প্রতিনিধিত্বের ক্ষেত্রে ব্রিটেন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন, রাজনৈতিক চিন্তাভাবনা ও ব্যক্তিগত স্মৃতির নানা দিক উঠে এসেছে।   ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান থেকে মর্যাদাপূর্ণ রোডস বৃত্তি অর্জন করেন এল-সায়েদ। এর মাধ্যমে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পান তিনি। ২০০৯ সালের শরৎকালে অক্সফোর্ডে পৌঁছে চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ে ডক্টরাল গবেষণা শুরু করেন। তবে শুরুতে পড়াশোনার বিষয় ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যায় পড়েছিলেন তিনি। প্রথম শিক্ষাবর্ষের একটি পর্ব শেষ হওয়ার দুই সপ্তাহ আগেই মিশিগানে ফিরে যান। পরে অবশ্য অক্সফোর্ডের সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষাজীবনের অভিজ্ঞতা তাঁর চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলে। নিজের স্মৃতিকথা ‘হিলিং পলিটিকস’-এ তিনি লিখেছিলেন, শ্রেণিকক্ষের বাইরেও অক্সফোর্ডের সহপাঠীদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন।   পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সক্রিয় ছিলেন এল-সায়েদ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাক্রস দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর সাবেক সতীর্থ এলিয়াস রথব্ল্যাট জানান, মাঠে এল-সায়েদ ছিলেন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার খেলোয়াড়। অধিনায়ক হিসেবে সতীর্থদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি দলকে শৃঙ্খলাবদ্ধ রাখতেও পারদর্শী ছিলেন। মাঠের বাইরেও হাসিখুশি ও বন্ধুবৎসল মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। রথব্ল্যাটের ভাষায়, এল-সায়েদের মধ্যে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক দক্ষতা ও নিজের লক্ষ্য অর্জনের প্রবল আগ্রহ ছিল।   অক্সফোর্ডে থাকাকালে ব্রিটিশ খাবারের প্রতিও বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল তাঁর। বিশেষ করে ‘করোনেশন চিকেন’ স্যান্ডউইচ ছিল তাঁর পছন্দের তালিকায়। অক্সফোর্ডের কভার্ড মার্কেটের একটি ক্যাফের সাবেক মালিক রিকার্ডো চাসেবি জানান, এল-সায়েদ গ্রিল করা সিয়াবাটা রুটির মধ্যে করোনেশন চিকেন, চেডার চিজ, ক্যাপসিকাম, লাল পেঁয়াজ, লেটুস ও টমেটো দিয়ে তৈরি স্যান্ডউইচ খেতে পছন্দ করতেন। তাঁর অনুরোধে ক্যাফের মালিক খাবারটি মেনুতে যুক্ত করে নাম দিয়েছিলেন ‘দ্য আবদুল’। এমনকি বিমানবন্দর থেকে ফোন করে অক্সফোর্ডে পৌঁছানোর আগেই স্যান্ডউইচ প্রস্তুত রাখার অনুরোধ জানাতেন তিনি। নিজের ডক্টরাল গবেষণাপত্রের স্বীকৃতিতেও ক্যাফের মালিককে ধন্যবাদ জানিয়েছিলেন এল-সায়েদ।   তবে তাঁর অক্সফোর্ড জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলোর একটি ছিল ব্রিটিশ রাজনীতি প্রত্যক্ষ করা। ২০১০ সালের সাধারণ নির্বাচনের আগে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে একটি নির্বাচনী বিতর্কসভায় অংশ নেন তিনি। সেখানে স্থানীয় জনসংখ্যার প্রতিফলন হিসেবে প্রার্থীদের সবাই ছিলেন বাঙালি বংশোদ্ভূত। একজন আরব-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিজের বংশোদ্ভূত কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা তাঁর জীবদ্দশায় খুবই কম বলে মন্তব্য করেছিলেন এল-সায়েদ। ব্রিটিশ গণতন্ত্র নিয়ে লেখা একটি নিবন্ধে তিনি যুক্তরাজ্যের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন।   অক্সফোর্ডের সেই অভিজ্ঞতার ১৬ বছর পর যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে নিজেই ইতিহাস গড়েছেন এল-সায়েদ। ২০২৬ সালের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে জয়ী হন ডেমোক্র্যাট এই নেতা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার নজির গড়েন তিনি। তাঁর সাবেক সতীর্থ রথব্ল্যাট জানিয়েছেন, এল-সায়েদের এই অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত। একসময়কার উচ্চাকাঙ্ক্ষী ও মেধাবী সেই শিক্ষার্থী এখন জাতীয় পর্যায়ে নিজের রাজনৈতিক চিন্তাভাবনা বাস্তবায়নের সুযোগ পেয়েছেন বলে মনে করেন তিনি।   সংবাদসূত্র: দ্য গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ৮, ২০২৬ ১৩:০ 0
ইসরায়েলের ফাঁদে পড়ে ইরান যু দ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: সিনেটর এল-সায়েদ
ইসরায়েলের ফাঁদে পড়ে ইরান যু দ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: সিনেটর এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম সিনেটর নির্বাচিত হওয়া ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ দেশটির বিতর্কিত মধ্যপ্রাচ্য নীতির তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধকে সম্পূর্ণ 'অপ্রয়োজনীয়' আখ্যা দিয়ে তিনি বলেছেন, মার্কিন প্রশাসনের কখনোই এই অনাকাঙ্ক্ষিত সংঘাতে জড়ানো উচিত হয়নি। সম্প্রতি একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।   এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের অতিরিক্ত প্রভাব এবং দেশটিকে দেওয়া বিপুল সামরিক সহায়তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।   সাক্ষাৎকারে ইরান যুদ্ধ প্রসঙ্গে ডেমোক্র্যাট নেতা এল-সায়েদ জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন একটি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে, যা প্রকারান্তরে তাদের জন্যই একটি বিশাল ফাঁদ। অতীতের মার্কিন প্রেসিডেন্টরা সবসময়ই ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলার বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন। কিন্তু বর্তমান মার্কিন প্রশাসন সেই সতর্ক অবস্থান থেকে সরে এসে একটি বড় ধরনের ভুল করেছে।   তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি প্রভাবিত করে এই যুদ্ধে জড়াতে বাধ্য করেছেন। তার দাবি, গত কয়েক দশক ধরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন।   মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলকে দেওয়া বিশেষ ছাড়ের তীব্র বিরোধিতা করে এল-সায়েদ বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ইসরায়েলি সরকারকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে বলেন, কোনো দেশের সরকারের ভুল নীতির সমালোচনা করার অর্থ ওই দেশের জনগণ বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করা নয়।   রাজনৈতিক সমালোচনা এবং জনগণের প্রতি শত্রুতাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। একইসঙ্গে তিনি ইসরায়েলকে মার্কিন অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনার আহ্বান জানান। মার্কিন অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কি না, তা নিশ্চিত করার একটি বড় নৈতিক দায়িত্ব যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মনে করেন তিনি।   শুধু ইসরায়েল নয়, মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন এই ডেমোক্র্যাট নেতা। মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগের কারণে মিশর ও অন্যান্য দেশকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তাও অবিলম্বে বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ইসতিয়াক আহমেদ নভেম্বর ৬, ২০২৬ ১৩:০ 0
বিজয় ভাষণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ‘হাবিবি’ সম্বোধন করেন আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
‘জেডি, হাবিবি’ বলে ভাইস প্রেসিডেন্টকে খোঁচা, আরব বিশ্বে প্রশংসায় ভাসছেন আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন মিশিগানের ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ। নির্বাচনে জয়ের পর তাঁর দেওয়া বিজয় ভাষণে আরবি শব্দ ‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ ব্যবহারের বিষয়টি এখন যুক্তরাষ্ট্র ছাড়িয়ে মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে ‘জেডি, হাবিবি’ বলার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।   গত মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিশিগানের সিনেট আসনে জয়ী হন ৪২ বছর বয়সী এল-সায়েদ। বুধবার ভোরে ডেট্রয়েটে সমর্থকদের সামনে দেওয়া ভাষণে তিনি নির্বাচনী প্রচারে তাঁকে নিয়ে করা বিভিন্ন মন্তব্যের জবাব দেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জেডি, হাবিবি। এর মধ্যে এক অদ্ভুত আনন্দের বিষয় রয়েছে যে, আগামী জানুয়ারিতে সংবিধান অনুযায়ী তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।’   ‘হাবিবি’ আরবি ভাষার একটি স্নেহসূচক শব্দ। এর আক্ষরিক অর্থ ‘আমার প্রিয়জন’ হলেও দৈনন্দিন কথাবার্তায় বন্ধু, কাছের মানুষ কিংবা প্রিয় কাউকে সম্বোধন করতেও শব্দটি ব্যবহার করা হয়। আরব সংগীত ও জনপ্রিয় সংস্কৃতিতেও শব্দটির বহুল প্রচলন রয়েছে। এল-সায়েদের নির্বাচনী প্রচারে সমর্থকদের অনেকে ‘হাবিবি ফর আবদুল’ লেখা টি-শার্ট পরেছিলেন। বিজয় ভাষণে শব্দটির ব্যবহার আরবদের কাছে বিশেষ আনন্দের বিষয় হয়ে উঠেছে।   এল-সায়েদ তাঁর ভাষণে ‘ইনশাআল্লাহ’ ও ‘আলহামদুলিল্লাহ’ শব্দও ব্যবহার করেন। ‘ইনশাআল্লাহ’ অর্থ আল্লাহ চাইলে এবং ‘আলহামদুলিল্লাহ’ অর্থ সব প্রশংসা আল্লাহর। নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় তিনি নিয়মিত ‘ইনশাআল্লাহ’ বলতেন উল্লেখ করে জানান, এবার সেই প্রত্যাশা পূরণ হওয়ায় কথাটি ‘আলহামদুলিল্লাহ’তে পরিণত হয়েছে। তাঁর এই বক্তব্য আরবি ভাষাভাষীদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।   বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, এল-সায়েদের বিজয় ভাষণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিনন্দন ও আনন্দের প্রতিক্রিয়া আসতে থাকে। অনেকে ‘হাবিবি’ শব্দযুক্ত আরবি গানের ভিডিও, মিসরীয় জনপ্রিয় সংগীতশিল্পী শিরিন আবদেল ওয়াহাবের গানের দৃশ্য এবং নানা হাস্যরসাত্মক ভিডিও প্রকাশ করেন। মিসরের চলচ্চিত্রের দৃশ্য ব্যবহার করে তৈরি মিমও ছড়িয়ে পড়ে। মিসরীয় শিক্ষাবিদ খলিল আল-আনানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘হাবিবি’কে সবচেয়ে মিষ্টি শব্দ হিসেবে উল্লেখ করে এল-সায়েদকে ধন্যবাদ জানান।   এল-সায়েদ মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান। তাঁর নির্বাচনী প্রচারে মুসলিম পরিচয় ও ফিলিস্তিনের প্রতি সমর্থনকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ‘জিহাদি’ বলে আখ্যায়িত করেছিলেন এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার প্রসঙ্গ টেনে তাঁর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। প্রচারের সময় ভ্যান্সও এল-সায়েদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এসব বক্তব্যের জবাবে এল-সায়েদ নিজের ধর্মীয় পরিচয় ও মিসরীয় ঐতিহ্যকে আড়াল না করে বরং প্রকাশ্যে তুলে ধরেন।   এ ঘটনায় যুক্তরাষ্ট্রে আরব ও মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের বৈষম্যের অভিজ্ঞতাও নতুন করে আলোচনায় এসেছে। কয়েক দশক ধরে হলিউডের বিভিন্ন চলচ্চিত্র ও রাজনৈতিক বক্তব্যে আরব ও মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপনের প্রবণতা নিয়ে সমালোচনা রয়েছে। বিশেষ করে ইসলামি আইন বা শরিয়াহ যুক্তরাষ্ট্রে চাপিয়ে দেওয়ার আশঙ্কা নিয়ে রাজনৈতিক প্রচারণার বিরুদ্ধেও কথা বলেছেন অনেকে। এমন প্রেক্ষাপটে একজন মুসলিম ও মিসরীয় বংশোদ্ভূত রাজনীতিকের সিনেটে নির্বাচিত হওয়া এবং নিজের সাংস্কৃতিক পরিচয় প্রকাশ্যে উদ্‌যাপন করাকে অনেকেই পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।   বিজয় ভাষণের শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশেও কৌতুকপূর্ণ মন্তব্য করেন এল-সায়েদ। তিনি বলেন, ট্রাম্প তাঁর নাম উচ্চারণ করতে সমস্যায় পড়েছেন। তাই আগামী জানুয়ারিতে জেডি ভ্যান্স তাঁকে শপথ পড়ানোর পর প্রেসিডেন্ট চাইলে তাঁকে শুধু ‘সিনেটর’ বলে ডাকতে পারেন। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে ব্যক্তিগত পরিচয় নিয়ে করা মন্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নিজের নতুন অবস্থানও তুলে ধরেন তিনি।   উল্লেখ্য, মিশিগানের সিনেট আসনে রিপাবলিকান মাইক রজার্সকে পরাজিত করে এল-সায়েদ যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েছেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তাঁর। তাঁর বিজয়কে ঘিরে যুক্তরাষ্ট্রের মুসলিম ও আরব জনগোষ্ঠীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন মহলেও আনন্দ ও আগ্রহ দেখা যাচ্ছে।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিবিএস নিউজ।

