- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার ভুয়া গল্প সাজিয়ে ২০০ জনের বেশি মানুষের কাছ থেকে ৪০ হাজার ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অনুদান হিসেবে পাওয়া এই অর্থ তিনি চিকিৎসার জন্য নয়, ব্যক্তিগত ঋণ পরিশোধে ব্যবহার করেছেন। ফ্লোরিডার কলিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় (CCSO) জানিয়েছে, অভিযুক্তের নাম মারিবেথ এলেন জোনস (৫১)। তিনি বোনিটা স্প্রিংসের বাসিন্দা এবং একটি আবাসিক কমিউনিটিতে কার্যক্রম পরিচালকের দায়িত্বে ছিলেন। তদন্তে জানা গেছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি বাসিন্দাদের কাছে দাবি করেন যে তিনি ক্যানসারে আক্রান্ত। অভিযোগ রয়েছে, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে তিনি নিজের চুল কেটে ফেলেন, যাতে দেখে মনে হয় তিনি কেমোথেরাপির প্রস্তুতি নিচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের শারীরিক অবস্থাও আরও খারাপ হচ্ছে বলে বিভিন্ন মানুষকে জানাতেন। তার এই দাবিতে সহানুভূতিশীল হয়ে স্থানীয় বাসিন্দারা তার জন্য একটি গুফান্ডমি (GoFundMe) তহবিল সংগ্রহ অভিযান চালু করেন। ওই অনলাইন তহবিলের অর্থ সরাসরি তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হতো। এর বাইরে অনেকেই তাকে নগদ অর্থ ও ব্যক্তিগত চেকের মাধ্যমেও আর্থিক সহায়তা দেন। তদন্তে আরও বেরিয়ে আসে, এটিই প্রথম নয়। এর আগেও ক্যানসারে আক্রান্ত হওয়ার একই দাবি করে অন্তত দুটি পৃথক গুফান্ডমি প্রচারণার সুবিধাভোগী ছিলেন তিনি। তদন্তকারীদের ভাষ্য, চিকিৎসা ব্যয়ের নামে সংগ্রহ করা অর্থের কোনো অংশই ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়নি। বরং তিনি ব্যক্তিগত ঋণ ও অন্যান্য দেনা পরিশোধে সেই অর্থ ব্যয় করেছেন। কলিয়ার কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এভাবে নেপলস এলাকার অন্তত ২৩৮ জন বাসিন্দার কাছ থেকে ৪০ হাজার ডলারের বেশি অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। তদন্ত শেষে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে চলতি সপ্তাহে মারিবেথ এলেন জোনস নিজেই নেপলস জেল সেন্টারে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে ২০ হাজার থেকে ১ লাখ ডলারের মধ্যে অর্থ আত্মসাতের অভিযোগে গুরুতর চুরির (গ্র্যান্ড থেফট) মামলা করা হয়েছে, যা ফ্লোরিডা আইনে দ্বিতীয় ডিগ্রির গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে তিনি আইনজীবী নিয়োগ করেছেন কি না বা আদালতে তার প্রথম শুনানি কবে হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কলিয়ার কাউন্টির শেরিফ কেভিন রামবস্ক বলেন, "এটি অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। কারণ মানুষ আন্তরিকভাবে বিশ্বাস করেছিল, একজন জীবন-মৃত্যুর লড়াইয়ে থাকা মানুষকে তারা সাহায্য করছে। সেই মানবিকতাকেই কাজে লাগিয়ে প্রতারণা করা হয়েছে।" তিনি আরও বলেন, "এ ধরনের প্রতারণা শুধু আর্থিক ক্ষতিই করে না, প্রকৃত অসুস্থ মানুষের জন্য পরিচালিত বৈধ তহবিল সংগ্রহ কার্যক্রমের ওপরও মানুষের আস্থা নষ্ট করে।" এদিকে অনলাইন তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান গুফান্ডমি জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে প্রতারণার কোনো স্থান নেই। মারিবেথ জোনসের নামে পরিচালিত সব তহবিল সংগ্রহ কার্যক্রম সরিয়ে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে তার নামে কোনো তহবিল সংগ্রহের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের 'গিভিং গ্যারান্টি' কর্মসূচির আওতায় অনুদানদাতাদের ৪১ হাজার ডলারের বেশি অর্থ ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনার পর অনলাইনে অনুদান দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কলিয়ার কাউন্টি শেরিফের কার্যালয়। কর্তৃপক্ষ বলছে, অনুদান দেওয়ার আগে ঘটনার সত্যতা যাচাই করা, আয়োজকের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সম্ভব হলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তি, হাসপাতাল বা নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দেওয়াই নিরাপদ।
মেটা (Meta) প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গের একটি বিলাসবহুল প্রমোদতরি বা ইয়টের বিরুদ্ধে সাগরে ভাসমান একটি নৌযানকে সাহায্য না করার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে জ্বালানি ফুরিয়ে বিপদে পড়া ওই নৌযানটিকে সাহায্য করার জন্য কোস্ট গার্ডের অনুরোধ সত্ত্বেও জাকারবার্গের ইয়টটি কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন পাশ দিয়ে যাওয়া আরেকটি ক্রুজ জাহাজের এক যাত্রী। শেষ পর্যন্ত ছোট আকারের ওই ক্রুজ জাহাজটিই তাদের উদ্ধার করে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে জাকারবার্গের প্রমোদতরিটির ক্রুরা। স্থানীয় সংবাদমাধ্যম 'ফেয়ারব্যাংকস ডেইলি নিউজ-মাইনার'-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আলাস্কার রাজধানী জুনো এবং পিটার্সবার্গ শহরের মধ্যবর্তী সাগরে ২১ ফুট দীর্ঘ একটি নৌযানের জ্বালানি ফুরিয়ে যায়। মাঝসাগরে অসহায় অবস্থায় ভাসতে থাকা নৌযানটিকে পরে 'ওয়াইল্ডারনেস লিগ্যাসি' নামের একটি ছোট ক্রুজ জাহাজ টেনে নিরাপদে ফাররাগুট বে-তে নিয়ে যায়। ওয়াইল্ডারনেস লিগ্যাসি ক্রুজ জাহাজের মাইকেল লাভ নামের এক যাত্রী গত ৫ আগস্ট সামাজিক মাধ্যম ব্লুস্কাই-তে (Bluesky) দেওয়া এক পোস্টে এই ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, বিপদে পড়া ওই ছোট নৌযানটিতে দুজন নারী, একটি শিশু এবং একটি কুকুর ছিল। মাইকেল লাভ ক্রুজ জাহাজের ক্যাপ্টেনের বরাত দিয়ে বলেন, "আমি আমার ছেলের সঙ্গে আলাস্কায় একটি ছোট ক্রুজ জাহাজে ভ্রমণ করছি। গত রাতে আমাদের জাহাজটি একটি আটকা পড়া নৌযানকে উদ্ধার করেছে। মজার ব্যাপার হলো, আমরা তাদের উদ্ধার করার আগে কোস্ট গার্ড মার্ক জাকারবার্গের ইয়টটিকে রেডিওর মাধ্যমে সাহায্য করার জন্য বলেছিল, কারণ সেটি নৌযানটির অনেক কাছাকাছি ছিল। কিন্তু তারা বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো সাড়া দেয়নি।" মাইকেল লাভ আরও জানান, ক্যাপ্টেন যখন যাত্রীদের এই কথা জানান, তখন সেখানে উপস্থিত সবাই জাকারবার্গের ইয়টের এমন অমানবিক আচরণের বিরুদ্ধে দুয়োধ্বনি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোস্ট গার্ড এবং মেরিন এক্সচেঞ্জ অব আলাস্কা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, জাকারবার্গের 'লঞ্চপ্যাড' নামের ইয়টটি বিপদে পড়া নৌযানটির সবচেয়ে কাছাকাছি অবস্থানেই ছিল। তবে নৌযানটি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো 'ডিসট্রেস কল' বা চরম বিপদের সংকেত দেওয়া হয়নি। কোস্ট গার্ডের পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট শ্যানন শেপার্ড সংবাদমাধ্যম 'দ্য বেকন'-কে জানান, সোমবার রাত সাড়ে ৯টার পরপরই তারা ওই নৌযানটি থেকে সাহায্যের জন্য একটি কল পান। শেপার্ড বলেন, "রাত ৯টা ৫৬ মিনিটে কোস্ট গার্ড পরিস্থিতি পর্যালোচনা করে বুঝতে পারে যে তারা চরম কোনো বিপদে নেই বা জীবনহানির ঝুঁকি নেই। তাই তাদের পক্ষ থেকে একটি 'মেরিন অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট' বা সমুদ্রে সাধারণ সাহায্যের অনুরোধ প্রচার করা হয়, যাতে আশপাশের কোনো নৌযান তাদের সাহায্য করতে পারে।" এ ঘটনার পর মার্ক জাকারবার্গের একজন মুখপাত্র 'দ্য বেকন'-কে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। তিনি জানান, ঘটনার সময় মেটা প্রতিষ্ঠাতা বা তার পরিবারের কেউ ওই ইয়টে উপস্থিত ছিলেন না। মুখপাত্র বলেন, "কোস্ট গার্ড যেমনটি উল্লেখ করেছে, নৌযানটি চরম কোনো বিপদের মধ্যে ছিল না। তাছাড়া আমাদের ইয়টের ক্রুরা যে রেডিও চ্যানেলে কাজ করছিলেন, কোস্ট গার্ডের বার্তাটি অন্য একটি চ্যানেলে এসেছিল। ফলে বার্তাটি পেতে তাদের দেরি হয়। যখন তারা বার্তাটি খেয়াল করে কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করেন, ততক্ষণে অন্য একটি জাহাজ উদ্ধারের কাজ শুরু করে দিয়েছিল।" পরিশেষে তিনি বলেন, "সবাই যে নিরাপদে আছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ।"
অপরাধ, জালিয়াতি, যৌন নির্যাতন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান এবং অভিবাসন আইন লঙ্ঘনের মতো অভিযোগে ট্রাম্প প্রশাসনের শুরু থেকে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১০ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) এ তথ্য জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, এমন বিদেশি নাগরিকদের শনাক্ত, তদন্ত এবং তাদের ভিসা বাতিলের কার্যক্রম অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মতো ঘটনায় ভিসা বাতিল করা হয়েছে। এছাড়া সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হাতে থাকা সব ধরনের আইনি উপায় ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া অধিকাংশ ভিসাধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন অপরাধসংক্রান্ত ঘটনার মাধ্যমে যুক্ত হন। এসব অপরাধের মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদক-সম্পর্কিত অপরাধ সবচেয়ে বেশি ছিল। এ ছাড়া জালিয়াতি, অর্থ আত্মসাৎ, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন, বেপরোয়া গাড়ি চালানো এবং অবৈধ ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তানকে যুক্তরাষ্ট্রে জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে পরিচালিত পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগেও অনেকের ভিসা বাতিল করা হয়েছে। উদাহরণ হিসেবে স্টেট ডিপার্টমেন্ট জানায়, শিক্ষকতা করতে যুক্তরাষ্ট্রে এসে এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। একইভাবে বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের তথ্য জাল করার অভিযোগে অভিযুক্ত একজনের ভিসাও বাতিল করা হয়েছে। এ ছাড়া গত বছর রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডকে প্রকাশ্যে উদযাপন করেছিলেন এমন কয়েকজন বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট। অপ্রাপ্তবয়স্ক একজনকে মানবপাচারের অভিযোগে অভিযুক্ত আরেক বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে। সরকার আরও জানায়, সন্তানকে যুক্তরাষ্ট্রে জন্ম দিয়ে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে পরিচালিত তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ চক্রের সঙ্গে জড়িত ১০০ জনেরও বেশি ব্যক্তির ভিসাও বাতিল করা হয়েছে। জন্মসূত্রে নাগরিকত্বের এই নীতিকে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসন বিষয়টি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। ভিসা বাতিলের পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ভিসা নীতিতেও একাধিক পরিবর্তন এনেছে। গত মাসের শেষ দিকে স্টেট ডিপার্টমেন্ট একটি পরীক্ষামূলক কর্মসূচিকে স্থায়ী করে, যার আওতায় মূলত আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকসহ ৫০টি দেশের আবেদনকারীদের নির্দিষ্ট কিছু ধরনের মার্কিন ভিসার জন্য জামানত জমা দিতে হবে। সরকারি নোটিশ অনুযায়ী, এই জামানতের পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নোটিশে বলা হয়, গত এক দশকের বেশি সময়ের পর্যালোচনায় দেখা গেছে, কয়েক লাখ অ-অভিবাসী দর্শনার্থী তাদের ভিসার শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করেননি। এছাড়া ট্রাম্প প্রশাসন সম্প্রতি আরেকটি নিয়ম চূড়ান্ত করেছে, যার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফেডারেল সরকারের বিশেষ অনুমোদন ছাড়া চার বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন না। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব মার্কওয়েন মুলিন বলেন, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন দেশের ভেতরে থাকা বিদেশি নাগরিকদের আরও কার্যকরভাবে যাচাই, তদারকি এবং পর্যবেক্ষণ করতে পারবে। একই ঘোষণায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, গণমাধ্যম ভিসাধারী বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সর্বোচ্চ মেয়াদ ২৪০ দিনে নামিয়ে আনা হয়েছে। আর চীনা সাংবাদিকদের ক্ষেত্রে একবারে সর্বোচ্চ ৯০ দিনের জন্য অবস্থানের অনুমতি দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা নীতিতে কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। প্রশাসনের দাবি, এসব পদক্ষেপ জাতীয় নিরাপত্তা জোরদার এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধে নেওয়া হয়েছে। তবে অভিবাসন অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এর আগে এমন নীতির সমালোচনা করে বলেছে, কঠোর বিধিনিষেধ বৈধ আবেদনকারী ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের ওপরও প্রভাব ফেলতে পারে।
অনলাইনে চাকরি খুঁজতে বা আবেদন করতে স্বচ্ছন্দ নন? কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত নন, কিংবা নতুন করে চাকরি খোঁজা শুরু করেছেন? নিউইয়র্কে এমন চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি গিয়ে চাকরি খোঁজা, আবেদন প্রস্তুত করা এবং নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো নিউইয়র্ক সিটির ওয়ার্কফোর্স১ ক্যারিয়ার সেন্টার। এখানকার সেবাগুলো বিনামূল্যে। নিউইয়র্ক সিটির পাঁচটি বরো বা এলাকায় মোট ১৮টি ওয়ার্কফোর্স১ ক্যারিয়ার সেন্টার রয়েছে। ১৮ বছর বা তার বেশি বয়সী এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি রয়েছে এমন ব্যক্তিরা এসব সেন্টারের সেবা নিতে পারেন। সেখানে গিয়ে নিজের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে জানিয়ে উপযুক্ত চাকরির সুযোগ খোঁজার পাশাপাশি ক্যারিয়ার পরামর্শ, ইন্টারভিউ প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের তথ্য পাওয়া যায়। যারা অনলাইনে চাকরির আবেদন করতে জানেন না, তাদের জন্যও এই সেন্টারগুলো কাজে আসতে পারে। ওয়ার্কফোর্স১ ক্যারিয়ার সেন্টারে বায়োডাটা তৈরি বা আপডেট করা, ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং চাকরি খোঁজার বিভিন্ন কৌশল নিয়ে কর্মশালা আয়োজন করা হয়। সেন্টারভেদে কর্মশালার সময়সূচি আলাদা হতে পারে। ইংরেজির পাশাপাশি আরও ২৫টি ভাষায় সেবা পাওয়া যায় এবং প্রয়োজন হলে ফোনে অনুবাদ সেবাও রয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ হলো নিউইয়র্ক সিটি জবস। নিউইয়র্ক সিটির এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন এলাকায় নিয়মিত চাকরির মেলা, নিয়োগ আয়োজন এবং তথ্য সেশন অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলা, বিভিন্ন চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং ক্যারিয়ার ও প্রশিক্ষণ নিয়ে তথ্য পাওয়ার সুযোগ থাকে। জবস এনওয়াইসির (jobs NYC) ওয়েবসাইটে গিয়ে এসব আয়োজনের সময়সূচিও দেখা যায়। সেখানে কোন দিন, কোন এলাকায়, কখন চাকরির মেলা বা নিয়োগ আয়োজন হবে, তার বিস্তারিত তথ্য দেওয়া থাকে। সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া নিয়ে তথ্য সেশনও তালিকাভুক্ত থাকে। ফলে যারা অনলাইনে নিয়মিত চাকরির খবর খুঁজে পান না, তারাও ওয়েবসাইটটি দেখে নিজেদের সুবিধামতো আয়োজন বেছে নিতে পারেন। উদাহরণ হিসেবে, আগস্ট ২০২৬-এর তালিকায় কুইন্সে ২৫ আগস্ট একটি জবস এনওয়াইসি হায়ারিং হল এবং ২৬ আগস্ট ফার রকাওয়েতে একটি নিয়োগ আয়োজন রয়েছে। এসব আয়োজনে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। কিছু অনুষ্ঠানে আগাম নিবন্ধন করা ভালো হলেও, আসন পূর্ণ হয়ে যাওয়ার পরও ওয়াক-ইন করার সুযোগ রাখা হয়। তবে ওয়াক-ইন সুবিধা প্রতিটি অনুষ্ঠানে এক রকম নয়, তাই যাওয়ার আগে সংশ্লিষ্ট আয়োজনের তথ্য দেখে নেওয়া জরুরি। এসব চাকরির মেলা বা নিয়োগ আয়োজনে গেলে সঙ্গে কয়েক কপি বায়োডাটা এবং একটি ফটো আইডি রাখা ভালো। অনেক অনুষ্ঠানে সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলার সুযোগ থাকে এবং কোনো কোনো নিয়োগদাতা ঘটনাস্থলেই ইন্টারভিউ নিতে পারেন। তবে সেখানে গেলেই চাকরি বা ইন্টারভিউ নিশ্চিত হবে না। শুধু বেসরকারি চাকরি নয়, নিউইয়র্ক সিটি সরকারের চাকরির বিষয়েও জবস এনওয়াইসির মাধ্যমে তথ্য পাওয়া যায়। সিভিল সার্ভিস ১০১ ধরনের তথ্য সেশনে সিটি সরকারের চাকরি, সিভিল সার্ভিস পরীক্ষা এবং চাকরির আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। তাই নিউইয়র্কে যারা নতুন এসেছেন, চাকরি হারিয়েছেন, দীর্ঘ বিরতির পর আবার কাজ শুরু করতে চান, কিংবা অনলাইনে চাকরির আবেদন করতে স্বচ্ছন্দ নন, তাদের শুধু অনলাইনে চাকরি খোঁজার ওপর নির্ভর করতে হবে না। কাছের ওয়ার্কফোর্স১ ক্যারিয়ার সেন্টারে গিয়ে সরাসরি পরামর্শ নেওয়া যায়। পাশাপাশি জবস এনওয়াইসির ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখলে নিজের এলাকার কাছাকাছি চাকরির মেলা, নিয়োগ আয়োজন, প্রশিক্ষণ ও তথ্য সেশনের সময়সূচিও জানা যাবে।
নিউইয়র্কের আপস্টেটের শহর ইউটিকায় যেন চলছে নতুন বাসিন্দা খোঁজার এক মরিয়া চেষ্টা। নিউইয়র্ক সিটির আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয়ের বিপরীতে এই শহরটি নীরবে রাজ্যের অন্যতম সাশ্রয়ী আবাসন বাজারে পরিণত হয়েছে। একাধিক মার্কেট ট্র্যাকারের তথ্য অনুযায়ী, এলাকাভেদে এখানকার একেকটি বাড়ির গড় মূল্য মাত্র ৮৭ হাজার থেকে ১ লাখ ৫৭ হাজার ডলারের মধ্যে। মাসিক ভাড়াও শুরু হয় মাত্র ৯০০ ডলার থেকে। সামগ্রিকভাবে নিউইয়র্ক রাজ্যের গড়ের চেয়ে ইউটিকার জীবনযাত্রার ব্যয় প্রায় ২৮ থেকে ৩৩ শতাংশ কম। নিউইয়র্ক সিটির লাগামহীন ব্যয়ের কারণে যারা শহর ছাড়তে বাধ্য হচ্ছেন, তাদের কাছে এই পরিসংখ্যানকে স্বপ্নের মতো মনে হতে পারে। নিউইয়র্ক সিটি থেকে চার ঘণ্টার দূরত্বে অবস্থিত এই শহরে জীবনযাত্রার খরচ এত কম হওয়া সত্ত্বেও একটি বড় প্রশ্ন থেকেই যায়—কেন এই শহরের জনসংখ্যা ক্রমশ কমছে? জিলো (Zillow)-এর তথ্যমতে, গত এক বছরে ইউটিকার বাড়ির দাম প্রায় ৯ শতাংশ বাড়লেও এখানকার একটি বাড়ির গড় দাম ২ লাখ ১৩ হাজার ৪১২ ডলার। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে একটি বাড়ির গড় মূল্য যেখানে প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলার, সেখানে ইউটিকার এই দামকে নিতান্তই নগণ্য বলা চলে। শহরের আবাসন বাজারের এই সস্তা দরের বেশ কিছু বাস্তব উদাহরণ রয়েছে। স্প্রিং স্ট্রিট ওয়েস্টে অবস্থিত পাঁচ বেডরুম ও এক বাথরুমের একটি সিঙ্গেল-ফ্যামিলি বাড়ির তালিকাভুক্ত মূল্য মাত্র ৮৯ হাজার ৯০০ ডলার। এছাড়া তিন বেডরুমের একটি বাড়ি বিক্রি হচ্ছে ৯৯ হাজার ৯০০ ডলারে। শহরের একটু দামি এলাকার কথা বিবেচনা করলেও, মোহক স্ট্রিটে ২ হাজার ৫৩২ স্কয়ার ফুটের পাঁচ বেডরুম ও আড়াই বাথরুমের একটি বাড়ির দাম হাঁকা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯০০ ডলার। কিন্তু মুদ্রার উল্টোপিঠের চিত্রটা বেশ হতাশাজনক। এত সস্তায় আবাসন সুবিধা পাওয়ার পরও মানুষ ইউটিকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। বর্তমানে শহরটির জনসংখ্যা বছরে প্রায় ০.৭৪ শতাংশ হারে কমছে। ২০২০ সালের আদমশুমারির পর থেকে শহরটির জনসংখ্যা ৪ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। নিউইয়র্ক সিটির বাইরের আপস্টেট মিউনিসিপ্যালিটিগুলোর মধ্যে ইউটিকা থেকে সবচেয়ে বেশি মানুষ স্থানান্তর হয়েছে, যার সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ জন। নাম প্রকাশে অনিচ্ছুক মোহক ভ্যালির এক প্রবীণ রিয়েল এস্টেট এজেন্ট এই পরিস্থিতি সম্পর্কে বলেন, "এটি হয়তো আপনার কেনা সবচেয়ে সস্তা বাড়ি হবে, কিন্তু আপনার সন্তানদের এখানে থাকার জন্য রাজি করানোটা হবে সবচেয়ে কঠিন কাজ।" সাউদার্ন টিয়ার বা ক্যাপিটাল রিজিয়নের সাথে ইউটিকার তুলনা করে সম্ভাব্য ক্রেতাদের কাছে তিনি পরিস্থিতিটি এভাবেই তুলে ধরেন। তার মতে, "এখানে বাড়ির দাম কোনো সমস্যা নয়। দাম ছাড়া বাকি সবকিছুই আসলে সমস্যা।" শহরবাসীর এই প্রস্থানের শেকড় লুকিয়ে আছে কয়েক দশক আগের ইতিহাসে। ‘রাস্ট বেল্ট’ এলাকার অন্যান্য শহরের মতো ইউটিকাকেও শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার চরম খেসারত দিতে হচ্ছে। জেনারেল ইলেকট্রিক (GE) এবং লকহিড মার্টিনের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের কারখানা বন্ধ করে শহরতলিতে চলে যাওয়ার ফলে ইউটিকা তার মূল অর্থনৈতিক শক্তি হারিয়ে ফেলে। বিপুল সংখ্যক চাকরি হারানোর কারণে শহরের কর রাজস্ব কমে যায় এবং অনেক বাসিন্দা চরম দারিদ্র্যের মুখে পড়েন। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, ইউটিকার মানুষের ব্যক্তিগত আয়ের মধ্যমা (মিডিয়ান ইনকাম) ছিল মাত্র ৩০, ৭৮৫ ডলার, যেখানে একটি পরিবারের আয়ের মধ্যমা প্রায় ৫২,০০০ ডলার; যা নিউইয়র্ক রাজ্যের গড়ের চেয়ে অনেক নিচে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের (Department of Labor) তথ্যানুযায়ী, এই শহরের বেকারত্বের হার ৪.৫ থেকে ৬ শতাংশের মধ্যে ওঠানামা করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এখানকার দারিদ্র্যের হার ২৭ শতাংশেরও বেশি, যা জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। অর্থনৈতিক এই দৈন্যদশার কারণেই মূলত সস্তায় বাড়ি পাওয়ার পরও মানুষ শহর ছাড়ছেন। সম্প্রতি নিজের বাড়ি বিক্রির জন্য তালিকাভুক্ত করেছেন এমন এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ব্রুকলিনে একটি বাড়ি কিনতে শুধু ডাউনপেমেন্ট হিসেবে যে টাকা দিতে হয়, সেই টাকায় আপনি এখানে আস্ত একটি বাড়ি পেয়ে যাবেন। কিন্তু ভাড়ায় খাটানোর জন্য বাড়ি কেনা যায়, এখানে নিজেরা থাকার কোনো কারণ কাউকে বোঝানোই এখানকার সবচেয়ে বড় সমস্যা।"
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সেলমা শহরের কাছে হাইওয়ে ৯৯-এ জ্বালানি বহনকারী একটি ট্যাংকার ট্রাক ও একটি বাক্সবাহী ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর হাইওয়ের দক্ষিণমুখী অংশের বড় একটি এলাকা কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টার কিছু আগে হাইওয়ে ৯৯-এর কাঁধের পাশে একটি বাক্সবাহী ট্রাক সহায়তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ট্রাকটি এর আগে বিকল হয়ে রাস্তার পাশে অবস্থান নিয়েছিল। প্রায় ১০ মিনিট পর সেখানে ৮ হাজার ৬০০ গ্যালন জ্বালানি বহনকারী একটি পিটারবিল্ট ট্যাংকার ট্রাক এসে ওই বাক্সবাহী ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। ঘটনাস্থলের ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের প্রকাশিত দৃশ্যেও হাইওয়ের ওপর ব্যাপক আগুন ও ধোঁয়া দেখা গেছে। আগুনের তীব্রতার কারণে দমকলকর্মীদের প্রথম দিকে সরাসরি আগুন নিয়ন্ত্রণে আনতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকেও জরুরি কর্মীদের বিশেষ নজর দিতে হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা হলেও সৌভাগ্যক্রমে দুই ট্রাকের চালকই নিজেদের গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, দুজনেরই সামান্য আঘাত লাগে এবং তাদের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে হাইওয়ে ৯৯-এর দক্ষিণমুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ গাড়িগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেয় এবং আগুন নিয়ন্ত্রণ, ক্ষতিগ্রস্ত যান সরানো ও রাস্তা নিরাপদ করার কাজ চালায়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় বন্ধ থাকার পর রাতের দিকে হাইওয়েটি পুরোপুরি খুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকটির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষই আগুনের সূত্রপাত ঘটায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং ট্যাংকার কীভাবে রাস্তার কাঁধের দিকে চলে গিয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। ঘটনাটি আবারও মহাসড়কের পাশে বিকল যানবাহন অবস্থান করার ঝুঁকি সামনে এনেছে। বিশেষ করে বিপজ্জনক জ্বালানি বহনকারী ভারী ট্রাক চলাচলকারী মহাসড়কে চালকদের সতর্কতা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।
যুক্তরাষ্ট্রের মিশিগানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের উদ্যোগে দিনব্যাপী দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববারের এ আয়োজনে মিশিগানসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক মুসল্লি ও কমিউনিটির সদস্য অংশ নেন। মিশিগানের ওয়ারেন শহরের ইসলামিক সেন্টার অব নাইন মাইল ব্যাংকুয়েট হলে ক্বারী শায়খ আব্দুল মুকিতের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। পরে রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগানের শিল্পীরা নাশিদ পরিবেশন করেন। মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট নেসার উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুনার সাবেক প্রেসিডেন্ট ডা. সাঈদুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়েইন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. রামজি মুহাম্মদ, মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আবদুল্লাহ আল আরিফ, এমসিএম মসজিদের ইমাম শায়খ তারিক আদনান, দারুল কুরআন মসজিদের ইমাম শায়খ সাঈদ আহমদ, মুনার কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক খাইরুল হাসান রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দাওয়াহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়াহকে শুধু বক্তব্য বা আনুষ্ঠানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। ব্যক্তির চরিত্র, আচরণ, সততা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা সম্ভব। তারা বলেন, নতুন প্রজন্মকে ইসলামের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, সমাজ ও কমিউনিটিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ পৌঁছে দিতে অভিভাবকসহ কমিউনিটির প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। আয়োজক নেতৃবৃন্দ বলেন, মিশিগানের পাশাপাশি আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও বিপুলসংখ্যক মুসল্লি ও কমিউনিটির সদস্য কনফারেন্সে অংশ নেন। এ ধরনের আয়োজন মুসলিম সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করার পাশাপাশি ইসলামি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিডিআর মসজিদের ইমাম শায়খ নেছার উদ্দিন। কনফারেন্সে বক্তাদের আলোচনায় মূলত একটি বার্তাই গুরুত্ব পায়—দাওয়াহকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে ইসলামের নৈতিক ও মানবিক আদর্শের বাস্তব প্রয়োগ ঘটাতে হবে।
ফ্লোরিডার অরল্যান্ডোর কাছে আন্তর্জাতিক ড্রাইভ এলাকার একটি মহাসড়কের পাশ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুজন পথচারী আন্তর্জাতিক ড্রাইভ ও কন্টিনেন্টাল গেটওয়ের সংযোগস্থলের কাছে হাঁটার সময় দেহাবশেষ দেখতে পান। পরে তাঁরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। খবর পাওয়ার পর শেরিফের কার্যালয়ের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। দেহাবশেষের পরিচয় এবং মৃত্যুর কারণ জানতে ফরেনসিক তদন্ত শুরু করা হয়েছে। তদন্তকারীরা এখন দেহাবশেষটি কত পুরোনো, এটি কার এবং কীভাবে ওই স্থানে এসেছে এসব প্রশ্নের উত্তর খুঁজছেন। একই সঙ্গে ঘটনাটির সঙ্গে কোনো অপরাধ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসা পরীক্ষকের গাড়ি থাকার কথা জানিয়েছিলেন। পরে স্থানীয় সংবাদমাধ্যমে মানুষের কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এখন পর্যন্ত দেহাবশেষের পরিচয়, মৃত্যুর সময় কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কোনো চূড়ান্ত তথ্য প্রকাশ করেনি। তদন্ত শেষ হওয়ার আগে ঘটনাটিকে অপরাধ হিসেবে নিশ্চিত করা হয়নি। অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় ও চিকিৎসা পরীক্ষকের দপ্তর দেহাবশেষ পরীক্ষা করে পরবর্তী তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
নিউইয়র্ক শহরে আবাসন সংকট মোকাবিলা, সাশ্রয়ী আবাসন বাড়ানো এবং জমির ব্যবহার নিয়ে আগস্ট মাসে একাধিক সভা, গণশুনানি ও নীতিনির্ধারণী কার্যক্রম চলছে। এসব আলোচনায় নতুন আবাসন প্রকল্প, ভূমি ব্যবহারের পরিবর্তন এবং নগরের আবাসন নীতির বিভিন্ন দিক গুরুত্ব পাচ্ছে। চলতি সপ্তাহে নিউইয়র্কের আবাসন ও ভূমি ব্যবহারসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের মধ্যে জনসাধারণের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। নগরের কোনো এলাকায় নতুন আবাসন বা বড় ধরনের উন্নয়ন প্রকল্প হলে স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া এসব প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। নিউইয়র্কে ভূমি ব্যবহারের বড় পরিবর্তনের ক্ষেত্রে ইউনিফর্ম ল্যান্ড ইউজ রিভিউ প্রসিডিউর বা ইউলুর্প প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। এতে স্থানীয় কমিউনিটি বোর্ড, বরো প্রেসিডেন্ট, নগর পরিকল্পনা কমিশন এবং শেষ পর্যন্ত সিটি কাউন্সিলের পর্যালোচনা যুক্ত থাকে। আবাসন সংকটের কারণে সাশ্রয়ী আবাসন নির্মাণ ও বিদ্যমান আবাসন সংরক্ষণ এখন নগর রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মেয়র জোহরান মামদানির প্রশাসনও আবাসন সংকট মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছে। একই সময়ে নগরের আবাসন নীতি ও ভূমি ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছে। বিশেষ করে নতুন আবাসন প্রকল্পের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ, ভবনের ঘনত্ব, অবকাঠামোর সক্ষমতা, পরিবহন ব্যবস্থা এবং সাশ্রয়ী ইউনিটের সংখ্যা—এসব বিষয় গণশুনানিতে গুরুত্ব পেতে পারে। নিউইয়র্কের বাংলাদেশি ও দক্ষিণ এশীয় অভিবাসী কমিউনিটির জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ ভাড়া, নতুন আবাসন নির্মাণ, ভবনের ব্যবহার পরিবর্তন এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনার সিদ্ধান্ত সরাসরি অনেক পরিবারের জীবনযাত্রার ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে। নগর প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এসব শুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে আগামী দিনগুলোতে আবাসন ও ভূমি ব্যবহারের সিদ্ধান্তগুলো নিউইয়র্কের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে থাকবে।
