ইউরোপজুড়ে বইছে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবদাহ। গত ২১ জুন থেকে শুরু হওয়া এই চরম ভাবাপন্ন আবহাওয়ায় এখন পর্যন্ত ১,৩০০-রও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণহানির পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে, গলে যাচ্ছে সড়কের পিচ এবং ব্যাহত হচ্ছে রেল ও যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে জরুরি পরিষেবাগুলোকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, যার ফলে বিভিন্ন দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দাবদাহের এই তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, যেখানে মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগের তথ্যমতে, তাপপ্রবাহের সবচেয়ে চরম দিনগুলোতে দেশটিতে দৈনিক মৃত্যুর গড় সংখ্যা স্বাভাবিক ৯০০ থেকে লাফিয়ে ১,৪০০ ছাড়িয়ে যায়। মাত্র তিন দিনের ব্যবধানে সেখানে অতিরিক্ত এক হাজার মানুষের মৃত্যু রেকর্ড করা হয়, যাঁদের ৮৫ শতাংশেরই বয়স ৬৫ বছর বা তার বেশি। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ এলাকায় সর্বোচ্চ 'রেড অ্যালার্ট' জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
অন্যদিকে জার্মানিতেও ভেঙে গেছে তাপমাত্রার অতীত সব রেকর্ড। মকার্ন-ড্রেউইটজে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং কুবশুৎজে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া মানুষদের চিকিৎসা দিতে বার্লিনে অতিরিক্ত ৫০০টি অ্যাম্বুলেন্স নামাতে হয়। এমনকি ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে জড়ো হওয়া সাধারণ মানুষ ও পর্যটকদের শরীর ঠান্ডা রাখতে পুলিশকে জলকামান দিয়ে পানি ছিটাতেও দেখা গেছে।
জার্মানির বনাঞ্চলগুলোতে অতিরিক্ত গরমের কারণে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ট্রাইসেনের বনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের চরম বিপাকে পড়তে হয়, কারণ সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু অবিস্ফোরিত গোলাবারুদ আগুনের তাপে বিস্ফোরিত হতে শুরু করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তাপে মহাসড়কের কংক্রিট ফেটে যাওয়ার পাশাপাশি হামবুর্গ থেকে প্রাগগামী একটি ট্রেনের বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে গেলে ৬০০ যাত্রীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। এই বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে দক্ষিণ সুইডেন, ডেনমার্ক এবং গ্রিসেও। সুইডেনের একটি পার্কে বজ্রপাতে আহত হয়েছেন বেশ কয়েকজন, ডেনমার্কে বয়ে গেছে তীব্র ঝড় এবং গ্রিসের একাধিক অঞ্চলে দাবানলের নতুন সতর্কতা জারি করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেউসুস এই পরিস্থিতিকে একটি 'নীরব ঘাতক' হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশ, যা বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। বর্তমানে প্রায় ১৫ কোটি মানুষ এই চরম তাপমাত্রার মধ্যে জীবনযাপন করছেন। একসময় প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন দাবদাহের দেখা মিললেও, জলবায়ু পরিবর্তনের কারণে তা এখন প্রায় প্রতি বছরই আঘাত হানছে।
ইউরোপীয় জলবায়ু বিজ্ঞানীদের সংগঠন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন-এর বিশ্লেষণ বলছে, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তন ছাড়া এই পরিস্থিতি তৈরি হওয়া কার্যত অসম্ভব ছিল। বিজ্ঞানীদের মতে, ৫০ বছর আগে এমন দাবদাহের কথা কল্পনাও করা যেত না, যা আজ থেকে ২০ বছর আগের তুলনায় বর্তমানে প্রায় ২০০ গুণ বেশি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় 'মুসলমানদের নিয়ে মাঠে নামার' বিষয়ে দেওয়া এক সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। রাজ্যটির রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরের এই বিতর্কিত মন্তব্যের জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুমায়ুন কবীরদের মতো ব্যক্তিদের এবার শিক্ষা দেওয়ার সময় এসেছে এবং এই ধরনের কথা বলার আগে তাদের ২৫ বার ভাবা উচিত। সম্প্রতি আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই বিতর্কিত মন্তব্য করেন। এর জেরে সোমবার বিধানসভায় 'পয়েন্ট অব অর্ডার' উত্থাপন করেন বিজেপি বিধায়ক উৎপল ব্রহ্মচারী। তিনি রেজিনগরের