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ৬, ২০২৬ ১৩:০ 0
ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন মিশিগানের সিনেটর-নির্বাচিত আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানালেন আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের যে পরিকল্পনা করেছেন, তার প্রশংসা করেছেন মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ। নির্বাচনী প্রচারণার সময় দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হলেও এই নির্দিষ্ট ইস্যুতে তারা একমত হয়েছেন। সদ্য নির্বাচিত এই ডেমোক্র্যাট নেতা জানিয়েছেন, তিনি এই বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী। রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে এমন ঐকমত্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে ২০২৮ অর্থবছর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বর্তমান সহায়তা চুক্তি বহাল থাকার কথা থাকলেও কীভাবে প্রশাসন ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বন্ধ করবে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।   বৃহস্পতিবার মর্নিং জো অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এল-সায়েদ ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, এই নির্দিষ্ট নীতিতে তিনি ট্রাম্পের সঙ্গে সম্পূর্ণ একমত এবং তাদের একসঙ্গে কাজ করতে তার কোনো আপত্তি নেই। এল-সায়েদের মতে, মার্কিন করদাতাদের অর্থে বিদেশি কোনো সামরিক বাহিনীকে এমন কোনো কাজের জন্য সহায়তা করা উচিত নয় যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এমনকি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করার পক্ষেও মত দেন তিনি। এর আগে এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্প এই নীতিতে সঠিক অবস্থানে রয়েছেন। এল-সায়েদ ইসরায়েলের কার্যক্রমকে অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করে অস্ত্র বিক্রি বন্ধের জোর দাবি জানান, যদিও ইসরায়েল বরাবরই তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছে।   নির্বাচনের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ২০২৬ সালের শেষের দিক থেকে ইসরায়েলকে দেওয়া বার্ষিক চার বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দেবে। প্রেসিডেন্ট জানান, কয়েক মাস আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার এই বিষয়ে একটি সমঝোতা হয়েছে। ট্রাম্পের মতে, ইসরায়েল এখন যথেষ্ট সমৃদ্ধশালী একটি দেশ এবং সরাসরি মার্কিন সহায়তা ছাড়াই তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। তবে ট্রাম্প জানিয়েছেন, সহায়তা বন্ধ হলেও ইসরায়েল চাইলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে এবং প্রয়োজনে অন্যান্য সহায়তা নিতে পারবে। তবে এই সহায়তা বন্ধের প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।   যুক্তরাষ্ট্রের বর্তমান চুক্তি অনুযায়ী ইসরায়েল বার্ষিক ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে, যা ট্রাম্প প্রায় চার বিলিয়ন বলে উল্লেখ করেছেন। ২০১৬ সালে স্বাক্ষরিত দশ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র ২০১৯ থেকে ২০২৮ অর্থবছর পর্যন্ত ইসরায়েলকে মোট ৩৮ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ৩৩ বিলিয়ন ডলার বিদেশি সামরিক অর্থায়ন এবং ৫ বিলিয়ন ডলার যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির জন্য বরাদ্দ। তবে এই সমঝোতা স্মারকটি আইনত বাধ্যতামূলক কোনো চুক্তি নয় এবং এর জন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন হয়নি। তা সত্ত্বেও এই সহায়তার অর্থ ছাড়ের বিষয়টি কংগ্রেসের অনুমোদনের ওপর নির্ভরশীল। তাই ট্রাম্প কংগ্রেসকে এই তহবিল আটকে দেওয়ার অনুরোধ করবেন নাকি নতুন কোনো চুক্তি করবেন, তা এখনও পরিষ্কার নয়।   ট্রাম্প এবং এল-সায়েদের এই ঐকমত্য রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ মিশিগান সিনেট প্রচারণায় ট্রাম্প রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়েছিলেন এবং এল-সায়েদের ধর্মীয় পরিচয় ও ইসরায়েল নীতির কড়া সমালোচনা করেছিলেন। মাইক রজার্সকে হারিয়ে এল-সায়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবারের সাক্ষাৎকারে এল-সায়েদ মিশিগানের ইহুদি বাসিন্দাদের নিরাপত্তা এবং তাদের প্রতি তার শ্রদ্ধার কথাও তুলে ধরেন। তিনি জানান, ইহুদি সহপাঠীদের সঙ্গে তিনি বেড়ে উঠেছেন এবং তাদের ধর্মীয় ও সামাজিক অবদানের প্রতি তার গভীর সম্মান রয়েছে। সার্বিক এই খবরটি মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক তাদের এক প্রতিবেদনে বিস্তারিতভাবে প্রকাশ করেছে।   খবরের উৎস: নিউজউইক