নিউইয়র্কের কুইন্সে নতুন নতুন রেস্তোরাঁ ও খাবারের ব্যবসা চালুর মধ্য দিয়ে স্থানীয় ব্যবসায়িক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে। বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় এই বরোতে বিভিন্ন দেশের খাবার ও সংস্কৃতিকে ঘিরে নতুন উদ্যোগের সংখ্যা বাড়ছে। আগস্ট ২০২৬-এর সাম্প্রতিক খাবারবিষয়ক তালিকাতেও কুইন্সের একাধিক নতুন রেস্তোরাঁ জায়গা করে নিয়েছে। নতুন উদ্যোগগুলোর মধ্যে অ্যাস্টোরিয়ায় থাই নিয়োম বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি থাই খাবারকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি নতুন রেস্তোরাঁ। কলেজ পয়েন্টে চালু হয়েছে গুয়াক এন বাবল, যেখানে মেক্সিকান খাবারের সঙ্গে বাবল চায়ের সমন্বয় করা হয়েছে। এসব নতুন উদ্যোগ কুইন্সের খাদ্যসংস্কৃতিতে আন্তর্জাতিক স্বাদের বৈচিত্র্য আরও বাড়াচ্ছে। কুইন্সের রেস্তোরাঁ ব্যবসার শক্তির বড় কারণ হলো এর বহুজাতিক জনসংখ্যা। বিভিন্ন দেশের অভিবাসী পরিবার, দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দা এবং নতুন প্রজন্মের উদ্যোক্তারা নিজেদের খাবার ও সংস্কৃতিকে ব্যবসার মাধ্যমে তুলে ধরছেন। ফলে একটি এলাকায় একই সঙ্গে দক্ষিণ এশীয়, পূর্ব এশীয়, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকান, আফ্রিকান ও ইউরোপীয় খাবারের ব্যবসা গড়ে উঠেছে। এই বৈচিত্র্যের আরেকটি উদাহরণ মাকিনা। সানিসাইডে চালু হওয়া এই প্রতিষ্ঠান ইরিত্রীয় ও ইথিওপীয় খাবার নিয়ে কুইন্সের খাদ্যজগতে নতুন পরিচয় তৈরি করেছে। উদ্যোক্তা এডেন এগজিয়াবহার ইরিত্রিয়ায় জন্মগ্রহণ করেন, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবিতে বেড়ে ওঠেন এবং ২০০৮ সালে কুইন্সে আসেন। তিনি ২০১৭ সালে খাবারের গাড়ির মাধ্যমে ব্যবসা শুরু করার পর পরে স্থায়ী রেস্তোরাঁ চালু করেন। কুইন্সের খাবারের ব্যবসা শুধু স্থায়ী রেস্তোরাঁয় সীমাবদ্ধ নয়। স্থানীয় খাবারের বাজার ও বিভিন্ন কমিউনিটি আয়োজনে ছোট উদ্যোক্তাদের অংশগ্রহণও বাড়ছে। ফ্লাশিং মেডোজ-করোনা পার্কে কুইন্স নাইট মার্কেটের সাম্প্রতিক আয়োজনে জার্ক চিকেন, কলম্বিয়ান মিষ্টি, বাবল চা, কাজাখ খাবার এবং ক্যামেরুনের জোলোফ রাইসসহ বিভিন্ন দেশের খাবার বিক্রি হয়েছে। এ ধরনের আয়োজন ছোট ও পারিবারিক ব্যবসার জন্য নতুন ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করছে। একই সঙ্গে অভিবাসী উদ্যোক্তারা নিজেদের ঐতিহ্যবাহী খাবারকে বৃহত্তর নিউইয়র্কবাসীর কাছে পরিচিত করার সুযোগ পাচ্ছেন। আগস্টের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো নিউইয়র্ক রেস্তোরাঁ সপ্তাহে কুইন্সের ৩১টি খাবারের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানে জাপানি, সিচুয়ান, জাপানি বারবিকিউসহ নানা ধরনের খাবার পাওয়া যাচ্ছে। নির্ধারিত মূল্যের খাবারের আয়োজনের কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দর্শনার্থীদের মধ্যেও এসব প্রতিষ্ঠানে আগ্রহ তৈরি হয়েছে। কুইন্সের এই ব্যবসায়িক পরিবেশের সঙ্গে অভিবাসী কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতারও গভীর সম্পর্ক রয়েছে। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, শহরে বিদেশে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা প্রায় ৩১ লাখ এবং তারা শহরের কর্মশক্তির ৪৩ শতাংশ। এই বিশাল জনগোষ্ঠী খাদ্য, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে কাজ করার পাশাপাশি নিজেদের ব্যবসাও পরিচালনা করছেন। বিশেষ করে রেস্তোরাঁ ব্যবসা অনেক অভিবাসী পরিবারের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে কাজ করছে। পরিবারের সদস্যরা রান্না, ব্যবস্থাপনা, পরিবেশন, হিসাবরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনায় যুক্ত হয়ে ব্যবসাকে এগিয়ে নিচ্ছেন। অনেক ক্ষেত্রে একটি ছোট খাবারের উদ্যোগ ধীরে ধীরে পূর্ণাঙ্গ রেস্তোরাঁয় পরিণত হচ্ছে। কুইন্সের নতুন খাবারের ব্যবসাগুলো তাই শুধু নতুন রেস্তোরাঁ খোলার খবর নয়। এর মাধ্যমে অভিবাসী পরিবারগুলোর উদ্যোক্তা হওয়ার প্রবণতা, সাংস্কৃতিক পরিচয় এবং স্থানীয় অর্থনীতিতে অংশগ্রহণের একটি চিত্রও পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনও এই ব্যবসাগুলোর প্রসারে ভূমিকা রাখছে। মানুষ এখন নিজেদের পরিচিত খাবারের পাশাপাশি অন্য দেশের খাবারও আগ্রহ নিয়ে গ্রহণ করছে। ফলে কুইন্সে খাবার ব্যবসা একই সঙ্গে ব্যবসা, সংস্কৃতি ও কমিউনিটির যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। নতুন রেস্তোরাঁ ও খাবারের উদ্যোগের এই প্রবাহ অব্যাহত থাকলে কুইন্সের বাণিজ্যিক এলাকাগুলোতে আরও বৈচিত্র্যময় খাবারের ব্যবসা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আর এর মাধ্যমে অভিবাসী উদ্যোক্তারা শুধু নিজেদের পরিবারের অর্থনৈতিক ভিত্তি শক্ত করছেন না, বরং কুইন্সের বহুসাংস্কৃতিক পরিচয়কেও আরও দৃঢ় করছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হিডেন হিলস এলাকায় তারকা কিম কার্দাশিয়ানের মালিকানাধীন একটি বাড়িতে চুরির অভিযোগে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর। রোববার স্থানীয় সময় বিকেলে ঘটনাটি ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে খবর আসে, ওই সম্পত্তিতে একজন সন্দেহভাজন ব্যক্তি ঢুকে পড়েছেন এবং পরে সেখান থেকে একটি গাড়ি নিয়ে বের হয়েছেন। সম্পত্তিটির নিরাপত্তাকর্মী সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিকে বাড়ির ভেতরে প্রবেশের পর সম্পত্তি থেকে জিনিসপত্র নিয়ে একটি গাড়িতে তুলতে দেখা যায়। পরে তিনি ওই গাড়ি নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবহৃত গাড়িটি কার্দাশিয়ানের একজন কর্মীর বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গাড়িটির মালিকানা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে কিছুটা পার্থক্য রয়েছে। পুলিশি সূত্রের ভিত্তিতে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, গাড়িটি কার্দাশিয়ানের এক কর্মীর। ঘটনাস্থল থেকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করে চুরির অভিযোগে মামলা করা হয়েছে। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা ঘটনাটি কীভাবে ঘটেছে এবং সম্পত্তি থেকে ঠিক কী কী নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন। কার্দাশিয়ান বর্তমানে ওই বাড়িতে বসবাস করেন না। সম্পত্তিটি সংস্কারের কাজ চলায় তিনি ও তার সন্তানরা সেখানে ছিলেন না। ফলে ঘটনার সময় বাড়িতে কার্দাশিয়ান বা তার পরিবারের সদস্যদের উপস্থিতি ছিল না বলে প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস জানিয়েছে, নিরাপত্তাকর্মীর নজরে সন্দেহজনক তৎপরতা আসার পর দ্রুত কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সন্দেহভাজনকে আটক করে।এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ এখন সম্পত্তিতে সন্দেহভাজনের প্রবেশ, গাড়ি ব্যবহারের ঘটনা এবং সম্ভাব্য চুরির বিষয়গুলো নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। হিডেন হিলস লস অ্যাঞ্জেলেস এলাকার একটি সুরক্ষিত ও অভিজাত আবাসিক সম্প্রদায় হিসেবে পরিচিত। সেখানে তারকা ও ধনী ব্যক্তিদের একাধিক বাড়ি রয়েছে। ফলে কার্দাশিয়ানের মালিকানাধীন সম্পত্তিতে এমন ঘটনা স্থানীয়ভাবে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে। এটি কিম কার্দাশিয়ানের জন্য নতুন কোনো নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা নয়। ২০১৬ সালে প্যারিসে অবস্থানের সময় তিনি সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন। তবে এবারের ঘটনা ক্যালিফোর্নিয়ায় তার মালিকানাধীন একটি সংস্কারাধীন সম্পত্তিতে ঘটেছে এবং সে সময় তিনি সেখানে ছিলেন না।
নিউইয়র্ক শহরের জনসংখ্যা, শ্রমবাজার ও অর্থনীতিতে অভিবাসীদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নগর কর্তৃপক্ষের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে নিউইয়র্ক সিটিতে বিদেশে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা প্রায় ৩১ লাখে পৌঁছেছে। শহরের মোট জনসংখ্যার প্রায় ৩৮ শতাংশ এবং কর্মশক্তির ৪৩ শতাংশই এই জনগোষ্ঠীর। জুন ২০২৬ সালে প্রকাশিত ‘দ্য নিউয়েস্ট নিউইয়র্কার্স’ প্রতিবেদনে নিউইয়র্কের অভিবাসী জনগোষ্ঠীর আকার, বৈচিত্র্য এবং অর্থনৈতিক অবদানের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, অভিবাসীরা কেবল শহরের জনসংখ্যার বড় একটি অংশ নন; ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা, খাদ্যসেবা, আবাসন, পর্যটন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও তাদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, নিউইয়র্কে বসবাসকারী বিদেশে জন্মগ্রহণকারীর সংখ্যা যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহরের সম্মিলিত সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, শিকাগো ও সান হোসে—এই চার শহরে থাকা বিদেশে জন্মগ্রহণকারী মানুষের মোট সংখ্যার তুলনায় নিউইয়র্কের সংখ্যা বেশি। শহরের পাঁচ বরোর প্রায় সব এলাকাতেই অভিবাসী জনগোষ্ঠীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। বিশেষ করে কুইন্স ও ব্রুকলিনে বিদেশে জন্মগ্রহণকারী বাসিন্দার সংখ্যা উল্লেখযোগ্য। ফ্লাশিং-মারে