জনসভায় দেওয়া হুমায়ুন কবীরের বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে স্পিকার রথীন বসু সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানোর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এ বিষয়ে বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় হুমায়ুন কবীরের বিতর্কিত বক্তব্যটি পড়ে শোনান। গত ২৬ তারিখ রেজিনগরের কাশীপুরের এক সভায় হুমায়ুন কবীর বলেছিলেন, তিনি যেদিন মুসলমানদের নিয়ে মাঠে নামবেন, সেদিন লাখে লাখে মানুষ রাস্তায় নামবে এবং প্রতিপক্ষের পতাকা বহন করার লোক থাকবে না। সেখানে তিনি পুলিশ প্রশাসন কিংবা মুখ্যমন্ত্রী কাউকেই পরোয়া না করে নিজেই সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেন। এছাড়া শক্তিপুরের আরেকটি সভায় তিনি এক পুলিশ কর্মকর্তাকে গলা ধরে থানা থেকে বের করে আনার হুমকি দেন বলেও অভিযোগ ওঠে। এইসব বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেজিনগরে ইতিমধ্যে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ভরতপুর ও রেজিনগরের পঞ্চায়েতগুলো নিজের দখলে নিতে না পেরে ৭২ শতাংশ মুসলিম ভোট নিজের দিকে টানতেই হুমায়ুন কবীর এই ধরনের সাম্প্রদায়িক ও লাগামহীন বক্তব্য দিচ্ছেন। ভারতের আইনই শেষ কথা বলবে এবং এই ধরনের হুমকি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তিনি জানান। একই সাথে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ সফরের ঘোষণাও দেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই কড়া বক্তব্যের জবাবে বিধায়ক হুমায়ুন কবীর বলেন, সব কিছুই আইনের পথে চলবে এবং তিনি আইনের ঊর্ধ্বে নন। পূর্ববর্তী সিপিএম ও তৃণমূল সরকারের আমলে তার বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও কোনোটিতেই তার বিরুদ্ধে গুন্ডাগিরি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রমাণ হয়নি দাবি করে তিনি দেশের বিচারব্যবস্থার ওপর আস্থা প্রকাশ করেন। তবে বিরোধী দলের নেতা নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবীরের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন, যে-ই এই ধরনের আপত্তিকর বা সাম্প্রদায়িক মন্তব্য করুন না কেন, তিনি তার সঙ্গে একমত নন।
কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও সৌদি আরব ও কাতারের কাছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র বিক্রি করেছে ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে উন্মুক্ত নথিপত্র এবং বিভিন্ন ছবি বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই গোপন অস্ত্র বিক্রির তালিকায় এফ-১৫ যুদ্ধবিমানের জন্য তৈরি কম্পিউটারাইজড যুদ্ধ হেলমেট এবং বিশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। আনুষ্ঠানিক কোনো প্রতিরক্ষা বা কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও প্রভাবশালী দুই আরব দেশের সাথে ইসরাইলের এই অস্ত্র বাণিজ্যের খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজপরিবারের ১১টি বিমানের মধ্যে অন্তত তিনটিতে ইসরাইলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি বিশেষ ‘সি-মিউজিক’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। জনসমক্ষে আসা বিভিন্ন আলোকচিত্র বিশ্লেষণ করে দেখা যায়, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে যখন বিমানগুলোর রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, মূলত তখনই এই অত্যাধুনিক ব্যবস্থাগুলো যুক্ত করা হয়। এছাড়া ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের এফ-১৫ কিউএ আবাবিল যুদ্ধবিমান কেনার চুক্তির নথিপত্র থেকে জানা যায় যে, ইসরাইলি প্রতিষ্ঠানগুলো প্রায় ১৫ থেকে ২৫ কোটি ডলারের সাব-কন্ট্রাক্ট বা উপ-চুক্তি লাভ করেছিল। এই চুক্তির অধীনে কাতারি যুদ্ধবিমানের জন্য প্রায় ২ লাখ ডলার মূল্যের ১৬০টি জেএইচএমসিএস কম্পিউটারাইজড হেলমেট এবং এএন/এভিএস-৯ নাইট ভিশন চশমা সরবরাহ করা হয়। একইভাবে সৌদি আরবের কাছেও ইসরাইলি সামরিক প্রযুক্তি পৌঁছানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ২০১০ সালের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বোয়িং কোম্পানির মাধ্যমে সৌদি আরবের কাছে এফ-১৫ এসএ যুদ্ধবিমান বিক্রির চুক্তির অংশ হিসেবে রিয়াদকে ৪৬২টি জেএইচএমসিএস হেলমেট এবং সমসংখ্যক নাইট ভিশন চশমা সরবরাহ করা হয়েছিল। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, সৌদি বিমানবাহিনী বর্তমানে এই হেলমেটগুলো ব্যবহার করছে। কাতারের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকলেও, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বৃত্তের কিছু সদস্যের সঙ্গে দোহার গোপন যোগাযোগের অভিযোগ রয়েছে, যা বর্তমানে ‘কাতারগেট’ কেলেঙ্কারি নামে পরিচিত। এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই নতুন করে দুই প্রভাবশালী আরব দেশের কাছে ইসরাইলি যুদ্ধাস্ত্র বিক্রির এই চাঞ্চল্যকর তথ্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মাত্রার যোগ করেছে।
ইউরোপজুড়ে বইছে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবদাহ। গত ২১ জুন থেকে শুরু হওয়া এই চরম ভাবাপন্ন আবহাওয়ায় এখন পর্যন্ত ১,৩০০-রও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণহানির পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে, গলে যাচ্ছে সড়কের পিচ এবং ব্যাহত হচ্ছে রেল ও যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে জরুরি পরিষেবাগুলোকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, যার ফলে বিভিন্ন দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দাবদাহের এই তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, যেখানে মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগের তথ্যমতে, তাপপ্রবাহের সবচেয়ে চরম দিনগুলোতে দেশটিতে দৈনিক মৃত্যুর গড় সংখ্যা স্বাভাবিক ৯০০ থেকে লাফিয়ে ১,৪০০ ছাড়িয়ে যায়। মাত্র তিন দিনের ব্যবধানে সেখানে অতিরিক্ত এক হাজার মানুষের মৃত্যু রেকর্ড করা হয়, যাঁদের ৮৫ শতাংশেরই বয়স ৬৫ বছর বা তার বেশি। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ এলাকায় সর্বোচ্চ 'রেড অ্যালার্ট' জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অন্যদিকে জার্মানিতেও ভেঙে গেছে তাপমাত্রার অতীত সব রেকর্ড। মকার্ন-ড্রেউইটজে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং কুবশুৎজে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া মানুষদের চিকিৎসা দিতে বার্লিনে অতিরিক্ত ৫০০টি অ্যাম্বুলেন্স নামাতে হয়। এমনকি ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে জড়ো হওয়া সাধারণ মানুষ ও পর্যটকদের শরীর ঠান্ডা রাখতে পুলিশকে জলকামান দিয়ে পানি ছিটাতেও দেখা গেছে। জার্মানির বনাঞ্চলগুলোতে অতিরিক্ত গরমের কারণে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ট্রাইসেনের বনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের চরম বিপাকে পড়তে হয়, কারণ সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু অবিস্ফোরিত গোলাবারুদ আগুনের তাপে বিস্ফোরিত হতে শুরু করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাপে মহাসড়কের কংক্রিট ফেটে যাওয়ার পাশাপাশি হামবুর্গ থেকে প্রাগগামী একটি ট্রেনের বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে গেলে ৬০০ যাত্রীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। এই বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে দক্ষিণ সুইডেন, ডেনমার্ক এবং গ্রিসেও। সুইডেনের একটি পার্কে বজ্রপাতে আহত হয়েছেন বেশ কয়েকজন, ডেনমার্কে বয়ে গেছে তীব্র ঝড় এবং গ্রিসের একাধিক অঞ্চলে দাবানলের নতুন সতর্কতা জারি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেউসুস এই পরিস্থিতিকে একটি 'নীরব ঘাতক' হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশ, যা বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। বর্তমানে প্রায় ১৫ কোটি মানুষ এই চরম তাপমাত্রার মধ্যে জীবনযাপন করছেন। একসময় প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন দাবদাহের দেখা মিললেও, জলবায়ু পরিবর্তনের কারণে তা এখন প্রায় প্রতি বছরই আঘাত হানছে। ইউরোপীয় জলবায়ু বিজ্ঞানীদের সংগঠন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন-এর বিশ্লেষণ বলছে, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তন ছাড়া এই পরিস্থিতি তৈরি হওয়া কার্যত অসম্ভব ছিল। বিজ্ঞানীদের মতে, ৫০ বছর আগে এমন দাবদাহের কথা কল্পনাও করা যেত না, যা আজ থেকে ২০ বছর আগের তুলনায় বর্তমানে প্রায় ২০০ গুণ বেশি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।