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ৫, ২০২৬ ১৩:০ 0
মিশিগান থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সিনেটর আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আবদুল এল-সায়েদের সিনেটর বেতন কত, বাংলাদেশি টাকায় কত এবং কী কী সুবিধা পাবেন?

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার ঘটনায় তিনি আলোচনায় এসেছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তাঁর বেতন ও সরকারি সুযোগ-সুবিধা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, একজন সাধারণ মার্কিন সিনেটরের বার্ষিক বেতন ১ লাখ ৭৪ হাজার ডলার। সেই হিসাবে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এল-সায়েদও একই বেতন কাঠামোর আওতায় পড়বেন।   বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার প্রায় ১২৪ টাকা ৫০ পয়সা ধরলে তাঁর বার্ষিক বেতন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১৬ লাখ ৬৬ হাজার টাকা। অর্থাৎ বছরে প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা। মাসিক হিসাবে বেতন দাঁড়ায় ১৪ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৫ হাজার টাকা। তবে বিনিময় হারের পরিবর্তনের কারণে টাকার অঙ্ক কমবেশি হতে পারে। এই হিসাব কর ও অন্যান্য প্রযোজ্য কর্তনের আগের বেতনের ভিত্তিতে করা হয়েছে।   আবদুল এল-সায়েদ ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন। অ্যাসোসিয়েটেড প্রেসের নির্বাচনী ফলাফল অনুযায়ী, তিনি মিশিগানের সিনেট আসনে জয়ী হয়েছেন। তবে নির্বাচনে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর বেতন কার্যকর হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সিনেটের নতুন মেয়াদ শুরু হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি। ওই দিন থেকে দায়িত্ব গ্রহণের পর তিনি সিনেটরের বেতন পাবেন।   বেতনের বাইরে সিনেটরদের জন্য রয়েছে স্বাস্থ্যবিমা ও অবসরকালীন সুবিধা। তবে এসব সুবিধা মানেই বিনা খরচে সব চিকিৎসা বা অবসরের পর আজীবন নির্দিষ্ট অঙ্কের অর্থ পাওয়া নয়। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, সিনেটররা ডিসি হেলথ লিংকের মাধ্যমে স্বাস্থ্যবিমা নিতে পারেন। এ ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী ফেডারেল সরকার বিমার প্রিমিয়ামের একটি অংশ বহন করে। কোন স্বাস্থ্য পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং তার প্রিমিয়াম কত, তার ওপর ব্যক্তির নিজের পরিশোধযোগ্য অংশ নির্ভর করে।   সিনেটররা ফেডারেল কর্মীদের জন্য নির্ধারিত জীবনবিমা কর্মসূচিতেও অংশ নিতে পারেন। পাশাপাশি সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় তাঁদের অংশগ্রহণ বাধ্যতামূলক। অবসরকালীন সুবিধার ক্ষেত্রে ফেডারেল কর্মীদের অবসর পরিকল্পনার আওতায় বিভিন্ন বিকল্প রয়েছে। তবে কত টাকা পেনশন বা অবসর সুবিধা পাওয়া যাবে, তা নির্ভর করে সংশ্লিষ্ট পরিকল্পনা, বয়স, চাকরির মেয়াদ এবং অন্যান্য শর্তের ওপর। সাধারণভাবে অবসর সুবিধা পাওয়ার জন্য কমপক্ষে পাঁচ বছর চাকরির শর্ত রয়েছে।   সিনেটরদের দাপ্তরিক কাজ পরিচালনার জন্য রয়েছে আলাদা সরকারি বরাদ্দ। এই অর্থ ব্যক্তিগত বেতন বা অতিরিক্ত আয় নয়। সিনেটরদের অফিস পরিচালনা, কর্মী নিয়োগ, স্টাফদের বেতন, দাপ্তরিক সরঞ্জাম, চিঠিপত্র এবং নিজ অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির মধ্যে সরকারি কাজে যাতায়াতের মতো খাতে এ অর্থ ব্যয় করা হয়। ২০২৬ অর্থবছরে একজন সিনেটরের জন্য এই দাপ্তরিক বরাদ্দের পরিমাণ অঙ্গরাজ্যভেদে প্রায় ৪২ লাখ ৯৬ হাজার ডলার থেকে ৬৬ লাখ ২১ হাজার ডলারের মধ্যে। গড় বরাদ্দ প্রায় ৪৬ লাখ ৬৪ হাজার ডলার।   এই দাপ্তরিক বরাদ্দ দিয়ে সিনেটর নিজের ব্যক্তিগত খরচ, রাজনৈতিক প্রচার বা নির্বাচনী ক্যাম্পেইনের ব্যয় মেটাতে পারেন না। অর্থ ব্যবহারের ক্ষেত্রে সিনেটের নির্ধারিত নিয়ম ও সীমাবদ্ধতা রয়েছে। একইভাবে সিনেটের বিভিন্ন কমিটিতে কাজ করার জন্য সাধারণ সিনেটররা মূল বেতনের বাইরে অতিরিক্ত বেতন পান না।   যুক্তরাষ্ট্রের সিনেটরদের বেতন ২০০৯ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো একই থাকলেও তাঁদের দাপ্তরিক কাজ পরিচালনা, স্বাস্থ্যবিমা এবং অবসরকালীন সুবিধার জন্য আলাদা নিয়ম ও বরাদ্দ রয়েছে। ফলে একজন সিনেটরের বার্ষিক বেতন এবং তাঁর অফিস পরিচালনার জন্য সরকারের দেওয়া অর্থকে এক করে দেখার সুযোগ নেই।

নুরুল্লাহ সাইদ নভেম্বর ৫, ২০২৬ ১৩:০ 0
ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পকে সমর্থন এল-সায়েদের, চান অ স্ত্র বিক্রিও বন্ধ হোক
ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পকে সমর্থন এল-সায়েদের, চান অ স্ত্র বিক্রিও বন্ধ হোক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ। বুধবার এনপিআর-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, "আমি মনে করি এই নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট সঠিক অবস্থানে আছেন।"   তবে এল-সায়েদ শুধু বিনামূল্যে সহায়তা বন্ধেই সীমাবদ্ধ থাকতে চান না; তিনি ইসরায়েলের কাছে সব ধরনের মার্কিন অস্ত্র বিক্রিও পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে তিনি স্পষ্টভাবে বলেন, "যেসব অস্ত্র গণহত্যা ও বর্ণবাদের মতো জঘন্য কাজে ব্যবহৃত হয়, আমরা চাই ইসরায়েলের কাছে সেই অস্ত্র বিক্রি বন্ধ হোক।"   গত মঙ্গলবার মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েন এল-সায়েদ। নির্বাচনী প্রচারণায় ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার তীব্র বিরোধিতা করাই ছিল তার প্রচারণার অন্যতম প্রধান হাতিয়ার। নিজের বিজয় ভাষণেও তিনি এ বিষয়ের পুনরুল্লেখ করেছেন।   এছাড়া তিনি মিশর, সৌদি আরব, জর্ডান এবং পাকিস্তানের মতো দেশগুলোতেও মার্কিন সামরিক সহায়তা পর্যালোচনার দাবি জানিয়েছেন। তার মতে, মার্কিন করদাতাদের অর্থ বিদেশের বদলে দেশের অভ্যন্তরীণ উন্নয়নেই ব্যয় হওয়া উচিত।   এর আগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে, আগামী ডিসেম্বরের মধ্যে ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের বিষয়ে কয়েক মাস আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি চুক্তি হয়েছে। 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস'-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, নেতানিয়াহু নিজেই প্রথম এই সহায়তা বন্ধের প্রস্তাব দিয়েছিলেন।   নেতানিয়াহুও এর আগে জানিয়েছিলেন যে, ইসরায়েলকে স্বাবলম্বী করতে এবং আন্তর্জাতিক অবস্থান মজবুত করতে আগামী এক দশকের মধ্যে মার্কিন সহায়তার ওপর নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান তিনি। তবে সামরিক সহায়তা বন্ধ হলেও ইসরায়েল চাইলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে এবং মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আগের মতোই অটুট থাকবে বলে আশ্বস্ত করেছেন ট্রাম্প।