হিল, এলমহার্স্ট, করোনা, ইস্ট ফ্ল্যাটবুশ, গ্রেভসেন্ড ও ওয়াশিংটন হাইটসের মতো এলাকাগুলোতে বিভিন্ন দেশের অভিবাসীদের ঘনবসতি রয়েছে। নিউইয়র্কের অভিবাসী সমাজের বৈচিত্র্যও প্রতিবেদনে বিশেষভাবে উঠে এসেছে। চীন ও ডোমিনিকান রিপাবলিক শহরের বিদেশে জন্মগ্রহণকারী জনগোষ্ঠীর প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে। এরপর রয়েছে জ্যামাইকা ও মেক্সিকো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য। বিদেশে জন্মগ্রহণকারী সবচেয়ে বড় ১০টি জনগোষ্ঠীর তালিকায় বাংলাদেশ সপ্তম অবস্থানে রয়েছে। অভিবাসীদের অর্থনৈতিক গুরুত্ব সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় কর্মক্ষেত্রে। নগর কর্তৃপক্ষের তথ্য বলছে, নিউইয়র্কের মোট কর্মশক্তির ৪৩ শতাংশ বিদেশে জন্মগ্রহণকারী। অর্থাৎ শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা ও সেবাখাতে কর্মরত বিপুলসংখ্যক মানুষ অভিবাসী জনগোষ্ঠীর অংশ। স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে তাদের উপস্থিতি বিশেষভাবে দৃশ্যমান। এ খাতে কর্মরত প্রায় ৫ লাখ ১৯ হাজার মানুষের মধ্যে ৪৪ শতাংশ বিদেশে জন্মগ্রহণকারী। বিশেষ করে বাড়িভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে অভিবাসী কর্মীদের ওপর উল্লেখযোগ্য নির্ভরতা রয়েছে। খাদ্য ও পানীয়, আবাসন এবং পর্যটনসংশ্লিষ্ট কাজেও অভিবাসীদের অংশগ্রহণ অনেক বেশি। এসব খাতে কর্মরতদের প্রায় প্রতি পাঁচজনের মধ্যে তিনজন বিদেশে জন্মগ্রহণকারী। ফলে রেস্তোরাঁ, হোটেল, পর্যটনসেবা থেকে শুরু করে দৈনন্দিন নগরজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অভিবাসী শ্রমিকদের অবদান সরাসরি প্রতিফলিত হচ্ছে। অভিবাসনের প্রভাব শুধু কর্মসংস্থান বা অর্থনীতিতে সীমাবদ্ধ নয়। নিউইয়র্কের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যেও এর বড় প্রভাব রয়েছে। শহরের প্রায় অর্ধেক বাসিন্দা নিজেদের বাড়িতে ইংরেজির পাশাপাশি অন্য কোনো ভাষা ব্যবহার করেন। প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের প্রায় দুই-তৃতীয়াংশ বাসিন্দা হয় নিজেরাই বিদেশে জন্মগ্রহণ করেছেন, নয়তো অন্তত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান। অর্থাৎ অভিবাসনের প্রভাব শহরের একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই; এটি প্রজন্মের পর প্রজন্ম নিউইয়র্কের সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করছে। নগর কর্তৃপক্ষের প্রতিবেদনটি নিউইয়র্কের অর্থনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। বিপুলসংখ্যক অভিবাসী কর্মী বিভিন্ন খাতে কাজ করার পাশাপাশি ব্যবসা পরিচালনা, ভোক্তা হিসেবে বাজারকে সক্রিয় রাখা এবং শহরের সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করতেও ভূমিকা রাখছেন। বিশ্লেষকদের কাছে এ পরিসংখ্যানের তাৎপর্য হলো নিউইয়র্কের অর্থনীতি ও শ্রমবাজারকে অভিবাসী জনগোষ্ঠী থেকে আলাদা করে দেখা বাস্তবসম্মত নয়। শহরের জনসংখ্যা, কর্মসংস্থান, ব্যবসা এবং সেবাব্যবস্থার সঙ্গে অভিবাসীদের অংশগ্রহণ গভীরভাবে যুক্ত। তাই নিউইয়র্কের ভবিষ্যৎ নগর অর্থনীতি ও সামাজিক কাঠামো বোঝার ক্ষেত্রেও অভিবাসী জনগোষ্ঠীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
যুক্তরাষ্ট্রে সড়কে চলাচলকারী গাড়ির ওপর নজরদারি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বা এসিএলইউর অভিযোগ, স্বয়ংক্রিয় নম্বরফলক শনাক্তকারী ক্যামেরা এখন শুধু গাড়ির নম্বরফলক পড়ছে না; কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গাড়ির ধরন, মডেল, রং, আঁচড়, ডেন্ট, এমনকি বাম্পারের স্টিকারের মতো দৃশ্যমান বৈশিষ্ট্যও শনাক্ত ও সংরক্ষণ করতে পারছে। এসিএলইউ বলছে, ফ্লক সেফটির তৈরি এই ক্যামেরা ব্যবস্থা যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নেটওয়ার্কটিতে প্রায় ৮০ হাজার ক্যামেরা রয়েছে, যা ৪৯টি অঙ্গরাজ্যের ৫ হাজারের বেশি এলাকায় ব্যবহৃত হচ্ছে। এসব ক্যামেরা প্রতি মাসে ২ হাজার কোটিরও বেশি গাড়ি শনাক্ত করার তথ্য সংগ্রহ করে বলে ফ্লক সেফটির নেটওয়ার্ক সম্পর্কে প্রকাশিত তথ্য ও এসিএলইউর সাম্প্রতিক প্রচারণায় উল্লেখ করা হয়েছে। এই প্রযুক্তি মূলত স্বয়ংক্রিয়ভাবে রাস্তা দিয়ে চলাচলকারী গাড়ির ছবি ধারণ করে। এরপর ছবির নম্বরফলক শনাক্ত করার পাশাপাশি গাড়ির বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। ফলে কোনো গাড়ির নম্বরফলক জানা না থাকলেও তার রং, মডেল, ধরন, দৃশ্যমান ক্ষতি বা বিশেষ চিহ্নের মাধ্যমে সেটিকে পরবর্তী সময়ে শনাক্ত করার সুযোগ তৈরি হতে পারে। এসিএলইউর সবচেয়ে বড় উদ্বেগ হলো, এই ক্যামেরা শুধু অপরাধে সন্দেহভাজন গাড়িকে নজরদারি করে না। ক্যামেরার সামনে দিয়ে যাওয়া সাধারণ মানুষের গাড়ির তথ্যও স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হতে পারে। ফলে একজন ব্যক্তি কোনো অপরাধ না করেও তার গাড়ি কোথায় কখন দেখা গেছে, তার একটি দীর্ঘমেয়াদি তথ্যভান্ডার তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই তথ্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে ভাগাভাগি করা হলে স্থানীয় পর্যায়ের একটি ক্যামেরা ব্যবস্থা বৃহত্তর জাতীয় নজরদারি নেটওয়ার্কে পরিণত হতে পারে বলে এসিএলইউ আশঙ্কা করছে। সংগঠনটি এই ব্যবস্থাকে সম্ভাব্য ব্যাপক গণনজরদারির অবকাঠামো হিসেবে দেখছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রযুক্তিটির ইতিবাচক দিকও তুলে ধরছে। তাদের দাবি, চুরি যাওয়া গাড়ি শনাক্ত করা, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা এবং গুরুতর অপরাধে ব্যবহৃত গাড়ির গতিবিধি শনাক্ত করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেক্সাসের বেক্সার কাউন্টির আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ক্যামেরার তথ্য ব্যবহার করে সশস্ত্র ডাকাতি, হত্যাকাণ্ড, গাড়ি চুরি ও মাদকসংক্রান্ত মামলার তদন্তে সহায়তা পাওয়া গেছে। অন্যদিকে গোপনীয়তা রক্ষাকারী সংগঠনগুলোর প্রশ্ন, অপরাধ দমনের জন্য তৈরি প্রযুক্তি যদি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের তথ্যও দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে, তাহলে ব্যক্তিগত গোপনীয়তার সীমা কোথায় থাকবে? এই বিতর্ক ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভাতেও পৌঁছেছে। চলতি বছরে নম্বরফলক শনাক্তকারী ক্যামেরার মাধ্যমে সংগৃহীত তথ্য কীভাবে ব্যবহার ও ভাগাভাগি করা যাবে, তা নিয়ন্ত্রণে প্রায় একশটি প্রস্তাব বিভিন্ন অঙ্গরাজ্যে উত্থাপিত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কয়েকটি শহর আবার ফ্লক সেফটির সঙ্গে করা চুক্তি বাতিল বা প্রযুক্তির ব্যবহার পুনর্বিবেচনা করছে। এর পেছনে রয়েছে ব্যক্তিগত গোপনীয়তা, তথ্যের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নজরদারি এবং তথ্য অন্য সংস্থার হাতে চলে যাওয়ার আশঙ্কা। এদিকে প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে আইনি প্রশ্নও উঠেছে। সমালোচকদের মতে, কোনো ব্যক্তির গাড়ি কোথায় কোথায় চলাচল করেছে, সেই তথ্য দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে পরে অনুসন্ধান করা হলে তা ব্যক্তির চলাচলের একটি বিস্তারিত মানচিত্র তৈরি করতে পারে। এ ধরনের দীর্ঘমেয়াদি নজরদারি যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনীতে থাকা অযৌক্তিক তল্লাশি ও নজরদারি থেকে সুরক্ষার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও আদালতে বিতর্ক চলছে। তবে “যুক্তরাষ্ট্রের প্রতিটি গাড়ির সব তথ্য সরাসরি জাতীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উন্মুক্ত” এমন দাবি নিশ্চিতভাবে বলা যাবে না। কোন সংস্থা তথ্য দেখতে পারবে, কতদিন তথ্য রাখা হবে এবং কীভাবে ব্যবহার করা যাবে এসব বিষয় সংশ্লিষ্ট সংস্থার চুক্তি, স্থানীয় ও অঙ্গরাজ্যের আইন এবং প্রযুক্তি ব্যবস্থার নিয়মের ওপর নির্ভর করে। ফলে যুক্তরাষ্ট্রে এখন মূল বিতর্ক শুধু অপরাধ দমনে এই প্রযুক্তি কতটা কার্যকর, তা নিয়ে নয়। বরং একজন সাধারণ নাগরিকের গাড়ি কোথায় কখন দেখা গেছে, সেই তথ্য কতদিন সংরক্ষণ করা হবে এবং ভবিষ্যতে কে তা ব্যবহার করতে পারবে এই প্রশ্নই ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হয়ে উঠেছে।
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির বিমান চালানোর গল্প শুরু হয়েছিল তাঁর বড় ছেলে ম্যাডক্সকে ঘিরে। প্রায় দুই দশক আগে মাত্র তিন বছর বয়সী ম্যাডক্স বিমানের প্রতি ভীষণ আগ্রহ দেখাত। সেই আগ্রহ থেকেই জোলি নিজেই বিমান চালানো শেখার সিদ্ধান্ত নেন। পরে সেই শখ ও ভালোবাসা ছেলের মধ্যেও ছড়িয়ে পড়ে আর এখন ম্যাডক্সও প্রশিক্ষিত পাইলট হিসেবে এককভাবে বিমান চালাতে সক্ষম। ২০০৪ সালে জোলি যখন বিমান চালানোর প্রশিক্ষণ শুরু করেন, তখন ম্যাডক্সের বয়স ছিল মাত্র তিন বছর। সে সময় তিনি বলেছিলেন, ম্যাডক্স বিমান দেখলেই মুগ্ধ হয়ে যেত। ছেলে যখন চার বছরে পা দেবে, তার আগেই তিনি বিমান চালাতে পারলে ছেলের চোখে নিজেকে ‘সুপারম্যানের’ মতো মনে হবে এমন কথাও বলেছিলেন জোলি। তবে জোলির বিমান চালানো শেখার পেছনে শুধু ছেলেকে মুগ্ধ করার বিষয়টি ছিল না। তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে মানবিক কাজে বিমান ব্যবহার করার ইচ্ছাও তাঁর ছিল। শরণার্থী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে খাদ্য বা প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে বিমান চালানোর দক্ষতা কাজে লাগানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। ২০১০ সালের এক সাক্ষাৎকারে জোলি আরও জানান, ম্যাডক্স যখন প্রায় দেড় বছরের, তখন তারা বিমানবন্দরে গিয়ে বিমান দেখতেন। সেখান থেকেই তাঁর মনে বিমান চালানোর আগ্রহ তৈরি হয়। জোলি ২০০৪ সালের ডিসেম্বর মাসে পাইলটের লাইসেন্স অর্জন করেন। পরের বছর তিনি একটি এক ইঞ্জিনের সার্কাস এসআর২২-জি২ বিমান কেনেন। ছেলের প্রতি ভালোবাসার স্মৃতি হিসেবে বিমানের লেজ নম্বরেও ‘এমএক্স’ অক্ষর যুক্ত করেছিলেন, যা ম্যাডক্সের নামের সঙ্গে সম্পর্কিত। বছর কয়েক পর মায়ের সেই আগ্রহ ছেলের মধ্যেও দেখা যায়। ২০১৭ সালে জোলি জানিয়েছিলেন, ম্যাডক্স তখন নিজেও বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। এক পর্যায়ে প্রশিক্ষকের কাছ থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন, ম্যাডক্স এককভাবে বিমান চালানোর পর্যায়ে পৌঁছে গেছে। সেই খবর শুনে তিনি এতটাই অবাক হয়েছিলেন যে প্রায় ফোন ফেলে দেওয়ার মতো অবস্থা হয়েছিল বলে জানিয়েছিলেন। