পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত নিরাপত্তা বাহিনীর এক অভিযানে চারজন সন্দেহভাজন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য প্রকাশ করে।
পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এলাকায় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যরাতে অভিযান চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত গোষ্ঠীর চার সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা এলাকায় বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও দাবি করা হয়েছে।
বর্তমানে ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী কার্যক্রম চলমান থাকবে।