ইসতিয়াক আহমেদ নভেম্বর ৪, ২০২৬ ১৩:০ 0
মার্কিন সিনেটে প্রথম মুসলিম সিনেটর হয়ে ভ্যান্সকে ‘হাবিবি’ বলে খোঁচা এল-সায়েদের
মার্কিন সিনেটে প্রথম মুসলিম সিনেটর হয়ে ভ্যান্সকে ‘হাবিবি’ বলে খোঁচা এল-সায়েদের

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে এই ঐতিহাসিক বিজয় নিশ্চিত করার পর নিজের বিজয়ী ভাষণে তিনি তার সমালোচক ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে কড়া ভাষায় জবাব দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন ব্যক্তিগত আক্রমণের জবাব দিতে গিয়ে তিনি নিজের এই বিজয়কে একটি ‘মধুর পরিহাস’ বলে মন্তব্য করেছেন।   ভাষণে জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে এল-সায়েদ আরবি আদরের ডাক ‘হাবিবি’ (আমার প্রিয়) শব্দটি ব্যবহার করেন। তিনি হাসতে হাসতে বলেন, "জেডি, হাবিবি, এর চেয়ে মধুর পরিহাস আর কী হতে পারে যে, আগামী জানুয়ারিতে সাংবিধানিকভাবে তুমিই আমাকে শপথ পাঠ করাতে বাধ্য থাকবে!" মিশিগান ও ওহাইও অঙ্গরাজ্যের চিরপ্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, "এর মানে হলো— ভলভারিন ১, বাকআই ০।   " উল্লেখ্য, গত সপ্তাহে নির্বাচনী প্রচারণায় ভ্যান্স তাকে ‘সাইকোপ্যাথ’ এবং ‘শ্বেতাঙ্গবিরোধী বিদ্বেষ’ ছড়ানোর কারিগর বলে আক্রমণ করেছিলেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প তাকে তাচ্ছিল্য করে ‘মোহাম্মদ’ বলে ডাকতেন এবং দাবি করেছিলেন যে, সিনেটে গেলে এল-সায়েদকে মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে যেতে হবে। ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাবে তিনি বলেন, "ডোনাল্ড, আমি জানি আমার নাম উচ্চারণ করতে আপনার কষ্ট হয়। তাই জেডি আমাকে শপথ পড়ানোর পর থেকে আপনি আমাকে শুধু ‘সিনেটর’ বলে ডাকলেই চলবে।"   প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকেও ছাড় দেননি এল-সায়েদ। নির্বাচনের আগে রজার্স অভিযোগ করেছিলেন যে, এল-সায়েদ কট্টর ইসলামি গোষ্ঠীগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। এই অভিযোগকে সম্পূর্ণ ইসলামবিদ্বেষী ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন এই ডেমোক্র্যাট নেতা। বিজয়ী ভাষণে রজার্সকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি বেছে নিয়েছিলেন ঘৃণাকে, আর মিশিগান বেছে নিয়েছে আশাকে।   আমরা যেন এই অঙ্গরাজ্যে আপনার মতো কাউকে আর কখনো দেখতে না পাই।" এল-সায়েদের এই আত্মবিশ্বাসী ও ব্যঙ্গাত্মক ভাষণ মার্কিন রাজনীতিতে মুসলিম আমেরিকানদের শক্তিশালী উপস্থিতিরই একটি নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসতিয়াক আহমেদ নভেম্বর ৩, ২০২৬ ১৩:০ 0
মিশিগান সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের বদলে মাইক রজার্সকে সমর্থন জানিয়েছেন হ্যালি স্টিভেন্স। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
প্রাইমারিতে পরাজয়ের প্রতিশোধ নিতেই কি আবদুল এল-সায়েদকে বাদ দিয়ে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন হ্যালির?

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট শিবিরে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স। গত আগস্টে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারিতে আবদুল এল-সায়েদের কাছে পরাজিত হওয়ার পর তাঁকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টিভেন্স। কিন্তু নির্বাচনের মাত্র দুই দিন আগে সেই অবস্থান থেকে সরে এসে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) ডেট্রয়েটের পারফেক্টিং চার্চে রজার্সের সঙ্গে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর পক্ষে অবস্থান ঘোষণা করেন স্টিভেন্স। প্রাইমারিতে পরাজয়ের পর দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ এবং শেষ মুহূর্তে এই অবস্থান পরিবর্তনকে ঘিরে তাঁর সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত ক্ষোভ কাজ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।   গত আগস্টে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে হ্যালি স্টিভেন্স ও আবদুল এল-সায়েদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত তীব্র। ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা, গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যনীতি নিয়ে দুই প্রার্থীর অবস্থানে স্পষ্ট পার্থক্য ছিল। নির্বাচনে স্টিভেন্সকে পরাজিত করে দলীয় মনোনয়ন পান আবদুল। পরাজয়ের পর স্টিভেন্স প্রথমে তাঁকে সমর্থন জানান এবং ডেমোক্র্যাটিক প্রার্থীকে বিজয়ী করার প্রতিশ্রুতিও দেন। তবে প্রাইমারির পরও তাঁদের মধ্যে মতপার্থক্য কাটেনি। বিশেষ করে ইসরায়েলকে মার্কিন সহায়তার সমালোচনা করে একটি বহিরাগত রাজনৈতিক সংগঠনের প্রচারমূলক বিজ্ঞাপন নিয়ে বিরোধ নতুন করে তীব্র হয়। বিজ্ঞাপনটিকে ইহুদিবিদ্বেষী বলে সমালোচনা করেন স্টিভেন্স। অন্যদিকে, আবদুল জানান, বিজ্ঞাপনটি তাঁর নির্বাচনী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এর বক্তব্যের সঙ্গেও তিনি একমত নন।   নির্বাচনের শেষ সপ্তাহে দুই নেতার মধ্যে বিরোধ আরও প্রকাশ্যে আসে। রোববার ডেট্রয়েটের একটি গির্জায় আবদুল এল-সায়েদ ও স্টিভেন্সের যৌথ উপস্থিতিতে ঐক্যের বার্তা দেওয়ার পরিকল্পনা ছিল। সেখানে দক্ষিণ ক্যারোলাইনার কংগ্রেস সদস্য জিম ক্লাইবার্নেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই কর্মসূচিতে স্টিভেন্স অংশ নেননি। বরং অন্য একটি গির্জায় রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানান। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় স্টিভেন্স বলেন, আবদুল তাঁকে তাঁর নির্বাচনী প্রচারণা থেকে দূরে থাকতে বলেছেন। তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যৌথ কর্মসূচি নিয়ে শেষ মুহূর্তে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।   স্টিভেন্সের এই সিদ্ধান্তের পর তাঁর দীর্ঘদিনের প্রধান সহযোগী ও চিফ অব স্টাফ জাস্টিন জার্মানসহ একাধিক কর্মী পদত্যাগ করেছেন। প্রায় আট বছর ধরে স্টিভেন্সের সঙ্গে কাজ করা জার্মান জানান, তাঁর সিদ্ধান্তে তিনি ও তাঁর সহকর্মীরা হতবাক ও মর্মাহত। তিনি প্রকাশ্যে আবদুল এল-সায়েদের প্রতি সমর্থন জানিয়েছেন। মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেলও স্টিভেন্সের তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি নিজের ঘোষিত মূল্যবোধ থেকে সরে গেছেন। অন্যদিকে, আবদুল এল-সায়েদ বলেছেন, তিন মাস আগের প্রাইমারির বিরোধ নতুন করে সামনে আনার পরিবর্তে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও নীতিগত বিষয় নিয়ে কাজ করতে চান। স্টিভেন্স অবশ্য নিজেকে এখনো একজন গর্বিত ডেমোক্র্যাট হিসেবে পরিচয় দিয়েছেন।   আগামী ৩ নভেম্বর মিশিগানে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। অবসর নিতে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের আসনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের লড়াই জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আসনের ফলাফল যুক্তরাষ্ট্রের সিনেটে ক্ষমতার ভারসাম্য নির্ধারণে ভূমিকা রাখতে পারে। ফলে প্রাইমারিতে পরাজিত হওয়ার পর যাঁকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের ঠিক আগে সেই প্রার্থীর প্রতিদ্বন্দ্বীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে হ্যালি স্টিভেন্সের রাজনৈতিক অবস্থান ও উদ্দেশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে তাঁর সিদ্ধান্তের পেছনে প্রতিশোধই প্রধান কারণ এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ১, ২০২৬ ১৩:০ 0
নির্বাচনের দুই দিন আগে আবদুল এল-সায়েদের পরিবর্তে মাইক রজার্সকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন হ্যালি স্টিভেন্স। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
শেষ মুহূর্তে আবদুল এল-সায়েদকে বাদ দিয়ে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যানের