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে জোলি ‘দ্য টুনাইট শো’ অনুষ্ঠানে জিমি ফ্যালনের সঙ্গে আলাপের সময় জানান, ম্যাডক্স এখন পাইলট হিসেবে প্রশিক্ষিত এবং বিমান চালাতে পারে। সে সময় ম্যাডক্সের বয়স ছিল ২৩ বছর। জোলির বক্তব্য অনুযায়ী, ছেলে তাঁর বিমান চালানোর পথ অনুসরণ করেছে। ম্যাডক্সের বিমান চালানোর বিষয়ে জোলির সবচেয়ে আলোচিত মন্তব্যগুলোর একটি আসে ২০২৪ সালের আরেক সাক্ষাৎকারে। তিনি জানান, ছেলে বিমান চালালে তিনি সাধারণত উদ্বিগ্ন হন না। তাঁর দর্শন হলো সন্তানদের সবসময় ঝুঁকি এড়িয়ে নিরাপদ জীবন বেছে নেওয়ার চেয়ে নিজের পছন্দের কোনো কাজে আগ্রহী হয়ে সেটি অনুসরণ করার সুযোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। জোলির এই দৃষ্টিভঙ্গি অবশ্য বিমান চালানোর ঝুঁকিকে অস্বীকার করে না। বরং তিনি সন্তানদের নিজেদের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী এগিয়ে যেতে উৎসাহিত করার কথা বলেছেন। তাঁর মতে, সন্তান কোনো কিছু চেষ্টা করে ব্যর্থ হলেও সেই অভিজ্ঞতা মূল্যবান; শুধু ভয় বা অতিরিক্ত নিরাপত্তার কারণে কোনো ভালোবাসার কাজ থেকে দূরে থাকা আরও বড় আফসোসের কারণ হতে পারে। ম্যাডক্স বর্তমানে ২৫ বছর বয়সী। তিনি শুধু বিমান চালনাতেই আগ্রহী নন; মায়ের চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত হয়েছেন। ২০১৭ সালের ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ চলচ্চিত্রে তিনি নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেন এবং পরবর্তী সময়ে মায়ের অন্যান্য চলচ্চিত্রের কাজেও যুক্ত ছিলেন। অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গল্পটির মূল বক্তব্য সত্য ম্যাডক্সের বিমানপ্রেমই জোলিকে প্রায় দুই দশক আগে পাইলট হতে অনুপ্রাণিত করেছিল এবং পরবর্তীতে ম্যাডক্স নিজেও পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। তবে ‘মা শুধু ছেলেকে সুপারম্যান মনে করানোর জন্য বিমান চালানো শিখেছিলেন’ এভাবে বিষয়টি উপস্থাপন করলে জোলির মানবিক কাজের জন্য বিমান চালানোর স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশটি বাদ পড়ে যায়। এই মা-ছেলের গল্প তাই শুধু হলিউডের তারকা পরিবারের কৌতূহলোদ্দীপক ঘটনা নয়; এটি এক প্রজন্মের আগ্রহ কীভাবে পরবর্তী প্রজন্মের স্বপ্নে পরিণত হতে পারে, তারও একটি ব্যতিক্রমী উদাহরণ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে যাওয়ার সময় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) হাতে আটক হয়েছেন আর্জেন্টিনার ফুটবলার মাতিয়াস আলেহান্দ্রো পোররাইন। ফোর্ট লডারডেল বিমানবন্দরে তাকে আটক করা হয়। তার দল মিয়ামি ইউনাইটেড এফসি তখন ক্যালিফোর্নিয়ায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিল। ঘটনাটি ঘটে ৬ আগস্ট। পোররাইন সতীর্থদের সঙ্গে ফোর্ট লডারডেল বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা ও অভিবাসনসংক্রান্ত প্রক্রিয়া শেষ করার পর আইসিই কর্মকর্তারা তাকে কয়েকটি প্রশ্ন করার কথা বলে আলাদা করে নেন। তাকে বলা হয়েছিল, অল্প সময়ের মধ্যেই তিনি ফিরে আসবেন। কিন্তু পরে সতীর্থরা জানতে পারেন, তাকে আর বিমানে উঠতে দেওয়া হয়নি এবং তিনি আইসিইর হেফাজতে রয়েছেন। পোররাইনের পরিবার ও আইনজীবীর দাবি, তিনি সাত বছর আগে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তার বৈধ কাজের অনুমতি ছিল, ফ্লোরিডার পরিচয়পত্রও রয়েছে এবং তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমোদনের প্রক্রিয়ায় ছিলেন। আইনজীবী রেজিনা বোর্হেস জানিয়েছেন, পোররাইন আটকের ঘটনায় ভীত হলেও শারীরিকভাবে ভালো আছেন। তার পক্ষ থেকে জামিনের আবেদন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মার্কিন প্রশাসনের বক্তব্য ভিন্ন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র নিউজউইককে জানান, পোররাইন ২০১৯ সালের ১২ নভেম্বর আটলান্টা বিমানবন্দর দিয়ে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয়েছিল। সরকারের দাবি অনুযায়ী, তার অনুমোদিত থাকার সময় ২০২০ সালের ১১ মে শেষ হয়ে গেলেও তিনি দেশটিতে থেকে যান। এই অবস্থান থেকেই তাকে অভিবাসন আইনের আওতায় আটক করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। আইসিইর বক্তব্য অনুযায়ী, পোররাইনকে ৬ আগস্ট ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তাকে অভিবাসন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হেফাজতে রাখা হবে এবং তিনি আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার সুযোগ পাবেন। পোররাইন বর্তমানে মিয়ামি ইউনাইটেড এফসির মিডফিল্ডার। ক্লাবটির সরকারি তালিকাতেও তাকে আর্জেন্টিনার মিডফিল্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। চলতি মৌসুমে তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন এবং একাধিক ম্যাচে গোলও করেছেন। মিয়ামি ইউনাইটেড চলতি মৌসুমে দারুণ সাফল্য অর্জন করেছে। জুলাইয়ে দলটি পিনেলাস কাউন্টি ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ফ্লোরিডা স্টেট চ্যাম্পিয়ন হয়। এরপর দলটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এগিয়ে যায়। ২০২৬ সালের ইউনাইটেড প্রিমিয়ার সকার লিগের বসন্ত মৌসুমের জাতীয় প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল আগস্টের প্রথম সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মিয়ামি ইউনাইটেড জাতীয় পর্যায়ের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিযোগিতায় ছিল। পোররাইনের আটকের ঘটনাটি যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কঠোর অভিবাসন কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে কোনো আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার চেষ্টা না করেও অভ্যন্তরীণ একটি বিমানযাত্রার আগে একজন ক্রীড়াবিদকে আটক করার ঘটনা নিয়ে তার পরিবার ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পোররাইনের পরিবার বিষয়টি নিয়ে আর্জেন্টিনার কূটনৈতিক প্রতিনিধিদের সহায়তা চেয়েছে। আইনজীবীও আদালতে তার মুক্তির আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। তবে তার অভিবাসন মামলার চূড়ান্ত পরিণতি এখনো নির্ধারিত হয়নি।
হাকিম ফারথিং ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক সদস্য। তিনি আর্মির মর্যাদাপূর্ণ ‘ওল্ড গার্ড’ ইউনিটেও দায়িত্ব পালন করেছিলেন। পরে ইউএস পার্ক পুলিশে যোগ দেন এবং মৃত্যুর সময় তার চাকরির বয়স ছিল মাত্র দুই বছর। ওয়াশিংটন পোস্টের সমসাময়িক প্রতিবেদনে তার বাবা জেমস ফারথিং বলেছিলেন, হাকিম ছিলেন মানুষের সেবামুখী একজন ব্যক্তি। সহকর্মীদের কাছে তিনি এমন একজন কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন, যার মুখে সবসময় হাসি থাকত এবং যিনি কখনো অভিযোগ করতেন না। তার পুলিশ হওয়ার পেছনেও পারিবারিক প্রভাব ছিল। হাকিমের মা ন্যান্সি ফারথিং জানিয়েছিলেন, তার এক মামা বা চাচা পেনসিলভানিয়া স্টেট পুলিশের করপোরাল ছিলেন। ছোটবেলায় তিনি হাকিমকে মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যেতেন এবং সেই পুলিশ কর্মকর্তাই ছিলেন হাকিমের আদর্শ। হাকিম ফিলাডেলফিয়ায় জন্মেছিলেন, শৈশবের কিছু সময় ওয়াশিংটন অঞ্চলে কাটিয়ে পরে পরিবারের সঙ্গে নিউ জার্সিতে চলে যান। দুর্ঘটনার রাতের ঘটনাও বেশ মর্মান্তিক। ২০০২ সালের ১০ আগস্ট রাত দেড়টার দিকে বাল্টিমোর-ওয়াশিংটন পার্কওয়ের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। চালক গাড়ি থেকে ছিটকে পড়েন, পরে গাড়িটি উল্টে গিয়ে আগুন ধরে যায় এবং ওই চালক মারা যান। সেই দুর্ঘটনার তদন্ত ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন হাকিমসহ অন্য কর্মকর্তারা। রাত প্রায় সাড়ে তিনটার দিকে হাকিম নিউইয়র্ক অ্যাভিনিউর একটি র্যাম্প বন্ধ করতে ট্রাফিক কোন ও ফ্লেয়ার বসাচ্ছিলেন। ঠিক তখন ২০ বছর বয়সী জোভাডা পি. ওয়েলচ একটি ১৯৯৯ সালের পন্টিয়াক সানফায়ার চালিয়ে বন্ধ করা অংশে ঢুকে পড়েন। তদন্তকারীরা পরে গাড়িটির গতি ঘণ্টায় প্রায় ৪৭ থেকে ৬৭ মাইলের মধ্যে ছিল বলে ধারণা করেন। গাড়িটি হাকিমকে ধাক্কা দিলে তিনি গাড়ির বনেটে উঠে উইন্ডশিল্ডে আঘাত করেন এবং পরে প্রায় ১৬৪ ফুট দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটিকে আরও বেদনাদায়ক করে তুলেছিল আরেকটি তথ্য। ওয়েলচ সেদিন ওয়াশিংটনের ‘ড্রিম’ নামের একটি নাইটক্লাবে ছিলেন। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, তিনি সেখানে রাম মেশানো তিনটি পানীয় পান করেছিলেন। তখন তার বয়স ২০ বছর, অথচ ওয়াশিংটন ডিসিতে বৈধভাবে মদ্যপানের ন্যূনতম বয়স ২১। এ কারণেই হাকিমের পরিবার পরে ওই নাইটক্লাবের বিরুদ্ধেও মামলা করে। পরিবারের অভিযোগ ছিল, অপ্রাপ্তবয়স্ক ওয়েলচকে মদ পরিবেশন করা হয়েছিল এবং সেই সিদ্ধান্তের পরিণতিতে হাকিমের মৃত্যু ঘটে। মামলায় ৫ কোটি ডলার ক্ষতিপূরণ ও দণ্ডমূলক ক্ষতিপূরণ দাবি করা হয়। হাকিমের বাবা তখন বলেছিলেন, এমন প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি করতেই তারা মামলা করেছেন। তিনি আরও বলেন, হাকিমের মৃত্যু তাদের পুরো পরিবারকে বিধ্বস্ত করে দিয়েছে এবং তিনি ছিলেন পরিবারের ‘আলো’। ২০০৩ সালের মার্চে ওয়েলচ আদালতে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বেপরোয়া ড্রাইভিংয়ের দায় স্বীকার করেন। এর বিনিময়ে তার বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির হত্যাকাণ্ড ও দুর্ঘটনাস্থল ত্যাগের অভিযোগ প্রত্যাহার করা হয়। পরে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতে হাকিমের পরিবারের সদস্য এবং দুই ডজনের বেশি পার্ক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঘটনার বিবরণ পড়ে শোনানোর সময় হাকিমের মা কেঁদে ফেলেন। হাকিম তখন শুধু ২৮ বছরের তরুণ কর্মকর্তা ছিলেন না, তিনি একজন ছোট সন্তানের বাবাও ছিলেন। সমসাময়িক প্রতিবেদনে তার ছেলের বয়স তিন থেকে চার বছরের মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়ার সময় তিনি পেছনে খুব অল্প বয়সী সন্তানও রেখে যান। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, হাকিমের মৃত্যু ইউএস পার্ক পুলিশের জন্যও ছিল বিরল ও বড় ধাক্কা। ১৯৮৮ সালের পর তিনিই ছিলেন দায়িত্ব পালনকালে নিহত প্রথম পার্ক পুলিশ কর্মকর্তা। আর সড়ক দুর্ঘটনায় দায়িত্বরত পার্ক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার আগের ঘটনা ছিল ১৯৬৫ সালে। তার স্মৃতি ধরে রাখতে ইউএস পার্ক পুলিশ পরে ‘ফারথিং অ্যাওয়ার্ড’ চালু করে। ট্রাফিক আইন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযানে অসাধারণ দক্ষতা দেখানো কর্মকর্তাদের এই পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ যে মদ্যপ চালকের কারণে হাকিমের জীবন শেষ হয়েছিল, তার নামেই পরে মদ্যপ চালকদের বিরুদ্ধে কার্যকর পুলিশিংকে সম্মান জানানোর একটি পুরস্কার প্রতিষ্ঠিত হয়।
নিউইয়র্ক সিটি সরকার টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস হারানো বেশ কয়েকজন হাইতিয়ান কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের পর হাইতিয়ান নাগরিকদের এই সুরক্ষা বাতিলের পথ পরিষ্কার হওয়ায় কর্মীদের বৈধ কাজের অনুমতি আর বহাল না থাকায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, নগর সরকার নিজ উদ্যোগে এসব কর্মীকে ছাঁটাই করতে চায়নি। ফেডারেল আইনের বাধ্যবাধকতার কারণেই কর্মীদের কাজের অনুমতির বিষয়টি পর্যালোচনা করে যাদের বৈধভাবে কাজ করার অন্য কোনো অনুমতি নেই, তাদের চাকরি থেকে আলাদা করতে হয়েছে। সিটি হলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ জুলাই টিপিএসের মেয়াদ শেষ হওয়ার পর হাইতিয়ান কর্মীদের চাকরির বৈধতা পর্যালোচনা করা হয়। শুক্রবার নগর কর্তৃপক্ষ কয়েকজন কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি প্রকাশ করে। বিভিন্ন প্রতিবেদনে আক্রান্ত কর্মীর সংখ্যা ‘এক ডজনের বেশি’ থেকে ‘কয়েক ডজন’ বলা হয়েছে। তাদের বড় একটি অংশ নগরীর হাসপাতাল ব্যবস্থায় কাজ করতেন। মেয়র মামদানি সোমবার জানান, এই পরিস্থিতি নিয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। হাইতিয়ান নাগরিকদের জন্য টিপিএস পুনর্বহাল অথবা বিকল্প হিসেবে ডিফার্ড এনফোর্সড ডিপারচার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মামদানির ভাষ্য অনুযায়ী, টিপিএস পুনর্বহাল কিংবা এ ধরনের বিকল্প সুরক্ষা দেওয়ার ক্ষমতা ফেডারেল সরকারের হাতে রয়েছে। টিপিএস এমন একটি সাময়িক অভিবাসন সুরক্ষা, যার আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরা নিজ দেশে চলমান যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা গুরুতর মানবিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান ও কাজের অনুমতি পেয়ে থাকেন। হাইতির নাগরিকদের জন্য এই সুরক্ষা দীর্ঘদিন ধরে কার্যকর ছিল। জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের হাইতির টিপিএস বাতিলের পথে থাকা আইনি বাধা কার্যত দূর হয়ে যায়। এরপর আগস্টের শুরুতে ফেডারেল আদালতও আগের সেই নিষেধাজ্ঞা আর কার্যকর নেই বলে নিশ্চিত করে। ফলে হাইতিয়ান টিপিএস বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ তৈরি হয়। নিউইয়র্ক শহরের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ হাইতিয়ান অভিবাসীরা নগরীর স্বাস্থ্যসেবা ও পরিচর্যা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টিপিএস বাতিলের ফলে শুধু সরকারি কর্মী নয়, বেসরকারি খাতের বহু কর্মীরও চাকরি ও যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মামদানি জানিয়েছেন, চাকরি হারানো কর্মীদের পাশে থাকার জন্য নগর সরকার আইনি পরামর্শ, নতুন ধরনের কাজের অনুমতি পাওয়ার সম্ভাবনা যাচাই এবং স্বাস্থ্যবিমা সংক্রান্ত সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে টিপিএস পুনর্বহাল না হলে এসব কর্মীর ভবিষ্যৎ অনেকটাই ফেডারেল সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। টিপিএস বাতিলের প্রভাব নিউইয়র্কের বাইরেও ব্যাপক। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে তিন লাখের বেশি হাইতিয়ান নাগরিক এই সুরক্ষার আওতায় ছিলেন। তাদের অনেকেই বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, কাজ করছেন এবং পরিবার গড়ে তুলেছেন। এখন টিপিএস বাতিলের কারণে তাদের বৈধভাবে কাজ করার সুযোগ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে থাকার অধিকার নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেয়র মামদানির ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি নিউইয়র্কের অভিবাসী সম্প্রদায়ের মধ্যেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নগর সরকার একদিকে ফেডারেল আইনের বাধ্যবাধকতা মেনে কর্মীদের চাকরি থেকে সরিয়েছে, অন্যদিকে একই সময়ে টিপিএস পুনর্বহালের জন্য ফেডারেল সরকারের কাছে আবেদন জানাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে নিউইয়র্কে অভিবাসন অধিকার, কর্মসংস্থান এবং ফেডারেল বনাম স্থানীয় সরকারের ক্ষমতা নিয়ে বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া থেকে টরন্টোগামী একটি যাত্রীবাহী ফ্লাইটে ছোট একটি শিশুকে সিটে বসিয়ে সিটবেল্ট বাঁধাতে না পারায় শেষ পর্যন্ত পুরো ফ্লাইট বাতিল করতে হয়েছে। ঘটনাটি ঘটে পোর্টার এয়ারলাইনসের একটি ফ্লাইটে। ঘটনাটি গত বৃহস্পতিবার ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতির সময় ঘটে। পোর্টার এয়ারলাইনসের ফ্লাইটটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় কর্মীরা দেখতে পান, একটি ছোট শিশু নিজের আসনে বসে নেই এবং সিটবেল্টও বাঁধেনি। এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, শিশুটিকে নিরাপদভাবে আসনে বসানো ও সিটবেল্ট বাঁধানোর জন্য তার অভিভাবক এবং কেবিন ক্রুরা একাধিকবার চেষ্টা করেন। কিন্তু তাদের প্রচেষ্টা সফল হয়নি। শিশুটি আসনে দাঁড়িয়ে ছিল এবং নিরাপত্তা নির্দেশনা মেনে সিটবেল্ট বাঁধতে রাজি হচ্ছিল না। পরিস্থিতিতে বিমানটি আবার টার্মিনালে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর ওই শিশু, তার অভিভাবক এবং তাদের লাগেজ বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু তাদের নামানো এবং লাগেজ সরানোর প্রক্রিয়ায় এতটাই সময় চলে যায় যে বিমানটি নির্ধারিত সময়ের মধ্যে আর উড্ডয়ন করতে পারেনি। ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রাত সাড়ে ১২টায় বন্ধ হয়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল। শিশুটিকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দিতে গিয়ে ফ্লাইটটি সেই সময়সীমা অতিক্রম করে। ফলে বিমানে থাকা অন্য সব যাত্রীকেও শেষ পর্যন্ত বিমান থেকে নামতে হয় এবং ফ্লাইটটি বাতিল করা হয়। পোর্টার এয়ারলাইনস ঘটনাটির জন্য অন্যান্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের পরদিনের একটি ফ্লাইটে পুনরায় বুকিং দেওয়া হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক যাত্রী মনে করছেন, শিশুর নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি হলেও একটি শিশুকে সিটবেল্ট পরাতে ব্যর্থ হওয়ার কারণে শেষ পর্যন্ত পুরো ফ্লাইট বাতিল হওয়ায় অন্য যাত্রীদেরও বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশনা অমান্য করে উড্ডয়ন করা সম্ভব নয় এ কারণেই পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত বিমানটি ছাড়তে পারেনি। এ ঘটনায় পোর্টার এয়ারলাইনস শিশুটির বয়স বা পরিবারের পরিচয় প্রকাশ করেনি। ফলে শিশুটির ঠিক কী কারণে সিটে বসতে বা সিটবেল্ট বাঁধতে অস্বীকৃতি জানিয়েছিল, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে শিশুদের টিকা দেওয়ার পদ্ধতিতে বড় পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ আগস্ট তিনি একটি নির্বাহী আদেশে সই করেছেন, যেখানে একসঙ্গে একাধিক টিকা না দিয়ে আলাদা সময়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিশেষ করে হাম, মাম্পস ও রুবেলার সমন্বিত এমএমআর টিকা তিনটি পৃথক টিকায় ভাগ করে ভিন্ন ভিন্ন সময়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। তবে চিকিৎসাবিজ্ঞানীদের একটি বড় অংশ বলছেন, এই পরিবর্তনের পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং এতে শিশুদের টিকাপ্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। নতুন নির্দেশনায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অন্যান্য উন্নত দেশের তুলনায় শিশুদের বেশি টিকা দেওয়া হয়। তিনি দাবি করেন, কোনো কোনো ক্ষেত্রে শিশুরা ৭২টি পর্যন্ত টিকার ডোজ পায় এবং একসঙ্গে একাধিক টিকা দেওয়া শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। তবে “৭২টি জ্যাব” কথাটি মূলত পুরো শৈশব ও কৈশোরজুড়ে সুপারিশকৃত ডোজগুলো যোগ করে তৈরি একটি রাজনৈতিকভাবে ব্যবহৃত সংখ্যা; এটিকে একই সময়ে দেওয়া ৭২টি ইনজেকশন হিসেবে দেখা ঠিক নয়। যুক্তরাষ্ট্রে শিশুদের টিকা সূচি বয়স ও ঝুঁকি অনুযায়ী কয়েক বছর ধরে ধাপে ধাপে ভাগ করা থাকে। ট্রাম্প একই বক্তব্যে নবজাতকদের হেপাটাইটিস বি টিকা দেওয়ারও বিরোধিতা করেন। তিনি বলেন, এই টিকা ১৪ বা ১৫ বছর বয়সে দেওয়া উচিত। কিন্তু বর্তমান মার্কিন