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট শিবিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে দলীয় মনোনীত প্রার্থী আবদুল এল-সায়েদের পরিবর্তে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স। রোববার (১ নভেম্বর) ডেট্রয়েটের একটি গির্জায় মাইক রজার্সের সঙ্গে উপস্থিত হয়ে তাঁর প্রতি সমর্থন জানান স্টিভেন্স। এই সিদ্ধান্তে নির্বাচনের শেষ মুহূর্তে মিশিগানের ডেমোক্র্যাট শিবিরে বিভক্তি আরও প্রকাশ্যে এসেছে।   স্টিভেন্সের এই সিদ্ধান্তের পরপরই তাঁর দীর্ঘদিনের প্রধান সহযোগী ও চিফ অব স্টাফ জাস্টিন জার্মান পদত্যাগ করেন। প্রায় আট বছর ধরে তাঁর সঙ্গে কাজ করা জার্মান জানান, স্টিভেন্সের সিদ্ধান্তে তিনি ও তাঁর দলের অন্য সদস্যরা হতবাক ও মর্মাহত। তিনি প্রকাশ্যে আবদুল এল-সায়েদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তাঁর সাবেক সহকর্মীরাও ডেমোক্র্যাট মনোনীত প্রার্থীর পাশে রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টিভেন্সের দপ্তরের আরও কয়েকজন কর্মীও পদত্যাগ করেছেন।   ঘটনার পেছনে রয়েছে গত আগস্টে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারি নির্বাচন। ওই নির্বাচনে হ্যালি স্টিভেন্সকে পরাজিত করে দলীয় মনোনয়ন পান আবদুল এল-সায়েদ। পরবর্তী সময়ে স্টিভেন্স তাঁকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও ইসরায়েলকে মার্কিন সহায়তা, একটি রাজনৈতিক বিজ্ঞাপন এবং প্রচারণার বক্তব্য নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। তাঁদের যৌথ নির্বাচনী কর্মসূচি নিয়েও মতবিরোধ দেখা দেয়। স্টিভেন্সের দাবি, আবদুল তাঁকে তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে বলেছেন। অন্যদিকে, আবদুলের বক্তব্য, ব্যক্তিগত বিরোধের চেয়ে মিশিগানের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলো তাঁর কাছে বেশি প্রাধান্য পাচ্ছে।   স্টিভেন্সের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেলসহ দলটির একাধিক নেতা। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স এই সমর্থনকে স্বাগত জানিয়েছেন। স্টিভেন্স অবশ্য নিজেকে এখনো একজন গর্বিত ডেমোক্র্যাট হিসেবে দাবি করেছেন। তবে দলীয় প্রার্থীকে বাদ দিয়ে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীকে সমর্থন করায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্টিভেন্সের সিদ্ধান্তের প্রশংসা করেছেন।   আগামী ৩ নভেম্বর মিশিগানে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। অবসর নিতে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। এই আসনের ফলাফল যুক্তরাষ্ট্রের সিনেটে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে হ্যালি স্টিভেন্সের অবস্থান পরিবর্তন এবং তাঁর সহযোগীদের পদত্যাগ মিশিগানের নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ১, ২০২৬ ১৩:০ 0
আবদুল এল-সায়েদকে ভোট দিলে আপনারা ‘পাগল’, কৃষ্ণাঙ্গ ও ইহুদিদের সতর্ক বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদকে ভোট দেওয়ার বিষয়ে কৃষ্ণাঙ্গ ও ইহুদি ভোটারদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনো কৃষ্ণাঙ্গ বা ইহুদি ভোটার এল-সায়েদকে ভোট দিলে তাঁকে পাগল বলতে হবে। এর পরপরই তিনি মন্তব্য করেন, তাঁরা এমনিতেই পাগল। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক দিন আগে ট্রাম্পের এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দক্ষিণ ক্যারোলিনার রক হিলে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। সমাবেশে স্থানীয় রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে গিয়ে তিনি মিশিগানের আলোচিত সিনেট নির্বাচন প্রসঙ্গে কথা তোলেন। সেখানে ডেমোক্র্যাটিক প্রার্থী আবদুল এল-সায়েদের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করার পাশাপাশি তাঁকে সমর্থন করতে পারেন এমন ভোটারদেরও আক্রমণ করেন।   সমাবেশে ট্রাম্প বলেন, ‘আপনি যদি কৃষ্ণাঙ্গ বা ইহুদি হন এবং আবদুলকে ভোট দেন, তাহলে আপনি পাগল।’ এরপর তিনি আবার বলেন, ‘আপনারা এমনিতেই পাগল।’ তাঁর এই বক্তব্যে উপস্থিত সমর্থকদের একাংশ হাততালি দেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও দ্য গ্রিওর প্রতিবেদনে ট্রাম্পের এসব মন্তব্য উঠে এসেছে। শুধু ভোটারদের নিয়ে মন্তব্য করেই থেমে থাকেননি ট্রাম্প। আবদুল এল-সায়েদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি। তবে অভিযোগের পক্ষে নতুন কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এল-সায়েদ এর আগেও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগকে নির্বাচনী প্রচারে রাজনৈতিক আক্রমণের অংশ হিসেবে দেখছেন সমালোচকেরা।   মিশিগানের সিনেট নির্বাচনে আবদুল এল-সায়েদের প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। সাবেক কংগ্রেসম্যান রজার্সকে সমর্থন করছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেনসকে পরাজিত করে দলের মনোনয়ন পেয়েছেন এল-সায়েদ। নির্বাচনের শেষ সময়ে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠেছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা বা পরিবর্তনের হিসাবেও মিশিগানের আসনটি গুরুত্বপূর্ণ। আবদুল এল-সায়েদ একজন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডেট্রয়েটের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা। স্বাস্থ্যসেবার ব্যয় কমানো, সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ানো এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের মতো বিষয়গুলো তাঁর নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছে। নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে পারেন। তাঁর মুসলিম পরিচয় এবং মধ্যপ্রাচ্য নিয়ে রাজনৈতিক অবস্থানও নির্বাচনী প্রচারে আলোচনার বিষয় হয়ে উঠেছে।   ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। উদারপন্থী রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান ব্রিজ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির মুখপাত্র ব্র্যান্ডন ওয়েদার্সবি অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ, ইহুদি ও মুসলিম আমেরিকানদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন। তাঁর মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোটারদের অপমান করা গ্রহণযোগ্য নয়। মিশিগানের ভোটার অধিকারবিষয়ক সংগঠন র‍্যাঙ্ক এমআই ভোটের নির্বাহী পরিচালক মার্সেই আলেনও ট্রাম্পের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, নিজে কৃষ্ণাঙ্গ ও ইহুদি হওয়ায় প্রেসিডেন্টের মন্তব্য তাঁকে ব্যক্তিগতভাবে আঘাত করেছে। আলেন বলেন, ভোটাররা নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতন এবং কাকে সমর্থন করবেন, তা নির্ধারণের অধিকার তাঁদের রয়েছে।   এর আগেও আবদুল এল-সায়েদকে সমর্থনকারী ইহুদি ভোটারদের নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। গত ২৫ অক্টোবর মিশিগানের পোর্ট হিউরনে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, যেসব ইহুদি ভোটার এল-সায়েদকে সমর্থন করেন, তাঁদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। ওই বক্তব্যের কয়েক দিনের মধ্যেই দক্ষিণ ক্যারোলিনার সমাবেশে কৃষ্ণাঙ্গ ও ইহুদি ভোটারদের উদ্দেশে নতুন করে মন্তব্য করলেন তিনি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও বিভিন্ন জনগোষ্ঠীর ভোটারদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। সে সময় ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার বিষয়ে ইহুদি, কৃষ্ণাঙ্গ, হিস্পানিকসহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে তিনি বলেছিলেন, তাঁদের মাথা পরীক্ষা করানো উচিত। রাজনৈতিক প্রতিপক্ষের সমর্থকদের উদ্দেশে এমন বক্তব্য দেওয়ার প্রবণতা তাঁর নির্বাচনী প্রচারে আগেও দেখা গেছে।   এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও মিশিগানে আবদুল এল-সায়েদের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন। ডেট্রয়েটের এক সমাবেশে তিনি এল-সায়েদের বিরুদ্ধে রিপাবলিকানদের আক্রমণের সমালোচনা করেন। নিজের রাজনৈতিক জীবনে জন্মস্থান ও পরিচয় নিয়ে ছড়ানো বিতর্কের প্রসঙ্গ তুলে ওবামা বলেন, এ ধরনের প্রচেষ্টা তাঁর ক্ষেত্রেও সফল হয়নি। মিশিগানে আবদুলের ক্ষেত্রেও তা সফল হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। মিশিগানের নির্বাচনে কৃষ্ণাঙ্গ, ইহুদি, মুসলিম ও আরব আমেরিকান ভোটারদের সমর্থন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডেট্রয়েট ও আশপাশের এলাকায় এসব জনগোষ্ঠীর ভোট নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। ডেমোক্র্যাটিক প্রাইমারির পর দলের বিভিন্ন অংশের সমর্থন একত্র করার চেষ্টাও চালাচ্ছেন এল-সায়েদ। অন্যদিকে রিপাবলিকানরা তাঁর রাজনৈতিক অবস্থান ও অতীতের বক্তব্যকে সামনে এনে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।   আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চলছে। মিশিগানের সিনেট আসনটি সেই লড়াইয়ের অন্যতম আলোচিত ক্ষেত্র। নির্বাচনের শেষ মুহূর্তে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে, তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হবে।    

সামিয়া ইসলাম অক্টোবর ২৯, ২০২৬ ১৪:০ 0
মিশিগানের ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদ। ছবি: সংগৃহীত
মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল সায়েদকে সমর্থন দিল অঙ্গরাজ্যটির বৃহত্তম সংবাদপত্র

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অন্যতম প্রধান সংবাদপত্র ডেট্রয়েট ফ্রি প্রেস আসন্ন মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের প্রতি সমর্থন জানিয়েছে। ২৭ সেপ্টেম্বর প্রকাশিত সম্পাদকীয়তে পত্রিকাটি ৩ নভেম্বরের নির্বাচনে মিশিগানের ভোটারদের এল-সায়েদকে ভোট দেওয়ার আহ্বান জানায়।   সম্পাদকীয়তে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে নিয়ে পত্রিকাটি তীব্র সমালোচনামূলক ভাষা ব্যবহার করেছে। সেখানে রজার্সকে ‘চরমপন্থী’ হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, তিনি এমন একটি রাজনৈতিক অবস্থানের প্রতিনিধিত্ব করেন যা পত্রিকাটির মতে মিশিগানের মূলধারার মানুষের অবস্থান থেকে অনেক দূরে।   তবে ‘চরমপন্থী’ শব্দটি ডেট্রয়েট ফ্রি প্রেসের সম্পাদকীয় মূল্যায়ন, কোনো নিরপেক্ষ সরকারি বা আদালতের শ্রেণিবিন্যাস নয়। রজার্সের প্রচারণা এখনো এ বিষয়ে মন্তব্য করেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।   ডেট্রয়েট ফ্রি প্রেসের সম্পাদকীয়তে বলা হয়েছে, মিশিগানের সিনেট নির্বাচনে একজন প্রার্থীকে নিয়ে এমন সমালোচনা থাকলেও সেই প্রার্থী আবদুল এল-সায়েদ নন। এরপর পত্রিকাটি এল-সায়েদের বিভিন্ন রাজনৈতিক অবস্থান ও প্রচারণার বিষয় তুলে ধরে তার প্রতি সমর্থন ঘোষণা করে।   মিশিগানের সিনেট আসনটি এবারের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর একটি। বর্তমান ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আসনটি নতুন করে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। এল-সায়েদ ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন, আর রিপাবলিকানদের প্রার্থী মাইক রজার্স। দুজনই ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।   এল-সায়েদ এর আগে ওয়েইন কাউন্টি ও ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মিশিগানের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ম্যালরি ম্যাকমরো এবং হ্যালি স্টিভেন্সকে পেছনে ফেলে দলের প্রার্থী হন। প্রাইমারির আগে ডেট্রয়েট ফ্রি প্রেস অবশ্য অন্য প্রার্থী ম্যালরি ম্যাকমরোর পক্ষে সমর্থন জানিয়েছিল।   অন্যদিকে রজার্স মিশিগান থেকে সাবেক মার্কিন প্রতিনিধি। চলতি নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন। এল-সায়েদ ও রজার্সের মধ্যে নির্বাচনী বিতর্কও নির্ধারিত হয়েছে। ৮ অক্টোবর গ্র্যান্ড র‌্যাপিডসে একটি বিতর্ক এবং ২১ অক্টোবর ডেট্রয়েটে আরেকটি বিতর্ক হওয়ার কথা রয়েছে।   এবারের নির্বাচনে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সমর্থনও দুই প্রার্থীর পক্ষে ভাগ হয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২২ সেপ্টেম্বর এল-সায়েদের প্রতি সমর্থন জানান। এর আগে ইউনাইটেড অটো ওয়ার্কার্সসহ কয়েকটি সংগঠনও এল-সায়েদকে সমর্থন দিয়েছে।   অন্যদিকে ডেট্রয়েট ফ্রি প্রেসের প্রতিদ্বন্দ্বী সংবাদপত্র ডেট্রয়েট নিউজ চলতি মাসের শুরুতে রজার্সের প্রতি সমর্থন জানিয়েছে। ফলে মিশিগানের দুই প্রভাবশালী সংবাদপত্রের সম্পাদকীয় সমর্থন দুই প্রার্থীর পক্ষে ভাগ হয়ে গেছে।   ডেট্রয়েট ফ্রি প্রেস অতীতের দুই মিশিগান সিনেট নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছিল। তাই এবারের সমর্থনকে পত্রিকাটির সম্পাদকীয় অবস্থানের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সংবাদপত্রের সমর্থন নিজে থেকে নির্বাচনের ফলাফল সম্পর্কে কোনো নিশ্চয়তা দেয় না।   নির্বাচনের আগে দুই প্রার্থীর প্রচারণায় স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয়, অভিবাসন, জাতীয় রাজনীতি এবং ট্রাম্প প্রশাসনের নীতিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে। আগামী সপ্তাহগুলোতে মিশিগানের সিনেট প্রতিদ্বন্দ্বিতায় প্রচারণা ও বিতর্ক আরও জোরালো হওয়ার কথা রয়েছে।   সূত্র: ডেট্রয়েট ফ্রি প্রেস, ডেট্রয়েট নিউজ, নিউজউইক