স্বাস্থ্য নির্দেশনায় বিষয়টি এত সরল নয়। ২০২৫ সালের শেষ দিকে নীতি পরিবর্তনের পর হেপাটাইটিস বি নেগেটিভ মায়ের সন্তানের ক্ষেত্রে জন্মের সময় টিকা দেওয়া হবে কি না, তা বাবা-মা ও চিকিৎসকের যৌথ সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে। তবে যেসব মায়ের হেপাটাইটিস বি সংক্রমণ রয়েছে বা সংক্রমণের অবস্থা জানা নেই, তাদের নবজাতককে জন্মের ১২ ঘণ্টার মধ্যেই হেপাটাইটিস বি টিকা দেওয়ার সুপারিশ বহাল রয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন শিশুদের জন্য সর্বজনীনভাবে সুপারিশকৃত টিকার তালিকাও ছোট করেছে। আগে ১৭টি রোগের বিরুদ্ধে টিকা সবার জন্য সুপারিশ করা হলেও নতুন কাঠামোয় সেটি ১১টি মূল রোগে সীমিত করা হয়। ফ্লু, রোটাভাইরাস, হেপাটাইটিস এ ও বি এবং কিছু মেনিনজাইটিস টিকাকে ঝুঁকি বা চিকিৎসকের সঙ্গে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে দেওয়ার শ্রেণিতে নেওয়া হয়। এই পরিবর্তন নিয়ে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসসহ একাধিক চিকিৎসক সংগঠন আপত্তি জানিয়েছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে এমএমআর টিকা নিয়ে। ট্রাম্প বলেছেন, হাম, মাম্পস ও রুবেলার টিকা একসঙ্গে না দিয়ে তিনটি আলাদা টিকা হিসেবে পৃথক সময়ে দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, একসঙ্গে দিলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রে হাম, মাম্পস ও রুবেলার পৃথক একক টিকা বাজারে সহজলভ্য নয়। নতুন নির্দেশ বাস্তবায়ন করতে হলে নির্মাতাদের নতুন করে পৃথক টিকা উৎপাদনের প্রয়োজন হতে পারে। ট্রাম্পের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো, তিনি একসঙ্গে দেওয়া টিকাকে “লেথাল” বা প্রাণঘাতী হওয়ার সম্ভাবনার সঙ্গে তুলনা করেছেন। এই দাবির পক্ষে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক প্রমাণ নেই। এমএমআর টিকা ও অটিজমের মধ্যে সম্পর্ক থাকার পুরোনো দাবিটিও বহু গবেষণায় খণ্ডিত হয়েছে। যে গবেষণা থেকে প্রথম এই বিতর্ক ব্যাপকভাবে ছড়িয়েছিল, সেটি পরে প্রত্যাহার করা হয় এবং গবেষণাটির তথ্য জালিয়াতির অভিযোগও প্রমাণিত হয়। শিশুকে একই ভিজিটে একাধিক টিকা দেওয়ার বিষয়টিও দীর্ঘদিন ধরে গবেষণা করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রয়োজনীয় টিকাগুলো অযথা আলাদা আলাদা সময়ে দেওয়া হলে শিশুর পূর্ণ টিকা গ্রহণ শেষ হতে বেশি সময় লাগবে। সেই সময়ের ব্যবধানে তারা হাম, হুপিং কাশি বা অন্য টিকাপ্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রে চাকরি করা অনেকেই জানেন না, প্রতি বছর তাদের বেতন থেকে কত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কাটা হয়েছে, কর্মজীবনে এখন পর্যন্ত কত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে অবসরে গেলে আনুমানিক কত টাকা মাসে পাওয়া যেতে পারে। অথচ সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের অনলাইন অ্যাকাউন্টে ঢুকেই এসব তথ্য দেখা যায়। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্টে যে কেউ নিজের আয়ের রেকর্ড, ভবিষ্যৎ সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের হিসাব এবং কত সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার ট্যাক্স দেওয়া হয়েছে, সেসব তথ্য দেখতে পারেন। কীভাবে নিজের সোশ্যাল সিকিউরিটি রেকর্ড দেখবেন? প্রথমে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আগে থেকেই অ্যাকাউন্ট থাকলে লগইন করলেই হবে। অ্যাকাউন্টে ঢোকার পর সোশ্যাল সিকিউরিটি স্টেটমেন্টে গেলে কর্মজীবনের বিভিন্ন বছরের আয়ের রেকর্ড দেখা যায়। কোন বছরে আপনার নামে কত সোশ্যাল সিকিউরিটি যোগ্য আয় রিপোর্ট হয়েছে, সেটি যাচাই করা যায়। পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের হিসাবও দেখা যায়। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই আয়ের রেকর্ড ভবিষ্যৎ বেনিফিট নির্ধারণে গুরুত্বপূর্ণ। শুধু আয়ের রেকর্ড নয়, মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টে আপনার দেওয়া এবং এমপ্লয়ারদের দেওয়া আনুমানিক সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার ট্যাক্সের হিসাবও দেখা যায়। ফলে কর্মজীবনে এখন পর্যন্ত এই খাতে কত ট্যাক্স দেওয়া হয়েছে, সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। ধরা যাক, একজন কর্মীর বছরে ১ লাখ ডলার বেতনে চাকরি করে তাহলে ২০২৬ সালে ওই কর্মীর সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের হার ৬ দশমিক ২ শতাংশ। সে হিসাবে কর্মীর অংশে বছরে ৬ হাজার ২০০ ডলার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স হয়। একই হারে এমপ্লয়ারও আরও ৬ হাজার ২০০ ডলার দেন এবং সেই হিসাবে টোটাল ১২৪০০ জমা হওয়ার কথা। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি। এই অর্থ কোনো ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা আলাদা অবসরকালীন সঞ্চয় অ্যাকাউন্টে আপনার নামে জমা থাকে না। কর্মী ও এমপ্লয়ারদের দেওয়া সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পুরো ব্যবস্থার অর্থায়নে ব্যবহৃত হয়। অন্যদিকে আপনার নামে যে আয় ও কাজের রেকর্ড রাখা হয়, সেটিই ভবিষ্যতে আপনি কত সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়ার যোগ্য হতে পারেন, সেই হিসাবের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাহলে আপনার নামে কত টাকা ‘জমা হয়েছে’ কীভাবে বুঝবেন? সাধারণভাবে অনেকে যেটাকে বলেন, ‘আমার নামে সোশ্যাল সিকিউরিটিতে কত টাকা জমেছে’, সেটি আসলে ব্যক্তিগত সঞ্চয়ের ব্যালান্স নয়। মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টে আপনার কর্মজীবনের আয়ের রেকর্ড এবং সেই রেকর্ডের ভিত্তিতে আনুমানিক কত সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার ট্যাক্স আপনি এবং আপনার এমপ্লয়ার দিয়েছেন, তা দেখা যায়। অর্থাৎ, একজন কর্মী চাইলে নিজের অ্যাকাউন্টে ঢুকে বছরভিত্তিক আয়ের রেকর্ড যাচাই করতে পারবেন এবং কর্মজীবনে এখন পর্যন্ত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের আনুমানিক হিসাবও দেখতে পারবেন। অবসরে গেলে মাসে কত টাকা পাবেন, সেটিও দেখা যায়।মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাগুলোর একটি হলো ভবিষ্যৎ রিটায়ারমেন্ট বেনিফিটের হিসাব। আপনার আয়ের রেকর্ডের ভিত্তিতে বিভিন্ন বয়সে বেনিফিট শুরু করলে আনুমানিক কত টাকা মাসে পেতে পারেন, সেটি সেখানে দেখা যায়। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব অনুযায়ী, বেনিফিটের পরিমাণ আপনার কর্মজীবনের আয়ের ওপর নির্ভর করে। আপনি কত বছর কাজ করেছেন, কত আয় করেছেন এবং কখন বেনিফিট নেওয়া শুরু করছেন, এসব বিষয় হিসাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্টে ভবিষ্যৎ আয়ের সম্ভাব্য পরিবর্তন ধরে হিসাবও দেখার সুযোগ রয়েছে। ফলে কেউ চাইলে নিজের অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবেন ৬২ বছর বয়সে সোশ্যাল সিকিউরিটি নেওয়া শুরু করলে সম্ভাব্য মাসিক বেনিফিট কত হতে পারে, ফুল রিটায়ারমেন্ট এজে শুরু করলে কত হতে পারে এবং ৭০ বছর বয়সে শুরু করলে সম্ভাব্য পরিমাণ কত হতে পারে। নিজের আয়ের রেকর্ড পরীক্ষা করা কেন গুরুত্বপূর্ণ ? সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কর্মীদের নিজেদের আয়ের রেকর্ড যাচাই করার সুযোগ দেয়। কোনো বছরে আপনার আয় ভুলভাবে রিপোর্ট হলে সেটি ভবিষ্যৎ বেনিফিটের হিসাবেও প্রভাব ফেলতে পারে। তাই অবসরের কাছাকাছি গিয়ে প্রথমবার রেকর্ড দেখার পরিবর্তে কর্মজীবন থেকেই নিয়মিত তা যাচাই করা ভালো। মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্টে গিয়ে কোন কোন বছরের আয় রেকর্ড হয়েছে, তা দেখা যায়। কোনো তথ্য ভুল মনে হলে সেটি সংশোধনের জন্য সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করা যায়। ২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের হিসাব? ২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের জন্য সর্বোচ্চ করযোগ্য আয়ের সীমা ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার। এই সীমা পর্যন্ত আয়ের ওপর কর্মী এবং এমপ্লয়ার উভয়েই ৬ দশমিক ২ শতাংশ হারে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দেন। ফলে একজন কর্মীর সর্বোচ্চ বার্ষিক সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ১১ হাজার ৪৩৯ ডলার এবং এমপ্লয়ারকেও একই পরিমাণ দিতে হয়। এর বেশি আয়ের ওপর সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স প্রযোজ্য নয়। তবে মেডিকেয়ার ট্যাক্সের ক্ষেত্রে এমন কোনো সর্বোচ্চ আয়ের সীমা নেই। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়ার যোগ্যতার জন্য কাজের ক্রেডিটও গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে প্রতি ১ হাজার ৮৯০ ডলার আয়ের জন্য একজন কর্মী একটি ক্রেডিট অর্জন করতে পারেন, তবে বছরে সর্বোচ্চ চারটি ক্রেডিট পাওয়া যায়। কতগুলো ক্রেডিট প্রয়োজন হবে, তা কোন ধরনের বেনিফিটের জন্য আবেদন করা হচ্ছে তার ওপর নির্ভর করে। তাই যুক্তরাষ্ট্রে যারা চাকরি করছেন এবং নিয়মিত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিচ্ছেন, তাদের জন্য নিজের ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্ট তৈরি করে রেকর্ড দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। এতে আপনার নামে কোন কোন বছরের আয় রেকর্ড হয়েছে, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের আনুমানিক হিসাব কত এবং ভবিষ্যতে অবসরে গেলে মাসে কত বেনিফিট পাওয়া যেতে পারে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তথ্য দেখতে কোনো তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের নিজস্ব অনলাইন অ্যাকাউন্ট থেকেই বিনামূল্যে নিজের আয়ের রেকর্ড, ট্যাক্সের হিসাব এবং ভবিষ্যৎ বেনিফিটের সম্ভাব্য পরিমাণ দেখা যায়।