মোহাম্মদ ইব্রাহিম সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১৪:০ 0
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ের পর আবদুল এল-সায়েদকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে ইসলামবিদ্বেষী পোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীত
মিশিগান প্রাইমারিতে জয়ের পর সিনেট প্রার্থী আবদুল এল-সায়িদের বিরুদ্ধে ২০ গুণ বেড়েছে মুসলিমবিদ্বেষী পোস্ট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থী হিসেবে প্রাথমিক নির্বাচনে বিজয়ের পর আবদুল এল-সায়েদকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে ইসলামবিদ্বেষী বিদ্বেষমূলক প্রচারণা প্রায় ২০ গুণ বেড়েছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে।   ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট (CSOH)-এর বিশ্লেষণ অনুযায়ী, ১ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন গড়ে ১৫৫টি ইসলামবিদ্বেষী পোস্টে এল-সায়েদের নাম উল্লেখ করা হলেও ৪ থেকে ১০ আগস্টের মধ্যে সেই সংখ্যা প্রতিদিন গড়ে ৩ হাজার ৯৯টিতে পৌঁছে। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ ধরনের পোস্টের সংখ্যা প্রায় ১ হাজার ৮৯৫ শতাংশ বেড়েছে।   গবেষণায় বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এল-সায়েদকে লক্ষ্য করে মোট ৩৮ হাজার ২৮০টি ইসলামবিদ্বেষী পোস্ট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে শুধু ৪ থেকে ১০ আগস্টের সাত দিনেই করা হয়েছে প্রায় ৫৬ দশমিক ৭ শতাংশ পোস্ট। সবচেয়ে বেশি পোস্ট করা হয় ৫ আগস্ট, সেদিন একদিনেই ৬ হাজার ৯২৩টি পোস্ট প্রকাশিত হয়।   একই সময়ে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মুসলিমবিদ্বেষী বক্তব্য ছড়ানো ৪ লাখ ৯ হাজার ৬৪০টি পোস্টও পর্যবেক্ষণ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। গ্রীষ্মকালজুড়ে এক দিনে সর্বোচ্চ ১১ হাজার ৮৮৩টি এমন পোস্টও করা হয় ৫ আগস্ট।   গবেষণা অনুযায়ী, বিদ্বেষমূলক প্রচারণার বড় অংশজুড়ে এল-সায়েদকে ভিত্তিহীনভাবে "ইসলামি জিহাদি" হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাকে হামাস, হিজবুল্লাহ ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িয়ে নানা দাবি করা হয়েছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রে ইসলামী আইন চালু করতে চান, মুসলিম সংগঠনগুলোর রাজনৈতিক অনুদানকে "সন্ত্রাসে অর্থায়ন" হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং ডেমোক্র্যাটিক পার্টি তথাকথিত "ইসলামপন্থী ও কমিউনিস্টদের দখলে চলে যাচ্ছে" এমন ষড়যন্ত্রমূলক বক্তব্যও ছড়ানো হয়েছে।   কিছু পোস্টে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে এল-সায়েদকে যুক্তরাষ্ট্রবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আবার কিছু পোস্টে পশ্চিমা দেশগুলো থেকে মুসলিমদের ব্যাপকভাবে সরিয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।   গবেষণা প্রতিষ্ঠানটির মতে, এই প্রচারণার ধরন অনেকটাই নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে গত বছর মুসলিম প্রার্থী জোহরান মামদানির সফল প্রচারণার সময় দেখা ইসলামবিদ্বেষী বক্তব্যের সঙ্গে মিল রয়েছে। কোনো মুসলিম প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে গেলে বা জয়ী হলে একই ধরনের বিদ্বেষমূলক ভাষা ও অভিযোগ বারবার সামনে আসে।   আবদুল এল-সায়েদ মিশিগানের সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এবং প্রগতিশীল ডেমোক্র্যাট রাজনীতিক। গত সপ্তাহে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিনি কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্সকে অল্প ব্যবধানে পরাজিত করেন। স্টিভেন্সের পক্ষে প্রভাবশালী লবিং সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (AIPAC) ৩ কোটি ডলারের বেশি ব্যয় করেছিল বলে বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে।   আগামী নভেম্বরে অবসর নিতে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের শূন্য আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন এল-সায়েদ। ডেমোক্র্যাটদের জন্য এই আসনটি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।   নির্বাচনী প্রচারণায় এল-সায়েদ জীবনযাত্রার ব্যয় কমানো, সবার জন্য স্বাস্থ্যসেবা (মেডিকেয়ার ফর অল), রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং ইসরায়েলসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা পুনর্বিবেচনার পক্ষে অবস্থান নিয়েছেন।   সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি রাজনীতি থেকে অর্থের প্রভাব কমাতে চাই, মানুষের পকেটে অর্থ ফেরাতে চাই এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।" একই সাক্ষাৎকারে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সমালোচনাকে দেশের প্রকৃত অর্থনৈতিক সমস্যাগুলো থেকে দৃষ্টি সরানোর চেষ্টা বলে উল্লেখ করেন।   অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এল-সায়েদকে "র‌্যাডিক্যাল লেফট সোশ্যালিস্ট", "কমিউনিস্ট" এবং ইহুদি ও ইসরায়েলবিরোধী বলে আখ্যায়িত করেছেন। যদিও এক নির্বাচনী বিতর্কে এল-সায়েদ নিজেকে সমাজতন্ত্রী নন উল্লেখ করে বলেন, "আমি সমাজতন্ত্রী নই। আমি এমন একজন পুঁজিবাদী, যিনি পুঁজিবাদ কীভাবে কাজ করে তা বোঝেন।"   গত সপ্তাহে হোয়াইট হাউসের এক গোলটেবিল বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ব্যঙ্গাত্মকভাবে তাকে "প্রেসিডেন্ট আবদুল এল-সায়েদ" বলে উল্লেখ করেন।   স্বাধীন সংবাদমাধ্যম ডেমোক্রেসি নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এল-সায়েদ বলেন, তিনি প্রথম হওয়ার বিষয়টির চেয়ে নিজের অঙ্গরাজ্যের জন্য একজন কার্যকর সিনেটর হতে চান। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি উন্মুক্ত, উদার ও বহুত্ববাদী দেশ, আর সেই মূল্যবোধই তিনি প্রতিনিধিত্ব করতে চান।

মোহাম্মদ ইব্রাহিম আগস্ট ১২, ২০২৬ ১৪:০ 0
মুসলিম জনপ্রতিনিধিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা রিপাবলিকান কংগ্রেসওম্যান ন্যান্সি মেস এবং মুসলিম প্রার্থী আবদুল এল-সায়েদ। ছবি: সংগৃহীত
'মিশিগানে আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে আমাদের নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে'

যুক্তরাষ্ট্রে সরকারি পদে থাকা মুসলিমদের ‘ট্রোজান হর্স’ এবং দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন রিপাবলিকান কংগ্রেসওম্যান ন্যান্সি মেস। মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে মুসলিম প্রার্থী আবদুল এল-সায়েদের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন সাউথ ক্যারোলাইনার এই কংগ্রেসওম্যান।   গত ৭ আগস্ট এক্সে দেওয়া পোস্টে মেস দাবি করেন, যুক্তরাষ্ট্রে সরকারি পদে থাকা প্রত্যেক মুসলিমই ‘ট্রোজান হর্স’ এবং জাতীয় নিরাপত্তা ও প্রজাতন্ত্রের জন্য হুমকি। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সব মুসলিম জনপ্রতিনিধিকে নিয়ে এমন মন্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়।   এরপর সিএনএনের একটি লাইভ সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মেসকে প্রশ্ন করেন অ্যাঙ্কর ওমর জিমেনেজ। তিনি জানতে চান, মেস কি তাহলে মনে করেন যুক্তরাষ্ট্রের সরকারি পদে থাকা প্রত্যেক মুসলিমই দেশের জন্য হুমকি। জবাবে মেস বলেন, তিনি সব মুসলিমকে হুমকি হিসেবে দেখছেন না এবং তার উদ্বেগ মূলত ‘র‌্যাডিক্যাল ইসলাম’ নিয়ে।   তবে জিমেনেজ মেসের আগের বক্তব্যের সঙ্গে এই ব্যাখ্যার অসঙ্গতি তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে। একই সঙ্গে সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধর্মীয় পরীক্ষা আরোপ করা যায় না।   সাক্ষাৎকারে মেস মুসলিম প্রার্থীদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে এমন আশঙ্কাও প্রকাশ করেন যে, ভবিষ্যতে আমেরিকানদের নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হতে পারে। তার এ বক্তব্যেরও পাল্টা প্রশ্ন করেন জিমেনেজ। কোনো মুসলিম রাজনীতিক নির্বাচিত হলেই অন্য ধর্মের মানুষের ওপর ইসলামি পোশাক বা ধর্মীয় অনুশাসন চাপিয়ে দেওয়া হবে, এমন ধারণার সাংবিধানিক বা বাস্তব ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।   মেসের মন্তব্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদ। মুসলিম পরিচয়ের এল-সায়েদের রাজনৈতিক উত্থানের পর তাকে ঘিরে ধর্মীয় পরিচয়কেন্দ্রিক আক্রমণও বেড়েছে। মেস নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকেও তার বক্তব্যে টেনে আনেন।   তবে সমালোচনার মুখে মেস দাবি করেছেন, তার আপত্তি মুসলিমদের ধর্মীয় পরিচয়ের বিরুদ্ধে নয়, বরং তিনি যাকে ‘র‌্যাডিক্যাল ইসলামিক আইডিওলজি’ বলছেন, তার বিরোধিতা করছেন। সমালোচকেরা অবশ্য বলছেন, তার মূল পোস্টে নির্দিষ্ট কোনো উগ্রপন্থী ব্যক্তি বা সংগঠনের পরিবর্তে সরকারি পদে থাকা ‘প্রত্যেক মুসলিমকে’ একসঙ্গে হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছিল।   মেসের মন্তব্যকে ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে সমালোচনা করেছেন বিভিন্ন মহলের মানুষ। বিতর্কটি একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা, নির্বাচিত পদে মুসলিমদের প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর ধর্মীয় পরিচয়কে কতটা সামনে আনা উচিত, সেই প্রশ্নও নতুন করে সামনে এনেছে।

তাবাস্সুম আগস্ট ১১, ২০২৬ ১৪:০ 0
মিশিগানের ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারিতে প্রাথমিক ভোট গণনায় এগিয়ে আবদুল এল-সায়েদ। ছবি: সংগৃহীত
মিশিগানে ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারিতে এগিয়ে আবদুল এল-সায়েদ, গণনা শেষ ৪৪ শতাংশ ভোট

ক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির মার্কিন সিনেট প্রাইমারি নির্বাচনে ভোট গণনার শুরুতেই এগিয়ে রয়েছেন আবদুল এল-সায়েদ। মোট ভোটের ৪৪ শতাংশ গণনা শেষে তিনি কংগ্রেসওম্যান হেইলি স্টিভেন্সের চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।   মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবদুল এল-সায়েদ পেয়েছেন ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট। হেইলি স্টিভেন্স পেয়েছেন ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট। আর জুলাই মাসে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম থাকা অঙ্গরাজ্যের সিনেটর ম্যালোরি ম্যাকমোরো পেয়েছেন ৩ দশমিক ৭ শতাংশ ভোট।   এ পর্যন্ত গণনা হওয়া ভোটে দেখা গেছে, মিশিগানের সবচেয়ে জনবহুল ওয়েইন কাউন্টিতে হেইলি স্টিভেন্স এগিয়ে রয়েছেন। অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ এই কাউন্টিতে বসবাস করে। অন্যদিকে ওয়াশটেনো, ইনঘাম এবং কেন্ট কাউন্টিতে শক্ত অবস্থানে রয়েছেন আবদুল এল-সায়েদ।   নির্বাচনের রাতেই ডেট্রয়েটে পৃথকভাবে সমর্থকদের নিয়ে ফলাফল পর্যবেক্ষণ করেন দুই প্রার্থী।   ডেট্রয়েটের মাজেস্টিক থিয়েটারে সমর্থকদের সঙ্গে অবস্থান করেন আবদুল এল-সায়েদ। ভোটের হালনাগাদ ফলাফল বড় পর্দায় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তিনি সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এ সময় জনপ্রিয় বামপন্থী অনলাইন ব্যক্তিত্ব ও স্ট্রিমার হাসান পাইকার, যিনি নির্বাচনী প্রচারণায় এল-সায়েদের সঙ্গে অংশ নিয়েছিলেন, সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন।   অন্যদিকে হেইলি স্টিভেন্স ডেট্রয়েটের সেন্ট রেজিস হোটেলে অপেক্ষাকৃত ছোট পরিসরে নির্বাচন-রাতের কর্মসূচি পালন করেন।   মার্কিন সিনেটের এই আসনটি চলতি নির্বাচনী বছরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাটদের জন্য আসনটি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের বাস্তবসম্মত সম্ভাবনা ধরে রাখতে এই আসনে জয় প্রয়োজন হতে পারে।   নির্বাচনের শেষ দিকে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপেও প্রগতিশীল ধারা-সমর্থক এবং সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সায়েদকে মধ্যপন্থী প্রার্থী হেইলি স্টিভেন্সের চেয়ে কয়েক শতাংশ পয়েন্ট এগিয়ে দেখানো হয়েছিল।   তবে ভোট গণনা তখনও চলমান থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই প্রতিদ্বন্দ্বিতার ফল নির্ধারণ হয়নি।

মোহাম্মদ ইব্রাহিম আগস্ট ৪, ২০২৬ ১৪:০ 0
মিশিগান সিনেট প্রাইমারির আগে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন ডা. আবদুল এল-সায়েদ। ছবি: সংগৃহীত
মিশিগান প্রাইমারির আগে বড় সমর্থন পেলেন আবদুল এল-সায়েদ, প্রথম মুসলিম সিনেটর হওয়ার সম্ভাবনা জোরালো

মিশিগানে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারি নির্বাচনকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই গুরুত্বপূর্ণ একটি সমর্থন পেলেন প্রগ্রেসিভ প্রার্থী ডা. আবদুল এল-সায়েদ। ওয়েন কাউন্টি ডেপুটি শেরিফস অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে তার প্রতি সমর্থন জানিয়েছে। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর বার্নি স্যান্ডার্স সামাজিক মাধ্যমে জানান, এল-সায়েদের পক্ষে এখন নির্বাচিত জনপ্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন সংগঠন মিলিয়ে ২০০টিরও বেশি এনডোর্সমেন্ট রয়েছে।    আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক প্রাইমারিতে আবদুল এল-সায়েদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্স। এই নির্বাচনকে ডেমোক্রেটিক পার্টির প্রগ্রেসিভ ও প্রতিষ্ঠিত নেতৃত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হচ্ছে।    আবদুল এল-সায়েদ একজন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ওয়েন কাউন্টির সাবেক স্বাস্থ্য পরিচালক। ২০১৮ সালে তিনি মিশিগানের গভর্নর পদে ডেমোক্রেটিক মনোনয়নের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার অবসর নিতে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের আসনে নির্বাচিত হওয়ার লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে লড়ছেন।    তার প্রচারণায় ইতোমধ্যে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, রাশিদা তালিব, এলিজাবেথ ওয়ারেনসহ ডেমোক্রেটিক পার্টির একাধিক প্রগ্রেসিভ নেতা। পাশাপাশি ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ), ন্যাশনাল নার্সেস ইউনাইটেডসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও নাগরিক সংগঠনও তার পক্ষে অবস্থান নিয়েছে।    সাম্প্রতিক বিভিন্ন জরিপে এল-সায়েদকে ডেমোক্রেটিক প্রাইমারির অন্যতম শীর্ষ প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে। যদিও প্রতিদ্বন্দ্বিতা এখনও হাড্ডাহাড্ডি, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে বড় বড় এনডোর্সমেন্ট তার প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।    ডেমোক্রেটিক মনোনয়ন নিশ্চিত করতে পারলে নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার মুখোমুখি হবেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। মিশিগান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোর একটি। ফলে ডেমোক্রেটিক প্রার্থী হলেও সাধারণ নির্বাচনে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।    তবে আবদুল এল-সায়েদের প্রার্থিতা ইতোমধ্যেই জাতীয় পর্যায়ে বিশেষ গুরুত্ব পেয়েছে আরেকটি কারণে। তিনি যদি ডেমোক্রেটিক মনোনয়ন জিতে পরবর্তীতে সাধারণ নির্বাচনেও বিজয়ী হন, তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হওয়ার রেকর্ড গড়বেন। এই সম্ভাবনাই তার প্রচারণাকে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

মোহাম্মদ ইব্রাহিম আগস্ট ১, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

Top week

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০